Blog

  • ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

    ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

    ​শেখ মাহতাব খুলনার ডুমুরিয়া

    উপজেলার ঐতিহ্যবাহী ভদ্রা খালে মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে এক বিশাল যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের মাধ্যমে খাল থেকে বিপুল পরিমাণ ক্ষতিকারক নেট-পাটা ও রিং জাল (চায়না দুয়ারী) অপসারণ করে তাৎক্ষণিকভাবে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    ​বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। ডুমুরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর এবং ডুমুরিয়া থানা পুলিশের একটি বিশেষ দল এতে যৌথভাবে অংশ নেয়।

    ​দীর্ঘদিন ধরে একশ্রেণীর অসাধু জেলে ও দখলদার ভদ্রা খালের বিভিন্ন পয়েন্টে বাঁশের বেড়া বা নেট-পাটা দিয়ে স্বাভাবিক পানি প্রবাহ আটকে রেখেছিল। এছাড়া ক্ষতিকারক ‘চায়না দুয়ারী’ জালের অবাধ ব্যবহারে রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে ছোট আকারের দেশীয় প্রজাতি যেমন—টেংরা, পুঁটি, খোলসে ও বাইম মাছের রেনু পোনাও ধ্বংস হচ্ছিল। এতে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে পুরো ভদ্রা খালজুড়ে এই বিশেষ অভিযান চালায়।

    ​অভিযান পরিচালনাকালে খুলনা ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এই প্রতিনিধিকে বলেন:

    ​”ভদ্রা খাল আমাদের খুলনার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় কিছু অসাধু লোক খালের স্বাভাবিক প্রবৃত্তি ও পানি প্রবাহ আটকে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জাল বসিয়েছিল। এটি সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। সরকারি নির্দেশনানুযায়ী আমরা কোনো প্রকার বেআইনি কাজ সহ্য করব না। ডুমুরিয়ার কোনো খাল বা উন্মুক্ত জলাশয়ে কোনো অবৈধ জাল বা নেট-পাটা থাকবে না। জলাশয়গুলো জনসাধারণের, এখানে কৃত্রিম বাধা সৃষ্টি করে প্রকৃতিকে ধ্বংস করতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং প্রয়োজনে কঠোর আইনি শাস্তির আওতায় আনা হবে।”

    ​অভিযানের টেকনিক্যাল ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বিশদ সাক্ষাৎকারে বলেন:

    ​”চায়না দুয়ারী এবং নেট-পাটা মাছের জন্য এক ধরনের ‘নীরব ঘাতক’। এর ফাঁদ এতই ছোট যে, পানির একদম তলদেশ দিয়ে চলাচলকারী মাছের ডিম ও রেনু পোনা পর্যন্ত এতে আটকে মারা যায়। ডুমুরিয়া উপজেলাকে মৎস্যসম্পদে সমৃদ্ধ রাখতে হলে এই ক্ষতিকর প্রবণতা বন্ধ করতেই হবে। তাই আমরা সরাসরি মাঠে নেমে এই সাঁড়াশি অভিযান শুরু করেছি। তবে শুধু আমরা উচ্ছেদ অভিযান চালালেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। অনেক সময় অসচেতনতার কারণেও ক্ষতিকর জাল ব্যবহার করা হয়। বাজারে এসব জালের কেনাবেচা বন্ধের পাশাপাশি আমরা সচেতনতামূলক প্রচারণাও চালাব। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এ বিষয়ে অত্যন্ত কঠোর ও আন্তরিক। দেশীয় মাছের বংশবৃদ্ধি ও প্রজনন নির্বিঘ্ন রাখতে আমাদের এই ধরনের সাঁড়াশি অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”

    ​অভিযান চলাকালে ভদ্রা খালের দুই পারের স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। মাঠ পর্যায়ে প্রশাসনের এ ধরনের শক্ত পদক্ষেপে তাঁরা আনন্দ প্রকাশ করেছেন।

