Blog

  • ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা, যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন

    ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা, যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন

    চলতি বছরের প্রথম ছয় মাসেই দেশে শিশু হত্যা ও যৌন নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত অন্তত ৮৬ শিশু হত্যার শিকার হয়েছে। একই সময়ে ৩১২টি ঘটনায় ৩৩৬ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।

    শিশু অধিকার নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থা ‘শিশুরাই সব’ গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য তুলে ধরেছে।

    সোমবার প্রকাশিত তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের বিরুদ্ধে সংঘটিত অধিকাংশ অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের পরিচিত মানুষ বাবা-মা, আত্মীয়, প্রতিবেশী, শিক্ষক কিংবা স্থানীয় পরিচিতজন। ফলে শিশুদের সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত নিজ বাড়ি ও পরিচিত পরিবেশই অনেক ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সারা বছরে যেখানে ১২৪টি শিশুহত্যা এবং ৩০৮ জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছিল, সেখানে ২০২৬ সালের প্রথম ছয় মাসেই পরিস্থিতি উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। গত ছয় মাসে নিহত ৮৬ শিশুর মধ্যে ৪৭ জন মেয়ে, ৩৬ জন ছেলে এবং তিন জনের পরিচয় জানা যায়নি।

    সবচেয়ে বেশি হত্যার শিকার হয়েছে শূন্য থেকে ছয় বছর বয়সি শিশুরা।
    বিশ্লেষণে দেখা যায়, প্রায় ৫০ দশমিক ৫৯ শতাংশ হত্যাকাণ্ড ঘটেছে পারিবারিক পরিবেশে। নিজ বাড়ি বা আত্মীয়ের বাসায়। অন্যদিকে ৪১ দশমিক ১৮ শতাংশ ঘটনা ঘটেছে রাস্তা, মাঠ, বাজার কিংবা জলাশয়ের মতো জনপরিসরে।

    অপরাধীদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৭টি ঘটনায় বাবা-মা এবং ১১টি ঘটনায় নিকট আত্মীয় জড়িত ছিলেন। এছাড়া ২২টি ঘটনায় অভিযুক্ত ছিলেন প্রতিবেশী বা পরিচিত ব্যক্তি। অর্থাৎ অর্ধেকেরও বেশি শিশুহত্যা সংঘটিত হয়েছে পরিচিত মানুষের হাতে। হত্যার কারণ হিসেবে সবচেয়ে বেশি ওঠে এসেছে রাগ, পারিবারিক কলহ ও ব্যক্তিগত বিরোধ ২২ দশমিক ৯ শতাংশ।

    প্রতিবেদনে আরো বলা হয়েছে, ৮৬টি হত্যাকাণ্ডের মধ্যে ৪৪টি ঘটনায় পুলিশ আসামিকে গ্রেফতার করেছে।

    অধিকাংশ মামলার তদন্ত চলমান রয়েছে। ৩১২টি ঘটনায় ৩৩৬ জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১২৭ জন মেয়ে, ২৪ জন ছেলে এবং ১৮৫ জনের লিঙ্গ পরিচয় গণমাধ্যমে উল্লেখ করা হয়নি। সবচেয়ে বেশি যৌন নির্যাতনের শিকার হয়েছে ৭ থেকে ১২ বছর বয়সি শিশুরা। এই বয়সের ১৭৫ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে, যা মোট ঘটনার ৫২ দশমিক ৮ শতাংশ।
    এছাড়া শুন্য থেকে ছয় বছর বয়সি ৯০ জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। যৌন নির্যাতনের ধরন বিশ্লেষণে দেখা যায় ১৯১টি ঘটনা ছিল ধর্ষণ, ৭৫টি ধর্ষণের চেষ্টা, ৪৪টি একাধিক বার ধর্ষণ এবং ২৬টি দলগত ধর্ষণ। নির্যাতনের পর দুই শিশু আত্মহত্যা করেছে, ১১ জন গর্ভধারণ করেছে এবং ৩২ জনকে হত্যা করা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ১৬ জন বাক, বুদ্ধি বা শারীরিক প্রতিবন্ধী শিশু ধর্ষণ, ধর্ষণের চেষ্টা কিংবা একাধিক বার যৌন নির্যাতনের শিকার হয়েছে।

    সংস্থার আহ্বায়ক লায়লা খন্দকার জানান, শিশু অধিকার হরণ একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। শিশু সুরক্ষায় দ্রুত বিচার নিশ্চিত করা, জাতীয় শিশু কমিশন গঠন, শিশু আইন-২০১৩ কার্যকর বাস্তবায়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নীতিমালা বাধ্যতামূলক করার ওপর গুরত্বারোপ করেন।

  • আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল!

    আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল!

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চলমান আলিম পরীক্ষায় নকুল সরবরাহের চেষ্টার অপরাধে মো. মনির হোসেন নামের এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে আরও দুই শিক্ষকের দায়িত্ব স্থগিত এবং অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।

    আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির।

    দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেন আখাউড়া উপজেলার রানীখার সৈয়দ এমদাদুল বারি গাউছিয়া আলিম মাদরাসার শিক্ষক। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরীক্ষা চলাকালীন কেন্দ্রে দায়িত্ব পালনকালে তিনি বাইরে থেকে উত্তরপত্র লিখে এনে পরীক্ষার্থীদের মাঝে সরবরাহের চেষ্টা করছিলেন।

    বিষয়টি কেন্দ্রে স্থাপন করা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে হাতেনাতে প্রমাণ পাওয়ায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১২ ধারায় তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    এই ঘটনার পর কেন্দ্রটিতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। নকল সরবরাহে সহযোগিতা বা দায়িত্বে অবহেলার দায়ে আরও দুই শিক্ষকের পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া, ওই কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট পাঁচজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।

    পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে এবং জালিয়াতি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • খুলনার দাকোপে ভুয়া সাংবাদিক আটক, উদ্ধার ভুয়া আইডি কার্ড ও বুম

    খুলনার দাকোপে ভুয়া সাংবাদিক আটক, উদ্ধার ভুয়া আইডি কার্ড ও বুম

    খুলনার দাকোপ উপজেলায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উপজেলা প্রতিনিধি পরিচয় দিয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগে শহিদুল পাড় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড), পরিচয় ফিতা (ল্যানইয়ার্ড) এবং সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের লোগোসংবলিত একটি বুম উদ্ধার করা হয়েছে।
    সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ডাকবাংলো মোড় এলাকা থেকে দাকোপ থানা পুলিশ ও সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের খুলনা বিভাগীয় প্রতিনিধির যৌথ উদ্যোগে তাকে আটক করা হয়।
    আটক শহিদুল পাড় দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের জয়নগর এলাকার ইসমাইল পাড়ের ছেলে।
    সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের খুলনা বিভাগীয় প্রতিনিধি শিশির মল্লিক জানান, শহিদুল নিজেকে দাকোপ উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে নিজের তৈরি একটি ভুয়া আইডি কার্ড ও বুম ব্যবহার করে বিভিন্ন স্থানে পরিচয় দিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে তারা প্রায় এক সপ্তাহ ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরে সোমবার সকালে দাকোপ থানা পুলিশের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়।
    দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গলায় ভুয়া আইডি কার্ড ও হাতে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের লোগোসংবলিত বুমসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
    তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের খুলনা বিভাগীয় প্রতিনিধি বাদী হয়ে দাকোপ থানায় একটি মামলা দায়ের করেছেন। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

  • ‎নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

    ‎নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
    ‎
    ‎সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
    ‎
    ‎পুলিশ জানায়, সোনাইমুড়ী থানার একটি মামলার আসামি মাইন উদ্দিন মামুনকে গ্রেফতারের লক্ষ্যে উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির উত্তর পাশে অবস্থিত একটি ভাঙা লাকড়ির ঘর থেকে একটি একনলা এলজি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানে আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
    ‎
    ‎নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

  • নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

    নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

    ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অনুষ্ঠিত হবে।

    মঙ্গলবার (২৮ জুলাই) যে কোনো সময় শুনানির কথা রয়েছে।

    গত ১০ জুন নারী ও শিশু ধর্ষণ ও হত্যা সংক্রান্ত আলোচিত মামলাগুলোর ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে এই বিশেষ বেঞ্চ গঠন করেন। এরই ধারাবাহিকতায় নুসরাত হত্যা মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
    মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগ প্রত্যাহারে অস্বীকৃতি জানানোয় মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর একই বছরের ১০ এপ্রিল তার মৃত্যু হয়।

    এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ১৬ জন আসামিকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মাদরাসার সাবেক অধ্যক্ষ এস এম সিরাজ উদ-দৌলা, সাবেক কাউন্সিলর মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিনসহ ১৬ জন।

    রায়ের পর ২০১৯ সালের ২৯ অক্টোবর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্সসহ সংশ্লিষ্ট নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। পরে পেপারবুক প্রস্তুত ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মামলাটি শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হয়। প্রধান বিচারপতি পরবর্তীতে শুনানির জন্য বিশেষ বেঞ্চ নির্ধারণ করেন।

    ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচারিক আদালত কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলে সেই রায় কার্যকর হওয়ার আগে উচ্চ আদালতের অনুমোদন প্রয়োজন হয়।

    এ কারণে ডেথ রেফারেন্স শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিরা জেল আপিল ও ফৌজদারি আপিলও দায়ের করেছেন।
    এ মামলায় আসামিরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসার সাবেক সহ-সভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।

  • তালতলীতে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ

    তালতলীতে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ

    বরগুনার তালতলী উপজেলায় গ্রাম পুলিশদের কর্মদক্ষতা ও দায়িত্ব পালনে গতি আনতে ৭টি ইউনিয়নের ৬৯ জন গ্রাম পুলিশের মাঝে সরকারি উদ্যোগে পোশাক ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে পোশাক ও বাইসাইকেল তুলে দেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।

    এ সময় উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য অংশীজন।

    অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেওয়ার ফলে তাদের টহল কার্যক্রম ও দাপ্তরিক দায়িত্ব পালনে আরও গতিশীলতা আসবে। এতে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”

    তিনি গ্রাম পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

    অনুষ্ঠান শেষে গ্রাম পুলিশ সদস্যরা এ উদ্যোগের জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেদের দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

  • শ্রীবরদীর শিশু ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

    শ্রীবরদীর শিশু ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

    শেরপুরের শ্রীবরদী থানায় দায়ের হওয়া শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শামীম মিয়াকে (২১) চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর।
    র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
    এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ জুলাই) বিকেলে র‍্যাব-৭, সদর কম্পানি, পতেঙ্গার সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার দক্ষিণ পতেঙ্গা চরবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

  • ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন।

    ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন।

    যুক্তরাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্রিটিশ-বাংলাদেশী কাউন্সিলর(সাবেক) বিশ্বনাথের ইছমাইল হোসেন সিরাজী উদ্দিন লিডস ইউনিভার্সিটি থেকে ‘পলিটিক্স’ বিষয়ে সর্বোচ্চ সম্মানসহ ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেছেন। গত ২৪ জুলাই শুক্রবার বাবা – মায়ের উপস্থিতিতে বার্ষিক সমাবর্তনে ইউনিভার্সিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই ডিগ্রী অর্জন করেন।

