Blog

  • মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা: প্রেমিকা বিউটির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

    মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা: প্রেমিকা বিউটির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

    রাজধানীর মহাখালীতে রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মাসুম মিয়াকে গোপনাঙ্গ কেটে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার তার কথিত প্রেমিকা বিউটি আক্তারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    রবিবার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই তারেক হাসান গত ১৪ জুলাই বিউটি আক্তারের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। পরে আসামির উপস্থিতিতে শুনানির জন্য আদালত রবিবার দিন ধার্য করেন।

    রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির রিমান্ডের আবেদন করে। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত বিউটি আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রেল কর্মকর্তা মাসুম মিয়ার সঙ্গে বিউটি আক্তারের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বিষয়টি মাসুমের পরিবার জানত না।

    এজাহারে বলা হয়, গত ১০ জুলাই চিকিৎসার কথা বলে ঢাকায় এসে মহাখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন বিউটি। পরে তিনি মাসুমকে সেখানে দেখা করতে ডাকেন। পরদিন ১১ জুলাই বেলা ১১টার দিকে মাসুম ওই কক্ষে গেলে তাকে বিয়ের জন্য চাপ দেন বিউটি। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে মাসুমের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন তিনি।

    মাসুমের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

    ঘটনার পর নিহতের চাচা মো. শমসের আলী বনানী থানায় বিউটি আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

  • একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

    একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

    জয়পুরহাটে কর্মরত আরিফ হোসেন নামে এক অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে যৌতুক দাবি, একাধিক নারীর সঙ্গে এবং স্ত্রীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। রবিবার বেলা ১১ টার দিকে রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ওই কর্মকর্তার স্ত্রী শামিয়া খান এশা।

    লিখিত বক্তব্যে এশা জানান, ২০১৯ সালের ১৯ জুলাই ইসলামী শরিয়ত অনুযায়ী তার সঙ্গে মো. আরিফ হোসেনের বিয়ে হয়। বর্তমানে আরিফ হোসেন জয়পুরহাট জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (বিসিএস ৩৪তম ব্যাচ) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি অভিযোগ করেন, বিয়ের সময় তার পরিবার সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে প্রায় ২০ লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য উপহার দেয়। এছাড়া প্রায় ১৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, হীরার আংটি ও মূল্যবান ঘড়িও দেওয়া হয়।

    বিয়ের পর প্রথমদিকে সংসার স্বাভাবিক থাকলেও পরবর্তীতে স্বামীর আচরণে পরিবর্তন লক্ষ্য করেন।

    তার ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তিনি জানতে পারেন, তার স্বামী নিয়মিত মদ্যপান ও মাদক সেবনের পাশাপাশি বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি তার অনুপস্থিতিতে বাসায় বিভিন্ন নারীকে এনে সময় কাটানো এবং বন্ধুদের নিয়ে মদ্যপান ও নারীসঙ্গ উপভোগ করার ঘটনাও তিনি দেখেছেন। এসব বিষয়ে প্রতিবাদ করলে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।

    শামিয়া বলেন, পরে তার পুলিশ স্বামী কামরুন জাহান বিথী নামে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকে বাসায় এনে সম্পর্ক অব্যাহত রাখতেন। এ বিষয়ে তিনি রামপুরা থানায় অভিযোগ করার পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় । একইসঙ্গে তার স্বামী নিজের পেশাগত ক্ষমতার প্রভাব দেখিয়ে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করেন তিনি।

    সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একপর্যায়ে তার পরিবারের কাছে ৪০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। সংসার টিকিয়ে রাখার আশায় তার মা-বাবা গ্রামের জমি বিক্রি করে নগদ অর্থ ও ব্যাংক চেকের মাধ্যমে ওই টাকা দেন।

    সেই অর্থের একটি অংশ দিয়ে একটি গাড়ি কেনা হয় এবং পূর্বাচলে জমি কেনাসহ বিলাসবহুল জীবনযাপন শুরু করেন অভিযুক্ত কর্মকর্তা। এরপরও আরো ৫০ লাখ টাকা যৌতুক দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