    ​স্থানীয় এক বয়োবৃদ্ধ বাসিন্দা বলেন, “আমাদের এলাকায় আগে কখনো এমন অভিযান দেখিনি। অফিসে বসে সেবা দেওয়ার পাশাপাশি কর্মকর্তারা এখন সরাসরি খালে-বিলে নেমে এই ক্ষতিকর জাল উচ্ছেদ করছেন, যা প্রশংসার দাবিদার। খালটি মুক্ত হলে দেশি মাছ যেমন বাঁচবে, তেমনি পানির প্রবাহও ঠিক থাকবে।”

    ​সংশ্লিষ্ট পরিবেশবিদ ও স্থানীয় সচেতন মহল মনে করছেন, ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের এই যৌথ উদ্যোগ নিয়মিত বজায় থাকলে ভদ্রা খালসহ আশেপাশের জলাশয়ে অবৈধ মৎস্য আহরণ উল্লেখযোগ্য হারে কমে আসবে, যা দেশীয় মাছের প্রাকৃতিক বংশবৃদ্ধি ও দক্ষিণাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত সুদূরপ্রসারী ও ইতিবাচক ভূমিকা রাখবে।

  • তারেক রহমানের সফরের অপেক্ষায় আছে ভারত

    তারেক রহমানের সফরের অপেক্ষায় আছে ভারত

    ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি খুব শিগগিরই এ সফরটি বাস্তবায়িত হবে। তবে সফরের সিদ্ধান্তটি তাঁর একান্ত এখতিয়ার।’ গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হাইকমিশনার বলেন, ‘বৈঠকটি একটি ইতিবাচক পদক্ষেপ। খুব আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। আমাদের মূল লক্ষ্য ও বিষয়গুলো একেবারেই অভিন্ন। ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে, এমনকি খেলাধুলার দিক থেকেও আমাদের পারস্পরিক সম্পর্ক অনেক গভীর। আমরা এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছি। আমি এখান থেকে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ মনে ফিরে যাচ্ছি।’ তিনি বলেন, ‘আমরা ভিসা খু?লে দিয়েছি, যাতে দুই দেশের মানুষই এর সুফল পেতে পারে। ভার?তের স?ঙ্গে বাংলা?দে?শের সম্পর্ক ঐতিহাসিক। আমরা শুধু সীমান্তই ভাগাভাগি করি না, আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ভবিষ্যৎ স্বপ্নও এক। আমরা এমন একটি সম্পর্কের দিকে তাকিয়ে আছি, যার মূলভিত্তিই হলো উভয় দেশের মানুষের পারস্পরিক কল্যাণ। এটি কেবল শুরু, আমরা ভবিষ্যতে একে অন্যের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করে যাব।’ তিস্তা-গঙ্গা পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী বলেন, ‘আজকের সাক্ষাৎটি মূলত সৌজন্যমূলক ছিল। তবে পারস্পরিক বোঝাপড়া থাকলে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা সম্ভব নয়। দিন শেষে মূল বিষয়টি হলো সাধারণ মানুষের কল্যাণ। দুই দেশের গণতন্ত্র ও জনগণের জন্য যা ভালো, সেটাই করা হবে।’ তিনি ব?লেন, ‘পানিচুক্তির বিষয়ে ভারত ও বাংলাদেশ উভয় পক্ষের যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। তারা নিজেদের মধ্যে অবশ্যই আলোচনা করবে। প্রধানমন্ত্রীর ভারত সফরে সার্বিক বিষয়গুলো নিয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে আমরা আশাবাদী।’

    প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ রিভিউ করা হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরসহ বেশ কিছু আমন্ত্রণ রিভিউ করা হচ্ছে। রিভিউ শেষে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার সঙ্গে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রথম সাক্ষাৎ হয়েছে। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। আমরা বিস্তৃত কোনো বিষয় নিয়ে আলাপ করিনি, এটাই নিয়ম। কারণ এর জন্য আমাদের সময় পড়ে রয়েছে। তবে দুই দেশের সম্পর্ক রিসেটের ব্যাপারে আমরা দুজনে ঐকমত্য পোষণ করি।

