Blog

  • নালিতাবাড়ী বরুঙ্গাতে আলেপ আলী ফাউন্ডেশন উদ্বোধন

    নালিতাবাড়ী বরুঙ্গাতে আলেপ আলী ফাউন্ডেশন উদ্বোধন

    মো: সোহেল রানা স্টাফ রিপোর্টার,

    শেরপুরে ২০ জুলাই নালিতাবাড়ীতে মানবসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণের লক্ষে “আলেপ আলী ফাউন্ডেশন” নামে একটি সেবামূলক সংগঠনের উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ওই সংগঠনটির উদ্বোধন করা হয়।
    ওয়ার্ড বিএনপি নেতা উসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক উবায়দুল ইসলাম সোহাগ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন ভিপি।

    প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ও নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার এমএ. রায়হান ও উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির।

    অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শেরপুর- ২ আসনের এমপির প্রতিনিধি শাহীন আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওজায়েজ মোহাম্মদ কালিমুল্লাহ, সমাজসেবক রবিউল আলম ইউসুফ, সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

    এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি দরবেশ আলী মন্ডল, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উমর ফারুক, ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফিরোজ আলম, ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমীন লিটন, উপজেলা শ্রমিকদল নেতা ছফর উদ্দিনসহ নালিতাবাড়ী উপজেলা ও ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    পরে আলেপ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ১নং পোড়াগাঁও ইউনিয়নের ৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৫টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি একাডেমি, ১১টি কওমি ও নুরানি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের ১টি ল্যাম্প বিতরণ করা হয়। এছাড়া একই ইউনিয়নের ৪২টি মসজিদ, ২টি মন্দির, ১টি গীর্জা, ৯টি ওয়ার্ডের ক্লাবে জার্সি ও ফুটবল, ৪টি দরিদ্র অসহায় পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন, রাস্তায় ৪৫ ট্রলি বালু ভরাট, ৫টি সাকো নির্মাণ ও ৭জন শিক্ষার্থীকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

  • সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    গুলজার হোসেন সরিষাবাড়ি প্রতিনিধি ঃ 

    জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পানিতে ডুবে তানজিদ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের পশ্চিম স্বাধীনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত তানজিদ পশ্চিম স্বাধীনাবাড়ী এলাকার শামীম মিয়ার ছেলে।

    স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার সময় সৃষ্ট একটি জলাশয়ের পাশ দিয়ে দোকান থেকে সদাই কিনে বাড়ি ফিরছিল তানজিদ। পথে অসাবধানতাবশত সে জলাশয়ে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে একপর্যায়ে জলাশয়ে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

  • কাঁঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে চরম অনিয়ম: শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিত, স্লিপের টাকা আত্মসাৎ ও মিড-ডে মিলের খাবার চুরির অভিযোগ

    কাঁঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে চরম অনিয়ম: শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিত, স্লিপের টাকা আত্মসাৎ ও মিড-ডে মিলের খাবার চুরির অভিযোগ

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৯৮ নং উত্তর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিদ্যালয়টিতে শিক্ষকদের নিয়মিত অনুপস্থিতি, শিক্ষার্থীদের আশঙ্কাজনক হারে কমে যাওয়া, সরকারের উন্নয়ন বরাদ্দের (স্লিপ ফান্ড) টাকা আত্মসাৎ এবং শিক্ষার্থীদের মিড-ডে মিলের খাবার (রুটি, ডিম, কলা, দুধ) চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।

    ​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা থেকে দূরে হওয়ায় বিদ্যালয়টিতে শিক্ষকরা তাদের ইচ্ছামত যাতায়াত করেন। প্রায়শই প্রধান শিক্ষকসহ অন্যান্য সহকারী শিক্ষকরা বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন, যার ফলে পাঠদান কার্যক্রম সম্পূর্ণ ভেঙে পড়েছে। শিক্ষকদের এই গাফিলতির কারণে অভিভাবকরা তাদের সন্তানদের এই বিদ্যালয় থেকে সরিয়ে নিচ্ছেন, যার ফলে দিন দিন ছাত্র-ছাত্রীর সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসছে।