    শামিয়া আরও অভিযোগ করেন, ২০২৬ সালের ৯ জানুয়ারি জয়পুরহাটের ভাড়া বাসায় যৌতুকের দাবিতে তাকে বেধড়ক মারধর করা হয়। ওই ঘটনায় তাদের সাড়ে পাঁচ বছর বয়সী কন্যাশিশুও নির্যাতনের শিকার হয়। একপর্যায়ে গভীর রাতে মা-মেয়েকে বাসা থেকে বের করে দেওয়া হয় । পরে প্রতিবেশীর বাসায় আশ্রয় নিয়ে স্থানীয় সদর হাসপাতালে চিকিৎসা নেন। এরপর পুলিশ প্রশাসনের সহায়তায় থানায় নিয়ে গিয়ে সাত দিন নিরাপত্তা দেওয়া হয় বলেও জানান তিনি। সংশ্লিষ্ট পুলিশ সুপার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেও তিনি সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু পরবর্তীতে বাবার বাড়িতে চলে আসার পর থেকে তার স্বামী তাদের কোনো ভরণ-পোষণ দিচ্ছেন না এবং সন্তানেরও খোঁজখবর নিচ্ছেন না।

    শামিয়া খান এশা দাবি করেন, গত ৩০ মে ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় স্বামীর এক বন্ধুর বাসায় গিয়ে তিনি স্বামীকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় প্রতিবাদ করলে তার মাথায় মোবাইল ফোন দিয়ে আঘাত করা হয়, এতে তিনি রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে ঘটনাটি গোপন রাখতে একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রাণনাশ ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

    তিনি জানান, এসব ঘটনার পর তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং জয়পুরহাটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। এছাড়া গত ৫ জুলাই যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। তার দাবি, নির্যাতনের ছবি, অডিও, ভিডিও, মেসেজ, বিভিন্ন ডিজিটাল তথ্য-উপাত্ত আদালতে পেনড্রাইভের মাধ্যমে জমা দেওয়া হয়েছে এবং আদালত অভিযুক্তকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

    শামিয়ার অভিযোগ, আদালতের সমনের বিষয়টি জানার পর অভিযুক্ত কর্মকর্তা নিজ কর্মস্থলের প্রভাব খাটিয়ে জয়পুরহাট সদর থানায় তার, তার মা-বাবা এবং পরিবারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং মামলার সাক্ষীদেরও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন কর্মরত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা থাকলেও তিনি একই জেলায় দায়িত্ব পালন করায় নিরপেক্ষ তদন্ত ও বিচার বাঁধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে অভিযুক্ত কর্মকর্তা জেলার প্রশাসনিক কাঠামোতে প্রভাব বিস্তার করায় সাক্ষীরা ভীত এবং অনেকে সাক্ষ্য দিতে রাজি হচ্ছেন না। এমনকি আমাকে এসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।

    এ কারণে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচার বিভাগের কাছে আবেদন জানিয়ে অভিযুক্ত কর্মকর্তাকে জয়পুরহাট জেলা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার আহ্বান জানান, যাতে তদন্ত নিরপেক্ষভাবে সম্পন্ন করা সম্ভব হয়।

    এসব অভিযোগের নিরেপক্ষ তদন্তের দাবি জানিয়েছে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী।

