Blog

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    সম্প্রতি “এলজিইডি প্রধান প্রকৌশলীর ক্যাশিয়ারের ভূমিকা পালন করেন ড্রাইভার রফিক” শিরোনামে প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বদলি ও পদায়নে অর্থ লেনদেন, অবৈধ সম্পদ অর্জন এবং অনিয়মের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
    এলজিইডিতে গ্রেডেশন-সংক্রান্ত মামলা চলমান থাকায় নির্বাহী প্রকৌশলীর অনেক পদ শূন্য রয়েছে। এ কারণে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কিছু কর্মকর্তাকে নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয় এবং এর সঙ্গে কোনো আর্থিক লেনদেনের সম্পর্ক নেই।
    প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এলজিইডির কার্যক্রমে গতিশীলতা আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের বর্তমান মেয়াদের প্রায় ছয় মাসে প্রায় ১ লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনে দাখিল করা হয়েছে।
    ঘুষ, বদলি-বাণিজ্য, পদায়ন-বাণিজ্য কিংবা অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। গাড়িচালক বা কোনো কর্মচারীকে ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগও অসত্য। এসব অভিযোগের সমর্থনে সংবাদে কোনো নির্ভরযোগ্য দলিল বা যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।
    প্রতিবেদন প্রকাশের আগে আমার বক্তব্য যথাযথভাবে গ্রহণ ও যাচাই করা হয়নি। আমি সরকারি বিধি-বিধান ও প্রচলিত আইন মেনে দায়িত্ব পালন করছি এবং প্রয়োজন হলে যেকোনো নিরপেক্ষ তদন্তে নথিপত্রসহ সহযোগিতা করতে প্রস্তুত।

    মো. বেলাল হোসেন
    প্রধান প্রকৌশলী
    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)

  • জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

    জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

    মো. জিয়াউর রহমান, পিতা মো. শাহজাহান আলী ও মাতা জামিলা খাতুনের বিরুদ্ধে ‘হ্যালো ডাক্তার বিডি’ নামে একটি অনলাইন স্বাস্থ্য সমাধান প্রতিষ্ঠান খুলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, বিপুল পরিমাণ অর্থ নেওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে রাজশাহীতে অবস্থান করে আত্মগোপনে ছিলেন
    জিয়াউর রহমানের কাছে এখনো বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কোটি কোটি টাকা পাওনা রয়েছে। তাদের মধ্যে প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মামুন ও মহিউদ্দিনসহ বিভিন্ন ব্যক্তি রয়েছেন। পাওনাদারদের দাবি, দীর্ঘদিন ধরে পাওনা অর্থ পরিশোধ না করায় তারা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন।
    এ ছাড়া জিয়াউর রহমান ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করেছেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, তার কর্মকাণ্ডের কারণে অর্ধশতাধিক ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন।
    জিয়াউর রহমানের বিরুদ্ধে ঢাকার আদালতে একাধিক চেক জালিয়াতি ও প্রতারণার মামলা রয়েছে বলেও জানা যায়।
    অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে জিয়াউর রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোদাগাড়ী উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ ও মামলা থাকার বিষয়টি সামনে আসায় অর্ধশতাধিক পাওনাদার তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
    পাওনাদারদের অভিযোগ, জিয়াউর রহমানের কাছে তাদের কোটি কোটি টাকা পাওনা থাকলেও দীর্ঘদিন ধরে তারা সেই অর্থ ফেরত পাচ্ছেন না। তারা পাওনা অর্থ উদ্ধারের পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
    তার অপকর্ম নিয়ে আসছে বিস্তারিত……

  • ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিতে

    ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিতে

     

    লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

    গোপালগঞ্জে টুঙ্গিপাড়া ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।
    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, বিভিন্ন সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
    উপজেলার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। এর পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।
    শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গী, কলেজ রোডসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
    নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে জেলা শহর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল শুরু হয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছায়। পরে টহল দলটি জেলা শহরে ফিরে যায়।
    জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতি না ঘটে, সে লক্ষ্যেই পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন এবং স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তারা প্রশাসনকে সহযোগিতা করছেন।
    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

  • বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না

    বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না

    আসিফ নজরুলসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন।সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন।পোস্টের শুরুতে আসিফ নজরুল বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বহু কারণ আছে। আমি আগেও বলতাম, এখনো বিশ্বাস করি, উনার জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হতো না। ১৯৪৮ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে উনার অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। তিনি আমাদের স্বাধীনতার স্থপতি। এই দীর্ঘ  সময়ে গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি উনার সুস্পষ্ট কমিটমেন্ট ছিল। এর প্রতিফলন এমনকি ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও পাওয়া যায়।’বঙ্গবন্ধু দেশ পরিচালনায় দক্ষ ছিলেন না মন্তব্য করে তিনি বলেন, ‘উনি দেশ পরিচালনায় দক্ষ ছিলেন না। ১৯৭১-পরবর্তী বাংলাদেশ পরিচালনা করাও নানা কারণে অত্যন্ত দুরূহ ছিল। কিন্তু এর কোনোটিই ১৯৭২ সাল থেকে তাঁর ক্রমে ক্রমে আরও অত্যাচারী ও স্বৈরাচারী শাসকে পরিণত হওয়াকে জাস্টিফাই করে না। তাঁর শাসনামলের দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতাকেও কোনো কিছু দিয়ে আড়াল করা যায় না।’আসিফ নজরুল আরও বলেন, ‘উনার কয়েক বছরের দুঃশাসনের স্মৃতি মনে রেখেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর জীবনব্যাপী অবদানের জন্য বহু মানুষ তাঁকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। আমি তাদের একজন। আমার মতো মানুষের জন্য এই ভালোবাসার প্রকাশকে কঠিন করে তোলে শেখ হাসিনার শাসনকাল। তার শাসন ছিল আইডেনটিটি-বেসড ফ্যাসিজমের একটি নিকৃষ্ট উদাহরণ। নিজের নিষ্ঠুর ও নিকৃষ্ট শাসনকে চাপিয়ে দেওয়ার জন্য তিনি তাঁর বাবাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন। এটাই বঙ্গবন্ধুকে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ করে তুলেছিল। বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটে শেখ হাসিনার আমলে, অনেকটা তারই হাতে।’সবশেষে আসিফ নজরুল বলেন, ‘আজ বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুর বার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে এক নির্মম  হত্যাকাণ্ডে প্রায় গোটা পরিবারসহ প্রাণ হারান তিনি। বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা। দোয়া।

