Blog

  • চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল, জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের দাবি

    চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল, জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের দাবি

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য বাস্তবায়ন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
    শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
    সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শহর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক অধ্যায়। তিনি গণভোটের রায় কার্যকর, জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সঙ্গে তিনি পদত্যাগকারী রাষ্ট্রপতিকেও বিচারের আওতায় আনার দাবি জানান।
    সভাপতির বক্তব্যে ইউসুফ আল গালিব বলেন, জুলাই নতুন প্রজন্মের জন্য সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তিনি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
    সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

  • যমুনার ভাঙন এলাকা পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

    যমুনার ভাঙন এলাকা পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

    -বিশ্বজিৎ চক্রবর্তী
    টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

    টাঙ্গাইল-৫ সদর আসন থেকে নির্বাচিত সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আজ বিকেলে টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক জেলা মহাসড়কের যমুনা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
    শুক্রবার (২৪ জুলাই ) টাঙ্গাইলের ভূঞাপুরের নলিন ও গোপালপুরের শাখারিয়া এলাকার বর্তমান পরিস্থিতি অবলোকন করে বক্তব্য প্রদান করেন।
    প্রতিমন্ত্রী টুকু বলেন, ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের শাখারিয়া ভাঙনরোধে সার্বক্ষণিক তদারকি করেছেন আমার বড় ভাই সাবেক শিক্ষা-উপমন্ত্রী বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ও টিউব জিওব্যাগ ডাম্পিং করার ফলে ভাঙনরোধ সম্ভব হয়েছে।এখানে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার জিওব্যাগ ফেলা হয়েছে। বেরিবাঁধ নির্মাণের জন্য আমরা কাজও করছি। ভূঞাপুর থেকে টাঙ্গাইল হয়ে মানিকগঞ্জ পর্যন্ত এ পাশে আর যেন ভাঙন না হয় সেজন্যে একটি স্থায়ী বেরিবাঁধ নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। নদীর নাব্যতা ঠিক থাকলেই নদীর গতিপথ ঠিক থাকবে। আর যদি নদীর নাব্যতা ঠিক না থাকে তাহলেই নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙন কবলিত হওয়ার আশঙ্কা থেকে যাবে।

    সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, বিগত আমলে স্বৈরাচারি যারা সরকার ছিল তাদের লুটপাট ও দুর্নীতির কারণে এ দেশের জনগণ তাদেরকে আন্দোলনের মাধ্যমে বিতারিত করেছে। কাজেই তাদের অনিয়মের বিষয়ে অবশ্যই তদন্ত হবে এবং সামনে আরও পরিকল্পতিভাবে মজবুত বেরিবাঁধ নির্মাণ করতে পারি সে ব্যাপারে এগোচ্ছি।

    এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, গোপালপুরের উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল ইসলাম, ভূঞাপুরের উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবীব খান, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম, গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন, গোপালপু উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হোসেন উথান, গোপালপুর ভূঞাপুর উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, সংবাদকর্মীসহ অন্যান্য জনসাধারণ ।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

    মাহিদুল ইসলাম ফরহাদ
    ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।​আজ ২৫ জুলাই ২০২৬ তারিখ ভোরে এই অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, ৫৩ বিজিবির অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল ভোর ৪টা ৪০ মিনিটে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬২,৮০০/- (বাষট্টি হাজার আটশত) টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া অনুসরণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
    ​
    সীমান্তে অপরাধ ও মাদক চোরাচালান দমনে কঠোর অবস্থান নিয়েছে ৫৩ বিজিবি। চলতি জুলাই মাসে বিভিন্ন অভিযান পরিচালনা করে ১ জন আসামিসহ মোট ৬০৫ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করেছে ৫৩ বিজিবি। জব্দকৃত এসব মাদক ও অন্যান্য সামগ্রীর সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৪,০২,৬০০/- (চার লক্ষ দুই হাজার ছয়শত) টাকা।
    ​
    এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ করাসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিহত করতে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করা হয়েছে’—প্রকাশিত সংবাদ নিয়ে রিপনের অভিযোগ

    উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করা হয়েছে’—প্রকাশিত সংবাদ নিয়ে রিপনের অভিযোগ

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদের গাঁও গ্রামের বাসিন্দা, ব্যবসায়ী ও প্রথম শ্রেণির নিবন্ধিত ঠিকাদার রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রায়হান উদ্দিন রিপন।

