Blog

  • মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর!

    মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর!

    সরকারি চাকরির পদবি ‘উচ্চমান হিসাব সহকারী’, বেতন স্কেল ১৪তম গ্রেড। গত ২০ বছরের চাকরিজীবনে বেতন ও ভাতা মিলিয়ে তিনি যে অর্থ উপার্জন করেছে, বাস্তবে তার সম্পত্তি দেখলে যে কারও চোখ কপালে উঠবে। গ্রামে প্রায় ৪ কোটি টাকার রাজকীয় প্রাসাদ, শহরে বিলাসবহুল ফ্ল্যাট আর নিজের ও স্ত্রীর নামে রয়েছে বিঘা বিঘা জমি।

    অভিযোগ উঠেছে, দীর্ঘদিন একই পদে বহাল থেকে গড়ে তোলা এক অপ্রতিরোধ্য ‘কমিশন সিন্ডিকেট’ ও ঘুষ বাণিজ্যের বদৌলতেই এই আলাদিনের প্রদীপের মালিক বনে গেছেন ফরিদপুর গণপূর্ত বিভাগের ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম।

    বিল পাসে বাধ্যতামূলক ৫ শতাংশ কমিশন ও হয়রানি
    ঠিকাদারদের অভিযোগ অনুযায়ী, গণপূর্তে যে কোনো কাজের বিল পাসের ক্ষেত্রে ক্যাশিয়ার জাহাঙ্গীরকে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ কমিশন দিতে হয়। তাছাড়া প্রাক্কলন (এস্টিমেট) তৈরি, ঠিকাদারি লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যুসহ প্রতিটি কাজের জন্য অতিরিক্ত টাকা দিতে হয় তাকে। কেউ নির্ধারিত কমিশন বা অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ফাইল আটকে রেখে চরম হয়রানি করা হয়। গ্রামে চার কোটি টাকার ভবন

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ঠিকাদার জানান, দীর্ঘদিন ধরে ক্যাশিয়ারের দায়িত্বে থাকার সুবাদে তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের প্রভাবেই গণপূর্ত বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

    আয়ের সঙ্গে সম্পদের বিশাল ব্যবধান
    সরকারি চাকরির ১৪তম গ্রেডের স্কেল অনুযায়ী, ১০ হাজার ২০০ টাকায় মূল বেতনে চাকরিতে যোগ দেন জাহাঙ্গীর আলম। সে হিসেবে ২০ বছরের চাকরিজীবনে তার বৈধ আয় ২৪ লাখ ৪৮ হাজার টাকা হওয়ার কথা। পরবর্তীতে বেতন বৃদ্ধি ও ভাতাসহ আরও কয়েক লাখ টাকা উপার্জন করেছেন তিনি। তবে অনুসন্ধানে দেখা গেছে, তার বৈধ আয়ের চেয়ে বর্তমানে তার দৃশ্যমান স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি। এত অল্প আয়ে তিনি কীভাবে এবং কোন উৎস থেকে বিপুল পরিমাণের সম্পদের মালিক হলেন, তা নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্ন ও আলোচনার সৃষ্টি হয়েছে। সংবাদ প্রকাশ না করতে প্রতিবেদককে টাকা দেওয়া চেষ্টা

    সরেজমিন অনুসন্ধানে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নসংলগ্ন এলাকায় জাহাঙ্গীর আলমের একটি রাজকীয় বিলাসবহুল চারতলা বাড়ির অস্তিত্ব পাওয়া গেছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, জাহাঙ্গীর আলম তার নিজের এবং স্ত্রীর নামে কামারখালীর বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ জমি কিনেছেন। তবে মোট কত শতাংশ জমি তাদের নামে কেনা হয়েছে, সে বিষয়ে তথ্য জানতে স্থানীয় আড়পাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা বাবুল শেখের কাছে গেলে জাহাঙ্গীর আলমের নাম শোনার পরপরই তিনি প্রতিবেদককে আর কোনো তথ্য দিতে রাজি হননি।

    শহরে অভিজাত ফ্ল্যাট ও বেনামি সম্পদ
    জাহাঙ্গীর আলমের সম্পদের বিস্তৃতি শুধু নিজ গ্রামেই সীমাবদ্ধ নয়। ফরিদপুর শহরের ডিআইবি বটতলাসংলগ্ন ১০ তলা বিশিষ্ট বহুতল ভবন ‘বর্ণমালা’র ৪ নম্বর ভবনে তার একটি কেনা ফ্ল্যাট রয়েছে। ভবনটির চারতলায় ৫-এর ‘সি’ ইউনিটে অবস্থিত এই ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। সেখানে জাহাঙ্গীর আলম তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন বলে নিশ্চিত করেছেন ভবনের দারোয়ান কুদ্দুস শেখ।

    অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বক্তব্য

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্যাশিয়ার জাহাঙ্গীর আলম সিন্ডিকেট ও দুর্নীতির দাবি অস্বীকার করে বলেন, ‘এসব সম্পদ আমার বৈধভাবে গড়া।’ এ সময় টাকা বিনিময়ে সংবাদটি প্রচার না করার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনাদের প্রতিটা সাংবাদিকদের সাথেই আমার খুব ভালো সম্পর্ক, তারাও মাঝেমধ্যে আমার কাছে বিভিন্ন কাজের জন্য আসে। পরে সংবাদটি প্রচার না করার শর্তে প্রতিবেদককে টাকা দেওয়া চেষ্টা করেন।ফরিদপুর শহরের ডিআইবি বটতলা সংলগ্ন ১০ তলা বিশিষ্ট এই ভবনে জাহাঙ্গীরের ফ্ল্যাট রয়েছে
    পরবর্তীতে আয়ের উৎস সম্পর্কে জানাতে চাইলে জাহাঙ্গীর দাবি করেন, বাড়িটি নির্মাণের সময় ব্যাংক থেকে ৬০ লাখ টাকা ঋণ নিয়েছেন, আপন বড় বোনের কাছ থেকে চেকের মাধ্যমে ২০ লাখ টাকা নিয়েছেন, স্ত্রীর নামে সোনালী ব্যাংক থেকে ৮ লাখ টাকা ঋণ নিয়েছেন এবং তার নিজের প্রায় ১০ লাখ টাকার সঞ্চয় ভেঙেছেন। তবে এসব ব্যাংক ঋণ বা নথিপত্রের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাংক স্টেটমেন্ট বা প্রমাণ দেখাতে পারেননি তিনি। তবে একাধিক ঠিকাদারের অভিযোগ ও সিন্ডিকেটের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, তিনি কোনো ধরনের সিন্ডিকেট করেন না।

    ইউপি চেয়ারম্যান ও নির্বাহী প্রকৌশলীর প্রতিক্রিয়া
    স্থানীয় কামারখালী (১ নম্বর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী ইরান হোসেন জানান, জাহাঙ্গীর আলমের বাবা একজন ভূমি কর্মকর্তা ছিলেন। তবে তার বাবার রেখে যাওয়া সম্পদের পরিমাণ এমন কিছু ছিল না, যা দিয়ে এলাকায় এত বড় সম্পত্তি গড়ে তোলা সম্ভব। তবে এলাকায় গড়ে তোলা এসব সম্পত্তি জাহাঙ্গীর আলমের নিজ নামে কেনা কি না, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি এই ইউপি চেয়ারম্যান।

    এ বিষয়ে ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খায়রুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার জানামতে ঠিকাদারদের পক্ষ থেকে ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে করা এসব অভিযোগ সঠিক নয়। তবে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ বা তার উৎস সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানান।

  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় তদন্ত ও চার্জশিটের পর এবার বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

    রবিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবি প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টেরিমের আমলে আমি বলেছি, আপনারা শুধু মামলাটা করেন। বাকিটা আমি দেখব। এরপর আপনারা তথ্য দিয়েছেন, তদন্ত হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে, বিচারও হবে।

