Blog

  • চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

    চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

    চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয় কর্তৃক শহরের ওয়াপদা গেট ও প্রেসক্লাব রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বিস্ফোরক অধিদফরের লাইসেন্স ব্যতীত আনুমানিক ১০০০-১২০০ পিস এলপিজি সিলিন্ডার গ্যাস সংরক্ষণ, বিক্রয় ও মূল্যতালিকা না থাকা এবং যে ঠিকানা ব্যবহার করে ব্যবসায়িক লাইসেন্স গ্রহণ করা হয়েছে সেখানে ব্যবসা পরিচালনা না করে ভিন্ন স্থানে পরিচালনা করার অপরাধে মেসার্স অয়ন এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং মিষ্টি শিরার মধ্যে তেলাপোকার বিষ্ঠা পাওয়া, সিগারেটের সঙ্গে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্লাস্টিকের ড্রামে গরম শিরা সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করার অপরাধে ওয়ান মিনিটকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

    চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করে। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করে। এ ছাড়াও অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

    অভিযানে জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

  • গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: আইসিটি মন্ত্রী

    গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: আইসিটি মন্ত্রী

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’ বিক্রি নিয়ে যেসব গুজব বা রিউমার ছড়ানো হচ্ছে, সেগুলো ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।’

    বাজার প্রতিযোগিতার জন্য এই ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানটির সরকারি ব্যবস্থাপনা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেছেন, নগদের মতোই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের লক্ষ্য।

    বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং নগদের ২০২৫-২৬ অর্থবছরের সংগৃহীত রাজস্ব হতে মুনাফার অংশ হিসেবে ১৮ কোটি ৫৭ লাখ টাকা ডাক অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা নতুন কোনো ধারণা নয়; বিশ্বের বিভিন্ন দেশে বহু বছর ধরে এটি সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও এ উদ্যোগের মাধ্যমে ডাকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

    তিনি বলেন, জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে হবে, যাতে আরও উদ্যোক্তা এ কার্যক্রমে যুক্ত হন। মন্ত্রী আশা প্রকাশ করেন, পর্যায়ক্রমে দেশের সব পোস্ট অফিসকে ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালনার সুযোগ সৃষ্টি হবে, এতে একদিকে নাগরিক সেবার পরিধি বাড়বে, অন্যদিকে নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি হবে। তিনি ফ্র্যাঞ্চাইজি উদ্যোক্তাদের শুভকামনা জানিয়ে আশ্বস্ত করেন, কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হলে ডাক বিভাগ সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

    নগদের রাজস্বের চেক গ্রহণ শেষে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নগদের মুনাফা অর্জন সেই সফলতারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

    তিনি বলেন, ডিজিটাল আর্থিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় নিরাপদ, সহজ ও সাশ্রয়ী সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডাক বিভাগের আধুনিকায়ন, নগদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও আস্থাশীল ও জনবান্ধব করে তুলতে হবে।

    আইসিটিমন্ত্রী আরও বলেন, সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে নগদের প্রতি মানুষের বিশেষ আস্থা রয়েছে। আধুনিক সফটওয়্যার, উন্নত গ্রাহকসেবা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নগদকে আরও প্রতিযোগিতামূলক ও শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে দেশের ৯ হাজারের বেশি ডাকঘরকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে ডিজিটাল ও আর্থিক সেবা পেতে পারেন।

    ফকির মাহবুব আনাম বলেন, চলতি অর্থবছরে নগদ উল্লেখযোগ্য পরিমাণ কর ও রাজস্ব প্রদান করেছে, যা রাষ্ট্রের জন্য একটি ইতিবাচক অর্জন এবং দেশের রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

    বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, উন্নত নাগরিকসেবা নিশ্চিত করতে সরকারের রাজস্ব বৃদ্ধি অপরিহার্য। ডাক বিভাগের সঙ্গে নগদের অংশীদারিত্বের ফলে জনগণের আস্থা, সরকারের রাজস্ব এবং ডাক বিভাগের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।

    উল্লেখ্য, প্রথম পর্যায়ে ঢাকার অভ্যন্তরে ৪টি এবং ঢাকার বাইরে ৪টি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। ভবিষ্যতে ধাপে ধাপে দেশের সকল অঞ্চলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

