Blog

  • রাষ্ট্রপতি নির্বাচন: জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা

    রাষ্ট্রপতি নির্বাচন: জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা

    আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় সংসদ সচিবালয়। নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে।

    সভায় সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

    বাংলাদেশের সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্য বা সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে নির্দিষ্ট মেয়াদের মধ্যে নতুন নির্বাচন পরিচালনা করতে হয়।

    এই নির্বাচন প্রক্রিয়ার কার্যসূচি নির্ধারণ, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ, ভোটগ্রহণের দিনক্ষণ ও অন্যান্য প্রশাসনিক প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই প্রস্তুতিমূলক বৈঠক করা হচ্ছে। জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারাও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন।

    মঙ্গলবারের এই বৈঠক থেকেই পরবর্তী দিকনির্দেশনা ও মূল কার্যক্রম চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা।

  • কারাগারে থেকে কীভাবে গাড়ি পোড়ালেন মেজর সাদিক, ওসির ব্যাখ্যা চায় আদালত

    কারাগারে থেকে কীভাবে গাড়ি পোড়ালেন মেজর সাদিক, ওসির ব্যাখ্যা চায় আদালত

    ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকায় প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মেজর মো. সাদিকুল হককে (৩০) গ্রেফতার দেখানোর আবেদনে অসঙ্গতি থাকায় ওসি, এসআইকে কারণ দর্শাতে বলেছে আদালত।
    সোমবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত ভাটারা থানার ওসি মাজহারুল ইসলামকে এবং তদন্ত কর্মকর্তা এসআই মো. চাঁদ আলীকে আগামী ১৬ অগাস্ট এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।
    ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনে করা এই মামলায় গেলো ৭ আগস্ট মেজর সাদিককে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই চাঁদ আলী। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন সোমবার। এদিন শুনানিকালে মেজর সাদিককে আদালতে হাজির করা হয়। প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন বলেন, “এ মামলার ঘটনা দেখানো হয়েছে ২০২৫ সালের ১১ নভেম্বর। ওই সময় আসামি কারাগারে ছিলেন বলে আদালতকে অবহিত করেন তার আইনজীবী। কারাগারে থেকে কিভাবে মামলার ঘটনার সঙ্গে আসামি জড়িত এই বিষয়ে ভাটার থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আগামী ১৬ আগস্ট ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।” ওইদিন মামলার পরবর্তী শুনানি হবে বলেও জানান তিনি।

    মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৫ সালের ১১ নভেম্বর রাত ১২টার দিকে প্রতিদিনের মতো ভাটারা থানার বিটুমিন গেইটের সামনে প্রাইভেটকার রেখে বাসায় যান মনির হোসেন। ভোর ৬টার দিকে তার পরিচিত ড্রাইভার মো. মনির তাকে ফোন দেন। জানান, তার প্রাইভেটকারটি আগুনে পুড়ে গেছে। এই সংবাদে পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে জানতে পারেন, রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে গাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তখন স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
    পরে তিনি সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে আরও জানতে পারেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ ১৩ নভেম্বর ঢাকা শহরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে অজ্ঞাতনামা আসামিরা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আশ্রয়ে, অর্থায়নে এবং প্ররোচনায় দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকান্ড পরিচালনা করছে। ছাত্রলীগ, যুবলীগ ও তাদের ২০-২৫ জন অজ্ঞাতনামা সমর্থক তার গাড়ীতে আগুন দেয়।

    এই ঘটনায় ওইদিনই মনির হোসেন ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। আগুনে তার গাড়ির দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

    এই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মেজর সাদিকুলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

    আবেদনে উল্লেখ করা হয়েছিল, তৎকালীন সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়। আসামি মেজর সাদিক ভাটারা থানার অন্য একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তদন্তে এই ঘটনায় তার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা পাওয়া গেছে।

    সামরিক আদালত থেকে ২০২৪ সালের ২৯ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত করে মেজর সাদিককে তিন মাসের কারাদণ্ড প্রদান করে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে তাকে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

  • কুড়ুলগাছি দাখিল মাদ্রাসায় পাস করতে পারেনি একজন শিক্ষার্থীও!

    কুড়ুলগাছি দাখিল মাদ্রাসায় পাস করতে পারেনি একজন শিক্ষার্থীও!

    চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসায় শিক্ষক কর্মচারী আছেন ২১ জন। অথচ এ বছর দাখিল পরীক্ষায় মাদ্রাসার একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

    মাদ্রাসার শিক্ষকদের চরম গাফিলতির কারণেই এমন ফল বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ অভিভাবকদের। বিগত বছর ধরেই প্রতিষ্ঠানটিতে ধারাবাহিক ফল বিপর্যয় চলছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    মাদ্রাসা সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২১ জন শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন। এ বছর মাদ্রাসাটি থেকে ২৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল, তবে তাদের একজনও পাস করতে পারেনি। সবাই ফেল করায় মাদ্রাসার পাসের হার শূন্য।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি ২০০১ সালে এমপিওভুক্ত হয়। ফলে শিক্ষকরা নিয়মিত মাদ্রাসায় আসেন না বলে অভিযোগ রয়েছে।

    এতে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না এবং পরীক্ষার ফলাফলেও ধস নামছে।

    গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, মাদ্রাসার শিক্ষকরা ঠিকমতো পড়ালেখা করান না এবং নিয়মিত মাদ্রাসায় আসেন না, শুধু বেতন তোলেন। ফলে এলাকার সচেতন অভিভাবকরা তাদের সন্তানদের এই মাদ্রাসায় ভর্তি করান না। বিগত ১০ বছর ধরেই এখানে শিক্ষার্থী সংকট এবং ফল খারাপ হচ্ছে।

  • ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের ২০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়

    ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের ২০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়

    চাকরির আয়ের সাথে সামঞ্জস্যহীন সহায়-সম্পদের পাহাড় গড়ে তুলেছেন ফরিদপুর গণপূর্ত ক্যাশিয়ার জাহাঙ্গীর আলম। সরকারি চাকরিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে এই কর্মচারি ঘুষ বাণিজ্য বেনামী ঠিকাদারী ব্যবসাসহ বিবিধ অবৈধ উপার্জনে কয়েক কোটি টাকার সহায়-সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
    ফরিদপুর গণপূর্ত বিভাগে অভিযুক্ত এই কর্মচারির বর্তমান পদবি ‘উচ্চমান হিসাব সহকারী। বেতন স্কেল ১৪তম গ্রেড। গত ২০ বছরের চাকরিজীবনে বেতন ও ভাতা মিলিয়ে তিনি যে অর্থ উপার্জন করেছে, বাস্তবে তার সম্পত্তি দেখলে যে কারও চোখ কপালে উঠবে। তিনি গ্রামে প্রায় ৪ কোটি টাকার রাজকীয় প্রাসাদ নির্মাণ করেছেন। ফরিদপুর শহরে আছে বিলাসবহুল ফ্ল্যাট বা এপার্টমেন্ট। তার নিজ ও স্ত্রীর নামে রয়েছে কয়েক বিঘা জমি ও প্লট। সেগুলোর দামও কমপক্ষে ৩ কোটি টাকা বলে অনুসন্ধানে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
    জাহাঙ্গীর আলম প্রায় ২০ বছর একই দপ্তরে থাকার সুবাদে তিনি একটি ঘুষ বাণিজ্য ও কমিশ,ন সিন্ডিকেট তৈরী করেছেন ফরিদপুর গণপূর্ত বিভাগে।

    মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নসংলগ্ন এলাকায় জাহাঙ্গীর আলমের একটি রাজকীয় বিলাসবহুল চারতলা বাড়ি
    ঠিকাদারদের অভিযোগ অনুযায়ী, গণপূর্তে যে কোনো কাজের বিল পাসের ক্ষেত্রে ক্যাশিয়ার জাহাঙ্গীরকে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ কমিশন দিতে হয়। এছাড়া প্রাক্কলন (এস্টিমেট) তৈরি, ঠিকাদারি লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যুসহ প্রতিটি কাজের জন্য অতিরিক্ত টাকা দিতে হয় তাকে। কেউ নির্ধারিত কমিশন বা অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ফাইল আটকে রেখে চরম হয়রানি করা হয়। ইতোপূর্বে লাইসেন্স নবায়ন ফি, ইজিপি শুরু হওয়ার পূর্বে সিডিউল ফিসহ সরকারি খাতের বিভিন্ন রাজস্বের কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি বিভিন্ন লাইসেন্স ব্যবহার করে বেনামে ঠিকাদারী ব্যবসা করার অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় ঠিকাদার।
    নাম প্রকাশে অনিচ্ছুক আরেক স্থানীয় ঠিকাদার জানান, দীর্ঘদিন ধরে ক্যাশিযারের দায়িত্বে থাকার সুবাদে তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের প্রভাবেই গণপূর্ত বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।সরকারি চাকরির ১৪তম গ্রেডের স্কেল অনুযাযী, ১০ হাজার ২০০ টাকায মূল বেতনে চাকরিতে যোগ দেন জাহাঙ্গীর আলম। সে হিসেবে ২০ বছরের চাকরিজীবনে তার বৈধ আয় ২৪ লাখ ৪৮ হাজার টাকা হওয়ার কথা। পরবর্তীতে বেতন বৃদ্ধি ও ভাতাসহ আরও কয়েক লাখ টাকা উপার্জন করেছেন তিনি। তবে অনুসন্ধানে দেখা গেছে, তার বৈধ আয়ের চেয়ে বর্তমানে তার দৃশ্যমান স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি। এতো অল্প সময়ে তিনি কীভাবে এবং কোন উৎস থেকে বিপুল পরিমাণের সম্পদের মালিক হলেন, তা নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্ন ও আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

