Blog

  • বাগেরহাটে বাসের ধাক্কায় অটোভ্যানচালক নিহত, আহত ৪

    বাগেরহাটে বাসের ধাক্কায় অটোভ্যানচালক নিহত, আহত ৪

    বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের বাসের ধাক্কায় আবু হানিফ বেপারী (৭০) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানে থাকা নারী ও শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।

    রবিবার সকালে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা।

    আহত ব্যক্তিরা হলেন সুরমা বেগম (৩৫), তানভীর (১৩), মো. হানিফ (৪০) ও হাফিজ (৪৫)। তাদের শরণখোলা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবু হানিফ অটোভ্যানে করে গ্রামের চার যাত্রীকে ঢাকাগামী বাসে তুলে দেওয়ার জন্য রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে নিয়ে আসেন। এ সময় ঢাকা থেকে আসা হামিম পরিবহনের একটি দূরপাল্লার বাস বাসস্ট্যান্ডে পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

    পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন।

    শরণখোলা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লাবনী বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত চারজনের শরীরে গুরুতর আঘাত থাকায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

  • কাস্টমস কর্মকর্তা কাজী সুলতানা দম্পতির ‘সম্পদের পাহাড়’, উঠছে দুর্নীতির অভিযোগ

    কাস্টমস কর্মকর্তা কাজী সুলতানা দম্পতির ‘সম্পদের পাহাড়’, উঠছে দুর্নীতির অভিযোগ

    বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা কাজিয়া সুলতানার (পরিচিতি নম্বর: ৩০০২৮৫) সম্প্রতি যুগ্ম কমিশনার (গ্রেড-৫) পদে পদোন্নতি এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন অনুসন্ধান ও সূত্রে দাবি করা হয়েছে, কাজিয়া সুলতানা এবং তার স্বামী শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মহিউদ্দীন আহমেদ মুরাদের নামে গড়ে তোলা হয়েছে অঢেল সম্পদ।
    রাজধানী ও গ্রামে অঢেল সম্পদের পাহাড়
    অনুসন্ধানী তথ্যে এই দম্পতির নামে বিপুল স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণ উঠে এসেছে:
    আফতাবনগরে বহুতল ভবন: ২০১৯ সালের ৩১ মার্চ খিলগাঁও সাব-রেজিস্ট্রি অফিসে আফতাবনগরের জহুরুল ইসলাম সিটির এফ ব্লকে (সেক্টর-১, রোড-৩, বাড়ি-১৯) তিন কাঠার একটি প্লট মহিউদ্দীন আহমেদের নামে রেজিস্ট্রি হয়। দলিলে মূল্য ১৭ লাখ ২৬ হাজার টাকা দেখানো হলেও বাস্তবে প্লটটি প্রায় সাড়ে তিন কোটি টাকায় কেনা হয় বলে সূত্রের দাবি। সেখানে আনুমানিক ছয় কোটি টাকা ব্যয়ে আটতলা ভবন নির্মাণ করা হয়েছে, যা থেকে প্রতি মাসে প্রায় সাড়ে তিন লাখ টাকা ভাড়া আসে।
    বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাট ও প্লট: বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে কয়েক কোটি টাকা মূল্যের ২৪০০ বর্গফুটের একাধিক ফ্ল্যাট রয়েছে এই দম্পতির। এছাড়া এল ব্লকে তাদের একটি ১২ কাঠার প্লট রয়েছে (বর্তমান বাজারমূল্য প্রায় ১০-১২ কোটি টাকা), যেখানে একটি বাগানবাড়ি গড়ে তোলা হয়েছে।
    বাণিজ্যিক স্পেস ও অন্যান্য জমি: উত্তর বাড্ডার বিটিআই শপিংমলে ‘স্টাইল এমকে’ নামে দুটি দোকান রয়েছে, যা আনুমানিক ৮০-৯০ লাখ টাকায় কেনা। উত্তরা ১১ নম্বর সেক্টরে সাড়ে চার কাঠা জমি, একাধিক ব্যক্তিগত গাড়ি এবং গ্রামে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ডুপ্লেক্স বাড়ির তথ্যও উঠে এসেছে অনুসন্ধানে।
    পদায়ন বিতর্ক ও অনিয়মের অভিযোগ
    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কর্মজীবনের বিভিন্ন সময় কাজিয়া সুলতানা গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় পদায়ন পেয়েছেন।
    প্রভাবশালীদের সহযোগিতা: অভিযোগ রয়েছে, এনবিআরের সাবেক সদস্য মোয়াজ্জেম হোসেনের প্রভাবেই তিনি দীর্ঘদিন এসব গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন।
    বিভাগীয় ব্যবস্থা ও পদোন্নতি বিলম্ব: আইসিডি কাস্টম হাউসে দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, যার ফলে সমসাময়িক সহকর্মীদের তুলনায় তার পদোন্নতি পিছিয়ে যায়।
    বন্ড ও ভ্যাট কমিশনারেটে দায়িত্ব: পরবর্তীতে ঢাকা উত্তর বন্ড কমিশনারেট ও ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটে দায়িত্ব পালনের সময়ও প্রশাসনিক সিদ্ধান্ত ও ফাইল নিষ্পত্তিতে আর্থিক সুবিধা গ্রহণের নানা অভিযোগ ওঠে।
    এতসব অভিযোগের পরও গত ২২ জুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের যুগ্ম কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়।
    বিভিন্ন সময়ে কাস্টমস কর্মকর্তা কাজিয়া সুলতানার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতি সংক্রান্ত তথ্য প্রকাশ পেলেও এনবিআরের পক্ষ থেকে কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা দেখা যায়নি।
    এসব অভিযোগের বিষয়ে কাজিয়া সুলতানা ও তার স্বামী মহিউদ্দীন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
    দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সংশ্লিষ্টদের মতে, শুল্ক ও কর প্রশাসনের সুশাসন ও জনমনে আস্থা ফেরাতে এসব অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। তদন্তের মাধ্যমেই কেবল সত্য উদ্ঘাটিত হতে পারে এবং রাজস্ব প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।

  • বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ

    বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ

    বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌস। আছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে। আওয়ামীলীগের নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।
    শেখ হাসিনার এপিএস ছিলেন কাজী নিশাত রসুল এটা সবার জানা। এই নিশাত রসুলের অত্যন্ত ঘনিষ্ট সহচর নিয়মিত পদোন্নতি প্রাপ্ত অত্যন্ত সুবিধাবাদী কর্মকর্তা এই মোর্শেদা। আওয়ামীলীগের পদধারী হওয়ার সুবাদে মাঠে কাজ করতে হয়নি। লম্বা সময় কেটেছে ক্যাবিনেট ডিভিশনে। কেবিনেট ডিভিশনের এক কর্মকর্তার সাথে নৈতিক স্খলনজনিত স্ক্যান্ডালের জন্ম দিয়েছেন তিনি। এঘটনায় ওই কর্মকর্তার সংসার ভাঙ্গার উপক্রম হলে সচিবালয়ে বৈঠকও হয়।
    ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষের অবস্থান নেওয়া মোর্শেদা দম্ভ করে বলতেন, “ছাত্র জনতার” আন্দোলনে আওয়ামীলীগ সরকারের বা* বাকা করতেপারবে না।
    সচিবালয়ের আওয়ামীলীগ ঘরনার কর্মকর্তাদের সাথে
    সার্বক্ষণিক লিয়াজো রাখতেন। সচিবালয়ের যাবতীয় তথ্য এখন এই মহারানি পাচার করেন পলাতক লীগের মন্ত্রী নসরুদ হামিদ বীপুর কাছে।
    চট্টগ্রামে প্রায় আট হাজার কোটি টাকার অধিক ব্যয়ে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং। এই আলুরানির প্রকল্পে অনিয়ম আর দুর্নীতির কারণে সেটা আলোর মুখ দেখেনি। ওই প্রকল্পটি জন্য টেন্ডার আহ্বান করেছিলেন গত ১১ ফেব্রুয়ারি। অর্থাৎ নির্বাচনের আগের দিন যাতে বিএনপির কেউ টেন্ডারের অংশগ্রহণ করতে না পারে! এতটাই কৌশলী এই মোর্শেদা।
    অফশোর টেন্ডারের কাজ এখনো টেন্ডার সাবমিট করাতে না পারা মোর্শেদার অদক্ষতার পরিচয় বহন করে। মন্ত্রণালয় সূত্র জানায়, অফশোর টেন্ডারের নাম করে এখন রোড শো নাম দেখিয়ে আমেরিকা যাবেন এই আলুরানি সরকারি খরচে! তার চেয়েও বড় কথা হলো এতো গুরুত্বপূর্ণ একটা বিভাগের তথ্য বা সরকারি কোনো তথ্য পাচারের উদ্দেশ্যেই তিনি সেখানে যাচ্ছেন কি না সেটা খতিয়ে দেখতে হবে।
    সুদীর্ঘ সাত বছরের কাছাকাছিএই মোর্শেদা আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগে। অথচ সরকারের কোন মন্ত্রণালয়ে তিন বছরের বেশী পোস্টিং থাকার কোনো নীতিগত সুযোগ নেই। আওয়ামী লীগের সময়ে, কেয়ারটেকার আর বিএনপির সরকারের এই সময়ে তিনি আছেন জ্বালানি বিভাগে বহাল তবিয়তে!
    এই গ্রুপ স্যাবোটেজ ছাড়া আর তাদের নিজেদের স্বার্থ ছাড়া কিছু করবে না জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের জন্য নিশ্চিত থাকেন।

  • রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

    রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

    দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে ১১-দলীয় জোট। জোট থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করা হয়েছে। আজ রবিবার দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক শেষে প্রার্থী ঘোষণা করা হয়।
    বৈঠক শেষে জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ। এসময় জোটের অন্য শরিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

    এদিকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।

    আগামী ২০ অগাস্ট ভোটগ্রহণের তারিখ রেখে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ১৩ অগাস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ অগাস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৮ অগাস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

    মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হতে হবে সংসদ সদস্যকে।
    এক প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারেন, বাছাইয়ে একটি চূড়ান্ত হবে। ভোট হবে ২০ অগাস্ট সংসদ অধিবেশন কক্ষে।

  • ঝালকাঠির ভীমরুলীর পেয়ারা এবার রপ্তানির সম্ভাবনা দেখছেন: মার্কিন রাষ্ট্রদূত

    ঝালকাঠির ভীমরুলীর পেয়ারা এবার রপ্তানির সম্ভাবনা দেখছেন: মার্কিন রাষ্ট্রদূত

    ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও বিস্তীর্ণ পেয়ারা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফর শেষে তিনি বাংলাদেশি পেয়ারা আন্তর্জাতিক বাজার, বিশেষ করে যুক্তরাষ্ট্রে রপ্তানির সম্ভাবনার কথাও তুলে ধরেন।

    রবিবার সকাল ৯টার দিকে স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে ছোট নৌকায় চড়ে তিনি ভাসমান বাজার ঘুরে দেখেন, স্থানীয় পেয়ারার স্বাদ নেন এবং নৌকায় বসেই বাজারের প্রাণচাঞ্চল্য ও চারপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

    ভীমরুলীতে কিছুক্ষণ অবস্থানের পর রাষ্ট্রদূত ট্রলারযোগে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশে রওনা হন। এ সময় তার সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

    পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলীর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, জলপথনির্ভর ভাসমান বাজার এবং এখানকার মানুষের আন্তরিকতা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে।

    তিনি বলেন, কৃষকদের কঠোর পরিশ্রম, বাজারের কর্মচাঞ্চল্য এবং এখানকার পেয়ারার উৎকৃষ্ট মান আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

    রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু অঞ্চলেও সীমিত পরিসরে পেয়ারা উৎপাদিত হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে পেয়ারা রপ্তানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি তার দেশের সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

    ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটন আকর্ষণ। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার অনন্য দৃশ্য দেখতে দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এখানে ভিড় জমান।

    স্থানীয়দের মতে, মার্কিন রাষ্ট্রদূতের এই সফর শুধু ভীমরুলীর ভাসমান বাজারকেই আন্তর্জাতিকভাবে নতুন পরিচিতি দেবে না, বরং স্থানীয় পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের জন্য রপ্তানির নতুন সম্ভাবনাও সৃষ্টি করবে।

  • সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি

    সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি

    দেশের অন্যতম প্রধান স্থলবন্দরে সোনামসজিদে গত চার অর্থবছরে মোট রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকা। কাস্টমস স্টেশনের লক্ষ্যমাত্রা ও আদায়ের পরিসংখ্যান এবং বন্দর সংশ্লিষ্টদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে রাজস্ব আদায়ের এ ঘাটতির চিত্র পাওয়া গেছে। কাস্টমস ও বন্দর সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরই লক্ষ্যমাত্রার চেয়ে বড় ব্যবধানে পিছিয়ে থাকছে বন্দরটি, যা দিন দিন সোনামসজিদের সার্বিক রাজস্ব ব্যবস্থাপনাকে এক বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে।

    কাস্টমসের পরিসংখ্যান অনুযায়ী, সোনামসজিদ বন্দরে রাজস্ব ঘাটতির এ ধারা শুরু হয় ২০২২-২৩ অর্থবছর থেকে; ওই বছর ঘাটতির পরিমাণ ছিল ৪১৮ কোটি টাকা। পরের ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়ায় ১৬৩ কোটি টাকায়। তবে ২০২৪-২৫ অর্থবছরে ঘাটতি আবারও বেড়ে দাঁড়ায় ২১৪ কোটি ৬১ লাখ টাকায়।

    সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ হাজার ১০১ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার টাকা নির্ধারণ করা হলেও আদায় হয়েছে ৮১৯ কোটি ৬৯ লাখ ২৩ হাজার টাকা। ফলে বছর শেষে ২৮২ কোটি ২০ লাখ ৬৪ হাজার টাকার নতুন ঘাটতি তৈরি হয়েছে। গত চার বছরের ঘাটতি হিসাব করলে মোট পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৭৭ কোটি টাকা ছাড়িয়ে।

    মাসভিত্তিক আদায়ের চিত্র
    সবশেষ ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই মাসভিত্তিক রাজস্ব আদায়ে টানা মন্দাভাব ছিল। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ শতাংশ রাজস্ব কম আদায় হয়। আগস্টে ঘাটতির হার ছিল ২৯ দশমিক ৩৩ শতাংশ এবং সেপ্টেম্বরে কম আদায় হয় ১ দশমিক ৫ শতাংশ। অক্টোবর মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২ কোটি ৩ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়। নভেম্বর ও ডিসেম্বরে যথাক্রমে ২৮ দশমিক ১ শতাংশ ও ৩১ দশমিক ১ শতাংশ ঘাটতি ছিল। জানুয়ারিতে ২১ দশমিক ৫ শতাংশ এবং ফেব্রুয়ারিতে ২২ দশমিক ৭ শতাংশ ঘাটতি দেখা দেয়।

    মার্চ মাসে আদায় আশঙ্কাজনকভাবে কমে যায়। এপ্রিলে সামান্য ঘাটতি থাকলেও মে মাসে বড় ধস নামে; নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে আয় কমে ঘাটতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৯ দশমিক ৪ শতাংশ। তবে অর্থবছরের শেষ মাস জুনে এসে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ০ দশমিক ৯ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত অর্জিত হয়।

    রাজস্ব ঘাটতির ছয় প্রধান কারণ

    বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্রমাগত এই রাজস্ব ঘাটতির নেপথ্যে মূলত ছয়টি প্রধান কারণ চিহ্নিত করা গেছে-

    ১. অবকাঠামোগত সীমাবদ্ধতা: বন্দরে জায়গা সংকট ও সরু সড়কের কারণে প্রতিদিন তীব্র যানজট তৈরি হচ্ছে, যা পণ্য খালাস প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে।

    ২. ম্যানুয়াল প্রক্রিয়া: দাপ্তরিক কাজ ও ফাইল অনুমোদনে অটোমেশন বা অনলাইন ব্যবস্থার ঘাটতির ফলে দীর্ঘসূত্রতা দেখা দিচ্ছে।

    ৩. গার্মেন্টস পণ্য স্থানান্তরে বাধা: তৈরি পোশাক বা গার্মেন্টস পণ্য স্থলবন্দরের পরিবর্তে সমুদ্রবন্দর (সি-পোর্ট) দিয়ে রপ্তানির বাধ্যবাধকতার কারণে সোনামসজিদের রপ্তানি বাণিজ্য ও আয় আশঙ্কাজনকভাবে কমেছে।

    ৪. অতিরিক্ত খরচ ও শুল্ক: ভারতীয় অংশে একতরফা মূল্যবৃদ্ধির পাশাপাশি সোনামসজিদ বন্দরেও অতিরিক্ত চার্জ আদায় ও লোড-আনলোডে দ্বিগুণ মাশুল নেওয়ার অভিযোগ রয়েছে।

    ৫. যান্ত্রিকীকরণে শ্রমিক অসন্তোষ: পাথর খালাসে ক্রেন ও জেসিবি বা এস্কাভেটর ব্যবহার বাড়ায় সাধারণ শ্রমিকরা কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছেন, যা বন্দরে অসন্তোষ সৃষ্টি করছে।

    ৬. উচ্চ শুল্কের পণ্য আমদানি বন্ধ: ডলারে কড়াকড়ির কারণে আমদানিকারকরা পর্যাপ্ত এলসি (ঋণপত্র) খুলতে পারছেন না। ফলে ফল ও মসলার মতো উচ্চ শুল্কযুক্ত পণ্যের আমদানি প্রায় বন্ধ হয়ে কেবল নিম্ন শুল্কের পাথর নির্ভর হয়ে পড়েছে বন্দরটি।

    ব্যবসায়ী ও শ্রমিকদের ক্ষোভ

    সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল আউয়াল বলেন, যশোরের বেনাপোল স্থলবন্দরে যেখানে প্রায় সাড়ে ৩০০ একর জায়গা রয়েছে, সেখানে সোনামসজিদে রয়েছে মাত্র ১৯ একর। এত অল্প জায়গায় আন্তর্জাতিক বাণিজ্য চালানো অসম্ভব। সুযোগ-সুবিধার অভাবে আমদানিকারকরা এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

    সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, জটিলতার কারণে অনেক ব্যবসায়ী হয়রানি ও যানজটের ভয়ে এখানে আসতে চান না।

    সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘ সিরিয়ালের কারণে সময়মতো ঢাকা বা দেশের অন্য বাজারে পণ্য পৌঁছানো যায় না, ফলে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক লোকসান গুনতে হচ্ছে।

    আমদানিকারক রওশান আলী অভিযোগ করেন, ইয়ার্ডে জায়গা না থাকায় নির্দিষ্ট সময়ে মালামাল খালাস না করতে পারলে মোটা অঙ্কের ডেমারেজ মাশুল গুনতে হয়।

    আবার অবৈধ বাণিজ্য বন্ধে নিয়মিত তদারকির তাগিদ দেন সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন ইতি।

    অন্যদিকে যন্ত্রের ব্যবহারে সাধারণ শ্রমিকদের আয় দিনে ৫০০ টাকা থেকে ১৫০ টাকায় নেমে এসেছে বলে জানান সোনামসজিদ ‘মায়ের দোয়া’ শ্রমিক সংগঠনের সভাপতি মুখলেসুর রহমান সরকার।

    অবকাঠামোগত সংকট প্রসঙ্গে বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ‘পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড’-এর ম্যানেজার মাইনুল বলেন, ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে সরকারের কাছে আরও ২২ একর জমি অধিগ্রহণের আবেদন করা হয়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আমদানি-রপ্তানি ও রাজস্ব দুটোই বাড়বে।

    সার্বিক বিষয়ে সোনামসজিদ কাস্টমসের রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ব্যাংক ও স্টেকহোল্ডারদের নিয়ে আমরা নিয়মিত সভা করছি। আসলে আমদানি কতটুকু হবে তা ব্যবসায়ীদের চাহিদার ওপর নির্ভর করে। এ ছাড়া ডলারের দাম কিছুটা কমে এলে উচ্চ শুল্কের পণ্য আমদানি বাড়বে, যা রাজস্ব ঘাটতি কাটাতে ভূমিকা রাখবে।

  • সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট!

    সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট!

    রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সচল যন্ত্রপাতি বিকল দেখিয়ে মেরামতের নামে লোপাট করা হয়েছে প্রায় ৪৭ লাখ টাকা। এ ঘটনায় হাসপাতালের সাবেক পরিচালক, বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক ও এক স্টোরকিপারের নাম সামনে এসেছে। অথচ হাসপাতালটিতে অচল পড়ে আছে ১০০ কোটি টাকার তিন শতাধিক জীবনরক্ষাকারী যন্ত্র।

    রাজধানীসহ সারা দেশের লাখ লাখ নিম্ন ও মধ্যবিত্ত মানুষ চিকিৎসা নেয় এই হাসপাতালে। অথচ ৩২০টি অতি গুরুত্বপূর্ণ যন্ত্র বছরের পর বছর ধরে বিকল থাকায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। এর মধ্যেই সচল যন্ত্র নষ্ট দেখিয়ে অর্থ লোপাটের বিষয়টি সামনে এসেছে।
    বাঁ থেকে সাবেক পরিচালক ডা. মো. শফিউর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দ দুলাল সাহা এবং স্টোরকিপার মো. রফিকুল ইসলাম।

    এ ঘটনায় হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. শফিউর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দ দুলাল সাহা এবং স্টোরকিপার মো. রফিকুল ইসলামের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

    নষ্ট না হওয়া যন্ত্র মেরামত হলো যেভাবে
    ২০২৪-২৫ অর্থবছরে যন্ত্র মেরামতের বরাদ্দ ছিল ৪০ লাখ টাকা। এর বিপরীতে খরচ দেখানো হয় ৩১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

    ২০২৫-২৬ অর্থবছরে ৯৫ লাখ টাকা বরাদ্দের বিপরীতে খরচ দেখানো হয় ১৫ লাখ ২১ হাজার টাকা। পেশেন্ট মনিটর, ইসিজি মেশিন, ওটি টেবিল ও ডায়াথার্মি মেশিন মেরামতের নামে সাতটি কোটেশনের মাধ্যমে তোলা হয় এই অর্থ।

    দুই অর্থবছর মিলিয়ে মেরামতের নামে মোট তোলা হয়েছে ৪৭ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। প্রতিটি বিলে তৎকালীন পরিচালক ডা. মো. শফিউর রহমানের স্বাক্ষর থাকলেও এতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের কোনো সম্মতি ছিল না বলে জানা গেছে।

    বিষয়টি জানতে পেরে বিস্ময় প্রকাশ করেন হাসপাতালের প্রধান বায়োমেডিকেল প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুদ জামান। তিনি বলেন, ‘এসব যন্ত্র তো নষ্টই হয়নি, মেরামত হবে কীভাবে? নষ্ট হলে সবার আগে আমাদের বায়োমেডিকেল টিমের জানার কথা। আমরা কিছুই জানি না, অথচ কাগজপত্রে নাকি মেরামত সম্পন্ন করে বিলও তোলা শেষ! পুরোটাই ভুয়া কোটেশন বানিয়ে ভাগ-বাঁটোয়ারা করা হয়েছে।’

    মোহাম্মদ তৌহিদুদ জামান বলেন, ‘বিষয়টি সম্প্রতি জানতে পেরেছি। এটি নিয়ে তৎকালীন পরিচালক শফিউর রহমানের বিরুদ্ধে অডিট আপত্তিও এসেছে। তিনি কয়েক দিন পরপর মীমাংসার জন্য হাসপাতালে আসেন। এই টাকা স্টোরকিপার রফিক ও পরিচালক সিন্ডিকেটের পেটে গেছে।’

    কাজ পায় স্টোরকিপারের স্ত্রীর ভুয়া প্রতিষ্ঠান
    হাসপাতালের বিভিন্ন মেরামত ও মালামাল সরবরাহের কার্যাদেশ পায় ‘এম/এস এস.আর ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠান। দরপত্রে ঠিকানা দেখানো হয় মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ৩১৪-৩১৫ নম্বর বাসা (ফ্ল্যাট ৪/বি)। তবে দরপত্রে উল্লিখিত ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে এমন কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি।

