Blog

  • গোপালগঞ্জে ২০২৫ সালের প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    গোপালগঞ্জে ২০২৫ সালের প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

    “আনন্দধারা বহিছে ভুবনে,দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে” এই স্লোগান কে সামনে রেখে- ২০২৫ সালের প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

    আজ বৃহস্পতিবার ( ৩০ জুলাই ) সকাল ১০.০০ ঘটিকায় এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোপালগঞ্জ সদর,গোপালগঞ্জ। এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে জনাব ডা. রাবেয়া আক্তার, (এস.এম.সি.) এর সভাপতিত্বে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা: কে এম বাবর,মাননীয় সংসদ সদস্য,গোপালগঞ্জ -০২ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক,গোপালগঞ্জ মহোদয় ও পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয় ও জনাব মোছাঃ জ্যোৎস্না খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গোপালগঞ্জ। উক্ত সভায় ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সনদপত্র, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

    উক্ত সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন,তোমাদের এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জাতির জন্য এক গৌরবময় অর্জন।নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে তোমরাই একদিন দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। নৈতিক মূল্যবোধ চর্চা এবং শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনের পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার ও নিয়মিত অধ্যয়ন একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।

    এ সময় এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোপালগঞ্জ সদর,গোপালগঞ্জ এর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • হেরোইনসহ দুই নারী আটক।

    হেরোইনসহ দুই নারী আটক।

    শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
    পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    পটুয়াখালী সদর থেকে পলিটেকনিক এলাকায় অভিযান চালিয়ে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটকরা হলেন- সুমাইয়া আক্তার ও মাহিনুর। পলিটেকনিক এলাকার অ্যাডভোকেট আখির চেম্বারের সামনে অভিযান চালিয়ে সুমাইয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাহিনুরের বাসায় অভিযান চালানো হয়।
    পুলিশের ভাষ্য, সুমাইয়ার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এরপর মাহিনুরের বাসায় তল্লাশি চালিয়ে আরও ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

    পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) কমল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে হেরোইন, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
    তবে আটক সুমাইয়া আক্তার পুলিশের কাছে দাবি করেছেন, অ্যাডভোকেট আখি তাকে একটি প্যাকেট দিয়ে এক নারীর কাছে পৌঁছে দিতে বলেন। ওই নারী প্যাকেটটি নেওয়ার পর সুমাইয়াকে টাকা দেন। পরে সেই টাকা তিনি অ্যাডভোকেট আখির চেম্বারে দিয়ে আসেন। তার দাবি, চেম্বারে থাকা এক ব্যক্তি পাশের বিকাশের দোকানের মাধ্যমে ওই টাকা অ্যাডভোকেট আখির কাছে পাঠিয়ে দেন।

    স্থানীয় কয়েকজনের অভিযোগ, পলিটেকনিক এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে কয়েকটি পরিবারের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে। আটক দুই নারীর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা।

    পুলিশ জানিয়েছে, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • ধনবাড়ীতে ইটভাটার পুরোনো মালামাল আত্মসাৎ, ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

    ধনবাড়ীতে ইটভাটার পুরোনো মালামাল আত্মসাৎ, ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

    নিজস্ব প্রতিনিধি:
    ধনবাড়ী (টাঙ্গাইল):

    টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি ইটভাটার পুরোনো মালপত্র ক্রয় ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী মো. শাহেদ আলীকে মারধর, টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং ন্যায়বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
    ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং ভুক্তভোগী ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
    এর আগে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাহেদ আলী (৪৫) বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্তরা হলেন— ১. মো. হিমেল মিয়া (৪০), পিতা-মৃত ইউসুফ আলী মাস্টার, সাং-চারিশিমুল এবং ২. রাকিব মিয়া (৩৫), পিতা-কারী ছোরহান আলী, সাং-পানকাতা, উভয় থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল। এ ছাড়াও অভিযোগে অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
    অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো. শাহেদ আলীর সঙ্গে ১ নম্বর বিবাদী হিমেল মিয়ার দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ব্যবসায়িক ও পারিবারিক সুসম্পর্ক রয়েছে। এই বিশ্বাসের সুবাদে ৩০ বছর পূর্বে ১ নম্বর বিবাদীর কাছ থেকে ‘মেসার্স সাবিব ইট ভাটা’র ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার পুরোনো মালামাল ক্রয় করার কথা নির্ধারিত হয়। পরবর্তীতে জমি মালিকপক্ষের সঙ্গে ১৫০ টাকার স্ট্যাম্পে চুক্তি করে ওই ভাটার পুরোনো মালামাল অপসারণের কাজ শুরু করেন বাদী।
    এর কিছুদিন পর ভাটার কাগজপত্র চাইলে ১ নম্বর বিবাদী আরও ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা দাবি করেন। বাদী টাকা দিতে অস্বীকার করে ভাটা ভেঙে নেওয়ার কাজ শুরু করলে বিবাদীরা ক্ষিপ্ত হন। পরবর্তীতে খোঁজ নিয়ে বাদী জানতে পারেন যে, ১ নম্বর বিবাদী তার সঙ্গে প্রতারণা করে ওই মালামাল গোপনে অন্য এক পার্টির কাছে পুনরায় বিক্রি করে দিয়েছেন।
    গত ১৭ জুলাই ২০২৬ তারিখ বেলা ১২:৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন বানিয়াজান বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সাবিব ইট ভাটার সামনে পৌঁছালে ২ নম্বর বিবাদী রাকিব ও অজ্ঞাতনামা বিবাদীরা অতর্কিতভাবে বাদীর ওপর হামলা চালান। তারা বাদীকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করলে বিবাদীরা কাজ বন্ধ করে চলে যাওয়ার হুমকি দেন এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেন।
    ঘটনার পর বাদী ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কোনো সমাধান না পেয়ে অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে স্থানীয় প্রভাবশালী মহলের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

