Blog

  • চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
    সোমবার (২৮ জুলাই ) বিকেল ৪টা ৪৫ মিনিটে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার নেতৃত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা, সাবেক সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে গোলাম জাকারিয়া বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে দেশকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান। বক্তব্য শেষে হোসেনডাঙ্গা এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

  • মাননীয় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন-এর ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন

    মাননীয় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন-এর ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন

    এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি আজ ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: মাহমুদুল হক রুবেল, এমপি, ১৪৫ শেরপুর ৩, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
    পরিদর্শনকালে কাংশা ও নলকুড়া ইউনিয়নে বাস্তবায়নাধীন অভ্যন্তরীণ সড়ক সংস্কার, সিসি ঢালাই, ইট দ্বারা রক্ষণাবেক্ষণ এবং গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। মাননীয় প্রতিমন্ত্রী প্রকল্পসমূহের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

    এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিজ্ নাসরিন আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ঝিনাইগাতী মো: আল-আমিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • বাজিতপুরে অনুমোদনহীন কর্মী সভা বন্ধের দাবি বিএনপি নেতার সংবাদ সম্মেলন

    বাজিতপুরে অনুমোদনহীন কর্মী সভা বন্ধের দাবি বিএনপি নেতার সংবাদ সম্মেলন

    কিশোরগঞ্জের বাজিতপুরে দলীয় অনুমোদন ছাড়া কর্মী সভা আয়োজনের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন।
    মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বাজিতপুরে সাবেক সংসদ সদস্য মরহুম মজিবুর রহমান মঞ্জুর বাসভবন সংলগ্ন অস্থায়ী দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, গত কয়েকদিন ধরে বাজিতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নীতিনির্ধারকদের অনুমোদন ছাড়াই কর্মী সম্মেলনের নামে সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের কমিটি গঠনের আশ্বাস দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
    তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলীয় অনুমোদন ছাড়া কোনো সাংগঠনিক কর্মসূচি আয়োজনের সুযোগ নেই। বিষয়টি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নজরে আনা হলে তারাও এ ধরনের কর্মসূচির বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন।
    সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, দল থেকে বহিষ্কৃত কোনো ব্যক্তি বিএনপির ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেন না।
    এক প্রশ্নের জবাবে কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপির সাবেক প্রার্থী সৈয়দ এহসানুল হুদার নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন মামুন। তিনি বলেন, নির্বাচনের পর তার নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
    মোস্তাফিজুর রহমান মামুন বলেন, দলীয় অনুমতি ছাড়া ভবিষ্যতে কোনো সাংগঠনিক সভা, সমাবেশ বা কর্মী সম্মেলন আয়োজন করা হলে তিনি সাংগঠনিকভাবে এর প্রতিবাদ করবেন। বিএনপির গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলার বাইরে কোনো কার্যক্রমকে সমর্থন করবেন না বলেও জানান তিনি।
    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. রফিকুল ইসলাম রফিক, বাজিতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদভী চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • মধুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানে ১লাখ ৬০হাজার টাকা অর্থদণ্ড প্রদান

    মধুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানে ১লাখ ৬০হাজার টাকা অর্থদণ্ড প্রদান

    হাফিজুর রহমান
    প্রতিনিধি (মধুপুর) টাঙ্গাইল

    টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাউফুলা ও কাইতকাই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
    মঙ্গলবার (২৮ জুলাই) পরিচালিত এ অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি পৃথক মামলায় এ অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন।
    মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর তফসিলভুক্ত বিধান লঙ্ঘনের দায়ে উপজেলার কাইতকাই এলাকার সালাম অটো রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
    এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে লাউফুলা এলাকার আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা এবং একই এলাকার মানিক বেকারিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত মোট ১ লাখ ৬০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
    অভিযানে মধুপুর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

  • কাঁঠালিয়ায় বিনামূল্যেচোখের ফ্রি চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প