    বুধবার (২২ জুলাই) সিলেটভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে রায়হান উদ্দিন রিপনকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি প্রকাশের পর এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, সেগুলোর কোনো সত্যতা নেই। যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

    রায়হান উদ্দিন রিপন বলেন, “আমি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদের গাঁও গ্রামের একটি স্বনামধন্য মুসলিম পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে প্রথম শ্রেণির নিবন্ধিত ঠিকাদার হিসেবে ব্যবসা করে আসছি। এলাকার মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সুনামগঞ্জ ও তাহিরপুরের মানুষ আমাকে ব্যক্তিগতভাবে চেনেন এবং আমার সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছেন।”

    তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যেসব অভিযোগ ও তথ্য তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ধরনের বক্তব্য বা তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এতে আমার সামাজিক মর্যাদা, ব্যবসায়িক সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”

    রায়হান উদ্দিন রিপন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

    তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদটির সংশ্লিষ্ট তথ্য প্রত্যাহার এবং প্রকৃত সত্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের দাবি জানান।

  • রায়পুরায় ইয়াবাসহ সরকারি হাসপাতালের ডাক্তার গ্রেপ্তার

    রায়পুরায় ইয়াবাসহ সরকারি হাসপাতালের ডাক্তার গ্রেপ্তার

    নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    বিষয়টি শুক্রবার রাত ১০টায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডা. রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

    এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।স্থানীয় সূত্রের দাবি, ডা. রাজিব দীর্ঘদিন ধরেই মাদকের সঙ্গে জড়িত ছিলেন। তার মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে স্ত্রী ডা. উম্মে হানি একাধিকবার তাকে মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র (রিহ্যাব)-এ পাঠানোর উদ্যোগ নেন।

    তবে বিভিন্ন চেষ্টা সত্ত্বেও তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত তিনি পুলিশের অভিযানে ধরা পড়েন।

    এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, “অভিযানে রাজিব নামে একজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

    ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একজন দায়িত্বশীল চিকিৎসকের বিরুদ্ধে মাদক রাখার অভিযোগে গ্রেফতারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে অভিযোগের বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাকে আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।

  • গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

    গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

    লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

    গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় আইনজীবী সমাজে তীব্র নিন্দা, প্রতিবাদ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। একজন বিচারকের এমন সহিংস আচরণকে আদালত অবমাননা ও ফৌজদারি অপরাধের সামিল বলে মনে করছেন ক্ষুব্ধ আইনজীবীরা।
    প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা যায়,আজ বুধবার (২২ জুলাই) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়ার আদালতে বিচারকাজ চলাকালীন এজলাসের পেছনের সারিতে উপস্থিত কয়েকজন মক্কেল নিজেদের মধ্যে কথা বলছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেট সুজন মিয়া তাদেরকে নীরব থাকতে বলেন। উপস্থিত ব্যক্তিরা সাথে সাথেই শান্ত হয়ে গেলেও ম্যাজিস্ট্রেট সুজন মিয়া হঠাৎ চরম উত্তেজিত হয়ে পড়েন এবং নিজের টেবিলে থাকা ভারী পেপার ওয়েটটি মক্কেলদের উদ্দেশ্যে ছুঁড়ে মারেন।
    পেপার ওয়েটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় সজোরে আঘাত করে। তীব্র আঘাতে তাঁর মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন। পরবর্তীতে উপস্থিত সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতাল কর্তৃপক্ষ ওই আইনজীবীর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছে।
    ঘটনার পর আহত শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে, এই অনাকাঙ্ক্ষিত ও নজিরবিহীন বিষয়ে তাঁর বক্তব্য জানতে ম্যাজিস্ট্রেট সুজন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
    এজলাসে বিচারকের এমন অনভিপ্রেত আচরণে গোপালগঞ্জ জেলা বারের আইনজীবীদের মধ্যে চরম ক্ষোভ ও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বারের একাধিক আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে জানান, বিচারক সুজন মিয়া প্রায়শই কোর্ট চলাকালীন মক্কেল ও আইনজীবীদের সাথে অশোভন আচরণ করে থাকেন।
    আইন বিশেষজ্ঞদের মতে, বিচারকের আসন একটি অত্যন্ত দায়িত্বশীল ও পবিত্র স্থান। এজলাসে মেজাজ হারিয়ে এই ধরনের মারাত্মক শারীরিক আঘাত বা সহিংস আচরণ দণ্ডবিধি ১৮৬০-এর ৩২৪/৩২৬ ধারা (মারাত্মক অস্ত্র বা বস্তু দিয়ে স্বেচ্ছায় আঘাত) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর সরাসরি লঙ্ঘন। এটি বিচার ব্যবস্থার ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে।
    গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও সাধারণ বিচারপ্রার্থীরা অবিলম্বে এই নজিরবিহীন ঘটনার সুষ্ঠু তদন্ত, হাইকোর্ট বিভাগের হস্তক্ষেপ এবং দায়ী বিচারকের বিরুদ্ধে যথাযথ আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

  • “মুসাফিরের কথা !”

