Blog

  • গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে অনিয়ম, কমিশন বাণিজ্য ও বিপুল সম্পদ দুর্নীতির মাধ্যমে  অর্জনের অভিযোগ

    গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে অনিয়ম, কমিশন বাণিজ্য ও বিপুল সম্পদ দুর্নীতির মাধ্যমে অর্জনের অভিযোগ

    গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডারে অনিয়ম, কমিশন বাণিজ্য, সরকারি অর্থের অপব্যবহার এবং বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার করে তিনি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন, যার মাধ্যমে সরকারি প্রকল্পে ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

    অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভিন্ন বড় উন্নয়ন প্রকল্পের টেন্ডার নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের কমিশন গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।

    নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্ত অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, রাজনৈতিক প্রভাব ও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে উজির আলীর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের কার্যকর তদন্ত হয়নি। বিভিন্ন সময়ে অভিযোগ উত্থাপিত হলেও প্রশাসনিক ব্যবস্থা ছিল সীমিত, ফলে তিনি একইভাবে দায়িত্ব পালন করে আসছেন।

    অনুসন্ধানে আরও জানা যায়, রাজধানীর উত্তরা, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি এবং গাজীপুরসহ বিভিন্ন স্থানে উজির আলী ও তার পরিবারের সদস্যদের নামে বাড়ি, ফ্ল্যাট, জমি এবং অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব সম্পদের আনুমানিক মূল্য কয়েকশ কোটি টাকা, যার উৎস নিয়েও প্রশ্ন উঠেছে।

    এছাড়া ২০২২ সালে রাজধানীর আজিমপুরে একটি নির্মাণ প্রকল্পে শ্রমিক নিহতের ঘটনায়ও তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। তবে ওই ঘটনায় তার বিরুদ্ধে কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

    অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্ত অধিদপ্তরের একাধিক কর্মকর্তা আরও দাবি করেন, উজির আলী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সহযোগী এবং বঙ্গবন্ধু পরিষদের নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাদের অভিযোগ, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বিপুল পরিমাণ অর্থের জোগান দেওয়ার ক্ষেত্রেও তিনি ভূমিকা রেখেছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশ্ন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডসংক্রান্ত মামলায় আসামি হওয়ার অভিযোগ থাকার পরও কীভাবে তিনি এখনও গণপূর্ত অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

    তবে প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে উজির আলীর বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। ভবিষ্যতে তিনি এ বিষয়ে বক্তব্য প্রদান করলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

    এদিকে, উজির আলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করলে গণপূর্ত অধিদপ্তরে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

  • মহিপুরে ১১ বছরের শিশুকে বৃদ্ধ নুর মোহাম্মদ কর্তৃক শ্লীলতাহানির চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার।

    মহিপুরে ১১ বছরের শিশুকে বৃদ্ধ নুর মোহাম্মদ কর্তৃক শ্লীলতাহানির চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার।

    মিজানুর রহমান রিপন :কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

    পটুয়াখালীর মহিপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

    বুধবার (২২ জুলাই) ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

    মামলার সূত্রে জানা যায় , গত ৭ জুলাই দুপুরে ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে ছোট ভাইয়ের সাথে অবস্থান করছিল শিশুটি। ওই সময় বাড়িতে তার মা-বাবা কেউ ছিলেন না। এ সুযোগে প্রতিবেশী নূর মোহাম্মদ ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

    ভুক্তভোগী পরিবার জানায়, সামাজিক লোকলজ্জা এবং স্থানীয়দের মাধ্যমে সালিশ-মিমাংসার আশায় তারা বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানায়নি। তবে দীর্ঘদিন বিচার না পাওয়ায় বাধ্য হয়ে বুধবার মহিপুর থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির মা। পুলিশ অভিযোগটিকে মামলা হিসেবে নথিভুক্ত করে এবং পরক্ষণেই অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধ নুর মোহাম্মদ হাওলাদার কে গ্রেপ্তার করে।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, শিশুর মায়ের মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সাংবাদিক মাহবুব আলম লাবলুকে চাকরিচ্যুতির চাপ এবং হয়রানির নিন্দা ও প্রতিবাদ ডিআরইউ’র

    সাংবাদিক মাহবুব আলম লাবলুকে চাকরিচ্যুতির চাপ এবং হয়রানির নিন্দা ও প্রতিবাদ ডিআরইউ’র

    ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আগামীর সময়-এর ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অ্যাফেয়ার্স এডিটর মাহবুব আলম লাবলুকে চাকরিচ্যুতির চাপ, মামলার হুমকি এবং বিভিন্নভাবে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।

    বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) এক যৌথ বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, কোনো সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রকাশিত অনুসন্ধানী ও তথ্যভিত্তিক প্রতিবেদনের কারণে তাকে চাকরিচ্যুতির চাপ দেওয়া, মামলার ভয় দেখানো কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

    তারা বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে আপত্তি থাকলে তার আইনগত ও নীতিগত প্রতিকারের পথ রয়েছে। কিন্তু একজন সাংবাদিককে চাকরিচ্যুতির হুমকি, মামলার ভয়ভীতি প্রদর্শন কিংবা হয়রানির মাধ্যমে সংবাদ প্রকাশে নিরুৎসাহিত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    ডিআরইউ নেতৃদ্বয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে সব ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

  • সরিষাবাড়ীতে ডি.জে.এস আইডিয়াল স্কুলে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

    সরিষাবাড়ীতে ডি.জে.এস আইডিয়াল স্কুলে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

    গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ 

    জামালপুরের সরিষাবাড়ীতে ডি.জে.এস আইডিয়াল স্কুলে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ডি.জি.এস আইডিয়াল স্কুল এর আয়োজনে স্কুল প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) লিজা রিসিল।

    ডি.জি.এস আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে প্রথমেই অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 

    পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিনার (ভূমি) লিজা রিসিল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম,৬নং ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ খান,ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির খান,ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম মুন্সী,সরিষাবাড়ী কলেজের অধ্যাপক (অব:)মোঃ শফিকুল ইসলাম মিলন,উপজেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাতাব,আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা তোফাইল আহমেদ, এলাকাবাসী পক্ষে ছামছুল ভূঁইয়া প্রমূখ।

    এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো  উপস্থিত ছিলেন—মোঃ আনিছুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৬নং ভাটারা ইউনিয়ন পরিষদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো.সিফাত।

    বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। একইসঙ্গে মাদকাসক্তি যুবসমাজকে ধ্বংস করছে এবং বাল্যবিবাহ কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ নষ্ট করছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি।

    অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী,শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

  • শ্রীবরদী কাকিলাকুড়া ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে

    শ্রীবরদী কাকিলাকুড়া ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে

    শ্রীবরদী কাকিলাকুড়া ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সফল সভাপতি ও বর্তমান চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার এর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে এতে এলাকায় তীব্র সমালোচনার মুখে চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, এমনটাই জানান খঞ্চাপাড়া দশতারা ক্লাবের সাধারণ সম্পাদক, শাহিনুর ইসলাম আরো বলেন সাবেক উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ জাবের আহমেদ স্বাক্ষরিত তারিখ ১৫/০৭/২০২৪ইং তারিখে অনিয়ম দুর্নীতির একটি কাগজ হাতে পাই তাতে স্পষ্ট লেখা, সার্বিক মন্তব্যে , পড়ে দেখি চেয়ারম্যান এর বিরুদ্ধে টাকা আত্মসাতে ঘটনা যেমন পরিদর্শনকালে সাময়িক বিবেচনার প্রয়োজনীয় হয়েছে যে উক্ত ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিধি মোতাবেক পরিচালিত হচ্ছে না। ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট নথি রেজিস্টার ক্যাশ বহিঃ প্রকল্প গ্রহণ বাস্তবায়ন আর্থিক বিষয়গুলোতে অনিয়ম পরীক্ষিত হচ্ছে। নিয়ম বহি কৃতভাবে ১% খাতের ৩০ লক্ষ টাকা ইউনিয়ন পরিষদের তহফিল থেকে ৬৬ হাজার টাকা এবং ২৩/ ২৪ অর্থবছরের আদায়ের ৪ লক্ষ টাকা সহ আত্মসাৎ কি তো যাবতীয় টাকা দ্রুত সময়ে ব্যাংকে জমা প্রদান এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হইল। এমনটাই লেখা পাওয়া যায় এই বিষয়ে জানার জন্য চেয়ারম্যান হামিদ দুলাল তালুকদারের মুঠো ফোনে ফোন দিলে বন্ধ থাকায় জানা সম্ভব হয় নাই,
    পরিদর্শন কারীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ জাবের আহমেদ
    তারিখ ১৫/০৭/২০২৪ইং স্বাক্ষরিত,