    ফরিদপুর শহরের ডিআইবি বটতলা সংলগ্ন ১০ তলা বিশিষ্ট এই ভবনে জাহাঙ্গীরের ফ্ল্যাট রয়েছে
    স্থানীয় গণমাধ্যম কর্মীদের সরেজমিন অনুসন্ধানে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন সংলগ্ন এলাকায় জাহাঙ্গীর আলমের একটি রাজকীয় বিলাসবহুল চারতলা বাড়ির অস্তিত্ব পাওয়া গেছে। এর বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, জাহাঙ্গীর আলম তার নিজের এবং স্ত্রীর নামে কামারখালীর বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ জমি কিনেছেন। তবে মোট কত শতাংশ জমি তাদের নামে কেনা হয়েছে, সে বিষয়ে তথ্য জানতে স্থানীয় আড়পাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা বাবুল শেখের কাছে গেলে জাহাঙ্গীর আলমের নাম শোনার পরপরই তিনি আর কোনো তথ্য দিতে রাজি হননি।
    শহরে অভিজাত ফ্ল্যাট ও বেনামি সম্পদ
    জাহাঙ্গীর আলমের সম্পদের জাল শুধু নিজ গ্রামেই সীমাবদ্ধ নয়। ফরিদপুর শহরের ডিআইবি বটতলাসংলগ্ন ১০তলা বিশিষ্ট বহুতল ভবন ‘বর্ণমালা’র ৪ নম্বর ভবনে তার একটি বিলাশবহুল ফ্ল্যাট বা এপার্টমেন্ট রয়েছে। ভবনটির চারতলায ৫-এর ‘সি’ ইউনিটে অবস্থিত এই ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। সেখানে জাহাঙ্গীর আলম তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন বলে নিশ্চিত করেছেন ভবনের দারোয়ান কুদ্দুস শেখ।
    এ বিষয়ে ‘বাঙালি সংবাদ’ এর পক্ষ থেকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বক্তব্য
    জানতে তার মোবাইলে একাধিকবার ফোন করলেও রেসপন্স না করায় মতামত নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে ডিভিশনটির নিবৃাহী প্রকৌশলী জনাব খায়রুজ্জামন সবুজের মোবাইলে যোগাযোগ করে না পাওয়ায় প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

  • আশুলিয়ায় ৩৪০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    আশুলিয়ায় ৩৪০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শাহিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ৩৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

    এর আগে সোমবার রাতে আশুলিয়ার কবিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

    গ্রেপ্তারকৃত সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গানপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ শাহিন (৩২)।

    ডিবি পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়ার কবিরপুর এলাকায় মাদকদ্রব্যের একটি চালান হাতবদলের তথ্য পেয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে শাহীনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৩৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ বিশ হাজার টাকা।

    এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

  • রূপালী লাইফে এখনও বহাল সিইও গোলাম কিবরিয়া!

    রূপালী লাইফে এখনও বহাল সিইও গোলাম কিবরিয়া!

    শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ না হওয়া সত্ত্বেও রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পান গোলাম কিবরিয়া। তার বিতর্কিত শিক্ষা সনদ সম্পর্কে জানার পরও কোনো ব্যবস্থা নেয়নি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এছাড়া গোলাম কিবরিয়ায়র বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগও রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছিল।

    বিমা আইন অনুযায়ী যোগ্যতার শর্ত পূরণ না করলে কোনো বীমা কোম্পানির মুখ্য নির্বাহী পদে প্রস্তাবিত ব্যক্তির নিয়োগ অনুমোদন করতে পারবে না আইডিআরএ। অর্থাৎ প্রবিধানমালা অনুসারে যোগ্যতার শর্ত পূরণ না করা হলে প্রস্তাবিত ব্যক্তির নিয়োগ ‘বিশেষ বিবেচনায়’ অনুমোদন করার আইনগত এখতিয়ার নেই আইডিআরএ’র।

    এরপরও শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ ছাড়াই রূপালী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মো. গোলাম কিবরিয়ার নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

    এছাড়া, ভুয়া ব্যবসা, মেডিকেল বিল, ভ্রমণ খরচসহ নানা উপায়ে অর্থ আত্মসাৎতের অভিযোগ রয়েছে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) নির্দেশও দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

    পরিবর্তিত পরিস্থিতিতেও দুর্নীতিবাজ ও অনিয়মে জড়িত কর্মকর্তাদের দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, এতে বিমা খাতের প্রতি মানুষের আস্থা কমতে পারে এবং সুশাসন প্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত হতে পারে।

    বিতর্কিত শিক্ষাসনদ
    সিইও নিয়োগের ক্ষেত্রে কখনো গোলাম কিবরিয়ার শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাস ও মাস্টার্স পাস। আবার কখনো তার শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে ২০১০ সালে এমবিএ পাস।

    অনুসন্ধানে দেখা যায়, ২০১৪ সালে মো. গোলাম কিবরিয়াকে নিয়োগ দেয় রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পরে আইডিআরএ তার নিয়োগ অনুমোদন করে ২৮ আগস্ট ২০১৪ সালে।

