কোন রকম নতুন কর আরোপ ছাড়াই লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ৯৪১ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা। এতে ১০ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৯৪৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় রামগঞ্জ পৌর ভবনের সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান এক সাংবাদিক সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন। পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় বাজেট অধিবেশনে আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জিএস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, হিসাবরক্ষক মো. ইব্রাহিম মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণগোপাল দাস, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের,সাবেক সভাপতি মাহমুদ ফারুক,সাধারণ সম্পাদকের রাজু হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সুধীজন।
Blog
-

রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা
-

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘শেফালী দাস মুক্ত পাঠাগার’ উদ্বোধন
ছায়ানীড়ের পরিচালনায় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘শেফালী দাস মুক্ত পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কবি ও সংগঠক বেগম রোকেয়া ইসলাম, ছায়ানীড়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তার আশা, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি মুক্ত পাঠাগার কেবল বই পড়ার সুযোগই সৃষ্টি করে না, বরং জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, শেফালী দাস কর্মজীবনের শুরুতে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। প্রিয় সেই স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তিনি নিজের নামে ‘শেফালী দাস মুক্ত পাঠাগার’ প্রতিষ্ঠা করেন। এই উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
-

নবাবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন ও স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মৎস্যচাষি, গর্ভবতী মা ও দুঃস্থদের মাঝে নানা সহায়াসামগ্রী বিতরণ এবং দুটি গুরুত্বপূর্ণ সড়ক ও একটি নবনির্মিত সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২২ জুলাই, ২০২৬) পৃথক পৃথক সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এসব উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্যচাষ প্রসারে স্থানীয় চাষিদের মাঝে সরকারি অনুদানের সরঞ্জাম বিতরণ করা হয়। একই সাথে, স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতালে ভর্তি থাকা গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ইলেকট্রিক বেড প্রদান করা হয়। এছাড়া সামাজিক সুরক্ষার আওতায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ১০ জন উপকারভোগীকে স্বাবলম্বী করতে দোকান নির্মাণের সহায়াসামগ্রী হস্তান্তর করা হয়।
সামগ্রী বিতরণ শেষে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, “গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখা, স্বাস্থ্যসেবার মান বাড়ানো এবং সমাজের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। সরকারি প্রতিটি অনুদান ও সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।”
পরবর্তীতে, বৃষ্টি উপেক্ষা করে, দুপুরে উপজেলার যাতায়াত ব্যবস্থার মানোন্নয়নে বক্সনগরের চৌরাহাটি থেকে দিঘীরপাড় এবং গোয়াহাটি থেকে বানাঘাটা সড়ক দুটির পুনর্নির্মাণ ও আধুনিকায়ন কাজের ফলক উন্মোচন করা হয়। একই সাথে, নবাবগঞ্জের পশ্চিম অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ‘নয়নশ্রী বাংলাবাজার সেতুর নির্মাণকাজ শেষে তা জনসাধারণের চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেন সংসদ সদস্য। উদ্বোধন শেষে তিনি নতুন সড়ক ও সেতুর সার্বিক নির্মাণকাজ সরেজমিনে ঘুরে দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি খন্দকার আবু আশফাক আরও বলেন, “নবাবগঞ্জের যোগাযোগ ব্যবস্থার দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনে এই সড়ক ও সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশিষ্টাংশ সম্পন্ন করতে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে।”
এসব পৃথক অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের দায়িত্বরত ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। -

