Blog

  • মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি

    মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি

    মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে ছোট বোনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বড় বোনসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    নিহতরা হলো মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে রাফিয়া (০৩) এবং তার আপন ভাই আলিনুরের মেয়ে রাইসা (০২)।
    পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ সকাল ১১ ঘটিকায় রাফিয়া ও রাইসা বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে ছোট্ট রাইসা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে রাফিয়া পানিতে ঝাঁপ দিলে সেও তলিয়ে যায়।

    পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত দুই শিশুকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
    স্থানীয়রা জানান, একসঙ্গে দুই নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে মৌশা গ্রামজুড়ে শোকের মাতম বিরাজ করছে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

    মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
    মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি

    সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-সংক্রান্ত একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দৈনিক ‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-কে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। বিতর্কিত সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয়। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গ্রেফতার এবং আটকের সময় হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মহাসচিব মোহাম্মদ মাসুদ ও ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেক মোহাম্মদ পাভেল সহ
    সহকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ।

    ভুক্তিভোগী পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-সংক্রান্ত খবরটি প্রকাশের পরপরই শাহবাগ থানার এসআই জিয়াউল একদল পুলিশ নিয়ে তাকে খুঁজতে তৎপর হন। পরবর্তীতে রাতে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, হাফিজুর রহমানকে আটকের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিক এবং মামলার বাদী সাদ্দাম (ফায়ার সার্ভিসের একজন কর্মচারী) তাকে প্রকাশ্য গালিগালাজ ও মানসিক হেনস্তা করেন। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হয়।

    সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর বড় আঘাত হিসেবে দেখছেন। এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে এভাবে তড়িঘড়ি করে হয়রানি বা আটক করা স্বাধীন গণমাধ্যমের জন্য চরম উদ্বেগজনক। এটি স্পষ্টতই কণ্ঠরোধের অপচেষ্টা।

    বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তি, দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আটকের সময় সাংবাদিককে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

  • নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

    নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

    নরসিংদীর শিবপুরে পোল্ট্রি মুরগি ও ডিম উৎপাদনে ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়া এবং বাজারে করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব এবং পোলট্রি খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন পোলট্রি খামারি ও ডিলাররা। পরে তাঁরা সড়কে ডিম ভেঙ্গে প্রতীকী প্রতিবাদ জানান।
    মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে সড়কে এ মানববন্ধন হয়। নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক পোলট্রি খামারি, ডিলার ও ব্যবসায়ী অংশ নেন।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পোল্ট্রি খামার রক্ষা কর, সিন্ডিকেট ধ্বংস কর, ‘পোল্ট্রি খামার বাচাও, পোল্ট্রি ব্যবসায়ী বাচাও. ‘পোলট্রি মুরগী ও ডিম উৎপাদনের খরচ বেশি এবং বিক্রয় মূল্য কম থাকা, ‘পোল্ট্রি খাদ্যের অসহনীয় মূল্য বৃদ্ধি ও নিম্ন মানের খাদ্য উৎপাদনের প্রতিবাদ, এবং ‘করপোরেট কোম্পানির ডিম উৎপাদন বন্ধ করো, খামারিদের রক্ষা করো’—এমন নানা দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কর্মসূচির একপর্যায়ে নিজেদের উৎপাদিত ডিম সড়কে ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান।

    খামারিরা বলেন, পোলট্রি খাদ্য, একদিনের বাচ্চা ও ঔষধের দাম বৃদ্ধি পেলেও উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য মিলছে না। এতে উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে অনেক ক্ষুদ্র ও মাঝারি খামারিরা খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।
    খামারিদের অভিযোগ, বাজারে মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও করপোরেট প্রতিষ্ঠানের প্রভাবের কারণে উৎপাদকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন না।

    পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, পোলট্রি খাত দেশের খাদ্যনিরাপত্তা ও প্রাণিজ আমিষের অন্যতম প্রধান ভিত্তি। খামারিদের স্বার্থ রক্ষায় ও পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশের খামারিদের নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