    তিনি বলেন, দেশে ইসলামবিরোধী কোনো আইন হবে না। ধর্মপ্রাণ মুসলমান ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ যাতে নিজেদের অধিকার পায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাবে।

    মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান, হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

  • হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন

    হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন

    বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুহিউদ্দীন খন্দকার মিজান (মহিউদ্দিন)-কে ঘিরে অবৈধ নিয়োগ ও বদলি বাণিজ্য, প্রভাব বিস্তার, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, কর্মকর্তা-কর্মচারীদের ব্ল্যাকমেইল এবং অপপ্রচারের গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২২ সালে বগুড়ার শিবগঞ্জে তার মা দুলালী বেগমের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায়ও তাকে আসামি করা হয়েছে। সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একটি সরকারি আদেশে অসদাচরণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
    নথি অনুযায়ী, মহিউদ্দীন খন্দকার মিজান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এবং তার পিআইএন নম্বর ৯৯২২/১০০৪০৭। ২ জুলাই ২০২৬ তারিখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়। ওই আদেশে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ট্রেনিং কমপ্লেক্সের ব্যারাক ভবনের চতুর্থ তলার ২ নম্বর অতিথি কক্ষে সিলেট বিভাগের ১৫টি ফায়ার স্টেশনের পরিদর্শন প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছিল। সেখানে সিলেট বিভাগের পরিদর্শন কমিটির সভাপতি ও ময়মনসিংহের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসদ্দিসহ পরিদর্শন দলের সদস্যরা উপস্থিত ছিলেন। ওই সময় ওয়্যারহাউজ ইন্সপেক্টর রেজায়ে রাব্বি এবং জিরাবো মর্ডান ফায়ার স্টেশন থেকে সুনামগঞ্জের শাল্লা ফায়ার স্টেশনে প্রশাসনিক কারণে বদলি হওয়া ও সাময়িক বরখাস্তকৃত ড্রাইভার সাখাওয়াত হোসেনের স্ত্রী পরিচয়দানকারী সানজিদা সুলতানা সেখানে প্রবেশ করেন। সরকারি আদেশে বলা হয়, সানজিদা সুলতানা ড্রাইভার সাখাওয়াত হোসেনকে গালিগালাজ ও লাঞ্ছিত করেন। রেজায়ে রাব্বি ওই ঘটনার ভিডিও ধারণ করার সময় মহিউদ্দীন ও ডেমরা ফায়ার স্টেশনের ফায়ারফাইটার কামাল হোসেন তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। সরকারি আদেশে ঘটনাটিকে ফায়ার সার্ভিসের ভাবমূর্তি ক্ষুণ্নকারী অসদাচরণ হিসেবে উল্লেখ করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী মহিউদ্দীনকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তাকে সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকতে হবে এবং বিধি অনুযায়ী খোরাকিভাতা পাওয়ার কথা রয়েছে।
    ফায়ার সার্ভিসের আরেকটি সরকারি চিঠিতে দেখা যায়, মহিউদ্দীন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে চিকিৎসা ছুটির আবেদন করেছিলেন। জরুরি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনির্বাপন, উদ্ধার অভিযানসহ বিভিন্ন জরুরি কাজে অংশ নিতে হয় উল্লেখ করে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করে মতামত দেওয়ার অনুরোধ জানানো হয়। ওই নথিতে মহিউদ্দীনকে ওয়্যারহাউজ ইন্সপেক্টর, কর্মাঞ্চল ঢাকা-৯৯ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বর্তমানে সহকারী পরিচালক, কুমিল্লা দপ্তরের কর্মাঞ্চল-৫-এ বদলি হয়ে বরুড়া ফায়ার স্টেশনে সংযুক্ত থাকার তথ্য দেওয়া হয়েছে। নথিতে তার স্থায়ী ঠিকানা বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর, মোকামতলা এলাকা হিসেবে উল্লেখ রয়েছে।
    অভিযোগপত্র ও সংশ্লিষ্টদের বক্তব্যে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে মহিউদ্দীন তৎকালীন পরিচালক (প্রশাসন ও অর্থ)-এর স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। অভিযোগকারীদের দাবি, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কয়েক হাজার ফায়ার ফাইটার ও ড্রাইভার নিয়োগকে কেন্দ্র করে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে এবং এ প্রক্রিয়ায় মহিউদ্দীন অন্যতম পরিকল্পনাকারী বা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছেন। কোথাও অভিযোগে প্রায় ৩ হাজার, আবার কোথাও প্রায় ৩ হাজার ৫০০ ফায়ার ফাইটার ও ড্রাইভার নিয়োগের কথা বলা হয়েছে।
    লিখিত অভিযোগে বলা হয়েছে, পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে দায়িত্ব পালনকারী হাবিবুর রহমানের স্টাফ অফিসার হিসেবে মহিউদ্দীন কাজ করতেন। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ওই সময় ফায়ার সার্ভিসের বদলি শাখায় ব্যাপক তৎপরতা ছিল এবং কর্মকর্তা-কর্মচারীদের বদলির ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ ছিল।
    অভিযোগপত্রে আরও দাবি করা হয়, ফায়ার সার্ভিসে চাকরিতে যোগদানের পর অল্প সময়ের মধ্যে মহিউদ্দীনের বিপুল সম্পদ গড়ে ওঠে। তার নামে বা নিয়ন্ত্রণে কয়েকটি ট্রাক, ঢাকার উত্তরায় প্রায় তিন কাঠা জমি এবং এলাকায় জমি কেনার অভিযোগ করা হয়েছে। বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকায় ফায়ার ফাইটার ও ড্রাইভার নিয়োগের মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের অভিযোগও আনা হয়েছে। এসব সম্পদের উৎস ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগের সত্যতা যাচাই করতে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।
    ২০২২ সালে বগুড়ার শিবগঞ্জে দুলালী বেগমের মৃত্যুকে কেন্দ্র করে মহিউদ্দীনের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ ওঠে। বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ আমলী আদালতে দায়ের করা মামলার নথিতে মহিউদ্দীন খন্দকার মিজানকে ৩ নম্বর আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে। মামলার বাদী মোঃ আব্দুল মোমিন খন্দকার নিজেকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন সদস্য হিসেবে উল্লেখ করেছেন।
