Blog

  • চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার

    চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার

    এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

    চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
    পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলোর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্যবহৃত গুলি। তবে কী ধরনের গুলি, কোথা থেকে এসেছে এবং কীভাবে নালায় ফেলে রাখা হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।
    বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নালাটি থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো ব্যবহৃত হলেও এর উৎস এবং সেখানে পৌঁছানোর কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
    এদিকে, এর আগের দিন শুক্রবার রাতে একই থানার চালিতাতলী এলাকায় পৃথক অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার বাসার বাইরে থেকে একটি পরিত্যক্ত ৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবারের যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল উদ্ধার করে র‌্যাব-৭।
    উল্লেখ্য, সরোয়ার হোসেন বাবলা গত বছরের ৫ নভেম্বর নিজ বাড়ির অদূরে বিএনপি নেতা ও বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
    এদিকে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি বস্তা থেকে উদ্ধার করা গুলিগুলো বের করে নালার পাশে সাজিয়ে রাখা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

  • চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে অপহরণচক্রের মূলহোতা গ্রেপ্তার, অপহৃত কিশোরী উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে অপহরণচক্রের মূলহোতা গ্রেপ্তার, অপহৃত কিশোরী উদ্ধার

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানাধীন জামতলা বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণচক্রের মূলহোতা ও এজাহারভুক্ত ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। এ সময় তার হেফাজত থেকে অপহৃত এক কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনতে ধারাবাহিকভাবে কাজ করে আসছে র‍্যাব। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে ভোলাহাট উপজেলার মোশরীভূজা ইউনিয়নের জামতলা বাগানপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়।
    অভিযানে সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) থানার কানুগুল এলাকার মৃত কুটন মিয়ার ছেলে পারভেজ আহমদ (৩০)কে গ্রেপ্তার করা হয়। তিনি অপহরণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। অভিযানের সময় তার হেফাজত থেকে অপহৃত ১৫ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা সাজিদ আলীর সঙ্গে পূর্বপরিচিত ছিলেন পারভেজ আহমদ। প্রায় এক সপ্তাহ আগে একটি বিয়ের অনুষ্ঠানে পারভেজের চালিত নোহা গাড়িতে যাতায়াতের সময় তিনি কৌশলে পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে কিশোরীর সঙ্গে যোগাযোগ করে বিয়ের প্রলোভনসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতে থাকেন।
    অভিযোগে আরও বলা হয়, গত ১২ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে কিশোরী বাড়ির বাইরে বের হলে পারভেজ আহমদ ও তার ৩-৪ জন অজ্ঞাত সহযোগী জোরপূর্বক তাকে একটি নোহা গাড়িতে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে অপহরণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় ১৯ জুলাই ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করা হয়।
    র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

  • নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন

    নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন

    উপজেলার কচুবাড়িয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে ৬টি মেহগনি গাছ কর্তন করে জোর পূর্বক জমি জবর দখলের চেষ্টা করেন একই গ্রামের সুভাষ চন্দ্র দাস। উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    মামলার বাদী বিবেকানন্দ দাস জানান, ৯৬ নং কচুবাড়িয়া মৌজার এসএ ৫১৪, ৫৪৩ ও ৫৬১ নং খতিয়ানে পৈর্তৃক ওয়ারিশ সূত্রে এসএ দাগ নং ৭৩,৭৪,৭৫ ও ৭৮। হাল দাগ ২২১,২২৩ ও ২২৪ জমিতে প্রায় ১০০ বছরের অধিক সময় যাবত বাড়ি ও বাগানসহ ৩১ শতাংশ জমি ভোগ দখল ও আরএস রেকর্ড ৩৩১ ও ৩০৬ নিজ নামে খতিয়ানভূক্ত হয়। আরএস ২৬২ খতিয়ানে ২৩ শতাংশ জমি বাদীর আমানতকৃত।
    বিবাদী সুভাষ চন্দ্র দাস জমি পাওয়ার অজুহাতে প্রায় ১৮ বছর ধরে স্থানীয় অসৎ লোকজন দিয়ে নানা ভাবে হয়রানী ও অত্যাচার করে আসছে। তাদের হাত থেকে রক্ষা পেতে বিগত ২০০৯ সালে নড়াইলের বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন, যার মামলা নং ৯৪/০৯। ওই মামলার আলোকে ফৌজদারী কার্যবিধিতে বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিরোধীয় ভূমিতে স্থিতিশীল অবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। মামলাটি আদালতে চলমান রয়েছে। আদালতের ওই নির্দেশকে অমান্য করে সুভাষ চন্দ্র দাস শনিবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে ৬টি মেহগনি গাছ কর্তন করেন। মামলার বাদী বাধাঁ দিতে গেলে মারধর করতে আসেন। পরে স্থানীয় গনমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌছালে গাছ কাটা বন্ধন করে স্থাচ্চন ত্যাগ করেন।
    এব্যাপারে সুভাষ চন্দ্র দাস মামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা তিনি জানেন না। উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি।

