একসময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) দেশের নাগরিকদের কাছে একটি স্বপ্নের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত থাকলেও, বর্তমানে তা দুর্নীতির মহাসিন্ডিকেটে পরিণত হয়েছে। গড়ে উঠেছে এক ভয়াবহ প্রশাসনিক ‘ডার্ক জোন’। আর এই অনিয়ম ও অন্ধকার ব্যবস্থার কেন্দ্রে অবস্থান করছেন রাজউকের পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া।প্রতিবেদনে জানা যায়, তিনি কেবল একজন সরকারি কর্মকর্তা নন; বরং রাজউকের মূল কাঠামোর সাথে জড়িয়ে পড়া এক দুর্নীতিচক্রের প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ক্ষমতার দম্ভ, ঘুষের বাণিজ্য, গোপন আর্থিক সাম্রাজ্য এবং অদৃশ্য চুক্তির মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির ওপর নিজের একছত্র প্রভাব বিস্তার করেছেন।### মহাখালী জোনে ‘ঘুষের টেকসই ম্যানেজার’পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়ার অধীনে থাকা রাজউকের মহাখালী জোন আজ কার্যত ‘কর্তৃত্ববাদী দুর্নীতির হেডকোয়ার্টার’-এ পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, সেখানকার নির্মাণ পরিদর্শকরা এখন আইন প্রয়োগের বদলে ঘুষ বাণিজ্যের ‘টেকসই ম্যানেজার’ হিসেবে কাজ করছেন। প্রতিটি অনুমোদন ও ফাইল আটকে রেখে চালানো হচ্ছে অর্থ আদায়ের হীনচক্র, যা পরিচালকের সরাসরি জ্ঞাতসারে সংগঠিত হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আইন ও নিয়মকানুনকে স্রেফ খোলস হিসেবে ব্যবহার করে সেখানে একটি প্রশাসনিক ব্ল্যাকমার্কেট গড়ে তোলা হয়েছে।### অপরাধ ধামাচাপা ও বিচারহীনতাএই সিন্ডিকেটের অন্যতম সহযোগী মো. সোলাইমান হোসেন, যিনি ৩০ জানুয়ারি ২০২৫ সালে এক সংবাদকর্মীর ওপর প্রকাশ্যে হামলা চালান। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে হামলার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া ঘটনাটিকে “তেমন কিছু না” বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। যদিও পরবর্তীতে তিনি এ চেষ্টায় ব্যর্থ হন, তবুও এ ধরনের স্পষ্ট অপরাধের পর কোনো বিচার না হওয়া প্রশাসনিক মদতের চরম দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।### ব্যক্তিগত বিতর্ক ও বিলাসী জীবনযাপনপরিচালক জাকারিয়ার বিরুদ্ধে কেবল পেশাগত দুর্নীতির অভিযোগই নয়, তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা বিতর্ক রয়েছে। অভিজাত ক্লাব, লাউঞ্জ ও বারগুলোতে তার নিয়মিত যাতায়াত, মদপান ও বিতর্কিত জীবনের নানা তথ্য সামনে এসেছে।সরকারি একটি গুরুত্বপূর্ণ পদে বসে এমন লাগামহীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে এখন সর্বমহলে প্রবল প্রশ্ন ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
Blog
-

কর্মরত সাংবাদিকদের পদবি ও পদমর্যাদা বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্তির সরকারি প্রজ্ঞাপন
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ১১ সেপ্টেম্বর ২০১৯-এ প্রকাশিত ৯ম সংবাদপত্র মজুরি বোর্ডের প্রজ্ঞাপনে সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন পদবি ও পদমর্যাদা নির্ধারণ করে গ্রেডভুক্ত করা হয়েছে।
সাংবাদিকদের সুবিধার্থে গ্রেড অনুযায়ী গুরুত্বপূর্ণ পদগুলো নিচে তুলে ধরা হলো—
বিশেষ গ্রেড: সম্পাদক- গ্রেড-১: নির্বাহী সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক, যুগ্ম-সম্পাদক, উপ-সম্পাদক, সহযোগী সম্পাদক, বার্তা-সম্পাদক, সহকারী সম্পাদক, চিফ এডিটর, বিশেষ সংবাদদাতা ও নগর সম্পাদক।
