Blog

  • ইবিএল চেয়ারম্যানের অর্থ পাচার বিদেশি সম্পদের খোঁজে দুদক

    ইবিএল চেয়ারম্যানের অর্থ পাচার বিদেশি সম্পদের খোঁজে দুদক

    যুক্তরাজ্যে শনাক্ত ২৫ মিলিয়ন ডলার

    সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) শওকত আলীর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩০৫ কোটি টাকা) শনাক্ত করে। অর্থের উৎস নিয়ে সন্তুষ্ট না হওয়ায় সংস্থাটি চার সপ্তাহের জন্য অর্থটি আটকে রেখে বাংলাদেশকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ দেয়।

    কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় অর্থ আটকে রাখার মেয়াদ শেষ হয়ে যায়। পরে অর্থটি যুক্তরাজ্য থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়, ফলে অর্থ উদ্ধারের প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়ে।

    বর্তমানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ইউএই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখলেও প্রত্যাশিত সহযোগিতা এখনো পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    কর রিটার্নে সম্পদ ঘোষণা

    গত ৮ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমান বিদেশে ২৫ মিলিয়ন ডলারের একটি সম্পদ শনাক্ত হওয়ার কথা জানালেও মালিকের নাম প্রকাশ করেননি। পরে অনুসন্ধানে জানা যায়, সম্পদটি শওকত আলী চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট।

    জানা গেছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশি সম্পদের অনুসন্ধান চলাকালে এই অর্থের তথ্য সামনে আসে। একই সময়ে শওকত আলী তাঁর কর রিটার্নে ওই সম্পদ ঘোষণা করেন।

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব জানিয়েছেন, ২০২৫-২৬ করবর্ষে ওই ২৫ মিলিয়ন ডলারের বিপরীতে ১৩৬ কোটি টাকা কর পরিশোধ করা হয়েছে।

    আইনি নোটিশ

    গত ১১ জুলাই সুপ্রিম কোর্টের এক আইনজীবী বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, এনবিআর, দুদক ও সিআইডিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আইনি নোটিশ পাঠিয়ে যুক্তরাজ্যের দেওয়া চার সপ্তাহের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ার কারণ অনুসন্ধান এবং দায় নির্ধারণের দাবি জানান।

    দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, অভিযোগ অনুসন্ধানের স্বার্থে বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। অনুসন্ধান শেষ হলে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে।

    এদিকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব এনপিবিকে জানিয়েছেন, ‘অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়ে জানি না। আমাদের সাথে ইউকে থেকে কোনো যোগাযোগ করা হয়েছিল কি না আমি জানি না। কারণ তখন আমি চেয়ারম্যান ছিলাম না। শুধু জানি, ১৩৬ কোটি টাকা কর পরিশোধ করেছেন শওকত আলী।’

  • ঝালকাঠিতে ইয়াবাসহ কারবারি আটক

    ঝালকাঠিতে ইয়াবাসহ কারবারি আটক

    ঝালকাঠিতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি সরদার (৩০)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাব্বি সরদার পূর্ব চাঁদকাঠির মৃত মজিবর সরদারের পুত্র।

    ডিবি পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির মধ্য চাঁদকাঠি ৪৬২ বড় বাড়ি হাউজিং এর সামনে রাস্তা থেকে ১০ পিস ইয়াবাসহ আটক করে ডিবির এসআই (নিঃ) মোঃ হারুন অর রশিদ।

    এ ঘটনায় এসআই মোঃ হারুনার রশিদ বাদী হয়ে রাব্বি সরদার(৩০)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন। রাব্বি সরদারকে ঝালকাঠি সদর থানায় সোপর্দ করা হয়েছে।

  • কক্সবাজারের সমিতিপাড়ায় সংঘর্ষে কিশোর সেলুন কর্মী সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

    কক্সবাজারের সমিতিপাড়ায় সংঘর্ষে কিশোর সেলুন কর্মী সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

    কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ায় সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত সেলুন কর্মী কিশোর সুকান্ত দে (১৫) হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বেলাল উদ্দিন (৪২)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

    সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর থানার বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বেলাল উদ্দিন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার নুর মোহাম্মদের ছেলে।

    র‌্যাব জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ইটপাটকেল, রামদা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

    এ সময় সমিতিপাড়ার একটি সেলুনে কর্মরত কিশোর সুকান্ত দে দোকান থেকে বের হলে হামলাকারীরা তার ওপর ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি মারা যান।

    এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ২৫ জনকে আসামি করে হত্যা মামলা (মামলা নং-৪৭, তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৪) দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

    র‌্যাব জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি বেলাল উদ্দিন বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