  • যা ইচ্ছা তাই করছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ

    যা ইচ্ছা তাই করছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক

    সরকারি চিকিৎসকদের বদলি ও পদোন্নতিতে দিতে হয় ৫ থেকে ২০ লাখ টাকা; বনিবনা না হলে আটকে রাখা হয় ফাইল, ঠিকাদারদের কার্যাদেশ পেতে গুনতে হয় ২ থেকে ৫ শতাংশ হারে কমিশন। নথি অনুমোদন বা দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন ইত্যাদি বিষয়েও মন্ত্রী বা প্রতিমন্ত্রীর অনুমতি বা অনুমোদন নেওয়ার প্রয়োজন মনে করেন না। এসব অভিযোগ যার বিরুদ্ধে, তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
    তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক বিধি লঙ্ঘন, চিকিৎসকদের বদলি ও পদোন্নতিতে অনিয়ম এবং উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তদন্তের দাবি জানানো হয়েছে। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো একটি অভিযোগপত্রে এসব অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে স্বাস্থ্য খাতে সংঘটিত অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার প্রকৃত চিত্র সবার সামনে উন্মোচন হবে।
    দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে লেখা এই অভিযোগপত্রে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে বিধি অনুসরণ করা হচ্ছে না এবং গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত এককভাবে নেওয়া হচ্ছে। এতে মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম, জবাবদিহি ও প্রশাসনিক স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগকারীর দাবি। অভিযোগে আরও বলা হয়েছে, চিকিৎসকদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে অনিয়ম এবং আর্থিক লেনদেনের একটি অভিযোগ বহুদিন ধরে বিভিন্ন মহলে আলোচিত। চিকিৎসকদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয় এবং সমঝোতা না হলে সংশ্লিষ্ট নথি দীর্ঘদিন আটকে রাখা হয়। একই সঙ্গে ঠিকাদারি বিল অনুমোদনের ক্ষেত্রেও কমিশন গ্রহণের অভিযোগ আনা হয়েছে।
    অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি রাজশাহী মেডিকেল ইউনির্ভাসিটি ১২০০ শয্যার হাসপাতাল ও ক্লিনিক ফ্যাকাল্টির ভবন নির্মাণ প্রকল্পের আহ্বানকৃত একটি দরপত্রের মূল্যায়নের ধারাবাহিকতা উপেক্ষা করে সম্পূর্ণ অনৈতিকভাবে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়েছে। দরপত্রের লোয়েস্ট বিডার হয় ওয়াহিদ কনস্ট্রাকশন। দ্বিতীয় লোয়েস্ট হয় এইচআইসিসি-এমসিএইচএল জেভি, তৃতীয় লোয়েস্ট হয় স্পেক্ট্রা-ইউসিসি জেভি এবং চতুর্থ হয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লি.। এর মধ্যে এনডিইর ব্যাংক গ্যারান্টির এক্সটেনশন পেপার ছিল না এবং স্পেক্ট্রার প্রদত্ত কাগজপত্রে অসংগতি ধরা পড়ে। সামগ্রিক বিবেচনায় এবং পিপিআর আইন অনুসারে কাজ পাওয়ার কথা ওয়াহিদ কনস্ট্রাকশনের। কিন্তু এই প্রতিষ্ঠানের অনুকূলে কার্যাদেশ প্রদান না করে চার মাস নথি আটকে রাখা হয়, পরবর্তী সময়ে এইচআইসিসি-এমসিএইচএল জেভিকে কার্যাদেশ প্রদান করা হয়। ওয়াহিদ কনস্ট্রাকশন লি.-এর প্রস্তাবিত ব্যয় ছিল ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৩৬২ টাকা, অন্যদিকে এইচআইসিসি-এমসিএইচএল জেভি প্রস্তাবিত ব্যয় ছিল ৫৩৯ কোটি ৮১ লাখ ২০ হাজার ৩২৫ টাকা। অর্থাৎ প্রায় ৪০ কোটি টাকা বেশিতে কার্যাদেশ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করলে ওয়াহিদ কনস্ট্রাকশন অপারগতা প্রকাশ করায় কার্যাদেশ পায়নি।