    কাঁঠালিয়ায় বিনামূল্যেচোখের ফ্রি চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশনের আয়োজনে ও বরিশাল গ্রামীর জিসি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চোখের ফ্রি চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়।

    আমুয়া ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশনের সভাপতি মো. মেহেদী হাসান তুহিনের সভাপতিত্বে এ চক্ষু টিকিৎসা ক্যাম্পের প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবদুল হালিম। বক্তব্য রাখেন বরিশাল গ্রামীর জিসি চক্ষু হাসপাতালের ডা. অমি দত্ত, আমুয়া কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক মো. ইউসুফ আলী খান, সহকারী অধ্যাপক লায়লা আরজু মান্দ বানু, শরীরচর্চা শিক্ষক মো. আ. জলিল খান, আমুয়া ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশনের সদস্য মো. ইমরান মোল্লা, মো. রিফাত মীরবহর, মো. গোলাম সরোয়ার রাফিদ, মো. নাঈম হোসেন, মো. রবিউল, সুমনা আক্তার, জ্যোতি খান, রোভার স্কউট লিডার ফেরদৌস সিকদার, মো. মেহেদী সিকদার, তনু আক্তার প্রমূখ।

    এ বিনামূল্যে চোখের ফ্রি চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্পে ছয় শতাধিক রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে এবং ৫০ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বরিশাল গ্রামীর জিসি চক্ষু হাসপাতালের নেয়া হয়। বরিশাল গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের ৯ সদস্য বিশিস্ট একটি ডাক্তারী টিম চিকিৎসা করেন।

  • তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম

    তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম

    ‎সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরুদ্ধে মামলা করার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন কতৃক বসতবাড়িতে হামলা করে বাদীসহ ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
    ‎
    ‎ গত ২৬ জুলাই রোববার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
    ‎
    ‎এ ঘটনায় আহত আব্দুল ছালাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আব্দুল হাই, উজ্জ্বল মিয়া, মাসুক মিয়া, রহিম মিয়া, নয়ন মিয়া, জাকির মিয়া, ফরিদ মিয়া ও শেফালী বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
    ‎
    ‎মামলা সূত্রে জানাযায়, সুন্দর পাহাড়ী গ্রআমের আব্দুল ছালামের পরিবারের সাথে একই গ্রামের আব্দুল হাই এর পরিবারের জমিজমা সংক্রান্ত ও মামলা বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে রোববার সকালে প্রতিপক্ষ আব্দুল হাই ২০/২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রসস্ত্রসহ বাদী আব্দুস সালামের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় আব্দুস সালাম ও তার পরিবারের লোকজন কোন কিছু বুঝে উঠার আগেই প্রতিপক্ষ ও তার লোকজন এলোপাতাড়ি মাথা শরীর ও হাত পা কুপিয়ে হামলায় মধু মিয়া, আবুল কাশেম, শের আলী, বিপ্লব, সাফিয়া বেগম এবং আব্দুল ছালামসহ ছয়জনকে গুরুতর আহত করে। পরে স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কয়েকজনকে ভর্তি করেন। গুরুতর আহত মধু মিয়া, আবুল কাশেম ও সাফিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগে বলা হয়েছে, সেখানে মধু মিয়া ও আবুল কাশেম গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
    ‎
    ‎
    ‎
    ‎অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে এবং বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
    ‎
    ‎
    ‎বাদী অভিযোগ করেন, হামলার সময় অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়েও ঘটনাস্থল ত্যাগ করেন। পরে চিকিৎসা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে তিনি তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
    ‎
    ‎তবে এ বিষয়ে অভিযুক্তদের না পাওয়ায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
    ‎
    ‎তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
    ‎

  • সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন

    সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন

    সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের আপন দুই সহোদর ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজনের (২১) লাশ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

    মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের কামারহাট মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন সম্পন্ন হয়েছে। নিহত সজীব ও সুজন চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফা বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। দুই ভাইয়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষবারের মতো তাদের একনজর দেখতে সোমবার রাতে গ্রামের বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন এলাকার মানুষ।

    পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মাম এলাকায় খেজুরের ব্যবসা করতেন বড় ভাই ফয়েজ আহমেদ সজীব। চলতি বছরের শুরুতে ব্যবসার কাজে সহযোগিতা করার জন্য ছোট ভাই ফরহাদ হোসেন সুজনকেও সৌদি আরবে নিয়ে যান তিনি।
    গত ১৫ জুলাই দিবাগত রাতে খেজুর বোঝাই একটি পিকআপ নিয়ে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার রাতে তাদের লাশ দেশে পাঠানো হয় এবং গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

    মঙ্গলবার সকালে কামারহাট মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজন ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুই ভাইকে দাফন করা হয়। জানাজার সময় এলাকাবাসী ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

  • বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার।

    বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার।

    র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুলাই ২০২৬ইং তারিখ সন্ধ্যায় বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন হোগলাপাশা, আবাসন এলাকায় অভিযান পরিচালনা করে বরগুনা জেলার পাথরঘাটা থানার হত্যা মামলার পলাতক অভিযুক্ত মোঃ আল আমিন (৩৫) পিতা মোঃ নিজাম, সাং-চর লাঠিমারা, ৪নং ইউপি, থানা পাথরঘাটা, জেলা বরগুনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
    ঘটনার বিবরণে জানা যায়, বাদী ও অভিযুক্তগন পাশাপাশি বসবাস করে। তাদের মধ্যে গাছ কাটা নিয়া অনেকদিন যাবত বিবাদ চলে আসছিল। ঘটনার দিন গত ১০/০৫/২০২৬ইং তারিখ পুনরায় তাদের মধ্যে গাছকাটা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয় এবং অভিযুক্তগণ একত্রিত হয়ে বাদীর স্বামীকে লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করে রক্তাক্ত যখম করে। ২নং স্বাক্ষীর ডাক চিৎকারে ঘটনাস্থলে অন্যান্য স্বাক্ষীরা এগিয়ে আসলে অভিযুক্তগণ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করলে চিকিৎসাধীন অবস্থায় গত ১১/০৫/২০২৬ইং তারিখ মারা যায়। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
    উল্লেখ্য যে নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-৮, ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও র‌্যাব-৮ এর চৌকস আভিযানিক দল তাদের অবস্থান নিশ্চিত হয়ে প্রধান অভিযুক্ত ইলিয়াস, দ্বিতীয় অভিযুক্ত আল আমিন ও চতুর্থ অভিযুক্ত বেলায়েত সহ মোট ০৩ (তিন) জন অভিযুক্ত’কে গ্রেফতার করতে সক্ষম হয় ।
    গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরগুনা জেলার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।মোঃরাশেদ
    কোম্পানী অধিনায়ক
    র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী

  • চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

    চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ১টা ১৫ মিনিটে সদর থানাধীন লাহারপুর এলাকার আলহাজ্ব ড্রিম ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আজাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মো. মনিরুল ইসলাম মনি (৩৫), পিতা- এনারুল ইসলাম, সাং- বারঘরিয়া কাজিপাড়া, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রামের মাস্তানমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, অভিযানে আটক দুই ব্যক্তির কোমরে লুকানো অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত আরও ২টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮৯ টাকা।মো:শাহিন আলম (২০)পিতা মোঃ আবুল কালাম গ্রাম পারচৌকা পোস্ট মনাকষা থানা শিবগঞ্জ ও জেলা চাপাইনবাবগঞ্জ মো: মাহফুজ(১৭)পিতা মো: বেলাল উদ্দিন গ্রাম পারচৌকা পোস্ট মনাকষা থানা শিবগঞ্জ ও জেলা চাঁপাইনবাবগঞ্জ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে আরও জানা যায়, চলতি জুলাই মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে মোট ৩ জন আসামিকে আটক করা হয়েছে। একই সময়ে ৬৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে ৫৫টি চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে এবং ১১টি থানায় জমা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।