    মানববন্ধনে বক্তব্য দেন নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মো: ওমর ফারুক, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (মেজু), সিনিয়র সহসভাপতি মো: ওসমান মিয়া, সহসভাপতি সাইদুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, শিবপুর উপজেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী রাসেল মুন্সিসহ বিভিন্ন উপজেলার পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের উত্তর মালঞ্চা গ্রামের পাশে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

    নিহত কিশোরের নাম মহাদেব (২৪) । তিনি কাটাবাড়ি এলাকার সুভাষের ছেলে বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মহাদেবসহ চার বন্ধু টাঙ্গন নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা নদীর এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিন বন্ধু নিরাপদে নদী পার হতে সক্ষম হলেও মহাদেব নদীর মাঝপথে পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।

    ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর স্থানীয় জনতা ও উদ্ধারকর্মীদের সহযোগিতায় নদী থেকে মহাদেবের মরদেহ উদ্ধার করা হয়।

    উদ্ধারের পর মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

    স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে টাঙ্গন নদীতে পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় নদীতে গোসল ও সাঁতার কাটার সময় সবাইকে সতর্ক থাকা প্রয়োজন।

  • ফুটপাত দখলে জনদুর্ভোগ চরমে, ঝুঁকি নিয়ে সড়কে হাঁটছেন পথচারীরা

    ফুটপাত দখলে জনদুর্ভোগ চরমে, ঝুঁকি নিয়ে সড়কে হাঁটছেন পথচারীরা

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দিন দিন বাড়ছে ফুটপাত দখলের প্রবণতা। দোকানপাটের মালামাল ফুটপাতে ফেলে রাখা, অস্থায়ী দোকান বসানো এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে পথচারীদের জন্য নির্মিত ফুটপাত এখন প্রায় অচল হয়ে পড়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা বাড়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছে চরম জনদুর্ভোগ। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এ সমস্যা থেকে পরিত্রাণের কোনো উপায় নেই।

    স্থানীয় সূত্রে জানা গেছে, পানছড়ি বাজার থেকে লোগাং ও গৌরাঙ্গপাড়া সড়কের দুই পাশে স্থায়ী দোকানগুলোর অনেকাংশই ফুটপাত ও সড়ক দখল করে রয়েছে। বিশেষ করে হার্ডওয়্যার ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ব্যবসায়ীরা ফুটপাতের ওপর রড, সিমেন্ট, পানির ড্রাম, লোহার যন্ত্রাংশসহ বিভিন্ন নির্মাণসামগ্রী দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন। এছাড়া ফুটপাতজুড়ে অস্থায়ী দোকান, পসরা ও অন্যান্য স্থাপনা গড়ে ওঠায় পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরাও উৎপাদিত কৃষিপণ্য নিয়ে বাধ্য হয়ে সড়কের ওপর বসে বিক্রি করছেন।

    স্থানীয় পথচারীদের অভিযোগ, ফুটপাত ব্যবহার করার সুযোগ না থাকায় শিশু, নারী ও বয়স্কদের সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফুটপাতে হাঁটার কোনো জায়গাই নেই। বাধ্য হয়ে আমাদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

    স্থানীয় অটোরিকশাচালক কবির হোসেন বলেন, “ফুটপাত দখল হয়ে থাকায় রাস্তা অনেক সংকুচিত হয়ে গেছে। তার ওপর অতিরিক্ত ব্যাটারিচালিত ইজিবাইকের কারণে যাত্রীদের রাস্তার ওপরই ওঠানামা করতে হয়। বড় যানবাহন এলে সাইড দিতে সমস্যা হয়। ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।”

    এ বিষয়ে পানছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. হেদায়েত তালুকদার বলেন, “আগেও বাজারের ব্যবসায়ীদের ফুটপাত পরিষ্কার রাখার জন্য অনুরোধ করা হয়েছে। প্রশাসন যদি অবৈধ দখল উচ্ছেদে উদ্যোগ নেয়, বাজার পরিচালনা কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে।”
    পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা বলেন, “এটি প্রশাসনিক বিষয়। প্রশাসন চাইলে সহজেই সমাধান করতে পারে। উচ্ছেদ অভিযানে আমাদের প্রয়োজন হলে আমরা অবশ্যই সহযোগিতা করব।”

    পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। বাজার পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    স্থানীয় সচেতন মহলের দাবি, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা, নিয়মিত তদারকি এবং ফুটপাত দখল রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। তাদের ভাষ্য, “ফুটপাত পথচারীদের জন্য—এটি দখলমুক্ত রাখা শুধু প্রশাসনের নয়, সংশ্লিষ্ট সবার দায়িত্ব।”

  • সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম

    সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম

    পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। এসএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম।

    অন্যদিকে, বর্তমান কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

    মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়। উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

    গুরুত্বপূর্ণ অন্য পরিবর্তনগুলোর মধ্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তার স্থলে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

    এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ সদর দপ্তর, সিআইডি, শিল্পাঞ্চল পুলিশ এবং পাবনা জেলা পুলিশসহ বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

    সরকারের নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে কর্মস্থলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

  • ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি

    ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি

    শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

    বুধবার ২২জুলাই ২০২৬
    খুলনা বিভাগের ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের ঐতিহাসিক টিপনা গ্রাম। সরকার ঘোষিত ‘গ্রাম হবে শহর’ অর্থাৎ ‘আদর্শ গ্রাম’ রূপকল্পের আওতায় এই গ্রামে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক নাগরিক অবকাঠামোর ছোঁয়া লেগেছে। দৃশ্যমান উন্নয়ন হয়েছে জীবনযাত্রায়। তবে গ্রামীণ শিক্ষার মূল কেন্দ্রবিন্দু ‘টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়’-টি আজও সরকারি করার সুযোগ পায়নি। ফলে শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়া নিয়ে তৈরি হয়েছে হতাশা।

    এলাকার বিশিষ্ট সমাজসেবক বয়োজ্যেষ্ঠ শেখ আবুল হোসেন বলেন:
    “টিপনা গ্রামটি অবকাঠামোগতভাবে মডেল গ্রামে পরিণত হলেও শিক্ষার প্রধান প্রাণকেন্দ্রটি অবহেলিত রয়ে গেছে। ডুমুরিয়ার এই অঞ্চলে বহু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তানরা পড়াশোনা করে। বিদ্যালয়টি সরকারি হলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সংকট ভুলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারবে। সরকারের উচিত এই অঞ্চলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির প্রতি দ্রুত ইতিবাচক নজর দেওয়া।”

    বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান বলেন:
    “আমাদের বিদ্যালয়টি খর্নিয়া ইউনিয়ন তথা পুরো ডুমুরিয়ার মধ্যে অন্যতম প্রাচীন ও সুনামধন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান। পাবলিক পরীক্ষাগুলোতে আমাদের ফলাফলের রেকর্ড অত্যন্ত ঈর্ষণীয়। টিপনা গ্রামটি এখন ‘আদর্শ গ্রাম’ হিসেবে রূপ নিয়েছে—রাস্তাঘাট ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণসহ ব্যাপক আধুনিকায়ন হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এ অঞ্চলের আলোর দিশারী এই মাধ্যমিক বিদ্যালয়টি এখনও সরকারি করা হয়নি। বিদ্যালয়টি সরকারি করা হলে এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা নামমাত্র খরচে উন্নত মানসম্মত শিক্ষা পাবে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত এই বিদ্যালয়টি জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।”

    বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আমজাদ হোসেন বলেন:
    “এলাকার শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার দূরদর্শী স্বপ্ন নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। বিগত বছরগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রম ও স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয়টি প্রশংসনীয় ফলাফল অর্জন করে আসছে। ‘গ্রাম হবে শহর’ পরিকল্পনার রূপায়ণ সম্পূর্ণ হবে তখনই, যখন গ্রামের এই বাতিঘরটি সরকারি স্বীকৃতি পাবে। জীবনের এই সায়াহ্নে এসে আমার আকুল আবেদন—সরকার যেন অবিলম্বে বিদ্যালয়টিকে সরকারি ঘোষণা করে খর্নিয়া ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে।”

    ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস বলেন:
    “টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার পরিবেশ এবং সার্বিক কার্যক্রম বেশ সন্তোষজনক। গ্রামীণ পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রসারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারীকরণ সম্পূর্ণ নীতিগত এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। তবে নীতিমালার আলোকেও যদি কোনো যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে থাকে, তবে এটি তার মধ্যে অন্যতম। যদি বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্রসহ সরকারি করার আবেদন বা প্রস্তাব পাঠায়, আমরা যথাযথ প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ প্রেরণ করব।”

    ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার জানান:
    “প্রধানমন্ত্রীর ‘গ্রাম হবে শহর’ দূরদর্শী ধারণার মধ্য দিয়ে টিপনা গ্রামে রাস্তাঘাট ও ড্রেনসহ অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। শিক্ষার উন্নয়ন ছাড়া একটি গ্রামের প্রকৃত রূপান্তর অসম্ভব। টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়টি সরকারি করার বিষয়ে স্থানীয়দের এই দাবিটি অত্যন্ত যৌক্তিক। আমরা বিষয়টি ইতিবাচকভাবে দেখছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন সাপেক্ষে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে আমরা দ্রুতই ঊর্ধ্বমুখী কর্তৃপক্ষের কাছে সুপারিশ ফাইল পাঠাব।”

    বর্তমানে খুলনা জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) হিসেবে দায়িত্ব পালন করছেন এস, এম, ছায়েদুর রহমান বলেন:
    “সরকারের নীতিমালা অনুযায়ী বিভিন্ন মেয়াদে মাধ্যমিক বিদ্যালয় সরকারি করার প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। খর্নিয়া ইউনিয়নের টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়টির ভৌগোলিক অবস্থান, শিক্ষার্থী সংখ্যা ও ভূমির মালিকানা সংক্রান্ত তথ্যাদি যাচাই করা হবে। উপজেলা পর্যায় থেকে প্রস্তাবনা ও পরিদর্শন প্রতিবেদন আমাদের কাছে এলে, তা অগ্রাধিকার ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।”
    স্থানীয়দের দাবি ও প্রত্যাশা টিপনা গ্রামের সাধারণ বাসিন্দা এবং অভিভাবকরা জানান, গ্রামের অবকাঠামোগত উন্নয়ন তাদের জীবন মান বাড়িয়েছে ঠিকই, কিন্তু এলাকার ঐতিহ্যবাহী একমাত্র মাধ্যমিক বিদ্যালয়টি সরকারি না হওয়ায় শিক্ষা খাত কিছুটা পিছিয়ে রয়েছে। অতি দ্রুত ‘টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়’-টিকে সরকারি ঘোষণা করে খর্নিয়া ইউনিয়নের শিক্ষার পূর্ণ রূপান্তর ঘটানোর জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ডুমুরিয়াবাসী।

  • ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত সংবাদকর্মী আরাফাত সানী, মুক্তির পর যা বললেন

    ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত সংবাদকর্মী আরাফাত সানী, মুক্তির পর যা বললেন

    দীর্ঘ ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন টেকনাফের সংবাদকর্মী আরাফাত সানী। কারামুক্ত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের গ্রেপ্তার, মামলা ও কারাভোগের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করেন।

    আরাফাত সানীর ভাষ্য, তিনি কোনো মাদক বা অস্ত্র-সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাঁর দাবি, প্রশাসনের কিছু সদস্য তাঁকে ডেকে নিয়ে যাওয়ার পর ইয়াবা ও অস্ত্র উদ্ধারের অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি বানোয়াট মামলা দায়ের করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি বলেন, ওই ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না এবং তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে।

    তিনি আরও অভিযোগ করেন, একজন সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় গণমাধ্যমে তুলে ধরার কারণেই তিনি হয়রানির শিকার হয়েছেন।

    কারাভোগের অভিজ্ঞতা তুলে ধরে আরাফাত সানী বলেন, ছয় মাস কারাগারে থাকার কারণে তিনি ও তাঁর পরিবার চরম দুর্ভোগের মধ্যে পড়েন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

    মুক্তির পর তিনি আরও বলেন, তাঁর ব্যক্তিগত পর্যবেক্ষণে কারাগারে থাকা প্রায় তিন হাজার বন্দির মধ্যে অন্তত এক হাজার ব্যক্তি নিরপরাধ এবং মিথ্যা মামলার শিকার। তিনি নিজেও এমন একটি মামলার ভুক্তভোগী বলে দাবি করেন। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

    এদিকে, আরাফাত সানীর জামিনে মুক্তিকে স্বাগত জানিয়েছেন তাঁর সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। তারা আশা প্রকাশ করেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলার প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