    দরপত্রে কাজ পাওয়া প্রতিষ্ঠানের ঠিকানা দেখানো হয় রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার এই ভবনে। তবে সেখানে গিয়ে এমন কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব
    দরপত্রে কাজ পাওয়া প্রতিষ্ঠানের ঠিকানা দেখানো হয় রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার এই ভবনে। তবে সেখানে গিয়ে এমন কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব

    ওই ভবনের বাসিন্দা ও স্থানীয়রা জানান, ভবনটির পুরোটাই আবাসিক। সেখানে কোনো অফিস বা বাণিজ্যিক প্রতিষ্ঠান নেই।
    অনুসন্ধানে জানা যায়, প্রকৃতপক্ষে এটি ছিল হাসপাতালের স্টোরকিপার মো. রফিকুল ইসলামের স্ত্রীর নামে খোলা একটি কাগুজে প্রতিষ্ঠান।
    সরকারি চাকরিতে থেকে স্ত্রীর নামে কাল্পনিক প্রতিষ্ঠান খুলে জালিয়াতির প্রসঙ্গে জানতে চাইলে রফিক বলেন, ‘স্ত্রী স্বাধীনভাবে ব্যবসা করতে পারেন।’

    বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের স্বাক্ষর ছাড়া এবং মালামাল না বুঝে পেয়ে কীভাবে বিল পাস হলো? এমন প্রশ্ন করা হলে নামাজের অজুহাতে নিজের কক্ষ থেকে বেরিয়ে যান তিনি।

    ভালো যন্ত্র নষ্ট দেখিয়ে ভুয়া বিল তৈরি করে অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাইলে রফিক বলেন, ‘ক্যাশ থেকে টাকা নিয়ে কাজ করা হয়েছিল। সেই টাকা সমন্বয়ের জন্য পরিচালকের নির্দেশে বিল করা হয়েছে।’

    অস্ত্রোপচারে ব্যবহৃত গ্লাভস ফের ওটিতে
    অনুসন্ধানে উঠে আসে, অস্ত্রোপচারে ব্যবহৃত সার্জিক্যাল প্রসিডিউর গ্লাভস নতুন করে প্যাকেটজাত করে হাসপাতালের স্টোরে সরবরাহ করতেন স্টোরকিপার রফিক। জালিয়াতি চাপা দিতে নার্সদের প্রতি তার নির্দেশ ছিল, ব্যবহৃত গ্লাভস যেন কেটে ফেলা না হয়।

    হাসপাতালটিতে বছরে অন্তত ১০ হাজার জোড়া সার্জিক্যাল প্রসিডিউর গ্লাভসের প্রয়োজন হয়। প্রতি জোড়ার দাম অন্তত ১৫০ টাকা। সে হিসাবে বছরে শুধু গ্লাভসের পেছনেই খরচ হয় প্রায় ১৫ লাখ টাকা।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নার্স ক্ষোভ প্রকাশ করে বলেন, সংক্রমিত গ্লাভস পুনরায় ওটিতে ব্যবহার করা রোগীর জীবন নিয়ে তামাশা ছাড়া আর কিছুই নয়। ২০২৪ সাল পর্যন্ত এই ধরনের গ্লাভস সরবরাহ করা হয়েছে। পরে চিকিৎসকদের আপত্তির মুখে গত বছর থেকে উন্নতমানের গ্লাভস সরবরাহ শুরু হয়।

    এদিকে তৃতীয় শ্রেণির কর্মচারী হলেও স্টোরকিপার রফিকের রয়েছে ব্যক্তিগত গাড়ি ও চালক। ১৯৯২ সালে যোগদান করা রফিক চাকরির সুবাদে আগারগাঁওয়ে সরকারি স্টাফ কোয়ার্টার (বি-১৪, জি-১০) বরাদ্দ পেলেও বিগত আওয়ামী লীগ আমলে ১৭ বছর ধরে নিজে না থেকে অন্যকে ভাড়া দিয়ে আদায় করেছেন ৮১ লাখ টাকার বেশি।

    রফিকের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের নাম ব্যবহার করে আওয়ামী লীগের ১৭ বছরে নানা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

    এখনও বিকল তিন শতাধিক যন্ত্র
    একদিকে সচল যন্ত্রের ভুয়া মেরামত দেখিয়ে লাখ লাখ টাকা লোপাট হচ্ছে। অন্যদিকে অতি জরুরি তিন শতাধিক ছোট-বড় জীবনরক্ষাকারী সরঞ্জাম বছরের পর বছর ধরে বিকল পড়ে আছে।

    ২০২২ সালে হাসপাতাল থেকে প্রায় ১০ কোটি টাকার অক্সিজেন পাইপলাইন চুরির ঘটনায় তদন্ত কমিটি হলেও শেষ পর্যন্ত কোনো তদন্ত প্রতিবেদনে প্রকাশ হয়নি। ফলে এর সঙ্গে জড়িতদের কারও গায়েও আঁচড় লাগেনি। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্টোরকিপার রফিক বলেন, ‘এই চুরি সম্পর্কে ওয়ার্ড মাস্টাররা জানে, আমি কিছু জানি না।’

    নষ্ট যন্ত্রপাতির তালিকায় রয়েছে ভেন্টিলেটর, এমআরআই, সিটি স্ক্যান, এক্সরে, এন্ডোস্কপি, কলোনস্কোপি, পেশেন্ট মনিটর, আল্ট্রাসাউন্ড, অক্সিজেন জেনারেটরের মতো অতি গুরুত্বপূর্ণ ও জীবনরক্ষাকারী নানা সরঞ্জাম। এগুলোর মোট মূল্য অন্তত ১০০ কোটি টাকা।

    ২০১৬ সালে ১৮ কোটি টাকায় কেনা একমাত্র এমআরআই যন্ত্রটি বছর দু-এক যেতেই বিকল হয়ে পড়ে। পরে সেটি আর ঠিক করা হয়নি। ফলে প্রতি মাসে শত শত রোগী এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

    দুটি সিটি স্ক্যানের মধ্যে একটি নষ্ট পড়ে আছে পাঁচ বছর ধরে। চার কোটি টাকায় কেনা এই যন্ত্রটি সচল করার কোনো উদ্যোগ নেই।
    এ ছাড়া ৪০টি ভেন্টিলেটর পড়ে আছে। এগুলোর একেকটির দাম প্রায় ৩০ লাখ টাকা। সে হিসাবে শুধু ভেন্টিলেটরই পড়ে আছে ১২ কোটি টাকার।