  • না ফেরার দেশে চলে গেলেন টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সহ-সভাপতি মরিয়ম আক্তার আশা আর নেই

    না ফেরার দেশে চলে গেলেন টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সহ-সভাপতি মরিয়ম আক্তার আশা আর নেই

    মোঃ আশরাফুল হক বাবু
    টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

    টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সহ-সভাপতি এবং দেলদুয়ার উপজেলা মহিলাদলের সাবেক সভাপতি মরিয়ম আক্তার আশা ইন্তেকাল করেছেন।

    (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    রোববার (২৬ জুলাই ২০২৬) সকালে দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    মৃত্যুকালে তিনি রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

    দলীয় সূত্রে জানা যায়, মরহুমা মরিয়ম আক্তার আশা দীর্ঘদিন টাঙ্গাইল জেলা ও দেলদুয়ার উপজেলা মহিলাদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

    তিনি টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিমের ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    সংগৃহীত তথ্যমতে, টাঙ্গাইল থেকে ঢাকার নয়াপল্টনে অনুষ্ঠিত বিভিন্ন মহাসমাবেশ, হরতাল, অবরোধ, তারুণ্যের মহাসমাবেশ, ডামি নির্বাচন বর্জনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

    তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ড সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে নেতাকর্মীরা জানান।

    মরহুমার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    মহান আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

  • চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কৃষি মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব মোঃ হারুনুর রশীদ।

    আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ: চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষিকে আরও লাভজনক ও সময়োপযোগী করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

    ফসল উৎপাদন ও সংরক্ষণ: জেলার প্রধান ফসল আমসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ এবং সঠিক সংরক্ষণের আধুনিক উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    ভবিষ্যৎ কর্মপরিকল্পনা: কৃষকদের দোরগোড়ায় সহজে সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য সুনির্দিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়।

    সমন্বিত উদ্যোগ: কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়।

  • জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

    রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের স্মৃতিসৌধে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই শ্রদ্ধা জানান।

    অনুষ্ঠানে বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।শ্রদ্ধা নিবেদনকালে সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সালাম প্রদান করে। সে সময় বিউগলে বেজে ওঠে এক করুণসুর। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী ও পরিদর্শন বইয়ে নিজ স্বাক্ষর প্রদান করেন।

    সাভারের এই রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন পর্বে সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বেসামরিক প্রশাসনের প্রতিনিধিবর্গ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    নিরাপত্তা প্রসঙ্গে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যাতায়াতের সময় সাধারণ জনগণের দুর্ভোগ কমাতে ঢাকা-আরিচা মহাসড়কে স্বাভাবিক যান চলাচল অব্যাহত রাখা হয়। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল।

  • কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

    কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সম্পর্কের প্রলোভন দেখিয়ে জিম্মি ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে কথিত ‘হানিট্র্যাপ’ চক্রের দুই নারী ও এক পুলিশ সদস্যসহ মোট চারজনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

    শুক্রবার ২৪ জুলাই রাত ৯টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মদিনা ভবনের সপ্তম তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পুলিশের হ্যান্ডকাফ ও একটি পুলিশ কটি উদ্ধার করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটকরা হলেন পাপিয়া, তার স্বামী পুলিশ সদস্য সজীব ও সুমু আক্তার। তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় গড়ে তুলে নির্জন স্থানে ডেকে আনতেন। পরে জিম্মি করে গোপনে ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতেন বলে অভিযোগ।

    অভিযোগ অনুযায়ী, সায়মন নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্কের অভিনয় করে শুক্রবার রাতে তাকে মদিনা ভবনের সপ্তম তলার একটি কক্ষে ডেকে নেন পাপিয়া। যুবক কক্ষে প্রবেশের পর দরজা বন্ধ করে তাকে মারধর করা হয়। একপর্যায়ে প্রাণ বাঁচাতে সায়মন বারান্দায় গিয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় সজীব ঘটনা ভিন্ন খাতে নিতে ৯৯৯-এ ফোন করে ওই যুবকের বিরুদ্ধে তার স্ত্রীকে হেনস্থার অভিযোগ তোলেন।

    খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করে। তাদের মোবাইল ফোন থেকে আপত্তিকর তথ্য ও ব্ল্যাকমেইলিংয়ের আলামত উদ্ধার করা হয়েছে।সংবাদ বিশ্লেষণ সেবা

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুল ইসলাম জানান,আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে।

  • নবীনগরে মহেশ রোড গোবিন্দপুর এলাকায় ঝুঁকিপূর্ণ বিশাল গর্ত, বড় দুর্ঘটনার শঙ্কা!