  • কোটিপতি বানানোর লোভ দেখান তরুণীর বাবাকে

    কোটিপতি বানানোর লোভ দেখান তরুণীর বাবাকে

    নারী কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসার পর বেরিয়ে আসছে জামায়াতের বহিষ্কৃৃত এমপির চাঞ্চল্যকর নানা তথ্য। গত ২২ জুলাই নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কৃৃত হন কেন্দ্রীয় জামাতের মজলিসে শুরা এ সদস্য। সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের (৭৫) বিরুদ্ধে মুখ খুলেছেন ওই এমপির ব্যক্তিগত গাড়িচালক ও ভুক্তভোগী তরুণীর মামা ওবায়দুর রহমান। তার বয়ান অনুযায়ী, মেয়েকে জাতীয় সংসদ ভবনে চাকরি, বাবা মাসুম বিল্লাহকে ঠিকাদারি লাইসেন্স পাইয়ে দিয়ে কোটিপতি বানানোর লোভ দেখিয়ে ওই তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এমপি। এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন, এমপির ড্রাইভার ওবায়দুর রহমান। এদিকে নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত থেকে বহিষ্কৃত এমপিকে সংসদ থেকে পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে তার নির্বাচনি এলাকা সাতক্ষীরার শ্যামনগর। পাঁচ দিন ধরে চলছে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহের ঘটনা।

    ভাগনিকে নিয়ে এমপির অবৈধ কারবার ও প্রলোভন : বাংলাদেশ প্রতিদিনের এ প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে আলাপকালে ওবায়দুর রহমান জানান, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল সম্পর্কের সূত্রে তরুণী মরিয়মের বাবার খালু (দাদার ভায়রা)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই রাজধানীর পল্লবীতে ওই তরুণীর ভাড়া বাড়িতে এমপির নিয়মিত যাতায়াত ছিল। এমপি হোস্টেলে ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার পরও তিনি ঢাকায় এলে সেখানেই থাকতেন। তিনি আরও বলেন, রাত ৩টার দিকে মোবাইলে কথোপকথনের সূত্র ধরে এমপি ও ভাগনির এ অনৈতিক সম্পর্কের কথা ধরে ফেলেন ওবায়দুল্লাহ। খোঁজ নিতে গিয়ে দেখেন এমপি গোপনে কথা বলার জন্য ভাগনি মরিয়মকে একটি গোপন মোবাইল কিনে দেওয়া হয়, যার সিমটি শ্যামনগরের প্রাইমারি স্কুলের শিক্ষক দেলোয়ারের নামে নিবন্ধিত ছিল। সিমটি এমপি নিজেই ওই দেলোয়ারের মাধ্যমে নিয়েছিলেন। প্রতিবাদ করলে বিষয়টি ধামাচাপা দিতে প্রথমে টাকার বিনিময়ে ভাগনি মরিয়মকে মুতআ বিয়ে (কন্ট্রাক্ট ম্যারেজ) কথা বলেছিল। এবং তাকে এক্স-নোহা গাড়ি কিনে দেওয়ার লোভ দেখান এমপি গাজী নজরুল। এ ছাড়া তাকে ‘এপিএস-২’ হিসেবেও পরিচয় দেওয়া হতো।

    নিঃস্ব পরিবার থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক : অনুসন্ধানে জানা গেছে, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহর একসময় ‘নুন আনতে পান্তা ফুরাতো’। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তিনি। ২০২১ সালের দিকে শ্যামনগরের ইসমাইলপুরে গিয়ে ইলেকট্রনিকসের ব্যবসা শুরু করেন। পরবর্তীতে খুলনায় ইট ভাঙার কাজও করেছেন। একপর্যায়ে তিনি ঢাকায় গিয়ে মিরপুর ১২ নম্বর ডি-ব্লকে ২৯ নম্বর লাইনে ভ্যানে করে শাকসবজি বিক্রি করতেন। পরবর্তীতে সবজির ব্যবসা ছেড়ে দিয়ে এমপি নজরুলের সহায়তায় লাখ লাখ টাকা নিয়ে সেখানেই একটি মুদির দোকান দেন ওই তরুণীর বাবা মাসুম বিল্লাহ। যার নাম ছিল মাসুম জেনারেল স্টোর। ?এমপি হওয়ার পর গাজী নজরুলের সহায়তায় একটি ঠিকাদারি লাইসেন্সও করিয়ে নেন তিনি। লাইসেন্সের নামকরণ করা হয় মাসুম এন্টারপ্রাইজ। এরপর মুদি দোকান মাসুম জেনারেল স্টোরের নাম পরিবর্তন করে নতুন নাম দেন ‘মাসুম এন্টারপ্রাইজ’। এরপর তরুণীর পরিবারকে আলিনগর রোজ গার্ডেনের দোতলায় দুই কক্ষের ফ্ল্যাট ভাড়া করে দেওয়া হয়, যেখানে এমপির অবাধ যাতায়াত ছিল।