    “মুসাফিরের কথা !”

    আরিফ কাউসার রহমান শাহিন
    লেখক, গবেষক, শিক্ষাবিদ
    প্রধান শিক্ষক, পূর্ণমতি মনসূর আহমদ উচ্চ বিদ্যালয়।
    বুড়িচং, কুমিল্লা।

    একটি ঘটনা আরেকটি ঘটনাকে স্মরণ করিয়ে দেয় সংবাদ পত্রের কল্যাণে জেনেছিলাম, ডাক্তার সাহেব ভুলে বা পায়ের স্থলে ডান পা অপারেশন করেছেন! আবার এমন সংবাদও প্রকাশিত হয়েছে, অপারেশনর পর পেটের ভিতরে ব্যান্ডেজ ও কাচি রেখেই সেলাই করেছেন। এগুলো আসলে অস্বাভাবিক হলেও আমাদের দেশের প্রেক্ষাপটে স্বাভাবিক ঘটনাই ই মনে করি। অতীত কালে আমাদের দেশে কবিরাজি চিকিৎসা চলতো; কবিরাজ সাহেবগন মিকচার নামক এক ধরনের ঔষধ দিতেন এবং এগুলো সেবন করে রুগীরা আরোগ্য লাভ করতেন। যা বর্তমানে এলোপ্যাথিক ঔষধেও ব্যার্থ।খবরে প্রকাশ কুমিল্লা সরকারি মহিলা কলেজ, এইচ এস সি পরীক্ষার কেন্দ্রে পানি কান্ডে, কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষক কে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে; বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্ত পরীক্ষা কেন্দ্রে পানি উঠার জন্য যদি বদলি করে থাকে তা হবে দু:খ জনক। কারণ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনার জন্য একটি কমিটি থাকে, থাকেন কেন্দ্র সচিব, হল সুপার,ট্যাগ অফিসার, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তো আছেন ই। তাহলে এই সাত শিক্ষকের উপর এই খর্গ কেন? তা কি বাম পায়ের স্থলে ডান পা অপারেশন হয়ে গেল না। উনারা বিসিএস (সাধারণ শিক্ষা) কর্মকর্তা হলেও, উনারা তো শিক্ষক, তাই এই ঘটনা ঘটেছে, তাই না? আসলে অতীত কাল থেকে ই শিক্ষক সমাজের অবস্থা, জাতীয় বা সামাজিক বাজার দর তলানিতে।

    আমাদের কুমিল্লা ০৫ এর সাবেক বিখ্যাত সংসদ সদস্য প্রফেসর মফিজুল ইসলামে এডভোকেট, কোন এক সরকারি অফিসে ফোন করেছিলেন, উনাদের আচরণ দেখে আফসোস করে আমার আব্বা কে বলেছিলেন,” খালেক আমি প্রফেসর মফিজুল ইসলামে এডভোকেট এম পি না বলে যদি হাবিলদার মফিজুল ইসলাম বললেও হয়তো কিছুটা সম্মান পাইতাম বা আমাকে ভয় পাইতো!” শিক্ষকদের সেই করুন অবস্থা এখনও বিরাজমান, কারণ সমাজ চলে টাকা ও ক্ষমতায় ; শিক্ষদের দুটির একটিও নাই।তবে ভুলে গেলে চলবে না, শিক্ষকরা হলো বিশ্বের বিবেক, বিশ্বের সকল পেশার পিতা। সুতরাং পিতাকে অবহেলা করে এগিয়ে যাওয়া দুরুহ বৈ কি?এই অসুস্থ মানসিকতা থেকে বেড়িয়ে আসতেই হবে। নগর,শহর বন্দর,গ্রাম-গঞ্জে আমার ভাই তোমার ভাই বলতে পারলেই ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি অংশ নিজেদেরকে ট্রাম্প পুত্র মনে করা শুরু করে। এরা ভুলে যায় শিক্ষকরা হলো ট্রাম্পের বাবার বাবা, তার চৌদ্দগুষ্টির বাবা। আমার ভাই তোমার ভাই বলনে ওয়ালারা অতি নগন্য ও ক্ষুদ্র একটি অংশ উম্মাদ, তাই মূল্যায়ন করতে শিখেনি,অসুস্থ মস্তিষ্ক হলে যা হবার তা-ই হচ্ছে? সমাজ কে এই সংস্কৃতি থেকে বেড়িয়ে আসতে ই হবে।যারা নিজেদেরকে সমাজের আলোকিত মানুষ মনে করেন, উনাদের অবগতির জন্য বলছি, আপনারা বিষয় টি নিয়ে ভাববেন, অনেক বিলম্ব হয়ে গেছে।এদেরকে বিবেকবান করতে হলে প্রয়োজনে অতীতের কবিরাজি চিকিৎসাও দেয়া যেতে পারে ;যেখানে মিকচার নামক রং বেরঙের ঔষধ আছে। কারণ তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে বুঝতে হবে, শিক্ষকরা মুসাফির না, শিক্ষকরা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, শিল্পী,বিজ্ঞানি,দার্শনিক, পথপ্রদর্শক, সমাজসংস্কারক,রাজনৈতিক স্কলার, বিশ্বের বিবেক।তোমরা কেন ai এর যুগে ব্যাংজ্ঞের মতো লাফালাফি করছো।