    নবীনগরে মহেশ রোড গোবিন্দপুর এলাকায় ঝুঁকিপূর্ণ বিশাল গর্ত, বড় দুর্ঘটনার শঙ্কা!

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহেশ রোডের টিয়ারা গ্রামের গোবিন্দপুর নামক স্থানে সড়কে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী।

    স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটির ওই অংশে বড় ধরনের গর্ত বা ফাটলের সৃষ্টি হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার তৈরি হয়েছে।

    প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, হালকা ও ভারী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

    বিশেষ করে রাতের বেলা বা দূরপাল্লার যানবাহন চলাচলের সময় গর্তটি ঠিকমতো দেখতে না পেয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

    স্থানীয় সচেতন মহল ও পথচারীরা দ্রুত এই বিপজ্জনক গর্তটি মেরামত করে যান চলাচল নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সদয় দৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন

    নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন

    -বিশ্বজিৎ চক্রবর্তী
    টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

    টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সবস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক ভাষা কর্মশালা এবং মুক্ত পাঠাগার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে ছায়ানীড়ের পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভূঞাপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ চাঁদ মিয়া।

    অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভূঞাপুরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মো. খায়রুজ্জামান ভূঞা, শিক্ষানুরাগী সমাজসেবক, দানবীর এবং জয়িতা লুৎফা আক্তার মিতা।

    ভাষা কর্মশালায় মূল আলোচক ছিলেন বাংলা ভাষার ফেরিওআলা ও ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।
    বাংলা ভাষার শুদ্ধ বানান, শুদ্ধ উচ্চারণ এবং ভাষা-চর্চার গুরুত্ব তুলে ধরে মূল আলোচক অধ্যাপক মো: লুৎফর রহমান বলেন, “মাতৃভাষার সঠিক চর্চা একটি জাতির সাংস্কৃতিক পরিচয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম ভিত্তি। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই শুদ্ধ বাংলা ব্যবহারে অভ্যস্ত হতে হবে।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম। তিনি শিক্ষার্থীদের বইপড়া ও ভাষা-চর্চায় উদ্বুদ্ধ করতে ছায়ানীড়ের এ উদ্যোগের প্রশংসা করেন এবং বিদ্যালয়ে মুক্ত পাঠাগার প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাহিত্য-সংস্কৃতিপ্রেমী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণ, বানানরীতি ও ভাষার ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে। একই সঙ্গে বিদ্যালয়ে প্রতিষ্ঠিত মুক্ত পাঠাগার উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত বইপাঠে আগ্রহী করে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

    অতিথিবৃন্দ বলেন, বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং বইপড়া আন্দোলনকে বেগবান করতে ছায়ানীড় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার প্রতিষ্ঠার কার্যক্রম পরিচালনা করে আসছে।এটা নি:সন্দেহে প্রশংসার দাবীদার। তাদের এমন মহৎ কার্যক্রম অব্যাহত থাকুক।

  • কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; বুড়িচংয়ে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড

    কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; বুড়িচংয়ে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড

    কুমিল্লার বুড়িচং উপজেলার একটি কোল্ড স্টোরেজে বসে ইয়াবা সেবনের সময় পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

    শনিবার রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার আল হেলাল কোল্ড স্টোরেজে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

    জানা যায়, কোল্ড স্টোরেজের ভেতরে কয়েকজন যুবক ইয়াবা সেবন ও বিক্রয় করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরজিৎ বড়ুয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং ৫১ পিস ইয়াবাসহ পাঁচ যুবককে আটক করা হয়।

    দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ময়নামতি ইউনিয়নের শরিফপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. রাকিব (২৮), সমেশপুর এলাকার শহীদ মিয়ার ছেলে মো. শাহিন (২৯), জালালপুর এলাকার মফিজুল ইসলামের ছেলে সৈকত আহমদ ইমন (২৫), শরিফপুর গ্রামের জসীম উদ্দীনের ছেলে মেহেদী হাসান শান্ত (২৭) এবং জালালপুর এলাকার মো. মানিকের ছেলে মো. সোহেল রানা (২৮)।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা সেবনের আলামত ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

    পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তদের রোববার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।