    গাজী নজরুলের বিষয়ে সংসদের চিঠি পায়নি ইসি : নিজস্ব প্রতিবেদক জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন থেকে নির্বাচিত হন নজরুল ইসলাম।

    এর মধ্যে গত ২০ জুলাই রাতে এক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ২২ জুলাই তাকে বহিষ্কার করে জামায়াত। পরদিন দলটি নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেয়।

  • মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন এবং সমৃদ্ধির ভিত্তি। এ কারণে সরকার ক্রীড়াকে শুধু শরীরচর্চা, বিনোদন বা প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে নয়, পেশা হিসেবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে।

    রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    প্রধানমন্ত্রী বলেন, একটি সুস্থ, উদ্যমী ও মানবিক সমাজ বিনির্মাণে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সরকার ক্রীড়াকে মানবসম্পদ উন্নয়ন, জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করছে। এ লক্ষ্যে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তুলতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

    তিনি জানান, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর উদ্বোধন করা হয়। এরপর সারা দেশে আটটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ আয়োজনের প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

    প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার ক্ষেত্রে ক্রীড়া প্রতিভা অন্বেষণের এ আয়োজন একটি কার্যকর ও টেকসই ভিত্তি রচনা করবে। দেশের ক্রীড়া বিকাশে এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি শুভেচ্ছা জানান।

    তিনি আরো বলেন, আজকের শিশু-কিশোর তারুণ্যই আগামীর বাংলাদেশ। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ, শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং ইতিবাচক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়।

    প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ।

    এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ, পরিচর্যা ও বিকাশের একটি কার্যকর জাতীয় কাঠামো গড়ে উঠছে। তার বিশ্বাস, এ কর্মসূচি ভবিষ্যতের জাতীয় দল ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদ তৈরির একটি শক্তিশালী ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।
    তারেক রহমান বলেন, সরকারের অন্যতম অঙ্গীকার হলো দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা। সে লক্ষ্যেই প্রতিভাবান খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এমন একটি ক্রীড়া পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি, যেখানে প্রতিভা, পরিশ্রম ও যোগ্যতাই হবে সাফল্যের একমাত্র মানদণ্ড।

    প্রধানমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি’কে আরো সমৃদ্ধ ও প্রাণবন্ত করতে আগামী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ আসরে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত করা হবে। এতে ইভেন্টের সংখ্যা বেড়ে ১০ হবে। একই সঙ্গে অধিকসংখ্যক প্রতিভাবান খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২-১৪ বছর থেকে সম্প্রসারণ করে ১০-১৪ বছর নির্ধারণ করা হয়েছে।

    তিনি আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র এই খুদে খেলোয়াড়রাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে গৌরবের সঙ্গে বহন করবে এবং দেশের জন্য সাফল্য বয়ে আনবে। পাশাপাশি বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মর্যাদাকে আরো সুপ্রতিষ্ঠিত করবে।

    পোস্টের শেষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরে অংশগ্রহণকারী সব খুদে ক্রীড়াবিদ, প্রশিক্ষক, বিচারক, আয়োজক, স্বেচ্ছাসেবক এবং এ উদ্যোগ বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

  • শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

    শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

    রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা প্রধান আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

    সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। এসময় সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান।

    এদিন এ মামলায় ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হওয়ার কথা রয়েছে।

    উক্ত মামলায় বর্তমানে গ্রেপ্তার থাকা ৯ আসামি হলেন- সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

