Blog

  • হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

    হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

    বিএনপি-ছাত্রদল-যুবদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

    বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজের সই করা এক আদেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

    আদেশে বলা হয়, এনসিপি একই দিন হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছে। অপরদিকে, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল, যুবদল একই সময় ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।

    জেলা প্রশাসনের মতে, উভয় কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ পরিস্থিতিতে জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

    আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, পিকেটিং, মাইকিং, যেকোনো ধরনের উচ্চ শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে— এমন সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

    হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

    সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

    সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না— হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

    রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

    আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। পরে তিনি সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর অর্থ হলো— ফৌজদারি অভিযোগের সঙ্গে কোনো সম্পৃক্ত ব্যক্তির যদি এজাহারে নাম নাও থাকে, তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ততা পেয়ে থাকেন, তাহলে তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর অবশ্যই আবেদন করতে পারবেন।

    এর আগে, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা না থাকলে বিবাদীদের তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি না করা যাবে না, বলে রায় দেন হাইকোর্ট। কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে এই রায় দেওয়া হয়।

    একইসঙ্গে আবেদনকারীকে বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং শুধুমাত্র তাকে হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিবাদীদের গৃহীত পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না এবং আবেদনকারীর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ কেন প্রদান করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

    পরে হাইকোর্টের এমন কয়েকটি আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

  • ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

    ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

    ঝালকাঠি সদর উপজেলার প্রখ্যাত পর্যটনকেন্দ্র ৫নং কীর্ত্তিপাশা ইউনিয়নের ভিমরুলী পেয়ারা বাগান ও বিশ্বখ্যাত ভাসমান পেয়ারা বাজারে ডিজে সিস্টেম, লাউড স্পীকার এবং হাই-ভলিউমের সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করতে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন।
    বুধবার ২৯ জুলাই সকালে ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সেগুফতা মেহনাজ স্বয়ং এই পরিদর্শনে অংশ নেন। সম্প্রতি কিছু পর্যটক কর্তৃক অতিরিক্ত শব্দে গান বাজানো ও লাউড স্পীকার ব্যবহারের ফলে স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য এবং সাধারণ পর্যটকদের স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়।
    পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠির সহকারী পরিচালক এবং ৫নং কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

    এ সময় প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষ ভিমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং এর শান্ত পরিবেশ বজায় রাখতে নৌকা ও ট্রলারে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বা ডিজে বাজানো থেকে বিরত থাকার জন্য পর্যটক ও ট্রলার চালকদের প্রতি কঠোর নির্দেশ প্রদান করেন। নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
    স্থানীয় এলাকাবাসী ও সচেতন পর্যটকরা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই পদক্ষেপের ফলে ভিমরুলীর ঐতিহ্যবাহী পেয়ারা বাজারের শান্ত ও মনোরম পরিবেশ অক্ষুণ্ণ থাকবে।

  • শুধু শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়

    শুধু শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সমাজের প্রতিটি স্তরে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়ানো গেলে তরুণ প্রজন্মকে এ অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হবে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সহজ হবে। তবে শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তির মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ গতকাল ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে এ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা। শুধু আইন করে কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।’ মন্ত্রী আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা সৃষ্টি। মানুষকে বারবার জানাতে হবে, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক প্রচারের মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে।’

  • বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। গতকাল বেলা সোয়া ১১টায় তিনি জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে যান। সেখানে পৌঁছে প্রেসিডেন্ট কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।

    রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে স্বাগত জানায়। পরে পিজিআরের একটি চৌকশ দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেয়। গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জন বিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বঙ্গভবনের অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানান। এসব আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে উপস্থিত হন এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সামরিক সচিব ও জন বিভাগের সচিব তাঁকে বঙ্গভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। পরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে নিয়মিত অফিস করবেন, তবে থাকবেন জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনে।

    গুরুতর অসুস্থতার কথা জানিয়ে ২৪ জুলাই বিকালে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধানের নিয়ম অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

  • সিরাজগঞ্জ সদর হাসপাতালে মেডিসিন ওয়ার্ডের মাসিক সভা ও নবাগত ইন্টার্নদের নবীন বরণ অনুষ্ঠান

    সিরাজগঞ্জ সদর হাসপাতালে মেডিসিন ওয়ার্ডের মাসিক সভা ও নবাগত ইন্টার্নদের নবীন বরণ অনুষ্ঠান

    মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

    ​সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের মার্জিত ও সুশৃঙ্খল পরিবেশের কারণে রোগীদের স্বস্তি ও আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