    মামলার অভিযোগ অনুযায়ী, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের সূত্রপাত হয় ২০১৯ সালে। অভিযোগে বলা হয়, ৩ এপ্রিল ২০১৯ তারিখে ৩৮৬১ নম্বর হেবা ঘোষণার দলিলের মাধ্যমে বসতবাড়িসহ ৫১ শতক জমি মহিউদ্দীন তার বাবার কাছ থেকে নিজের নামে লিখে নেন। বাদী ও তার মা দুলালী বেগম বিষয়টি জানার পর স্থানীয়ভাবে সালিশ হয়। সালিশে মহিউদ্দীনকে সম্পত্তির একটি অংশ বাদীকে লিখে দেওয়ার জন্য বলা হয়। পরে ১২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ৮৫৫৪ নম্বর হেবা ঘোষণার দলিলের মাধ্যমে বসতবাড়ির ৭ শতকসহ মোট ১১ শতক জমি বাদীর নামে লিখে দেওয়া হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। তবে বাকি সম্পত্তি নিয়ে বিরোধ থেকে যায়।
    মামলার অভিযোগে আরও বলা হয়, ২৪ মার্চ ২০২২ সকাল ৮টার দিকে পারিবারিক বিষয় নিয়ে দুলালী বেগমের সঙ্গে আসামিদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। বাদীর অভিযোগ, ওই বিরোধের জের ধরে মহিউদ্দীনের পরামর্শে তার দুই স্ত্রী ও অন্যরা দুলালী বেগমকে হত্যার পরিকল্পনা করেন। মামলার বর্ণনা অনুযায়ী, ওই দিন রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দুলালী বেগমের শয়নকক্ষে প্রবেশ করে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মামলায় আরও দাবি করা হয়, রাত আনুমানিক ১টার দিকে বাদীকে তার চাচাতো ভাই হারুনুর রশিদের মাধ্যমে তার মায়ের মৃত্যুর খবর জানানো হয়।
    মামলার নথিতে বাদীর অভিযোগ, ঘটনাস্থলে গিয়ে তিনি তার মায়ের নিথর দেহ দেখতে পান এবং মৃত্যুকে অস্বাভাবিক মনে হওয়ায় ৯৯৯ নম্বরে ফোন করেন। তার অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে ময়নাতদন্ত ছাড়াই দ্রুত লাশ দাফন করা হয় বলে মামলায় দাবি করা হয়েছে। বাদীর অভিযোগ, মহিউদ্দীন প্রভাবশালী কর্মকর্তা হওয়ায় পুলিশকে প্রভাবিত করে দ্রুত দাফনের ব্যবস্থা করা হয়েছিল। এ কারণে লাশ উত্তোলন, সুরতহাল ও ময়নাতদন্তের আবেদনও মামলায় করা হয়।
    ২০২২ সালের ২৯ মার্চ আদালতে দায়ের করা মামলায় মহিউদ্দীন খন্দকার মিজান ছাড়াও শিরিন আক্তার, তাসনুভা আক্তার স্বপ্না এবং অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়। মামলার নথিতে ঘটনার তারিখ ২৪ মার্চ ২০২২ এবং স্থান হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড়হরিপুরের একটি বসতবাড়ির কথা উল্লেখ রয়েছে। মামলায় কয়েকজন সাক্ষীর নামও দেওয়া হয়েছে।
    মহিউদ্দীনের বিরুদ্ধে তার ভাই মোঃ মোমিন খন্দকারের করা আরেকটি লিখিত অভিযোগে বলা হয়, ২০১৬ সালে ফায়ার সার্ভিসে চাকরিতে যোগদানের আগে মহিউদ্দীনের প্রথম বিয়ে হয় এবং পরে দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ এবং মায়ের মৃত্যুর ঘটনায় ওই অভিযোগপত্রেও আদালতের মামলার বর্ণনার সঙ্গে মিল রয়েছে। অভিযোগকারী তার ভাইয়ের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং অভিযোগের সঙ্গে আদালতের মামলার কাগজপত্র ও স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের কপি সংযুক্ত করার কথা উল্লেখ করেন।
    ওই অভিযোগপত্রে আরও দাবি করা হয়, মহিউদ্দীন পরিচালক (প্রশাসন ও অর্থ)-এর স্টাফ অফিসার হওয়ার পর ফায়ার সার্ভিসে বদলি ও নিয়োগের ক্ষেত্রে তার প্রভাব বাড়ে। বদলি শাখার নথি তদন্ত করলে অর্থ লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে অভিযোগকারী দাবি করেন। একই অভিযোগে তার বিরুদ্ধে সম্পদ বৃদ্ধির অভিযোগও করা হয় এবং একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়গুলো যাচাই করার অনুরোধ জানানো হয়। অভিযোগপত্রের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনেও পাঠানোর কথা উল্লেখ রয়েছে।
    অভিযোগকারীদের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, বর্তমান প্রশাসনের সময় নিয়োগ প্রক্রিয়া তুলনামূলক স্বচ্ছ ও মেধাভিত্তিক হওয়ায় আগের মতো অবৈধ নিয়োগ-বাণিজ্যের সুযোগ না পেয়ে একটি চক্র ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও পরিচালকদের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। ওই অভিযোগে মহিউদ্দীনকে এ ধরনের অপপ্রচারের অন্যতম নেতৃত্বদানকারী হিসেবে দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানো, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগও করা হয়েছে।
    আরও একটি অভিযোগে দাবি করা হয়েছে, মহিউদ্দীন বর্তমানে নিজেকে বিভিন্ন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এমনকি বগুড়ার একজন প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগও তোলা হয়েছে।
    আরেকটি অভিযোহে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ হাবিবুর রহমানের ঘনিষ্ঠ স্টাফ অফিসার হিসেবে মহিউদ্দীন দায়িত্ব পালন করতেন। ওই লেখায় হাবিবুর রহমানের বিরুদ্ধেও নিয়োগ, বদলি, টেন্ডার ও বিভিন্ন অনিয়মের অভিযোগ আনা হয়েছে এবং তাকে তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করা হয়েছে।
    আরও অভিযোগ রয়েছে পরবর্তীতে ফায়ার সার্ভিসের প্রশাসন শাখায় মহিউদ্দীনের পুনরায় স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালনের তৎপরতা শুরু হয় এবং এতে একটি পুরোনো সিন্ডিকেট আবার সক্রিয় হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের মৌখিক নির্দেশে ২০২৫ সালের ২ জুলাই মহিউদ্দীন অধিদপ্তরে যোগদান করেছিলেন বলেও ওই লেখায় দাবি করা হয়েছে। তবে এ দাবির পক্ষে আপনার দেওয়া নথিতে কোনো পৃথক সরকারি আদেশ পাওয়া যায়নি।
    অভিযোগকারীদের দাবি, ফায়ার সার্ভিসের নিয়োগ ও বদলি সংক্রান্ত গত কয়েক বছরের নথি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্ত, নিয়োগপ্রাপ্তদের তথ্য, আর্থিক লেনদেন, সম্পদ বিবরণী এবং মহিউদ্দীনের বিরুদ্ধে দায়ের করা মামলার বর্তমান অবস্থা একসঙ্গে যাচাই করা হলে অভিযোগগুলোর প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। একই সঙ্গে ২০২২ সালের হত্যা মামলার তদন্ত ও বিচারিক অগ্রগতি প্রকাশ্যে আনারও দাবি রয়েছে।
    একটি গুরুত্বপূর্ণ জরুরি সেবাধর্মী প্রতিষ্ঠানে কর্মরত একজন কর্মকর্তাকে ঘিরে এতগুলো গুরুতর অভিযোগ ওঠায় সংশ্লিষ্টদের প্রশ্ন—অভিযোগগুলো সত্য, নাকি ব্যক্তিগত ও প্রশাসনিক বিরোধ থেকে এসব অভিযোগ তৈরি হয়েছে, তা নিরপেক্ষ তদন্তেই পরিষ্কার হতে পারে। তাই অভিযোগের সত্যতা যাচাই করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন ও সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা এবং নির্দোষ হলে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার দাবি উঠেছে।

  • মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত।

    মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত।

    ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে এগিয়ে আসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    বিভিন্ন আদিবাসী উন্নয়ন ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
    পরে ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়নেশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জজ আদালতের সাবেক বিচারক জগদীশ চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি মৃগেন হাগিদক, কারিতাস ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক রোজি রুংমা, বিশিষ্ট আদিবাসী গবেষক ও লেখক থিওফিল নকরেক, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ এম রতন হায়দার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল হক এবং সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মেহেদি হাসান মিনজু।
    আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আদিবাসীদের অধিকার, মর্যাদা ও সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
    বক্তারা বলেন, একটি দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য তার সামগ্রিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। তাই আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য রক্ষায় রাষ্ট্র, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট সব পক্ষকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
    আলোচনা সভা শেষে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা অংশ নেন।
    অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আদিবাসী নেতৃবৃন্দ, বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • কাস্টমসের সহকারী কমিশনার আতীকুজ্জামানের নামে-বেনামে ৫০ কোটি টাকার সম্পদ,হীরক রাজার সাম্রাজ্য

    কাস্টমসের সহকারী কমিশনার আতীকুজ্জামানের নামে-বেনামে ৫০ কোটি টাকার সম্পদ,হীরক রাজার সাম্রাজ্য

    কাস্টমসের মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের সহকারী কমিশনার আতীকুজ্জামানের ‘ ৫০কোটি টাকার সম্পদ সাম্রাজ্য’আলাদিনের আশ্চর্য চেরাগ ঘষলেই মিলত গুপ্তধন। তবে বাস্তব জীবনে কোনো চেরাগ ছাড়াই সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ পদে থেকে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, ঢাকার প্রমোটি সহকারী কমিশনার মোহাম্মদ আতীকুজ্জামানের বিরুদ্ধে।অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, একজন সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে বর্তমানে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আতীকুজ্জামান। অভিযোগ রয়েছে, চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বের অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে তিনি ও তাঁর পরিবারের নামে বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি গড়ে তুলেছেন।সরকারি বেতন স্কেল অনুযায়ী একজন সহকারী কমিশনারের বৈধ মাসিক আয় সাধারণত ১ থেকে ১.৫ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় তাঁর ও তাঁর পরিবারের নামে প্রায় ৪৪০ শতাংশ বা ৪.৪ একর জমি এবং একাধিক ফ্ল্যাট ও স্থাপনার মালিকানার তথ্য, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২৫ থেকে ৩৫ কোটি টাকারও বেশি হতে পারে।১৯৭৩ সালের ১ এপ্রিল জন্মগ্রহণকারী মোহাম্মদ আতীকুজ্জামান শেরপুর জেলার নকলা উপজেলার কলাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর এবং স্ত্রী মোছা. আশরাফুন্নাহারের নামে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে।তথ্যানুসারে, বসুন্ধরা আবাসিক এলাকায় ভাটারা মৌজায় ৩৭ শতাংশ জমিসহ একটি বিলাসবহুল ফ্ল্যাট, বনশ্রী প্রকল্পের প্লট নং-ই/১১-তে ৯১ শতাংশ জমির অংশীদারিত্বসহ একটি ১১০০ বর্গফুটের ফ্ল্যাট এবং রামপুরার উলন রোডে ৬০ শতাংশ জমির অংশীদারিত্বসহ আরও একটি ১৩০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে।এছাড়া মোহাম্মদপুরের রামচন্দ্রপুর মৌজায় যথাক্রমে ১১১ ও ৫০ শতাংশ জমির অংশীদারিত্বসহ দুটি পৃথক ফ্ল্যাট, খিলগাঁওয়ের উত্তর মেরাদিয়ায় সাড়ে ৩ শতাংশ জমির ওপর একটি বাড়ি, যাত্রাবাড়ীর মাতুয়াইলে ৫.৫ শতাংশ জমির ওপর ১১টি টিনশেড ঘর এবং সাভারের বারোকাকোর এলাকায় ৮ শতাংশ জমির একটি মূল্যবান প্রকল্পভূমির মালিকানার তথ্য পাওয়া গেছে।রাজধানীর বাইরে শেরপুর জেলার নকলা উপজেলার কলাপাড়া মৌজায় ২৭৭ শতাংশ ও সাড়ে ৩ শতাংশ জমি, বাজারদী এলাকায় সাড়ে ৭ শতাংশ এবং কায়দা মৌজায় ৪০ শতাংশ জমির মালিকানা রয়েছে বলে জানা গেছে। এছাড়া ময়মনসিংহের মুক্তাগাছায় ১১২ শতাংশ কৃষি ও অকৃষি জমির তথ্যও পাওয়া গেছে।বর্তমানে মোহাম্মদ আতীকুজ্জামান কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, ঢাকায় কর্মরত। এই দপ্তরের দায়িত্বের মধ্যে রয়েছে আমদানিকৃত পণ্যের শুল্ক মূল্য নির্ধারণ, আন্ডার-ইনভয়েসিং প্রতিরোধ এবং আমদানিকারকদের অডিট কার্যক্রম পরিচালনা।সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের পদে থেকে পণ্যের মূল্যায়ন, অডিট রিপোর্ট এবং শুল্ক-সংক্রান্ত সিদ্ধান্তে প্রভাব বিস্তারের সুযোগ থাকে। অভিযোগকারীদের দাবি, এই সুযোগের অপব্যবহারের মাধ্যমেই বিপুল সম্পদ অর্জন করা হয়েছে।অনুসন্ধানে আরও দেখা গেছে, কিছু সম্পত্তি স্ত্রী মোছা. আশরাফুন্নাহারের নামে নিবন্ধিত। তবে তাঁর স্বাধীন ও উল্লেখযোগ্য আয়ের কোনো সুস্পষ্ট তথ্য না থাকলে এসব সম্পদের উৎস ও মালিকানা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।বিশেষজ্ঞদের মতে, প্রত্যন্ত অঞ্চলে কৃষি ও অকৃষি জমি ক্রয়ের মাধ্যমে অনেক সময় অবৈধ অর্থ বৈধ করার চেষ্টা করা হয়। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত ছাড়া সম্ভব নয়।অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আতীকুজ্জামান অসুস্থতার কথা উল্লেখ করে পরে কথা বলার আশ্বাস দেন। তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত এবং তাঁর সকল সম্পদের তথ্য আয়কর নথিতে উল্লেখ করা হয়েছে।জাতীয় রাজস্ব বোর্ডের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযোগে উল্লিখিত সম্পদের তথ্য সত্য হলে তা দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর ২৬ ও ২৭ ধারার আওতায় তদন্তযোগ্য বিষয় হতে পারে।এছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী সম্পদের বিবরণ দাখিল এবং স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি গ্রহণের বিষয়গুলোও যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ অবস্থায় মোহাম্মদ আতীকুজ্জামান ও তাঁর পরিবারের সম্পদের উৎস, আয়কর নথি, সম্পত্তির দলিল এবং আর্থিক লেনদেন যাচাইয়ে দুদকের মাধ্যমে একটি স্বাধীন ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি উঠেছে।