    ইছমাইল উদ্দিন ২০০৪ সালে ১৪ জুলাই ব্রিটেনের ব্রাডফোর্ড সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বনাথের সাবেক ছাত্রনেতা ও বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের অধিবাসী যুক্তরাজ্যের ব্রাডফোর্ড সিটির বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ জমির উদ্দিন ও গৃহিণী আছমা খাতুনের জ্যৈষ্ঠ পুত্র। ৬ ভাই বোনের মধ্যে ইছমাইল উদ্দিন বাবা-মায়ের ৩য় সন্তান ।
    ছেলেবেলা থেকে প্রখর মেধার অধিকারী ইছমাইলের মধ্যে তার সহপাঠীরা ও স্কুলের শিক্ষকরা নেতৃত্বের গুণাবলী দেখতে পাওয়ায় তাকে হ্যানসন একাডেমীর ডেপুটি হেড বয় নির্বাচিত করা হয়। এরপর প্রতিভা ও নেতৃত্বের অসাধারণ গুণাবলীর কারণে তাকে ডিক্সনস সিক্সথ ফর্ম’-এর ১ম প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এছাড়া সে লিডস ইউনিভার্সিটির ছাত্রদের স়ংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ইছমাইল ছাত্র থাকা অবস্থায় ব্রাডফোর্ড সিটীসহ যুক্তরাজ্যে বিভিন্ন টাউনে ফিলিস্তিনসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে থাকেন। মানবতার পক্ষে একজন উদীয়মান তরুণ ইছমাইলের জ্বালাময়ী বক্তব্য ব্রাডফোর্ড সহ পার্শ্ববর্তী সিটির সকল শ্রেণীর মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হন। ইছমাইলের বয়স যখন মাত্র ১৯ অর্থাৎ ২০২৪ সালে তখন ব্রিটেনের মেইন ষ্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত বড় বড় দলগুলি তাকে সিটি অফ ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দিতে চায়। কিন্তু ইছমাইল কোন দলের পক্ষে নমিনেশন না নিয়ে ব্রাডফোর্ড ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থেকে বোলিং অ্যান্ড বার্কারেন্ড এলাকা থেকে বিপুল ভোটে ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হয়। মাত্র ১৯ বছর বয়সে সারা যুক্তরাজ্যে ১ম ব্রিটিশ-বাংলাদেশী ও সর্বকনিষ্ঠ কাউন্সিলর হয়ে ইতিহাস গড়ার গৌরব অর্জন করেন । তিনি ২০২৪-২০২৫ সাল পর্যন্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইছমাইলের নির্বাচনী এলাকার মানুষের আগ্রহ থাকা স্বত্ত্বেও ব্রিটিশ সরকারের সিভিলে সার্ভিসে পলিসি ডিপ্লোম্যাটিক পদের মত মর্যাদাপূর্ণ চাকুরীর সুযোগ পাওয়ায় আর নির্বাচনে প্রার্থী হননি।
    ইছমাইল উদ্দিনের মত তার ভাই বোনরাও বেশ মেধাবী। তার বড় বোন একজন ইমিগ্রেশন লয়ার, অপর দুই বোন মেডিক্যালের ছাত্রী।
    ইছমাইল উদ্দিন তার এই সাফল্যের জন্য বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। আর তার পিতা বিশ্বনাথের সাবেক ছাত্রনেতা ও বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের অধিবাসী যুক্তরাজ্যের ব্রাডফোর্ড সিটির বিশিষ্ট কমিউনিটি নেতা জমির উদ্দিন বলেন, মহান আল্লাহ তায়ালার প্রতি গভীর কৃতজ্ঞতা তিনি আমাকে নেক সন্তান দান করেছেন। ইছমাইল যেন ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করতে পারে এই জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।