    পূর্ণাঙ্গ সেটআপসহ দুটি পোর্টেবল এক্সরে মেশিন পড়ে আছে, যার দাম ৬ কোটি টাকা। এন্ডোস্কপি ও কোলনোস্কোপি পড়ে আছে সাতটি। এগুলোর প্রতিটির দাম অন্তত এক কোটি টাকা হিসাবে সবকটির মোট দাম কমপক্ষে সাত কোটি টাকা।

    দেড় কোটি টাকা মূল্যের পেশেন্ট মনিটর পড়ে আছে ৩০টির বেশি। ৭ কোটি ২ লাখ টাকার আল্ট্রাসাউন্ড পড়ে আছে ১৪টি, ৮০ লাখ টাকার দুটি ইকো মেশিন, এক কোটি টাকার একটি এক্সরে ম্যামোগ্রাফি, চার কোটি টাকার দুটি অক্সিজেন ও দুটি এয়ার জেনারেটর পড়ে আছে অকেজো অবস্থায়।

    বিকলের তালিকায় আছে ল্যাপারোস্কোপিও, যার প্রতিটির মূল্য অন্তত ৮০ লাখ টাকা। সেক্ষেত্রে ১০টি ল্যাপারোস্কোপির মূল্য দাঁড়ায় প্রায় ৮ কোটি টাকা। সব মিলিয়ে হাসপাতালটিতে প্রায় ১০০ কোটি টাকার যন্ত্র অচল অবস্থায় পড়ে আছে।

    সিন্ডিকেটের পকেটে রাজস্বের কোটি টাকা
    রোগ নির্ণয় ফি, ওষুধ বিক্রি, বেড ভাড়াসহ হাসপাতালের বিভিন্ন খাত থেকে আসা রাজস্ব আয়ে স্বচ্ছতা আনতে চলতি বছরের জানুয়ারিতে অটোমেশন চালু করেন সম্প্রতি পরিচালক থেকে ওএসডি হওয়া ডা. সেহাব উদ্দিন। এতে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় দুই কোটি টাকা বেশি আয় হয়েছে। এতে প্রশ্ন উঠেছে, রাজস্ব আয়ের এই তহবিল আগে যেত কোথায়।

    অটোমেশনের আগে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে হাসপাতালের রাজস্ব আয় ছিল পাঁচ কোটি ২ লাখ ৪১ হাজার ৭৭৫ টাকা। সেখানে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (২৬ জুন পর্যন্ত) আয় হয়েছে ছয় কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ১৫০ টাকা। অর্থাৎ ছয় মাসের ব্যবধান ১ কোটি ৯৭ লাখ ৪৩ হাজার ৩৭৫ টাকা। একাধিক কর্মকর্তার ভাষ্য, এই পুরো টাকা গেছে নন্দ দুলাল ও রফিকের পেটে।

    অনুসন্ধানে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর হাসপাতালে পরিচালক পরিবর্তন হলেও বহাল তবিয়তে থেকে যান উপপরিচালক নন্দ দুলাল সাহা। তিনি ও স্টোরকিপার রফিক প্রতিষ্ঠানের সব কেনাকাটার সঙ্গে যুক্ত।

    সামগ্রিক বিষয়ে জানতে চাওয়া হলে ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দ দুলাল সাহা প্রথমে তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন। পরে টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘সবকিছু নিয়ম মেনেই হয়েছে।’

    অভিযোগের বিষয়ে সাবেক পরিচালক ডা. শফিউর রহমান বলেন, ‘এই বিষয়ে কোনো কথা হবে না। ওখানে দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। সরকারের আরও দেখার অনেক বিভাগ আছে, তারা সবাই দেখছে। আমার শাসনামলে কোনো কাগজপত্রে কোথাও কোনো গরমিল নেই।’

    তিনি বলেন, ‘প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিয়ম হলো, একটা মেশিন নষ্ট হলে ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশন দেয়। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা যাচাই-বাছাই করে কোটেশনের মাধ্যমে যন্ত্রপাতি কেনে। যার মেশিন ঠিক হয়েছে, ব্যবহারকারীরা সঠিক বললে তবেই বিল স্টোর অ্যাকাউন্টস হয়ে আমার কাছে আসে। এখানে দুই নম্বরি করার সুযোগ নেই। তৌহিদ এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের মধ্যে দলাদলি থাকার কারণে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে পরিচালকের পেছনে লাগে। এটা (ভুল তথ্য দিয়ে বিল তোলা) সম্পূর্ণ মিথ্যা।’

    ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্বাস্থ্য বিভাগের
    স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী বলেন, ‘বিষয়টি আমলে নেওয়া হলো। সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারীর স্ত্রীর নামে প্রতিষ্ঠান খুলে একই প্রতিষ্ঠানে ঠিকাদারির সুযোগ নেই। তাই বিষয়টি নিয়ে হাসপাতালের অভ্যন্তরীণ কমিটি দিয়ে তদন্ত করা হবে। তাতেও না হলে অধিদপ্তর করবে। সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বিষয়টি আমার সময়ের না, তবে তদন্ত করে দেখা হবে। অনিয়মের বিষয়টি প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন

    আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন

    দুর্ভাগ্য এ জাতির। কথায় কথায় যে কর্মকর্তা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আর তারেক রহমানকে গালি দিতেন, সেই মহারাজ এখন তারেক রহমানের সরকারের গুরুত্বপূর্ণ পদে। সেই সৌভাগ্যবান মহারাজ হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান (৬৩৩০)। বিসিএস ১৫ ব্যাচের এ কর্মকর্তা বেগম খালেদা জিয়াকে অশিক্ষিত, মুর্খ, এইট-পাশ বলে গালি দিতেন, আর তারেক রহমানকে বলতেন জিয়াউর রহমানের কুলাঙ্গার সন্তান।
    হাজারো শিক্ষার্থী, শিশু, নারী, কিশোর, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ লাশ করেছে ২৪শের দ্বিতীয় স্বাধীনতা। আবু সাইদ, মুগ্ধের রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ মাহমুদুল হাসানরা হাসিনার সাথে সুর মিলিয়ে বলেছেন, “এই যে কুলাঙ্গার তারেক রহমান আসছে- ডিসেম্বরের পরে ধ্বসে পড়বে’।
    মাহমুদুল হাসানের স্ত্রী নূরুন আখতার (৬৫৩৮) বিসিএস ১৮ ব্যাচের এডমিন ক্যাডারের কর্মকর্তা, যিনি ৩য় বিভাগে ডিগ্রি পাশ। এই রেজাল্ট নিয়েও আওয়ামী আমলে ঘনিষ্ঠ আত্মীয় ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী ও মাহমুদুল হাসানের আপনার বড় ভাই ছাত্রলীগের কেন্ত্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হওয়ায় নূরুন নাহার তৃতীয় শ্রেনীতে ডিগ্রি পাশ হয়েও এডমিন ক্যাডারে স্থান করে নেন।
    এই নুরুন আখতারও খালেদা জিয়াকে “এইট পাশ, জাতির কলঙ্ক প্রধানমন্ত্রী” বলতেন। সেও বর্তমানে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। অথচ তাদের চেয়ে কম অপরাধী অনেক কর্মকর্তাকে আওয়ামী দোসর হিসেবে হিসেবে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।
    আওয়ামী দুঃশাসন কালে সচিবালয়ে আওয়ামীত্রাসের অন্যতম মাস্টারমাইন্ড মাহমুদুল দম্পতি তাদের বাসায় নিয়মিত আওয়ামী ঘরানার কর্মকর্তাদের নিয়ে মিটিং করতেন। সেখানেই সিদ্ধান্ত হতো তার ব্যাচসহ কাছাকাছি ব্যাচের কারা পদোন্নতি পাবে, আর কারা গুরুত্বপূর্ণ পদে পদায়িত হবে, আর কাদের কপাল পুড়বে। এজন্য ব্যাচমেটরা মাহমুদুলকে যমের মতো ভয় পেতো।
    ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মাহমুদুল হাসান ও নুরুন আখতার ভয়ঙ্কর রূপ ধারণ করেন। তাদের পুরো পরিবার আওয়ামী রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার আপন ছোট বোন সাবেক ছাত্রলীগ নেত্রী নাসরিন সুলতানা (২০৫৬৭), যিনি বিসিএস ২৫ ব্যাচের উপসচিব, বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত। সেও বড় ভাই ছাত্রলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকারিয়া স্বপনের কল্যানে এডমিন ক্যাডারে চাকুরী পান।
    মাহমুদুল হাসান ২০০৯ থেকে টানা ২০১৩ পর্যন্ত অর্থ বিভাগের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা ছিলেন। তার ঢাকা জেলার ডিসি হবার কথা ছিল, কিন্তু কোনো একটা রাজনৈতিক কৌশলে সে চাপাইনবাবগঞ্জ জেলায় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন, এবং সেখান থেকেও কোটি কোটি টাকা আয় করেন। এরপর তিনি পোস্টিং নেন ইউনিসেফের ন্যাশনাল কনসালটেন্ট, পরিচালক রাজউক, যুগ্ম-সচিব ক্যাবিনেট ডিভিশন, মহাপরিচালক ওয়ারপো, পানি সম্পদ মন্ত্রনালয়, এমডি ডেসকো, জাতিসংঘে স্থায়ী কমিশনে ইকোনমিক মিনিস্টার ৪ বছর, স্বামী স্ত্রী উভয়েই সেখানে পরিবার নিয়ে থাকেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডুপ্লেক্স বাড়ি কিনেছেন। সে যখন যেখানে যেভাবে চেয়েছে, সেভাবেই পদ বাগিয়ে নিয়েছে।
    উল্লেখ্য ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনার একান্ত সচিব সাজ্জাদুল হাসান এবং মাহমুদুল হাসান মোহনগঞ্জ শহরে পাশাপাশি বাড়ি। দুই পরিবারই আওয়ামী লীগের সূতিকাগার। সাজ্জাদুল হাসান যখন প্রধানমন্ত্রীর সচিব তখন মাহমুদুল হাসান প্রতিদিন রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত তার বাসায় বসে ২০১৮ সালের রাতের ভোট নিয়ে কাজ করতেন। মাহমুদুল হাসান প্রতিদিন সকল ডিসি-এসপিদের সাথে কথা বলতেন। ডিসি এসপিদের পরামর্শ ও নির্দেশনা দিতেন। সেখানে পুলিশের প্রলয় জোয়ার্দার, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এডমিনের ওয়াহিদা আক্তার, হারুন অর রশিদ বিশ্বাস, শেখ আখতার, হোসেন সাবিরুল ইসলাম প্রমুখ থাকতেন। সাজ্জাদুল হাসানের নেতৃত্বেই তার বাসায় মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ করা হতো।
    ২০১৮ সালের রাতের ভোটের পর মাহমুদুল হাসান ও সাজ্জাদুল হাসান শেখ হাসিনার নামে তাদের নিজ জেলা নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ইতিহাসের পরিহাস হলো, জুলাই বিপ্লব হলো, ক্ষমতাও বদালালো, কিন্তু সেই মাহমুদুল হাসান ও নুরুন আখতার সবকিছুর ধরা ছোয়ার বাইরে রয়ে গেল।
    প্রফেসর ইউনুসের অন্তবর্তী সরকারের আমলে মাহমুদুল হাসান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে বিপুল অংকের (৩০ কোটি টাকার) ঘুষের বিনিময়ে প্রথমে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও পরে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের পদ বাগিয়ে নেন । মাহমুদুল হাসানের সুবিধাভোগী ঠিকাদারগন এই টাকা উপদেষ্টা আসিফের হাতে পৌঁছে দিয়েছিল।
    এই হলো জুলাই বিপ্লবের নির্মম ইতিহাস। যারা ফ্যাসিস্ট হাসিনার কলিজার ভিতরে থেকে দেশের প্রশাসন চালিয়েছিল, ভোট ডাকাতি করেছিল, তারা এখনও সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। ফ্যাসিস্ট হাসিনার সচিব (যিনি পরে ২০২৪ সালের খয়রাতি এমপি) সাজ্জাদুল হাসান জুলাই বিপ্লবের পর দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকলেও এখন ঢাকায় অবস্থান করছেন। সর্বশেষ তাকে বাংলা একাডেমির আজীবন সদস্যদের মিলনমেলায় প্রকাশ্যে দেখা গেছে। মাহমুদুল হাসান ও সাজ্জাদুল হাসান ঢাকায় প্রায়ই দেখা করেন বর্তমান সরকারকে উৎখাত করার বিষয়ে বৈঠক করেন।
    এই মাহমুদুল হাসান দম্পতিকে অবিলম্বে গ্রেফতার করে বাধ্যতামূলক অবসর সহ তার দুর্নীতির তদন্ত করা অনিবার্য হয়ে পড়েছে।