    তিনি বলেন, আগামীতে আমাদের দুই দেশের সম্পর্ক যেন পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে এবং সার্বভৌম সমতার ভিত্তিতে হয়, এ বিষয়ে আমরা একমত হয়েছি। কোনো বিশেষ বিষয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়নি। কেবল দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীত করার বিষয়ে আলোচনা করেছি। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য আছে কি না জানতে চাইলে খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশ প্রথম’ নীতিতে আমাদের সম্পর্ক জিরো সাম গেমের নয়। অর্থাৎ একজনের সঙ্গে সম্পর্ক গড়া মানে অন্যের সঙ্গে সম্পর্ক নষ্ট করে নয়। সব দেশের সঙ্গেই আমাদের নিজস্ব স্বার্থ অক্ষুণ্ন রেখে এবং স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি।

  • মার্চ ফর জাস্টিস কর্মসূচি, লালে রাঙা প্রতিবাদ

    মার্চ ফর জাস্টিস কর্মসূচি, লালে রাঙা প্রতিবাদ

    জুলাই গণ অভ্যুত্থানের ২০২৪ সালের ৩০ জুলাই ছিল ছাত্র-জনতার ব্যতিক্রমী প্রতিবাদের দিন। আন্দোলনে শহীদদের স্মরণে ঘোষিত রাষ্ট্রীয় শোক কর্মসূচি ও কালো ব্যাজ প্রত্যাখ্যান করে দেশজুড়ে লাল রঙে প্রতিবাদের ভাষা বেছে নেন আন্দোলনকারীরা। ‘শহীদরা আমাদের শোক নয়, শক্তি’- এ স্লোগানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের টাইমলাইন ও প্রোফাইল ছবি লাল রঙে রাঙিয়ে তোলা হয়।

    এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও প্রতিবাদে শামিল হন। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল ও সমাবেশ করেন। তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষার্থীরা। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৩১ জুলাইয়ের জন্য ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করে। সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও হত্যার প্রতিবাদ, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত ও বিচার এবং আন্দোলনের ৯ দফা দাবির সমর্থনে দেশের সব আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজপথে এ কর্মসূচি পালন করা হবে। ৩০ জুলাই রাজধানীতেও প্রতিবাদে নামে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ছাত্র-জনতা হত্যা, নির্যাতন, গণগ্রেপ্তার ও হামলা-মামলার বিচারের দাবিতে বিকাল ৩টায় শহীদ নূর হোসেন চত্বর থেকে গানের মিছিল বের করা হয়। বাহাদুর শাহ পার্কে গিয়ে মিছিল শেষ হওয়ার কথা থাকলেও জিপিও চত্বরের সামনে পুলিশ বাধা দেয়। পরে অংশগ্রহণকারীরা সড়কেই অবস্থান নিয়ে গান, আবৃত্তি ও স্লোগানে প্রতিবাদ অব্যাহত রাখেন। এদিন ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তির আলটিমেটাম দেয় ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজ’। সময়সীমার মধ্যে মুক্তি না দিলে ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

    সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সরকারের সমালোচনা করে বলেন, রাষ্ট্রীয় শোক পালনের নামে জাতির সঙ্গে প্রহসন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নাশকতার অভিযোগে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর ভাষ্য, প্রকাশ্যে অস্ত্রধারীদের ভিডিওচিত্র থাকার পরও তাঁদের অনেককে গ্রেপ্তার করা হয়নি; বরং নির্বিচারে গ্রেপ্তার ও মামলার মাধ্যমে সংবিধান লঙ্ঘন করা হয়েছে।

  • সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

    সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

    মতিঝিল শাপলা চত্বরের হত্যা মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাজধানীর গুলশানের বাসা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, আইসিটির মামলায় ওয়ারেন্টের ভিত্তিতে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

