Blog

  • ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা পেল ৫০০ শতাধিক মানুষ, ছানি রোগী বাছাই

    ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা পেল ৫০০ শতাধিক মানুষ, ছানি রোগী বাছাই

    শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

    খুলনার ডুমুরিয়ায় গ্রামীণ জনপদের অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে উপজেলার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ‘দি ফলোস ফাউন্ডেশন’-এর আর্থিক সহায়তায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পে সাধারণ মানুষের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু সেবা, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
    ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে মাদরাসার সহকারী সুপারিনটেনডেন্ট ও বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী বলেন, “অর্থাভাবে অনেক সাধারণ মানুষ চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের সঠিক চিকিৎসা করাতে পারেন না। গ্রামীণ জনপদের এই মানুষদের অন্ধত্বের হাত থেকে রক্ষা করতে এবং তাদের চোখের আলো ফিরিয়ে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমাদের প্রত্যাশা, ভবিষ্যতেও সেবামূলক এই ধারা অব্যাহত থাকবে।”
    চিকিৎসা ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এম আমিনুর রহমান। গ্রামীণ পর্যায়ে এমন আয়োজন সম্পর্কে আমাদের প্রতিনিধিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ এম আমিনুর রহমান বলেন:
    “আমাদের মূল লক্ষ্যই হলো এলাকার অবহেলিত ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো। গ্রামের বহু প্রবীণ মানুষ চোখের ছানিসহ নানা সমস্যায় কষ্ট ভোগ করলেও আর্থিক অসচ্ছলতার কারণে সঠিক সময়ে চিকিৎসকের কাছে যেতে পারেন না। আজকের এই ক্যাম্পের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যাতে গ্রামের প্রতিটি অসহায় মানুষ বিনামূল্যে উন্নত চিকিৎসা পরামর্শ ও ওষুধ পেতে পারেন। যাদের চোখে ছানি শনাক্ত হয়েছে, তাদের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এবং জনকল্যাণমূলক কাজে আমরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগের পাশে সক্রিয়ভাবে থাকবো।
    ক্যাম্প পরিচালনা ও ব্যবস্থাপনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন এফ এম নাহিদ হাসান। এছাড়া চিকিৎসাসেবা প্রদান ও সার্বিক কার্যক্রমে অংশ নেন ডা. আল আমিন, প্রোগ্রাম ইনচার্জ মো. রেজা, আ. কাইউম বাদশা, সামরুল ইসলাম, নূরুল ইসলাম, এ এম রুহোল আমিন, জি এম হেলাল, হাবিবা খাতুন, মনিরা খাতুন ও সানোয়ার হোসেন।
    ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী, সমাজসেবক ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত থেকে রোগী পরিচালনায় সার্বিক সহায়তা করেন। চিকিৎসা সেবা পেয়ে এলাকার অসচ্ছল মানুষ আয়োজক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • ধনবাড়ীতে বিদ্যালয়ে যাওয়ার রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে শিক্ষার্থী-অভিভাবকরা

    ধনবাড়ীতে বিদ্যালয়ে যাওয়ার রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে শিক্ষার্থী-অভিভাবকরা

    মো: পলাশ ইসলাম
    ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

    চারপাশজুড়ে সবুজ গাছপালা আর মনোরম পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে দোতলা ভবন। এটি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাজিতপুর গ্রামের ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়। আধুনিক ভবন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকলেও বিদ্যালয়টিতে পৌঁছানোর কোনো নির্দিষ্ট রাস্তা নেই। ফলে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও প্রকট হয়ে ওঠে। রাস্তার অভাবে অনেক শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে ভর্তি হয়ে যাচ্ছে, কমছে শিক্ষার্থীর সংখ্যা। এ অবস্থায় দ্রুত একটি স্থায়ী রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

    জানা গেছে, বিদ্যালয়টি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৮৩ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয়ে কর্মরত রয়েছেন চারজন শিক্ষক।

    স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে যাতায়াতের জন্য কোনো সরকারি রাস্তা না থাকায় বছরের অধিকাংশ সময়ই চরম দুর্ভোগে পড়তে হয়। শুষ্ক মৌসুমে ক্ষেতের আইল কিংবা অন্যের বাড়ির ভেতর দিয়ে চলাচল করতে হয়। আর বর্ষা মৌসুমে মাঠে পানি জমে গেলে শিক্ষার্থীদের পানির মধ্য দিয়েই বিদ্যালয়ে যেতে হয়। এতে অনেক সময় পা পিছলে পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক ভিজে যায়।