    নিয়োগ অনুমোদনের আবেদনের সঙ্গে দাখিল করা জীবন বৃত্তান্তে মো. গোলাম কিবরিয়া তার শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে প্রিলিমিনারি ও ১৯৯৬ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও বিতর্কিত দারুল ইহসান ইউনিভর্সিটির একটি এমবিএ পাসের সনদ দাখিল করেছেন গোলাম কিবরিয়া।

    অথচ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা-২০১২ এর প্রবিধি ৩ (ক) অনুসারে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ লাভের শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে, প্রস্তাবিত ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা হবে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন তিন বছর মেয়াদী স্নাতক ও এক বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক ও সমমানের ডিগ্রির অধিকারী। সেই হিসেবে মো. গোলাম কিবরিয়ার শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করে না।

    অনুসন্ধানে দেখা যায়, গোলাম কিবরিয়ার দাখিল করা দারুল ইহসানের সনদের তথ্য অনুসারে সনদটি ইস্যু করা হয়েছে ৫ জানুয়ারি ২০১১ সালে। অথচ এমবিএ পাস করেছেন ২০১১ সালেই। সেই হিসেবে মাত্র ৪ দিনে তিনি এমবিএ পাস করেছেন।

    এ ছাড়াও গোলাম কিবরিয়ার দাখিল করা দারুল ইহসানের সনদের তথ্য অনুসারে তিনি এমবিএ পাস করেছেন ২০১১ সালে। অথচ নিয়ন্ত্রক সংস্থায় দাখিল করা জীবন বৃত্তান্তে (ফরম বীউনিক-গ) তিনি উল্লেখ করেছেন- এমবিএ পাস করেছেন ২০১০ সালে।

    এ বিষয়ে জানতে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. গোলাম কিবরিয়াকে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তার মাধ্যমে জানতে চাওয়া হলে তাতেও তিনি সাড়া দেননি।

    দুর্নীতির অভিযোগ
    রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে সিন্ডিকেট করে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে। কোম্পানিটির নিরীক্ষা বিভাগের ডেপুটি ম্যানেজার মো. জহিরুল ইসলাম এই অভিযোগ করেছিলেন। তিনি অর্থ মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্টের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন।

    অভিযোগে এই কর্মকর্তা দাবি করেছেন, কোম্পানির চেয়ারম্যান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি সিন্ডিকেট বছরের পর বছর ধরে আইন লঙ্ঘন, অনিয়ম, জালিয়াতি ও তহবিল তছরুপ করে আসছে। এই সিন্ডিকেট ১২ লাখ গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন।

    গত বছরের ২২ জুন সরকারের বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগে জহিরুল ইসলাম দাবি করেন, বণ্টনবিহীন কমিশন বিল, ইনসেনটিভ বিল, বেতন–ভাতা ইত্যাদি খাত দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা ।

    গোলাম কিবরিয়া কোম্পানির উন্নয়ন কর্মকর্তা-কর্মচারীদের নামে বছর শেষে বণ্টন না করা বিভিন্ন ধরনের কমিশন বিল, ইনসেনটিভ বিল, বেতন-ভাতা প্রভৃতির টাকা আত্মসাৎ করেন। যার পরিমাণ ৯৯ হাজার ৩৭৯ টাকা। এ খাতে বছরের পর বছর নামে-বেনামে নানা জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা কমিশন বিল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

    তিনি ২০২৪ সালের ২০ থেকে ২২ ডিসেম্বর রূপালী লাইফের সিইও হিসেবে ঢাকা-চট্টগ্রাম ভ্রমণ করে কোম্পানির ৩৫ হাজার ৯৯২ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে। এভাবে পরিবার-পরিজন নিয়ে দেশ-বিদেশে ভ্রমণ করে কোম্পানির লাখ লাখ টাকা তছরুপ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

    এছাড়া সিইওর দপ্তরে বিভিন্ন সময় কর্মকর্তা-কর্মচারীদের আগমন দেখিয়ে ওই কর্মীদের নামে ভুয়া বিল-ভাউচার নিজে তৈরি করে, আপ্যায়ন বিল দেখিয়ে তা আত্মসাৎ করার অভিযোগ করা হয়েছে। রূপালী লাইফের সিইও বছরের পর বছর ভুয়া বিল-ভাউচার তৈরি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, যা তদন্ত করা হলে প্রকৃত আত্মসাতের পরিমাণ বের হয়ে আসবে বলে এতে দাবি করা হয়েছে।

    উন্নয়ন সভা, বিভিন্ন দিবস ও প্রচারণা দেখিয়ে বিল তুলে কোম্পানির অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এমনকি কোম্পানির গাড়ি অন্য কর্মকর্তার নামে বরাদ্দ দেখিয়ে সিইও নিজের পরিবারের সদস্যদের সার্বক্ষণিক ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। কোম্পানির মুরাকিব, ইভিপি ও ইনচার্জ (দাবি বিভাগ) মাওলানা মো. খালিদ সাইফুল্লাহর নামে গ-২০-৯৩৪৬ (এক্সজিও) গাড়িটি বরাদ্দ দেখিয়ে সিইও পরিবার-পরিজনকে সার্বক্ষণিক ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। এই গাড়ির মাসিক জ্বালানি, গ্যারেজ বিল ও রক্ষণাবেক্ষণের নামে গাড়ির বরাদ্দের তারিখ থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ১৫ লাখ ৫২ হাজার টাকা তছরুপ করার অভিযোগ পাওয়া গেছে।

