Blog

  • টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান ও অপহরণপ্রবণ এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

    টেকনাফে নতুন পুলিশ ফাঁড়ির স্থান ও অপহরণপ্রবণ এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

    কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে প্রস্তাবিত নতুন পুলিশ ফাঁড়ির স্থান এবং অপহরণপ্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান।

    সোমবার (২৭ জুলাই) সকালে তিনি পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের সম্ভাব্যতা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

    এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাঈদ, উপজেলা প্রকৌশলী আলা উদ্দিন, প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমানসহ প্রশাসন, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

    স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

  • পরিচালনা পরিষদের অনিয়মে সংকটগ্রস্ত পূবালী ব্যাংক

    পরিচালনা পরিষদের অনিয়মে সংকটগ্রস্ত পূবালী ব্যাংক

    পরিচালনা পর্ষদে দীর্ঘদিনের ক্ষমতার দ্বন্দ্ব, আদালতের রায় ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বারবার অমান্য করা এবং বৈদেশিক মুদ্রা ও ঋণসংক্রান্ত অনিয়মের পুনরাবৃত্তি; সব মিলিয়ে দেশের সবচেয়ে পুরোনো বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান পূবালী ব্যাংকের সুশাসন গভীর প্রশ্নের মুখে পড়েছে।অনুসন্ধানে জানা যায়, ব্যাংকটিতে গুরুতর অনিয়ম বের হলেও তদন্ত বারবার স্থগিত হয়ে যাওয়া এবং যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বলে প্রমাণ হয়। পরিচালনা পর্ষদে দীর্ঘদিনের ক্ষমতার ভারসাম্যহীনতা ও দুর্বল তদারকি পূবালী ব্যাংককে ঠেলে দিয়েছে কাঠামোগত সংকটের দিকে।এই সংকটের কেন্দ্রে রয়েছে বৈদেশিক মুদ্রা লেনদেন এবং আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে ধারাবাহিক অনিয়ম। নিয়ন্ত্রক সংস্থাগুলো বারবার এসব সমস্যা চিহ্নিত করলেও শেষ পর্যন্ত সমাধান করা হয়নি।বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের (এফআইাসিএসডি) আংশিক অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, পূবালী ব্যাংকের কয়েকটি শাখা ডলার বিনিময়ের ক্ষেত্রে ঘোষিত বাজারদরের চেয়ে বেশি অর্থ আদায় করেছে। অতিরিক্ত অর্থ ব্যাংকের নিজস্ব হিসাবে না গিয়ে অন্য এক গ্রাহকের হিসাবে জমা হয়েছে ; যা ব্যাংকিং আইন ও বৈদেশিক মুদ্রা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এই অনুসন্ধান প্রতিবেদনটি পেয়েছে।২০২৫ সালের মাঝামাঝি সময়ে তৈরি করা অসম্পূর্ণ প্রতিবেদনে বলা হয়েছে, বরিশাল বাজার রোড শাখার গ্রাহক মোহাম্মদী ইলেকট্রিক ওয়্যার অ্যান্ড মাল্টি প্রোডাক্টস লিমিটেড ২০২৪ সালের জানুয়ারিতে প্রায় ২ লাখ ২৩ হাজার ডলারের একটি আমদানি এলসি খোলে। এলসির দায় নিষ্পত্তির সময় ব্যাংকটি বাজারদরের তুলনায় প্রতি ডলারে প্রায় ৬ দশমিক ৫ টাকা বেশি নেয়। ওই অতিরিক্ত অর্থ সবমিলিয়ে হয় প্রায় ১৪ দশমিক ৫ লাখ টাকা। যা একই দিনে মতিঝিল করপোরেট শাখার গ্রাহক রিফাত গার্মেন্টস লিমিটেডের হিসাবে জমা করা হয়।