কাঁঠালিয়ায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ভালোবাসায় সিক্ত হলেন ৫ম শ্রেণির নিছা
ঝালকাঠি কাঁঠালিয়ায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও সহপাঠিদের ভালোবাসায় সিক্ত হলেন প্রাথমিক জাতীয় শিক্ষা পদক পাওয়া পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাহছিনা পারভিন নিছা।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় ৫১ নম্বর কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় তাকে সংবর্ধনা দেয়। বিদ্যালয়ে পৌছালে শিক্ষক অভিভাবক ও সহপাঠিরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি তানিয়া। এতে বক্তব্য রাখেন শিক্ষক শিপ্রা রানী, মো.নজিবুর রহমান, লিনা পারভিন, মো.নাসির উদ্দিন, আফরোজা আক্তার, হাফছা আক্তার ও ৫ম শ্রেণীর শিক্ষার্থী তানিসা আক্তার প্রমূখ।
এর আগে গত বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিছাসহ পদক পাওয়া শিক্ষার্থীদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিছার বাবা বিএনপি করার কারণে, পুলিশ তাকে ধরতে বাড়ী আসছিল। নিছা তখন বিষণ ভয় পায়। পুলিশ তার বাবাকে না পেয়ে তার মাকে অনেক বাজে কথা বলেছে। নিছার মুখ থেকে এমন কথা শুনে প্রধানমন্ত্রী তাকে বুকে জড়িয়ে ধরেন।
এবছর এ উপজেলা থেকে নিছাসহ অন্যান্য বিদ্যালয় থেকে পাঁচ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেন।
নিছার মা ৫নম্বর শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভিন বলেন, আমার দুই মেয়ের মধ্যে নিছা ছোট। ওর এ অর্জনে আমরা পরিবারে সবাই বিষণ খুশি।
বিদ্যালয় প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি তানিয়া বলেন, নিছা আমাদের গর্ভ। নিছা ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রীর হাত থেকে পদক পাওয়ার কারণে দেশের মানুষ এ বিদ্যালয়ের নাম জেনেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে,এম জামান জানান, উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিযোগীতায় ৫জন সরকারি প্রাথমিক পদক পেয়েছে। এটা আমাদের অহংকার। আমি পদক পাওয়া শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।
-

ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ বোতল ভারতীয় মদ, একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার রঘুরামপুর নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসির নির্দেশনায় ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার নগরকুল এলাকার মো. আনোয়ার হোসেন (২২), গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার মো. কামাল (৩০) এবং তেলীহাটি এলাকার মো. নাজমুল হাসান (২৬)।
অভিযানে তাদের কাছ থেকে ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। উদ্ধারকৃত আলামতের মোট মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশের এ সফল অভিযানে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
-

