Blog

  • গাজীপুরে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনে আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল

    গাজীপুরে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনে আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল

    মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

    শতভাগ সাফল্য অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার আন্দারমানিক গ্রামের আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৫২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে একজন এপ্লাস সহ শতভাগ সাফল্য নিয়ে উত্তীর্ণ হয়েছে।

    গত সোমবার (১০ আগস্ট) সকাল দশ টায় একযোগে সারা দেশের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় এবং ওয়েবসাইটে দেওয়া হয়। শিক্ষার্থীরা সহজেই ওয়েবসাইট থেকে এসএসসি পরীক্ষার রেজাল্ট সংগ্রহ করতে পারে।

    এলাকার ঐতিহাসিক এই স্কুলের এই সাফল্যে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটিসহ এলাকার সকল মানুষের মধ্যে এক আনন্দ উল্লাস বিরাজ করছে। আনন্দ ঘন মুহূর্তের এক মিলন মেলার সৃষ্টি হয়।

    শিক্ষার্থীদের এই সাফল্য অর্জনে শিক্ষকদের ভূমিকা ছিল সর্বোচ্চ। শিক্ষার্থীদের অধিক আগ্রহ, চেষ্টা আর আকাংখা এবং কঠোর পরিশ্রমের বিনিময়ে তাদের এই সাফল্যে সকলেই আনন্দিত। সেই সাথে স্কুল পরিচালনা কমিটি এবং এলাকার সুন্দর পরিবেশ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে বিকশিত করার গুরুত্ব বহন করে। একজন শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ হওয়ার সার্বিক ব্যবস্থা করা হয়।

    আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক মো রাসেল আহমেদ বলেন আমাদের সকল অভিজ্ঞ শিক্ষকের দায়িত্ব ও প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের আগ্রহ ও চেষ্টার ফলেই এমন রেজাল্ট সম্ভব হয়েছে। এমন রেজাল্ট দেখে আমরা সত্যি আনন্দিত। এজন্য মহান আল্লাহ পাকের নিকট অসংখ্য শুকরিয়া। সেই সাথে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। একসময় আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সংসদ সদস্য হয়ে দেশ ও জাতির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশা আল্লাহ।

  • মৃত্যুর দুই দিন পরই এসএসসির ফল, গোল্ডেন জিপিএ-৫ পেল শিহাব

    মৃত্যুর দুই দিন পরই এসএসসির ফল, গোল্ডেন জিপিএ-৫ পেল শিহাব

    ফল প্রকাশের দিনটিতে ঘরে থাকার কথা ছিল শিহাবের। স্বজনদের মুখে থাকার কথা ছিল হাসি, বাবা-মায়ের চোখে থাকার কথা ছিল গর্বের অশ্রু। কিন্তু সেই দিনই ঘরজুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। কারণ, এসএসসির ফল প্রকাশের মাত্র দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে চলে গেছে শিহাব।

    সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সেই শিহাবই পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। সন্তানের এমন অসাধারণ সাফল্যের দিনে আনন্দ করার বদলে একমাত্র ছেলেকে হারানোর শোকে কাতর বাবা-মা ও স্বজনরা।

    নিহত শিহাব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে ঢাকার বিমানবন্দর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

    স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, শিহাবের বাবা তোফাজ্জল হোসেন ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। পরিবারের একমাত্র ছেলে শিহাব ছিল দুই ছোট বোনের বড় ভাই। ছোট চাচা তাজুল ইসলামের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আসে তারা। কিন্তু সেই আসাই যে শিহাবের জীবনের শেষ আসা হবে, তা কে জানত!

    শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে যায় শিহাব। এ সময় বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের জন্য টানানো রঙিন বাতির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিন সন্ধ্যাতেই গ্রামের বাড়িতে দাফন করা হয় শিহাবকে।

    শিহাবের চাচা তাজুল ইসলাম বলেন, ‘চাকরির কারণে শিহাবের পরিবার ঢাকায় থাকত। চাচার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা গ্রামের বাড়িতে এসেছিল। শিহাব ছিল তার বাবা-মায়ের একমাত্র ছেলে। তার দুটি ছোট বোন রয়েছে।

    এরপর আসে সোমবার। প্রকাশ হয় এসএসসি পরীক্ষার ফল। ফলাফলের তালিকায় জ্বলজ্বল করছে শিহাবের নাম— গোল্ডেন জিপিএ-৫।