    উল্লেখ্য, আরাফাত সানীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো তাঁর নিজস্ব বক্তব্য। মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযোজন করা হবে।

  • লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী

    লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী

    লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর গচ্ছিত রাখা অস্ত্রের সন্ধান আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দিয়ে স্বামী আবুল হোসেনকে ফাঁসিয়ে দিলেন স্ত্রী খালেদা আক্তার। ঘটনাটি ঘটেছে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরান বেড়ী এলাকায় আবুল সরদারের বাড়িতে। মঙ্গলবার ২১ জুলাই গভীর রাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও হামলায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন সর্দার পেশায় একজন জেলে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে তাঁর স্ত্রী খালেদা আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় ফাঁড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে ঘর থেকে বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে।

    এলাকাবাসীর অভিযোগ, এসব অস্ত্র কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের দাবি, অস্ত্র মজুতের নেপথ্যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করা হোক।
    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় আমরা আতঙ্কিত। প্রশাসনের কাছে আমাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

    এ বিষয়ে স্থানীয়রা লক্ষ্মীপুর জেলা পুলিশ ও রায়পুর থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

    এ ঘটনায় অভিযুক্ত আবুল হোসেন সর্দারকে পাওয়া না যাওয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, পারিবারিক বিষয়াদি
    আবুল হোসেন সর্দারের সঙ্গে তাঁর স্ত্রী খালেদা আক্তারের বিরোধ চলছিল। আবুল হোসেন নদীতে মাছ ধরতে গেলে খালেদা পুলিশকে অস্ত্র থাকার বিষয়টি অবগত করেন। পরে পুলিশ ধারালো অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ উপকৃত হবেন ২৪ হাজারের বেশি মানুষ, কমবে জলাবদ্ধতা, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন

    রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ উপকৃত হবেন ২৪ হাজারের বেশি মানুষ, কমবে জলাবদ্ধতা, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন

    এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্ষায় জলাবদ্ধতায় নষ্ট হতো ফসল, আর শুষ্ক মৌসুমে দেখা দিত তীব্র সেচ সংকট। দীর্ঘদিনের সেই দুর্ভোগ কাটিয়ে এখন নতুন সম্ভাবনার পথে হাঁটছে ঝালকাঠির রাজাপুর উপজেলা। বিভিন্ন খাল পুনঃখননের ফলে ফিরছে পানির স্বাভাবিক প্রবাহ। এতে কৃষি, মৎস্য, পরিবেশ ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সরাসরি উপকৃত হবেন ২৪ হাজারেরও বেশি মানুষ। দীর্ঘদিন অবহেলা, ময়লা-আবর্জনা ও পলি জমে উপজেলার বিভিন্ন এলাকার খাল ভরাট হয়ে পড়েছিল। ফলে বর্ষায় সৃষ্টি হতো জলাবদ্ধতা এবং শুকনো মৌসুমে দেখা দিত সেচ সংকট। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়তেন কৃষক ও সাধারণ মানুষ। এ অবস্থায় সরকারের ‘সারা দেশের পুকুর-খাল উন্নয়ন’ (আইপিসিপি) এবং ‘জলবায়ু ও দুর্যোগ সহনশীল পানি সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন করা হয়েছে।

    উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ধানসিঁড়ি নদী থেকে পিংড়ি হয়ে কাঠাখালী পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখননে ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকা। এতে উপকৃত হবেন প্রায় ৫ হাজার মানুষ।
    সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার ৮০০ মিটার খাল পুনঃখননে ব্যয় হয়েছে ১৬ লাখ টাকা। এর সুফল পাবেন প্রায় ৩ হাজার ৫০০ মানুষ। রাজাপুর সদর ইউনিয়নের মরিচবুনিয়া খালের ১ হাজার ২০০ মিটার পুনঃখননে ব্যয় হয়েছে ১৪ লাখ ১৩ হাজার টাকা। এতে উপকৃত হবেন প্রায় ১২ হাজার ৫০ জন। তুলাতলি এলাকার ২ হাজার ৯০০ মিটার খাল পুনঃখননে ব্যয় হয়েছে ৩৪ লাখ ৪০ হাজার টাকা। এর সুফল পাবেন প্রায় ২ হাজার ৫০০ মানুষ। এছাড়া রাড়িবাড়ি খালের ১ হাজার ২০০ মিটার পুনঃখননে ব্যয় হয়েছে ১৪ লাখ ৫ হাজার টাকা। এতে উপকৃত হবেন আরও প্রায় ১ হাজার ৪০০ মানুষ। সব মিলিয়ে পাঁচটি প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছেন ২৪ হাজারেরও বেশি মানুষ।