গণপূর্তের প্রকৌশলী সুলতানার বিরুদ্ধে মসজিদ নির্মাণে অনিয়মের বিস্ফোরক অভিযোগ
গণপূর্ত ই/এম বিঃভাগ-৫ প্রকৌশলী তামজীদ ও রাজিয়া সুলতানা চক্র একের পর এক কান্ড ঘটিয়ে চলছেন। ওই সকল কান্ড নিয়ে ডিপার্টমেন্ট জুড়ে চলছে আলোচনা সমালোচনা ও বিভিন্ন ধরণের কানাঘুষা। গোটা অর্থবছর জুড়ে বরাদ্দ না থাকা সত্ত্বেও মোটা অংকের পার্সেন্টেজের বিনিময়ে অসংখ্য ইস্টিমেট বিক্রি করে তারা দু’জনেই হাতিয়ে নিয়েছেন বড় অংকের টাকা। এই দুর্নীতিবাজ দুষ্টচক্র গণপূর্ত প্রকৌশলী সুলতানার লুটপাটের বিষাক্ত ছোবল থেকে রক্ষা পায়নি আল্লাহর ঘর মসজিদও। সুলতানা নামক লুটেরা নাগিনীর লুটপাটের বিষাক্ত ছোবলে নীল হচ্ছে অসংখ্য সাধারণ ঠিকাদারের জীবন। সুপ্রীমকোর্ট মাজার মসজিদের ভবন নির্মাণ কাজ এখনও শেষ না হলেও ই/এম অঙ্গের কাজগুলো নিয়ে অনেক আগেই টেন্ডার দেখিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিয়ে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের শেষে পুরো বিল পরিশোধ করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। অথচ ভবন নির্মাণ কাজ এখনও (পাঁচতলা ভবনের ৫ম তলার কাজ চলমান) পুরো একতলা বাকি রয়েছে বলে সরেজমিনে দেখা গেছে। অনুসন্ধানে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরের ওটিএম টেন্ডার আইডি নং ১০০২৬৪৬ এর মাধ্যমে সুপ্রীমকোর্ট মাজার মসজিদের নির্মাণাধীন পাঁচতলা ভবনের জন্য সংশ্লিষ্ট অন্যান্য কাজসহ ১০০০ কেভিএ সাবস্টেশন স্থাপণ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। ২টি করে সিডিউল বিক্রি জমা ও রেসপন্স দেখিয়ে এই টেন্ডারে কাজ পাইয়ে দেওয়া হয় মেসার্স মামুন এন্ড ব্রাদার্স নামক একটি প্রতিষ্ঠানকে। এর কাজের চুক্তিমূল্য হচ্ছে ১ কোটি ৯৮ লক্ষ ৩৪ হাজার ৫শ’ টাকা। কিন্তু এপিপির লিষ্ট অনুয়ায়ী এই কাজে বরাদ্দ ছিলো কোটি ৯৮ লক্ষ ১৫ হাজার টাকা। অর্থ্যাৎ ০.৯৮% ঊর্দ্ধদরে কার্যাদেশ দেওয়া হয়েছে পাতানো টেন্ডারের কারণে। কিন্তু প্রতিযোগীতামূলক টেন্ডার হলে ১০% লেস দিলে সরকারের প্রায় ১৯/২০লক্ষ টাকা সাশ্রয় হতো। সংশ্লিষ্ট ঠিকাদার ৮সেপ্টেম্বর ২০২৪ তারিখে এ কাজের কন্ট্রাক্ট সাইনিং করে। কাজটি শেষ করার সময় ছিলো ১০ জুন ২০২৫ইং তারিখ। অপরদেিক দেড়/দুই বছর পূর্বে সাবস্টেশনের মালামাল এনে গুদামজাত করলেও এতোদিন পরে ওই সকল ইলেকট্রিক মালামাল পূর্ণমাত্রায় কর্মক্ষম থাকে কি-না তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট মহল।একই অর্থবছরে ১০৩৭৪১০নং টেন্ডার আইডি’র মাধ্যমে সংশ্লিষ্ট অন্যান্য কাজসহ সুপ্রীমকোর্ট মাজার মসজিদের জন্য ২৫০ কেভিএ জেনারেটর সরবরাহ স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়। একই প্রক্রিয়ায় ২টি করে ঠিকাদারী প্রতিষ্ঠান অংশগ্রহণ দেখিয়ে কাজটি পাইয়ে দেওয়া হয়। ১৯ ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখে এই কাজের কন্ট্রাক্ট সাইন করা হয়। এর চুক্তি মূল্য হচ্ছে- কোটি ৫লক্ষ ৪৬ হাজার ৬শ’ তিন নয় এক টাকা। কাজটি শেষ করার চুড়ান্ত সময় ছিলো জুন ২০২৫ইং। এ কাজে প্রতিযোগীতামূলক দরপত্র না হওয়ার কারণে মাত্র ৬.৮৫% লেসে কাজটি পাইয়ে দেওয়া হয়েছে গেজ বাংলাদেশ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে।