    অভিযোগে থেকে জানা গেছে, সচিব নিজের পছন্দের কয়েকজন কর্মকর্তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে বহাল রেখে তাদের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালিত করছেন (এই কর্মকর্তারা বিগত সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন) বিশেষ করে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং নথি নিষ্পত্তির ক্ষেত্রে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সঙ্গে যথাযথ সমন্বয় করা হচ্ছে না।
    এ ছাড়া মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ডেলিগেশন অব ফিন্যান্সিয়াল পাওয়ার অনুযায়ী মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন কেনাকাটা/আর্থিক সব নথি মন্ত্রী পর্যায়ের অনুমোদন নেওয়ার কথা। তবে অনেক নথি সচিব নিজেই অনুমোদন করে থাকেন। স্বাস্থ্য সচিবের দপ্তরে নথি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি করে রাখা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ফাইল ১০ থেকে ৩০ দিন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় স্বাক্ষরের অপেক্ষায় থাকে বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিভিন্ন সেবা কার্যক্রম বিলম্বিত হচ্ছে বলেও জানান তারা। অভিযোগকারী দাবি করেছেন, বর্তমান সরকারের স্বচ্ছতা, জবাবদিহি ও প্রশাসনিক সংস্কারের লক্ষ্য বাস্তবায়নে এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে স্বাস্থ্য সচিবের সম্পদ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটনের আহ্বান জানানো হয়েছে।
    ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর এক নেতা বলেন, নিয়োগ পাওয়ার পর থেকেই সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সমন্বিতভবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা না করে অনেকটা স্বেচ্ছাচারীভাবে পরিচালিত করছেন। এতে বর্তমান সরকারের প্রত্যাশা অনুসারে স্বাস্থ্য বিভাগ কাজ করতে পারছে না। অভিযোগগুলোর বিষয়ে জানতে গত মঙ্গল ও বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এমনকি তার ব্যক্তিগত ফোনে শর্ট মেসেজ দিলেও তিনি কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিষয়গুলো এরই মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, যা নিয়ে মন্ত্রণালয়ের একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
    এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, রাষ্ট্রে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়াই অনভিপ্রেত বিষয়। জনপ্রশাসনের জন্য অস্বস্তিকর এবং বিব্রতকর। রাষ্ট্রের একজন কর্মকর্তার উচিত কাজে নিজের স্বচ্ছতা ধরে রাখা এবং সমালোচনার ঊর্ধ্বে থেকে কাজ করা। প্রসঙ্গত, চলতি বছরের গত ৩ মার্চ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে চুক্তিভিত্তিক সচিব হিসেবে নিয়োগ পান মো. কামরুজ্জামান চৌধুরী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয় তাকে।

  • মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

    মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

    আবাসন খাতের উন্নয়নে ৬ দফা প্রস্তাবনা উপস্থাপন
    দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে সরকারের কাছে ৬ দফা প্রস্তাবনা তুলে ধরেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এ উপলক্ষে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল আবাসন খাতের উদ্যোক্তাদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব প্রস্তাবনা উপস্থাপন করেন। আজ বুধবার (২২ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।। সাক্ষাতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ও মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), এমপিসহ অনান্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সাক্ষাৎকালে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, রিহ্যাব সরকার স্বীকৃত দেশের একমাত্র আবাসন খাতের ট্রেডবডি হিসেবে গত ৩৫ বছরের বেশি সময় ধরে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে পরিকল্পিত নগরায়ণ ও আবাসন উন্নয়নে কাজ করে আসছে। তিনি বলেন, আবাসন খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বর্তমানে এ খাতে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং জিডিপিতে এ খাতের ১৫% অবদান রয়েছে। পাশাপাশি সিমেন্ট, রড, ইট, সিরামিক, টাইলস, কাচ, রং, বৈদ্যুতিক সরঞ্জাম, স্যানিটারি, ফার্নিচার, পরিবহনসহ ৩০০-এর বেশি লিংকেজ শিল্প আবাসন খাতকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
    রিহ্যাব প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছে যেসব প্রস্তাবনা তুলে ধরেন, তার মধ্যে রয়েছে—
    ১। পরিকল্পিত বাংলাদেশ গড়তে জাতীয় ভূমি জোনিং নীতিমালা প্রণয়ন ।
    বাংলাদেশের জনসংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সীমিত ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ২১০০ সাল পর্যন্ত সম্ভাব্য জনসংখ্যা, নগরায়ণ, আবাসনের চাহিদা বিবেচনায় নিয়ে জাতীয় ভূমি জোনিং নীতিমালা প্রণয়ন খুবই জরুরী। সারা দেশের জমিকে কৃষি, বনাঞ্চল, জলাশয়, আবাসিক, বাণিজ্যিক, শিল্পাঞ্চল ও সংরক্ষিত অঞ্চল হিসেবে বৈজ্ঞানিকভাবে শ্রেণিবিন্যাস করতে হবে এবং প্রতিটি জোনের জন্য পৃথক ব্যবহারবিধি নির্ধারণ করতে হবে। এতে অনিয়ন্ত্রিত ভূমি ব্যবহার রোধ হবে, কৃষিজমি, শিল্পায়ন ও আবাসন উন্নয়ন সুশৃঙ্খল হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে। পরিকল্পিত ও উলম্ব (Vertical) নগরায়ণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ প্রয়োজন। সেই বাস্তবতায় বর্তমান ড্যাপ (DAP) ও নির্মাণ বিধিমালা পুনর্মূল্যায়ন ও যুগোপযোগী সংস্কার করা প্রয়োজন।
    ২। নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তের জন্য পিপিপি ভিত্তিক আবাসন কর্মসূচি।
    নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত নাগরিকদের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে ফ্ল্যাট ও আবাসন নির্মাণ কর্মসূচি গ্রহণের সুপারিশ করছি। সরকারের জমি, নীতিগত সহায়তা ও বেসরকারি খাতের দক্ষতা ও বিনিয়োগের সমন্বয়ে এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করা সম্ভব হবে।
    ৩। মধ্যবিত্তের জন্য সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদি হাউজিং লোন চালু।
    দেশের মধ্যবিত্ত মানুষের নিজস্ব আবাসনের স্বপ্ন বাস্তবায়নে সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদি হাউজিং লোনের একটি বিশেষ স্কিম চালুর সবিনয় অনুরোধ জানাচ্ছি। উন্নত বিশ্বের মতো সহজ শর্তে গৃহঋণ চালু হলে লাখো পরিবার নিরাপদ ও স্থায়ী আবাসনের সুযোগ পাবে এবং আবাসন খাতেও ইতিবাচক গতি সঞ্চার হবে।
    ৪। নিবন্ধন ব্যয়, ভ্যাট ও কর কাঠামো যৌক্তিকীকরণ।
    আমাদের দেশের নিবন্ধন ব্যয় এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। মালয়েশিয়া, চায়না, থাইল্যান্ড ও হংকং এর মত আমাদের দেশের নিবন্ধন ব্যয় ৫ শতাংশ করার জন্য অনুরোধ করছি। করের হার বাস্তবসম্মত হলে ক্রেতারা প্রকৃত লেনদেনমূল্য নিবন্ধনে উৎসাহিত হবেন ও অপ্রদর্শিত অর্থ সৃষ্টির প্রবণতা হ্রাস পাবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। আমরা বিশ্বাস করি, কর ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব নয়, তবে করব্যবস্থা হওয়া উচিত বাস্তবসম্মত, বিনিয়োগবান্ধব, ন্যায়সংগত, ঝামেলামুক্ত ও সম্পূর্ণ ডিজিটাল।

