
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নিজবর্ণি গ্রামের সওদাগরপাড়ায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে শামীম (৪৫) নামে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা প্রায় ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শামীম এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদের দাবি, শামীমের শ্যালিকা ইয়াসমিন ও তার স্বামী মুসলিমও এ কাজে সহযোগিতা করেন। এলাকাবাসীর ভাষ্য, মাদকের বিস্তারে তরুণ সমাজ বিপথগামী হয়ে পড়ায় তারা ক্ষুব্ধ ছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা শুভ বলেন, “মাদকের কারণে আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই আমরা চাই গ্রাম থেকে মাদকের বিস্তার বন্ধ হোক এবং কেউ যেন আর এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে না পারে।”
আরেক বাসিন্দা সাজন বলেন, “যারা মাদকের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ থাকবে। আমাদের লক্ষ্য একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা।”
সওদাগরপাড়া এলাকার সভাপতি মো. খোকনের দাবি, শামীমের বিরুদ্ধে এর আগেও একাধিকবার মাদক ব্যবসার অভিযোগ উঠেছিল। তিনি বলেন, “স্থানীয়ভাবে বহুবার তাকে সতর্ক করা হয়েছে। সাবেক পৌর মেয়র মনিরুজ্জামান বকলও বিষয়টি নিয়ে কয়েক দফা সালিশ করেছেন। এরপরও অভিযোগের পরিবর্তন না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।”
এদিকে, শামীমের মেয়ে শান্তা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বাবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। দুপুরে পুলিশ আমাদের বাড়িতে এসেছিল। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরই একদল লোক বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তবে আইন হাতে তুলে নেওয়া কোন ভাবেই কাম্য নয।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নুরজাহান আক্তার সাথী বলেন, “এ পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 

