  • সংসার নষ্ট হলে রাষ্ট্র নষ্ট হয়: কেরাণীগঞ্জে এমপি আমান

    সংসার নষ্ট হলে রাষ্ট্র নষ্ট হয়: কেরাণীগঞ্জে এমপি আমান

    কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে ‘শহীদ স্মৃতিসৌধ’ উন্মোচন অনুষ্ঠানে সমাজ থেকে মাদক নির্মূল এবং এলাকার সার্বিক উন্নয়নে জিরো টলারেন্স নীতি ও কঠোর অঙ্গীকার ব্যক্ত করেছেন, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
    আজ সোমবার (২৭ জুলাই, ২০২৬) সকালে বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আমান উল্লাহ আমান পরিবার ও সমাজ রক্ষায় মাদককে সম্পূর্ণ ‘না’ বলার আহ্বান জানান। তিনি বলেন, “রাষ্ট্রের ক্ষুদ্রতম অংশ হলো সংসার। এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সংসার নিয়েই একটি রাষ্ট্র গঠিত। কোনো পরিবারের সংসার যদি নষ্ট হয়ে যায়, তবে পুরো রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হয়। তাই রাষ্ট্রকে ভালো রাখতে হলে প্রতিটি সংসারকে ভালো ও মাদকমুক্ত রাখতে হবে।”
    মাদক সেবনকারী ও বিক্রেতা— উভয়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন। এমপি বলেন, মাদকাসক্ত ব্যক্তি কেবল নিজেকে নয়, পুরো পরিবার ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের সাথে জড়িত কারো পক্ষে কোনো ধরনের তদবির সহ্য করা হবে না। এমনকি এমপির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম বা অপরাধের চেষ্টা করলে, তাকেও কোনো ছাড় না দিয়ে সরাসরি আইনের আওতায় আনা হবে।
    বক্তব্যে এলাকার অবকাঠামোগত মানোন্নয়নের চিত্র তুলে ধরে তিনি জানান, বিগত সরকারের সময়ে আলিপুর ব্রিজের চুরি হয়ে যাওয়া লাইটসমূহ ও আলোর ব্যবস্থা পুনরায় সংস্কার করে সচল করা হয়েছে।
    এছাড়া উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বড় স্বস্তি ফেরাতে ২৯ কোটি টাকার একটি মেগা প্রকল্পের ঘোষণা দিয়ে তিনি জানান— উপজেলা থেকে কলাভোলা, খোলামোড়া, আঁটিরবাজার, কলাতিয়া, হযরতপুর ও তারানগর হয়ে হেমায়েতপুর পর্যন্ত দীর্ঘ সড়ক নির্মাণের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী এক মাসের মধ্যেই এই মেগা প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
    বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ খায়ের উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

  • একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি

    একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি

    বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে একই প্রকল্পের নামে মাত্র পাঁচ মাসের ব্যবধানে দুই দফায় মোট ১ কোটি টাকা সরকারি বরাদ্দ এনে অনিয়ম ও অর্থ হরিলুটের অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একটি প্রকল্পের কাজ সম্পন্ন না করেই একই প্রকল্প পুনরায় দেখিয়ে বরাদ্দ গ্রহণের অভিযোগে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

    অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-২ এর যুগ্মসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত (স্মারক নং-৪৬.০০.০০০০.০৪৫.২০.০০৩.২৫-৪২৩) প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির “উপজেলা উন্নয়ন সহায়তা” থোক বরাদ্দের ৭৭০ কোটি টাকা থেকে আদমদীঘি উপজেলার ছয়টি উন্নয়ন প্রকল্পের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
    প্রকল্পগুলোর মধ্যে ছিল—উপজেলা পরিষদ থেকে কৃষি অফিস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের রাস্তা মেরামত, উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও পুরাতন প্রশাসনিক ভবনের সংস্কার, যমুনা ও রূপসা আবাসিক ভবনের মেরামত ও সংস্কার।

    এরপর ২০২৬ সালের ১০ মে একই মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত (স্মারক নং-৪৬.০০.০০০০.০০০.০৪৫.২০.০৩৬৯.২৬-৭৩৬) আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় আবারও প্রায় একই ধরনের প্রকল্পের জন্য আরও ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

    দ্বিতীয় প্রজ্ঞাপনে উপজেলা প্রশাসনিক ভবন (পুরাতন) মেরামত, নতুন প্রশাসনিক ভবনের সংলগ্ন রাস্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের প্রবেশপথ, উপজেলা কৃষি অফিসের সামনের রাস্তা এবং যমুনা ও রূপসা আবাসিক ভবন মেরামতের জন্য পুনরায় বরাদ্দ দেওয়া হয়। ফলে মাত্র পাঁচ মাসের ব্যবধানে একই প্রকল্পের নামে মোট ১ কোটি টাকা বরাদ্দ দেওয়ার বিষয়টি এখন উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

    সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, উপজেলা পরিষদের অভ্যন্তরের দৃশ্যমান অধিকাংশ উন্নয়ন কাজ, নতুন প্রশাসনিক ভবনের সজ্জ্বিতকরণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজার দায়িত্বকালেই সম্পন্ন হয়েছে। অথচ একই অর্থবছরে একই ধরনের প্রকল্পের জন্য পুনরায় বরাদ্দ গ্রহণের বিষয়টি প্রশাসনিকভাবে প্রশ্নের জন্ম দিয়েছে।

