
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহেরের সঙ্গে আজ হংকং, চীন ও মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ, হংকং, চীন ও মালয়েশিয়ার মধ্যে আবাসন, অবকাঠামো উন্নয়ন, নগর পরিকল্পনা এবং নির্মাণ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী বাংলাদেশের আবাসন ও গণপূর্ত খাতে চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নির্মাণ পদ্ধতি ও টেকসই অবকাঠামো উন্নয়নে হংকং, চীন ও মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান-বিনিময় জোরদার হলে বাংলাদেশের আবাসন ও অবকাঠামো খাতের উন্নয়ন আরও গতিশীল হবে।
প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও আবাসন খাতে বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা ভবিষ্যতে যৌথ উদ্যোগে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করে।
নিজস্ব প্রতিবেদক 
