রিফাত গার্মেন্টস হা-মীম গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং এর সহযোগী প্রতিষ্ঠান দ্যাটস ইট ফ্যাশনস লিমিটেড পূবালী ব্যাংকের বড় শেয়ারহোল্ডার। দ্যাটস ইট ফ্যাশনসের প্রতিনিধি আবদুর রাজ্জাক মন্ডল ব্যাংকটির পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।তদন্তকারীরা দেখেছেন, এই অতিরিক্তি দরে ডলার লেনদেন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একই বছরে সিলেট শাখায় মেসার্স হাসান অ্যান্ড ব্রাদার্সের খোলা চারটি আমদানি এলসিতেও একই নমুনা পাওয়া গেছে, যেখানে ঘোষিত ডলারদরের বাইরে অতিরিক্ত ৮ দশমিক ৮০ লাখ টাকা আদায় করে রিফাত গার্মেন্টসের চলতি হিসাবে জমা করেছে পূবালী ব্যাংক।এফআইসিএসডি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একাধিক শাখা ও গ্রাহকের ক্ষেত্রে প্রতি ডলারে ৬ দশমিক ৫ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হয়েছে এবং প্রায় সব ক্ষেত্রেই উদ্বৃত্ত অর্থ রিফাত গার্মেন্টসের হিসাবে জমা হয়েছে।এই অর্থপ্রবাহের ব্যাখ্যা জানতে চাইলে পূবালী ব্যাংক কর্তৃপক্ষ অনুসন্ধান দলকে জানিয়েছে, এলসি খোলা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রিফাত গার্মেন্টসের ব্যবসায়িক লেনদেন রয়েছে। তবে বৈধ লেনদেন প্রমাণে ভ্যাট চালান বা অন্য নথি চাইলে ব্যাংক তা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একাধিক কর্মকর্তা বলেন, ঘোষিত দরের বাইরে অর্থ আদায় করে তা তৃতীয় পক্ষের হিসাবে স্থানান্তর করা অত্যন্ত উচ্চঝুঁকির মানি লন্ডারিং। কারণ এসব অর্থের কোনো বৈধ উৎস বা করসংক্রান্ত নথি শনাক্ত করা যায়নি। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা আলাদাভাবে একে বৈদেশিক মুদ্রা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন।তদন্তকারীরা জানান, প্রায় ৫০টি এলসিতে একই ধরনের অনিয়ম শনাক্ত হয়েছে। তবু মাত্র পাঁচটি এলসি বিশ্লেষণের পরই এফআইসিএসডি’র অনুসন্ধান থামিয়ে দেওয়া হয়।আংশিক অনুসন্ধানের ভিত্তিতে প্রস্তুত করা প্রতিবেদনটি ছয় মাসের বেশি সময় ধরে ঊর্ধ্বতন কর্মকর্তার দপ্তরে পড়ে রয়েছে। এতে চিহ্নিত আইন-লঙ্ঘনের অপরাধে কোনো দৃশ্যমান শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি।বৈদেশিক মুদ্রা লেনদেনে এ ধরনের অনিয়ম পূবালী ব্যাংকের জন্য নতুন নয়।বাংলাদেশ ব্যাংকের এর আগের এক পরিদর্শন প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত একটি শাখা সরকারি নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার কিনে প্রায় ২১১ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করেছে। একই সময়ে সরকারি প্রণোদনা তহবিল থেকে ৫ কোটি ২৮ লাখ টাকা অপচয়ের তথ্যও উঠে আসে।বাংলাদেশ ব্যাংকের পরিদর্শকরা সতর্ক করেছিলেন, একটি শাখায় এ ধরনের অনিয়ম পাওয়া গেলে অন্যান্য অনুমোদিত ডিলার (এডি) শাখা পরিদর্শনে আরও বড় পরিসরের সমস্যা ধরা পড়তে পারে। তবে ওই অনুসন্ধানও আর এগোয়নি।