Blog

  • সফল অপারেশনের পর গোপালগঞ্জ-২ আসনের এমপি সুস্থ আছেন লুৎফর সিকদার

    সফল অপারেশনের পর গোপালগঞ্জ-২ আসনের এমপি সুস্থ আছেন লুৎফর সিকদার

    ঢাকার পিজি হাসপাতালে সফল অপারেশনের পর কেবিনে বিশ্রামে আছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ড. কেএম বাবর।ফিস্টুলা সংক্রান্ত অসুস্থতার দরুন গত বৃহস্পতিবার সংসদ সদস্য বাবর গোপালগঞ্জ থেকে ঢাকায় গিয়ে পিজি হাসপাতালে ভর্তি হন। অপারেশনের পর বর্তমানে বিশ্রামে থেকে সেরে ওঠার অপেক্ষায় আছেন তিনি।এদিকে গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে সংসদ সদস্য ডা.বাবরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে গণমাধ্যমকে তারা জানান, এমপি ড. কেএম বাবর বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। অসুস্থ গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বাবরকে গতকাল শনিবার দেখতে যান গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল,জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যড.তৌফিকুল ইসলাম, ফজলুল কবির দারা প্রমুখ। হাসপাতালে গিয়ে সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। গতকাল সকালে জেলা বিএনপি’র কয়েকজন নেতার সাথে আলাপ করে জানা গেছে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বর্তমানে সুস্থ আছেন। শীঘ্রই তিনি নিজ নির্বাচনী এলাকায় ফিরে এসে জনগণের সেবায় ফের আত্মনিয়োগ করবেন।সংসদ সদস্য ডা.কেএম বাবর শারীরিক সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে দলীয় নেতৃবৃন্দ জানান ।

  • কিশোরগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি ও কর্মী সমাবেশ

    কিশোরগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি ও কর্মী সমাবেশ

    বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে আগমন উপলক্ষে বাজিতপুরে প্রস্তুতি ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার গাজিরচর ইউনিয়নের চিনিয়ারচর এলাকার মফিজুর রহমান রোকন উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজিরচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।গাজিরচর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম সারোয়ার লিটনের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী ইমতাজুল ইসলাম মিলনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।সমাবেশে উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক কায়ুম খান হেলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর সিদ্দিক ডালহৌসি, সহ-সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান, বাজিতপুর পৌর বিএনপির সহ-সভাপতি জহিরুজ্জামান জহির, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহ-আলম, জেলা যুবদলের সহ-সভাপতি কাজী এমদাদুল হক কোহিনূর, বাজিতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন এবং বাজিতপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন।এ ছাড়া গাজিরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাজিমউদ্দীন জুলহাশসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, তারেক রহমান সরকার গঠনের ছয় মাসের মাথায় কিশোরগঞ্জের কটিয়াদীতে আসছেন—এটি আনন্দের বিষয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তিনি পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেবেন এবং কিশোরগঞ্জ থেকেই আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, “আমরা ব্যাপক প্রস্তুতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করব।”সমাবেশে আগামী ১৬ আগস্ট কটিয়াদীতে তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি, ব্যাপক উপস্থিতি নিশ্চিত করা এবং কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।

  • ছুটির দিনে মৃত্যুর মিছিল

    ছুটির দিনে মৃত্যুর মিছিল

    সাপ্তাহিক ছুটির দিনে গতকাল বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক। এর মধ্যে সিলেটে ৯, বগুড়ায় ৭, চট্টগ্রামে ২, বাগেরহাটে ১ এবং ঝিনাইদহে একজন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

    সিলেট : সিলেটে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত আরও ১৩ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী। নিহতদের পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে ওসমানীনগর উপজেলা প্রশাসন।

    নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলাম (৫০), একই জেলার ভৈরব উপজেলার চ-ীবের গ্রামের কালু মিয়ার মেয়ে সংগীতশিল্পী পেহলি ভৈরবী (১৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বারী মিয়ার ছেলে আবুল হোসেন (৪৬), কুমিল্লার লাকসাম থানার রফিকুল ইসলামের ছেলে আরমান হোসেন রাহিম (১৯), ঢাকা বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের মেয়ে জাইফা ইসলাম (৩) ও সিলেট মহানগরের সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২)। এর মধ্যে জাইফা ও প্রীতমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিরা ঘটনাস্থলেই মারা যান। নিহত বাকি তিনজনের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ নিয়ে কাজ করছে পিবিআই। ফেসবুকে দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি স্লিপার বাস কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের বাসের লেনে চলে আসে। এ সময় দ্রুতগতির বাস দুটির মধ্যে সংঘর্ষ হলে ইউনিক পরিবহনের বাসটি রাস্তার পাশের খাদে নেমে যায়। সংঘর্ষে উভয় বাস ক্ষতিগ্রস্ত হলেও ইউনিক পরিবহনের যাত্রীরাই হতাহত হন। খবর পেয়ে হাইওয়ে ও ওসমানীনগর থানাপুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ওসমানীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অপু মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আর শেরপুর হাইওয়ে পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ওসমানীনগর থানার ওসি গাজী মোস্তফা জানান, দুর্ঘটনার পর থানাপুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বগুড়া : বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের চাপায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর যাত্রীবাহী বাসটি উঠে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৫ জন। তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহত সাতজনেরই নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন বগুড়া সদর উপজেলার ফাঁপোড় মধ্যপাড়ার বেল্লাল হোসেন (৪০), কাহালু উপজেলার নারহট্ট সরদারপাড়ার নুর মোহাম্মদ সরদার (৭৫), জয়পুরহাট জেলার কালাই থানার মো. আনারুল ইসলাম (৫৫), পাঁচবিবি থানার আমিরুল (৪০), গাইবান্ধার গোবিন্দগঞ্জের আবু সাইদ (৪৫), একই উপজেলার নুর আলম (৪৫) এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মো. তাজিমুল (৪৭)।

    জানা গেছে, রংপুর, গাইবান্ধা, পাবনাসহ বিভিন্ন জেলা থেকে আসা দিনমজুররা প্রতিদিন ভোরে এরুলিয়া বাজারের এই হাটে কাজের সন্ধানে জড়ো হন। স্থানীয় গৃহস্থরা এখান থেকেই দৈনিক মজুরিতে তাঁদের সংগ্রহ করেন। গতকাল ভোরে ঢাকা থেকে নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি দাঁড়িয়ে থাকা দিনমজুরদের চাপা দিয়ে উল্টো ঘুরে বগুড়ামুখী হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও তিনজন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাজিমুল নামে আরেক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাঁদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি খুঁটিতে ধাক্কা দেয়। চালক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও গাড়িটি শ্রমিকদের ওপর উঠে যায়। তারা বলেন, নিহত ও আহত ব্যক্তিরা অত্যন্ত দরিদ্র দিনমজুর। তাঁরা বিভিন্ন স্কুলের বারান্দায় রাত কাটিয়ে ভোরে এই হাটে এসেছিলেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ঘটনাস্থলে গতিরোধক (স্পিডব্রেকার) নির্মাণের কাজ শুরু করলে সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নিতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মনোয়ারুল কাদির বিটু। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী এ দুর্ঘটনার খবরে অনেক উদ্বিগ্ন। আমি খবর পেয়েই দ্রুত এখানে ছুটে এসেছি। আহতদের মধ্যে অনেকের মাথায় ও পায়ে গুরুতর আঘাত রয়েছে। আইসিইউতে থাকা একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তিনি জানান, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব, দেওয়া হয়েছে। ওষুধপত্র যা লাগে হাসপাতাল কর্তৃপক্ষই দেখবে এবং রক্তের প্রয়োজন হলেও সেটার জোগান এখান থেকে দেওয়া হবে। প্রয়োজন অনুসারে রোগীদের ঢাকায় রেফার করা হবে। ইতোমধ্যে জেলা প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে, তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

    বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা খায় এবং পরে শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে চারজন মারা যান। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সওজ কর্তৃপক্ষ স্পিডব্রেকার নির্মাণের কাজ শুরু করায় স্থানীয়রা সড়ক ছেড়ে দেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কাঠগড় জেলেপাড়া লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন শাহিন (২২) ও ইমন (২২)। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন বলে জানা গেছে। নিহত শাহিন পতেঙ্গা স্টিল মিল এলাকার আবু সিদ্দিকের ছেলে। নিহত ইমনের পরিচয় জানা যায়নি। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, নিহত দুজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।

