Blog

  • ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার।

    ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার।

    গাজী কুদ্দুছুর রহমান সোহাগ
    কুমিল্লা প্রতিনিধি

    কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ১৯টি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সবুজ মিয়াকে (২৮) গ্রেফতার করেছে।শনিবার (২৫ জুলাই) উপজেলার নাইঘর এলাকা থেকে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি বিশেষ দল তাঁকে গ্রেফতার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাইঘর (আটকিল্লা পাড়া) গ্রামের মোঃ রহমত আলীর ছেলে সবুজ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানাসহ বিভিন্ন থানায় মাদকের ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম নাইঘর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

    পরবর্তীতে গ্রেফতারকৃত সবুজকে তিনটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।এলাকাবাসী জানান, গ্রেফতারকৃত সবুজ এলাকায় মাদক কারবারের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিলেন। তাঁর গ্রেফতারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন বলেন, “সবুজ এলাকার চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকের ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

  • নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

    নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কৃষক বেশে ফসলি মাঠে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৫ জুলাই) বিকেল ৬টা ৩৫ মিনিটে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন সুশিল (পিতা: মৃত শুকান্ত), গ্রামের বাড়ি রাজবাড়ী হাট টাওয়ারপাড়া, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
    পুলিশ জানায়, নাচোল থানার এসআই (এএসআই) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৃষক বেশে আত্মগোপনে থাকা ওই আসামিকে আটক করেন। তিনি সেশন মামলা নং-৭৩/১৮ ও জিআর মামলা নং-৫৫/১৭ (নাচোল)-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ২০ ও ২২(গ) ধারার মামলায় আদালত কর্তৃক ২ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নাচোল থানা পুলিশ জানিয়েছে।

  • ঈদগাঁওতে চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

    ঈদগাঁওতে চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। ২৫ জুলাই দিন ব্যাপী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঈদগাঁও ইউনিয়নের এক, দুই ও তিন নম্বর ওয়ার্ড ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, এদিন ভূমিহীন /বর্গা চাষী ও বড় কৃষক মিলে প্রায় দেড়শ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। ২৬ ও ২৮ জুলাই আংশিকভাবে এ কার্যক্রম আবারো অনুষ্ঠিত হবে ১ নম্বর ওয়ার্ডে।
    বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে বলে জানান উপ-সহকারী এ কৃষি কর্মকর্তা।
    এ কৃষি কর্মকর্তা আরো জানান, ঈদগাঁও ইউনিয়নে সাড়ে ১৪ শত কৃষকের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে।

    তথ্য সংগ্রহ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (SAAO) আব্দুল্লাহ আল নোমান, আবেদা নাসরিন তন্নী, বিপন বড়ুয়া, শাহেদ কায়ছার এবং আনোয়ারুল আজিম।

    এদিকে আগামী ৪ আগস্ট তথ্য সংগ্রহের এ কার্যক্রম শেষ হবে বলে জানান ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপন বড়ুয়া। তিনি এ পর্যন্ত প্রায় ৭ শতাধিক কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

    কৃষি কার্ডের মাধ্যমে প্রাপ্ত সুবিধাসমূহ:

    কৃষি কার্ডধারীরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও প্রণোদনা পেয়ে থাকবেন। উল্লেখযোগ্য হলো: সার, বীজ ও কৃষিজ যন্ত্রপাতি প্রাপ্তি, কৃষি ঋণ সুবিধা ও কৃষি বীমা সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও নার্সারি বা সেচ সুবিধা, কৃষিপণ্য বিক্রয় সুবিধা ও রোগ-বালাই দমনে পরামর্শ প্রাপ্তি, কৃষি উপকরণ ও অন্যান্য সরকারি সহায়তা, কৃষি ক্ষেত্রে সরকারি ভর্তুকি এবং ন্যায্য মূল্যে সার প্রাপ্তি। সর্বোপরি এ কার্ড কৃষকদের জন্য সরকারি স্বীকৃতি হিসেবে গণ্য হবে বলে জানান কৃষি কর্মকর্তারা।

  • সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা: কেরানীগঞ্জে কেন্দ্র পরিদর্শন

    সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা: কেরানীগঞ্জে কেন্দ্র পরিদর্শন

    চলমান এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেরানীগঞ্জের আমবাগিচাস্থ কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী।
    আজ শনিবার (২৫ জুলাই, ২০২৬) সকালের পরীক্ষা চলাকালীন তিনি আকস্মিকভাবে কেন্দ্রটিতে উপস্থিত হন এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তিনি বিভিন্ন পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষার্থীদের উপস্থিতি, আসন বিন্যাস এবং কেন্দ্রের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ তদারকি করেন।
    পরিদর্শনকালে কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরীক্ষার সার্বিক পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তিনি। কেন্দ্র কর্তৃপক্ষও সংসদ সদস্যকে পরীক্ষা গ্রহণসংক্রান্ত সর্বশেষ আপডেট ও সার্বিক নিরাপত্তার বিষয়টি অবহিত করেন।
    উল্লেখ্য, কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে রাখা এবং পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশকালে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের সতর্কতার সঙ্গে কাজ করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এমপি নিপুন রায় চৌধুরী।
    পরিদর্শনকালে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কেন্দ্র সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • গোপালপুরে জাসাস নেতার ওপর হামলা। হামলাকারীদের দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

    গোপালপুরে জাসাস নেতার ওপর হামলা। হামলাকারীদের দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

    -বিশ্বজিৎ চক্রবর্তী
    টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

    টাঙ্গাইলের গোপালপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর এক নেতার ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
    আহত সাজ্জাদ ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি উপজেলা জাসাসের সদস্য, কাহেতা ওয়ার্ড জাসাসের সাধারণ সম্পাদক এবং সাবেক ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
    শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চর মোহাইল এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের এক্স-রে প্রতিবেদনে তার ডান হাতের দুটি স্থানে ভাঙন ধরা পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
    এজাহার সূত্রে জানা যায়, পাওনা টাকা চাইতে গেলে পূর্বশত্রুতার জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে সাজ্জাদের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলাকারীরা তার কাছে থাকা কিছু মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। এজাহারে ৬ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
    উপজেলা জাসাসের আহ্বায়ক শাহানুর আহাম্মেদ সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • বিলডাকাতিয়ায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনে হামকুড়া নদী খনন ও টিআরএম চালুর দাবিতে ডুমুরিয়ায় মানববন্ধন

    বিলডাকাতিয়ায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনে হামকুড়া নদী খনন ও টিআরএম চালুর দাবিতে ডুমুরিয়ায় মানববন্ধন

    শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

    বিলডাকাতিয়া ও সংলগ্ন অঞ্চলের দীর্ঘদিনের ভয়াবহ জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে হামকুড়া-ভদ্রা নদী পুনঃখনে এবং বিল শিংগা, মধুগ্রাম ও মাধবকাটি বিলে জোয়ার-ভাটা (TRM) প্রকল্প বাস্তবায়নের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকাল ৫টায় ডুমুরিয়া উপজেলা পানি কমিটির আয়োজনে উপজেলার ঐতিহাসিক হামকুড়া ব্রিজের ওপর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    ডুমুরিয়া উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ সেলিম আক্তার স্বপন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক জিএম আমানুল্লাহ।
    কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান জোয়াদ্দার, উত্তরণ প্রতিনিধি ও তালা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, মোস্তাফিজুর রহমান, হামকুড়া বিল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন চৌধুরী, শিংগা বিল কমিটির সভাপতি শেখ শাহিনুর রহমান, এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক ও আব্দুর রব আকুন্জিসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ।
    পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সার্বিক সঞ্চালনা করেন ডুমুরিয়া উপজেলা পানি কমিটির সদস্য শেখ মোশাররফ হোসেন।
    মানববন্ধনে বক্তারা বলেন, বিলডাকাতিয়া ও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার একর ফসলি জমি ও বসতবাড়ি বছরের পর বছর পানির নিচে তলিয়ে থাকছে। পলি জমে হামকুড়া ও ভদ্রা নদী আজ প্রায় মৃত। ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ রুদ্ধ হয়ে লাখ লাখ মানুষ পানিবন্দী ও মানববেতর জীবনযাপন করছে।
    “অবিলম্বে হামকুড়া-ভদ্রা নদী বৈজ্ঞানিক উপায়ে খনন করতে হবে এবং বিল শিংগা, মধুগ্রাম ও মাধবকাটি বিলে টিআরএম (Tidal River Management) চালু করতে হবে। প্রকৃতির নিয়ম মেনে টিআরএম চালু না করলে এ অঞ্চলের জলাবদ্ধতা কখনোই স্থায়ীভাবে দূর হবে না।”
    মানববন্ধন শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও ভুক্তভোগীদের সাথে কথা বললে এলাকার সার্বিক করুণ চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উঠে আসে।
    শেখ সেলিম আক্তার স্বপন (সাধারণ সম্পাদক, ডুমুরিয়া উপজেলা পানি কমিটি) বলেন
    “আমরা বহুকাল ধরে আন্দোলন করে আসছি। হামকুড়া নদী মৃতপ্রায় হওয়ায় পলি জমে চ্যানেল বন্ধ হয়ে গেছে। অবিলম্বে এই নদী খনন করে বিল শিংগা ও সংলগ্ন বিলে টিআরএম চালু করতে হবে। তা না হলে আগামী বর্ষায় গোটা ডুমুরিয়া পানির নিচে চলে যাবে। আমরা পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের (BWDB) আশু হস্তক্ষেপ কামনা করছি।”
    অধ্যাপক জিএম আমানুল্লাহ (সাবেক চেয়ারম্যান ও প্রধান অতিথি) বলেন
    “জনগণের ভোগান্তি আজ চরম পর্যায়ে পৌঁছেছে। শুধু নামকাওয়াস্তে নদী খনন করলে কোনো লাভ হবে না; পলি ব্যবস্থাপনার জন্য টিআরএম বাস্তবায়নের কোনো বিকল্প নেই। টিআরএম চালুর মাধ্যমে বিলে পলি ভরাট হবে এবং নদী তার স্বাভাবিক নাব্য ফিরে পাবে। ডুমুরিয়াবাসীর পিঠ আজ দেওয়ালে ঠেকে গেছে, আমাদের দাবি দ্রুত পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।”
    শাহজাহান জোয়াদ্দার (সমাজসেবক ও ইটভাটা মালিক সমিতি সভাপতি) বলেন
    “জলাবদ্ধতার কারণে এ অঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য ও ইটভাটা শিল্পসহ সব অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। মানুষের জীবিকা আজ হুমকির মুখে। আঞ্চলিক অর্থনীতি বাঁচাতে এবং কর্মসংস্থান টিকিয়ে রাখতে হামকুড়া-ভদ্রা নদী খনন প্রকল্প দ্রুত পাস ও বাস্তবায়ন করা অপরিহার্য।”
    মীর জিল্লুর রহমান (উত্তরণ প্রতিনিধি ও তালা পানি কমিটির সাধারণ সম্পাদক) বলেন
    “দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে জনবান্ধব টিআরএম পদ্ধতিই একমাত্র বৈজ্ঞানিক সমাধান। টেকসই পানি ব্যবস্থাপনার জন্য হামকুড়া নদী খনন করে পাশের বিলগুলোতে জোয়ার-ভাটা চালুর উদ্যোগ অবিলম্বে গ্রহণ করা উচিত।”
    দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
    মানববন্ধনে সংহতি জানিয়ে ডুমুরিয়ার শত শত ভুক্তভোগী সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা স্পষ্ট জানান, বিলডাকাতিয়ার বুক থেকে স্থায়ীভাবে জলজট দূর করতে সরকারিভাবে দ্রুত বাজেট বরাদ্দ দিয়ে হামকুড়া নদী খনন ও টিআরএম বাস্তবায়ন না করা হলে আগামীতে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।আপনার সরবরাহ করা তথ্যের ভিত্তিতে একটি আকর্ষণীয় ও পেশাদার সংবাদ প্রতিবেদন তৈরি করা হলো:

  • লোভনীয় পদে নিয়োগে মির্জা আজমের ডিও লেটার ও দুর্নীতির অভিযোগে আলোচনায় ফায়ার সার্ভিসের পরিচালক আতাহার

    লোভনীয় পদে নিয়োগে মির্জা আজমের ডিও লেটার ও দুর্নীতির অভিযোগে আলোচনায় ফায়ার সার্ভিসের পরিচালক আতাহার

    নিজস্ব প্রতিবেদক

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশাসনিক অনিয়ম, কেনাকাটায় দুর্নীতির অভিযোগ এবং নিয়োগ বাণিজ্য নিয়ে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার অতীত পদায়ন, রাজনৈতিক সুপারিশ এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগও সামনে এসেছে।
    প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনার সরকারের আমলে পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে পদায়নের জন্য মো. শহীদ আতাহার হোসেন তৎকালীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ডিও (আধাসরকারি) লেটার নিয়েছিলেন।
    জানা যায়, ২০২২ সালের ১২ এপ্রিল তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কাছে পাঠানো এক আধাসরকারি পত্রে মির্জা আজম আতাহার হোসেনকে পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে পদায়নের জন্য জোর সুপারিশ করেন। ওই পত্রে তিনি উল্লেখ করেন, আতাহার হোসেন তার নিজ জেলার বাসিন্দা এবং সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিসের ১১টি মডার্ন প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তাকে “মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন নিবেদিত কর্মকর্তা” হিসেবে উল্লেখ করে শূন্য থাকা পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
    এদিকে সম্প্রতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশাসনিক অনিয়ম, কেনাকাটায় দুর্নীতি এবং কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ড নিয়ে তথ্য-উপাত্তভিত্তিক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। অভিযোগ রয়েছে, প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয় এবং পরে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
    অভিযোগ অনুযায়ী, সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট অধিদপ্তরের একটি প্রভাবশালী মহল দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণে সক্রিয় হয়ে ওঠে। শাহবাগ থানার এসআই জিয়াউলের নেতৃত্বে একটি পুলিশ দল সাংবাদিক শফিককে তার কর্মস্থল থেকে বাসার কাছাকাছি মগবাজার এলাকায় আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় দেশের গণমাধ্যম অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
    সাংবাদিক সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং মানবাধিকারকর্মীরা ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতা, বাকস্বাধীনতা ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তাদের দাবি, প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য নিয়ে আপত্তি থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত ছিল। তদন্তের আগেই একজন সাংবাদিককে গ্রেপ্তার করা স্বাধীন গণমাধ্যমের জন্য নেতিবাচক বার্তা বহন করে।
    রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের সাংবাদিকদের মধ্যে এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু সাংবাদিক, মানবাধিকারকর্মী ও নাগরিক লিখেছেন, কোনো সংবাদ প্রকাশের পর তার সত্যতা যাচাইয়ের পরিবর্তে দ্রুত মামলা ও গ্রেপ্তারের ঘটনা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য অশনিসংকেত।
    এদিকে মো. শহীদ আতাহার হোসেনের বিরুদ্ধে আরও নানা অভিযোগ সামনে এসেছে। অভিযোগ রয়েছে, ফায়ার সার্ভিসের বিভিন্ন পদে নিয়োগকে কেন্দ্র করে কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য পরিচালিত হয়েছে। নিয়োগ কমিটির সভাপতি হিসেবে প্রশাসনিক অবস্থান ব্যবহার করে তিনি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।
    আরও অভিযোগ করা হয়েছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পরিচালক (প্রশাসন ও অর্থ) পদের দায়িত্ব গ্রহণের পর সেই অর্থ আদায়ের উদ্দেশ্যে তিনি বেপরোয়া নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েন।
    প্রতিবেদনে সিরাজগঞ্জের এক ফায়ার স্টেশনের চালকের মৃত্যুর ঘটনাও উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ওই চালকের মাধ্যমে প্রায় ৮৫ লাখ টাকা সংগ্রহ করা হলেও নিয়োগে কেউ সফল হয়নি। পরবর্তীতে পাওনাদারদের চাপ ও মানসিক অশান্তির কারণে ওই চালক আত্মহত্যা করতে বাধ্য হন বলে অভিযোগ রয়েছে।
    এ ছাড়া অভিযোগ রয়েছে, অধিদপ্তরের কতিপয় কর্মকর্তা ও নির্দিষ্ট কিছু ঠিকাদারের সঙ্গে মিলে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার অপচয় করা হয়েছে। একই সঙ্গে সাধারণ লাইসেন্স ফি বৃদ্ধি করে জনগণের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
    প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং ডিও লেটারের মাধ্যমে লোভনীয় পদ বাগিয়ে নেওয়ার ঘটনাও মো. শহীদ আতাহার হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর অন্যতম।