এদিকে পূবালী ব্যাংকের ঋণ বিতরণ নিয়েও উদ্বেগ বেড়েছে খাত সংশ্লিষ্টদের মাঝে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিএফআইইউ’র নথি অনুযায়ী, রিফাত গার্মেন্টস, ক্রিয়েটিভ ফ্যাশন, করিম গ্রুপ, বন্দর স্টিল, হক গ্রুপ, রানু এগ্রো, তামিম এগ্রোসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে পর্যাপ্ত জামানত ছাড়া বড় অঙ্কের ঋণ দেওয়া হয়েছে।কিছু ক্ষেত্রে ওই ঋণের অর্থ অন্য ব্যাংকের দায় পরিশোধে ব্যবহার করা হয়েছে, যা তহবিল স্থানান্তর ও ঝুঁকি ব্যবস্থাপনায় পূবালী ব্যাংকের গুরুতর ব্যর্থতার ইঙ্গিত দেয়।এই ঋণসংক্রান্ত অনিয়মের ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতেই দুদক ও বিএফআইইউ আলাদা তদন্ত শুরু করেছে। বড় শেয়ারহোল্ডারদের লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বাধীন একটি গোষ্ঠীর ক্ষমতা ও ব্যাংকের সম্পদ অপব্যবহারের বিষয়গুলো খতিয়ে দেখছে সংস্থা দুটি।দুদকের তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, কমিশন বর্তমানে পূবালী ব্যাংকের বিরুদ্ধে তিনটি আলাদা অভিযোগ অনুসন্ধান করছে। অভিযোগগুলো বৈদেশিক মুদ্রা লেনদেনে অনিয়ম, নিয়োগ প্রক্রিয়ায় বিধি লঙ্ঘন এবং ১৩টি প্রতিষ্ঠানে দেওয়া ঋণের অনিয়মের সঙ্গে সম্পর্কিত।তদন্তের অগ্রগতি জানাতে তিনি বলেন, ডলারের অতিরিক্ত দর নিয়ে একটি নির্দিষ্ট গ্রাহকের হিসাবে অর্থ জমা হওয়ার বিষয়টি অনুসন্ধানে এরই মধ্যে প্রমাণিত হয়েছে, আর বাকি অভিযোগগুলোর তদন্ত চলমান। তিনি আরও জানান, পূবালী ব্যাংক বিদ্যমান আইনের লঙ্ঘন করেছে কি না, এর সঙ্গে কে কে জড়িত, তা যাচাই করা হচ্ছে।‘তদন্তের অংশ হিসেবে আমরা ৭০টি নিয়োগসংক্রান্ত নথি সংগ্রহ করেছি, পাশাপাশি ঋণসংক্রান্ত নথিও নেওয়া হয়েছে। সংগৃহীত প্রমাণ বিশ্লেষণের কাজ চলছে।’এই তদন্তগুলোর পাশাপাশি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর পুনর্নিয়োগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক এক প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকের এমডি হতে ন্যূনতম ২০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা প্রয়োজন, যেখানে আলীর অভিজ্ঞতা ১৬ বছরের।তবে নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, এ বিধানটি পূর্বপ্রযোজ্য নয়।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন নীতিমালা চালুর আগে যাদের নিয়োগ হয়েছে, তাদের ক্ষেত্রে ২০ বছরের শর্ত স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে না।তিনি বলেন, ‘বর্তমানে যারা এমডি পদে আছেন কিন্তু ২০ বছর পূর্ণ হয়নি, তাদের পুনর্নিয়োগের ক্ষেত্রে বিষয়টি এক্সেপশনাল কেস হিসেবে বিবেচনা করা হবে।’ব্যাংকের সংকট ও অভিযোগগুলোর বিষয়ে মন্তব্য জানতে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলীর সঙ্গে ফোন ও মেসেজে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও এই প্রতিবেদন দাখিলের সময় পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।