  • টাঙ্গাইলে কবিসাহিত্যিকদের অংশগ্রহণে  “যমুনায় নৌকা বিলাস-২০২৬” অনুষ্ঠিত

    টাঙ্গাইলে কবিসাহিত্যিকদের অংশগ্রহণে “যমুনায় নৌকা বিলাস-২০২৬” অনুষ্ঠিত

    রাকিব হাসান
    টাঙ্গাইল

    সাহিত্য আড্ডা , কবিতা ও গানের সমন্বয়ে প্রাণোবন্ত নির্মল আনন্দের আবহে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক নৌভ্রমণ ।
    শনিবার(০৮ আগষ্ট)সকালে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নলিন বাজারের নৌঘাট থেকে নৌযানে যমুনা নদীর বুকে ভেসে ভেসে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ও উপভোগ্য হয় নৌবিলাস ।
    উপমহাদেশের জনপ্রিয় ও সুপরিচিত অনলাইন সাহিত্য গ্রুপ “বলাকা সাহিত্য চর্চা পরিষদ” আয়োজিত নৌভ্রমণে বলাকা সাহিত্য চর্চা পরিষদের সদস্য, কবি, সাহিত্যিক, লেখক, কণ্ঠশিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীরা এতে অংশগ্রহণ করেন । পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে নৌভ্রমণের আনুষ্ঠানিকতা শুরু হয় । নৌকা বিলাস-২০২৬ এ স্বাগত বক্তব্য রাখেন ” বলাকা সাহিত্য চর্চা পরিষদ ” এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি ফিরোজ আহমেদ বাবুল । কবি ইমাম হাসান সোহান এবং বিদ্যুৎ তালুকদার এর সঞ্চালনায় পরিচয় পর্ব, সাহিত্য আড্ডা, কবিতা পাঠ ও মিউজিক ব্যান্ডের মাধ্যমে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের গান পরিবেশন উপস্থিতিদের প্রাণোবন্ত করে তোলে ।
    মুক্ত আলোচনার পাশাপাশি ঢেউয়ের তালে ও পছন্দের সকল গানের তালে জমে ওঠে নৌভ্রমণের আসর । অংশগ্রহণকারীদের পরিবেশনায় দেশাত্মবোধক, লোকজ, আধুনিক ও গান উপস্থিত সবাইকে মুগ্ধ করে । নদীর ঢেউ, নয়নাভিরাম নীলাকাশ আর মনোরম প্রাকৃতিক পরিবেশে সাহিত্য ও সংস্কৃতির এমন আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে সৃষ্টি করে আনন্দঘন পরিবেশ ।
    নৌকা বিলাস-২০২৬ আয়োজকদের অন্যতম সদস্য কবি নেপাল সূত্রধর চয়ন বলেন,” সাহিত্যচর্চাকে শুধু সভাকক্ষের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রকৃতি ও মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন । পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নতুন লেখকদের উৎসাহিত করা এবং সাহিত্য-সংস্কৃতির চর্চাকে আরও গতিশীল করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য “।
    নৌভ্রমণের পুরো সময় জুড়ে ছিল প্রাণবন্ত আলোচনা, হাসি-আনন্দ ও সাংস্কৃতিক পরিবেশনা । বিটিভির কণ্ঠশিল্পী খোকন এর গলায় দেশাত্মবোধক গান নৌকা বিলাসকে অনন্য উচ্চতা দান করেছে । যমুনার বুকে এ সাহিত্য আড্ডা অংশগ্রহণকারীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানান আয়োজনে অংশ নেওয়া কবি-সাহিত্যিকরা ।
    আয়োজকদের আরকেকজন কবি ইমাম হাসান সোহান বলেন,” এসব কার্যক্রম বলাকা সাহিত্য চর্চা পরিষদের ধারাবাহিক প্রক্রিয়া । ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রসারে এমন ব্যতিক্রমী ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে “।
    নৌভ্রমণে সফরসঙ্গী হিসেবে ছিলেন বলাকা সাহিত্য চর্চা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ফিরোজ আহমেদ বাবুল, কবি ও কথাসাহিত্যিক নেপাল সুত্রধর চয়ন, কবি,সাংবাদিক ও কণ্ঠশিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী, কবি ও কণ্ঠশিল্পী বিদ্যুৎ তালুকদার, কবি ও সাংবাদিক ইমাম হাসান সোহান, কবি ও কথা সাহিত্যিক মো: শামছুল আলম তালুকদার, টিভি ও মিডিয়া ব্যক্তিত্ব জনপ্রিয় কণ্ঠশিল্পী রুহুল আমিন খোকন, কবি ও কথা সাহিত্যিক তালুকদার লাভলী, কবি ও সাংবাদিক আনজুমান আরা শিল্পী, কবি ও সাংবাদিক এডভোকেট বিষ্ণু প্রিয় দীপ, কবি ও সাংবাদিক মো: আনোয়ার হোসেন বকুল, কবি ও কথা সাহিত্যিক মুক্তার হোসেন, কবি ও সাংবাদিক মো: দেলোয়ার হোসেন, সাংবাদিক মো: ওমর ফারুক, সোনালী ব্যাংক ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান, কবি ও সাংবাদিক মো: রফিক হাসান, সাংবাদিক রাকিব, সাংবাদিক মো: কবীর হোসেন, কবি এ.এম মাসুদ, সাংবাদিক রুবেল আহমেদ, নুরুন্নাহার খাতুন, সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম, বাসুদেব পাল, মো: রোস্তম আলী, প্রভাষক মো: শামীম আহমদ, মো: লোকমান হোসেন, মো: আলমগীর হোসেন, মো: গোলাম মোস্তফা, মো: নোমান আহম্মেদ, আলমগীর হোসেন, মো: আবু জাফর খান লেবু, মো: আবুল কালাম আজাদ, মো: শাহিনুর ইসলাম সিহান, মো: ফরহাদ হোসেন, মো: রিপন হোসেন, মো: আজমল মানিক, মো: আমিনুর ইসলাম, কণ্ঠশিল্পী বাঁধন বিশ্বাস, কণ্ঠশিল্পী বীণা বিশ্বাস প্রমুখ ।

  • ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

    ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

    ভারতের পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী জয় চন্দ্র সরকার (২৩)-এর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তবে ভারতীয় পক্ষ থেকে পরিবারকে এটি আত্মহত্যার ঘটনা বলে জানানো হয়েছে।

    নিহত জয় চন্দ্র সরকার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর কৈবত্যপাড়া গ্রামের রঞ্জিত চন্দ্র সরকারের বড় ছেলে। তিনি কলকাতার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে অবস্থিত বেসরকারি ব্রেইনওয়্যার ইউনিভার্সিটির বিটেক (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

    পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট রাত প্রায় ৮টার দিকে জয় চন্দ্র সরকারের ব্যবহৃত মোবাইল ফোনের মেসেঞ্জারে এক অজ্ঞাত ব্যক্তি তার বাবা রঞ্জিত সরকারকে বার্তা পাঠিয়ে জানান, জয় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। হঠাৎ এমন সংবাদে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। পরিবারের দাবি, জয় চন্দ্র সরকার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এমন কোনো লক্ষণ তারা আগে কখনও দেখেননি। নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি এবং পড়াশোনা নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনা করতেন। তাই তার মৃত্যু স্বাভাবিক নয় বলে পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।ভারতীয় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পরিবার জানায়, মৃত্যুর ঘটনায় সন্দেহজনক এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য বারাসাত থানায় আটক রাখা হয়েছে। তবে এ বিষয়ে ভারতীয় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

    নিহতের বাবা রঞ্জিত চন্দ্র সরকার বলেন, “আমার ছেলে মেধাবী ছিল। সে আত্মহত্যা করতে পারে বলে আমরা বিশ্বাস করি না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন ও জড়িতদের শাস্তি চাই। তিনি আরও জানান, জয় চন্দ্র সরকার ২০২৪ সালে স্টুডেন্ট ভিসায় ভারতের রাজধানী দিল্লিতে সারদা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। পরে বিষয়টি পছন্দ না হওয়ায় ২০২৫ সালে তিনি পশ্চিমবঙ্গের বারাসাতে অবস্থিত ব্রেইনওয়্যার ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং সেখানে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। জয়ের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পার্বতীপুর উপজেলার মন্মথপুর কৈবত্যপাড়ায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সহপাঠীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা পোস্ট করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলছেন। স্থানীয় বাসিন্দারা জানান, জয় ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে পরিবার ও দেশের জন্য কিছু করার স্বপ্ন ছিল তার।

    এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে পরিবারের সদস্যরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। তারা দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থাসহ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে দুই দেশের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনাটি নিয়ে বাংলাদেশ ও ভারতে অবস্থানরত জয় চন্দ্র সরকারের সহপাঠী ও পরিচিতজনদের মধ্যেও উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে। রহস্যজনক এই মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে আশা করছেন এলাকাবাসী।

  • সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা

    সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা

    ধর্মান্তরিত হয়ে বিয়ে, স্ত্রীর কাছ থেকে ২০ লাখ টাকা নেওয়া, সেই অর্থে ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়া এবং কয়েক বছর পর কথিত দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সঞ্জিত মালাকার ওরফে সঞ্জিত কুমার সরকার ওরফে আবদুর রহমানের বিরুদ্ধে। অভিযোগের সবচেয়ে গুরুতর দিক হলো—তার কথিত প্রথম সংসারের সন্তান সৃষ্টি এখন পিতৃপরিচয়সংক্রান্ত জটিলতায় পড়ে জন্মনিবন্ধন করাতে পারছে না।
    অভিযোগে বলা হয়েছে, সঞ্জিত মালাকার লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার নাগমু গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত মনিন্দ্র মালাকার। বর্তমানে তিনি ঢাকার সাভারের আশুলিয়ার ডেন্ডাবর হাই সাহেবের মোড় এলাকার মিনার সাহেবের বাড়ির তৃতীয় তলায় বসবাস করেন বলে জানা গেছে।
    প্রাপ্ত তথ্য ও নথির দাবি অনুযায়ী, ২০১০ সালের ৩ জানুয়ারি সঞ্জিত মালাকার হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। একই দিনে তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামের রাজধানী বেগমকে বিয়ে করেন। এ বিয়েকে ঘিরে সাটুরিয়ায় নোটারিয়াল রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রি নম্বর ১৪০, তারিখ ৩ জানুয়ারি ২০১০-এ বিবাহের ঘোষণাপত্র এবং রেজিস্ট্রি নম্বর ১৩৫, একই তারিখে আরেকটি নোটারিয়াল দলিল করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
    বিয়ের পরই শুরু হয় অর্থের লেনদেন। অভিযোগ অনুযায়ী, রাজধানী বেগম তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে পাওয়া ২০ লাখ টাকা স্বামী সঞ্জিত মালাকারকে দেন। ওই টাকা দিয়ে সঞ্জিত ব্যবসা শুরু করেন এবং পরবর্তীতে গার্মেন্টস ব্যবসায় প্রতিষ্ঠিত হন বলে দাবি করেছেন রাজধানী বেগমের পক্ষ।
    অভিযোগকারীদের দাবি, স্বামীর ব্যবসা দাঁড় করাতে রাজধানী বেগমের দেওয়া ওই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরবর্তীতে স্ত্রী ও সন্তানের প্রতি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যায়।
    ঘটনার মোড় ঘোরে ২০১৮ সালে। অভিযোগ রয়েছে, ওই সময় সঞ্জিত মালাকার তার পূর্বের ধর্মের কনক রায়কে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের খবর প্রথম স্ত্রী রাজধানী বেগম জানতে পারলে তিনি স্বামীর কাছে বিষয়টি জানতে চান। কিন্তু সঞ্জিত বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ। এর কয়েক দিনের মধ্যেই রাজধানী বেগমের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে দাবি করা হয়েছে।
    এদিকে রাজধানী বেগম ও সঞ্জিত মালাকারের একটি মেয়ে রয়েছে—নাম সৃষ্টি। মায়ের দাবি, সঞ্জিতই তার বাবা। কিন্তু সঞ্জিতের সরকারি পরিচয়পত্র ও নামসংক্রান্ত তথ্যের অসামঞ্জস্যের কারণে এখন মেয়েটির পিতৃপরিচয় নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
    ধর্মান্তরের সময় সঞ্জিত এফিডেভিটের মাধ্যমে নাম পরিবর্তন করলেও নিজের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সেই পরিবর্তন করেননি। ফলে একদিকে এফিডেভিটে এক নাম, অন্যদিকে জাতীয় পরিচয়পত্রে অন্য নাম থাকায় সন্তানের কাগজপত্র তৈরির সময় পরিচয়গত অসামঞ্জস্য দেখা দিয়েছে।
    এই জটিলতার সরাসরি ভুক্তভোগী এখন সৃষ্টি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সরকারি নথি তৈরির প্রয়োজন হলেও পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন ওঠায় তার জন্মনিবন্ধন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ। একটি শিশুর জন্মনিবন্ধনের মতো মৌলিক নাগরিক অধিকার যদি শুধু পিতার পরিচয় অস্বীকার বা নথিগত অসামঞ্জস্যের কারণে আটকে থাকে, তাহলে বিষয়টি শুধু পারিবারিক বিরোধ নয়—এটি প্রশাসনিকভাবেও গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
    সবচেয়ে আলোচিত বিষয় হলো, যে ব্যক্তির সঙ্গে রাজধানী বেগমের বিয়ের নোটারিয়াল কাগজপত্র রয়েছে বলে দাবি করা হচ্ছে, যার কাছ থেকে ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এবং যার সঙ্গে সৃষ্টির জন্মসূত্রের দাবি করা হচ্ছে—সেই সঞ্জিত এখন সৃষ্টির পিতৃপরিচয়ই অস্বীকার করছেন।
    অভিযোগের বিষয়ে সঞ্জিত মালাকার ওরফে সঞ্জিত কুমার সরকার ওরফে আবদুর রহমানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তিনি দাবি করেন, রাজধানী বেগম তার বাসায় কাজের বুয়া হিসেবে কাজ করতেন। সৃষ্টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মেয়েটি কার—তা তিনি জানেন না।
    সঞ্জিতের এই বক্তব্যের সঙ্গে রাজধানী বেগমের পক্ষ থেকে উপস্থাপিত বিয়ের নথি, অর্থ লেনদেনের দাবি এবং সন্তানের পিতৃপরিচয়সংক্রান্ত অভিযোগের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে। ফলে প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট নোটারিয়াল নথি, জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্মসংক্রান্ত কাগজপত্র, বিয়ের ঘোষণাপত্র এবং অর্থ লেনদেনের প্রমাণ যাচাই করা জরুরি।
    একজন নারীর দাবি—বিয়ের পর স্বামীকে নিজের পৈতৃক সম্পত্তি বিক্রির ২০ লাখ টাকা দিয়েছেন, সেই অর্থে স্বামী ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছেন; পরে স্বামী অন্যত্র বিয়ে করে তাকে ও সন্তানকে ছেড়ে দিয়েছেন। অন্যদিকে স্বামী সেই সম্পর্ক ও সন্তান—দুটিরই পরিচয় অস্বীকার করছেন। মাঝখানে পড়ে নিজের জন্মপরিচয় প্রতিষ্ঠা করতে গিয়ে আটকে আছে সৃষ্টি।
    এখন প্রশ্ন উঠেছে—সৃষ্টির জন্মনিবন্ধনে তার প্রকৃত পিতৃপরিচয় কীভাবে নিশ্চিত হবে? ২০১০ সালের কথিত বিয়ের নথি, ধর্মান্তরের কাগজপত্র ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের মধ্যে অসামঞ্জস্য কেন তৈরি হলো? রাজধানী বেগমের দেওয়া ২০ লাখ টাকার কোনো প্রামাণ্য হিসাব রয়েছে কি না? আর ২০১৮ সালের কথিত দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগের সত্যতা কতটুকু?
    এসব প্রশ্নের উত্তর নির্ভর করছে সংশ্লিষ্ট নথিপত্র ও প্রত্যক্ষ প্রমাণ যাচাইয়ের ওপর। তবে অভিযোগ সত্য হলে, একজন নারীকে স্বামী-সংসার থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি তার সন্তানের মৌলিক পরিচয় ও নাগরিক নথিপত্রও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার বিষয়টি গুরুতর মানবিক ও প্রশাসনিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

  • সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন

    সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন

    চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে আটক রাখার আবেদন করেছে সিআইডি।

    রোববার (৯ আগস্ট) বিকেলে তাকে আদালতে আনা হয়। এসময় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। এদিকে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানি হবে।

    আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    সিআইডির আবেদনে বলা হয়, আসামি ডনকে বিমানবন্দর থেকে ভোর ৫টায় আটক করে ইমিগ্রেশন পুলিশ। দীর্ঘদিন তিনি এ মামলায় পলাতক ছিলেন। আসামিকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলমান। আসামি জামিন পেলে মামলা তদন্তে বিঘ্নসহ চিরপলাতক হতে পারে। এমতাবস্থায় তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।