    ​সবচেয়ে বড় অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহ জালাল তালুকদার এর বিরুদ্ধে। বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য প্রতি বছর সরকার থেকে যে স্লিপের (SLIP) বাজেট দেওয়া হয়, তা কোনো কাজ না করেই ভুয়া ভাউচারের মাধ্যমে প্রধান শিক্ষক সম্পূর্ণ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

    ​এখানেই শেষ নয়, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে যে ‘মিড-ডে মিল’ (দুপুরের খাবার)-এর ব্যবস্থা রয়েছে, সেখানেও থাবা বসিয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

    প্রাথমিক শিক্ষার গুণগত মান ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকার মিড-ডে মিল চালুর উদ্যোগ নিলেও কাঁঠালিয়া উপজেলার ৯৮ নং উত্তর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে উল্টো চিত্র। মোট ৪১ জন শিক্ষার্থীর বিপরীতে বিদ্যালয়ে মাত্র ৮ জন শিক্ষার্থী উপস্থিত থাকলেও বাকীদের জন্য বরাদ্দের মিড-ডে মিলের খাদ্যসামগ্রী কোথায় যায়, তার কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহ জালাল তালুকদার।

    ​স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না এবং অধিকাংশ সময় নিজ বাড়িতেই অবস্থান করেন। এতে করে একদিকে যেমন শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে সরকারি সুযোগ-সুবিধা ও খাদ্য বরাদ্দের সঠিক ব্যবহার নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে।

    ​গতকাল রবিবার (১৯ জুলাই) সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে সব মিলিয়ে মাত্র ৮ জন শিক্ষার্থী উপস্থিত রয়েছে। তবে খাতায়-কলমে ও প্রতিদিনের খাদ্য বরাদ্দের হিসেবে উপস্থিতির সংখ্যা ৩৭ জন দেখানো হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অভিভাবকরা জানান। অতিরিক্ত খাদ্য বা বরাদ্দের টাকা কোথায় যাচ্ছে—এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

    স্থানীয়দের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার স্ত্রী সহকারী শিক্ষকের যোগসাজশে মিড-ডে মিলের সামগ্রী গোপনে পাচার ও চুরি করা হচ্ছে। ফলে সরকারি এই মানবিক উদ্যোগের কোনো সুফল পাচ্ছে না কোমলমতি শিশুরা।

    ​নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষকরা স্কুলে আসেন না, আসলেও গল্প করে সময় কাটান। বাচ্চাদের ঠিকমতো খাবার দেওয়া হয় না, তা চুরি করে বিক্রি করে দেওয়া হয়। স্লিপের টাকা দিয়ে স্কুলের কোনো কাজ করা হয়নি। আমরা এই জঘন্য দুর্নীতির বিচার চাই।”

    ​এই বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি অনিয়মের বিষয়টি অস্বীকার করেন।

    ​এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিদ্যালয়টির বিষয়ে আমরা কিছু মৌখিক অভিযোগ পেয়েছি। সরকারি টাকা আত্মসাৎ এবং মিড-ডে মিলের খাবার চুরির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

    ​এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত সাপেক্ষে এই দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক।

  • কাঁঠালিয়ায় ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    কাঁঠালিয়ায় ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    সোমবার (২০ জুলাই) উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, প্রশাসনিক বিষয়াদি এবং চলমান শিক্ষা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    সভায় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জামান এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সাল আহমেদ।

    এছাড়াও উপজেলার ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সভায় অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং বিদ্যালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

    সভায় শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারী প্রধান শিক্ষকরা শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও শিক্ষাবান্ধব করতে পারস্পরিক সমন্বয় এবং সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