  • রামপালে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

    রামপালে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

    বাগেরহাটের রামপালের রাজনগর এলাকায় ৩২১ জন শিক্ষার্থীর মাঝে নানা ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। রবিবার দুপুরে রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

    এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লি. এর প্রকল্প প্রধান অভিষেক কুমার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লি. এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম, উপ-মহাব্যবস্থাপক জিএম তরিকুল ইসলাম ও মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম।

    প্রধান অতিথির বক্তৃতায় অভিষেক কুমার বলেন, এ এলাকার সার্বিক উন্নয়নে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র অতীতে যেমন এখানকার মানুষের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

  • গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে”অভিযাত্রী কমিউটার” ট্রেন

    গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে”অভিযাত্রী কমিউটার” ট্রেন

    লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

    গোপালগঞ্জ বাসীর জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১০ আগস্ট থেকে গোপালগঞ্জ-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে “অভিযাত্রী কমিউটার”ট্রেন । রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের এই উদ্যোগে উচ্ছ্বসিত গোপালগঞ্জের সাধারণ মানুষ। কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের পাশাপাশি নতুন এই রেলসেবা স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ১০ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে গোপালগঞ্জের পথে প্রথমবারের মতো যাত্রা করবে ‘অভিযাত্রী কমিউটার’। ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। একই দিন সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

    প্রায় ৭০০ আসনবিশিষ্ট এই ট্রেনে যাত্রী পরিবহনের পাশাপাশি ভবিষ্যতে পণ্য পরিবহনের সুযোগ বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে কৃষিপ্রধান গোপালগঞ্জের উৎপাদিত শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য দ্রুত ও কম খরচে ঢাকার বাজারে পাঠানোর ক্ষেত্রে রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

    নতুন এই রেলসেবার সবচেয়ে বড় আকর্ষণ ভাড়া। সড়কপথে গোপালগঞ্জ থেকে ঢাকায় যেতে যেখানে সাধারণত ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত খরচ হয়, সেখানে ট্রেনে মাত্র ১৪৫ টাকায় যাতায়াত করা যাবে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য এটি স্বস্তির খবর হয়ে এসেছে। পাশাপাশি সড়কপথের যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়িয়ে তুলনামূলক নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের সুযোগ তৈরি হবে।

    গোপালগঞ্জের রেলযান পরীক্ষক পল্লব কান্তি বিশ্বাস বলেন, ঢাকা-গোপালগঞ্জ রুটে সরাসরি এক জোড়া ট্রেন চালু করা স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রায় ৭০০ আসনের এই কমিউটার ট্রেনে ১৪৫ টাকায় ঢাকায় যাতায়াত করা যাবে। ভবিষ্যতে অতিরিক্ত লাগেজ বগি যুক্ত করা হলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কম খরচে রাজধানীর বাজারে পাঠানোর সুযোগ পাবেন।

    স্থানীয় বাসিন্দা মো. সবুজ (অটো চালক) বলেন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য নতুন এই ট্রেন বড় ধরনের সুবিধা নিয়ে আসবে। বাসের তুলনায় অনেক কম খরচে ঢাকায় যাওয়া সম্ভব হবে। কৃষিপণ্য পরিবহনের ব্যবস্থা করা গেলে গোপালগঞ্জের কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।

    আরেক বাসিন্দা মো. হাসান মোল্লা বলেন, বাসে ঢাকায় যেতে অনেক বেশি অর্থ ব্যয় হয় এবং সড়কপথে নানা ধরনের ঝুঁকিও রয়েছে। ট্রেন চালু হওয়ায় কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে রাজধানীতে যাতায়াত করা যাবে।

    গোপালগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার রত্না বৈদ্য জানান, গোপালগঞ্জ থেকে রাজশাহী রুটে ট্রেন চলাচল করলেও ঢাকার সঙ্গে সরাসরি রেলসেবা ছিল না। নতুন ট্রেন চালুর ফলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা অনেকটাই কমবে। একই সঙ্গে যাত্রী সংখ্যা বাড়লে সরকারের রাজস্ব আয়ও বাড়ার সম্ভাবনা রয়েছে।

    তবে নির্ধারিত সময়সূচি নিয়ে কিছুটা ভিন্নমতও রয়েছে। স্টেশনে আসা যাত্রী মো. স্বপন (গোপালগঞ্জ শ্রমিক ইউনিয়নের) বলেন, ট্রেন চালু হওয়া নিঃসন্দেহে আনন্দের খবর। তবে সকালে ট্রেন ঢাকার উদ্দেশে ছাড়লে যেসব মানুষ অফিস বা ব্যবসার কাজে রাজধানীতে যান, তারা একই দিনে কাজ শেষ করে আবার গোপালগঞ্জে ফিরতে পারতেন। তাই ভবিষ্যতে সময়সূচি পুনর্বিবেচনার বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে।

    স্থানীয়দের প্রত্যাশা, ঢাকা-গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগ শুধু যাতায়াতের খরচ ও সময় কমাবে না, বরং শিক্ষা, চিকিৎসা, চাকরি, ব্যবসা ও কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি করবে। গোপালগঞ্জের পাশাপাশি আশপাশের বাগেরহাট ও পিরোজপুর জেলার মানুষও এই রেলসেবার সুফল পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    দীর্ঘদিনের অপেক্ষার পর চালু হতে যাওয়া ‘অভিযাত্রী কমিউটার’ তাই শুধু একটি নতুন ট্রেন নয়-গোপালগঞ্জের সঙ্গে রাজধানীর যোগাযোগ ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় সকল মানুষের।