    গোলাম কিবরিয়া কোম্পানির অবলিখন বিভাগের বিভাগীয় ইনচার্জ মো. আব্দুল্লাহ-ইভিপির প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতি সপ্তাহে গড়ে ২০-২২ হাজার টাকার ভুয়া মেডিকেল বিল-ভাউচার তৈরি করে সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে বিল দাখিল করার অভিযোগ তোলা হয়েছে। এই বিল অনুমোদন দেন কোম্পানির সিএফও। বছরে পর বছর এভাবে ভুয়া মেডিকেল বিল-ভাউচার তৈরি করে আত্মসাৎ করা হচ্ছে।

    সংস্থাপন বিভাগের দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ। কোম্পানির সব কেনাকাটা ও সেবা ক্রয়ের মাধ্যম হলো সংস্থাপন বিভাগ। এ বিভাগের আওতাধীন স্টোর বিভাগ, আইটি বিভাগ, পরিবহন বিভাগসহ সব বিভাগের যাবতীয় প্রিন্টিং, স্টেশনারি সামগ্রী এবং সব ধরনের ইলেকট্রিক মালামাল কেনা হয়। গাড়ির যাবতীয় রক্ষণাবেক্ষণ, মেরামত, নতুন গাড়ি ক্রয়সহ গাড়ি সংক্রান্ত যাবতীয় কার্যাবলি এ বিভাগের মাধ্যমে সম্পন্ন হয়।

    জহিরুল ইসলাম অভিযোগ করেন, রূপালী লাইফে দীর্ঘদিন ধরে ভুয়া ভ্রমণ দেখিয়ে ভুয়া জ্বালানি বিল-ভাউচার তৈরি করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তদন্ত করা হলে কোটি কোটি টাকার ওপরে আত্মসাতের প্রমাণ পাওয়া যাবে।

    তার আরও অভিযোগ, সিইও গোলাম কিবরিয়া বিভিন্ন সময়ে ক্যাশ থেকে তার সিন্ডিকেটের মাধ্যমে আইওইউ বাবদ লাখ লাখ টাকা নগদ গ্রহণ করেন। পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ওই আইওইউর টাকা সমন্বয় করার মাধ্যমে আত্মসাৎ করা হয়।

    এছাড়া গোলাম কিবরিয়া রূপালী লাইফের সিইও হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে ও বিভিন্ন জাল-জালিয়াতির মাধ্যমে কোম্পানির ভবিষ্য তহবিল থেকে প্রায় ৬০ লাখ টাকা উত্তোলন করেছেন, যা সম্পূর্ণ অনৈতিক ও নিয়মবহির্ভূত কাজ।

    অভিযোগপত্রে আরও বলা হয়, রূপালী লাইফের বিভিন্ন প্রকল্পে একাধিক ডামি কোড সৃষ্টি করে ওই ডামি কোডের মাধ্যমে অর্জিত ব্যবসার বিপরীতে বিভিন্ন ধরনের কমিশনের বিল, রিনিউয়াল বিল, ইনসেনটিভ বিল, রিলিজ, মোবাইল, জ্বালানি বিলসহ অন্য বিল প্রস্তুত করে আত্মসাৎ করেছেন তিনি।

    এছাড়া বছরের পর বছর ভুয়া ব্যবসা দেখিয়ে লক্ষ্যমাত্রা পূরণ করে ভুয়া কমিশন বিল প্রস্তুত করে আইটি বিভাগের ইনচার্জ ওমর ফারুক সোহেল (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), মাওলানা খালিদ সাইফুল্লাহ (ইভিপি) ও মুরাকিব এবং কমিশন ইনচার্জ মো. আকতার হোসেনের (এভিপি) প্রত্যক্ষ সহযোগিতায় চেয়ারম্যান ও সিইও ওই টাকা অবৈধভাবে উত্তোলন করেন বলে অভিযোগ করা হয়েছে। ভুয়াভাবে প্রদর্শিত ব্যবসার প্রিমিয়ামের টাকা ব্যাংক ও নগদে উপস্থাপন করলেও বাস্তবে কোনো টাকা ব্যাংকে জমা হয় না।

    তামাদি পলিসির বিপরীতেও বিশাল অংকের টাকা আত্মসাৎ করেছেন তিনি। এ বিষয়ে অভিযোগ করা হয়েছে, বছরের পর বছর তামাদি পলিসির টাকা গ্রাহককে না দিয়ে এবং সে সব বিমা গ্রাহকদের মেয়াদোত্তীর্ণ বিমা দেখিয়ে সমুদয় টাকা ব্যাংকে না দিয়ে নগদ হিসেবে খরচের ভাউচার প্রদর্শন করে কোম্পানির খরচ দেখিয়ে আত্মসাৎ করা হয়।