    এর আগে সকালে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন তিনি। হাজিরা শেষে আবদুল লতিফ সিদ্দিকী উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রবিবার বা সোমবার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন। তিনি বলেন, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযুক্ত, এ জন্য আদালতে এসেছি। যে মামলায় আমি ২০২৫ সালে গ্রেপ্তার হয়েছিলাম। আজকে কিন্তু আমি একটা বিশেষ প্রয়োজনে এসেছি। আপনারা (সাংবাদিকরা) জানেন কি না জানি না, আমাকে আজকে সকাল বেলা জানানো হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছে, শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশের ওই মামলা। সেই মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি বলেন, আমি জানি, আজকে যদি আমি আদালতে না আসি, তাহলে মনে করা হবে আমি বোধহয় আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না; সব সময় আত্মপ্রকাশ করতে চাই।

  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড যশোরে গ্রেপ্তার

    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড যশোরে গ্রেপ্তার

    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ চারজনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়ার সময় গতকাল ভোরে কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফটিকছড়ির কাঞ্চনগর এলাকার মৃত. মুসার ছেলে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন (২৫), ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকার জাফরের ছেলে আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), কুমিল্লার মনোহরগঞ্জের মৃত. আবদুল মান্নানের ছেলে শামীম (২৮) এবং নোয়াখালীর সোনাইমুড়ীর মৃত. বেলায়েত হোসেনের ছেলে সাফায়েত হোসেন (২৮)। পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়িতে একসময় সাধারণ জীবনযাপন করলেও পরবর্তীতে আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেন। এরপর নগরীতে একাধিক হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে তার নাম জড়ায়। একপর্যায়ে সাজ্জাদ গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিতি পান ডেভিড ইমন। পরে তিনি দেশ ছেড়ে দুবাইয়ে পালিয়ে থাকলেও চট্টগ্রামের ব্যবসায়ীদের ফোনে চাঁদা দাবি করতেন। সম্প্রতি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ডিডিএন নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হামলার ঘটনায় তার নাম উঠে আসে। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

  • সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ২৩টি ব্যাংকের সমন্বয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

    সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ২৩টি ব্যাংকের সমন্বয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

    কামাল খান

    সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় এবং লিড ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি-এর তত্ত্বাবধানে ২৩টি ব্যাংকের সমন্বয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি সিলেটের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান সভাপতিত্ব করেন। পূবালী ব্যাংক পিএলসির কর্মকর্তা সায়মা সুলতানা অনুষ্ঠান পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন জাকারিয়া চৌধুরী, প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদ, বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব, উপপরিচালক তানভীর আহমদ, উপপরিচালক পার্থ জ্যোতি দে, কৃষি ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক অশোক দাসসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।

    স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্ব অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ফজলুল কবীর চৌধুরী।
    অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনের বিভিন্ন ব্যাংকের বুথ উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
    এ সময় উপজেলার বিভিন্ন ব‌্যাং‌কের ব‌্যবস্থাপক, কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    উক্ত অনুষ্ঠা‌নে লীড ব‌্যাংক হিসা‌বে সা‌র্বিক ব‌্যবস্থাপনার দা‌য়িত্ব পালন ক‌রেন পূবালী ব‌্যাংক পিএল‌সি গোলাপগঞ্জ শাখার ব‌্যবস্থাপক শৈ‌লেন সরকার।