    ৫। জমির মালিকদের ওপর আরোপিত ১৫ শতাংশ মূলধনী কর প্রত্যাহার।
    চলতি অর্থবছরে জমির মালিকদের ওপর ফ্ল্যাট নির্মাণে আরোপিত ১৫ শতাংশ মূলধনী কর প্রত্যাহারের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একজন ব্যক্তি প্রকৃত অর্থে আর্থিক সুবিধা অর্জনের আগেই এই করের দায় সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এর প্রভাব শেষ পর্যন্ত ফ্ল্যাটের মূল্য বৃদ্ধি করে সাধারণ ক্রেতার আবাসন ব্যয় বাড়িয়ে দিচ্ছে।
    ০৬। পরিকল্পনা অনুমোদন প্রক্রিয়ার পূর্ণ ডিজিটালাইজেশন।
    বিল্ডিং তৈরির প্ল্যান অনুমোদন এবং জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা এবং অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ কমাতে প্ল্যান পাস-সংক্রান্ত সকল কার্যক্রম সম্পূর্ণ ডিজিটালাইজেশনের উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। এতে সেবা হবে দ্রুত, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং হয়রানিমুক্ত, যা আবাসন খাতের উন্নয়নকে আরও গতিশীল করবে।
    ড. আলী আফজাল প্রধানমন্ত্রীকে জানান, রিহ্যাব সবসময় সরকারের উন্নয়ন অভিযাত্রার দায়িত্বশীল অংশীদার হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করতে আগ্রহী। এসব প্রস্তাবনা বাস্তবায়িত হলে আবাসন খাত আরও গতিশীল হবে এবং মধ্যবিত্তের আবাসনের স্বপ্ন পূরণ সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে রিহ্যাব প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সদয় বিবেচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা কামনা করেন।
    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এমন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে আবাসন খাতের উন্নয়ন হবে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত।
    প্রধানমন্ত্রী বলেন, নগরায়ণ শুধু ঢাকা কেন্দ্রিক হলে চলবে না; দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে কৃষি জমি রক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
    প্রধানমন্ত্রী বলেন, রাজউক বা সরকার নিজে আবাসন ব্যবসা পরিচালনা করুক—এমনটি তিনি চান না। বরং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) ভিত্তিক আবাসন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
    সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্যসহকারে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজালের বক্তব্য ও প্রস্তাবনাগুলো শোনেন। তিনি উপস্থাপিত যৌক্তিক দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
    সাক্ষাতে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোঃ বরকাতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো: হারুন অর রশিদ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল করিম সিদ্দিকী, ইউনাইটেড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ, ইউনাইটেড গ্রুপের ম্যানেজার মুশফিকুল আলম খন্দকার, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক আবুল কালাম মো. রেজাউল করিম, ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জালাল ঘানি খান, স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাইয়ুম এবং এবং সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান এমজিআর নাসির মজুমদার উপস্থিত ছিলেন।

  • প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকে তদন্তের আবেদন, হুমকির অভিযোগে থানায় জিডি

    প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকে তদন্তের আবেদন, হুমকির অভিযোগে থানায় জিডি

    নিজস্ব প্রতিবেদক
    গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বদলি বাণিজ্য, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের আবেদন করা হয়েছে। একই সময়ে একজন সাংবাদিক দাবি করেছেন, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফোন করলে প্রধান প্রকৌশলী তাকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
    দুদকে জমা দেওয়া লিখিত অভিযোগে আবেদনকারী মো. মানিক মিয়া দাবি করেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
    অভিযোগপত্রে বলা হয়েছে, বদলি ও পদায়নের ক্ষেত্রে আর্থিক লেনদেন এবং প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। আবেদনকারীর ভাষ্য অনুযায়ী, অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং এসব বিষয়ে তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটন করা জরুরি।
    অভিযোগে আরও বলা হয়েছে, বরখাস্ত প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে ব্যাকডেটে বদলি দেখিয়ে পুনর্বহালের সুযোগ সৃষ্টি করা হয়েছে কি না, সে বিষয়েও তদন্তের প্রয়োজন রয়েছে। আবেদনকারী দাবি করেন।
    দুদকে দেওয়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, একাধিক উচ্চমূল্যের সরকারি দরপত্র পুনর্মূল্যায়নের ক্ষেত্রে অনিয়ম বা অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। আবেদনকারী মনে করেন।
    অভিযোগপত্রে ক্ষমতার অপব্যবহারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীর দাবি, সরকারি ক্ষমতা ব্যবহার করে নিজস্ব বলয়ের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা পদায়নের অভিযোগ রয়েছে।
    দুদকে দেওয়া আবেদনে আরও অনুরোধ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ, আর্থিক লেনদেনের তথ্য যাচাই এবং সম্পদের উৎস অনুসন্ধানের মাধ্যমে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হোক। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।
    এদিকে অভিযোগের বিষয়টি নিয়ে বক্তব্য জানতে গিয়ে হুমকির শিকার হওয়ার দাবি করেছেন দৈনিক সকালের স্টাফ রিপোর্টার মো. এমরান হোসেন। মতিঝিল থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ২০ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তিনি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর মোবাইল নম্বরে ফোন করেন।
    জিডিতে সাংবাদিকের অভিযোগ, ফোনে কথা বলার একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং সাংবাদিকতা পেশা নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়। একই সঙ্গে তাকে “দেখে নেওয়া হবে” বলেও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জিডিতে উল্লেখ করেন।
    এ ঘটনায় ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান তিনি।
    দুদকে দেওয়া অভিযোগ এবং থানায় দায়ের করা সাধারণ ডায়েরি—দুটি ঘটনাই এখন প্রশাসনিক ও আইনগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একটি অভিযোগ দুর্নীতির সম্ভাব্য অনিয়ম নিয়ে, অন্যটি অভিযোগকারী সাংবাদিকের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতার প্রশ্নকে সামনে এনেছে।
    অন্যদিকে, অভিযোগে উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর বক্তব্য জানার জন্য চেষ্টা করে প্রতিবেদক বার বার ব্যর্থ হয়।
    প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডার অনিয়ম কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে সেগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
    দুদকের তদন্তের আবেদন এবং মতিঝিল থানায় দায়ের করা সাধারণ ডায়েরি—দুটি বিষয়ই এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, সেটিই এ বিষয়ে পরবর্তী আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • বাজিতপুরে পানি নিষ্কাশনের পথ নিয়ে বিরোধ, জলাবদ্ধতায় দুর্ভোগে তিন শতাধিক মানুষ