    মেডিসিন ওয়ার্ডের চমৎকার পরিচ্ছন্নতা এবং সুনিয়ন্ত্রিত সেবার সুবাদে এখানকার কর্তব্যরত চিকিৎসকরা রোগীদের গভীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
    ​মঙ্গলবার (২৮ জুলাই) মেডিসিন ওয়ার্ডে মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সাথে ওয়ার্ডে সদ্য যোগদানকৃত ইন্টার্ন ডিএমএফ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ।

    ​মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেফ্রোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. ইকবাল হাসান। এছাড়াও ওয়ার্ডে কর্তব্যরত অন্যান্য এসএসিএমও এবং নবাগত ইন্টার্ন ডিএমএফবৃন্দ উপস্থিত ছিলেন।

    ​অনুষ্ঠানে মেডিসিন ওয়ার্ডে সদ্য যোগদান করা ইন্টার্ন ডিএমএফ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন দায়িত্বরত চিকিৎসকরা, যা চিকিৎসা অঙ্গনে এক চমৎকার ও প্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছে।
    ​সভায় উপস্থিত অতিথিবৃন্দ নবীন ইন্টার্নদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে রোগীদের সেবা দেওয়ার দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে তাঁদের কর্মজীবনের শুরুতেই সার্বিক কাজের জন্য পূর্ণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

  • জীবন বাঁচল কিন্তু হারিয়ে গেল জীবিকার নৌকা

    জীবন বাঁচল কিন্তু হারিয়ে গেল জীবিকার নৌকা

    উত্তাল সমুদ্রে ৩৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই। একসময় শেষ হয়ে যায় সঙ্গে থাকা সব খাবার। তারপর বেঁচে থাকার জন্য বড়শির টোপ, সমুদ্র থেকে ধরা কাঁচা মাছ যা পাওয়া গেছে তাই খেয়ে দিন কাটিয়েছেন বাবা ও ছেলে। প্রতিটি সূর্যোদয় ছিল অনিশ্চয়তার, প্রতিটি রাত ছিল মৃত্যুভয়ের। শেষ পর্যন্ত অলৌকিকভাবে তাদের জীবন রক্ষা হয়েছে। কিন্তু দেশে ফেরার আগে তাঁদের সামনে দাঁড়িয়েছে আরেক নির্মম বাস্তবতা। যে ছোট্ট ট্রলারটিকে আঁকড়ে ধরে তারা ৩৬ দিন বেঁচে ছিলেন, যে ট্রলারটি তাঁদের জীবিকার একমাত্র অবলম্বন, সেটি আর তাঁদের সঙ্গে শ্রীলঙ্কায় ফিরছে না।

    উদ্ধার হওয়া দুই জেলে হলেন শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার এস এইচ চামিন্দা (৫১) ও তাঁর ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)। পেশায় দুজনই জেলে। ৩৬ দিন আগে চারজন মিলে মাছ ধরতে শ্রীলঙ্কার উপকূল থেকে সাগরে যান। বৈরী আবহাওয়ায় তাঁদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। ভেসে যেতে থাকে ট্রলার। তিন দিন পর অন্য একটি নৌকার সহায়তায় তাঁদের সঙ্গে থাকা আরও দুই জেলে দেশে ফিরে যেতে সক্ষম হন। কিন্তু ট্রলারটি নিজেদের হওয়ায় সেটি ছেড়ে যেতে রাজি হননি বাবা-ছেলে। হয়তো ভেবেছিলেন ট্রলার বাঁচাতে পারলে জীবিকাও বাঁচবে। সেই সিদ্ধান্তই তাঁদের নিয়ে যায় মৃত্যুর মুখোমুখি এক দীর্ঘ যাত্রায়। পথে আরও এক দুঃস্বপ্নের মুখোমুখি হন তাঁরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, আন্দামান সাগরের কাছে মিয়ানমারের কিছু লোক ট্রলারে উঠে দুরবিন, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এরপরও তাঁরা ট্রলার ছাড়েননি। সাত দিনের মাথায় শেষ হয়ে যায় মজুত খাবার। এরপর টানা ২৯ দিন বড়শির টোপ ও সমুদ্র থেকে ধরা কাঁচা মাছ খেয়ে কোনোমতে বেঁচে থাকেন। চারদিকে শুধু পানি, মাথার ওপর খোলা আকাশ, আর সামনে অনিশ্চিত ভবিষ্যৎ-এই ছিল তাঁদের পৃথিবী।