    বাগেরহাট : বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শেখ শাহারিয়ার সৈকত (৩৮) নিহত হয়েছেন। গতকাল বিকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাঠ ফুলবাড়িয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ শাহারিয়ার সৈকত বাগেরহাট সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বিকালে সদর উপজেলার শ্রীঘাঠ ফুলবাড়িয়া ব্রিজ এলাকায় বাগেরহাট থেকে খুলনাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সৈকত সড়কে ছিটকে পড়ে মাথা, মুখ ও বুকে গুরুতর আঘাত পান। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন জানান, দুর্ঘটনার পর কিছু সময় বাগেরহাট-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে। দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পলাতক ট্রাকচালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

    ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ মাদ্রাসা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩১) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় আরও দুজন মারাত্মক আহত হন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তুফান দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের হরিপদ দাসের ছেলে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় বালুবাহী ট্রাকের চালক তুফান দাস ট্রাকের কেবিনে আটকা পড়েন। এ ছাড়া বালুবাহী ট্রাকের হেলপার ও ধানবোঝাই ট্রাকের চালক মারাত্মক আহত হন।

    খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের কেবিন কেটে আটকে থাকা চালক তুফান দাসকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান। শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, রাত ১১টা ৩৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু হয়। এরপর আহতদের হাসপাতালে পাঠানো হয়। আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

  • তাজা গুলি ও গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

    তাজা গুলি ও গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

    উখিয়ায় র‍্যাব-১৫ এর অভিযানে ৮ রাউন্ড তাজা গুলি ও ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে।

    র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, শনিবার ভোরে র‍্যাব-১৫, সিপিসি-২ এর আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প, ব্লক-বি এলাকায় একটি বসতঘরের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে দুই নারী মাদক কারবারিকে কৌশলে মহিলা র‍্যাব সদস্যদের সহায়তায় আটক করতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের মোঃ আমিনের মেয়ে সমছিদা (১৭), ছালেহ আহম্মেদের স্ত্রী লায়লা খাতুন (৪৭)।

    পরবর্তীতে গ্রেফতারকৃতদের তল্লাশি ও তাদের দেখানো স্থান থেকে আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সমছিদা’র পরিহিত সেলোয়ারের ডান কোমরে গোজানো অবস্থায় একটি সাদা ছোট কৌটার ভিতর থেকে ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অপর গ্রেফতারকৃত লায়লা খাতুনের দেখানো মতে তার বসতঘরের সামনের কক্ষের আলনার পিছনে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে পাঁচটি নীল রঙের পলিথিনের ব্যাগে সংরক্ষিত মোট ০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • নানা অপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী

    নানা অপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী

    নানা অপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

    শনিবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা’ নামক গ্রন্থের মোড়ক উন্মচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    রিজভী বলেন, সরকারের যে কোনো গাফলতি হলে তা শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী। আর জনগণের কাছে সরকার তার নিজের প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। এসব ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে যখন তারেক রহমানের কাজের অংশগুলো দলিল হিসেবে জনগনের হাতে পৌঁছে যাবে। এছাড়া সরকারের ইতিবাচক বিষয়গুলো জনগনের সামনে তুলে ধরারও আহ্বান জানান তিনি।

  • ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়। আমরা তো কোনো কৃতিত্বের জন্য যুদ্ধ করিনি।

    শুক্রবার ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত কাহিনী অনেকটাই অজানা রয়ে গিয়েছে। কারণ স্বাধীনতার পরে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা চাননি যে বাংলাদেশের প্রকৃত চিত্র, স্বাধীনতা যুদ্ধের প্রকৃত চিত্র সাধারণ মানুষ জেনে ফেলুক। এটা তারা অনেকেই চাননি এজন্য স্বাধীনতা যুদ্ধের অনেক কাহিনী আজও জনগণের কাছে অনেক অচেনা হয়ে রয়েছে। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ হল জনতার যুদ্ধ। এটি কোন রাজনৈতিক দলের যুদ্ধ নয়।