গ্রেড-২: যুগ্ম-বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক, প্রধান সহ-সম্পাদক, সিনিয়র সহ-সম্পাদক, সিনিয়র প্রতিবেদক, শিফট-ইনচার্জ, মফস্বল সম্পাদক, ক্রীড়া সম্পাদক, বাণিজ্যিক সম্পাদক, বিনোদন সম্পাদক, প্রধান আলোচিত্র সাংবাদিক, সিনিয়র আলোচিত্র সাংবাদিক, সম্পাদকীয় সহকারী, প্রধান সম্পাদনা সহকারী, ব্যুরো প্রধান, সিনিয়র সংবাদদাতা, সিনিয়র কার্টুনিস্ট, সিনিয়র আর্টিস্ট ও ফোকাল/প্রধান সংবাদ প্রযোজকসহ সংশ্লিষ্ট পদ।
গ্রেড-৩: সহ-সম্পাদক, নিজস্ব প্রতিবেদক, আলোচিত্র সাংবাদিক, ক্রীড়া প্রতিবেদক, নিজস্ব সংবাদদাতা, আর্টিস্ট, কার্টুনিস্ট, সিনিয়র সম্পাদনা সহকারী ও সংবাদ প্রগ্রামার।
গ্রেড-৪: শিক্ষানবিশ সহ-সম্পাদক, শিক্ষানবিশ নিজস্ব প্রতিবেদক, শিক্ষানবিশ নিজস্ব সংবাদদাতা ও সম্পাদনা সহকারী।
গ্রেড-৫: শিক্ষানবিশ সম্পাদনা সহকারী।
সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিকদের ক্ষেত্রেও গ্রেড নির্ধারণ করা হয়েছে
বিশেষ গ্রেড: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক।
গ্রেড-১: ব্যবস্থাপনা সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক, সিনিয়র বার্তা সম্পাদক, সিনিয়র বিশেষ সংবাদদাতা, বিশেষ সংবাদদাতা ও বার্তা সম্পাদক।
গ্রেড-২: প্রধান প্রতিবেদক, সিনিয়র নিজস্ব প্রতিবেদক, সিনিয়র সহ-সম্পাদক, বাণিজ্যিক সম্পাদক, সিনিয়র নিজস্ব সংবাদদাতা, শিফট-ইনচার্জ, ব্যুরো প্রধান ও ফোকাল/প্রধান সংবাদ প্রগ্রামার।
গ্রেড-৩: সহ-সম্পাদক, নিজস্ব প্রতিবেদক ও নিজস্ব সংবাদদাতা।
গ্রেড-৪: শিক্ষানবিশ সহ-সম্পাদক, শিক্ষানবিশ নিজস্ব প্রতিবেদক ও শিক্ষানবিশ নিজস্ব সংবাদদাতা।
সকল সাংবাদিক ও সংবাদকর্মীর জ্ঞাতার্থে প্রজ্ঞাপনটি সংরক্ষণ ও শেয়ার করার অনুরোধ রইল।
বিশেষ করে যারা নিজ নিজ পদমর্যাদা, গ্রেড ও চাকরিসংক্রান্ত অধিকার সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই সরকারি প্রজ্ঞাপনটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজে লাগতে পারে।
সাংবাদিকের অধিকার ও মর্যাদা সম্পর্কে নিজে জানুন এবং শেয়ার করে অন্য সাংবাদিককেও জানতে সহায়তা করুন।
-

গোপালগঞ্জে কামিল সারোয়ার এর মাতা আর নেই’
লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
কুল্লু নাফসিন জাইকাতুল মউত (প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে)
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন!অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,গোপালগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড, হীরা বাড়ী রোড ব্যাংক পাড়া নিবাসী মরহুম ইউনুস মিয়ার সহধর্মিনী,ও কামিল সারোয়ার,সজিব,রাজিব এর মাতা শারীরিকভাবে দীর্ঘদিন অসুস্থ থাকায় আজ ১০/০৮/২০২৬ খ্রি., রোজ সোমবার সকাল ৭:০০ ঘটিকার সময় ঢাকা নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন নামাজের জানাজার সময় ও স্থান:তারিখ: ১০ আগস্ট ২০২৬ খ্রি. (আজ সোমবার)সময়: আসর নামাজের পর স্থান: গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদ মাঠ প্রাঙ্গণ, গোপালগঞ্জ।মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উক্ত জানাজার নামাজে সকল দ্বীনদার মুসলিম ভাইকে শরিক হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
শোকার্ত পরিবার ও এলাকাবাসীগোপালগঞ্জ পৌরসভা, ১০ নম্বর ওয়ার্ড, হীরাবাড়ী রোড, ব্যাংক পাড়া। -

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে।
পটুয়াখালীর কলাপাড়ায় আদালতের স্থিতাবস্থা আদেশ থাকা একটি বিরোধপূর্ণ জমিতে ফের দুটি টিনের স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক দাবিদার মোঃ মজিবুর রহমানের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন তার চাচি ফাতেমা বেগম।
আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে সোমবার (১০ আগস্ট) সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাতেমা বেগম জানান, কলাপাড়া উপজেলার ইউসুফপুর মৌজার জে.এল. নং-২৭, বি.এস. দাগ নং-৩৭২ ও ৮১৬, খতিয়ান নং-১২৯, ২৩০৩ ও ২০৭-এর মোট ১.২৫ একর জমি নিয়ে কলাপাড়া সিনিয়র সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে।
তার দাবি, মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হলে গত ২২ জুলাই আদালত উভয় পক্ষকে বিরোধীয় জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের ওই নির্দেশনা থাকা সত্ত্বেও মোঃ ইমরান হাওলাদার, হানিফ, ইব্রাহিমসহ কয়েকজন এবং তাদের সঙ্গে থাকা লোকজন জমিতে প্রবেশ করে টিন ও কাঠ দিয়ে পাটাতন নির্মাণ করে দুটি ঘর তোলেন বলে অভিযোগ করেন তিনি।
ফাতেমা বেগম আরও অভিযোগ করেন, এর আগে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরে আবারও বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণ করা হয়। এ সময় তাকে ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে জমি দখলকারী ইমরান বাদী হয়ে স্থানীয় ১০ জনকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। মামলার আসামি মাহাতাব মাওলানা ও শাহীন মীর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে করা মামলা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেন।
তাদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হয়রানি করার উদ্দেশ্যেই তাদের মামলায় আসামি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে বিরোধীয় জমিতে নির্মাণ করা দুটি ঘর মহিপুর থানা বিএনপির উদ্যোগে উচ্ছেদ করা হয়েছিল। সম্প্রতি ওই জমিতে আবারও দুটি টিনের স্থাপনা নির্মাণ করা হয়েছে। স্থাপনা নির্মাণে স্থানীয় এক প্রভাবশালীর সহযোগিতা ছিল বলেও অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হবে।” তবে স্থাপনা নির্মাণের পেছনে বিএনপির কোনো ইন্ধন রয়েছে—এমন অভিযোগের বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
ঘটনাস্থলে পুলিশের ভূমিকা নিয়ে মজিবুর রহমানের পরিবারের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, বিষয়টি আদালতের বিষয়। আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। পুলিশ সার্বক্ষণিক সহযোগিতা করেছে। শুক্রবার নামাজের সময় তারা ঘর উত্তোলন করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।
আদালতের স্থিতাবস্থা আদেশের পরও বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ এবং একই জমিকে ঘিরে পাল্টাপাল্টি মামলা ও রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত উভয় পক্ষকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
-

শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ করবে ভারত, আশা বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।
একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-

আশুলিয়ার মরাগাঙে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ঢাকার আশুলিয়ার মরাগাঙ এলাকায় বি-৮১-২ নম্বর পিলারের মাঝামাঝি স্থান থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো কোনো বস্তু দিয়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আশুলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাই জানান, ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে খবর দেওয়া হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। -

দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল
রাজউক কর্মকর্তা এহসানুল ইমামের বিরুদ্ধে আছে নানা অভিযোগ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) যোগদানের পর থেকে সব লোভনীয় চেয়ার দখলে রেখেছেন শেখ মুহাম্মদ এহসানুল ইমাম। রাজউকের অথরাইজড অফিসার পদে কর্মরত এ প্রকৌশলী ১১ বছরের চাকরি জীবনে বিভিন্ন পদে জোন ১, ২, ৩, ৫ বা ৭-এ দায়িত্ব পালন করেছেন। তার অধীনে স্থাপনা নির্মাণে অনিয়ম ও তদারকির ক্ষেত্রে আপোষ করে আর্থিক সুবিধা নিয়েছেন। বড় বড় বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করে আইনের ব্যত্যয় করা এ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি। আশ্চর্যের বিষয়, উত্তরা এলাকায় রূপায়ণ সিটির কাজে অনিয়ম করে দুদকের মামলার আসামি হওয়ার পরও সেই এহসানুল ইমামকে আবার ঐ এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে রাজউকের জোন ১-এর অথরাইজড অফিসার হিসেবে কর্মরত আছেন।
এহসানুল ইমামের বিরুদ্ধে যত অভিযোগ, এর মধ্যে সব ছাপিয়ে গেছে দুটি। এর একটি তিনি যখন জোন ২-এর সহাকারী অথরাইজড অফিসার ছিলেন, সেই সময়ের। ঘটনাটি ২০১৭ সালের। সেই সময় রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বিরুদ্ধে সরকারি খাস জমি, ভাওয়াল এস্টেটের সম্পত্তি ও ব্যক্তিমালিকানাধীন ভূমি জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে ওঠে। বিষয়টি নিয়ে তদন্ত করার পর মামলা করে দুদক। এ বছরের জানুয়ারিতে করা সেই মামলারই এজাহারভুক্ত আসামী এহসানুল ইমাম।
প্রিয়াঙ্কা সিটিবিমানবন্দর এলাকায় অবৈধ প্রিয়াঙ্কা সিটি
এজাহার সূত্রে জানা যায়, রূপায়ন হাউজিং লিমিটেডের আবেদনে ব্যবহৃত রেকর্ডপত্র ও কাগজপত্র যাচাই-বাছাই করেনি। সংশ্লিষ্ট ভূমি সরেজমিন পরিদর্শন না করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজস, ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে ভূমি সংস্কার বোর্ড কোডস অব ওয়ার্ডের নামে খতিয়ানভুক্ত সম্পত্তি এবং অভিযোগকারীদের সম্পত্তি যাচাই না করে রূপায়ন হাউজিং এস্টেটের নামে ভূমি ব্যবহার ছাড়পত্রে অনুমোদন দেওয়া হয়েছে।এমন একটি অপরাধমূলক ঘটনার পরও তার বিরুদ্ধে রাজউক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি, বরং তাকে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ জোন ১-এর অথরাইজড অফিসার পদে বহাল রেখেছে। এ প্রকৌশলীর বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো- বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তালিকায় অবৈধ ভবনগুলোর নাম আসা প্রিয়াঙ্কা সিটি গড়ে উঠেছে তাকে ম্যানেজ করে। যার ফলে ভবন অনুমোদন ও তদারকিতে থাকা এহসান অবৈধ প্রিয়াঙ্কা রানওয়ে সিটির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। যার ফলে এ আবাসন প্রতিষ্ঠান প্রাপ্য উচ্চতাসীমা না মেনে ভবন নির্মাণ করে তা বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করেছে। এমন অনেক ঘটনা ঘটেছে এ অথরাইজড অফিসারের হাতে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এহসানুল ইমাম বলেছেন, ‘আমি ছিলাম জোন ২-এ, গাজীপুর অঞ্চলে। রূপায়নের কিছু গাজীপুর অঞ্চলে ছিল না। আমি তো আপনাকে বললাম, আপনি যাচাই-বাছাই করেন–এখানে কারা কারা জড়িত। একটা নকশা অনুমোদনের সাথে কি ৪৩ জন কখনো জড়িত থাকে? তিনি বলেন, এই নামগুলো কোন সোর্স থেকে দিয়েছে? কোথা থেকে পাইছে? কারা ছিল? এগুলো কেন দুদককে প্রশ্ন করেন না আপনারা?’
