
বরিশালের মুলাদীতে বিগত ১৭ বছর বিএনপি’র নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলা কারী মোতালেব এখনও উপজেলা পরিষদে বহাল তবিয়তে রয়েছে। জানা গেছে মুলাদী পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোতালেব হাওলাদার বিগত ১৭ বছর মুলাদী উপজেলা পরিষদের মধ্যে ঘাপটি মেরে বসে বিভিন্ন দপ্তরে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা সহ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এ সময় তিনি একাধিকবার বিএনপি’র সিনিয়র নেতা থেকে কর্মীদের মারধর করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কিছুদিন গা-ঢাকা দিয়ে থাকলেও বর্তমানে আবার উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন কাজের সাথে তাকে সম্পৃক্ত থাকতে দেখা যাচ্ছে। এ ব্যাপারে বিএনপি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিকবার লিখিত এবং মৌখিকভাবে জানালেও বহাল তবিয়তেই রয়েছেন মোতালেব। উপজেলা বিএনপির সাবেক দুইজন সভাপতি এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলেও তিনি তাদের কোন কথাই রাখেন নি। বিএনপির নেতা কর্মীরা জানান, বিষয়টি উপজেলার শীর্ষ নেতৃত্ব সহ জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এমনকি মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্যকে অবহিত করা হলেও ফ্যাসিস্ট এর দোসর মোতালেব কিভাবে এখানে কাজ করে, তারা আরো জানান আওয়ামী লীগ নেতা মোতালেব হাওলাদার তার ব্যাপারে অভিযোগের বিষয়টি জানতে পেরে তিনি উল্টো তার কিছুই করতে পারবে না বলে হুমকি প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম সরোয়ার এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা মোতালেবকে নিয়োগ দেই নি, তবে তাকে দিয়ে হাজিরায় কাজ করানো হচ্ছে।
রাসেল মুলাদী প্রতিনিধি 






