বোর্ডে দীর্ঘস্থায়ী ক্ষমতার দ্বন্দ্বপূবালী ব্যাংকের পর্ষদের ভেতরের দ্বন্দ্বটি আদালতের রায়, নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সকেন্দ্রিক একটি ক্ষমতার বলয়ে জড়িয়ে থাকা দীর্ঘস্থায়ী সমস্যার প্রতিফলন।২০০৮ সাল থেকে ব্যাংকটির চেয়ারম্যান পদ ও কার্যকর নিয়ন্ত্রণ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও এর সহযোগী প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কের প্রতিনিধিদের হাতেই কেন্দ্রীভূত রয়েছে। এই কেন্দ্রীভূত ক্ষমতা ব্যাংকটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করেছে এবং তদারকি দুর্বল করেছে।পূবালী ব্যাংকের নথি অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত পর্ষদের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ এমপি হাফিজ আহমেদ মজুমদার, যিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।সময়ের সঙ্গে চেয়ারম্যান বদলালেও নিয়ন্ত্রণের কেন্দ্র বদলায়নি।২০২০ সালে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধি মনজুরুর রহমান চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং এরপর থেকে ওই পদে বহাল রয়েছেন।মনজুরুর রহমান চেয়ারম্যান হওয়ার পর থেকে মজুমদার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।বড় শেয়ারহোল্ডারদের একটি অংশ দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রীভূত ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আসছে এবং তাদেরকে পর্ষদে প্রতিনিধিত্ব থেকে পদ্ধতিগতভাবে বাদ দেওয়ার অভিযোগ তুলেছে। ২০১৩–১৪ সালে ব্যাংকটিতে এক আইনি সংকট তৈরি হয়েছিল, যখন পূবালী ব্যাংকের নির্বাচন কমিশন ন্যূনতম শেয়ারধারণের শর্ত পূরণ না করায় মজুমদারসহ আট পরিচালককে অযোগ্য ঘোষণা করেছিল।২০১৪ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্ট ওই পদগুলো শূন্য ঘোষণা করেন এবং আপিলে সেই রায় বহাল থাকে, যদিও পর্ষদের কাঠামো বলতে গেলে অপরিবর্তিতই থাকে।এই অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালক পুনর্নির্বাচন নিয়ে বিতর্ক বাড়ে। দুদকের নথি অনুযায়ী, মামলা চলমান থাকা অবস্থায় এবং বহু প্রবাসী শেয়ারহোল্ডার অনুপস্থিত থাকার সময় এজিএম সভা আয়োজন করে প্রক্সি ভোটের মাধ্যমে নিয়ন্ত্রণ পাকাপোক্ত করে ওই মহল।বাংলাদেশ ব্যাংক ২০১৫ সালে ১০ জন পরিচালক অপসারণের নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। ২০১৬ সালে স্বল্প সময়ের জন্য চেয়ারম্যান বদলালেও ২০২০ সালে নিয়ন্ত্রণ আবার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধির হাতেই ফিরে যায়। তবে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্তও ওই একই সিন্ডিকেটের হাতে পর্ষদ কুক্ষিগত ছিল বলে অভিযোগ রয়েছে বিভিন্ন সংস্থায়।বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, একক ক্ষমতাকেন্দ্রের দীর্ঘস্থায়ী আধিপত্য করপোরেট প্রতিষ্ঠানে জবাবদিহি দুর্বল করে। আর পুনরাবৃত্ত অনিয়ম ও মাঝপথে থেমে যাওয়া তদারকির প্রেক্ষাপটে খাত সংশ্লিষ্টদের উদ্বেগ সময়ের সঙ্গে আরও তীব্র হয়ে উঠছে।