    গত বুধবার গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মহেশখালীর ট্রলার মালিক জিয়াউর রহমানের ট্রলারের জেলেদের নজরে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ছোট্ট ট্রলারটি। কাছে গিয়ে তাঁরা দেখেন, দুই ব্যক্তি প্রায় নিস্তেজ অবস্থায় হাতজোড় করে সাহায্য চাইছেন। পরে তাঁদের নিজেদের ট্রলারে তুলে নেওয়া হয় এবং ভাসমান ট্রলারটিকে রশি দিয়ে বেঁধে গত শুক্রবার রাতে মহেশখালীর উপকূলে নিয়ে আসা হয়। উদ্ধারের পর কয়েক দিন জিয়াউর রহমানের বাড়িতে ছিলেন দুই শ্রীলঙ্কান জেলে। পরে গত শনিবার রাতে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের নিজ দেশে পাঠানোর আগ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সেফ হোমে রাখার নির্দেশ দেন। গতকাল তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁরা ফিরে যাবেন নিজ দেশে। তবে তাঁদের ফেরার পথের সবচেয়ে বড় বেদনা হয়ে থাকছে সেই ট্রলারটি। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান জানান, হাজার কিলোমিটার উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে ট্রলারটি শ্রীলঙ্কায় পাঠানো সম্ভব নয়। আদালত ট্রলারটি উদ্ধারকারী ট্রলারের মালিক জিয়াউর রহমানের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কারণ, তিনিই গভীর সমুদ্র থেকে ঝুঁকি নিয়ে ট্রলারটি টেনে মহেশখালী উপকূলে নিয়ে এসেছেন। অর্থাৎ, বাবা-ছেলে দেশে ফিরবেন ঠিকই, কিন্তু ফিরবেন খালি হাতে। সমুদ্রে ৩৬ দিনের ভয়াবহ অভিজ্ঞতা হয়তো এক দিন স্মৃতিতে পরিণত হবে। ক্ষুধা, তৃষ্ণা, ঝড় আর মৃত্যুভয়-সবকিছুই হয়তো সময়ের সঙ্গে ম্লান হয়ে যাবে। কিন্তু জীবিকার একমাত্র সম্বল হারানোর ক্ষত সহজে শুকাবে না। যে ট্রলারটির জন্য তাঁরা জীবন বাজি রেখে ৩৬ দিন সাগরে ভেসে ছিলেন, যে ট্রলার ছেড়ে যেতে না চাওয়ার কারণেই মৃত্যু আর জীবনের সীমারেখায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, শেষ পর্যন্ত সেই ট্রলারটিই তাঁদের নয়। তাঁরা বেঁচে ফিরছেন কিন্তু যে স্বপ্ন, যে জীবিকা আর যে সম্বল আঁকড়ে ধরে এত দিন মৃত্যুর সঙ্গে লড়েছিলেন, সেটি রয়ে যাচ্ছে বাংলাদেশের উপকূলে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি মৃত্যু নয়; বেঁচে ফিরে নিজের সবকিছু হারিয়ে ফেলা।

  • জ্বালানি সহযোগিতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন তারেক রহমানের

    জ্বালানি সহযোগিতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন তারেক রহমানের

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় প্রতিপক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার জ্বালানি সহযোগিতা চেয়ে একটি চিঠি পাঠানোর পর বাংলাদেশ সময় দুপুর ২টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেন। নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অমিত বলেন, টেলিফোন আলাপের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে জ্বালানি সহযোগিতায় সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে চিঠিটি হস্তান্তর করেছেন। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার চলমান জ্বালানিসংকট মোকাবিলায় দিনরাত কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

    তিনি বলেন, জ্বালানিসংকটের কারণে জনগণের দুর্ভোগ সরকার উপলব্ধি করেছে, তাই আমি এই বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন মনে করছি। এ সংকট সমাধানের বিষয়ে আমরা সজাগ রয়েছি। অমিত বলেন, জনগণ তাদের দুর্ভোগ লাঘবের দায়িত্ব সরকারের ওপর অর্পণ করেছে, যা পরিস্থিতি সমাধানে মন্ত্রণালয়কে নিরলসভাবে কাজ করতে উদ্বুদ্ধ করেছে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও এসব কাজের অগ্রগতি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বাংলাদেশ বর্তমানে বিদ্যমান চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছে না, যার ফলে সরকার চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইছে।

    অমিত বলেন, আমরা চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছি না। তাই, চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। যত দ্রুত সম্ভব প্রক্রিয়াটি সম্পন্ন করার চেষ্টা করছি। আমরা খতিয়ে দেখছি, এমন কোনো বিকল্প পন্থা আছে কি না যার মাধ্যমে মালয়েশিয়া তার অভিজ্ঞতা দিয়ে আমাদের সহায়তা করতে পারে, কারিগরি পরামর্শ দিতে পারে, অথবা তাদের সম্পদ আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারে। এই সব বিকল্পই খোলা রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সরকার কোনো একটিমাত্র উৎসের ওপর নির্ভরতা কমাতে একাধিক জ্বালানি উৎস অনুসন্ধানের মাধ্যমে চলমান গ্যাস সরবরাহসংকট সমাধানে কাজ করছে। সরকার অন্য উৎসের মাধ্যমেও পরিস্থিতি সামাল দিতে পারে। অমিত বলেন, দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে জাপানের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাসহ একটি জাপানি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। আমরা কীভাবে জ্বালানি সহযোগিতা আরও জোরদার করতে পারি, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন। তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে উদ্যোগ নিতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। গতকাল দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান।

    তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারি আরও সুদৃঢ় করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। সেই সঙ্গে নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতো আরও একটি শিল্পপার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এবং চলমান ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের অগ্রগতিসহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

    এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। জাপানের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান চলাচলবিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো, জাপানের সিভিল এভিয়েশন ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

    স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তি বিকাশে সর্বোচ্চ গুরুত্ব : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এ আশ্বাস দেন।

    সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। সভায় সংশ্লিষ্টরা দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। আলাদা দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে বলে সভায় জানানো হয়। সভায় সংশ্লিষ্টরা আরও জানান, প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষে এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা যাবে। দেশীয়ভাবে উৎপাদিত হওয়ায় যন্ত্র দুটি তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে।

    এ ছাড়া দেশীয় প্রযুক্তিতে তৈরি এই দুটি চিকিৎসা যন্ত্র সফলভাবে উৎপাদন ও ব্যবহার শুরু হলে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমবে বলেও তারা উল্লেখ করেন।

    সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রো ভিসি ড. মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ডা. মামুন শিবলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    বিশেষজ্ঞরা জানান, ভেন্টিলেটর মেশিনটি গুরুতর শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্তদের চিকিৎসায় ব্যবহৃত জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম। এ কারণে এর নিরাপত্তা, কার্যকারিতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আরও বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অন্যদিকে হাই-ফ্লো অক্সিজেন মেশিনটি শ্বাসতন্ত্রের সাধারণ সমস্যাজনিত রোগীদের জন্য ব্যবহার উপযোগী। এই যন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ব্যবহার করা যায়। ফলে বিদ্যুৎ-সুবিধাবঞ্চিত এলাকা কিংবা জরুরি পরিস্থিতিতে রোগী পরিবহনের সময় অ্যাম্বুলেন্সেও এটি কার্যকরভাবে ব্যবহার করা যাবে।

  • নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার।

    নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার।

    জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার।

    ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
    নোয়াখালী জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও/সি, ডিবি, নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখার, নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ২৮ জুলাই ২০২৬খ্রিঃ তারিখ, ১৯.১৫ ঘটিকার সময় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সুধারাম থানাধীন পৌর-০৩ নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়নপুর সাকিনস্থ ষ্টেশন রোডে ইংলিশ কামালের পাকা বাড়ির নিচ তালায় মাষ্টার বেডরুমের ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ০১। নিজাম উদ্দিন প্রঃ আকিক আহাম্মেদ (৪৯), পিতা-মৃত কামাল উদ্দিন প্রঃ ইংলিশ কামাল, মাতা-রেজিয়া কামাল, সাং-লক্ষ্মীনারায়নপুর (ইংলিশ কামাল সাহেবের বাড়ি), পৌর-০৩ নং ওয়ার্ড, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, ০২। মোঃ সাইফ উদ্দিন টিপু (৪৫), পিতা-মৃত শাহ জাহান, মাতা-নুর জাহান বেগম, সাং-মাইজদী, কাজী পাড়া, ০১ নং পৌর ওয়ার্ড, থানা-সুধারাম, জেলা-নোয়াখালীদের আটক করে এবং তাহার দেহ তল্লাশি করিয়া ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

    আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

    আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন
    অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নোয়াখালী।

  • ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা

    ডোপ টেস্টে ইতিবাচক ফল, অভিযুক্তের ৫ মাসের জেল সহ জরিমানা

    মোঃ ফজলুল কবির গামা
    বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

    রাজধানীসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিকতায় ডিবির একটি বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে অভিযুক্ত আব্দুল হালিম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ ২৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে পরিচালিত এই অভিযানে আটকের পর তাঁর বিরুদ্ধে ডোপ টেস্ট বা মাদক শনাক্তকরণ পরীক্ষা সম্পন্ন করা হয়।

    ডোপ টেস্টের প্রতিবেদন ইতিবাচক আসার পর অভিযুক্তকে বিজ্ঞ সংক্ষিপ্ত বিচার আদালতে (সামারি ট্রায়াল) হাজির করা হয়। মামলার সমস্ত দিক বিবেচনা করে বিজ্ঞ আদালত অভিযুক্ত আব্দুল হালিম মোল্লাকে ৫ (পাঁচ) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই সাথে তাঁকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়। মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।