    প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।

  • পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন

    পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন

    নওগাঁর পোরশায় সড়কে অপরাধ দমন এবং মাদক প্রতিরোধে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পোরশা থানার আয়োজনে সরাইগাছি পুলিশ বক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    ​পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

    ​সভা শেষে প্রধান অতিথি মো. মোস্তাফিজুর রহমান পোরশা থানা কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে নির্মিত সরাইগাছি পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
    ​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেন,

    ​”পোরশা উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এবং সড়কে ডাকাতি প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

    ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ক্রাইম) জয়ব্রত পাল, সাপাহার সার্কেলের এএসপি শ্যামলী রানী বর্মন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী এবং কমিউনিটি পুলিশিং-এর সভাপতি আব্দুল গণিসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

    পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

    কুমিল্লার বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৬ জুলাই) বিকেলে বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে উক্ত সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

    পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ মাষ্টারের সঞ্চালনায়, এডহক কমিটি সদস্য সচিব ও মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ কাউসার রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটি সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য বিশিষ্ট সমাজসেবক নুরুল আমিন, বুড়িচং সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান, নবনির্বাচিত অভিভাবক সদস্য ইকবাল হোসেন,সাবেক অভিভাবক সদস্য সিরাজুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আলী আযম মাষ্টার, সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক বাচ্চু মিয়া, সমাজ সেবক তোফাজ্জল হোসেন পাখি, সমাজসেবক পারভেজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

    এ সময় বক্তারা বলেন, অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করব কীভাবে আমরা আমাদের বিদ্যালয়ের কার্যক্রম ও পড়াশোনার গতিশীলতা বৃদ্ধি করতে পারব। পড়াশুনার মাধ্যমে একটি জাতিকে এগিয়ে যেতে হয়। পড়াশোনা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না। এডহক কমিটি তার কার্যক্রম পরিচালিত করবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনা ও মান উন্নয়নে।

    নবনিযুক্ত সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার জন্য এবং শিক্ষার পরিবেশ সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে বদ্ধপরিকর এবং সুন্দরভাবে আমার কাজ পরিচালিত করব ইনশাআল্লাহ।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবগঠিত এডহক কমিটিকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    সভা শেষে বিদ্যালয়ের অগ্রগতি ও সুনাম বৃদ্ধিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স এর কার্যক্রম শুরু

    কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স এর কার্যক্রম শুরু

    ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গঠিত ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’ কক্সবাজার জেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ২৫ জুলাই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন আশিক ও কেন্দ্রীয় সদস্য মিনার হাসানের যৌথ স্বাক্ষরে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

    ​ঘোষিত কমিটিতে সিনিয়র সাংবাদিক আব্দুর রহমানকে সভাপতি এবং আরিয়ান ফারাবীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    ​সংগঠনের অন্যান্য শীর্ষ পদে যারা দায়িত্ব পেয়েছেন:
    ​সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মদ উর রহমান-মাসুদ, খালিদ বিন সাঈদ, শাহাব উদ্দিন, জিনিয়া শারমিন রিয়া, হালিম মোঃ জয়সহ ১২ জন।
    ​সহ-সভাপতি: তারেক হায়দার, মোহাম্মদ মাসঊদ সিদ্দিকী, মো. ইমরুল আজীমসহ ৮ জন।
    ​যুগ্ম সাধারণ সম্পাদক: হুরে জান্নাত নুসাইফা, আবদুল আজিজ, নজীবুল ইসলাম আরজুসহ ৯ জন।
    ​সাংগঠনিক সম্পাদক: তাজুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক ৭ জন।
    ​দপ্তর সম্পাদক: মোবারক বাবু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক: রমজান আলী রাজা।

    সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন জসিম উদ্দিন আবিরসহ ৪ জন।
    গবেষণা ও পরিকল্পনা সম্পাদক পদে মনোনীত হয়েছেন তৌহিদুল হাসান এবং সহ-গবেষণা ও পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব উদ-দৌলা ও হাসান ইবনুল সাব্বির।