  • পাথরঘাটায় প্রতারক চক্রের হয়রানির শিকার ব্যবসায়ী রাধেশ্যাম কর্মকার

    পাথরঘাটায় প্রতারক চক্রের হয়রানির শিকার ব্যবসায়ী রাধেশ্যাম কর্মকার

    বরগুনার পাথরঘাটা পৌর শহরের ব্যবসায়ী রাধেশ্যাম কর্মকার তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা মামলা, ভুয়া লিগ্যাল নোটিশ ও চেক জালিয়াতির মাধ্যমে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

    সোমবার সকাল ১১ টায় পাথরঘাটা প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সঞ্জিব কর্মকার তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভিন্ন আদালতে মিথ্যা মামলা ও লিগ্যাল নোটিশ পাঠিয়ে হয়রানি করে আসছেন।

    তিনি দাবি করেন, ২০১৭ সালে সঞ্জিব কর্মকার তার বিরুদ্ধে ৮ লাখ ১০ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে একটি লিগ্যাল নোটিশ পাঠান। এর জবাবে তিনি আইনজীবীর মাধ্যমে জানান, জমি বিক্রির কোনো বায়নাপত্র, দলিল, খতিয়ান, দাগ নম্বর কিংবা ব্যাংক লেনদেনের প্রমাণ নেই। পরে ২০১৯ সালে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের প্রতিবেদনে তার বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।

    রাধেশ্যাম কর্মকার আরও বলেন, ২০২৫ সালের ডিসেম্বরে যশোরের এক আইনজীবীর নাম ব্যবহার করে ডাকযোগে দুটি খাকি খাম পাঠানো হয়। খাম খুলে তিনি ভেতরে লিগ্যাল নোটিশের পরিবর্তে সাদা কাগজ পান। পরে সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। এ ঘটনার কল রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি।

    তিনি আরও অভিযোগ করেন, ২০২৬ সালে তার বিরুদ্ধে ৩০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা করা হয়। মামলায় যে ব্যাংক হিসাব ও চেক নম্বর উল্লেখ করা হয়েছে, সেই ব্যাংকের কোনো শাখায় তার নামে কোনো হিসাব নেই। একইভাবে সুনামগঞ্জ থেকে পাঠানো পৃথক দুটি লিগ্যাল নোটিশেও ভিন্ন অঙ্কের টাকা দাবি করা হলেও একই ব্যাংক হিসাব ও চেক নম্বর ব্যবহার করা হয়েছে, যা তার ভাষ্য অনুযায়ী অসত্য ও বিভ্রান্তিকর।

    রাধেশ্যাম কর্মকার বলেন, সর্বশেষ গত ১৬ জুলাই ডাকযোগে আরও দুটি খাকি খাম পান। পূর্বের অভিজ্ঞতার কারণে স্থানীয় সাংবাদিক, ডাক বিভাগের কর্মচারী ও অন্যান্য ব্যক্তির উপস্থিতিতে খাম দুটি খোলা হলে ভেতরে কোনো লিখিত নোটিশ পাওয়া যায়নি। পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে বলেও তিনি জানান।

    সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সঞ্জিব কর্মকার ও তার ছোট ভাই সঞ্জয় কর্মকারসহ একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে ভুয়া চেক, লিগ্যাল নোটিশ ও মামলা দিয়ে তাকে এবং তার পরিবারকে হয়রানি করছে। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রধান বিচারপতি ও বাংলাদেশ বার কাউন্সিলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

    স্থানীয় সাংবাদিক ইমাম হোসেন নাহিদ, ব্যবসায়ী আবু সাইদ, আল আমিনসহ একাধিক ব্যক্তিরা বলেন, একটি সংঘবদ্ধ চক্র এসব কাজ করে মানুষকে হয়রানি করছে। রাধেশ্যাম কর্মকারকেও দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ চক্রের সাথে স্থানীয় স্বর্ন ব্যবসায়ীরাও রয়েছে।