    খাল পুনঃখননের সুফল শুধু কৃষিতেই সীমাবদ্ধ নয়। পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় দেশীয় মাছের আবাসস্থল তৈরি হয়েছে। দীর্ঘদিন পানির সংকটে থাকা মানুষ এখন সহজেই দৈনন্দিন কাজে পানি ব্যবহার করতে পারছেন। পাশাপাশি খালের দুই পাড় দিয়ে চলাচলের সুবিধা সৃষ্টি হওয়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছে।

    স্থানীয় কৃষক রিপন সিকদার, কাদের সিকদার, করিম তাদের ভাষ্য, আগে খালে পানি না থাকায় জমিতে সেচ দিতে চরম ভোগান্তি হতো। এখন সহজেই পানি পাওয়া যাবে। এতে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়বে বলে তারা আশা করছেন। স্থানীয় বাসিন্দা শিখারানি, মনিকা রায়, শেফালি বেগম জানান, খাল ভরাট থাকায় রান্না, গোসলসহ নিত্যপ্রয়োজনীয় কাজে পানির সংকট ছিল নিত্যদিনের ঘটনা। খাল পুনঃখননের ফলে সেই দুর্ভোগ অনেকটাই দূর হয়েছে। বিশেষজ্ঞদের মতে, খালের স্বাভাবিক প্রবাহ ফিরলে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বৃদ্ধি পায়, জীববৈচিত্র্য সংরক্ষিত হয় এবং দেশীয় মাছের আবাসস্থল তৈরি হয়। একই সঙ্গে জলাবদ্ধতা কমে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে। তবে স্থানীয়দের দাবি, শুধু খাল পুনঃখনন করলেই হবে না; নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে আবারও খাল ভরাট হয়ে একই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

    রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, সরকারি নিয়ম অনুযায়ী খালগুলো খনন করা হয়েছে। এর ফলে কৃষি ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। তিনি জানান, আইপিসিপি এবং জলবায়ু ও দুর্যোগ সহনশীল প্রকল্পের আওতায় ধানসিঁড়ি-পিংড়ি-কাঠাখালী, উত্তর তারাবুনিয়া, তুলাতলি, রাড়িবাড়ি ও মরিচবুনিয়া খাল পুনঃখনন সম্পন্ন হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

    একসময় যে খাল ছিল দুর্ভোগের প্রতীক, পুনঃখননের পর সেই খালই এখন হয়ে উঠছে কৃষক ও সাধারণ মানুষের আশার প্রতীক। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে রাজাপুরের এই খালগুলো দীর্ঘদিন ধরে কৃষি, পরিবেশ, মৎস্যসম্পদ ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তথ্যছক (বক্স)
    রাজাপুরে পুনঃখনন করা পাঁচ খাল
    ধানসিঁড়ি-পিংড়ি-কাঠাখালী খাল — ৭ কিমি — ব্যয় ১.২৫ কোটি টাকা — উপকারভোগী ৫,০০০ জন
    উত্তর তারাবুনিয়া খাল — ৮০০ মিটার — ব্যয় ১৬ লাখ টাকা — উপকারভোগী ৩,৫০০ জন
    মরিচবুনিয়া খাল — ১,২০০ মিটার — ব্যয় ১৪.১৩ লাখ টাকা — উপকারভোগী ১২,০৫০ জন
    তুলাতলি খাল — ২,৯০০ মিটার — ব্যয় ৩৪.৪০ লাখ টাকা — উপকারভোগী ২,৫০০ জন
    রাড়িবাড়ি খাল — ১,২০০ মিটার — ব্যয় ১৪.০৫ লাখ টাকা — উপকারভোগী ১,৪০০ জন
    মোট উপকারভোগী: ২৪ হাজারের বেশি মানুষ।