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে হংকং, চীন ও মালয়েশিয়ার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎঃ

    গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে হংকং, চীন ও মালয়েশিয়ার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎঃ

    গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহেরের সঙ্গে আজ হংকং, চীন ও মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ, হংকং, চীন ও মালয়েশিয়ার মধ্যে আবাসন, অবকাঠামো উন্নয়ন, নগর পরিকল্পনা এবং নির্মাণ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

    বৈঠকে মন্ত্রী বাংলাদেশের আবাসন ও গণপূর্ত খাতে চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নির্মাণ পদ্ধতি ও টেকসই অবকাঠামো উন্নয়নে হংকং, চীন ও মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান-বিনিময় জোরদার হলে বাংলাদেশের আবাসন ও অবকাঠামো খাতের উন্নয়ন আরও গতিশীল হবে।

    প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও আবাসন খাতে বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা ভবিষ্যতে যৌথ উদ্যোগে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

    বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করে।

  • সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক

    সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক

    সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিযনের লালপুর গুচ্ছগ্রামে ৮ মাসের এক শিশুর মরদেহ সেফটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনক অবস্থায় ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।

    আজ সোমবার দুপুরে খবর পেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেখ পিপিএম এর নেতৃত্বে এস আই মোহন দাসসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংকির ভেতর থেকে স্থানীয় লোকজনের সহায়তায় আট মাস বয়সী শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির নাম আমির হামজা(৮ মাস)। সে লালপুর গুচ্ছগ্রামের সাব্বির হোসেনের ছেলে। এই ঘটনায় পুলিশ হেফাজতে নেয়া লালপুর গুচ্ছগ্রামের মৃত নুর মিয়ার ছেলে মণির হোসেন(৩০),আব্দুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম(৩৭),মণির হোসেনের মা রাবেয়া বেগম(৫৫) ও জাহাঙ্গীর আলমের স্ত্রী আফিয়া বেগম(৩৫)।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশুটির মা সাবিকুন নাহার সকালে ঘুম থেকে শিশুটিকে তার পিতার কাছে ঘুমে রেখে শ্বশুরবাড়িতে যান।

    সকাল ৭টায় শিশুটির পিতা সাব্বির হোসেন ঘুম থেকে উঠে শিশু ছেলেটিকে বিছানায় না দেখে খোজাঁখুজি শুরু করেন। এক পর্যায়ে গুচ্ছগ্রামের প্রত্যক্ষদর্শী নাঈম মিয়া ট্যাংকির কাছে গিয়ে ঐ শিশুটির মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে সদর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেখ পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্যাংকির ভেতরে শিশুটির লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। পুলিশ হেফাজতে আনা সন্দেহভাজন চারজনের নিহত শিশুটির পিতা সাব্বিরের হোসেনের সাথে পূর্ববিরোধ থেকেই এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে।

    এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এই চারজনকে সন্দেহজনক অবস্থায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। এই ঘটনায় শিশুটির পিতা অবিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সিলেটের গোয়াইনঘাটে সাজাপ্রাপ্তসহ ৪টি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রফিক গ্রেফতার

    সিলেটের গোয়াইনঘাটে সাজাপ্রাপ্তসহ ৪টি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রফিক গ্রেফতার

    সিলেটের গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক ও একাধিক পরোয়ানাভুক্ত আসামি রফিককে গ্রেফতার করেছে পুলিশ।
    গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রায় সঙ্গীয় ফোর্স নিয়ে, রবিবার রাত আনুমানিক ২টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানার আওতাধীন বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামি রফিক গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মুসলিমনগর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
    পুলিশ জানায়, গ্রেফতারকৃত রফিকের বিরুদ্ধে ০২টি সিআর সাজা পরোয়ানা, ০১টি জিআর পরোয়ানা এবং ০১টি সিআর পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।

    গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে একাধিক মামলায় সাজা ও পরোয়ানা বহাল রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। অপরাধ দমনে গোয়াইনঘাট থানা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

  • গোপালগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

    গোপালগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

    সোমবার বেলা পৌনে ১২টায় কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    ভাটিয়াপাড়া ক্যাম্প-এর কোম্পানি কমান্ডার এস এম রেজাউল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানে মিরাজ মিয়ার ছেলে সজিব মিয়াকে (৩৬) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

    র‌্যাব আরও জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না : পানিসম্পদ মন্ত্রী

    জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না : পানিসম্পদ মন্ত্রী

    পার্লামেন্টের বাইরে জামায়াত ও এনসিপির সভা থেকে ম্যাচিউরড-দেশপ্রেম নিয়ে যেসব বিষয় উঠে আসা দরকার, তা আসছে না বলে মন্তব্য করেছেন পানিসম্পমদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

    তিনি বলেছেন, পার্লামেন্টে বক্তব্যটা দায়িত্বশীল আকারে দেওয়া দরকার। সেটা প্রত্যেক সংসদ সদস্যই গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন। দেশের প্রয়োজনে এবং জনসাধারণের প্রয়োজনের সেখানে আপনার বক্তব্যটা দিতে হবে। প্রথম অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ আকারে কিছু কথা বলেছি। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন। তারা দেশের বিভিন্ন এলাকায় সভা করেন। ম্যাচিউরড ও দেশপ্রেম নিয়ে যে কথাগুলো তুলে ধরা দরকার, তুলে আনা প্রয়োজন, খুব একটা আশাবাদী হতে পারছি না।

    রবিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা আইনজীবী ফোরামের ব্যানারে এ আয়োজন করা হয়। এ সময় ৭০ জন নতুন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

    পানিসম্পদমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী এবং এনসিপির রাজনীতি… এরা আমাদেরকে কী দিতে পারবে, কী দিচ্ছে, কী আমরা আশা করতে পারি? এতটুকু বুঝ-জ্ঞান নবীন এবং প্রবীণদের মাঝে বুঝতে বাকি নেই। রাজনীতির সঙ্গে দেশপ্রেম এবং দেশের সঙ্গে, সমাজের সঙ্গে এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আমাদের নিজের কিছু করণীয়, কিছু চিন্তা এবং এটা বাস্তবায়নযোগ্য করে দেওয়াই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এখান থেকে আমার সেবার কথা আসবে, সম্মানের কথা আসবে, শ্রদ্ধার কথা আসবে এবং দেশের প্রতি ভালোবাসার কথাও আসবে।

    তিনি বলেন, আমরা মনে করছি যুদ্ধ করতে করতে ব্যর্থ হচ্ছি, আর কত নিজেকে বিলিয়ে দেবো? কিন্তু একজন প্রকৃত দেশপ্রেমিক পরাজিত হতে পারেন না, পিছপা হতে পারেন না। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের ও নবীন আইনজীবী পিছপা হওয়ার সুযোগ নেই।

    জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিক।

    এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান প্রমুখ।

  • সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল

    সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হবে। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

    আজ সোমবার রংপুর বাস টার্মিনাল এলাকায় নির্মিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী আরও বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল। আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সে বিষয়ে তাদের দলের নেতারাই বিবেচনা করবেন।

    এসময় বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এরপর মন্ত্রী রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লী মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন। পরে তিনি রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরডিবি’র সুফলভোগীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করেন।

  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

    গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের থানারপাড়া গ্রামের বাসিন্দা মজিদ খলিফার ছেলে সজীব খলিফা (৩০)-কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটকের অভিযোগে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী (র‍্যাব ও ডিবি)।

    সোমবার (২৭ জুলাই) সকাল প্রায় ৭টায় পরিচালিত অভিযানে তার নিজ বসতবাড়ি থেকে প্রায় ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

    ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

    মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সচেতনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সহযোগিতা একান্ত প্রয়োজন।

  • ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

    ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

    ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় রোগী গুরুতর আহত হয়েছেন।

    সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর থেকে একজন রোগীকে নিয়ে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়। রায়পুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
    খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তাঁর স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

    আহত রোগীর ভাতিজা মতিন রহমান জানান, তাঁর চাচা ফজলুল হক ঝালকাঠি সদর উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা। তিনি নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য প্রতি মাসে ঢাকায় একটি হাসপাতালে যান। সোমবারও একই উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।