    বাজিতপুরে পানি নিষ্কাশনের পথ নিয়ে বিরোধ, জলাবদ্ধতায় দুর্ভোগে তিন শতাধিক মানুষ

    কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পশ্চিম ভাগলপুর এলাকার ৮ নং বেকীতে ইকরা ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনের সরকারি পানি নিষ্কাশনের কালভার্ট ও পানি চলাচলের পথ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে একদিকে শিল্পপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে, অন্যদিকে স্থানীয় বাসিন্দারা সরকারি পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ তুলে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

    জানা গেছে, গত ২২ জুলাই ইকরা ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া এক লিখিত আবেদনে অভিযোগ করা হয়, কারখানার সামনের বিদ্যমান কালভার্টটি দীর্ঘদিন ধরে এলাকার বৃষ্টির পানি নিষ্কাশনের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি ওই পানি নিষ্কাশনের পথ মাটি দিয়ে ভরাটের কাজ করা হচ্ছে। এতে কারখানাসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।

    আবেদনে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে পূর্বে বিরোধ সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে অভিযোগ অনুযায়ী, বিরোধের নিষ্পত্তি হওয়ার আগেই প্রশাসনের পূর্বের নির্দেশনা উপেক্ষা করে পানি চলাচলের পথ ভরাটের কাজ চালানো হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, পানি চলাচলের সুবিধার্থে সংলগ্ন এক জমির মালিক প্রয়োজনীয় জায়গা দিতে সম্মতি দিলেও সংশ্লিষ্ট ব্যক্তি কোনো সমঝোতায় না এসে একতরফাভাবে পানি নিষ্কাশনের পথ বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।

    অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভাগলপুর উত্তর মৌজা এবং ৯ নং ওয়ার্ডের চন্দ্রগ্রাম দক্ষিণ মৌজার সরকারি সীমারেখা (শিম লাইন) ঘেঁষে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের একটি পথ বিদ্যমান ছিল। তাদের দাবি, ওই পথ দিয়েই আশপাশের এলাকার বৃষ্টির পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতো। বর্তমানে ওই কালভার্ট ও পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

    স্থানীয়দের ভাষ্য, ভারী বৃষ্টিপাত হলেই সড়ক, বসতবাড়িসহ ৮ নং বেকী এলাকার তিন শতাধিক মানুষ জলাবদ্ধতার দুর্ভোগে পড়েন। দীর্ঘ সময় পানি জমে থাকায় সাধারণ মানুষের চলাচল, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তারা দ্রুত সরকারি পানি নিষ্কাশনের পথ পুনরুদ্ধার করে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

    এ বিষয়ে বেসরকারি সার্ভেয়ার আব্দুল হাকিম বলেন, “সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট ভূমি রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, সরকারি সীমারেখা (শিম লাইন) সিএস (ক্যাডাস্ট্রাল সার্ভে) রেকর্ডে ৬ ফুট ৮ ইঞ্চি এবং আরএস (রিভিশনাল সার্ভে) রেকর্ডে ৫ ফুট ৩ ইঞ্চি রয়েছে। দীর্ঘদিন ধরে এ পথ দিয়েই এলাকার বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হয়ে আসছিল।

    এ বিষয়ে ইকরা ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক মো. মোবারক ইসলাম বলেন, “আমার ইন্ডাস্ট্রিজের ভেতর দিয়ে পানি নিষ্কাশনের জন্য অনেক আগেই ব্যবস্থা করে রেখেছি। পানি বের হওয়ার ব্যবস্থা রয়েছে। সামনের বন্ধ হয়ে থাকা পানি নিষ্কাশনের পথটি উন্মুক্ত করে দিলেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