    এরপর মন্ত্রী ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) এজেন্টদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান।

    বিপিও-নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলাম। এসময় নগদের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা, ডাক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

  • রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

    রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

    রাঙামাটি প্রতিনিধি: মো নাজিম আলী

    রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত এক যুবককে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার মা-বাবার বিরুদ্ধে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা-মাকে আটক করেছে পুলিশ।
    শনিবার ২৫ জুলাই ২০২৬ দুপুরে আসামবস্তি এলাকার জনৈক সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত সাকিবুল ইসলাম (২৫) পেশায় অটোরিকশাচালক ছিলেন। তিনি রফিকুল ইসলাম ও রাখাই ইসলামের দুই সন্তানের মধ্যে বড় ছেলে।
    পারিবারিক সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, সাকিবুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে একাধিকবার চিকিৎসা করানো হয় এবং পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হয়। কয়েক মাস আগে তাকে পুনর্বাসনে পাঠাতে তার বাবা প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করেন। তবে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরও তিনি পুনরায় মাদকাসক্ত হয়ে পড়েন বলে পরিবারের দাবি।
    স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মাদকাসক্তির কারণে সাকিবুলের আচরণে পরিবার দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। মাদক সেবন ও কথিত অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হতো। থানা ও স্থানীয় সূত্রের দাবি, তিনি মাদক সেবনের পাশাপাশি মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন। কিছুদিন আগে মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন এবং জামিনে মুক্তি পাওয়ার পর আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
    শনিবার দুপুরে সাকিবুলের সঙ্গে তার বাবা-মায়ের কথা-কাটাকাটি একপর্যায়ে তীব্র বাগ্‌বিতণ্ডায় রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় তার মা ধারালো দা দিয়ে ঘাড়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।
    পরে স্থানীয় অটোরিকশাচালক সাইফুল ইসলাম তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
    হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফুয়াদ হাসান জানান, ঘাড়ে গুরুতর কাটা জখম নিয়ে সাকিবুলকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা চলাকালেই তার মৃত্যু হয়। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শরীরের বিভিন্ন অঙ্গে রক্তসঞ্চালন কমে যাওয়াই মৃত্যুর সম্ভাব্য কারণ বলে তিনি জানান।
    রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের বাবা-মাকে আটক করেছে। মরদেহের সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
    স্থানীয়দের ভাষ্য, ছেলেকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে বাবা-মা দীর্ঘদিন চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মাদকাসক্তিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    তবে সাকিবুলের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং ঘটনার প্রকৃত দায় কার, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

  • সাবেক তাঁতীলীগ নেতা এখন সাংবাদিক, ঘিরে উঠছে একের পর এক অভিযোগ

    সাবেক তাঁতীলীগ নেতা এখন সাংবাদিক, ঘিরে উঠছে একের পর এক অভিযোগ

    জাহাঙ্গীর আলম, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার তেলিচাড়া গ্রামের বাসিন্দা ও জেলা তাঁতীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুল ইসলাম সবুজকে ঘিরে বিভিন্ন সময়ে ওঠা অভিযোগ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে। তার বিরুদ্ধে সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার, চাঁদাবাজির চেষ্টা এবং অতীতে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়ার অভিযোগ রয়েছে বলে স্থানীয় একাধিক ব্যক্তি দাবি করেছেন।

    স্থানীয় সূত্রের ভাষ্যমতে, করগাঁও বাজারে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় সংক্রান্ত একটি ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ হয়েছিল। এছাড়া পিরিজপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল বলেও দাবি করা হয়। অভিযোগকারীদের ভাষ্য, পরবর্তীতে বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়।

    স্থানীয় কয়েকজনের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু বা মাটি উত্তোলনের স্থানে গিয়ে বিভিন্ন অজুহাতে অর্থ দাবি বা চাঁদাবাজির চেষ্টা করেন মাসুদুল ইসলাম সবুজ। এছাড়া সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও তুলেছেন কেউ কেউ। তবে এসব অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ যাচাই এই প্রতিবেদকের পক্ষে সম্ভব হয়নি।