    প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি। অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত।

    ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। প্রতিবেদনে সালমান শাহ’র মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ওই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সে সময় সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন। সবশেষ গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

    এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

    সামীরা ছাড়া মামলার অপর আসামিরা হলেন— শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে।

    মামলার অভিযোগে মোহাম্মদ আলমগীর উল্লেখ করেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার বোন নিলুফার জামান চৌধুরী (নীলা চৌধুরী), বোনের স্বামী কমর উদ্দীন আহমদ চৌধুরী এবং তাদের ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন, সালমান ঘুমাচ্ছেন।

    কিছুক্ষণ পর প্রডাকশন ম্যানেজার সেলিম ফোন করে জানান, সালমানের কিছু হয়েছে। দ্রুত তারা বাসায় ফিরে দেখেন, সালমান শয়নকক্ষে নিথর পড়ে আছেন এবং কয়েকজন বহিরাগত নারী তার হাত-পায়ে তেল মালিশ করছেন। পাশের কক্ষে সামীরার আত্মীয় রুবি বসে ছিলেন।

    সালমানের মা চিৎকার করে তাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। পথে তারা সালমানের গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পায়ে নীলচে দাগ দেখতে পান। পরে তাকে হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, সালমান শাহ অনেক আগেই মারা গেছেন।

    মোহাম্মদ আলমগীর আরো উল্লেখ করেন, সালমানের বাবা কমর উদ্দীন আহমদ চৌধুরী মৃত্যুর আগে ছেলের মৃত্যুকে হত্যা বলে সন্দেহ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি দরখাস্ত দাখিল করেন। এতে তিনি রমনা থানার অপমৃত্যু মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা হিসেবে গ্রহণ এবং সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন জানান।

    সালমানের বাবার মৃত্যুর পর আলমগীর তার বোনের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করছেন। মামলায় অভিযুক্তদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে থাকলে প্রমাণ সাপেক্ষে তারা মামলার দায় থেকে অব্যাহতি পাবেন।

    এর আগে গত ২০ মে হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত এই চিত্রনায়কের মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে ২৪ মে সালমান শাহ-এর মরদেহ উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়। এদিকে বাদীপক্ষ মরদেহ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত আবেদনটি নথিভুক্ত করেন। পরে গত ২২ জুন দেহাবশেষ উত্তোলনের কার্যক্রম পরিচালনার জন্য সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সংক্রান্ত আদেশের অনুলিপি আদালতে দাখিল করা হলে তা নথিভুক্ত করা হয়। এদিকে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট ধার্য রয়েছে।

  • সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ

    সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ

    কাগজ-কলমে মো. নিয়াজুর রহমান সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি)। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই দপ্তরের মূল হর্তাকর্তা এখন তার দ্বিতীয় স্ত্রী সদর উপজেলার মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. সুবর্ণা রায় তুলি! ভিন্ন ধর্মের এই দম্পতির ব্যক্তিগত প্রভাব ও দুর্নীতির সিন্ডিকেটে মুখ থুবড়ে পড়েছে জেলার পরিবার পরিকল্পনা সেবা ও স্বাভাবিক কর্মপরিবেশ। স্বামী-স্ত্রীর এই সিন্ডিকেট আর লাগামহীন দুর্নীতির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পরিবার পরিকল্পনা বিভাগ। পোস্টিং, বদলি, পদায়ন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে কোনো দাপ্তরিক সিদ্ধান্ত নিতে এখন স্ত্রীর অনুমতিই শেষ কথা। ফলে পুরো দপ্তরে তৈরি হয়েছে এক নজিরবিহীন প্রশাসনিক নৈরাজ্য ও বিশৃঙ্খল পরিবেশ। দীর্ঘদিন ধরে চলা এই অনিময়, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে মাসব্যাপী অনুসন্ধানে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিনাত রেহানা শনিবার বলেন, উপ-পরিচালক মো. নিয়াজুর রহমান ও সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যসেবা খাতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ সহ্য করবে না সরকার।

    তথ্যানুসন্ধানে জানা যায়, জেলার ‘অঘোষিত ডিডি’ হিসাবে ক্ষমতার রশি ধরে রেখেছেন নিয়াজুর রহমানের দ্বিতীয় স্ত্রী ডা. সুবর্ণা রায় তুলি। সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রবেশ করলেই যে কেউ এক অদ্ভুত প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখি হবেন। দপ্তরের নিয়ম অনুযায়ী ডিডি নিয়াজুর রহমান প্রশাসনিক প্রধান হলেও, সব ফাইলে শেষ সিদ্ধান্ত আসে তার দ্বিতীয় স্ত্রী ডা. সুবর্ণা রায় তুলির টেবিল থেকে। ডিডি স্বামীর ক্ষমতা অপব্যবহার করে তিনি অধীনস্থদের কারণে-অকারণে শোকজ করে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করেন। ফলে জেলার সব কর্মকর্তা-কর্মচারী তাকে চরম আতঙ্কের সঙ্গে সমীহ করে চলেন।

    তথ্যানুসন্ধানে জানা যায়, একজন মেডিকেল অফিসার হিসাবে পরিবার পরিকল্পনা গ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ, চিকিৎসা এবং দীর্ঘমেয়াদি পদ্ধতি যেমন-আইইউডি, ইমপ্লান্ট সংক্রান্ত সেবা প্রদান বা তদারকি করার কথা থাকলেও ডা. তুলি নিজ দায়িত্বের ধারেকাছেও যান না। বরং সেবাদানকারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাবে তার কাছে পরামর্শ বা সাহায্য চাইতে গেলে তিনি চরম বিরক্তি প্রকাশ করেন। তার দপ্তরে সেবাদানের চেয়ে শোকজ করার সংখ্যা বেশি। দপ্তরে নিজের অনুপস্থিতি ও অনিয়ম ঢাকতে কথায় কথায় শোকজ করে তিনি পরিচিত হয়েছেন ‘শোকজ তুলি’ নামে। সম্প্রতি তার এই অনিয়ম ও অনুপস্থিতি ধামাচাপা দিতে জেলার শাহপরাণ থানাধীন সদর উপজেলার অফিসটিকে জোরপূর্বক জেলা কার্যালয়ের তৃতীয়তলায় স্থানান্তর করা হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবস (২০২৬) উদযাপন উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ডা. তুলির পছন্দের লোকদের নির্বাচিত করা হয়। গত ১২ জুলাই তাদের সম্মাননা দেওয়া হয়। এমনকি আট মাস ধরে অসুস্থ একজন পরিবারকল্যাণ সহকারীকে (এফডব্লিউভি) উপজেলার শ্রেষ্ঠ কর্মী ঘোষণা করা হয়।

    অফিসে অনুপস্থিতির রেকর্ড : ডা. সুবর্ণা রায় তুলির নিয়মিত অফিস না করার বিষয়টি এখন ওপেন সিক্রেট। গত ছয় মাসের (ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬) তার অফিসে উপস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, এই সময়ে তিনি মাত্র ৩৩ দিন অফিস করেছেন। এছাড়া তিন দিন ডিডি অফিস এবং ছয় দিন মাঠ পরিদর্শনে অংশ নিয়েছেন। বাকি দিনগুলোতে কর্মস্থলে অনুপস্থিত থেকেও তিনি দিব্যি সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করেছেন। এসব অনিয়ম দেখভাল যে কর্মকর্তা করেন (ডিডি) তিনি তার চতুর্থ স্বামী। অথচ নিয়মিত মাঠ পর্যায়ে পরিদর্শন না করেই স্বামী-স্ত্রী উভয়েই প্রতি মাসে ভুয়া টিএ (ট্রাভেলিং অ্যালাউন্স) বিল দাখিল করে সরকারি অর্থ আত্মসাৎ করছেন বলে সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। বৈশ্বিক জ্বালানি সংকট ও সরকারি ব্যয় হ্রাসের কঠোর নির্দেশনা থাকলেও ডা. সুবর্ণা রায় তুলি তার ব্যক্তিগত বাজারঘাট, শপিংমল কিংবা রেস্তোরাঁয় যাতায়াতের জন্য নিয়মিত স্বামীর সরকারি গাড়ি ব্যবহার করেন। এছাড়া ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালনকালে স্থায়ী ও দীর্ঘমেয়াদি সেবাগ্রহীতাদের জন্য বরাদ্দকৃত যাতায়াত ভাতাও এই দম্পতি আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।