    তবে এ বিষয়ে অভিযুক্ত সঞ্জিব কর্মকারের ফোন দিলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

    এ বিষয়ে বক্তব্য নিতে বারবার লিগ্যাল নোটিশ পাঠানো যশোরের আইনজীবী আব্দুল হালিম জোয়ার্দারকে ফোন দিলে তিনি সাংবাদিককে বলেন, ‘আপনি সাংবাদিক হন না কেন আপনি আমাকে ফোন দিবেন না।

  • মোল্লাহাটে কিশোরী বন্ধুর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন

    মোল্লাহাটে কিশোরী বন্ধুর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন

    বাগেরহাটের মোল্লাহাটে ১৬ বছর বয়সী কিশোরী বধু লতিফার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা শের আলী শেখ।
    সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শের আলী শেখের ভাগ্নের স্ত্রী। শের আলী শেখ জানান, তিনি পড়তে না পারায় তার পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করা হয়।
    লিখিত বক্তব্যে শের আলী শেখ অভিযোগ করেন, প্রায় চার মাস আগে একই উপজেলার টাকিয়ারকুল গ্রামের মিজান মোল্লার ছেলে রানা মোল্লা তার মেয়েকে ফুঁসলিয়ে বিয়ে করেন। অভিযুক্ত পরিবার প্রভাবশালী হওয়ায় বিষয়টি তারা মেনে নিতে বাধ্য হন। তিনি আরও অভিযোগ করেন, বিয়ের পর ব্যবসায়িক প্রয়োজনে রানা মোল্লা তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা ধার নিলেও তা আর ফেরত দেননি।
    সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিয়ের পর থেকেই লতিফার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলতে থাকে। স্বামী, শাশুড়িসহ পরিবারের সদস্যরা, বিশেষ করে রানার দুই বিবাহিত বোন তাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে দাবি করেন তিনি।
    লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, এর আগেও রানা মোল্লা একাধিক বিয়ে করেছিলেন এবং তার আগের স্ত্রীরা নির্যাতনের কারণে সংসার ছাড়তে বা বিচ্ছেদে যেতে বাধ্য হন।
    শের আলী শেখ বলেন, গত ২০ জুন তারা খবর পান যে তার মেয়ে মারা গেছে। তার দাবি, লতিফাকে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে ঘরের মধ্যে লাশ ঝুলিয়ে রাখা হয়। পরে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায় এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
    তিনি আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে তারা জানতে পেরেছেন।
    সংবাদ সম্মেলনে শের আলী শেখ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন।

  • উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা

    উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা

    সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার গণপতি রায়।
    সোমবার (২০ জুলাই ২০২৬) বিদ্যালয়টি পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম।
    পরিদর্শনের সময় তাঁরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষা কার্যক্রম, পরিচ্ছন্নতা, শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
    পরিদর্শন শেষে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়।
    এ সময় উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন রায় উপস্থিত থেকে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন।
    এভাবে “উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা” ব্যবহার করলে সংবাদটি আরও স্বাভাবিক ও পেশাদার শোনায়।

  • ধর্ষণ থেকে বাঁচতে গহীন বনে আশ্রয় নিয়ে পথ হারা নারী, পরে ড্রোন দিয়ে উদ্ধার

    ধর্ষণ থেকে বাঁচতে গহীন বনে আশ্রয় নিয়ে পথ হারা নারী, পরে ড্রোন দিয়ে উদ্ধার

    ধর্ষণের চেষ্টা থেকে প্রাণ বাঁচাতে সংরক্ষিত গহীন বনে আশ্রয় নিয়ে পথ হারান এক নারী। পরে ড্রোন, ফ্লেয়ার গান ও রকেট বাজির সহায়তায় তাকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে ঘটেছে।