এহসানুল ইমাম এরপর দুদকের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তোলেন, ‘আমার কারও বিরুদ্ধে অভিযোগ নাই। আমার একটাই অভিযোগ, দুদক যে মামলাটা করছে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছে।
-

বিআইডব্লিউটিএতে আক্তারের রাজত্ব, আওয়ামী সিন্ডিকেট এখনো সক্রিয়
*একাধিক ফ্ল্যাট-প্লটসহ শত কোটি টাকার সম্পদের অভিযোগ
*জুলাই আন্দোলনে অর্থ জোগানের অভিযোগ
*গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি
*নারীঘটিত নানা অভিযোগবাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মুদ্রাক্ষরিক মো. আক্তার হোসেনকে ঘিরে নানা অনিয়ম, দুর্নীতি, প্রভাব বিস্তার, সম্পদ গড়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিআইডব্লিউটিএ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি হিসেবে তিনি প্রতিষ্ঠানে শক্তিশালী একটি রাজনৈতিক বলয় গড়ে তোলেন। সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান ও খালেদ মাহমুদের বিশেষ সহযোগী হিসেবেও তিনি প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে।
বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্যদের অর্থসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করতেন বলেও অভিযোগ রয়েছে। বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিজের প্রভাব বিস্তারের জন্য তৎকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সক্রিয় ছিলেন তিনি। অভিযোগকারীদের দাবি, সে সময় তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেতেন না।
বর্তমানে আক্তার হোসেন বিআইডব্লিউটিএর শিমুলিয়া অফিসে কর্মরত থাকলেও তার নেতৃত্বে বিআইডব্লিউটিএ ভবনে আবারও নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আক্তার হোসেন বিআইডব্লিউটিএ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতির দায়িত্বে থাকার পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতির দায়িত্বেও ছিলেন।
সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য বিধিবিধানের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড, ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সাংঘর্ষিক হলেও তার বিরুদ্ধে এসব কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বিভিন্ন তথ্য-প্রমাণ সংরক্ষিত রয়েছে বলে দাবি করা হয়েছে।
অনুসন্ধানে উঠে এসেছে, বিআইডব্লিউটিএর এই প্রভাবশালী কর্মচারীর উত্থান আওয়ামী লীগের সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের হাত ধরে বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিআইডব্লিউটিএতে নিয়োগ, বদলি, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে। নারীঘটিত নানা অভিযোগও তাকে ঘিরে রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
আক্তার হোসেনের নিজ জেলা রাজশাহীর পুঠিয়া উপজেলার ডিউপাড়া এলাকায় একরের পর একর কৃষিজমি রয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীর মুগদার মদিনাবাগ ময়লার ভাঙার এলাকায় কোটি টাকা মূল্যের একাধিক ফ্ল্যাট রয়েছে বলেও দাবি করা হয়েছে। এছাড়া আশুলিয়া মডেল টাউনে তার ২০ কাঠার একটি প্লট রয়েছে বলে অভিযোগ রয়েছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক শত কোটি টাকা বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এসবের বাইরে তার নামে-বেনামে আরও বিপুল সম্পদ রয়েছে বলে অভিযোগ উঠেছে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা থেকে বাঁচতে এসব সম্পদের বড় একটি অংশ আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে রাখা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এদিকে আক্তার হোসেন কোটি টাকা মূল্যের ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, গত ১৭ বছরে বিআইডব্লিউটিএতে যেসব ঠিকাদার কাজ করেছেন, তাদের কাছ থেকে আক্তার হোসেন চাহিদা অনুযায়ী ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমিশন নিতেন। অন্যদিকে লাভের অংশীদারত্বের ভিত্তিতেও নিজের পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে মোটা অঙ্কের কমিশন গ্রহণ করতেন বলে অভিযোগ রয়েছে।
