Blog

  • রাজশাহীতে মানবতার নজির : মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্বে ইউএনও

    রাজশাহীতে মানবতার নজির : মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্বে ইউএনও

    রাজশাহীর দুর্গাপুরে পরীক্ষা কেন্দ্রে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বাসায় দেখাশোনার মতো কেউ না থাকায় নিজের কয়েক বছরের শিশু সন্তানকে সাথে নিয়েই ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন এক নারী। তবে পরীক্ষা শুরুর ঠিক মুহূর্তে সন্তানকে কোথায় রাখবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তা ও হতাশায় পড়েন তিনি।

    বিষয়টি নজরে আসতেই তাৎক্ষণিকভাবে এগিয়ে যান দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। মানবিক দিক বিবেচনা করে তিনি নিজ থেকেই শিশুটিকে কোলে তুলে নেন। পরীক্ষা চলাকালীন পুরোটা সময় পরম আদরে শিশুটিকে আগলে রাখেন তিনি, যাতে ওই পরীক্ষার্থী মা কোনো মানসিক চাপ ছাড়াই নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন।

    মঙ্গলবার রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে ইউএনওর এমন ব্যতিক্রমী ও স্পর্শকাতর উদ্যোগ দেখে সেখানে উপস্থিত অন্যান্য পরীক্ষার্থী ও অভিভাবকরা ভূয়সী প্রশংসা করেন।

    প্রত্যক্ষদর্শীদের মতে, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি এমন মানবিকতাই একজন আদর্শ কর্মকর্তার প্রকৃত পরিচয়।

    ঘটনার বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, “পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের প্রতিবন্ধকতার কারণে পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। একজন মা যদি কেবল সন্তানের পরিচর্যার অভাবে পরীক্ষা দিতে না পারেন, তবে সেটা আমাদের সবার জন্যই অত্যন্ত কষ্টের। সেই চিন্তা থেকেই এই ক্ষুদ্র চেষ্টা করা।”

  • গোপালগঞ্জে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম বেড়ে দ্বিগুণ

    গোপালগঞ্জে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম বেড়ে দ্বিগুণ

    লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

    গোপালগঞ্জে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাজারে এখন ৬০ টাকা কেজি দরের নিচে সবজি যাওয়া যাচ্ছে না। মাছের দামও ধরাছোঁয়ার বাইরে। চাষের পাঙাশ, রুই, কাতলা, সিলভার কার্পসহ প্রায় সব ধরনের মাছের দাম বেড়েছে।

    ইহাতে দিনমজুর, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ চরম বিপাকে পড়েছেন।
    আজ শনিবার (২৫ জুলাই) গোপালগঞ্জ শহরের বড় বাজারের কাঁচা ও মাছ বাজারে আমরা, সাংবাদিক এম টি রহমান মাহামুদ, সাংবাদিক লুৎফর সিকদার ও সাংবাদিক মাহামুদ কবির সঙ্ঘবদ্ধ হয়ে ঘুরে পর্যবেক্ষণ করি, প্রায় প্রতিটি সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। কয়েকদিন আগেও ঢেঁড়স ২০ থেকে ২৫ টাকা কেজি বিক্রি হতো। সেই ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

    এই ভাবে মিষ্টিকুমড়া প্রতিকেজি ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কচুরমুখী ৫০ থেকে বেড়ে ৮০ টাকা, উচ্ছে ৫০ থেকে বেড়ে ৮০ টাকা, কাঁকরোল ৩০ থেকে বেড়ে ৮০ টাকা কেজি হয়েছে। ধুন্দল ২৫ থেকে বেড়ে ৬০ টাকা, ঝিঙে ৩০ থেকে বেড়ে ৮০ টাকা এবং পটল ৩৫ থেকে বেড়ে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
    মাঝারি আকারের একটি লাউ ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যেত, এখন কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

    বাজারে তুলনামূলক কম দামের সবজি হিসেবে শুধু পেঁপেই পাওয়া যাচ্ছে, যার দাম কেজিপ্রতি ৪০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে; যা ১০ দিন আগে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।
    সবজির পাশাপাশি মাছের বাজারও ঊর্ধ্বমুখী। বাজারে এক কেজি ওজনের ইলিশ প্রায় ৩ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ৩৫০ থেকে ৪০০ গ্রাম ওজনের ছোট ইলিশের দাম উঠেছে ১ হাজার ৫০০ টাকায়।