    উভয় প্রজ্ঞাপন পর্যালোচনায় দেখা যায়, প্রশাসনিক ভবন, আবাসিক ভবন ও রাস্তা প্রায় একই অবকাঠামোগত কাজের জন্য দুইবার বরাদ্দের উল্লেখ রয়েছে। স্বাভাবিক নিয়মে একটি নির্দিষ্ট প্রকল্পের জন্য একবারই বরাদ্দ হওয়ার কথা। কিন্তু মাত্র পাঁচ মাসের ব্যবধানে একই প্রকল্পের নামে পুনরায় ৫০ লাখ টাকা বরাদ্দ হওয়ায় সরকারি অর্থের অপব্যবহার ও অনিয়মের অভিযোগ উঠেছে।

    সরেজমিনে আরও দেখা যায়, রূপসা আবাসিক ভবনের কোনো দৃশ্যমান সংস্কার কাজ হয়নি। ভবনের দেয়ালজুড়ে শেওলা, চারপাশে জরাজীর্ণ অবস্থা—দেখলে দীর্ঘদিনের পরিত্যক্ত ভবন বলেই মনে হয়। ভবনের মাত্র কয়েকটি ফ্ল্যাটে বসবাসের চিহ্ন রয়েছে।

    আরও নাজুক অবস্থায় রয়েছে যমুনা আবাসিক ভবন। ভবনের নিচতলার বারান্দায় বটগাছ ও বিভিন্ন আগাছা জন্মেছে। ছাদেও শেওলা ও পরজীবী গাছ দেখা গেছে। ভবনের পেছনের কাঠের জানালার পাল্লাগুলো খুলে পড়ে যাচ্ছে। চারটি ফ্ল্যাটের মধ্যে মাত্র একটি ফ্ল্যাটে একটি পরিবার বসবাস করছে বলে জানা গেছে। অথচ এই দুই ভবনের সংস্কারের জন্য দুইবার বরাদ্দ গ্রহণের অভিযোগ রয়েছে।
    এদিকে উপজেলা কৃষি অফিসের সামনের রাস্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে প্রবেশের রাস্তা এবং নতুন প্রশাসনিক ভবনের সংলগ্ন রাস্তা মেরামতের জন্যও দুই দফায় বরাদ্দ এলেও নতুন করে উল্লেখযোগ্য কোনো কাজের প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, এসব কাজ আগের নির্বাহী কর্মকর্তাদের সময়েই সম্পন্ন হয়েছিল।

    অন্যদিকে পুরাতন প্রশাসনিক ভবন সংস্কারের নামে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণ ভবনের ওপর টিনের ছাউনি দিয়ে কয়েকটি কক্ষ নির্মাণের কাজ চলছে। বর্তমানে শুধু উপজেলা পরিষদের দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা প্রাচীর পুনর্নির্মাণের কাজ চলমান থাকলেও বরাদ্দকৃত প্রকল্প তালিকায় সীমানা প্রাচীর নির্মাণের কোনো উল্লেখ নেই।

    সচেতন মহলের অভিযোগ, বরাদ্দের অর্থ যদি প্রকল্প বাস্তবায়নে ব্যয় না হয়ে থাকে কিংবা একই প্রকল্পের বিপরীতে দুইবার বিল উত্তোলন করা হয়ে থাকে, তাহলে তা গুরুতর আর্থিক অনিয়মের শামিল। তাদের দাবি, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন উপেক্ষিত থাকলেও একই প্রকল্পের নামে বারবার বরাদ্দ এনে অর্থ আত্মসাতের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

    তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, দ্বিতীয়বারের জন্য নতুন প্রকল্প দাখিল করা হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় ভুলক্রমে প্রথম প্রকল্পগুলোর জন্য পুনরায় বরাদ্দ দিয়েছে। উপজেলার উন্নয়নের স্বার্থে মাসিক সমন্বয় সভায় দুই প্রকল্পের বরাদ্দ সমন্বয়ের মাধ্যমে ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে রেজুলেশন ও কাজের তালিকা প্রস্তুত করা হয়েছে। এছাড়া সকল প্রকল্পের কাজ চলমান রয়েছে।##