কমিশন বাণিজ্যের রফাদফা করতে তাকে রাজধানীর বিভিন্ন নামিদামি রেস্টুরেন্টে নিয়মিত বৈঠক করতে দেখা যেত বলেও অভিযোগকারীদের দাবি।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, কমিশন ও অন্যান্য অনিয়মের মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ অবৈধ অর্থ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে ব্যবহৃত হয়েছিল। এ অভিযোগ সামনে আসার পর গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে সরাসরি সহযোগিতা ও অর্থ সরবরাহের অভিযোগে আক্তার হোসেনের বিরুদ্ধে রাজধানীর মুগদা, যাত্রাবাড়ীসহ কয়েকটি থানায় হত্যা মামলা দায়ের হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএর কয়েকজন কর্মকর্তা জানান, ওই সময়ে আক্তার হোসেনের বিরুদ্ধে যারা মুখ খোলার চেষ্টা করেছেন, তাদের লাঞ্ছিত করে ঢাকার বাইরে বদলি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে মো. আক্তার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে আক্তার হোসেনকে ঘিরে নারীঘটিত নানা অভিযোগও সামনে এসেছে। বিআইডব্লিউটিএর মাওয়া নদীবন্দর অফিসের মুদ্রাক্ষরিক মো. আক্তার হোসেনকে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটকের একটি ঘটনা নিয়েও আলোচনা রয়েছে।
অভিযোগকারী ও অনুসন্ধানে সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রথমে ফোন নম্বর আদান-প্রদান করতেন আক্তার হোসেন। এরপর সুন্দরী ও আর্থিকভাবে দুর্বল নারীদের কোটিপতি বানানোর প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর শুরু হতো ব্যক্তিগত দেখা-সাক্ষাৎ ও আড্ডা। কোনো কোনো নারীকে ১ হাজার ৪০০ বর্গফুটের ফ্ল্যাট এবং আইফোন দেওয়ার প্রস্তাব বা উপহার দেওয়ার অভিযোগ রয়েছে। আবার কাউকে প্রিমিও জি মডেলের প্রায় ৪০ লাখ টাকা মূল্যের গাড়ি উপহার দেওয়ারও অভিযোগ উঠেছে।
প্রতিবেদনে ‘শিলা’ নামে ২২ বছর বয়সী এক নারীর অভিযোগ তুলে ধরা হয়েছে। তিনি নারায়ণগঞ্জের চাষাড়া থেকে কাজের সন্ধানে ঢাকায় আসতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, একদিন শিলার ফোন থেকে ভুলবশত আক্তার হোসেনের নম্বরে একটি মিসকল যায়। এরপর দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়।
কিছুদিন পর চাকরির কথা বলে শিলাকে ঢাকার একটি বাসায় নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ভয়ভীতি দেখানো এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ঢাকায় এনে বিভিন্ন বাসায় নেওয়া হতো বলেও অভিযোগ করা হয়েছে। শিলাকে বিয়ে করবেন—এমন প্রতিশ্রুতি দিয়ে তার বাসায় মাঝেমধ্যে রাত যাপন করতেন আক্তার হোসেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
একপর্যায়ে নারায়ণগঞ্জের চাষাড়ায় শিলার বাসায় স্থানীয়রা আক্তার হোসেনকে আপত্তিকর অবস্থায় আটক করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা ওই ঘটনার ভিডিও ধারণ করেন বলেও দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই ভিডিওতে আক্তার হোসেনকে ক্ষমা চাইতে এবং নিজের ভুল হয়েছে বলতে শোনা যায়। সেখানে তিনি তার স্ত্রী ও সন্তান রয়েছে এবং তার স্ত্রী একজন সরকারি চাকরিজীবী—এমন কথাও বলেছেন বলে দাবি করা হয়েছে। একইসঙ্গে শিলাকে বিয়ে করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুধু শিলা নয়, মানিয়া, তানিয়া, ফারিয়াসহ আরও কয়েকজন নারীর সঙ্গে আক্তার হোসেনের সম্পর্কের অভিযোগও প্রতিবেদনে উঠে এসেছে। এমনকি বিআইডব্লিউটিএতে কর্মরত কয়েকজন সহকর্মীর বোনও তার কথিত ঘনিষ্ঠতার আওতায় পড়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগগুলোর বর্ণনায় একটি অভিন্ন প্রবণতার কথা বলা হয়েছে—প্রথমে আস্থা ও নির্ভরতার পরিবেশ তৈরি করা, পরে ব্যক্তিগত ঘনিষ্ঠতা বাড়ানো। অভিযোগ রয়েছে, পারিবারিক সংকট, দাম্পত্য কলহ, বিচ্ছেদ কিংবা আর্থিক অনিশ্চয়তার মতো পরিস্থিতিতে থাকা নারীদের টার্গেট করা হতো।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত সহানুভূতি, সহযোগিতা ও ব্যক্তিগত ঘনিষ্ঠতার মাধ্যমে তাদের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি করা হতো। পরে সেই নির্ভরতার সুযোগ নিয়ে তাদের নিজের প্রভাববলয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হতো।
তবে বিআইডব্লিউটিএর পার্সেস ডিপার্টমেন্টের উচ্চমান সহকারী সিনথিয়া আক্তার হোসেনের সঙ্গে তার কোনো সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি বিবাহিত এবং আক্তার হোসেনের সঙ্গে শুধু চাকরির সূত্রে পরিচয়। তবে আক্তার হোসেন তার বাসায় আসা-যাওয়া করেন এবং তার বোনের সঙ্গে আক্তার হোসেনের পরিচয় রয়েছে। তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা তিনি জানেন না বলেও জানান।
নারীদের ফাঁদে ফেলার অভিযোগ অস্বীকার করেছেন মো. আক্তার হোসেন। তার দাবি, এসব অভিযোগ ষড়যন্ত্রের অংশ।
চাষাড়ায় আটকের বিষয়ে তিনি বলেন, ঘটনাটি সত্য। তবে শিলা তার খুব কাছের বলে স্বীকার করেছেন।
উলঙ্গ ভিডিও প্রসঙ্গে আক্তার হোসেন বলেন, ভিডিওতে থাকা ব্যক্তি তিনি নিজেই। তবে ওই ঘটনা সম্পর্কে তার ভাষ্য, এর পেছনে নানা ঘটনা রয়েছে এবং তিনি পরবর্তী সময়ে বিস্তারিত বলবেন।
উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট নথি, মামলা, সম্পদের তথ্য এবং অন্যান্য প্রমাণ যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