    কয়েকজন স্থানীয় সাংবাদিকের দাবি, সাংবাদিকতার প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচয়পত্র ব্যবহার করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তাদের অভিযোগ, এতে প্রকৃত সাংবাদিকদের কাজ ব্যাহত হচ্ছে এবং সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বিভ্রান্তিকর বা একপেশে তথ্য প্রচারের অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন। তবে এসব অভিযোগেরও স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি।

    রাজনৈতিক অঙ্গনেও তাকে নিয়ে নানা আলোচনা রয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, অতীতে আওয়ামী লীগের পরিচয়ে প্রভাব বিস্তার করলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভিন্ন রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন। তবে এ দাবিরও স্বাধীন যাচাই এই প্রতিবেদকের পক্ষে সম্ভব হয়নি।

    অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাসুদুল ইসলাম সবুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে অতীতে যে মামলাগুলো হয়েছিল, সেগুলো আদালতে খারিজ হয়েছে। বর্তমানে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।” জেলা তাঁতীলীগের পদে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেননি। করগাঁওয়ের ঘটনার বিষয়ে তিনি বলেন, “মামলাটি খারিজ হয়ে গেছে।”

    সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সরকারি নথি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং আদালতের তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।

  • টেকনাফে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক জামালকে হাসপাতালে দেখতে বিএমএসএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

    টেকনাফে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক জামালকে হাসপাতালে দেখতে বিএমএসএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

    বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)

    কক্সবাজার, ২৯ জুলাই ২০২৬: সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত টেকনাফের সাংবাদিক ও সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনকে কক্সবাজার হাসপাতালে দেখতে যান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
    এ সময় সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    হাসপাতালে গিয়ে নেতৃবৃন্দ আহত সাংবাদিক জামাল উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় জামাল উদ্দিন তাঁর ওপর সংঘটিত হামলার ঘটনার বর্ণনা দেন।
    ঘটনার বিবরণ শুনে বিএমএসএফ নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
    একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান।
    নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

  • গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২

    গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২

    লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

    গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নসিমন চালকসহ আরো দুইজন।

    মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রাজু শেখ (১৭) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে।

    গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামের দিকে যাচ্ছিল। এসময় নসিমনটি বেদগ্রাম রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এতে নসিমনটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে রাজু শেখসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
    নিহত রাজু শেখ (১৭) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে।

  • উত্তরা ১৪ নাম্বর সেক্টরে রাস্তার ওপর অবৈধ স্থাপনার অভিযোগ, দ্রুত উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ

    উত্তরা ১৪ নাম্বর সেক্টরে রাস্তার ওপর অবৈধ স্থাপনার অভিযোগ, দ্রুত উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ

    রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ৫১ নম্বর ওয়ার্ডের আহালিয়া এলাকায় সিটি কর্পোরেশনের নির্ধারিত সড়ক ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর পরিত্যক্ত জায়গা দখল করে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে, জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং সরকারের চলমান সড়ক উন্নয়ন প্রকল্পও বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, উত্তরা ১৪ নম্বর সেক্টরের আহালিয়া এলাকার সাবেক রাজউক ২৪/এ সড়কে কয়েকজন ব্যক্তি রাস্তার ওপর এবং সরকারি পরিত্যক্ত জায়গা দখল করে স্থায়ী বসতবাড়ি নির্মাণ করেছেন। ফলে বহু বছর ধরে এলাকাবাসী স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। বর্ষা মৌসুমে কাদা, জলাবদ্ধতা ও সংকীর্ণ সড়কের কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস কিংবা অন্যান্য জরুরি সেবার যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর ভাষ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে এলাকাটির সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সড়কটি আরও প্রায় পাঁচ ফুট প্রশস্ত করে আধুনিক মানের রাস্তা নির্মাণের কথা রয়েছে। তবে রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ না হওয়ায় প্রকল্পের কাজ শুরু বা সম্পন্ন করতে জটিলতা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, প্রকৌশলী এবং ৫১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় রাস্তার ওপর নির্মিত অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মৌখিকভাবে অবহিত করা হয়েছে বলে এলাকাবাসী দাবি করেন। কিন্তু অভিযোগ রয়েছে, নির্দেশনার পরও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে সড়ক উন্নয়নকাজ কার্যত স্থবির অবস্থায় রয়েছে। এ অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিবাদ জানান এবং দ্রুত অবৈধ দখল উচ্ছেদের দাবি তোলেন। তাদের বক্তব্য, জনস্বার্থের বিষয়টি উপেক্ষা করে কিছু ব্যক্তি ব্যক্তিস্বার্থে সরকারি রাস্তা দখল করে রেখেছেন, যার ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো সাধারণ মানুষকে। প্রতিবাদে অংশ নেওয়া বাসিন্দারা বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে তুরাগ ও উত্তরার এই এলাকার সড়ক অবকাঠামোর তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বর্তমানে সরকার ও সিটি কর্পোরেশন উন্নয়নকাজ শুরু করলেও অবৈধ স্থাপনার কারণে সেই কাজ বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাই দ্রুত দখলমুক্ত করে জনগণের চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ করা হোক।
    স্থানীয়দের আরও দাবি, অবৈধ দখলের কারণে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেক সময় দুটি যানবাহন একসঙ্গে চলাচল করতে না পারায় সৃষ্টি হচ্ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। এলাকাবাসীর মতে, রাস্তা প্রশস্ত করা হলে শুধু যান চলাচলই সহজ হবে না, ভবিষ্যতে এলাকার সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে। তারা প্রশাসন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সরকারি রাস্তা ও সরকারি জমি কোনোভাবেই ব্যক্তিগত দখলে থাকতে পারে না। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদ করে দ্রুত সড়ক উন্নয়নকাজ সম্পন্ন করা এখন সময়ের দাবি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

