Blog

  • টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক ২

    টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক ২

    কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
    বিজিবি সূত্রে জানা যায়, গত ২০ জুলাই দিবাগত রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক-এর পরিকল্পনা ও নির্দেশনায় খুরেরমুখ চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকার আলীরডেইল এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
    অভিযান চলাকালে রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে শীলখালী থেকে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালক ও পেছনের আসনে থাকা যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটি তল্লাশি করে সিএনজির পেছনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের অভিযোগে সিএনজির চালক ও যাত্রীকে আটক করা হয়।
    আটক ব্যক্তিরা হলেন— টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেক (পিতা: এনায়েত আলী) এবং সাবরাং ইউনিয়নের হাদুরছড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আমিন (২২) (পিতা: আবুল মনসুর)।
    অভিযানে উদ্ধারকৃত ৬০ লিটার দেশীয় চোলাই মদ, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোনের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
    টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
    আটক দুই আসামি এবং জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কাশিয়ানী থানার মাহফুজুর রহমান

    গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কাশিয়ানী থানার মাহফুজুর রহমান

    লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি

    আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে গোপালগঞ্জ জেলার জুন ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান।

    রবিবার ২০ জুলাই ২০২৬ দুপুর ২টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

    সভার শেষে পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ওসি হিসেবে ওসি মাহফুজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একইসাথে জেলার শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ কনস্টেবলদেরকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাসানুর রহমান। এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টরবৃন্দ এবং বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে আগত পুলিশ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

    পুলিশ সুপার তার বক্তব্যে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা, জনসেবা নিশ্চিত করা এবং মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

  • গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে।

    গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে।

    গাইবান্ধা সদর সাব রেজিস্ট্রার মানুষের সমাগম হচ্ছে তবে সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ, অফিস চত্বরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা ও জনভোগান্তির চিত্র চোখে পড়ছে।
    সরেজমিনে দেখা যায়, অফিসের সামনে অসংখ্য মোটরসাইকেল এলোমেলোভাবে রাখা রয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অফিসে প্রবেশ ও বের হওয়ার পথেও সৃষ্টি হয়েছে তীব্র ভিড়। প্রয়োজনীয় শৃঙ্খলা ও ব্যবস্থাপনার অভাব থাকায় সেবা নিতে আসা অনেককেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

    অফিস চত্বরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। কাদা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সেবাপ্রার্থীরা।

    সেবা নিতে আসা অনেকেই জানান, সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। পর্যাপ্ত বসার ব্যবস্থা ও অপেক্ষমাণ মানুষের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে বলে তারা অভিযোগ করেন। বয়স্ক, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা কোনো সুবিধা দৃশ্যমান নয় বলেও অনেকের মন্তব্য।

    স্থানীয়দের মতে, একটি গুরুত্বপূর্ণ সরকারি সেবা প্রতিষ্ঠানে প্রতিদিন শত শত মানুষ আসলেও পার্কিং ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, জনসাধারণের চলাচলের সুবিধা এবং শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

    জনসচেতন মহলের দাবি, সরকারি অফিসে সেবার পাশাপাশি পরিবেশও জনবান্ধব হওয়া জরুরি। তাই দ্রুত পরিচ্ছন্নতা বৃদ্ধি, নির্ধারিত পার্কিং ব্যবস্থা, পর্যাপ্ত বসার স্থান, সুষ্ঠু সারিবদ্ধ ব্যবস্থাপনা এবং সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন

  • টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

    টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

    -বিশ্বজিৎ চক্রবর্তী
    টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

    কয়েকদিনের টানা বৃষ্টি ও বর্ষা মৌসুম হওয়ায় যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে দ্রুত বৃদ্ধি পেয়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে পরিস্থিতি অবলোকনের জন্য এলাকায় জনসাধারণের আনাগোনা বেড়েছে। যমুনায় প্রচণ্ড স্রোতের তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ভাঙন রক্ষায় রাত দিন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আজ সোমবার দুপুরে গিয়ে ভাঙন কবলিত এলাকায় গিয়ে দেখা যায়, তারাকান্দি- ভূঞাপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গোপালপুর উপজেলার শাখারিয়ার স্লুইসগেট অংশের বিধ্বস্ত বাঁধের প্রায় একশ ফুট অংশে জিও ব্যাগ ডাম্পিং করছে পাউবো। পাশাপাশি স্হানীয় জনসাধারণ নিজ উদ্যোগেও গাছের ডালপালা কেটে ভাঙন এলাকার নদীতীরে ফেলছে। ভাঙন কবলিত এলাকায় বাঁধ পরিদর্শনে আসেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, সার্বিক পরিস্থিতির বিষয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন।এছাড়াও পরিদর্শনে আসেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল ইসলাম। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় সংবাদকর্মীদের জানান, পানি বাড়ায় নদীতে স্রোতের প্রচণ্ড চাপ রয়েছে। পাউবো বিপুল পরিমান জিও ব্যাগ সরবরাহ করেছেন। প্রবাহমান নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে এসব জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। মানুষের মধ্যে যে ভীতি ছিল তা কিছুটা কমে এসেছে। বাঁধের উপর নির্মিত তারাকান্দি-
    ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কে দ্বিতীয় দিনের মতো সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। বাঁধটি ঝুঁকিপূর্ণ বিধায় স্থানীয় প্রশাসন যান চলাচলে এমন নির্দেশনা দিয়েছেন। গোপালপুর উপজেলার হেমনগর ফাড়ির পুলিশ জানায়, সকল প্রকার যানবাহন নলিন বাজার হয়ে ঢাকা যাচ্ছে। এছাড়াও অনেক যানবাহন বিকল্প সড়ক হিসেবে গোপালপুর উপজেলা শহরের ভেতর দিয়েও চলাচল করতে দেখা যায়। উজানের পানির প্রবাহে যমুনা নদী এখন অশান্ত। আর এই অশান্ত যমুনাকে বাগে আনা কঠিন। তারপরেও ঝুঁকিপূর্ন বাঁধের অংশে কারিগরী পরীক্ষা চলছে। বাঁধ রক্ষায় সকলেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ডিএনসির মামলা

    চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ডিএনসির মামলা

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর খরবোনা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। সোমবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সদর মডেল থানার দ্বারিয়াপুর খরবোনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি হলেন দ্বারিয়াপুর খরবোনা গ্রামের বাসিন্দা মো. তৌহিদ আহম্মেদ শামীম (২৭)। তিনি মো. ইউসুফ আলী বিশু ও মোছা. তাসলিমার ছেলে। অভিযান চলাকালে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান , জেলার মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • ভোলাহাটে এনজিও কর্মীর বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

    ভোলাহাটে এনজিও কর্মীর বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিজ বাড়িতে একা পেয়ে ছয় বছরের এক কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক এনজিও কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই ) বেলা ১১:৩০ ঘটিকার সময় ভোলাহাট থানার রাধানগর কলোনী এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ রাকিবুল ইসলাম (২৩)। সে পিরোজপুর সদর উপজেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা, পোঃ শাড়িকতলা) গ্রামের মোঃ দেলোয়ার তালুকদারের ছেলে এবং ভোলাহাটে ‘রিক’ (RIC) নামক একটি এনজিওর মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে রাধানগর কলোনীর বাসিন্দা মোঃ জুয়েল মিয়া ও মোসাঃ সুলতানা বেগমের ছয় বছরের শিশুকন্যা বাড়িতে একা ছিল। এ সময় এনজিওর কিস্তির টাকা তুলতে ওই বাড়িতে যান মাঠ কর্মী রাকিবুল ইসলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে সে শিশুটিকে ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনার জানাজানি হলে দ্রুত অভিযান চালিয়ে ভিকটিম শিশুকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত আসামি রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ভোলাহাট থানার ইনচার্জ মোঃ আব্দুল বারিক জানান, ভিকটিম উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • গোমস্তাপুরে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