    স্থানীয় বাসিন্দা রিপন বলেন, “বিদ্যালয়ে যাওয়ার জন্য অন্যের বাড়ির ভেতর দিয়ে চলাচল করতে গেলে নানা কথা শুনতে হয়। তাই অনেক সময় শিক্ষক-শিক্ষার্থীদের পানির মধ্য দিয়েই যেতে হয়। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়।”

    স্থানীয়দের ভাষ্য, বিদ্যালয়ের মাত্র ১৫ থেকে ২০ গজ দূরে একটি রাস্তা থাকলেও বিদ্যালয়ের সঙ্গে সেটির কোনো সংযোগ নেই। সামান্য একটি সংযোগ সড়ক নির্মাণ করা হলে দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান হবে।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুল হক বলেন, “যাতায়াতের রাস্তা না থাকায় অনেক অভিভাবক তাঁদের সন্তানকে অন্য বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিচ্ছেন। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী ঝরে পড়া রোধে দ্রুত একটি স্থায়ী রাস্তা নির্মাণ অত্যন্ত জরুরি।”

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী বলেন, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুষ্ক মৌসুমে প্রায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত থাকলেও বর্ষাকালে উপস্থিতির হার ৩০ থেকে ৪০ শতাংশে নেমে আসে। শুধু যাতায়াত সমস্যার কারণেই অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না।”

    পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুনা বলে, “রাস্তা না থাকায় স্কুলে আসতে খুব কষ্ট হয়। অন্যের বাড়ির ভেতর দিয়ে আসতে হয়। আমরা চাই উপজেলা প্রশাসন দ্রুত আমাদের স্কুলে যাওয়ার একটি ভালো রাস্তা করে দিক।”

    এ বিষয়ে ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, “প্রধান শিক্ষকের পক্ষ থেকে লিখিত আবেদন পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

    স্থানীয়দের প্রত্যাশা, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিদ্যালয়ের জন্য একটি স্থায়ী সংযোগ সড়ক নির্মাণে কার্যকর পদক্ষেপ নেবে।

  • মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান, এমপির উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন-সংক্রান্ত উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

    মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান, এমপির উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন-সংক্রান্ত উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

    সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন উন্নত প্রযুক্তিনির্ভর সাউন্ড সিস্টেম নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয়। এ সময় গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে।

    উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সর্বোচ্চ সামঞ্জস্য নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে উপস্থিত অতিথিরা তাঁদের মতামত প্রদান করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

  • ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

    ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

    নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ রেললাইন সংলগ্ন এলাকায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভৈরব–কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

    রোববার (২৭ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, সংঘর্ষের কারণে চট্টগ্রাম অভিমুখী বিজয় এক্সপ্রেস কুলিয়ারচর স্টেশনে প্রায় তিন ঘণ্টা ধরে আটকে রয়েছে। ট্রেনটি এমনিতেই প্রায় ১০ ঘণ্টার বেশি বিলম্বে চলছিল। ফলে যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।

    অন্যদিকে কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনটি প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট ধরে ভৈরব বাজার জংশন স্টেশনে অবস্থান করছে। নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ রাখায় উভয় ট্রেনের যাত্রীরা দীর্ঘ সময় স্টেশনেই অপেক্ষা করছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপ্রসাদ এলাকায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জেরে রেললাইন সংলগ্ন এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

    আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • ক্ষমতার বলয়ে প্রভাব বিস্তার, ঠিকাদারি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপের অভিযোগ;

    ক্ষমতার বলয়ে প্রভাব বিস্তার, ঠিকাদারি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপের অভিযোগ;

    পারিবারিক বিরোধে উঠে এলো নানা বিতর্ক ! পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর সম্পাদক ও প্রকাশক সহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলাসহ গুমরে হুমকি !

    গণপূর্তের প্রভাবশালী প্রকৌশলী বদরুল আলম খানের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডার সিন্ডিকেট ও সম্পদ গোপনের অভিযোগ: দুদকে অনুসন্ধানের দাবি !

    নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি প্রকল্পের দরপত্র নিয়ন্ত্রণ, ঠিকাদারি সিন্ডিকেট পরিচালনা, প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

    এসব অভিযোগের বিষয়ে ঠিকাদার ও অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধানের আবেদন করেছেন বলে জানা গেছে।
    অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে বদরুল আলম খান নিয়োগ, বদলি, পদোন্নতি এবং সরকারি উন্নয়ন প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে একটি নির্দিষ্ট ঠিকাদার গোষ্ঠীকে সুবিধা দিয়ে আসছেন। তাদের অভিযোগ, তার নেতৃত্বে গড়ে ওঠা একটি প্রভাবশালী সিন্ডিকেট রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি নির্মাণকাজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
    প্রধান প্রকৌশলীর পরিবর্তনের পর বেড়েছে প্রভাব—এমন অভিযোগ : অভিযোগে বলা হয়েছে, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্বে পরিবর্তনের পর বদরুল আলম খানের প্রশাসনিক প্রভাব আরও বৃদ্ধি পায়। জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশ কাটিয়ে মো. খালেকুজ্জামান চৌধুরীকে রুটিন দায়িত্ব দেওয়ার পর থেকে অধিদপ্তরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তে বদরুল আলম খানের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
    কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় তিনি তৎকালীন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ওবায়দুল মোকতাদির চৌধুরী এবং ভোলায় কর্মরত অবস্থায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে নিয়োগ, বদলি ও টেন্ডার কার্যক্রমে প্রভাব বিস্তার করতেন।
    অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক পরিবর্তনের পরও নতুন ক্ষমতাকেন্দ্রের সঙ্গে সম্পর্ক তৈরি করে তিনি নিজের প্রভাব ধরে রেখেছেন।
    ঠিকাদারি সিন্ডিকেটের অভিযোগ : ঠিকাদারদের অভিযোগ, ভোলা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার কয়েকজন ঠিকাদারকে ঘিরে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, কুমিল্লার একটি দরপত্রে ভুয়া সনদধারী ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে চাপ প্রয়োগ করা হয়েছিল।
    এছাড়া ‘আসিফ’ নামের এক ঠিকাদারকে পুলিশের বিভিন্ন থানা ভবন নির্মাণসহ একাধিক সরকারি প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার জন্য তদবিরের অভিযোগও রয়েছে।
    অভিযোগে আরও বলা হয়েছে, মিরপুর পাইকপাড়া আবাসিক প্রকল্পের আরবরিকালচার কাজ বিধিবহির্ভূতভাবে অন্য বিভাগের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। পুলিশের ১০৭ থানা নির্মাণ প্রকল্পের আওতায় ভাষানটেক থানার ভবন নির্মাণের কাজও পছন্দের ঠিকাদারকে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
    সম্পদের পাহাড়ের অভিযোগ, দুদকে অনুসন্ধানের আবেদন : দুদকে দেওয়া অভিযোগে বদরুল আলম খান, তার পরিবারের সদস্য এবং তাদের নিয়ন্ত্রণাধীন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা সম্পদের বিষয়ে অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।
    অভিযোগকারীদের দাবি, ঢাকায় একাধিক প্লট, ফ্ল্যাট, গ্রামের বাড়িতে বিলাসবহুল স্থাপনা, খামারবাড়ি, ব্যাংক হিসাব এবং বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
