
বঙ্গোপসাগরের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ৩৬ দিন ধরে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার বাবা-ছেলেকে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ২৯ দিন তারা কাঁচা মাছ খেয়ে বেঁচে ছিলেন।
উদ্ধার হওয়া দুই জেলে হলেন এস এইচ চামিন্দা (৫১) ও তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)। গত বুধবার রাতে জেলে জিয়াউর রহমান তাদের ভাসমান ট্রলার দেখতে পান এবং শুক্রবার রাতে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে নিয়ে আসেন। বর্তমানে তারা জিয়াউর রহমানের বাড়িতে রয়েছেন।
জেলেরা জানান, শ্রীলঙ্কার উপকূল থেকে মাছ ধরতে বের হয়ে বৈরী আবহাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগরে চলে আসে। খাবার শেষ হয়ে যাওয়ায় তারা কাঁচা মাছ ও বড়শির টোপ খেয়ে বেঁচে ছিলেন। মিয়ানমারের লোকজন তাদের ট্রলার থেকে মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
কোস্টগার্ড ও পুলিশ তাদের সঙ্গে কথা বলছে। মানবিক দিক বিবেচনায় আইনি ব্যবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
নিজস্ব প্রতিবেদক 
























