
আসন্ন আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) ২০২৬ আসরের প্লেয়ার্স ড্রাফটে বড় চমক নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য ঘোষিত প্রাথমিক ড্রাফটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। যার মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতেই রাখা হয়েছে দেশের ছয় অভিজ্ঞ ও সেরা পারফর্মারকে।
দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ড্রাফট নিয়ে ভারতের ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রেক্স ডটকম-এর এক প্রতিবেদনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
প্লাটিনাম ক্যাটাগরি (৬ জন): মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এবং আরও একজন তারকা।
ডায়মন্ড ক্যাটাগরি: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
অন্যান্য ক্যাটাগরি (বাকি ৪ জন): জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম এবং পেসার নাহিদ রানা।
বাংলাদেশি খেলোয়াড়দের পাশাপাশি এবারের এপিএল ড্রাফটে নজর কেড়েছে পাকিস্তান ও ভারতের ক্রিকেটারদের উপস্থিতি।
পাক তারকাদের মেলা: ড্রাফটে পাকিস্তানের ২৯ জন ক্রিকেটারের নাম রয়েছে। তালিকায় রয়েছেন সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক এবং নাসিম শাহর মতো পরিচিত মুখেরা। এ ছাড়া যুক্তরাজ্যর বাসিন্দা হিসেবে নাম লিখিয়েছেন সাবেক পেসার মোহাম্মদ আমির।
ভারতের তিন ক্রিকেটার: সাধারণত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দেশের খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার অনুমতি দেয় না। তবে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের সুবাদে এপিএলের ড্রাফটে জায়গা পেয়েছেন ভারতের তিন ক্রিকেটার—বিজয় শঙ্কর, আয়ান খান ও মুরুগান অশ্বিন। এদের মধ্যে ৩৫ বছর বয়সী বিজয় শঙ্কর গত জুনে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, ওমান, যুক্তরাষ্ট্র, কেনিয়া ও কুয়েতের মতো সহযোগী দেশের হয়ে নিবন্ধিত বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারও এই ড্রাফটের তালিকায় স্থান পেয়েছেন। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ড্রাফট শেষে ফ্র্যাঞ্চাইজিগুলো কাদের দলে ভেড়ায়, এখন সেটাই দেখার অপেক্ষা।
অনলাইন ডেস্ক 
