  • আন্দোলনে দেখিনি, অথচ জুলাইয়ের হোতা দাবি

    আন্দোলনে দেখিনি, অথচ জুলাইয়ের হোতা দাবি

    জুলাই আন্দোলনে যাদের এক দিনও দেখা যায়নি, তারাই পরে আন্দোলনের হোতা হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের কৃতিত্ব নয়; এটি ছিল ছাত্র- জনতা এবং সর্বস্তরের মানুষের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ। গতকাল রাজধানীর ঢাকা কলেজে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শেখ রবিউল আলম বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছি। সেই সনদে আমরা সই করেছি। যে সনদ বিএনপির অঙ্গীকার ছিল, তা বাস্তবায়নের দায়িত্ব জনগণ ভোটের মাধ্যমে আমাদের দিয়েছে। আমরা সংসদে সেই অঙ্গীকার প্রতিষ্ঠা করব। তিনি বলেন, ‘জুলাই আমাদের নতুনভাবে শানিত ও আত্মসংশোধনের শিক্ষা দিয়েছে। একই সঙ্গে একটি ফ্যাসিবাদী সরকারের পতন কীভাবে নিশ্চিত করতে হয়, সেটিও শিখিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দিনের নেতৃত্ব তৈরির সূতিকাগার, জুলাই সেই বার্তাও দিয়েছে। বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে বিএনপি। এ প্রতিষ্ঠার জন্য দলটি ১৭ বছর সংগ্রাম করেছে। বিএনপির নেতৃত্বে সব শ্রেণি-পেশার মানুষ এক হয়ে জুলাইয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছে।

    তিনি আরও বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই বিএনপি নেতৃত্ব দিয়েছে এবং জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এটাই বিএনপির রাজনীতি। তাই মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, বিএনপিকেই নির্বাচিত করেছে।

    ঢাকা কলেজের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আজ ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা রয়েছেন। এ প্রতিষ্ঠানকে নিয়ে জাতি গর্ব করে। এখানে যারা পড়াশোনা করেন, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেন এবং ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা।

  • স্বাস্থ্য খাতের বরাদ্দ ব্যয় করাই বড় চ্যালেঞ্জ

    স্বাস্থ্য খাতের বরাদ্দ ব্যয় করাই বড় চ্যালেঞ্জ

    স্বাস্থ্য খাতের মূল নীতিগত চ্যালেঞ্জ কেবল বাজেটের বরাদ্দ বাড়ানো নয়; বরং বরাদ্দ অর্থকে নাগরিকদের জন্য কার্যকর স্বাস্থ্যসেবায় রূপান্তরের প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতা, জটিল ক্রয়প্রক্রিয়া, অনমনীয় বাজেট কাঠামো ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতায় সরকারি হাসপাতালগুলো বরাদ্দ অর্থ পুরোপুরি ব্যয় করতে পারছে না। ফলে কাক্সিক্ষত স্বাস্থ্যসেবাও নিশ্চিত হচ্ছে না। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ব্যয়ের দক্ষতা নিয়ে পরিচালিত এক গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    গবেষণায় দেশের আট বিভাগের ২২টি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পর্যালোচনা করে দেখা যায়, তৃতীয় স্তরের হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা মাত্র ১১ দশমিক ৫ শতাংশ এবং মাধ্যমিক স্তরে ২৩ দশমিক ৯ শতাংশ। গবেষকদের মতে, রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সময়মতো ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে পারলে এ হার প্রায় ৯০ শতাংশে উন্নীত হতে পারে। গবেষণায় আরও বলা হয়, রাসায়নিক বিকারকের সংকট, অকার্যকর যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত চিকিৎসা প্রযুক্তিবিদের অভাবে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে চিকিৎসা প্রযুক্তিবিদের প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সীমিত প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দুর্বল তথ্যব্যবস্থা ও জটিল প্রশাসনিক প্রক্রিয়ার কারণে বরাদ্দের কার্যকর ব্যবহার সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি কাটাতে তিনি ক্রয়প্রক্রিয়া সহজ করা, প্রযুক্তিবিদ নিয়োগ, ডিজিটাল পর্যবেক্ষণ জোরদার, স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্যাডার গঠন এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডা. মো. এনামুল হক।