  • মধুপুরে তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা দুর্ভোগ চরমে

    মধুপুরে তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা দুর্ভোগ চরমে

    ‎টাঙ্গাইলের মধুপুরের রেরিবাইদ ইউনিয়নের গোবুদিয়া গ্রামের সাধুর মোড় থেকে ঝাটারবাইদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ১৫টি গ্রামের মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই কাদায় একাকার হয়ে পড়ে রাস্তাটি, ফলে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে যায়।
    ‎স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ এই সড়কটির উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
    ‎সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থীরা। বৃষ্টির সময় অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। কখনো কখনো টানা কয়েক দিন এমনকি এক সপ্তাহ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে হয়। শিক্ষার্থী সাজু, শিশির ও ইয়াসিন জানায়, সামান্য বৃষ্টিতেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যেদিন রাস্তার অবস্থা বেশি খারাপ থাকে, সেদিন তারা আনারসের বাগান ও জমির আইল দিয়ে বিকল্প পথে স্কুলে যেতে বাধ্য হয়।এ সড়ক দিয়ে প্রতিদিন কৃষকরা মধুপুরের ঐতিহ্যবাহী আনারসসহ আম, কাঁঠাল, লিচু, পেঁপে, কলা, পেয়ারা, ড্রাগন ফল এবং বিভিন্ন ধরনের শাক-সবজি বাজারে নিয়ে যান। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে পরিবহন ব্যয় বেড়ে গেছে, সময়ও বেশি লাগছে। অনেক সময় কৃষিপণ্য সময়মতো বাজারে পৌঁছাতে না পারায় ন্যায্য দাম থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষকরা।স্থানীয় বাসিন্দা কোরবান আলী বলেন, “বছরের পর বছর ধরে আমরা এই কষ্ট ভোগ করছি। কোনো চেয়ারম্যান-মেম্বারই রাস্তাটি সংস্কারে কার্যকর উদ্যোগ নেননি।”
    ‎প্লট পাড়ার শশি খাতুন, জানান, রাস্তাটি খারাপ থাকায় জরুরি কোন রোগি বা গর্ভবতি নারীদের দ্রুত হাসপাতালে নিতে বিলম্ব হয় এতে মৃত্যুর ঝুঁকি আরও বেড়ে যায়।
    ‎এলাকাবাসীর দাবি, সড়কটি দ্রুত সংস্কার করা হলে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ায় স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।যুবদল সভাপতি শাহাদাত হোসেন ফকির বলেন, “রেরিবাইদ ইউনিয়নের সবচেয়ে জরাজীর্ণ সড়কগুলোর মধ্যে এটি অন্যতম। দ্রুত সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনার করছি।”
    ‎স্থানীয়দের মতে, এই সড়কটি শুধু একটি গ্রামের নয়, আশপাশের অন্তত ১৫টি গ্রামের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। তাই বর্ষা মৌসুম শুরুর আগেই টেকসইভাবে সড়কটি পুনর্নির্মাণ বা সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি বলে তারা মনে করেন।

  • “সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার মান এক হওয়া উচিত নয়”: শাকিল শেখ*

    “সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার মান এক হওয়া উচিত নয়”: শাকিল শেখ*

    রিপোর্টার মোঃ ইব্রাহিম হাওলাদার

    জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মান একই নির্ধারণ করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তরুণ রাজনীতিবিদ, সাবেক ছাত্রদল নেতা ও দৈহারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ শাকিল শেখ।