    কার্যকরী সদস্যরা হলেন মুহি উদ্দীন খান, আবদুর রাহিম, মোঃ মাসুম পারভেজ ইয়াছিন, হেলাল উদ্দিন চৌধুরী, শাহিদুল ইসলাম অমিসহ ২২ জন।

    ​জুলাই বিপ্লবের স্পিরিট ও চেতনা ধরে রাখতে দেশব্যাপী চলমান সাংগঠনিক বিস্তারের অংশ হিসেবেই এ কমিটি গঠন করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • দোহারে শিক্ষার্থীদের মাঝে মেধা ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

    দোহারে শিক্ষার্থীদের মাঝে মেধা ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

    আজ ২৬ জুলাই, ২০২৬, রবিবার সকালে, দোহার উপজেলা অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    পদ্মা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ ইমারত হোসেন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুস শিহাব।
    অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষা কেবল বইয়ের পাতায় বা শ্রেণিকক্ষের চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ নয়। প্রকৃত শিক্ষা সেটাই, যা মানুষের মনকে প্রসারিত করে, রুচিশীল করে তোলে এবং নৈতিক মূল্যবোধের শিক্ষা দেয়। আর সংস্কৃতি হলো মনকে সুন্দর ও পরিশীলিত করার সেই জাদুকরী মাধ্যম।”
    গ্রিনলিফ প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের সহকারী শিক্ষক অনিক পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নায়েব আলী, স্কুলের পরিচালক মাওলানা আওলাদ হোসেন এবং প্রধান শিক্ষক রাজিন মাহমুদ, অধ্যক্ষ ইভা আক্তার মীম, প্রধান শিক্ষিকা লাবনী আক্তার শীলা। প্রভাষক নূরুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ আলমগীর হোসেন, শেখ ইউনুস, চিকিৎসক ড. বরকতুল্লাহ সহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ।
    আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

  • মধুপুর গলায় ফাঁ'”স দিয়ে এক গৃহবধুর আত্মহত্যার

    মধুপুর গলায় ফাঁ’”স দিয়ে এক গৃহবধুর আত্মহত্যার

    হাফিজুর রহমান
    প্রতিনিধি (মধুপুর )টাঙ্গাইল

    শনিবার (২৫শে জুলাই) আনুমানিক বিকাল ৩ ঘটিকার টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নে কুড়ালিয়া ব্রিজের পশ্চিম পাশে সজীব হোসেন এর দ্বিতীয় স্ত্রী অনিকা (১৭ )গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে)
    এ ব্যাপারে পারিবারিক সূত্রে জানা যায়, অনিকা ও তার স্বামীর পারিবারিক কলহের কারণে ও অনিকা তার বাপের বাড়ি চলে যায়,
    পরে অণিকার বাবা গত ২৪ শে জুলাই রোজ শুক্রবার অনিকাকে নিয়ে তার স্বামীর বাড়ি এসে পারিবারিক বিষয়টি মীমাংসা করেন।
    ঘটনার দিন অর্থাৎ ২৫শে জুলাই শনিবার সকাল ১১ ঘটিকার অনিকা কে তার স্বামীর বাড়িতে রেখে অনিকার বাবা বাড়িতে উদ্দেশ্যে চলে যায়,
    । অনিকার স্বামীর বাড়ির লোকজন এ ব্যাপারে জানান, বাড়ীর লোকজন যখন বাহিরে কাজে ব্যাস্ত সে সময় অনিকা ফাঁস দেয়ার ঘটনা ঘটায়। নিহত অনিকা ফুলবাড়িয়ার তালতলী গ্রামের আন্নাছ আলীর মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

    তদন্ত কারী এস আই কামরুল ইসলাম জানান, ঘটনার বাড়ি হতে লাশ উদ্ধার করে মধুপুর থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।