  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার। দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে গতকাল এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে বাংলাদেশের সঙ্গে এই প্রত্যাবাসন মিয়ানমার কবে শুরু করবে, সে বিষয়ে কোনো সময় জানাননি আনোয়ার ইব্রাহিম। খবর আনাদোলু এজেন্সির। খবরে বলা হয়েছে, বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। আনোয়ার ইব্রাহিম বলেন, দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থীসংকট সমাধানে এটিই প্রথম পদক্ষেপ। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তার নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অন্যতম বড় আশ্রয়স্থল বাংলাদেশ ও মালয়েশিয়া। দেশ দুটিতে এই অঞ্চলের অন্যতম বৃহৎ রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠী বাস করছে। এর মধ্যে ২০১৭ সাল থেকে মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর দমন-পীড়নের মুখে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বড় সংখ্যক রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা পেরিয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে বলেন তাদের ফেরত পাঠান। কিন্তু কোথায় ফেরত পাঠাব? মিয়ানমার তো তাদের নিতে চাইত না। মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ। এখন তারা প্রথম ধাপে ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে।’ আঞ্চলিক শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে মিয়ানমারের সঙ্গে মালয়েশিয়া আলোচনা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

  • বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

    বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

    স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। দলীয় প্রতীকবিহীন এ নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বিএনপির। দায়িত্বশীল নেতারা বলছেন, দলীয় প্রতীক না থাকায় একক প্রার্থী নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়বে। তবে সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখতে নানামুখী কৌশল নেওয়া শুরু করেছে দলটি। অন্যদিকে সংসদে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশ কিছু দল অনেক আসনে একক প্রার্থী ঘোষণা করে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছে। আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের মধ্যেই প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপযোগী দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা, ৩৩০টি পৌরসভা এবং ১৩টি সিটি করপোরেশনের বিভিন্ন পদের হালনাগাদ তথ্য সংগ্রহের কাজ ইতোমধ্যে শেষ করেছে ইসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বড় দলে যোগ্য প্রার্থীর সংখ্যা বেশি থাকাটাই স্বাভাবিক। তবে চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীর জনপ্রিয়তা, দলের প্রতি ত্যাগ, অবদান এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দলের শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর চেয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কমিশন তাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে তফসিল ঘোষণা করবে। তবে একটি গণতান্ত্রিক দল হিসেবে যে যার অবস্থান থেকে নির্বাচনি প্রস্তুতি নেবে- এটাই স্বাভাবিক।

    জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা এলাকায় শুভেচ্ছা-সংবলতি পোস্টার-ফেস্টুন সাঁটিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা ও বিভিন্ন ইস্যুতে সোচ্চার ভূমিকা রাখছেন। স্থানীয় সংসদ সদস্যদের সমর্থন পেতে অনেকেই জোর তদবির-লবিং শুরু করেছেন। দলীয় সূত্র জানায়, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিয়ে এখন থেকেই সব রকম প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এই নির্বাচনের সুযোগে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত করতে চায় দলটি। সম্প্রতি বিএনপির তিন সহযোগী সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন তিনি। বৈঠকে তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনকে নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক করার স্পষ্ট বার্তা দেন। বিদ্রোহী প্রার্থী ঠেকাতে ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত করার জন্য নেতাদের কঠোর নির্দেশ দেন। তিনি জানান, প্রাক-বাছাইয়ের ক্ষেত্রে এলাকায় জনপ্রিয়তা, সর্বস্তরে গ্রহণযোগ্যতা এবং বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা- এ তিনটি মানদণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তবে চূড়ান্তভাবে প্রার্থীদের ভোটারদের আস্থা অর্জন করেই জয়ী হতে হবে।

    জানা গেছে, সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের নিরুৎসাহিত করতে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানাবেন।

    তবে বিএনপি-সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রের পক্ষ থেকে এমন কঠোর নির্দেশনা ও আহ্বান জানানো হলেও শেষ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের নেতা-কর্মীরা কতটুকু একমত হতে পারবেন, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যানের কঠোর বার্তা সত্ত্বেও ১৯০ জন বিদ্রোহী প্রার্থী দলের সিদ্ধান্ত অমান্য করে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পরবর্তীতে বহিষ্কৃত হন। ফলে আসন্ন স্থানীয় নির্বাচনেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কি না, তা নিয়ে দলের নীতিনির্ধারকদের নতুন করে ভাবতে হচ্ছে।