    অভিযোগপত্রে গ্রাহক হয়রানির বিষয়ে অভিযোগ করে বলা হয়েছে, গোলাম কিবরিয়া বছরের পর বছর গ্রাহকদের হয়রানি করার পাশাপাশি মৃত্যু দাবি চেক, প্রত্যাশিত সুবিধার চেক, মেয়াদোত্তীর্ণ চেকসহ অন্যান্য সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। মৃত্যু দাবির চেক, মেয়াদোত্তীর্ণ চেক বছরের পর বছর ঘুরেও কাঙ্ক্ষিত সময়ে গ্রাহকরা পাচ্ছেন না।

    গোলাম কিবরিয়া সিইও হওয়ার পর থেকে সালভিত্তিক কোম্পানির আয়-ব্যয় এবং গ্রাহকদের পেমেন্ট কীভাবে হয়েছে তা নিরপেক্ষ তদন্ত হলে সিইও ও চেয়ারম্যান কী পরিমাণ টাকা লুটপাট করেছেন তার চিত্র বের হয়ে আসবে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

    রূপালী লাইফের সিইও গোলাম কিবরিয়ার দুর্নীতির ব্যাপার তদন্ত করে ব্যাবস্থা গ্রহণের নির্দেশও দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে পরবর্তীতে আইডিআরএ এ বিষয়ে কোনো ব্যাবস্থা গ্রহণ করেছেন কিনা তার দৃশ্যমান কোনো উদ্দ্যেগ দেখা যায়নি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. হাসিনা শেখ বলেন, এসব বিষয়গুলোর প্রতি আইডিআরএ’র কঠোর নজরদারি করা উচিত। তা না হলে বিমা খাতের প্রতি মানুষের আস্থা আরও কমতে পারে এবং সুশাসন প্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত হতে পারে।

    রূপালী লাইফ ইন্স্যুরেন্সের সিইও গোলাম কিবরিয়ার বিষয়ে আইডিআরএ’র মতামত জানতে সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভীনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

  • নীলফামারীর সৈয়দপুরে দুদক মামলার আসামিই এখন তদন্ত কর্মকর্তা

    নীলফামারীর সৈয়দপুরে দুদক মামলার আসামিই এখন তদন্ত কর্মকর্তা

    নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ঘুষ ও দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ ধামাচাপা দিতে এক নজিরবিহীন নাটকীয়তার আশ্রয় নিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো. রবিউল ইসলাম। অভিযোগের নিরপেক্ষ তদন্তের নামে তিনি তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন, যার অন্যতম সদস্য খোদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোটি টাকার অর্থ আত্মসাৎ মামলার এজাহারভুক্ত আসামি।
    সংশ্লিষ্ট মহলে অভিযোগ উঠেছে, বিতর্কিত এই আসামিকে তদন্ত কমিটিতে বসিয়ে পুরো ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং অভিযুক্ত কর্মকর্তাকে কৌশলে আড়াল করার ছক কষেছেন জেলা শিক্ষা কর্মকর্তা নিজেই।

    লিখিত অভিযোগ ও অনুসন্ধানে জানা গেছে, সৈয়দপুর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) মোছাঃ মরিয়ম নেছার বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বরাদ্দ পাইয়ে দেওয়ার নাম করে শিক্ষকদের কাছ থেকে মোটা অংকের ঘুষ গ্রহণ ও চরম হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গত ৬ আগস্ট ২০২৬ তারিখে এ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে শিক্ষা বিভাগে তোলপাড় শুরু হয়। একই সময়ে পাল্টা পদক্ষেপে জমিদাতাসহ ৪১ জন ব্যক্তি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধেও একটি পাল্টা অভিযোগ দাখিল করেন।

    এই অভিযোগের নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এতে ডিমলা উপজেলা শিক্ষা অফিসার বীরেন্দ্র নাথ রায়-কে আহ্বায়ক এবং ডোমার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আফজালুল হক-কে সদস্য করা হয়। তবে কমিটির ৩ নম্বর সদস্য হিসেবে নীলফামারী সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) কৃষ্ণা কাবেরী বিশ্বাসের অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

    অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যাকে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কৃষ্ণা কাবেরী বিশ্বাস নিজেই দুদকের একটি বড় মামলার আসামি। ২০১৮-১৯ অর্থবছরে জলঢাকা উপজেলার ২৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের ২ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা এবং শ্রেণিকক্ষ সজ্জিতকরণের ২৪ লাখ ৫০ হাজার টাকা নামমাত্র কাজ দেখিয়ে আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে। ওই মামলায় তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ ও কৃষ্ণা কাবেরী বিশ্বাসসহ ৭ জন এটিইও এবং ২৪৫ জন প্রধান শিক্ষক অভিযুক্ত হন।