  • ১৭ বছর একই বিভাগে গণপূর্তের প্রকৌশলী পেকু ফিরোজ

    ১৭ বছর একই বিভাগে গণপূর্তের প্রকৌশলী পেকু ফিরোজ

    * ১৭টি দেশে কমপক্ষে ২৫ বার ভ্রমণ

    গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন ও সমন্বয়) কাজী মো. ফিরোজ হাসানকে ঘিরে একের পর এক অভিযোগ উঠেছে। সরকারি সফর ও প্রশিক্ষণের নামে তিনি ১৭টি দেশে কমপক্ষে ২৫ বার ভ্রমণ করেছেন বলে জানা গেছে। এমনকি নিজে সরাসরি সম্পৃক্ত নন—এমন বিভিন্ন প্রকল্পের নাম ব্যবহার করেও বিদেশ সফরের সুযোগ নেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে চাকরিজীবনের দীর্ঘ সময় ঢাকায় অবস্থান এবং প্রায় ১৭ বছর গণপূর্ত অধিদপ্তরের প্রকিউরমেন্ট এস্টেট ও কনস্ট্রাকশন ইউনিটে (পেকু) কর্মরত থাকার বিষয়টিও প্রশ্নের জন্ম দিয়েছে।
    সহকর্মীদের কাছে দীর্ঘদিন ধরে ‘পেকু ফিরোজ’ নামে পরিচিত কাজী ফিরোজ হাসান নিজেকে সৎ কর্মকর্তা হিসেবে দাবি করেন। তবে অভিযোগ রয়েছে, চাকরির প্রায় পুরো সময় ঢাকাকেন্দ্রিক কর্মজীবন কাটানোর পাশাপাশি তিনি নিয়মিত বিদেশ সফরে যুক্ত ছিলেন। বিগত সরকারের সময়ে সারাদেশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রকল্পে সম্পৃক্ত থাকার সুবাদে তিনি গণপূর্তে বেশ প্রভাবশালী হয়ে ওঠেন। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পরও একটি রাজনৈতিক দলের সঙ্গে সখ্য গড়ে তুলে নিজের প্রভাব বজায় রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
    গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, কাজী ফিরোজ হাসানের চাকরির বয়স প্রায় ২৮ বছর। খুলনা আলিয়া মাদ্রাসা থেকে এসএসসি ও এইচএসসি পাস করার পর তিনি খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৯৯ সালের জানুয়ারিতে খুলনা গণপূর্ত বিভাগ-১-এ স্টাফ অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন। একই বছরের মার্চে বদলি হয়ে সাভার গণপূর্তে যান। ২০০১ সালে পিপিসি বিভাগের সহকারী প্রকৌশলী-৩ পদে বদলি হয়ে ঢাকায় আসেন। এরপর ২০০৯ সালে মাত্র এক মাস নেত্রকোনায় দায়িত্ব পালন ছাড়া প্রায় পুরো সময়ই ঢাকায় কর্মরত ছিলেন।
    চাকরিজীবনের দীর্ঘ সময় ঢাকায় থাকার বিষয়টি নিয়ে গণপূর্ত অধিদপ্তরের অনেক সহকর্মীর মধ্যে ক্ষোভ রয়েছে। এ বিষয়ে কাজী ফিরোজ হাসান বলেন, তিনি ঢাকায় ছিলেন ঠিকই, তবে প্রকল্পের কাজে ছিলেন এবং ‘ওয়ার্কিংয়ে’ ছিলেন না। তার ভাষ্য অনুযায়ী, প্রকল্পের এসব কাজ নন-প্রফিটেবল।
    তবে সহকর্মীদের অভিযোগের বড় একটি অংশ তার দীর্ঘ সময় একই বিভাগে পদায়ন নিয়ে। ২০০৯ সালের ডিসেম্বরে নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি ঢাকায় গণপূর্তের প্রকিউরমেন্ট এস্টেট ও কনস্ট্রাকশন ইউনিটে (পেকু) বদলি হন। এরপর থেকে দীর্ঘ ১৭ বছর ধরে এই বিভাগেই বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কাজ করেন। বর্তমানে সংস্থাপন শাখার দায়িত্বের পাশাপাশি পেকু বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বেও রয়েছেন।
    গণপূর্ত অধিদপ্তরের পেকু বিভাগ মূলত ক্রয়সংক্রান্ত বিভিন্ন কাজ পরিচালনা করে। দীর্ঘ ১৭ বছর এই গুরুত্বপূর্ণ বিভাগে অবস্থানের কারণেই সহকর্মীদের কাছে কাজী ফিরোজ হাসান ‘পেকু ফিরোজ’ নামে পরিচিত হয়ে ওঠেন।
    তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হলো প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণ। ২০০৯ সালের জুনে সরকারের অর্থায়নে ‘ফ্যাসিলিটি মডার্নাইজেশন’ শিরোনামে ছয় দিনের ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে অংশ নিতে মালয়েশিয়া সফরের মাধ্যমে তার বিদেশ ভ্রমণের শুরু। এরপর তিনি জাপান, মিসর, ইতালি, ডেনমার্ক, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, রাশিয়া, স্পেন, ভারত, তুরস্ক, বেলজিয়াম, গ্রিস, ফিনল্যান্ড ও বুলগেরিয়াসহ মোট ১৭টি দেশে ভ্রমণ করেছেন বলে জানা গেছে। এ বছর সেন্ট্রাল এসি ব্যবস্থাপনা বিষয়ক একটি প্রশিক্ষণে অংশ নিতে তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র যেতে পারেননি।
    বিদেশ ভ্রমণের বিষয়ে কাজী ফিরোজ হাসান বলেন, তিনি এতগুলো প্রশিক্ষণে যাননি এবং প্রকৃত সংখ্যা আরও কম হবে। তার দাবি, গণপূর্তে আরও অনেক কর্মকর্তা প্রশিক্ষণে বিদেশ গেছেন এবং তার চেয়েও বেশি বিদেশ সফর করেছেন এমন কর্মকর্তাও রয়েছেন।