  • গাইবান্ধায় র‌্যাব-১৩ এর পৃথক দুইটি অভিযানে ফেনসিডিল ২১৩ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ, দুইটি মোটরসাইকেল জব্দ

    গাইবান্ধায় র‌্যাব-১৩ এর পৃথক দুইটি অভিযানে ফেনসিডিল ২১৩ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ, দুইটি মোটরসাইকেল জব্দ

    এবং তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
    র‌্যাব-১৩ সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই বিকেল ৫টা ৫৫ মিনিটে সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শ্রী শিপুল চন্দ্র মহন্তের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে একটি হিরো হোন্ডা প্যাশন প্রো ১০০ সিসি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল এসকাফ উদ্ধার করা হয়।

    এ ঘটনায় ছোট দুর্গাপুর গ্রামের শ্রী শিপুল চন্দ্র মহন্ত (৩৩) ও গাইবান্ধা শহরের ফকিরপাড়া এলাকার মো. আমিনুল ইসলাম (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।

    একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট সাকসেস মডেল স্কুলসংলগ্ন বুনারপাড়া সড়কে পৃথক আরেকটি অভিযান চালায় র‌্যাব। সেখানে একটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১৪৮ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ সময় পলাশবাড়ী উপজেলার মুরারিপুর গ্রামের মো. মাহাবুব আলম ওরফে ভুট্টো (৫০)-কে গ্রেপ্তার করা হয়।

    র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

    গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‌্যাব-১৩ জানিয়েছে, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • মামলা ও হয়রানির অভিযোগে অভিযুক্ত নারী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

    মামলা ও হয়রানির অভিযোগে অভিযুক্ত নারী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

    লক্ষীপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কালামের স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, জমি দখলের চেষ্টা, গাছ কেটে ফেলা এবং এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এসব অভিযোগের প্রতিকার চেয়ে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন।
    সরেজমিনে গিয়ে জানা যায়, অভিযোগকারীদের দাবি—ফাতেমা আক্তারের বিরুদ্ধে কেউ কথা বললেই তিনি মামলা ও হামলার ভয় দেখান। ফলে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।
    স্থানীয় বাসিন্দা মো. হারুন অভিযোগ করে বলেন, “ফাতেমার বিরুদ্ধে কেউ কথা বললেই তিনি মামলা-হামলার ভয় দেখান। তিনি এলাকার নিরীহ মানুষের বিরুদ্ধে প্রায় ৫০ থেকে ৬০টি হয়রানিমূলক মামলা করেছেন বলে আমরা জানি। এসব মামলার অনেকগুলো থেকে আদালতের মাধ্যমে অনেকে অব্যাহতি পেলেও মামলা পরিচালনা করতে গিয়ে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। এখনও অনেকেই তার করা মামলার ভোগান্তি পোহাচ্ছেন।”
    ভুক্তভোগী মো. সাহাবুদ্দিন ও মো. ছিদ্দিক অভিযোগ করে বলেন, “ফাতেমা আমাদের বসতবাড়ির ওপর দিয়ে চলাচল করতেন। আমরা বাধা দিলে তিনি আমাদের তিন ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ একাধিক মামলা করেন। এছাড়া আমাদের ওপর হামলা, টাকা-পয়সা লুট, ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কর্মসূত্রে বাড়িতে না থাকার সুযোগে তিনি আমাদের কয়েকটি গাছ কেটে ফেলেন এবং জমি দখলের চেষ্টা করেন। এক হামলায় ছিদ্দিক আহত হন। বর্তমানে আমরা ভয়ে বাড়িছাড়া। এলাকার কেউ প্রতিবাদ করলেও তাদের বিরুদ্ধেও মামলা করা হয় বলে আমরা অভিযোগ করছি।”
    স্থানীয় সমাজের আরও কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ফাতেমা আক্তারের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকার অনেক বাসিন্দা তার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
    সরেজমিনে প্রতিবেদকের হাতে ফাতেমা আক্তারের দায়ের করা একাধিক মামলার কপি আসে। নথি পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন মামলায় বাদী হিসেবে ফাতেমা আক্তারের নাম রয়েছে এবং বিবাদী হিসেবে এলাকার একাধিক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। তবে এসব মামলার অভিযোগের সত্যতা ও বিচারিক ফলাফল স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
    এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ফাতেমা আক্তারের প্রবাসী ছেলে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রামবাসীকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছেন। তবে এ অভিযোগের স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ প্রতিবেদকের হাতে আসেনি।
    অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফাতেমা আক্তার বলেন, “এলাকার অধিকাংশ মানুষ আমার বিরুদ্ধে একজোট হয়েছে। তারা আমাকে ভালো দেখতে পারে না। তাই আমার নামে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। আমার অতীত নিয়ে পড়ে আছে।” তিনি গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন। মামলার বিষয়ে তিনি বলেন, “শুধু আমি মামলা করিনি, তারাও আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। বিষয়গুলো আদালতে বিচারাধীন রয়েছে।”
    এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম বলেন, “লিখিত অভিযোগ পেলে অথবা অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • যাত্রীবেশে উঠে কিশোর চালককে জিম্মি, পুলিশের অভিযানে গ্রেফতার ১০