    এছাড়া পাঙাশ, রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন মাছের দামও কেজিতে ২৫ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। রুই মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা দরে। যা ক’দিন আগে ছিল ৪৫০ থেকে ৪৮০ টাকার মধ্যে।
    মাছ বিক্রেতা জহর বলেন, যেসব জেলা থেকে চাষের মাছ আসে, সেখানে বৃষ্টিতে মাছ ভেসে গেছে। এ সময়ে বাজারে ইলিশ মাছের আমদানি বৃদ্ধি পায়। দেশি মাছের দাম কমে। গত সপ্তাহে ইলিশের দাম যতটুকু কমেছিল, এ সপ্তাহে তার চেয়ে বেশি বেড়েছে। তাই সব মাছের বাজার চড়া।

    ক্রেতা স্বপন মোল্লা বলেন, আমরা বাজারে এসে বাজেট ঠিক রাখতে পারছি না। প্রয়োজনীয় পণ্য না কিনেই বাড়ি ফিরতে হচ্ছে। এ অবস্থায় আমাদের মতো নিম্ন আয়ের মানুষ ঠিকমতো বাজার করতে পারছে না।

    সবজি ব্যবসায়ী হানিফ, ইকবাল,মুদি দোকান মিজু সহ আরো কয়েকজন জানিয়েছেন, অব্যাহত বৃষ্টিতে সবজি নষ্ট হয়েছে। ফলে আড়তে পর্যাপ্ত সবজির আমদানি হচ্ছে না। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কমেছে। এ কারণেই প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। প্রতিবছর বর্ষাকালে সবজির দাম সাধারণত একটু বৃদ্ধি পায়।

    গোপালগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন বলেন,চলতি জুলাই মাসে জেলায় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। ইহাতে জেলার ৮৫ হেক্টর জমির সবজি ক্ষেত ডুবে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৩৬০ সবজি চাষী। স্থানীয়ভাবে উয়পাদিত সবজির সরবরাহ বাজারে একেবারে কমে গিয়াছে।সে কারণে সবজির দাম বেড়েছে। মাছ ও সবজির বাজার নিয়ন্ত্রণে আমরা নিয়মিত মনিটরিং করছি। বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত সবজির সরবরাহ কমেছে। তাই বাইরের জেলা থেকে গোপালগঞ্জে অধিকাংশ সবজি আসছে বলে জানতে পেরেছি। তারপরও অতিমুনাফা না করে, ক্রয়-বিক্রয় মূল্যের মধ্যে সমন্বয় রেখে মাছ-সবজি বিক্রি করতে বিক্রেতাদের পরামর্শ দিয়েছি।

  • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, প্রসাধনী, কনফেকশনারি সামগ্রী ও জিরাসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মক্কা স্কেলের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় শাড়ি, ১৬৬ পিস বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী, ২০৪ পিস কনফেকশনারি আইটেম এবং ৪ কেজি জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৮ হাজার ২১০ টাকা। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

  • ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

    ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

    এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

    ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও শেরপুর পৌরসভা কর্তৃক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন।

    এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক ও উপপরিচালক (উপসচিব),স্থানীয় সরকার মিজ্ আরিফা সিদ্দিকা; শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা।

    পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

  • বাজিতপুরে একই মাঠে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা

    বাজিতপুরে একই মাঠে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা

    কিশোরগঞ্জে বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে একই মাঠে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

    জানা গেছে, আজ শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে সৈয়দ এহসানুল হুদার অনুসারীদের উদ্যোগে পিরিজপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে সামনে রেখে গতকাল শুক্রবার পিরিজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক আলোচনা সভায় উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বক্তব্য দেন। বক্তব্যে তিনি সৈয়দ এহসানুল হুদাকে উদ্দেশ্য করে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন। তিনি দাবি করেন, পিরিজপুরে যে নেতৃত্বে কর্মী সমাবেশ আয়োজন করা হচ্ছে, তিনি বিএনপির কোনো পর্যায়ের নেতা নন। এছাড়া তিনি বলেন, দলীয় মনোনয়ন পেয়েও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ মুজিবুর রহমান ইকবালের কাছে পরাজিত হয়েছেন।

    ওই আলোচনা সভা থেকেই একই দিন বিকেল ৪টায় পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভার ঘোষণা দেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের অনুসারীরা।

