
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কদমতলী গ্রামে পুকুরে ডুবে আব্দুল্লাহ আল হাসান লাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত লাম কদমতলী গ্রামের শিবলু মিয়া ও কল্পনা বেগমের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় শিশুটির বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। লাম তার দাদির সঙ্গে বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে তাকে আশপাশে খুঁজেও না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজ শুরু করেন।
সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নয়, বরং পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল হাসান বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।”
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এ মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 