    র‌্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃত বেলাল উদ্দিন এলাকার চিহ্নিত দাঙ্গা-হাঙ্গামাকারী ও পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, মারামারি, গুরুতর জখম, বিস্ফোরক ও অগ্নিসংযোগ এবং যৌতুক আইনে মোট চারটি মামলা রয়েছে।

    গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

    দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণ
    মূলক কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তবর্তী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩ বিজিবির উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে দুর্গম চরাঞ্চলের প্রায় ৭০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে ভেটেরিনারি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে ২০০টি গবাদি পশুর চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা কার্যক্রমে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুইজন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, ৫৩ বিজিবি ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এ কর্মরত দুইজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসকসহ মোট ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
    বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সীমান্তবাসীর কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

    গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

    লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি :

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেছে টুঙ্গিপাড়া পৌরসভা।
    আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তার খাদ্যপণ্য তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম।
    অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদুল হক ইমদাদ ও পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফরসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
    ত্রাণ বিতরণ শেষে পাটগাতি বাজারের মুরগি বাজার এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন ইউএনও জহিরুল আলম। সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ ও ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির বিষয় বিবেচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের কড়া নির্দেশ দেন তিনি।
    স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে একটু বেশি বৃষ্টি হলেই এই এলাকা তলিয়ে যায়। এর স্থায়ী সমাধানের জন্য একটি সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আকুল দাবি জানান তারা। এ বিষয়ে প্রশাসন থেকে দ্রুত স্থায়ী পদক্ষেপ নেওয়ার দৃঢ় আশ্বাস দেওয়া হয়েছে।

  • ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

    ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

    মোঃরফিকুল ইসলাম সোহাগ

    সুনামগঞ্জের ছাতক উপজেলায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচারের অভিযোগ এনে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুইজনের বিরুদ্ধে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ দুলু মিয়া (৪০)।

    অভিযোগকারী মোঃ দুলু মিয়া (৪০), পিতা: মৃত আব্দুল কুদ্দুস, সাং: নোয়াগাঁও, ১নং ইসলামপুর ইউনিয়ন, থানা: ছাতক, জেলা: সুনামগঞ্জ। অভিযোগে বিবাদী করা হয়েছে— ১। মোঃ নাজমুল হাসান জুয়েল (৪২), পিতাঃ আব্দুল আজিজ, সাং: বাহাদুরপুর, ইউপি: ইসলামপুর, থানা: ছাতক, জেলা: সুনামগঞ্জ। ২। সাজ্জাদ মাহমুদ মনির (৩৬), পিতা: আবুল বাশার, সাং: লাফার্জ ফেরিঘাট, ৬নং ওয়ার্ড, ছাতক পৌরসভা, থানা: ছাতক, জেলা: সুনামগঞ্জ। ৩। অজিত কুমার দাশ (৪২), ইউপি সদস্য, পিতাঃ অজ্ঞাত, সাং: কামারখাল, ৮ নং ওয়ার্ড, ইউপি: চরমহল্লা, থানা: ছাতক, জেলা: সুনামগঞ্জ। ৪। অজ্ঞাতনামা আরও ২ (দুই) জন।

    লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টায় ইসলামপুর ইউনিয়নের মরাচেলা নদীর পাশে দাগ নং-২৪ দাগভুক্ত অভিযোগকারীর বৈধ মালিকানাধীন ভূমিতে শ্রমিকরা সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে বালু উত্তোলনের কাজ শেষ করে সরঞ্জাম পরিষ্কারসহ আনুষঙ্গিক কাজ করছিলেন। এ সময় বিবাদীরা নৌকাযোগে ঘটনাস্থলে এসে অভিযোগকারীর কাছে প্রতিদিন ২৫ হাজার টাকা এবং প্রতি মাসে ৭ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত অর্থ প্রদান না করলে ওই স্থান থেকে কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    অভিযোগে আরও বলা হয়েছে, পরিচয় জানতে চাইলে বিবাদীরা নিজেদের ফেইসবুক আইডি সুরমা-২৪, এ্যাওয়ার্ড বাংলা, জাউয়া বার্তা এবং প্রেস ক্লাবের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। অভিযোগকারী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তারা ঘটনাস্থল ত্যাগ করলেও যাওয়ার সময় পুনরায় হুমকি দিয়ে এক দিনের মধ্যে দাবিকৃত অর্থ পরিশোধ না করলে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন।

    লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে অভিযোগকারী তাদের দাবির প্রতি সাড়া না দেওয়ায় বিবাদীরা তার অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে মানহানিকর, কুরুচিপূর্ণ, মিথ্যা, অপপ্রচারমূলক ও ভয়ভীতি প্রদর্শনমূলক বিভিন্ন পোস্ট ও মন্তব্য প্রচার করেন। এতে তার সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সুনাম ও ব্যবসায়িক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে। একই সঙ্গে তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