    তিনি বলেন, ১৯৭১ সাল যারা না দেখেছে, তারা কল্পনাও করতে পারবে না- আমরা গর্বিত একটা জাতির জন্ম দেখেছি। জাতির জন্মলগ্নে যুদ্ধে অংশগ্রহণ করেছি, স্বাধীন দেশও দেখেছি। এখন শুধু চাই সুন্দর একটা দেশ থাকুক।

  • অবসরে যাওয়া ৭৫ হাজার শিক্ষকের পাশে প্রধানমন্ত্রী

    অবসরে যাওয়া ৭৫ হাজার শিক্ষকের পাশে প্রধানমন্ত্রী

    অবসরে যাওয়া ৭৫ হাজার বেসরকারি শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব শিক্ষকের অবসর ও কল্যাণের টাকা পরিশোধে এককালীন দুই হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন।

    অতি দ্রুত এই টাকা ছাড়ের জন্য অর্থ মন্ত্রণালয়কেও নির্দেশ দেন তিনি। আগামী ১৫ আগস্ট শিক্ষকরা একযোগে পাচ্ছেন অবসর-কল্যাণের টাকা।

    বেসরকারি শিক্ষকদের শেষ জীবনের সম্বল বলতে তাঁদের অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের এককালীন টাকা। শেষ জীবনে শিক্ষকরা হজ করা, নিজের চিকিৎসা, মেয়ের বিয়ে বা ছেলেকে ব্যবসা ধরিয়ে দিতে এই টাকার ওপরই ভরসা রাখেন।

    কিন্তু ২০২২ সাল থেকে যেসব শিক্ষক অবসরে গেছেন, তাঁরা অবসর-কল্যাণের টাকা না পেয়ে রয়েছেন চরম ভোগান্তিতে। এই টাকা পেতে তাঁরা দ্বারে দ্বারে ঘুরছিলেন। বিএনপি সরকারের মেয়াদ ছয় মাস পূর্ণ হওয়ার আগেই প্রধানমন্ত্রী টাকা পরিশোধের অনন্য উদ্যোগ নিয়েছেন। বেসরকারি শিক্ষকদের জন্য তাঁর এই উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছে শিক্ষকসমাজ।

    এ ব্যাপারে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষকদের অবসর ও কল্যাণের টাকা পরিশোধে এককালীন দুই হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত দেন।

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, ‘শিক্ষকদের অবসর ও কল্যাণের টাকা পরিশোধের ব্যাপারে আমরা খুবই চিন্তিত ছিলাম। কারণ ২০২২ সাল থেকে যাঁরা আবেদন করেছেন, তাঁরা এখনো কোনো টাকা পাননি। শিক্ষকরা প্রতি মাসে নিজেরা চাঁদা দেন আর সরকার একটা অংশ দেয়। কিন্তু গত ১৭ বছরে সেই জামানতের অনেক টাকাই বেহাত হয়েছে। আবার দুর্বল ব্যাংকেও অনেক টাকা আটকে রয়েছে। আমরা আগে থেকেই এই খাতে অর্থ বরাদ্দের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। কিন্তু প্রধানমন্ত্রীর চিন্তা-চেতনা বিশাল। শিক্ষকদের জন্য তাঁর ভালোবাসা অন্য যে কারো চেয়ে বেশি। প্রধানমন্ত্রী সবাইকে তাঁদের অবসরের টাকা দিতে চান। এ জন্য আমাদের কাজ করার নির্দেশ দেন।’

    আবদুল খালেক বলেন, ‘এরপর আমরা বিস্তারিত হিসাব করে প্রধানমন্ত্রীর কাছে যাই। কিন্তু যে টাকা প্রয়োজন, তা হয়তো সরকারের পক্ষে একবারে দেওয়া দুঃসাধ্য। তাই একাধিক ধাপে অবসরের টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। প্রথম ধাপে শিক্ষকরা যে টাকা জমা রেখেছিলেন, তা পরিশোধে সম্মতি দেন প্রধানমন্ত্রী। এ জন্য প্রয়োজন ছিল দুই হাজার ১০০ কোটি টাকা। একবারে প্রধানমন্ত্রী দুই হাজার কোটি টাকা বরাদ্দ দেন। বাকি ১০০ কোটি টাকা অবসর-কল্যাণের ফান্ড থেকে নেওয়া হচ্ছে। ফলে ৭৫ হাজার শিক্ষক-কর্মচারী সবাই একবারে পাঁচ থেকে সাত লাখ পর্যন্ত টাকা পাবেন। আবার ছয় মাস পর বা তার আগেই দ্বিতীয় ধাপের টাকা পরিশোধ করা হবে।’