    গোমস্তাপুরে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

    “সবুজায়ন বাংলাদেশ গড়ার প্রত্যয়” বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার (২০ জুলাই) গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম রতন, যুগ্ম আহ্বায়ক মো. হানিফ, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হক সজীব, মির্জা হাসনাউল হাসান ডাবলু, মো. আনিসুর রহমান, মো. হাসিব আলীসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশ
    বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান। কর্মসূচিতে গোমস্তাপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। কর্মসূচি শেষে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের জন্য স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

  • রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীর হাত পা ভেঙ্গে দিয়েছে পাষন্ড স্বামী

    রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীর হাত পা ভেঙ্গে দিয়েছে পাষন্ড স্বামী

    লক্ষ্মীপুরের রামগঞ্জেবিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে নিষেধ করায় মরিয়ম বেগম (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে তার পাষন্ড-স্বামী জহিরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উপজেলার ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেকের পাশে। বর্তমানে মরিয়ম ৫মাসের শিশু সন্তান নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এলাকাবাসী জানান বিগত ২বছর পূর্বে চট্রগ্রাম থেকে মরিয়মকে বিয়ে করে রামগঞ্জে নিয়ে আসে জহিরুল। পরে ওয়াপদা টেকের পাশে ঘর করে সংসার পাতে তারা। মরিয়মের আত্নীয়-স্বজন না থাকায় জহিরুল সবসময় স্ত্রী মরিয়মের উপর নির্যাতন চালিয়ে আসছিলো। ঘরে ৫মাসের শিশু সন্তান থাকায় রোববার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যেতে বারন করে মরিয়ম। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মরিয়মের হাত-পা ভেঙ্গে পালিয়ে যায়। জহিরুল ব্রহ্মপাড়া ছাড়া বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।
    স্থানীয়রা জানান, জহিরুল একজন মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সাথে জড়িত।
    এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি, আমরা ফেসবুকে ঘটনাটা জেনেছি, খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

    মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে উঠেই দেশের যোগ্য নাগরিক হতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা এবং মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. তোহরুল ইসলাম সোহেল এবং সাবেক শহর শিবির সভাপতি আবু তালেব। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নুসরাত খানম ও আসাদুজ্জামান সাদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন ডা. আয়েশা জুলেখা ও সিটি কলেজের প্রভাষক ফরিদা পারভীন। বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. নেয়ামতুল্লাহ। বক্তারা বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি অভিভাবক, শিক্ষক এবং বিদ্যালয়েরও গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতেও মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে আরও সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

  • মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত গুচ্ছ গ্রামে কোস্ট গার্ডের ত্রান সহায়তা

    মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত গুচ্ছ গ্রামে কোস্ট গার্ডের ত্রান সহায়তা

    মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত গুচ্ছগ্রামের ৬০টি পরিবারের দুর্দশা নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের মনপুরা আউটপোস্টের একটি টিম।

    সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম (৬০ কলোনি) এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরা স্টেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তায় ত্রান বিতরণ করা হয়।

    কয়েকদিন ধরে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে পুরো গুচ্ছগ্রাম প্লাবিত হয়ে পড়ে। এতে অন্তত ৬০টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছে। ঘর পানিতে তলিয়ে যাওয়ায় রান্নাবান্না, শিশুদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। অসহায় পরিবারগুলোর এই দুর্দশার চিত্র ধারাবাহিকভাবে তুলে ধরে মনপুরার একাধিক সাংবাদিক ।

    সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরা স্টেশনের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় মানবিক সহায়তা তুলে দেন।

    সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে তাদের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তবে ভবিষ্যতে এমন দুর্ভোগ এড়াতে দ্রুত ভাঙ্গা বেড়িবাঁধ সংস্কারের দাবি জানান তারা।

    বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

    স্থানীয়দের মতে, একটি সংবাদ শুধু সমস্যার চিত্রই তুলে ধরে না, অনেক সময় সেটিই অসহায় মানুষের জন্য সহায়তার পথও তৈরি করে।গুচ্ছগ্রামের এই ৬০টি পরিবারের ক্ষেত্রেও সেই বাস্তবতার প্রতিফলন ঘটেছে। সংবাদ প্রকাশের পর দ্রুত মানবিক সহায়তা পৌঁছে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছে তারা।