    অভিযোগকারী বিষয়টি সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগভাবে তদন্তপূর্বক অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিবাদীদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

    তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

  • মণিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ মতবিনিময় সভা

    মণিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ মতবিনিময় সভা

    আব্দুল্লাহ আল মামুন, যশোর

    যশোরের মণিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এমপি। তিনি দলকে আরও সুসংগঠিত করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনগণের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
    এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

  • নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার

    নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল।

    নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক
    অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবি (৩৫)
    নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত একই গ্রামের রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
    নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের এক গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে রবিউল শিকদার ওরফে রবি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। স্বজনরা অভিযোগ করেন, রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। সে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে তাদের অভিযোগ। পরে অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে আটক রবিউল থানা হেফাজতে রয়েছে।
    নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু বলেন, আটক রবিউলকে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • মাচায়  পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

    মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

    শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

    খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামে মাচা পদ্ধতিতে পোল্লার (চিচিঙ্গা) বাণিজ্যিক চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন সফল চাষী শেখ শাহিনুর রহমান। তিনি ওই গ্রামের মৃত শেখ সামছুর রহমানের ছেলে। তার এই অভাবনীয় সাফল্য ও লাভজনক চাষ পদ্ধতি দেখে উদ্বুদ্ধ হয়ে একই এলাকার আব্দুল ওয়াদুদ সরদারসহ অনেক কৃষকই এখন মাচায় সবজি চাষে ঝুঁকছেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।
    ডুমুরিয়ার এই কৃষি বিপ্লবের মাঠ পর্যায়ের চিত্র, কৃষকের অভিজ্ঞতা এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়ে তৈরি একটি বিশেষ বিশ্লেষণাত্মক প্রতিবেদন:
    পোল্লা চাষী শেখ শাহিনুর রহমান বলেন:
    “প্রথমে যখন মাচা পদ্ধতিতে পোল্লার চাষ শুরু করি, তখন অনেকেই নানা কথা বলেছিল। কিন্তু আমি দমে যাইনি। কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শে সঠিক নিয়মে সার ও বালাইনাশক ব্যবহার করেছি। মাটিতে চাষ করার চেয়ে মাচায় ফলন অনেক বেশি হয়েছে, সবজিগুলো দেখতেও চমৎকার ও দাগহীন হয়েছে। বাজারে এর ভালো দাম পাচ্ছি। আমার দেখাদেখি আব্দুল ওয়াদুদ ভাইসহ এলাকার অনেকেই এখন এই চাষে আসছেন, এটা দেখে খুব ভালো লাগছে। সরকারি সহযোগিতা ও সঠিক পরামর্শ পেলে আমাদের এলাকার কৃষকরা আরও এগিয়ে যাবে।”
    উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরুন নাহার বলেন:
    “শেখ শাহিনুর রহমান একজন অত্যন্ত উদ্যমী ও প্রগতিশীল চাষী। টিপনা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে আমি শুরু থেকেই তার এই মাচা পদ্ধতির চাষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। মাঠ পরিদর্শনে গিয়ে তাকে সুষম সার প্রয়োগ, আধুনিক মালচিং পেপারের ব্যবহার এবং রোগবালাই দমনে কারিগরি দিকনির্দেশনা দিয়েছি। তার এই অভূতপূর্ব সাফল্য দেখে ব্লকের অন্য কৃষকদের মধ্যেও আধুনিক ও লাভজনক পদ্ধতিতে সবজি চাষের আগ্রহ কয়েকগুণ বেড়ে গেছে।”
    ডুমুরিয়া উপজেলা এসএপিপিও (সাব-আ্যাসিস্ট্যান্ট প্ল্যান্ট প্রটেকশন অফিসার) মোঃ আলী হাসান বলেন:
    “মাচা পদ্ধতিতে সবজি চাষের প্রধান সুবিধা হলো এতে রোগবালাই ও ক্ষতিকারক পোকার আক্রমণ অনেক কম হয়। মাটিতে সবজি থাকলে বর্ষার পানি বা অতিরিক্ত আর্দ্রতায় ছত্রাকজনিত রোগে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি থাকে, কিন্তু মাচায় পোল্লা ঝুলন্ত অবস্থায় থাকে বলে গুণগত মান ঠিক থাকে। আমরা শেখ শাহিনুর ও আব্দুল ওয়াদুদসহ স্থানীয় চাষীদের পরিবেশবান্ধব সেক্স ফেরোমন ফাঁদ ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) কৌশল ব্যবহারে উদ্বুদ্ধ করেছি, যার ফলে তারা সম্পূর্ণ নিরাপদ সবজি উৎপাদন করতে পারছেন।”
    ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা বলেন:
    “ডুমুরিয়া উপজেলা সবজি ভাণ্ডার হিসেবে দেশজুড়ে পরিচিত। শেখ শাহিনুর রহমানের মাচা পদ্ধতিতে ঝিঙে ও পোল্লার এই চাষ আমাদের সবজি উৎপাদনের সুনামকে আরও সমৃদ্ধ করেছে। সনাতন পদ্ধতির চেয়ে মাচা পদ্ধতিতে একর প্রতি ফলন প্রায় দেড় থেকে দ্বিগুণ বেশি পাওয়া সম্ভব। উপজেলা কৃষি অফিস থেকে আমরা চাষীদের আধুনিক উচ্চফলনশীল বীজ, কারিগরি প্রশিক্ষণ এবং সব ধরনের লজিস্টিক সহায়তা দিয়ে আসছি। কৃষকদের এই বাণিজ্যিক রূপান্তর ডুমুরিয়ার গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”
    খুলনা জেলা কৃষি কর্মকর্তা (উপ-পরিচালক, ডিএই) মোঃ নজরুল ইসলাম বলেন:
    “খুলনা জেলায় আধুনিক ও পরিবেশবান্ধব কৃষির যে রূপান্তর ঘটছে, ডুমুরিয়ার টিপনা গ্রাম তার একটি অনন্য উদাহরণ। কৃষক শেখ শাহিনুর রহমান যে তাক লাগানো সাফল্য দেখিয়েছেন, তা পুরো জেলার চাষীদের জন্য একটি দারুণ অনুপ্রেরণা। মাচায় উৎপাদিত পোল্লা ও ঝিঙের বাজারমূল্য ও চাহিদা দুটোই সবসময় বেশি থাকে। আমরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ডুমুরিয়ার এই সফল মডেলকে পুরো খুলনা জেলার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছি, যাতে আমাদের কৃষকরা কম খরচে অধিক লাভ নিশ্চিত করতে পারেন।”
    টিপনা গ্রামের এই কৃষি বিপ্লব পর্যালোচনায় দেখা যায়, শেখ শাহিনুর রহমানের সাফল্যের পেছনে মূলত তিনটি বিষয় কাজ করেছে:
    প্রযুক্তির সঠিক ব্যবহার: মাটিতে চাষ না করে মাচা ও আধুনিক কৃষি প্রযুক্তির মেলবন্ধন।
    নিরাপদ সবজি উৎপাদন: বিষমুক্ত উপায়ে ফেরোমন ফাঁদ ও জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে গুণগত মান উন্নয়ন।
    সমন্বিত কৃষি সেবা: মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত তদারকি ও শতভাগ দিকনির্দেশনা।
    ডুমুরিয়ার টিপনা গ্রামের শেখ শাহিনুর রহমান প্রমাণ করেছেন যে—সঠিক প্রযুক্তি, কঠোর পরিশ্রম এবং কৃষি বিভাগের সঠিক দিকনির্দেশনা থাকলে কৃষিতে অভাবনীয় সাফল্য অর্জন সম্ভব। তার এই ঝিঙে ও পোল্লার চাষের মডেল বাংলাদেশের সামগ্রিক কৃষি উন্নয়নে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