    বেকী এলাকার জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত কালভার্ট ও পথ বন্ধের বিষয়ে জানতে চাইলে সরারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মারজান মিয়া বলেন, “বিষয়টি নিয়ে দুই পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। পানি নিষ্কাশনে যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

    এ বিষয়ে জানতে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জালাল উদ্দীনকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

    তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট জমির মালিকের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

    স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রকৃত অবস্থা নিরূপণ করবে এবং সরকারি পানি নিষ্কাশনের পথ সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

  • জনপ্রিয় ও সুপরিচিত কবি ও কথাসাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : প্রাণহীন ভালোবাসা

    জনপ্রিয় ও সুপরিচিত কবি ও কথাসাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : প্রাণহীন ভালোবাসা

    প্রাণহীন ভালোবাসা-মাধুরী ব্যানার্জী
    বৃদ্ধাশ্রমের বারান্দায় প্রতিদিন বিকেলে একটি চেয়ারে বসে থাকতেন অরুণা দেবী। তাঁর হাতে থাকত একটি পুরোনো ডায়েরি, যার ভাঁজে ভাঁজে লুকিয়ে ছিল এক জীবনের না-বলা গল্প। আশ্রমের সবাই ভাবত, তিনি হয়তো কারও অপেক্ষায় আছেন। কিন্তু তিনি জানতেন, যার জন্য অপেক্ষা, সে আর কোনোদিন ফিরবে না।
    অনেক বছর আগে অরুণার স্বামী অমিত ছিলেন একজন স্কুলশিক্ষক। সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। এক কাপ চা ভাগ করে খাওয়া, সন্ধ্যায় ছাদে হাঁটা, আর একে অপরের চোখে ভবিষ্যৎ খোঁজা—এই ছিল তাদের সুখ।
    একদিন হঠাৎ অমিতের হার্ট অ্যাটাকে মৃত্যু হলো।
    সেদিনের পর থেকেই অরুণার পৃথিবী যেন থেমে গেল। মানুষ বলত, “সময় সব ঠিক করে দেয়।” কিন্তু তিনি বুঝেছিলেন, সময় ক্ষত শুকিয়ে দেয়, শূন্যতা নয়।
    ছেলে বড় হয়ে বিদেশে চলে গেল। প্রথমে নিয়মিত ফোন করত, পরে সেই ফোনও কমে গেল। শেষ পর্যন্ত অরুণার ঠিকানা হলো বৃদ্ধাশ্রম।
    তবু প্রতিদিন তিনি ডায়েরিতে লিখতেন—
    “আজও তোমার জন্য এক কাপ চা রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, তবু সরিয়ে দিতে মন চায় না।”
    একদিন আশ্রমের এক ছোট্ট স্বেচ্ছাসেবী মেয়ে, মেঘলা, ডায়েরিটা পড়ে ফেলল। তার চোখ ভিজে উঠল। সে জিজ্ঞেস করল,
    —”ঠাকুমা, যিনি আর নেই, তাঁকে এত ভালোবাসেন কেন?”
    অরুণা মৃদু হেসে বললেন,
    —”ভালোবাসা মানুষকে ছেড়ে চলে যায় না, মানুষই চলে যায়।”
    কয়েকদিন পর এক শীতের সকালে অরুণা দেবী আর জেগে উঠলেন না। তাঁর বালিশের পাশে খোলা ছিল সেই ডায়েরি। শেষ পাতায় কাঁপা হাতে লেখা ছিল—
    “আজ আর অপেক্ষা নয়। আজ আমি তোমার কাছেই ফিরছি। যদি ভালোবাসার কোনো ঠিকানা থাকে, তবে সেখানে আবার দেখা হবে।”
    আশ্রমের সবাই নীরবে দাঁড়িয়ে ছিল। মেঘলা ডায়েরিটা বুকে জড়িয়ে বলল,
    “ভালোবাসা কখনও প্রাণহীন হয় না। প্রাণহীন হয়ে যায় শুধু মানুষ।”
    সেদিন বারান্দার সেই খালি চেয়ারটি যেন নিঃশব্দে সাক্ষী হয়ে রইল—কিছু ভালোবাসা মৃত্যুর পরও বেঁচে থাকে, মানুষের স্পর্শে নয়, স্মৃতির অনন্ত আলোয়।