    এছাড়া ভাই-বোনদের নামে সম্পদ স্থানান্তর, ডেভেলপার ব্যবসায় সম্পৃক্ততা এবং আয়কর নথিতে প্রকৃত সম্পদের তথ্য গোপনের অভিযোগও তদন্তের দাবি করা হয়েছে।
    বদলি নিয়েও প্রশ্ন : অভিযোগে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি তাকে সাভার সার্কেল থেকে ঢাকা গণপূর্ত-১ সার্কেলে বদলি করা হয়। তবে ওই পদে অন্য কর্মকর্তার নাম সুপারিশ করা থাকলেও প্রভাব খাটিয়ে নিজের পছন্দের পদায়ন নিশ্চিত করেন বলে অভিযোগ রয়েছে।
    অভিযোগকারীদের দাবি, বদলির পরও তিনি অধিদপ্তরের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে চলেছেন।
    ব্যক্তিগত জীবন নিয়ে পারিবারিক অভিযোগ : বদরুল আলম খানের ব্যক্তিগত জীবন নিয়েও তার প্রথম স্ত্রী মিসেস জেসমিনের পক্ষ থেকে গুরুতর অভিযোগ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ২৫ বছরের সংসার জীবনে স্বামী তাকে অবহেলা করেছেন এবং পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন না। তাদের তিন কন্যা সন্তানের মধ্যে ছোট মেয়ে বাবার আচরণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি দাবি করেন।
    জেসমিনের অভিযোগ, বদরুল আলম খানের বিরুদ্ধে নারীঘটিত বিতর্ক নতুন নয়। তার দাবি, এটিএন বাংলার সংবাদ পাঠিকা রোখসানা আক্তার মিমের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক থাকার পর প্রায় সাত মাস আগে তাকে বিয়ে করেছেন বদরুল।
    তিনি আরও অভিযোগ করেন, প্রথম স্ত্রী থাকা অবস্থায় আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই দ্বিতীয় বিয়ে করা হয়েছে এবং তাকে তালাকের নোটিশ পাঠানো হয়েছে।
    জেসমিন দাবি করেন, বদরুল আলম খানের সম্পদের বড় অংশ ভাই-বোনদের নামে রয়েছে এবং এ বিষয়ে তার কাছে বিভিন্ন তথ্য ও নথি রয়েছে।
    তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
    রোখসানা মিমের বক্তব্য : অভিযোগের বিষয়ে এটিএন বাংলার সংবাদ পাঠিকা রোখসানা আক্তার মিম বলেন, তিনি ও বদরুল আলম খান সাত মাস ধরে স্বামী-স্ত্রী হিসেবে আছেন এবং তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন।
    তিনি দাবি করেন, বদরুল আলম খানের পরিবার-পরিজনের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং শিগগিরই তাদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে তিনি বদরুল আলম খানের সঙ্গে লিভ টুগেদারের অভিযোগ অস্বীকার করেন।
    এটিএন বাংলার বক্তব্য : এ বিষয়ে এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট রাসেল মাহমুদ বলেন, রোখসানা আক্তার মিম নামে একজন সংবাদ পাঠিকা এটিএন বাংলায় আছেন কি না, তা তিনি নিশ্চিতভাবে জানেন না। তিনি বলেন, ডে-নাইট শিফটে অনেক সংবাদ পাঠিকা কাজ করেন, সবার বিষয়ে ব্যক্তিগতভাবে জানা সম্ভব নয়।
    অভিযোগ প্রকাশের পর আইনি হুমকির অভিযোগ : বদরুল আলম খানকে ঘিরে বিভিন্ন অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর কয়েকটি গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, গণমাধ্যমের প্রতিবেদন বন্ধ করতে চাপ সৃষ্টি করা হচ্ছে।
    নিরপেক্ষ তদন্তের দাবি : অভিযোগকারীদের দাবি, বদরুল আলম খানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে সরকারি প্রকল্পের দরপত্র, প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার, সম্পদ অর্জন এবং সম্ভাব্য অনিয়মের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।
    তবে এসব অভিযোগের বিষয়ে মোহাম্মদ বদরুল আলম খানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য যুক্ত করা সম্ভব হয়নি।

