
কুমিল্লার বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিকেলে বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে উক্ত সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ মাষ্টারের সঞ্চালনায়, এডহক কমিটি সদস্য সচিব ও মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ কাউসার রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটি সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য বিশিষ্ট সমাজসেবক নুরুল আমিন, বুড়িচং সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান, নবনির্বাচিত অভিভাবক সদস্য ইকবাল হোসেন,সাবেক অভিভাবক সদস্য সিরাজুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আলী আযম মাষ্টার, সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক বাচ্চু মিয়া, সমাজ সেবক তোফাজ্জল হোসেন পাখি, সমাজসেবক পারভেজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করব কীভাবে আমরা আমাদের বিদ্যালয়ের কার্যক্রম ও পড়াশোনার গতিশীলতা বৃদ্ধি করতে পারব। পড়াশুনার মাধ্যমে একটি জাতিকে এগিয়ে যেতে হয়। পড়াশোনা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না। এডহক কমিটি তার কার্যক্রম পরিচালিত করবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনা ও মান উন্নয়নে।
নবনিযুক্ত সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার জন্য এবং শিক্ষার পরিবেশ সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে বদ্ধপরিকর এবং সুন্দরভাবে আমার কাজ পরিচালিত করব ইনশাআল্লাহ।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবগঠিত এডহক কমিটিকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভা শেষে বিদ্যালয়ের অগ্রগতি ও সুনাম বৃদ্ধিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 

