    শিক্ষাসচিব বলেন, ‘এখন অবসর সুবিধা বোর্ডে আবেদন জমা আছে ৭৫ হাজার। আর কল্যাণ ট্রাস্টে আবেদন জমা ৪৪ হাজার। মোট এক লাখ ১৯ হাজার আবেদন জমা। কিন্তু যে শিক্ষক অবসরে আবেদন করেছেন, তাঁর কল্যাণেও আবেদন জমা আছে। ফলে মোট শিক্ষকের সংখ্যা ৭৫ হাজার। তাঁদের সবার ব্যাংক অ্যাকাউন্ট আমাদের হাতে রয়েছে। সবাইকে আগামী ১৫ আগস্ট ইএফটির (ইলেকট্রনিকস ফান্ড ট্রান্সফার) মাধ্যমে একযোগে তাঁদের নিজ নিজ ব্যাংকে টাকা ট্রান্সফার করা হবে। এর আগে আগামী ১৩ আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর এই মহানুভবতার জন্যই শিক্ষকদের সবচেয়ে বড় সমস্যা সমাধানের দ্বারপ্রান্তে রয়েছি আমরা।’

    সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি মাসের মূল বেতন থেকে অবসর বোর্ডে কেটে নেওয়া হয় ৬ শতাংশ টাকা এবং কল্যাণ ট্রাস্টে কেটে নেওয়া হয় ৪ শতাংশ টাকা। বেতন থেকে কেটে নেওয়া অর্থে পেনশনের পুরো টাকা পরিশোধ করা সম্ভব নয়। কিন্তু আগের সরকারের পক্ষ থেকে প্রতিবছর বাজেটে বরাদ্দ না দেওয়ায় শিক্ষক-কর্মচারীর আবেদনের স্তূপ জমা রয়েছে। অবসর বোর্ডে দেওয়া ৬ শতাংশ অর্থে প্রতি মাসে জমা হয় ৭০ কোটি টাকা। আর বোর্ডের এফডিআর থেকে আসে তিন কোটি টাকা। প্রতি মাসে মোট আয় হয় ৭৩ কোটি টাকা। কিন্তু প্রতি মাসে যত সংখ্যক শিক্ষক-কর্মচারী অবসরে যান, তাঁদের পেনশনের টাকা পরিশোধ করতে প্রয়োজন হয় ১১৫ কোটি টাকা। ফলে প্রতি মাসে ঘাটতি থাকে ৪২ কোটি টাকা।

    অন্যদিকে কল্যাণ ট্রাস্টে জমা দেওয়া ৪ শতাংশ অর্থে ফান্ডে প্রতি মাসে জমা হয় ৫০ কোটি টাকা। আর ট্রাস্টের এফডিআর থেকে মাসে পাওয়া যায় দুই কোটি টাকা। ফলে সব মিলিয়ে মাসে আয় হয় ৫২ কোটি টাকা। অথচ প্রতি মাসে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন ৬৫ কোটি টাকা। এতে প্রতি মাসে ঘাটতি থেকে যায় ১৩ কোটি টাকা। এরপর আবার দুর্বল ব্যাংকে শিক্ষকরা এসব টাকা রাখার কারণে অনেকটাই বন্ধ হয়ে যায় অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের কার্যক্রম।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, সব শিক্ষকের পাওনা একবারে পরিশোধ করতে সরকারের কাছ থেকে এককালীন সাড়ে ৯ হাজার কোটি টাকা থোক বরাদ্দ প্রয়োজন। কিন্তু অবহেলিত এসব শিক্ষকের পেনশনের টাকা পরিশোধ করতে আগের সরকারের তেমন কোনো আগ্রহ ছিল না। এমপিওভুক্ত এসব শিক্ষকের দুর্দশা ঘোচাতে এবার বিএনপি সরকার বড় ধরনের উদ্যোগ গ্রহণ করল।

    শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন বলেন, ‘অবসরে যাওয়া শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। একই সঙ্গে শিক্ষকদের দ্বিতীয় ধাপে আবার কবে টাকা দেওয়া হবে, সে ব্যাপারে আমরা সুনির্দিষ্ট ঘোষণা চাই। কারণ একবার একটা অংশ দেওয়ার পর দ্বিতীয় ধাপের টাকা দেওয়া নিয়ে মন্ত্রণালয়ের অনাগ্রহ তৈরি হতে পারে। যা আমাদের আশঙ্কার কারণ। আমরা চাই শুধু শিক্ষকদের দেওয়া অংশ নয়, সরকারের অংশসহ পুরো টাকাটাই শিক্ষকরা যেন পান। বেসরকারি শিক্ষকদের বেতন কম। শেষ জীবনে তাঁদের এই টাকাই ভরসা। তাঁরা একবারে একটা বড় অঙ্কের টাকা পেলে তা কাজে লাগিয়ে অবসর জীবনটা কাটিয়ে দিতে পারবেন।’

  • নাটোরে মন্ত্রী-হুইপের পথসভায় আটক যুবকের পিস্তলটি প্লাস্টিকের ছিল

    নাটোরে মন্ত্রী-হুইপের পথসভায় আটক যুবকের পিস্তলটি প্লাস্টিকের ছিল

    নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে পিস্তলসহ যুবককে আটক করা হয়। অবশ্য উদ্ধার হওয়া পিস্তলটি আসল নয়, সেটি প্লাস্টিকের বলে জানিয়েছে পুলিশ।

    শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম।

    পুলিশের এই কর্মকর্তা জানান, আটক যুবকের নাম শামস আলামিন তামিম। তিনি নাটোর শহরের কানাইখালী এলাকার মৃত শামসুল আলমের ছেলে। উত্তরা গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী ও হুইপের অংশ নেওয়া পথসভাস্থলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তামিম। মঞ্চ থেকে মন্ত্রী ও হুইপ নেমে যাওয়ার পর তাকে তল্লাশি করা হলে একটি পিস্তল উদ্ধার করা হয়।

    পরে উদ্ধার করা পিস্তলটি যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয়, এটি কোনো আগ্নেয়াস্ত্র নয়, প্লাস্টিকের তৈরি পিস্তল। তবে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচি ও ভিভিআইপি নিরাপত্তা এলাকার কাছাকাছি ওই যুবক কেন প্লাস্টিকের পিস্তল নিয়ে অবস্থান করছিলেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

    এর আগে, শুক্রবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে পিস্তলসহ আটকের পর শামস আলামিন তামিম দাবি করেন, পিস্তলটি তার বাবার লাইসেন্স করা এবং নিজের নিরাপত্তার জন্য তিনি সেটি সঙ্গে রেখেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও দাবি করেন।

  • ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    ব্রাহ্মণবাড়িয়ার পাওয়ার হাউস রোড এলাকা থেকে মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

    নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের ছেলে। তারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোডের ওই চারতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। আনিসুর রহমান কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুর রহমানের এক চাচা খুন হন। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় তারা পরিবার নিয়ে শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

    শুক্রবার রাতে ভবনের নিচতলার সিঁড়ির পাশে আনিসুরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

    পরিবারের অভিযোগ, এ ঘটনার পেছনে আনিসুরের চাচাতো ভাইদের হাত থাকতে পারে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানান, মরদেহের প্রাথমিক অবস্থা দেখে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

    পুলিশ সুপার আরও বলেন, মরদেহটি রাতেই ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।

  • শাস্তি পেলেও থামেনি মাদারীপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক সামসুদ্দীনের ঘুষ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি

    শাস্তি পেলেও থামেনি মাদারীপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক সামসুদ্দীনের ঘুষ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি

    ঘুষ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অবৈধ সম্পদ অর্জন ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র মাদারীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক সামসুদ্দীন আহম্মেদের। তবু অজানা কারণে ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন বিআরটিএ মাদারীপুর সার্কেলে কর্মরত এই মোটরযান পরিদর্শক।