    তিনি মনে করেন, জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার—দুটি ভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান। তাই উভয় নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রেও দায়িত্ব ও বাস্তবতার পার্থক্য বিবেচনা করা প্রয়োজন।

    স্থানীয় সরকারে শিক্ষার মান বাড়ানোর প্রস্তাব
    সম্প্রতি এক মতামতে মোঃ শাকিল শেখ বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের সরাসরি জনগণের সঙ্গে কাজ করতে হয়। প্রতিদিন প্রশাসনিক, উন্নয়নমূলক ও জনসেবামূলক সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে একজন চেয়ারম্যান বা মেয়রের নিজস্ব দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য চেয়ারম্যান ও মেয়র পদে ন্যূনতম স্নাতক বা সমমান এবং সদস্য/কাউন্সিলর পদে ন্যূনতম এইচএসি বা সমমান শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি বিবেচনা করা উচিত।”

    সংসদ নির্বাচনে ভিন্ন মানদণ্ড চান
    অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেন, একজন সংসদ সদস্য রাষ্ট্রের বৃহত্তর নীতিনির্ধারণী ব্যবস্থার অংশ। সংসদ সদস্যরা মন্ত্রণালয়, প্রশাসন ও বিশেষজ্ঞদের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করেন।

    “তাই এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীর সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা, নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।” – যোগ করেন তিনি।

    তিনি আরও বলেন, “শিক্ষা একজন জনপ্রতিনিধির দক্ষতা বাড়ায়, তবে জনগণের আস্থা অর্জনের জন্য প্রয়োজন সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ। জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের দায়িত্বের ধরন আলাদা হওয়ায় প্রার্থীদের যোগ্যতার মানদণ্ডেও ভিন্নতা থাকা স্বাভাবিক।”

    স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও দক্ষ ও জবাবদিহিমূলক করতে প্রার্থীদের যোগ্যতা নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা প্রয়োজন বলেও মত দেন এই তরুণ নেতা।

  • যশোরের শার্শা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু

    যশোরের শার্শা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু

    ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৪৫ দিনের তথ্য সংগ্রহকারী নিয়োগকে কেন্দ্র করে আজ যশোরের শার্শা উপজেলায় চাকরিপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল থেকেই নির্ধারিত কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় শত শত শিক্ষিত তরুণ-তরুণীকে।

    মাত্র ৪৫ দিনের একটি অস্থায়ী দায়িত্বের জন্য এত বিপুল সংখ্যক আবেদনকারীর উপস্থিতি দেশের কর্মসংস্থান পরিস্থিতি ও শিক্ষিত বেকারত্বের বাস্তব চিত্রকে নতুন করে সামনে এনেছে। উপস্থিত অনেকেই জানান, দীর্ঘদিন ধরে স্থায়ী চাকরির অপেক্ষায় থাকায় স্বল্পমেয়াদি সুযোগও তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
    পরীক্ষার্থীদের কাছে জানতে চাইলে পরীক্ষার হলে কোন বিশৃঙ্খল বা রাজনৈতিক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কিনা, তারা স্পষ্টভাবে জানায় যে, এবারের পরীক্ষায় তারা এই ধরনের কোন প্রতিক্রিয়া লক্ষ্য করেনি।

    উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি স্বচ্ছ ও নিখুঁতভাবে পরীক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হবে এমনকি দ্রুত সময়ের মধ্যে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

  • বালু ট্রাক দিয়ে ব্যারিকেড, ৫ লাখ টাকা ছিনতাই নাসির উদ্দীন পাটোয়ারী

    বালু ট্রাক দিয়ে ব্যারিকেড, ৫ লাখ টাকা ছিনতাই নাসির উদ্দীন পাটোয়ারী

    মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি,নাসিরুদ্দিন পাটোয়ারীর অভিযোগ, আওয়ামী লীগের মতো আচরণ করছে বিএনপি-পুলিশ।

    মৌলভীবাজার থেকে আজ সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যাত্রার আগে মৌলভীবাজারে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

    বক্তব্যে তিনি বলেন, _গতকাল মৌলভীবাজার থেকে গাড়ী বহর নিয়ে শ্রীমঙ্গল যাওয়ার পর থেকে পুলিশ আমাদের ব্যারিকেড দেয়। আমরা রাস্তার উপর ৫ ঘণ্টা ছিলাম। বিএনপি-আওয়ামী লীগের মতো বালু ট্রাক দিয়ে আমাদের আটক করে।