    যে ফল হাতে পেয়ে শিহাবের মুখে হাসি ফুটে ওঠার কথা ছিল, সেই ফলই এখন পরিবারের কাছে হয়ে উঠেছে গভীর বেদনার স্মৃতি। সন্তানের সাফল্যের আনন্দ আর তাকে হারানোর শোক— দুই বিপরীত অনুভূতি যেন একই সঙ্গে বুকের ভেতর চাপা পড়ে আছে পরিবারের।

    শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, চাচার বিয়ের অনুষ্ঠানে এসে শিহাবের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এর মধ্যে আজ এসএসসির ফল প্রকাশ হয়েছে। শিহাব গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি এখন শোকাহত।

    তিনি জানান, শিহাবের মৃত্যুতে মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

    ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম বলেন, ‘বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা পরিবারের খোঁজখবর নিয়েছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পরিবারটির পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছে।

  • কিশোরগঞ্জের বাজিতপুরে জেলে-কৃষক সমাবেশ অনুষ্ঠিত

    কিশোরগঞ্জের বাজিতপুরে জেলে-কৃষক সমাবেশ অনুষ্ঠিত

    (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়াদী ইউনিয়নে জেলে ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেল ৫ টায় ঘোড়াদ্বারা বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে, নদী বাঁচলে জেলে বাঁচবে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে স্থানীয় কৃষক, জেলে এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মুজিবুর রহমান মঞ্জুর সুযোগ্য পুত্র ও বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির অন্যতম নির্বাহী সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক।

    এ সময় আরও উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মনসুর, উপজেলা যুবদলের অন্যতম নেতা মো. নাছির উদ্দিন সোহাগ, বলিয়াদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম, সাংগঠনিক সম্পাদক মানিক, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইসমাইল, বলিয়াদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ এবং ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাছনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, কৃষক ও জেলেদের জীবন-জীবিকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। কৃষকদের জন্য খাল খনন এবং জেলেদের জন্য নদী অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে। জেলেরা নদীতে মাছ না ধরলে অর্থ থাকলেও মাছ কেনা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলেন, অবমুক্ত জলাশয় বা নদীতে জেলেরা মাছ ধরতে গেলে কেউ বিএনপির পরিচয় ব্যবহার করে তাদের বাধা দিলে কিংবা চাঁদা দাবি করলে তা প্রতিহত করতে হবে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিএনপির কেউ নয় উল্লেখ করে তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।

    মামুন বলেন, ‘আমি সবসময় আপনাদের পাশে আছি।’

    সমাবেশে বক্তারা হাওরবেষ্টিত বলিয়াদী ইউনিয়নের কৃষক ও জেলেদের বিভিন্ন সমস্যা, নদী-খাল ও জলাশয় রক্ষা এবং জেলে-কৃষকদের জীবন-জীবিকার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

  • নাচোলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা

    নাচোলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

    সোমবার দুপুরে তালা দেওয়ার পর বিকেল ৪টায় অফিস সময় শেষ হওয়া পর্যন্ত কার্যালয়টি তালাবদ্ধ ছিল।

    তালা দেওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ছিলেন না। এ সময় অন্য কর্মকর্তাদেরও কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। একই সময়ে উপজেলা সমাজসেবা ও সমবায় কার্যালয়েও তালা দেওয়া হয়।

    নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের চূড়ান্ত ফলাফল সোমবার প্রকাশ করা হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীরা নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

    এ অভিযোগে বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে নিয়োগ বাতিলের দাবি জানান। একপর্যায়ে তাঁরা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

    আবু তাহের খোকন বলেন, তথ্য সংগ্রহের দায়িত্বে আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীরা নিয়োগ পেলে ফ্যামিলি কার্ডের কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিরও সুযোগ তৈরি হতে পারে। তাই তাঁদের নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে। সন্ধ্যায় দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।

    নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, দুপুরে বিএনপির লোকজন আন্দোলন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। কিছুক্ষণ পর তারা চলে যান।

    এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

  • বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটসহ নানাদিক থেকে বাংলাদেশ ও ভারত একে অপরের ওপর নির্ভরশীল। অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি নতুন সূচনা বা ফ্রেশ স্টার্ট জরুরি।

    সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

    সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দু’দেশের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য বা ইস্যু রয়েছে যেগুলো পারস্পরিক সহযোগিতা ও আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে। তবে এ বিষয়ে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।

    ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা কেবল ভৌগোলিক সীমানা ভাগাভাগি করি না, আমরা সমৃদ্ধির স্বপ্নও ভাগাভাগি করি।

    গণতান্ত্রিক সংস্কৃতিতে বিভিন্ন ইস্যুতে চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ইস্যু থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য; ইস্যু না থাকলে সেটা প্রকৃত গণতন্ত্র হতে পারে না। তবে সকল চ্যালেঞ্জ অতিক্রম করে দুই দেশের জনগণের একটাই মূল প্রত্যাশা— তা হলো একটি সুদৃঢ় ও চমৎকার সম্পর্ক, যা উভয় পক্ষের জন্য কল্যাণকর (Win-Win Situation) পরিবেশ তৈরি করবে।

    হাইকমিশনার আরও বলেন, আলোচনা ও কূটনৈতিক উপায়ে সমাধান করা যাবে না— দুই দেশের মধ্যে এমন কোনো জটিল ইস্যু নেই। তিনি আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় ও উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    বৈঠকে মন্ত্রী বিদ্যমান বন্দি বিনিময় ও এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত সব চিহ্নিত পলাতক অপরাধীকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করার লক্ষ্যে ফেরত পাঠানোর জন্য ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ জানান। তাছাড়া শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী যতদ্রুত সম্ভব বাংলাদেশে ফেরত প্রদানের অনুরোধ জানানো হয়।

    হাইকমিশনার ভারতের পক্ষ থেকে আইনগত পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।

    সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • মানুষ গড়ার কারিগর এবার জনপ্রতিনিধি? যদুনাথপুরে আলোচনার কেন্দ্রে অধ্যক্ষ ম. এবাদৎ।

    মানুষ গড়ার কারিগর এবার জনপ্রতিনিধি? যদুনাথপুরে আলোচনার কেন্দ্রে অধ্যক্ষ ম. এবাদৎ।

    মো: পলাশ ইসলাম

    শিক্ষকতা থেকে জনসেবা—সততা, ন্যায় ও উন্নয়নের প্রত্যাশায় ‘এবাদৎ স্যার’কে ঘিরে আলোচনা

    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৩ নং যদুনাথপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে পরিবর্তনের প্রত্যাশা দেখা দিয়েছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একটি অংশ বর্তমান ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান।

    স্থানীয় সমর্থকদের ভাষ্য, দীর্ঘদিন শিক্ষকতা পেশায় থেকে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইন। তার সততা, ন্যায়পরায়ণতা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে স্থানীয়দের কাছে আলাদা পরিচিতি দিয়েছে।

    সমর্থকদের দাবি, “মানুষ গড়ার কারিগর” অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইনকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব দেওয়া হলে শিক্ষা, সামাজিক উন্নয়ন, সুশাসন ও জনসেবায় নতুন মাত্রা যোগ হতে পারে।

    ‘আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, মানুষের জন্য কাজ করতে চাই’

    চেয়ারম্যান পদে তাকে ঘিরে স্থানীয়দের আগ্রহের বিষয়ে অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইন বলেন, “আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। জীবনের বাকি সময়টা আমার ইউনিয়নের গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছি। মানুষের সেবা করে এবং মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই, ইনশাআল্লাহ।”

    তার এ বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় সমর্থকরা। তাদের মতে, ব্যক্তিগত অর্জনের চেয়ে মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় গুণ।

    শিক্ষকতা থেকে নেতৃত্বের প্রত্যাশা

    স্থানীয়দের একটি অংশের মতে, একজন শিক্ষক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইনকে মানুষের সমস্যা বুঝতে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে সহায়তা করবে।

    সমর্থকদের ভাষায়, “যিনি সারাজীবন আমাদের আলোর পথ দেখিয়েছেন, এবার সুযোগ এসেছে তাঁর হাতে ইউনিয়ন পরিষদের দায়িত্ব তুলে দেওয়ার।”

    তাদের দাবি, তিনি শিক্ষার্থীদের যেমন জ্ঞান ও নৈতিকতার আলোয় গড়ে তুলেছেন, তেমনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে যদুনাথপুর ইউনিয়নকে একটি সুশৃঙ্খল ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে পারবেন।

    সততা ও ন্যায়ের প্রতীক হিসেবে প্রচারণা

    অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইনের সমর্থকরা তার পক্ষে সুশাসন, ন্যায়বিচার, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পিত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরছেন।