    পুলিশ জানায়, ওই নারী খুরদা বাসস্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেলে লিফট নিয়েছিলেন। তার অভিযোগ, মোটরসাইকেলচালক তাকে যৌন নির্যাতনের উদ্দেশ্যে রতনপুর সংরক্ষিত বনের দিকে নিয়ে যান।

    একজন পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে ধর্ষণের চেষ্টা করলে তিনি বাধা দেন এবং আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলেন। পরে সেখান থেকে দৌড়ে সংরক্ষিত বনের ভেতরে আশ্রয় নিলেও পথ হারিয়ে ফেলেন।

    বনের ভেতর থেকে মোবাইল ফোন ব্যবহার করে তিনি পুলিশের কাছে সাহায্য চান। খবর পেয়ে এক সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে ইনফোভ্যালি, জটানি ও খন্দগিরি থানার প্রায় ৫০ জন পুলিশ সদস্য উদ্ধার অভিযান শুরু করেন।

    তবে ভুক্তভোগীর মোবাইল ফোনে জিপিএস লোকেশন চালু না থাকায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। পরে পুলিশ নিজেদের অবস্থান দৃশ্যমান করতে ড্রোন, ফ্লেয়ার গান এবং রকেট বাজির ব্যবহার করে। সেগুলোর আলোর সংকেত অনুসরণ করে ওই নারী উদ্ধারকারী দলের কাছে পৌঁছাতে সক্ষম হন।

    পুলিশ জানিয়েছে, শুরুতে ওই নারী মামলা করতে অনিচ্ছুক ছিলেন। পরে তাকে বোঝানোর পর তিনি অভিযোগ দায়ের করতে সম্মত হন। এ ঘটনায় ইনফোভ্যালি থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

  • মদনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬-এর শুভ উদ্বোধন

    মদনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬-এর শুভ উদ্বোধন

    নেত্রকোনার মদন উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে ফ্লাড রিকন্সট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় এ মেলার উদ্বোধন করা হয়। আগামী ২২ জুলাই পর্যন্ত মেলা চলবে।

    মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি ভার্চুয়ালি বক্তব্যে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক ও টেকসই করতে সরকারের পাশাপাশি কৃষকদেরও নতুন প্রযুক্তি গ্রহণে এগিয়ে আসতে হবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান। সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকুর আহমেদ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, মদন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন করিম, উপজেলা জামায়াতের নায়েবে আমির রিয়াজউদ্দীন ইদ্রিস মাস্টার, জমিয়তে উলামায়ে ইসলামের আমির মুফতি আনোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক নূর মোহাম্মদ (জরিপ) প্রমুখ।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, কৃষক-কৃষাণী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিযন্ত্র, সবজি ও ফল চাষ, জৈব সার এবং কৃষি উদ্ভাবন বিষয়ক বিভিন্ন স্টল স্থান পেয়েছে। মেলার মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই আয়োজকদের মূল লক্ষ্য।

    আয়োজকরা জানান, কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করা এবং কৃষিকে আরও লাভজনক ও আধুনিক করে তুলতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • মামার বাড়ি বেড়াতে নদীতে নিখোঁজ ছাত্রের ম-রদেহ উদ্ধার

    মামার বাড়ি বেড়াতে নদীতে নিখোঁজ ছাত্রের ম-রদেহ উদ্ধার

    নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২দিন পর দীপু সরকার (১৭) নামে এক স্কুল ছাত্রের ম-রদেহ উদ্ধার করা হয়েছে।
    আজ সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে তার ম-রদেহ উদ্ধার করা হয়।

    নি-হত দীপু সরকার উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে। তিনি স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীপু তার মামাবাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনজন সমবয়সী কিশোরের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল ও সাঁতার কাটতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে।

    পরে সঙ্গে থাকা অন্য কিশোররা বিষয়টি স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও দীপুর সন্ধান না পাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করে তারা ফিরে যায়।

    এরপর সোমবার সকালে স্থানীয়রা মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দীপু সরকারের বলে শনাক্ত করেন।