  • রামগঞ্জে বাপ ডেকেও নিস্তার না পাওয়া স্ত্রীর বীরপুরুষ এখন পুলিশের খাঁচায় বন্দি

    রামগঞ্জে বাপ ডেকেও নিস্তার না পাওয়া স্ত্রীর বীরপুরুষ এখন পুলিশের খাঁচায় বন্দি

    লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রী মরিয়ম বেগম কে (২২) বেধড়ক পিটিয়ে হাত পা ভেঙ্গে দেওয়া বীরপুরুষ জহির হোসেন (২৮) এখন পুলিশের খাঁচায় বন্দি।গত ২০ জুলাই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেখানে দেখা যায় স্ত্রী মরিয়ম বেগম নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীকে বাপ ডাকা শুরু করে তারপরও তাকে পিটিয়ে হাত পা ভেঙে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

    বিষয়টি রামগঞ্জ থানা পুলিশের নজরে আসলে তাৎক্ষণিকভাবে গুরুত্ব সহকারে তদন্ত শুরু করা হয়। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরীর সার্বিক নির্দেশনায় এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্ত জহির হোসেনকে সোমবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
    গ্রেপ্তারকৃত জহির হোসেন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্ম পাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
    রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান , অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।, নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা ও সকল ধরনের অপরাধ দমনে আমরা সর্বদা কঠোর অবস্থানে রয়েছি এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।