    যাত্রীবেশে উঠে কিশোর চালককে জিম্মি, পুলিশের অভিযানে গ্রেফতার ১০

    মোঃ ফজলুল কবির গামা
    বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

    ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা মাঠ এলাকায় ১৪ বছরের এক ইজিবাইক চালক মিশকাতকে হাত-পা বেঁধে দস্যুতার শিকার বানানোর ঘটনার মূল রহস্য উৎঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সরাসরি জড়িত চারজন ডাকাতসহ মোট দশজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুন্ঠিত ইজিবাইক ও মোবাইল ফোন।

    গত ১৯ জুলাই বিকেলে কোটচাঁদপুর রেলগেট থেকে চারজন দস্যু যাত্রীবেশে মিশকাতের ইজিবাইকে ওঠে। পরে ঝিনাইদহ সদর থানাধীন সুতরের খাল বংকিরা মাঠের একটি নির্জন মেহগনি বাগানে নিয়ে তারা মিশকাতের মুখ ও হাত-পা বেঁধে ইজিবাইক এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের চাচার দায়ের করা এজাহারের ভিত্তিতে ২১ জুলাই ঝিনাইদহ সদর থানায় পেনাল কোডের ৩৯৪ ধারায় একটি মামলা রুজু করা হয়।

    ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছানের সার্বক্ষণিক দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশ যৌথ অভিযান চালায়। চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইক লুন্ঠনের সাথে সরাসরি সম্পৃক্ত ডাকাত আকাশ সর্দারকে গ্রেফতার করা হয়। এছাড়া কুষ্টিয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে জিয়ারুল, সিরাজুল ইসলাম ও আখতার মোল্লাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সদর ও কুমারখালী এলাকায় অভিযান চালিয়ে লুন্ঠিত মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত রাশিদুল ইসলাম, লিটন আলী, সজীব শেখ, মাসুদ রানা এবং ইসলাম খান তাহেরকে আটক করা হয়। পাশাপাশি মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়। আসামিদের কাছ থেকে লুন্ঠিত ইজিবাইক, একটি মোবাইল ফোনসহ মোট আটটি মোবাইল ফোন এবং ইজিবাইক বিক্রয়ের তিন হাজার চারশ টাকা উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও পাবনা এলাকায় বিভিন্ন দস্যুতা ও ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, দস্যুতা ও ডাকাতির মামলা রয়েছে।