    সামসুদ্দীন আহম্মেদ মোটরযান পরিদর্শক বিআরটিএ মাদারীপুর সার্কেল

    বিআরটিএ অফিস সম্মুখে অবস্থান কর্মসূচি।

    চলতি বছরের ১৯ এপ্রিল মাদারীপুর সদর উপজেলার আলীর বাজার গ্রামে মাস্টারবাড়ির জনৈক মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ সাইফুল ইসলাম সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বরাবর এক অভিযোগে এই মোটরযান পরিদর্শকের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ দায়ের করেছেন। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, অভিযোগ পত্রে সামসুদ্দীন আহম্মেদ সম্পর্কে দীর্ঘদিন যাবৎ ঘুষ গ্রহণ, দুর্নীতি, নিয়ম বহির্ভুতভাবে অর্থ আদায়, মোটরযানের ফিটনেস সনদ প্রদানে গ্রাহক হয়রানির মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণের বিষয়ে উল্লেক রয়েছে।

    এছাড়াও বৈধ আয়ের সাথে সুস্পষ্টভাবে অসামাঞ্জস্যভাবে তাঁর নিজ নামে ও বেনামে বিপুল পরিমান অবৈধ সম্পদ ও জমি-বাড়ি, ফ্ল্যাট ও বিলাসবহুল যানবাহন ব্যবহারের অভিযোগ করেছেন সাইফুল ইসলাম। তবে স্পষ্ট কোনো সম্পদের দলিল ও তথ্য প্রমাণ সংযুক্ত করেননি।

    তবে বিষয়টি অনুসন্ধানে তদন্ত করতে বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমানকে গত ২৩ জুলাই

    নং-৩৫.০০.০০০০.০০০.০২৮.২৭.০০১৭.২৩.১৫৭ সংখ্যক স্মারকমূলে পত্র পাঠিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তদন্ত ও শৃঙ্খলা শাখার সিনিয়র সহকারী সচিব এস.এম. শান্তনু চৌধুরী।

    বিআরটিএ সূত্র বলছে, এই মোটরযান পরিদর্শকের বিরুদ্ধে বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলে কর্মরত থাকা অবস্থায় গত ২০২৩ সালের ৫ নভেম্বর বহুল প্রচলিত এক দৈনিক পত্রিকায় ৬ ঘন্টায় ১২শ ফিটনেস সনদ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের অভিযোগসমূহ তদন্তের জন্য দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিআরটিএ। একইসাথে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক উপসচিব মোঃ মনিরুল আলম কর্তৃক আরও একটি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। উভয় প্রতিবেদনে এই কর্মকর্তার বিরুদ্ধে কর্তব্য পালনে অবহেলা ও কর্তৃপক্ষের আইন সংজ্ঞত আদেশ অমান্য করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে ২০২৩ সালের ৮ নভেম্বর এই কর্মকর্তাকে মাদারীপুর সার্কেলে বদলীপূর্বক বিভাগীয় মামলা নং ২৫/২০২৩ রুজু করে বিআরটিএ।

    পরবর্তীতে ২০২৪ সালের ১১ নভেম্বর বিআরটিএর সাবেক চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদ তিন সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করেন। উক্ত তদন্ত প্রতিবেদনেও এই কর্মকর্তার বিরুদ্ধে মোটরযান পরিদর্শন না করে ফিটনেস প্রদান করা, মোটরযানের সাথে পরিদর্শকের ছবি না তোলা এবং মোটরযান উপস্থিতির সত্যতার বিষয়ে প্রমাণক উপস্থাপন করতে না পারায় তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলেছে। এই ঘটনায় ২০২৫ সালের ৪ ডিসেম্বর বিআরটিএর সাবেক চেয়ারম্যান প্রজ্ঞাপন জারি করে মোটরযান পরিদর্শক সামসুদ্দীন আহম্মেদকে সরকারি চাকুরি আইন ২০১৮ এর ৩২(ক) (আ) ধারা অনুযায়ী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩ (খ) অনুযায়ী দোষী সাব্যস্ত করে বিধি ৪(২) (খ) মোতাবেক দুই বছরের জন্য তার বেতন বৃদ্ধি স্থগিত করণের শাস্তি প্রদান করেন। উক্ত দন্ডাদেশ চলতি বছরের ১ জুলাই হতে কার্যকর হচ্ছে।

    এর আগে ২০২৫ সালের ১৮ এপ্রিল মাদারীপুর সার্কেলের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছিল সংশ্লিষ্ট জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।