    সচেতন মহল ও সাধারণ শিক্ষকদের অভিযোগ, এটিইও মরিয়ম নেছার দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতেই জেলা শিক্ষা কর্মকর্তা এই ‘অদ্ভুত’ কমিটি গঠন করেছেন। কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি হয়ে কৃষ্ণা কাবেরী বিশ্বাস কীভাবে অন্য একজন কর্মকর্তার দুর্নীতির নিরপেক্ষ বিচার করবেন, তা নিয়ে জেলাজুড়ে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। শিক্ষকদের দাবি, এই কমিটি আসলে একটি ‘আইওয়াশ’, যার মূল উদ্দেশ্য হলো মরিয়ম নেছাকে নির্দোষ প্রমাণ করা।

    এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী সদর এটিইও কৃষ্ণা কাবেরী বিশ্বাস দাবি করেন, মামলাটি নিষ্পত্তি হয়েছে। তবে এর স্বপক্ষে কোনো দাপ্তরিক কাগজপত্র তিনি দেখাতে পারেননি। অন্যদিকে, দুদকের মামলার আসামি দিয়ে তদন্ত কমিটি গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই।

  • পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’!

    পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’!

    শুক্রবার সকালে পারকি সৈকতে হঠাৎ হৈচৈ। স্থানীয় মানুষ দেখলেন সমুদ্র সৈকতের চরে বসে গেছে স্কাভেটর আর ড্রেজার। মাটি আর বালু উঠছে। প্রশ্ন করতেই বলা হলো, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাজ চলছে। কিন্তু মানলেন না স্থানীয়রা। জড়ো হয়ে বাধা দিলেন।

    শেষে চাপের মুখে যন্ত্র ফেলে পালিয়ে যায় মাটি আর বালু উত্তোলনকারীরা। খবর পেয়ে ভূমি অফিস ও পুলিশ এসে জব্দ করলেন মাটি ও বালু উত্তোলন যন্ত্র স্কাভেটর ও ড্রেজার। স্থানীয়দের অভিযোগ, পারকি লুসাই পার্ক নামের একটি রেস্টুরেন্টের লোকজন নিজেদের স্থাপনা ভাঙন থেকে রক্ষা করতে সৈকতের চর থেকে বালু-মাটি তুলে জিও ব্যাগ বসাচ্ছিলেন। আর কাজটিকে পাউবোর নামে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে।

    পারকি ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, লুসাই পার্কের ভাঙন ঠেকাতে তারা পারকি সৈকতে স্কাভেটর ও ড্রেজার বসিয়ে বালু ও মাটি খনন করছে। বাধা দিলেও মানছে না। বালু উত্তোলনের কারণে সৈকতে ভাঙন দেখা দিয়েছে। বালিয়াড়ি এখন ধ্বংসের মুখে। ব্যক্তিগত স্থাপনা বাঁচাতে পুরো পারকি সৈকতকে বিপদে ফেলা হচ্ছে। সৈকত রক্ষার নামে সৈকতই শেষ করা হচ্ছে।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে লুসাই পার্ক রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আকবর খানের মুখে নির্লজ্জ কথন, এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ। লুসাইয়ের মাটি ও বালুর দরকার নেই। লুসাইয়ের যে পার ভেঙেছে, তা আমরা লুসাইয়ের পুকুর খনন করেই নিতে পারব।

    তাহলে যন্ত্রপাতি জব্দ করা হলো কেন—এমন প্রশ্নের জবাবে আকবর খান বলেন, না-এখানে কোনো কিছু জব্দ করে নাই। কর্ণফুলী থানার ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে। ওসি সাহেবকে আমরা বলছি এটা ভুয়া খবর।

    বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা লুসাই পার্ক রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের আরেক সদস্য আকরাম হোসেনের ভাষায়। তিনি বলেছেন, এটা একটা ভুল বোঝাবুঝি, পরে এসব ঠিক হয়েছে। পরক্ষণে লুসাই পার্কের আরেক সদস্য হাশেম চৌধুরী বলেন, যা লিখেন লুসাই পার্কের পক্ষে লিখেন।

    লুসাই পার্কের মালিকপক্ষের বক্তব্য যে ডাহা মিথ্যা তার প্রমাণ মিলল পাউবোর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহিদের বক্তব্যে। স্পষ্ট ভাষায় তিনি বললেন, পারকি সৈকতের লুসাই পার্কের পাশে পাউবোর কাজ সম্পর্কে আমরা কিছু জানি না। আমাদের কাজ লুসাই পার্কের আশপাশ থেকে অনেক দূরে।

    অন্যদিকে স্কাভেটর ও ড্রেজার জব্দের সত্যতা মিলল আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদারের মুখে। তিনি বলেন, ভূমি অফিসের লোকজন যন্ত্রপাতি জব্দ করেছে। জব্দ করা যন্ত্রপাতি এখন থানায়।সরেজমিনে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দীনের ভাষ্য, পারকি সৈকতে মাটি ও বালু উত্তোলনের খবর পেয়েই ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশ পাঠানো হয়েছে। সব সরঞ্জাম জব্দ করা হয়েছে। সৈকত রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