    তবে এই যতসামান্য সংখ্যক উপাদানের দোষ দিয়েও লাভ নেই বা আমি দোষ দিচ্ছিও না। আমি যা শিখেছি, আমার আচার আচরণে তার প্রতিফলন ঘটবে ই, ইহাই প্রকৃতির নিয়ম।গত ২২ বা ২৩ জুলাই টক শো দেখছিলাম, ” সম্ভবত ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলছিলেন” আমি ও আমার ওয়াইফ জাপান গিয়েছিলাম ; মেয়ে আমার উখানে পি এচ ডি করছে। তার বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগদান করতে গিয়েছিলাম। “ঐ অনুষ্ঠানে আমার মেয়ের শিক্ষক আমাকে বাবা বলে সম্বোধন করে বলেন,” বাবা,তোমার দেশে কি নৈতিক শিক্ষা দেয়া হয় না? ” ” উত্তরে তিনি বলেছিলেন, ” না, আমাদের দেশে ধর্মীয় শিক্ষা দেয়া হয়। কথার এক পর্যায়ে বলেন, তার মেয়ে একদিন রেলওয়ে স্টেশনে মনের ভুলে কিছু ফেলে গিয়ে ছিলেন ; মজার ব্যাপার হলো ২৪ ঘন্টা পড়ে এসে যথাস্থানে তার বস্তু টি অবিকল অবস্থায় পেয়েছিলেন। বাংলাদেশে ইহা কি সম্ভব? তিনি প্রশ্ন উত্থান করেন,” জাপানেতো রাস্তার বাকে বাকে মসজিদ নাই,আল্লাহর নামে কোরবানি দেয় না, ফিতরা দেয়না, আল্লাহর রাস্তায় সিল্লায় যায় না, এরা তো আল কোরআন পড়ছে না, হাফেজ নাই, নামাজ পড়ছেনা ,রোজা রাখে না, হজ্জ পালন করে না যাকাত দেয় না , মিলাদ- মাহফিল করছে না ; তারা এতো সভ্য হলো কি করে? দরকার নৈতিক শিক্ষা, দরকার মানবিকতা। আসলে নৈতিক শিক্ষায় জাতিকে শিক্ষিত করতে হবে। তাহলে সকলে মানবিক গুনাবলি অর্জন করার সুযোগ পাবে। একে অপরকে প্রাপ্য সম্মানটুকু দিবে। সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং সমাজে art of communication এর দর্শন অনুশীলন হবে।

  • ধর্মপাশায় এমপিওভুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্ট্যাম্প ভেন্ডারের ব্যবসা করার অভিযোগ উঠেছে

    ধর্মপাশায় এমপিওভুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্ট্যাম্প ভেন্ডারের ব্যবসা করার অভিযোগ উঠেছে

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষকতার পাশাপাশি স্ট্যাম্প ভেন্ডারের ব্যবসা পরিচালনা করে আসছেন বলে অভিযোগ উঠেছে।