  • নবনিযুক্ত ইউএনও লিখন বণিককে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

    নবনিযুক্ত ইউএনও লিখন বণিককে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

    মোঃ আশরাফুল হক বাবু
    নাগরপুর টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব লিখনও বণিক-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

    (নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা)

    সংস্থার পক্ষ থেকে জানানো হয়, জনাব লিখন বণিকের দক্ষ নেতৃত্ব, সততা, কর্মনিষ্ঠা ও দূরদর্শী প্রশাসনিক কর্মকৌশলের মাধ্যমে নাগরপুর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মান আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদী।

    বিবৃতিতে আরও বলা হয়, উপজেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে তাঁর সফল কর্মজীবন নাগরপুরকে আরও এগিয়ে নিয়ে যাবে—এমন প্রত্যাশা সবার।

    নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনও জনাব লিখন বণিকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।

    শুভেচ্ছান্তে,
    নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা।

  • গোদাগাড়ীতে ১০ কোটি টাকায় সড়ক সংস্কার কাজে মুকুলের দূর্নীতি

    গোদাগাড়ীতে ১০ কোটি টাকায় সড়ক সংস্কার কাজে মুকুলের দূর্নীতি

    রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ১০ কোটি টাকার সড়ক সংস্কারে চলছে লুটপাট। ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা মিলেমিশে চালাচ্ছেন লুটপাটের মহাযজ্ঞ। শিডিউলের শর্ত লঙ্ঘন করে ব্যবহার করা হচ্ছে তিন নম্বর ইটের খোয়া, নিম্নমানের বালু এবং এঁটেল মাটি। ইটের হালকা আঘাতেই ভেঙে যাচ্ছে ড্রেন ঢালাইয়ে ব্যবহার করা নিম্নমানের পাথর। বৃষ্টির মধ্যেই চলছে ঢালাইয়ের কাজ। সম্প্রতি সরেজমিন লুটপাটের মহাযজ্ঞের বাস্তব চিত্র দেখা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আরইউটিডি প্রজেক্টের আওতায় ১০ কোটি ১৯ লাখ টাকা চুক্তিমূল্যে সড়ক সংস্কারের কাজটি পেয়েছেন ঢাকার খিলগাঁও এলাকার এমএ ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী মোস্তফা। কাজটি সাব কন্ট্রাক্ট নিয়েছে রাজশাহীর ভাটাপাড়া এলাকার ঠিকাদার আসাদুল ইসলামের এলিজা এন্টারপ্রাইজ। ১৯ ফেব্রুয়ারি চার হাজার ৯৮০ মিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়। এর মধ্যে রয়েছে এক হাজার ২০০ মিটার ড্রেন।সরেজমিনে দেখা গেছে, গোদাগাড়ী মহল্লা থেকে শুরু হয়েছে সড়ক সংস্কার। ইতোমধ্যে শেষ হয়েছে ড্রেন নির্মাণ কাজ। স্থানীয় তাজিমুল ড্রেনের ঢালাইয়ে বাঁশের আঘাত দিতেই ওঠে যায় তিন নম্বর ইটের খোয়া। তিনি সড়কের পাশে স্তূপ করে রাখা নিমার্ণ কাজের পাথরের মধ্যে কয়েকটিতে ইটের সামান্য আঘাত দিলে সেগুলো ভেঙে যায়। স্থানীয়দের অভিযোগ, ঢালাইয়ে ব্যবহার হচ্ছে পদ্মা নদীর নিম্নমানের বালু।