একইভাবে ১২২০২৫৭নং ওটিএম আইডি’র মাধ্যমে একই মসজিদের নামে ৬৩০ কেজি একটি প্যাসেঞ্জার লিফট সরবারাহ ও স্থাপনের টেন্ডার আহ্বান করে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া হয়। এ কাজে বরাদ্দ ছিলো ৬৩ লক্ষ ৬ হাজার টাকা। ২০২৪-২০২৫ অর্থবছরে ১১২৯৮৩৩নং টেন্ডার আইডির মাধ্যমে একই মসজিদের নামে ২ সেট স্কেলেটর সরবরাহ স্থাপণসহ সংশ্লিষ্ট অন্যান্য কাজের টেন্ডাডার করে পছন্দের ঠিকাদারকে একই প্রক্রিয়ায় কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এই কাজে বরাদ্দ ছিলো প্রায় ২ কোটি ১৮ লক্ষ টাকা। ১১৯০০১৪ টেন্ডার আইডির মাধ্যমে সুপ্রীমকোর্ট মাজার মসজিদের জন্য আরো একটি ৬৩০ কেজি প্যাসেঞ্জার লিফট সরবরাহ স্থাপণসহ সংশ্লিষ্ট অন্যান্য কাজের নামে টেন্ডার আহ্বান করে একই প্রক্রিয়ায় পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয় দুর্নীতিবাজ প্রকৌশলী তামজীদ-সূলতানা চক্র। এই কাজে বরাদ্দ ছিলো ৮৩ লক্ষ ৪৯ হাজার টাকা। এই কাজগুলোর টেন্ডার প্রত্রিয়া নিয়ে সাধারণ ঠিকাদারদের অসংখ্য অভিযোগ রয়েছে।
আরও পড়তে পারেন: গণপূর্ত ই/এম-৫ এর কর্মকর্তা/কর্মচারীরাও করেন ঠিকাদারী ব্যবসা!
এছাড়াও সুপ্রীমকোর্ট মাজার মসজিদের নামে তিন গ্রুপে ফায়ার এক্সটিনগুইসার সরবারাহ ও স্থাপণ (প্রতি গ্রুপে বরাদ্দ ৫ লক্ষ ২১ হাজার টাকা করে), ১টি ১০০০ কেজি ফায়ার কাম প্যাসেঞ্জার লিফট সরবারাহ ও স্থাপণ (বরাদ্দ ২ কোটি ৪৭ লক্ষ ৭০ হাজার টাকা), ফোর্স ভেন্টিলেশন সিষ্টেম (বরাদ্দ ১ কোটি ৯৯ লক্ষ ৯৪ হাজার টাকা), সোলার সিষ্টেম সার্জ প্রটেকশন সিস্টেম বিশেষ আলোকসজ্জাকরন ও কম্পাউন্ড সিকিউরিটি লাইট গার্ডেন লাইট ও পাম্প মোটর সেট (বরাদ্দ ১ কোটি ৬২ লক্ষ ৬০ হাজার টাকা), সাউন্ড সিস্টেম সিকিউরিটি সিস্টেম সিসিটিভি সিস্টেম পিএবিএক্স ইন্টারকম ও নেটওয়ার্কিং সিস্টেম সরবরাহ ও স্থাপণ (বরাদ্দ ৫৫ লক্ষ ৩৫ হাজার টাকা) এবং ৬ কোটি ৭৭ লক্ষ ৯১ হাজার ১শ’ ৭ টাকা বরাদ্দে ভিআরএফ ও স্পিলিট টাইপ এয়ারকুলার সিস্টেম সরবরাহ স্থাপণসহ অন্যান্য সংশ্লিষ্ট কাজের নামে ইতোমধ্যে পূর্ণ বরাদ্দ মোটা অংকের ঘুষ নিয়ে চেক দেওয়া হয়েছে। এতে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন প্রকৌশলী তামজীদ ও রাজিয়া সুলতানা। কিন্তু ওই সকল মালামাল কোথায় আছে কী-ভাবে পড়ে আছে বা আদৌ মালামাল সরবরাহ নেওয়া হয়েছে কী-না এ বিষয়ে কোন প্রকৌশলীই সদুত্তর দিতে পারেনি।
শুধু তাই নয়, প্রকৌশলী রাজিয়া সুলতানা পার্সেন্টেজ বাণিজ্য আর লুটপাটের সালতানাত খুলে বসেছেন তার সাবডিভিশনে। বেপরোয়া ও সর্বগ্রাসী ঘুষ বাণিজ্যের কারণে প্রকৌশলী রাজিয়া সুলতানাকে ‘তামজীদের সুলতানা’ বলে যাকেন ভূক্তভোগী ঠিকাদারগণ। এই সাবডিভিশনের আওতায় কাজপ্রাপ্ত বেশীর ঠিকাদারকেই ফিল্ডে গিয়ে কাজ করতে হয় না। কাজ বাবদ ৫০% বা এর চেয়ও বেশী টাকা আদায় করে থাকেন এই ‘কাল্ নাগিনী’ রূপধারী প্রকৌশলী রাজিয়া সুলতানা। তিনি ইতোপূর্বে রংপুর ডিভিশনে থাকতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নভো থিয়েটারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ইলেকট্রো-মেকানিক্যাল কাজে সিডিউল বহির্ভূতভাবে নি¤œমানের কাজ করিয়ে এবং প্রকৌশলগত বিভিন্ন ফাঁক-ফোকরে অনিয়মের আশ্রয় নিয়ে কয়েক কোটি টাকা লোপাট করেন বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। এ নিয়ে বিস্তারিত থাকছে পরবর্তীতে।
উল্লেখ্য প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারীদের বক্তব্য ও সংশ্লিষ্ট সূত্রের দাবির ভিত্তিতে উপস্থাপিত। -