    তিনি আরও অভিযোগ করেন, _বিএনপির সন্ত্রাসীদের হামলায় আমাদের একটা ছেলের চোখ নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগের সময় পুলিশের যে পোশাক ছিল, বিএনপির আমলেও একই পোশাক। তারা কি করল, ছাত্রদলের কর্মসূচি দেখে ১৪৪ ধারা জারি করল। যাতে আমরা হবিগঞ্জে কর্মসূচি পালন করতে না পারি।

    নাসিরুদ্দিন পাটোয়ারী দাবি করেন, হবিগঞ্জে আমরা মামলা করতে যাচ্ছিলাম, এ সময় ৫ লাখ টাকা ছিনতাই হয়েছে।

    গত ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এরপর হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

    এর ফলে মঙ্গলবার শ্রীমঙ্গল ও বুধবার বাহুবলের কামাইছড়ায় এনসিপির নেতাদের আটকে দেয় পুলিশ। কামাইছড়া পুলিশ ক্যাম্প থেকেই অনলাইনে মামলা দায়ের করতে হয় নেতাদের।

    হামলা ও হয়রানির প্রতিবাদ এবং পরবর্তী কর্মসূচি নিয়ে এনসিপির নেতৃবৃন্দ এখন সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সিলেটে তারা জুলাই পদযাত্রা ও জনসভা করবেন বলে জানা গেছে।

  • বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১

    বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১

    ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ

    নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৈহাটি বাজারে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালক আকিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
    বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

    এর আগে বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার নৈহাটি বাজার থেকে তাকে সিএনজি ভর্তি টায়ারসহ আকিকুলকে গ্রেফতার করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এসময় সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

    চালক আকিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে। পেশায় তিনি অটোরিকশার চালক।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিকুল পুলিশকে জানান, মধ্যনগরের ইটখলা এলাকা থেকে এক অপরিচিত ব্যক্তি দুটি ভাড়ায় চালিত অটোরিকশার মাধ্যমে টায়ারগুলো নেত্রকোনার এক ব্যবসায়ীর কাছে পাঠাচ্ছিলেন।

    পুলিশ জানিয়েছে, জব্দ করা টায়ারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

    বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অটোরিকশার চালক আকিকুলসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে এ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সোহমের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

    সোহমের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

    টালিউড অভিনেতা ও তৃণমূলের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আবারও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। একটি সিনেমা নির্মাণের নামে ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে তার বিরুদ্ধে কলকাতার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী।

    অভিযোগকারী হুগলির আরামবাগের বাসিন্দা শেখ শাহিদ ইমামের দাবি, ২০২১ সালে একটি সিনেমা নির্মাণের জন্য তিনি সোহম চক্রবর্তীকে ৬৮ লাখ টাকা বিনিয়োগ হিসেবে দেন। পরবর্তীতে ছবিটি নাম পরিবর্তন করে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং বাণিজ্যিকভাবেও সফল হয়। তবে বিনিয়োগের অর্থ ও লাভের অংশ চাইলে সোহম বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।

    ব্যবসায়ীর অভিযোগ, পরে সাউথ সিটি মলের বেসমেন্টে সোহমের এক সহযোগীর সঙ্গে দেখা হলে তিনি টাকা ফেরত চান। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং সোহমের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিপদে ফেলার ভয় দেখানো হয় বলেও দাবি করেন তিনি। পরবর্তীতে সোহমের সঙ্গে সরাসরি যোগাযোগ করলেও কোনো অর্থ ফেরত পাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    অভিযোগকারী আরও দাবি করেন, সিনেমাটির স্যাটেলাইট স্বত্ব বিক্রি থেকে উল্লেখযোগ্য অর্থ আয় হলেও তাকে কোনো অর্থ দেওয়া হয়নি।

    এ বিষয়ে সোহম চক্রবর্তীর প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

    উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেও সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৫ লাখ টাকা প্রতারণার অভিযোগ ওঠে। সেই অভিযোগেও সিনেমা নির্মাণের নামে অর্থ নেওয়া এবং পরে টাকা ফেরত না দেওয়ার দাবি করা হয়েছিল।

    চারু মার্কেট থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • নাইগাতীতে তুচ্ছ ঘটনায় ভাতিজাদের হাতে চাচীর মৃত্যু

    নাইগাতীতে তুচ্ছ ঘটনায় ভাতিজাদের হাতে চাচীর মৃত্যু

    এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
    শেরপুরের ঝিনাইগাতীতে কচুরীপানা সরানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ভাতিজাদের সাথে সংঘর্ষে ছানিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার দরিকালীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছানিয়া ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে বিলের কুচুরীপানা সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ভাতিজা শাহ আলম ছানিয়া বেগমকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।…