  • দুর্নীতির অভিযোগ বিআইডব্লিউটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে

    দুর্নীতির অভিযোগ বিআইডব্লিউটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে

    বিআইডব্লিউটি এর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সাল। পড়ালেখা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। ছাত্রজীবনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ছিলেন। এই সুবাদে চাকরীজীবনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছে।। অনুসন্ধানে জানা গেছে, ২০১০ সালে চাকরীতে যোগদান করেন। এরপর উদ্ধার ইউনিট প্রত্যয়, নিভীক, দূরন্ত ও দূর্বার জাহাজের ইঞ্জিনিয়ার হিসাবে যোগদানের পর বিদেশ ভ্রমণ এবং উদ্ধার ইউনিট সরবরাহকারী প্রতিষ্ঠান কোরিয়ান কোম্পানির কাছ থেকে বিদেশে বসে কোটি কোটি টাকা লেনদেন করেছেন। উদ্ধার ইউনিটে যে সমস্ত মূল্যবান মালামাল/যন্ত্রপাতি কোরিয়ান কোম্পানিকে দেওয়ার কথা ছিল তা না দিয়ে উল্টো মোটা অংকের টাকার বিনিময়ে নিম্নমানের মালামাল ও অনেক কম আইটেমের মালামাল গ্রহণ করেন। এমনকি খানপুর স্টোরে সঠিক ভাবে মালামাল বুঝিয়ে দেওয়া হয়নি। স্টোরে ও মালামালের লিস্ট করতেও পারে নাই। এ যেন শুভকরের ফাঁকি। তিনি প্রকৌশলী হওয়ায়, এমএমই বিভাগ বরিশাল নৌ বহরে চাকরির করেন। নৌবহর বরিশালের আওতায় জলযানের রিপেয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে নৌ মেরামত কেন্দ্রের নারায়নগঞ্জের চেয়ারে বসেন তিনি। প্রতিটি জাহাজের রিপেয়ার নামে ওভার ইষ্টিমেট করে কোটি টাকার তছরুপ করা হয়। অনুসন্ধানে আরো জানা যায়, মামুন আল ফয়সাল তার আমলে জাহাজের নামে লাখ লাখ টাকার আর্থিক আনুমোদন নিলেও কাজের কাজ কিছুই করেন নি। বিভিন্ন জাহাজের ষ্টাফ মাষ্টার ও ড্রাইভারের কাছ থেকে জানা যায়, জাহাজের ভাল-ভাল মালামাল বাদ দিয়ে ওই মালামালের ইষ্টিমেট করে নিদিষ্ট লোক দ্বারা চায়না মালামাল ফিটিং করেন। যা বেশিদিন টিকসই হয়না। আবার সমস্যা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় আবারও স্টিমিট করে এভাবে জাহাজের নামে দুর্নীতি করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ ঠিকাদার দ্বারা বড়বড় কাজ দিয়ে ঠিকাদারের কাছ থেকে নগদ অর্থ বা চেকের মাধ্যমে টাকা গ্রহণ করেন বলে জানা গেছে। এবিষয়ে সুষ্ঠ তদন্ত দাবি করেছে সংশ্লিষ্ঠ কর্তা ব্যক্তিরা। তাদের দাবি সুষ্ঠু তদন্ত হলেই বেরিয়ে আসবে থলের বিড়াল। এবিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটি এর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সাল বলেন, আমি প্রজেন্টের পিডির অধীনে ছিলাম। পিডির নির্দেশে সব কেনাকাটা হয়েছে। আমি আমার কাজ টুকু করেছি।

  • ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই

    ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল: দেখার কেউ নেই

    শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

    খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে জমে উঠেছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অবাধ ব্যবসা। উপজেলার হাট-বাজারসহ গ্রামগঞ্জের ছোট-বড় হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানগুলোতে মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যবিধি। খোলা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরি করা হচ্ছে পচা-বাসি খাবার, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। মিষ্টিতে ক্ষতিকর রঙ ও রাসায়নিক মেশানো এবং পুরোনো পোড়া তেল বারবার ব্যবহারের অভিযোগও উঠেছে বিভিন্ন বেকারি ও হোটেল মালিকদের বিরুদ্ধে।
    উপজেলার ১৪টি ইউনিয়নের ডুমুরিয়া বাজার, চুকনগর, শাহপুর, রঘুনাথপুর,থুকড়া আমবিটা,খর্নিয়া, , ধামালিয়া ও আঠারো মাইল,কাঠাল তলা,চুকনগর শরাফপুর,বানিয়া খালিসহ প্রধান প্রধান বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশিরভাগ রেস্তোরাঁর রান্নাঘর ড্রেনের পাশে বা খোলা জায়গায় অবস্থিত। মাছি ও ধুলোবালির মধ্যে খোলা অবস্থায় রাখা হচ্ছে খাবার। কর্মচারীদের নেই পরিচ্ছন্ন পোশাক বা গ্লাভস। মিষ্টি তৈরিতে ব্যবহৃত ছানা ও শিরার পাত্রে দেখা গেছে মশা-মাছির উপদ্রব।
    খাবারের এসব নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ এবং ভেজাল রোধে তদারকির অভাবকে দায়ী করছেন স্থানীয় ভোক্তারা। তাদের মতে, নিয়মিত অভিযান ও তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছেন।
    এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. কাজল মল্লিক বলেন, “অস্বাস্থ্যকর খাবার ও ভেজাল রাসায়নিক সেবনের ফলে মানুষের পেটের পীড়া, লিভার ও কিডনির মারাত্মক ক্ষতির ঝুঁকি থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এর প্রভাব অত্যন্ত ক্ষতিকর। আমরা উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত পরামর্শ দিচ্ছি।“
    উপজেলা স্যানিটারি পরিদর্শক সুকেন্দ্র নাথ এ প্রসঙ্গে জানান, “আমরা নিয়মিত বাজার মনিটরিং করার চেষ্টা করি। ইতিমধ্যে একাধিক হোটেল ও মিষ্টির দোকানে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য সতর্কবার্তা ও নোটিশ দেওয়া হয়েছে। এর পরও যারা নিয়ম অমান্য করে নোংরা পরিবেশে খাবার তৈরি করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।“
    ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার বলেন, “জনস্বাস্থ্যের সুরক্ষায় খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। খুব শীঘ্রই জনস্বার্থে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে দোষী হোটেল ও ভেজাল প্রস্তুতকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।“
    স্থানীয় সচেতন মহলের দাবি, কেবল লোকদেখানো নোটিশ বা সাময়িক সতর্কবার্তায় সীমাবদ্ধ না থেকে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান জোরদার করা হোক, যাতে উপজেলার সাধারণ মানুষ বিষাক্ত ও অস্বাস্থ্যকর খাবারের হাত থেকে রক্ষা পায়।ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজালের মহোৎসব: দেখার কেউ নেই।

  • ভৈরবে বাসস্ট্যান্ডের নামকরণ নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ১০

    ভৈরবে বাসস্ট্যান্ডের নামকরণ নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ১০

    কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় বাসস্ট্যান্ডের নামকরণকে কেন্দ্র করে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
    সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মিরারচর পূর্বপাড়া গ্রামের আসাদ মিয়ার ছেলে মাসুদ মিয়া নিহত হন। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়।
    এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেননি।

  • উখিয়ায় বিজিবি-র‍্যাবের পৃথক অভিযানে সার পাচারকারী আটক, ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

    উখিয়ায় বিজিবি-র‍্যাবের পৃথক অভিযানে সার পাচারকারী আটক, ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

    জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে সার পাচারের সময় এক যুবককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। অন্যদিকে র‍্যাব-১৫ এর অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়েছে।
    বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী বটতলী এলাকায় অবস্থান নেয়। পরে রাত ১২টা ৫৫ মিনিটে পালংখালী বাজার থেকে একটি ইজিবাইকযোগে মিয়ানমারে সার পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাওয়ার সময় মো. শাহাজাহান (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল এলাকার মৃত মনজুর আলমের ছেলে।
    পরে ইজিবাইকটি তল্লাশি করে ৬ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড, একটি হাতঘড়ি এবং পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়। তবে দীর্ঘ তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
    এদিকে র‍্যাব-১৫ জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুলাই দুপুর ১টা ১০ মিনিটে র‍্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উখিয়া দক্ষিণ স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
    এ সময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক ও আরোহীরা পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া করে নুরুল হাকিম (২৮), মো. ইদ্রিস (৪৮) ও শামসুল আলম (২৪)-কে আটক করেন। তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫০টি এয়ারটাইট পলিপ্যাকেট থেকে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
    র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত সিএনজি অটোরিকশা ও অন্যান্য আলামতসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
    উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে সার, জ্বালানি তেল ও অন্যান্য বাংলাদেশি পণ্য পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

  • বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

    রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তি নাম-পরিচয় জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাসটি মহাখালী থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়ালে ধাক্কা মারে। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালেই ভর্তি করা হয়।

    প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমটি ভেঙে গেছে।

    ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক গণমাধ্যমকে জানান, আমরা প্রায় ৪০ মিনিট আগে খবর পেয়েছি। একজন মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে আহতের সংখ্যা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা কাজ করছেন।