    পাল্টা কর্মসূচির বিষয়ে জানতে চাইলে পিরিজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল আলম মুঠোফোনে বলেন, “কর্মী সমাবেশ করার তাদের কোনো এখতিয়ার নেই। তারা কর্মী সমাবেশ করার চেষ্টা করলে আমরা প্রতিহত করব। তবে তারেক রহমানের আগমন উপলক্ষে কোনো কর্মসূচি হলে সেটি ভিন্ন বিষয়। সে ধরনের কর্মসূচি সবাই করতে পারে। কিন্তু কর্মী সমাবেশ করতে আমরা দেব না।”

    অন্যদিকে কর্মী সমাবেশের বিষয়ে জানতে চাইলে বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম মুঠোফোনে বলেন, “আমাদের কর্মসূচি পূর্বনির্ধারিত। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি সড়কপথে আসবেন, তাই তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে আজকের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।”

    পাল্টা কর্মসূচির বিষয়ে তিনি আরও বলেন, “বিষয়টি উপজেলা প্রশাসন ও থানার ওসিকে অবহিত করা হয়েছে। আমাদের কর্মসূচি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।”

    এ বিষয়ে পিরিজপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ মিয়া মুঠোফোনে বলেন, “আমাদের কর্মসূচি অনেক আগে থেকেই নির্ধারিত ছিল। তাদের পাল্টা কর্মসূচির উদ্দেশ্য পায়ে পাড়া দিয়ে ঝগড়া সৃষ্টি করা।”

    তবে এ অভিযোগের বিষয়ে শেখ মুজিবুর রহমান ইকবালের অনুসারীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে জানতে চাইলে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ মুঠোফোনে বলেন, “বিষয়টি নিয়ে আমরা চিন্তিত। দুই পক্ষের সঙ্গেই কথা বলার চেষ্টা করেছি। যারা পরে কর্মসূচি ঘোষণা করেছেন, তারা আমাদের জানিয়েছেন কোনো ধরনের ঝামেলা হবে না। তারা আলাদা জায়গায় কর্মসূচি পালন করবেন।”

    একই মাঠে দুই পক্ষের পৃথক কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

  • পারিবারিক কলহে ইউপি সদস্যের আত্মহত্যা

    পারিবারিক কলহে ইউপি সদস্যের আত্মহত্যা

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার শিলা বেগম (৩৯) নামে সংরক্ষিত এক ইউপি সদস্য পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    শুক্রবার বিকেলে উপজেলার সেরাল গ্রামের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

    শিলা বেগম সেরাল গ্রামের বাসিন্দা আব্দুস সালাম হাওলাদারের কন্যা। তিনি কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের আগৈলঝাড়া উপজেলার শ্রম বিষয়ক সম্পাদক ও গৈলা ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ইউপি সদস্য। তিনি একই ইউপির সাধারণ ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী।

    শিলা বেগমের বাবা সালাম হাওলাদারের অভিযোগ, কারণে-অকারণে তার মেয়েকে জামাতা মারুফ মারধর করতেন। দুপুরে তার কন্যাকে অমানুষিক নির্যাতন করা হয়। নির্যাতন সইতে না পেরে ভাড়া ঘরের কক্ষে ঢুকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেন শিলা।

    পরিবারের বরাতে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানান, মেয়েকে স্কুটি কিনে দেওয়া নিয়ে সেরাল গ্রামের ভাড়াটিয়া বাসায় স্বামী মারুফের সঙ্গে শিলার পারিবারিক কলহ ও হাতাহাতি হয়। বিকেল তিনটার দিকে শিলা ঘরে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।

    ওসি জানান, এ ঘটনায় শিলার বাবা অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • অভয়নগরে ভৈরব নদে ভেসে আসা মরদেহের পরিচয় শনাক্ত

    অভয়নগরে ভৈরব নদে ভেসে আসা মরদেহের পরিচয় শনাক্ত

    যশোরের অভয়নগরে ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের নাম নিসর্গ সাহা বিশ্বাস (২৩)। তিনি একজন কলেজছাত্র ছিলেন।

    নিসর্গ অভয়নগর উপজেলার মহাকাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহাকাল গ্রামের কৃষ্ণা রানী সাহার ছেলে। গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। তার বাবা প্রশান্ত বিশ্বাস যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।

    স্বজনরা জানান, গত ২০ জুলাই সোমবার সকাল ৯টার দিকে নিসর্গ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে তার মা অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

    নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় ভৈরব নদে কচুরিপানার মধ্যে একটি অর্ধগলিত মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে নওয়াপাড়া নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে নিসর্গের পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেখে শনাক্ত করেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

    নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনজিৎ সেন জানান, দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহটি অর্ধগলিত হয়ে চেহারা বিকৃত হয়ে যায়। বর্তমানে মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ জানতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

  • মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে মুখোশধারীদের হামলা

    মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে মুখোশধারীদের হামলা

    মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি মুখোশধারী দল হঠাৎ সোহরাব হাওলাদারের বাসায় হামলা চালায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটক, দরজা-জানালা ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    ঘটনার বিষয়ে সোহরাব হাওলাদার বলেন, “শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির পুনর্গঠিত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আমি উপদেষ্টা ছিলাম। কমিটি গঠনকে কেন্দ্র করে কেউ বিক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে আমার বাসায় হামলা চালিয়ে থাকতে পারে।”

    খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

    এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এবং কী কারণে হামলা করেছে, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

    ওসি আর বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মামলা দায়ের করেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

  • নেত্রকোনায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবসে সচেতনতামূলক পথসভা

    নেত্রকোনায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবসে সচেতনতামূলক পথসভা

    “সাঁতার শিখুন-জীবন বাঁচান” এই প্রতিপাদ্যে নেত্রকোনায় পালিত হয়েছে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১ টায় শহরের মোক্তারপাড়া ডিসি বাংলোর পুকুর পাড়ে সচেতনতামূলক পথসভার আয়োজন করা হয়।

    পরিবেশবাদী সংগঠন বারসিকের সহযোগিতায় আয়োজিত এই পথসভায় ব্যক্তিগত উদ্যোগ সাঁতার প্রশিক্ষক, শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

    দেশে এবং দেশের বাইরে সমষ্টির মাধ্যমে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত বাংলাদেশে প্রতিদিনের সংবাদকর্মী আলপনা বেগমের সঞ্চালনায় সচেতনতা মূলক পথসভায় বক্তব্য রাখেন, সাঁতার প্রশিক্ষক আব্দুল মান্নান, মুখলেছুর রহমান, অভিভাবক শাহজাহান কবীর ও বারসিকের খাদিজা আক্তার লিটা।

    বক্তারা জেলায় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করার দাবি জানান। সেই সাথে শিশু একাডেমিসহ সংশ্লিষ্টদের সাঁতারের গুরুত্ব নিয়ে কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন। সাঁতারের জন্য মোক্তারপাড়া এলাকায় একটি মাত্র পুকুররের ব্যবসায়ীদের কাছে দেয়া লিজ বাতিল করে আবর্জনা মুক্ত করে সাঁতারের উপযোগী ও উন্মুক্ত করে দেয়ার দাবিও তুলেন।

    জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সাঁতার প্রশিক্ষক নিয়োগ দেয়ার মাধ্যমে এই সাঁতার প্রতিযোগিতাকে জাতীয় ভাবে কাজে লাগানো। এতে যেমন মৃত্যু ঝুঁকি কমবে তেমনি শিশু কিশোররা মাদক মুক্ত হবে। প্রত্যকেই নিজ নিজ দায়িত্ববোধ থেকে এই সচেতনতা চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হন।

    এ ব্যাপারে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, আগামী আগস্ট মাস থেকে সাঁতার প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে। শুধু সাঁতার নয় সব ধরনের এক্সট্রা কারিকুলাম খেলাধুলারও ব্যবস্থা করা হবে। তাছাড়া সাঁতার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য পুকুর পরিচ্ছন্ন রাখা জরুরি। পুকুরটি কারা অপরিচ্ছন্ন করে সেটি গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন।

  • নরসিংদীতে ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

    নরসিংদীতে ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

    নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে (৪৫) আটক করেছে পুলিশ।

    শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    জানা গেছে, প্রায় তিন বছর আগে ডা. ইসমাঈল আল রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। প্রায় নয় মাস আগে তাকে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

    এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম বলেন, হাসপাতালের আরএমও ডা. ইসমাঈল আল রাজিব ইয়াবাসহ আটক হয়েছেন। পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা জানা যাবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরও বলেন, একজন চিকিৎসক মাদক সেবনের সঙ্গে জড়িত থাকলে তিনি সঠিকভাবে চিকিৎসাসেবা দিতে পারবেন না। এটি শুধু আইনের দৃষ্টিতে অপরাধ নয়, চিকিৎসা পেশার নিয়ম-শৃঙ্খলারও লঙ্ঘন।

    রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ডা. ইসমাঈল আল রাজিবকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

    তিনি আরও জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।