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি“সবুজ বাংলাদেশ গড়তে একটি করে গাছ লাগান”—এই স্লোগানকে সামনে রেখে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ‘সবুজ বাংলাদেশ’ প্রতিষ্ঠার ঐতিহাসিক অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে।
আজ ২২ জুলাই ২০২৬, বুধবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিনে শিবগঞ্জের সোনামসজিদ ডিগ্রি কলেজ সম্মুখ থেকে ট্রাক টার্মিনাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুল, ফল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিনের এই শেষ পর্বের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) জনাব সৈয়দ শাহীন শওকত।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে দলীয় নেতাকর্মীসহ দেশের প্রতিটি সচেতন নাগরিককে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীবৃন্দ। দুই দিনব্যাপী এই সফল আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
-

ধনবাড়ীতে বাড়িতে ভাঙচুর, মাদক ব্যবসার অভিযোগ ঘিরে উত্তেজনা
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নিজবর্ণি গ্রামের সওদাগরপাড়ায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে শামীম (৪৫) নামে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা প্রায় ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শামীম এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদের দাবি, শামীমের শ্যালিকা ইয়াসমিন ও তার স্বামী মুসলিমও এ কাজে সহযোগিতা করেন। এলাকাবাসীর ভাষ্য, মাদকের বিস্তারে তরুণ সমাজ বিপথগামী হয়ে পড়ায় তারা ক্ষুব্ধ ছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা শুভ বলেন, “মাদকের কারণে আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই আমরা চাই গ্রাম থেকে মাদকের বিস্তার বন্ধ হোক এবং কেউ যেন আর এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে না পারে।”
আরেক বাসিন্দা সাজন বলেন, “যারা মাদকের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ থাকবে। আমাদের লক্ষ্য একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা।”
সওদাগরপাড়া এলাকার সভাপতি মো. খোকনের দাবি, শামীমের বিরুদ্ধে এর আগেও একাধিকবার মাদক ব্যবসার অভিযোগ উঠেছিল। তিনি বলেন, “স্থানীয়ভাবে বহুবার তাকে সতর্ক করা হয়েছে। সাবেক পৌর মেয়র মনিরুজ্জামান বকলও বিষয়টি নিয়ে কয়েক দফা সালিশ করেছেন। এরপরও অভিযোগের পরিবর্তন না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।”
এদিকে, শামীমের মেয়ে শান্তা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বাবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। দুপুরে পুলিশ আমাদের বাড়িতে এসেছিল। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরই একদল লোক বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তবে আইন হাতে তুলে নেওয়া কোন ভাবেই কাম্য নয।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নুরজাহান আক্তার সাথী বলেন, “এ পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
-

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: রবির দুই দিনের রিমান্ড মঞ্জুর
নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড। পুলিশ পাহারায় আসামি রবিউল শিকদার ওরফে রবি। নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল শিকদার ওরফে রবির (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে একই গ্রামের রবিউল শিকদার ওরফে রবির বিরুদ্ধে।
নিহতের স্বজনদের অভিযোগ, রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। সে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ করেন। এছাড়া ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন স্বজনরা।
সোমবার রাতে নিহতের বাবা সদর থানায় মামলা করেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত রবিউল শিকদার রবিকে আটক করে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, আদালতের আদেশের পর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রবিউল শিকদার রবিকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নেওয়া হয়েছে। মামলার তদন্ত ও অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে। -

বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মতবিনিময়
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সখিনা আক্তারের সঙ্গে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সখিনা আক্তার।
সভায় বক্তারা বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে মাদক নির্মূল, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নসহ জনসেবার মান বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সাংবাদিক ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মিয়া, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা সুলতান আহমদ, সেক্রেটারি মো. হোসেন আহমদ, সাংবাদিক শফিউল আলম, এনসিপি প্রতিনিধি শাহ রাকিব, শাহনুর আলম, জমিয়ত প্রতিনিধি মাওলানা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রতিনিধি সৈয়দ জসিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
নবাগত ইউএনও সখিনা আক্তার উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, বিশ্বম্ভরপুর উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা হবে। এ জন্য তিনি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বম্ভরপুর উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।