-

বাড়ি ফিরে বিয়ে করতে চেয়েছিলেন মোহন, ২ সন্তান হারিয়ে দিশেহারা মা
‘বড় ছল গেছে সাত বছর হচ্ছে, আর মেজো ছল গেছে দুই বছর। কোনদিনও ছুটিতে আসেনি। ছলটা বলে— ‘মা, কষ্ট করে খেয়ে দেনা শোধ করছি কেবল। বাড়ির কাজটা শুরু করছি, বাড়ি এসে বিল্ডিংয়ের কাজটা শেষ করবো। হামার বাবার আর বাড়ি আসা হলো না। কি সর্বনাশ হলো বাবা হামার।’ এভাবেই আহাজারি করে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন নিহত সুমন এবং মোহনের মা ময়না বিবি।
সোমবার (১০ আগস্ট) সকালে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামে মোহন এবং সুমনদের বাড়িতে শোকের মাতম বিরাজ করছে। এর আগে গতকাল রবিবার দুপুর ২টার সৌদি আরবের রিয়াদের শিফা থানা এলাকার একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দুই ভাই নিহত হন। এছাড়া এই গ্রামের আরও দুইজন এই ঘটনায় নিহত হয়েছেন। মোট একই উপজেলার ১৩জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- পারকাসুন্দা গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৩৮), ডুবাই গ্রামের বাদলের ছেলে সুমন হোসেন (৩৩), সোহেল রানা (পিতা-অজ্ঞাত) (৪১) ও একই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৮), গন্ডগোহালী গ্রামের গফফার প্রামাণিকের ছেলে মহন প্রামানিক (৩৮) ও সুমন প্রামানিক (২৮), একই গ্রামের জান্নাত আলীর ছেলে রুবেল হোসেন (২৮), ফজলুর প্রামানিকের ছেলে কলিম উদ্দিন প্রামানিক (১৯), সাতনগর গ্রামের সাগর হোসেন (২১), উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ (৩৬), মাদবপুর গ্রামের মজনু মিয়ার ছেলে মজিদুল ইসলাম (৩৫), মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ হোসেন (২১), খরসতি গ্রামের মহিদুল ইসলাম (৩৯)।
নিহত সুমন এবং মোহনের মা ময়না বিবি বলেন, কালকে মেজো ব্যাটার সাথে সকালে কথা কইছি। ভালোই আছি মা, তুমি ভাত খাও। তুমি সুস্থ থাকো। যখন আগুন লাগছে, তখন ওই ফায়ার সার্ভিস আসছিলো না। তখন ছাওয়াল ভয়েস ম্যাসেজ দিছে। দিয়ে বলে ‘মারো, দুইডা কথা কমু মা, আমি আর কথা কমু না নে মা। আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি।’
তিনি আরও বলেন, হামার দুই বাবা হামার বুকে এনে দেও বাবা। আমার বাবাদেরকে দেখে আমি কলিজা শান্তি করমু বাবা। বড় কষ্টের ছাওয়াল, আমার দুই ধনক আমার বুকে এনে দে বাবা রে…। মোহন বলতেছিলো — ‘এসে বিয়া করমু মা— মেয়া-টিয়ে দেখো না, আমি ১০টা দেখে একটা বিয়ে করমু মা।’
স্থানীয়রা জানায়, আত্রাই উপজেলার পারকাসুন্দা, ডুবাই, সাধনগরসহ বেশ কয়েকটি গ্রামে মারা গেছেন ১৩ জন যুবক। যারা সবাই সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরীর কারখানায় কাজ করতেন। প্রতিবেশি আর স্বজনদের দাবি, দ্রুতই ফিরিয়ে আনা হোক মরদেহগুলো।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আগুনে পুড়ে আত্রাই উপজেলার এখন পর্যন্ত ১৩জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। মরদেহ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এদিকে একই কারখানায় কর্মরত নাটোরের ৩ যুবকও নিহত হয়েছেন বলে জানান তিনি।
-

মির্জা ফখরুল হচ্ছেন রাষ্ট্রপতি
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পেতে পারেন বলে দলে প্রবল আলোচনা আছে। আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা না হলেও রাষ্ট্রপতি পদে ঘুরেফিরে তাঁর কথাই বলছেন দলীয় নীতিনির্ধারকরা। যদিও দলীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাষ্ট্রপতি পদে মনোনয়নের সর্বময় ক্ষমতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অর্পণ করেছে। বিএনপি গতকাল নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র কিনেছে।
প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য এখন পর্যন্ত মনোনয়নপত্র না কিনলেও গতকাল রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে। জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে জোটের প্রার্থী করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আলোচনায় এগিয়ে মির্জা ফখরুল : বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার তথ্য অনুযায়ী, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন দলীয় মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ পর্যন্ত তাঁকেই মনোনয়ন দিতে পারেন বলে দলের নীতিনির্ধারণী পর্যায় মনে করছে। দলীয় কয়েকজন নেতা জানান, দলের দীর্ঘদিনের মহাসচিবকেই রাষ্ট্রপতি পদে মনোনীত করা হবে। এ পদে মির্জা ফখরুলের নামটি অনেকটা নিশ্চিত বলে অনেকের ধারণা।
১ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত।