    স্থানীয় লোকজনের মতে, আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। বর্ষায় এমনিতেই সৈকতের অবস্থা নাজুক থাকে। সৈকত রক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেড়িবাঁধ তৈরির কাজ করলেও লুসাই পার্ক রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের মালিকপক্ষ রাতের আধাঁরে, এমনকি প্রকাশ্যে মাটি ও বালু উত্তোলন করে সৈকতকে ভাঙনের মুখে ঠেলে দিচ্ছে। এতে পর্যটকদের যেমন বিড়ম্বনা বাড়ছে, তেমনি উপকুলীয় ভাঙনে হুমকির মুখে পড়ছে আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালী, পটিয়াসহ চট্টগ্রাম শহর ।

    উল্লেখ্য, পারকি সৈকতের বুক ছিড়ে এই লুসাই পার্ক রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে গড়ে তোলেন ফ্যাসিস্টের দোসর আনোয়ারা উপজেলার ২ নং বারশত ইউপির সাবেক চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আত্নগোপনে চলে যান এই চেয়ারম্যান। আর এই অবস্থায় লুসাই পার্ক রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট রক্ষায় ঢাল হয়ে দাড়ান বিএনপি নেতা আকবর খান ও আকরাম হোসেন সিন্ডিকেট। যারা চেয়ারম্যান এম এ কাইযুম শাহর মতো মাটি ও বালু উত্তোলন করে সৈকত ধ্বংসের মহোৎসবে মেতেছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক পাউবো সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার ভাষ্য, লুসাই পার্ক রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের মালিকপক্ষের ধ্বংসাত্বক কাজের কারণে সৈকতের প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ বিগত বন্যায় বিলীন হয়ে গেছে। যা পাউবোর প্রজেক্টের আওতায় সংস্কার করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে লুসাই পার্ক রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের ভাইস চেয়ারম্যানও সহযোগীরা। এতে ব্যর্থ হয়ে নিজেরাই বালু ও মাটি দিয়ে জিও ব্যাগ বসিয়ে লুসাই পার্ক রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বালু ও মাটি উত্তোলন আড়াল করতে পাউবোর নাম ভাঙাচ্ছেন।

  • চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫

    চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫

    নিজস্ব প্রতিবেদক

    চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

    মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
    দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

    এই ভায়াবহ দুর্ঘটনার কারণে কিছু সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর দুটি যানই সড়কের ওপর ছিটকে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করেছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • গোপালগঞ্জের উলপুর ইউনিয়ন পরিষদের ৫৪ শতাংশ জমি বেদখল হলেও দেখার কেউ নেই

    গোপালগঞ্জের উলপুর ইউনিয়ন পরিষদের ৫৪ শতাংশ জমি বেদখল হলেও দেখার কেউ নেই

    সদর উপজেলার ১২ নং উলপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব জমি বেদখল হতে চললেও দেখার কেউ নেই।
    উলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় দোকানঘর তুলে বর্তমান চেয়ারম্যান এবং তার স্বজনরা ভাড়া দিয়ে আর্থিকভাবে লাভবান হলেও সরকার বঞ্চিত হচ্ছে উল্লেখযোগ্য পরিমান রাজস্ব- এমন লিখিত অভিযোগ অজ্ঞাত পরিচয় ব্যাক্তি বা সমষ্টি গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর করে। পরে এই প্রতিনিধি সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে।
    তথ্যানুসন্ধানে জানা গেছে উলপুর ইউনিয়ন পরিষদের নামে উলপুর মৌজায় এসএ এবং বিআরএস রেকর্ড এবং নকশা মোতাবেক মোট ৫৪ শতাংশ ভুমি বিদ্যমান রয়েছে। তাসত্ত্বেও কর্তৃপক্ষ কোনোকালেই ইউনিয়ন পরিষদের ভুমি রক্ষার্থে চৌহদ্দি নির্মানসহ অপরাপর কোনো উদ্যোগ নেয়নি। এতদসংক্রান্তে নথিপত্র হালনাগাদ থাকার পরেও ইউনিয়ন পরিষদের ভুমি রক্ষায় কোনোরূপ পদক্ষেপ গ্রহণ না করা রহস্যজনক বলেই প্রতীয়মান হয়।
    এ ব্যাপারে উলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমি এখানে নতুন। কয়েক মাস হয় উলপুর ইউনিয়ন পরিষদের কাজে যোগদান করেছি। এসব ব্যাপারে আমার জানা নাই। আপনারা চেয়ারম্যানের সাথে আলাপ করেন।
    পরে উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ওরফে বাবুলের সাথে আলাপ করে সদুত্তর পাওয়া যায় নাই। বিষয়টি নিয়ে উলপুর ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা দেলোয়ার হোসেনের সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমি অত্র ভুমি অফিসে সদ্য যোগদান করেছি। উলপুর ইউনিয়ন পরিষদের জমি সংক্রান্ত ব্যাপার সরেজমিন ও নথিপত্র খতিয়ে দেখে আমি ব্যবস্থা গ্রহণ করবো।