    তাদের প্রচারণায় বলা হচ্ছে—

    “পরিবর্তনের অঙ্গীকার—চেয়ারম্যান হবে জনতার।”

    তারা অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইনকে জনগণের আস্থার প্রতীক, জনগণের প্রিয়মুখ এবং একজন সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে তুলে ধরছেন।

    অন্যায়ের বিরুদ্ধে আপসহীন—দাবি সমর্থকদের

    সমর্থকদের দাবি, অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইন দীর্ঘদিন ধরে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন অবস্থান ধরে রেখেছেন। কোনো অন্যায়ের কাছে মাথানত না করে সত্য ও ন্যায়ের পক্ষে থাকার কারণে তিনি স্থানীয়দের আস্থা অর্জন করেছেন বলেও দাবি তাদের।

    তাদের মতে, ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এমন নেতৃত্ব প্রয়োজন, যিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে প্রাধান্য দেবেন।

    শিক্ষাগত যোগ্যতা

    সমর্থকদের দেওয়া তথ্য অনুযায়ী, অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (অনার্স) ও এম.এ ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, ঢাকা থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

    দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার কাজে যুক্ত ছিলেন বলে তার সমর্থকরা জানিয়েছেন।

    রাজনৈতিক জীবনে দীর্ঘ পথচলা

    অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইনের রাজনৈতিক জীবন সম্পর্কেও তার সমর্থকরা জানান, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর ২০০১ সালে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। এরপর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

    তিনি ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে দলীয় সূত্র ও তার সমর্থকরা জানিয়েছেন।

    ‘যোগ্য মানুষকে জয়যুক্ত করুন, পরিবর্তনের পক্ষে থাকুন’

    যদুনাথপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একটি অংশের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব বেছে নেওয়া হোক।

    অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইনের সমর্থকদের বক্তব্য, “একজন শিক্ষক শুধু পাঠ্যবই পড়ান না, তিনি মানুষ ও সমাজ গড়ার পথ দেখান। এবাদৎ স্যার সারাজীবন সেই দায়িত্ব পালন করেছেন। এবার আমরা চাই, তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়ে বৃহত্তর পরিসরে মানুষের সেবা করার সুযোগ পান।”

    স্থানীয়দের একাংশের প্রত্যাশা—পরিবর্তন, সুশাসন, স্বচ্ছতা ও জনসেবার প্রত্যয় নিয়ে যদুনাথপুর ইউনিয়নের নেতৃত্বে অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইনকে দেখা যাবে।

  • সবুজায়নের বার্তা নিয়ে ধনবাড়ীর কবিরাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

    সবুজায়নের বার্তা নিয়ে ধনবাড়ীর কবিরাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

    মো: পলাশ ইসলাম

    পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের কবিরাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১০ আগস্ট ২০২৬) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কবিরাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রতন চন্দ্র দাস, সহ-সভাপতি খন্দকার বেলায়েত হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজাতুল কুবরা, ম্যানেজিং কমিটির সদস্য মো. মানুনুর রশিদসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।

    এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা শিক্ষার্থীদের গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে সচেতন করেন এবং রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

    বক্তারা বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলোকে বড় করে তোলার দায়িত্বও নিতে হবে। বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে তারা সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

    দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

  • চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রীর বিষ পানে আত্মহত্যা 

    চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রীর বিষ পানে আত্মহত্যা 

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় ফলাফলে ইংরেজিতে অকৃতকার্য হওয়ায় বিষ পান করে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। 

    সোমবার (১০ আগস্ট) দুপুরে ফলাফল প্রকাশের পর আত্নহত্যা করে ওই শিক্ষার্থী। নিহত ছাত্রী শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে হালিমা খাতুন তরিকা (১৬) সে চাকপাড়া আদর্শ বিদ্যালয়ে পড়াশোনা করতো।

    নিহত শিক্ষার্থীর স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার এসএসসির ফলাফল প্রকাশ হলে হতাশ হয়ে পড়েন হালিমা খাতুন। সবগুলো বিষয়ে পাশ করলেও অকৃতকার্য হন ইংরেজিতে। আক্ষেপ থেকেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন খবর পেলে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম  বলেন, ২টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয় ওই মেয়েটিকে। তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান ডা. শাহরিনা খাতুন।

    শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এসএসসির ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিষ পানে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

  • সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ

    সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ

    সুনামগঞ্জ জেলা শহরের সাথে সদর উপজেলার উত্তরপাড়ের সুরমা ইউপি,জাহাঙ্গীর নগর ও রঙ্গারচর ৩টি ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় শহরের মধ্যবাজারের সুরমা নদীর চাদঁনী খেয়াঘাটে যাত্রী ছাউনীর উদ্বোধন করা হয়েছে।

    সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোঃ সুজন মাহমুদের নিজস্ব অর্থায়নে সুরমা নদীর পাড়ে অস্থায়ী ছাত্রী ছাউনীর টিনসেটের ঘর নির্মাণ করে এর উদ্বোধন করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ও উদ্যেক্তা ও সমাজসেবক সুজন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন,মোঃ শফিক মিয়া,মোঃ আনুল মিয়া,মোঃ আফাজ মিয়া,মণির মিয়া,দুলাল,আলী আফতর ও বাবলু মিয় প্রমুখ।

    সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সুজন মাহমুদ বলেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার ক্ষমতায়। তাই শহরের চাদঁনীঘাট এলাকায় উত্তরপাড়ের তিনটি ইউনিয়নসহ দোয়ারাবাজার উপজেলার আরো দুটি ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ প্রায় ৫০ হাজার সাধারন মানুষ প্রতিদিন তাদের প্রয়োজনে একমাত্র এই খেয়াঘাট দিয়ে নৌকা পারাপার হয়ে সুনামগঞ্জ শহর, সিলেট ও ঢাকায় যাতায়াত করে থাকেন। কিন্তু খেয়া পারাপার হতে অনেক সময় গর্ভবর্তী মায়েরাসহ ছাত্রছাত্রীরা রৌদ্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাড়িঁয়ে থাকতে দেখে নিজের অর্থায়নে একটি যাত্রী ছাউনী করে দিলাম। তিনি এখানে একটি স্থায়ী যাত্রীছাউনী নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান।

  • রায়পুরায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে চোর নিহত

    রায়পুরায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে চোর নিহত

    নরসিংদীর রায়পুরায় প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ার পর গণপি*টুনিতে হৃদয় মিয়া (৩০) নামে এক যুবকের মৃ*ত্যু হয়েছে। এ ঘটনায় কামাল (৩৫) নামে আরও একজন আহত হয়েছেন।

    সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান। এর আগে রাত ৩টার দিকে উপজেলার পাড়াতলী ইউনিয়নের সাচিয়ামারা এলাকায় সৌদি প্রবাসী আব্দুল সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

    নিহত হৃদয় মিয়া পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের দানু মিয়ার ছেলে। আহত কামাল একই এলাকার মধু মিয়ার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী আব্দুল সালাম ১০ দিন আগে ছুটিতে বাড়িতে আসেন। তার দেশে আসার খবর পেয়ে সোমবার রাত ৩টার দিকে স্থানীয় একটি চোরচক্রের চার সদস্য তার বাড়িতে চুরি করতে আসে। এ সময় হৃদয় মিয়া ও তার সহযোগী কামাল মিয়া প্রবাসীর বাড়ির একটি কক্ষে ঢুকে পড়ে। চক্রের অপর দুই সদস্য বাড়ির বাইরে অবস্থান করছিল।

    পরে বাড়ির সদস্যরা চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় হৃদয় ও কামালকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয় মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত কামাল মিয়াকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    খোঁজ নিয়ে জানা যায় , হৃদয় মিয়ার বিরুদ্ধে এলাকায় চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এক বছর আগে তাকে এসব অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জেলগেট থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান তিনি। এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

    রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা আক্তার বলেন, সকালে ট্রলিতে করে দুজনকে হাসপাতালে আনা হয়। হৃদয় মিয়া কথা বলতে বা নড়াচড়া করতে পারছিলেন না। তার রক্তচাপও পাওয়া যাচ্ছিল না। ইসিজি ও অক্সিজেন দেওয়ার পরও কোনো সাড়া পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে ব্রট ডেড হিসেবে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    রায়পুরা থানার ওসি মো. মুজিবর রহমান বলেন, “রাতে চুরি করতে যাওয়ার পর স্থানীয়রা দুজনকে আটক করে মারধর করেন। ভোরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।”

    ওসি আরও জানান, নিহত হৃদয় মিয়ার বিরুদ্ধে চুরি ও মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রায় এক বছর আগে তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার সময় হাতকড়াসহ পালিয়ে গিয়েছিল বলেও জানান তিনি। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।