    বদলি বাণিজ্য ও লেনদেন : সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পোস্টিং, বদলি এবং নিয়োগকে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংয়ে স্পষ্ট হয়েছে যে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধভাবে পোস্টিং বা নিয়োগ দেওয়া হয়। রেকর্ডিংয়ে এই লেনদেনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় কয়েকজন এই লেনদেনের কথা স্বীকার করেছেন। সরকারি বিধিমালা (বিশেষ করে মহাপরিচালকের অনুমতি ছাড়া এফডব্লিউএ বদলির নিষেধাজ্ঞা) উপেক্ষা করে উপ-পরিচালক স্বামীর মাধ্যমে ঘুসের বিনিময়ে বিভিন্ন কর্মচারীকে বদলি করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার দুজন এফডব্লিউএ লরিমা বেগম ও শিরিনা আক্তার বদলির জন্য ডা. সুবর্ণা রায় তুলিকে জনপ্রতি দুই লাখ টাকা করে ঘুস দেন। পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন মহলের নজরে আসায় এবং বিভাগীয় পরিচালকের হস্তক্ষেপে অন্য কর্মচারীদের বদলি আটকে গেলে লেনদেন করা চার লাখ টাকা ফেরত দিতে বাধ্য হন তারা। এছাড়া পছন্দের কর্মচারীদের দিয়ে কাজ না হলে তাদের শোকজ করা এবং টাকা নিয়ে পছন্দের অযোগ্যদের পোস্টিং দেওয়ার একচ্ছত্র সাম্রাজ্য গড়ে তুলেছেন এই দম্পতি।

    সবখানেই ডা. তুলির ঔদ্ধত্য : ডা. সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের ইতিহাস নতুন নয়। ফেঞ্চুগঞ্জ উপজেলায় মেডিকেল অফিসার হিসাবে কর্মরত থাকাকালীন তার অন্যায় ও নানাবিধ অনিয়মে অতিষ্ঠ হয়ে কর্মচারীরা ২০২২ সালের ২১ নভেম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। হবিগঞ্জ জেলার তৎকালীন উপ-পরিচালক মীর সাজেদুর রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ডা. তুলির বিরুদ্ধে বিভাগ পরিচালনায় অদক্ষতা, রোগীর সঙ্গে খারাপ আচরণ, ওটি ব্যবস্থাপনায় অশালীন ব্যবহার এবং উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করে। কিন্তু স্বামী ডিডি নিয়াজুর রহমানের প্রশাসনিক প্রভাব এবং উচ্চ মহলের হস্তক্ষেপে সেই তদন্তের ভিত্তিতে কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। উলটো যারা প্রতিবাদ করেছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, শোকজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ প্রচার চালিয়ে হেনস্তা করা হয়েছে।

    ডিডির নৈতিক স্খলন ও ক্ষমতার অপব্যবহার : বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই ক্ষমতার অপব্যবহার করে আসা মো. নিয়াজুর রহমান এই দপ্তরে এক আতঙ্কের নাম। এর আগে ময়মনসিংহ ও বরিশালসহ বিভিন্ন কর্মস্থলে নারী কেলেঙ্কারি ও নৈতিক স্খলনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    জানা যায়, ডা. সুবর্ণা রায় তুলির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে তাকে বিয়ে করতে বাধ্য হন নিয়াজুর রহমান। প্রথম স্ত্রী-সন্তানের আপত্তি ও বাধার কারণে প্রথমে তুলিকে বিয়ে করতে রাজি হননি তিনি। পরে মহাপরিচালকের কাছে এ বিষয়ে অভিযোগ করেন ডা. তুলি। একপর্যায়ে বরখাস্ত বা চাকরি হারানোর মুখে পড়েন এই কর্মকর্তা। এরপর বাধ্য হয়ে বিয়ে করেন তাকে। এ ঘটনার পর তার প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়।

    নিয়াজুর রহমানের নৈতিক স্খলনের দায়ে তাকে অধিদপ্তর থেকে বরিশাল বিভাগে এবং পরবর্তীতে নরসিংদীতে ডিমোশন দিয়ে বদলি করা হলেও শেষ পর্যন্ত স্ত্রীর প্রভাবে তিনি সিলেটে পোস্টিং নেন। স্বামীর এই দুর্বলতাকে পুঁজি করে ডা. তুলি এখন পুরো জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়কে নিজের ব্যক্তিগত সম্পত্তির মতো পরিচালনা করছেন।

    স্বাস্থ্যকেন্দ্রের ফ্রিজ তুলির অফিসে : সিলেট সদর জালালাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে জরুরি ঔষধ ও ইনজেকশন রাখার জন্য একটি ফ্রিজ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ডা. সুর্বণা এই ফ্রিজ ওই কেন্দ্রে না দিয়ে নিজ অফিসে ব্যবহারের জন্য নিয়ে আসেন।

    সাধারণ কর্মী ও সচেতন মহলের ক্ষোভ : দম্পতির এই ব্যক্তিগত প্রভাব, অনিয়ম ও দুর্নীতির কারণে সিলেটের পরিবার-পরিকল্পনা দপ্তরের স্বাভাবিক কর্মপরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। জুনিয়র কর্মকর্তা ও কর্মচারীরা সবসময় তটস্থ থাকেন কখন কার কপালে শোকজ বা বদলির খড়গ নেমে আসে। অথচ সব প্রমাণ ও তদন্ত প্রতিবেদন থাকার পরও অদৃশ্য শক্তির বলে এই স্বামী-স্ত্রী বহালতবিয়তে থেকে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

    এদিকে গত তিন ধরে চেষ্টা করেও উপ-পরিচালক মো. নিয়াজুর রহমান ও তার স্ত্রী সুর্বণা রায় তুলির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সরেজমিন সিলেট সাপ্লাই রোডের পরিবার পরিবার পরিকল্পনা কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। এরপর তিন দিন ধরে তার সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল নম্বরেই কল করা হয়। শনিবার দুপুরে একবার তিনি সরকারি ফোনটি রিসিভ করেন। কিন্তু প্রতিবেদকের পরিচয় পেয়েই তিনি মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এদিকে ডা. সুবর্ণা রায় তুলির কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরিচয় দিয়ে স্বামী-স্ত্রী দুজনকেই হোয়াটসঅ্যাপে বক্তব্য চেয়ে খুদে বার্তা পাঠানো হয়। কিন্তু কোনো সাড়া মেলেনি। একপর্যায়ে পরিবার পরিকল্পনা সিলেটের পরিচালক মো. আব্দুল লতিফ মোল্লার সহযোগিতা চাওয়া হয়। অনেকক্ষণ পর তিনি প্রতিবেদককে জানান, ‘কথা বলার জন্য আপনার ভিজিটিং কার্ড তাকে পাঠিয়েছে। ফোনও দিয়েছিলাম। কিন্তু আমার ফোনটিও রিসিভ করেননি মো. নিয়াজুর রহমান।’