গোদাগাড়ী মহল্লার শেষ প্রান্তে রয়েছে সেতু। যেটি চার মাস আগে ভেঙে ফেলা হয়েছে। এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, সেতুটি পরেও ভাঙতে পারত। সেতুর পাশেই সপ্তাহে দুইদিন হাট বসে। রিকশা-ভ্যান না চলার কারণে হাটে আসা ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য মাথায় নিয়ে আসতে বাধ্য হচ্ছেন। পাশেই ভগবন্তপুর এলাকায় গিয়ে দেখা যায়, ঝুম বৃষ্টিতে চলছে ড্রেন ঢালাইয়ের কাজ। সেখানে উপস্থিত আরইউটিডি প্রজেক্টের উপসহকারী প্রকৌশলী হারেস শেখ বলেন, ‘ঢালাইয়ের জন্য আগেই বালু ও সিমেন্ট মেশানো হয়েছে। এ কারণে কাজটি করছি।’ আরেকটু দূরে দেখা যায়, ড্রেনের ভেতরে ঢালাইয়ের জন্য বালু ফেলা হচ্ছে। ছয় ইঞ্চি বালু দিয়ে ভরাট করার শর্ত থাকলেও, করা হচ্ছে চার ইঞ্চি।সুলতানগঞ্জ এলাকায় দেখা গেছে, সড়ক রক্ষায় গাইডওয়াল দেওয়া হয়েছে। ওয়ালে তিন নম্বর ইট ব্যবহার করা হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে গাঙ্গোবাড়ির স্থানীয়রা দুই দফায় কাজ বন্ধ করে দেন। এলাকার বাসিন্দা আবু তালেব বলেন, আমরা কয়েক দফা পৌরসভায় অভিযোগ করেছি। তারপরেও ঠিকাদার অদৃশ্য শক্তির দাপটে কাজ অব্যাহত রেখেছেন।অভিযোগ উঠেছে, সড়ক সংস্কারের লুটপাটের মহাযজ্ঞে ঠিকাদারকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান মুকুল। মাঠ পর্যায়ে রয়েছেন-পৌরসভার উপসহকারী প্রকৌশলী জাহিদুল হক, আরইউটিডি প্রজেক্টের সহকারী প্রকৌশলী মামুনর রশিদ এবং হারেস শেখ।প্রকৌশলী মুকুল বলেন, তিন নম্বর ইটের খোয়া ব্যবহারের অভিযোগ সঠিক নয়। অভিযোগের ব্যাপারে এলিজা এন্টারপ্রাইজের আসাদুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে পানি পড়ে ইটের রং নষ্ট হয়ে গেছে। প্রকৌশলীদের সঙ্গে যোগসাজশে লুটপাটের অভিযোগ ভিত্তিহীন।এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, আমি ঢাকায় আছি। রাজশাহী ফিরে খোঁজ নেব। অভিযোগের ব্যাপারে সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ডাকাতির ঘটনায় গৃহকর্তা হত্যা : আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

    ডাকাতির ঘটনায় গৃহকর্তা হত্যা : আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

    নরসিংদীর মাধবদীতে ডাকাতদের হামলায় গৃহকর্তা শাহজাহান মিয়া (৫০) নিহতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারর হওয়া আসামিদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) মাধবদী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।

    তিনি জানান, গত ১৮ জুলাই দিবাগত রাতে মাধবদী উপজেলার বলভদ্রদী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর খুন ও ডাকাতির ঘটনার তদন্তে নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন- জুবায়ের হোসেন, আশিক আহমদ, মোজাহিদ রহমান অপু, সুজন মিয়া, ফারুক মিয়া, রোমান মিয়া ও হৃদয় মিয়া।

    পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার এবং ডাকাতির মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।