    সরকারি নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক কোনো পদে/চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবে না। কিন্তু প্রধান শিক্ষক নজরুল ইসলাম সরকারি এ নীতিমালাকে কোনো রকম তোয়াক্কা না করেই দীর্ঘ প্রায় ১৫-১৬ বছর যাবত স্ট্যাম্প ভেন্ডার হিসেবে নিজেই লাইসেন্সপ্রাপ্ত হয়ে তিনি শিক্ষকতার পাশাপাশি বাদশাগঞ্জ সাবরেজিস্টার কার্যালয়ে তার নিয়োগকৃত লোক দিয়ে স্ট্যাম্প ভেন্ডারের ব্যবসাও পরিচালনা করে আসছেন। যার লাইসেন্স নাম্বার-৮২।

    আর তার এ বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই শিক্ষক সমাজ থেকে শুরু করে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইতে শুরু করে।

    স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা নতুনবাড়ি গ্রামের বাসিন্দা। পাশাপাশি তিনি উপজেলার সেলবরষ ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগ কমিটির ৩৫ নাম্বার সদস্য।

    তিনি বিগত আওয়ামীলীগ সরকারের বহুল আলোচিত স্থানীয় সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. আব্দুল বাতেনের ঘনিষ্ঠ সহচর হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এরই সুবাদে তখন তিনি প্রভাব কাটিয়ে নিজের নামে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে নিয়ম বহির্ভুতভাবে স্ট্যাম্প ভেন্ডারের লাইসেন্সটি ভাগিয়ে নেন। যার লাইসেন্স নং-৮২।

    তখন থেকেই তিনি সরকারি নীতিমালার তোয়াক্কা না করেই অবৈধভাবে নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি করে আসছেন।

    নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এমপিওভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়ে কি করে তিনি নিজের নামে লাইসেন্স করে আরেকটি লাভজনক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। বিষয়টি জেনে আমরা হতবাক। তবে এ বিষয়ে সরকারি বিধিমালা অনুযায়ী তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

    এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ওই লাইসেন্সটি প্রথমে আমার বাবার নামে ছিল। পরে বাবা মারা যাওয়ার পর সেটি আমার নিজের নামে করে অন্য জনকে দিয়ে ব্যবসা করে আসছি। তবে এখন যেহেতু এ বিষয়ে আইন করা হয়েছে, আমি সেটি এখন হস্তান্তর করে দেব।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, শিক্ষক নজরুল ইসলাম তার নিজের নামে স্ট্যাম্প ভেন্ডারের লাইসেন্স নিয়ে ব্যবসা করার বিষয়টি আমার নজরে এসেছে। তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

    জেলা শিক্ষা অফিসার মো: জুলফিকার হোসেন বলেন, এমপিওভুক্ত কোন শিক্ষক কখনোও স্ট্যাম্প ভেন্ডারের লাইসেন্স করতে পারে না। অভিযোগটি তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মিরপুরে ২১টি পুরাতন ভবনের নিলামে নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদের দুর্নীতি

    মিরপুরে ২১টি পুরাতন ভবনের নিলামে নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদের দুর্নীতি

    জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর হাউজিং এস্টেটের ১৪ নম্বর সেকশনে অবস্থিত ২১টি চারতলা পুরাতন ভবনের নিলামকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিরপুর গৃহসংস্থান বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে লিখিত আবেদন করা হয়েছে।
    আবেদনকারী দলিল হোসেনের অভিযোগ, ২০২৬ সালের ৯ জুলাই দৈনিক যুগান্তর পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও একই দিন সকাল ১১টার মধ্যেই নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়। ফলে দেশের বিভিন্ন জেলার আগ্রহী ব্যবসায়ীরা নিলামে অংশগ্রহণের সুযোগ পাননি। তার দাবি, প্রচলিত নিয়ম অনুযায়ী নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের পর অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত সময় দেওয়ার কথা থাকলেও এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।
    আবেদনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ২১টি ভবনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ কোটি টাকা হলেও সেগুলো মাত্র আড়াই কোটি টাকায় নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে তিনি বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন। অভিযোগকারী দাবি করেন, এ তথ্য সঠিক হলে সরকার প্রায় ১৮ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
    এ ঘটনায় নিলাম প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগকারী পুরো নিলাম বাতিল করে পুনরায় উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পদ্ধতিতে নিলাম আয়োজনের দাবি জানান। একই সঙ্গে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
    তবে এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

  • **কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভনে নারী পাচারের অভিযোগে চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে সিআইডি**

    **কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভনে নারী পাচারের অভিযোগে চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে সিআইডি**

    কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে পাচার, পাসপোর্ট ও অর্থ জোরপূর্বক নিয়ে নেওয়া, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে বাধ্য করার অভিযোগে চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    সিআইডি’র মানবপাচার শাখা (টিএইচবি) ইউনিট গত ২১/০৭/২০২৬ খ্রি. বিকালে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রুবেল (২৯), পিতা- মো. সিরাজ, মাতা- নুরুজ্জামান বেগম, সাং- খাগজানা, থানা- কালুখালী, জেলা- রাজবাড়ী।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ও ভুক্তভোগী নারী আর্থিক সংকটের কারণে স্থানীয় একটি এনজিও থেকে ঋণ গ্রহণ করেন। কিস্তি সংগ্রহের সুবাদে বাদী ওই এনজিওতেই কর্মরত ও বর্তমানে গ্রেফতারকৃত রুবেলের সঙ্গে পরিচিত হন। রুবেল ভুক্তভোগী নারীকে বিদেশে গিয়ে পরিবারের আর্থিক সংকট দূর করার প্রস্তাব প্রদান করেন ও কম্বোডিয়ায় কাস্টমার কেয়ার সার্ভিসে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান।

    ভুক্তভোগীর আর্থিক সামর্থ্য না থাকায় অভিযুক্ত রুবেল তাকে এনজিও থেকে ০১ লাখ টাকা ঋণ গ্রহণ করে দেওয়ার প্রস্তাব দেন। পরবর্তীতে ভুক্তভোগী ওই ঋণের টাকা গ্রহণ করলে অভিযুক্ত রুবেল তার কাছ থেকে ০১ লাখ টাকা নিয়ে নেন এবং তার পাসপোর্টও সংগ্রহ করেন। এরপর কম্বোডিয়ায় চাকরির ব্যবস্থা করার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে পর্যায়ক্রমে আরও অর্থ গ্রহণ করা হয়। ভুক্তভোগী বিভিন্নভাবে ধারদেনা করে অভিযুক্তের দেওয়া ব্যাংক হিসাবে ২ লাখ টাকা প্রদান করেন এবং পরবর্তীতে সবমিলিয়ে ভুক্তভোগীর কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে মোট ৪ লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    পরবর্তীতে ভুক্তভোগীকে ভিসা ও বিমানের টিকিট দিয়ে ২০২৫ সালের আগস্ট মাসে কম্বোডিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চক্রের অন্যান্য সহযোগীরা তার পাসপোর্ট ও সঙ্গে থাকা অর্থ জোরপূর্বক নিয়ে নেয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর করে অনিচ্ছাকৃত কাজ করানো এবং তার উপার্জিত অর্থ আত্মসাৎ করা হয়। ভুক্তভোগী বাদীকে একপর্যায়ে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করার চেষ্টা করা হয়। এতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং দেশে ফিরতে চাইলে প্রাণনাশ ও অন্য দালালের কাছে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও মানবিক সংস্থার সহযোগিতায় গত ১ জুলাই ২০২৬ তারিখে তিনি বাংলাদেশে ফিরে আসেন। দেশে ফিরে সংশ্লিষ্টদের সহায়তায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

    মামলাটির তদন্তে ভুক্তভোগীর দেওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান পরিচালনা করে টিএইচবি ইউনিট। এরই ধারাবাহিকতায় গত ২১ জুলাই ২০২৬ তারিখে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানা এলাকা থেকে মামলার প্রধান অভিযুক্ত মো. রুবেলকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারের পর অভিযুক্তকে আইনানুগভাবে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালতের আদেশে তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। জবানবন্দি ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য অভিযুক্ত, মানবপাচার নেটওয়ার্ক, আর্থিক লেনদেন, বিদেশে অবস্থানরত সম্ভাব্য ভুক্তভোগী এবং দেশি-বিদেশি সহযোগীদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

    বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডির মানবপাচার শাখা (টিএইচবি) ইউনিট। সংঘবদ্ধ আন্তঃদেশীয় মানবপাচারের এই চক্রের মাধ্যমে আরও কোনো বাংলাদেশি নাগরিক একইভাবে পাচার বা নির্যাতনের শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দেশি-বিদেশি সংস্থা ও আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

    সিআইডি বিদেশে কর্মসংস্থান বা অভিবাসনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দেওয়া উচ্চ বেতনের চাকরির প্রলোভনে না পড়ে যথাযথভাবে যাচাই-বাছাই করে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়ায় বিদেশ যেতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছে। বিদেশে পাঠানোর নামে প্রতারণা, মানবপাচার, জিম্মি বা নির্যাতনের কোনো তথ্য জানা থাকলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সিআইডিকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।