দলের শীর্ষ পর্যায়ে কথা বলে জানা যায়, রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়নের ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, দলীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. আবদুল মঈন খানের নাম আলোচনায় আছে। চারজনই বিএনপিতে পোড় খাওয়া নেতা হিসেবে সমাদৃত।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, পরিচ্ছন্ন ভাবমূর্তি, দলের প্রতি আনুগত্য এবং সংকটকালে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কারণে উল্লিখিত চারজনের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বেশি আলোচিত হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ও আন্দোলনে তাঁর ভূমিকা সর্বজনবিদিত। বিশেষ করে গত ১৭ বছরের কঠিন সময়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে মির্জা ফখরুলের সক্রিয় ভূমিকার কথা সর্বস্তরে প্রশংসিত। মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে দলের ভিতরে-বাইরে সমান গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক হিসেবেও মির্জা ফখরুলের আলাদা পরিচিতি রয়েছে। দলীয় প্রধান তারেক রহমানের সঙ্গেও তাঁর দীর্ঘ রাজনৈতিক ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ারও অত্যন্ত পছন্দ এবং স্নেহভাজন ছিলেন তিনি। মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে শিক্ষকতা পেশায় যুক্ত হন। এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯২ সালে বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন তিনি। একই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতির দায়িত্বও পালন করেন। তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপির এই মহাসচিব বিভিন্ন সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিরোধী দলের মুখপাত্র হিসেবে গণমাধ্যমে তাঁর পরিচিতি আরও বাড়ে। ২০১১ সালের ২০ মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর খালেদা জিয়া তাঁকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। ২০১৬ সালের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি মহাসচিব নির্বাচিত হন। ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে তাঁর বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে এবং ১১ বার তিনি কারাবরণ করেন।
হাসিনা সরকার দল ভাঙতে মির্জা ফখরুলকে চাপের পাশাপাশি বিভিন্ন সময় নানা প্রলোভনও দেয় বলে দেশের রাজনীতিতে আলোচনা আছে। কিন্তু তাঁকে টলাতে পারেনি। অনেকের মতে, নির্লোভ ফখরুল দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। তারেক রহমান লন্ডনে এবং বেগম খালেদা জিয়া কারাগারে থাকার সময় দেশে দল ও আন্দোলনের দৃশ্যমান নেতৃত্বের অন্যতম মুখ ছিলেন মির্জা ফখরুল। এসব কারণে রাষ্ট্রপতি পদে তাঁর নামই বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায়।
জামায়াতের প্রার্থী অলি আহমদ : রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। গতকাল রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর এ তথ্য জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি : রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি করে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে তাঁরা কার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির নামে দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিধান আছে। কারণ একটি মনোনয়নপত্রে কোনো ভুলত্রুটি থাকলে যাতে অন্যটি বিবেচনায় নেওয়া যায়। সদ্য বিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচনের সময়ও এমনটা করা হয়েছিল।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। সচরাচর ক্ষমতাসীন দলের প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন। বিরোধী দল সাধারণত এ পদে প্রার্থী দেয় না। তাই ভোটাভুটির দরকার হয় না। তবে এবার জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ছয় কমিটি গঠন : নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সফলভাবে পরিচালনার লক্ষ্যে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমতি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। এ শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সুচারু ও সফলভাবে পরিচালনার লক্ষ্যে এ কমিটিগুলো গঠন করা হলো।
কমিটি মধ্যে রয়েছে- মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সমন্বয় ও সংস্কার ফারাহ শাম্মীর নেতৃত্বে সমন্বয় কমিটি, প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি, সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে আসন ব্যবস্থাপনা কমিটি, আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে অভ্যর্থনা কমিটি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