    এদিকে তার সহকর্মীদের একটি অংশের অভিযোগ, নিজের অদক্ষতার কারণে তিনি ‘ওয়ার্কিং’ বিভাগে চাকরি করেননি। বরং নিজের অদক্ষতা আড়াল করতে ওই বিভাগের কর্মকর্তাদের ঢালাওভাবে দুর্নীতিবাজ বলে প্রচার করতেন।
    ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কাজী ফিরোজ হাসান একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তৎপরতা চালিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। সাবেক সচিব মো. নজরুল ইসলামের আশীর্বাদ নিয়ে তিনি নিজ সংস্থার সহকর্মীদের পেছনে কলকাঠি নাড়ার মতো কাজ করেছেন বলে অভিযোগ। এমনকি গণপূর্ত বিভাগের বিভিন্ন কর্মকর্তার ‘আমলনামা’ গোপনে সাবেক সচিব নজরুল ইসলামের কাছে সরবরাহ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পরে ওই সচিব ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমকে সঙ্গে নিয়ে সংস্থার বিষয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীর কাছে নানা অভিযোগ তুলে কর্মকর্তাদের বিরুদ্ধে বিরূপ ধারণা তৈরির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ক্ষুব্ধ হয়ে পদায়নে লটারি পদ্ধতি চালু করেন বলে অভিযোগ রয়েছে। এতে গণপূর্ত অধিদপ্তরের দৈনন্দিন কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
    এরই মধ্যে মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প নিয়েও কাজী ফিরোজ হাসানকে ঘিরে গুরুতর প্রশ্ন উঠেছে। শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে নেওয়া প্রকল্পে মোট ২০ হাজার সমাধিস্থল সংরক্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রকল্পের তথ্য অনুযায়ী মাত্র ৪ হাজার ৩৭১টি সমাধিস্থল নিয়ে প্রকল্পের সমাপ্তি দেখানোর অভিযোগ উঠেছে। অথচ প্রকল্পটির সংশোধিত প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে প্রায় ৮১ কোটি ৭৩ লাখ টাকা।
    অভিযোগকারীদের দাবি, বাস্তবে সম্পন্ন কাজের পরিমাণ এবং সরকারি নথিতে দেখানো ভৌত ও আর্থিক অগ্রগতির মধ্যে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। এমনকি কয়েকজনের অভিযোগ, প্রকৃতপক্ষে ৪ হাজার ৩৭১টির চেয়েও কমসংখ্যক কবরের কাজ সম্পন্ন হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। অভিযোগগুলোর প্রকৃত সত্যতা যাচাইয়ের জন্য প্রকল্পের বিল, পরিমাপ বই, কাজের ছবি, ঠিকাদারি নথি এবং মাঠপর্যায়ের বাস্তব কাজ পরীক্ষা করা প্রয়োজন।
    প্রকল্পটির সমাপ্তি প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো নিয়েও দীর্ঘসূত্রতার অভিযোগ রয়েছে। মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণের মতো স্পর্শকাতর একটি প্রকল্পে নির্ধারিত লক্ষ্য, বাস্তব কাজ এবং ব্যয়ের মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না—এখন সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
    কাজী ফিরোজ হাসানের দীর্ঘদিন ঢাকাকেন্দ্রিক পোস্টিং নিয়েও গণপূর্তের কয়েকজন প্রকৌশলী প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, চাকরিজীবনের দীর্ঘ সময় তিনি অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেছেন এবং বড় বড় প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন ও সমন্বয়) হিসেবে দায়িত্ব পালন করায় অধিদপ্তরের কর্মকর্তা ও প্রকৌশলীদের বদলি ও পদায়নের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বের সঙ্গেও তিনি যুক্ত।
    অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে কর্মকর্তা ও প্রকৌশলীদের বদলি ও পদায়নে প্রভাব খাটানোর পাশাপাশি আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হয়েছিল। সম্প্রতি গণপূর্ত অধিদপ্তরে লটারির মাধ্যমে ব্যাপক বদলি কার্যক্রম নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের একটি অংশের দাবি, বদলি ও পদায়নে স্বচ্ছতা আনার কথা বলা হলেও এ সিদ্ধান্তে প্রশাসনিক ও প্রকল্পের ধারাবাহিকতার বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব পায়নি।
    তবে কাজী ফিরোজ হাসানের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সবগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই হয়নি। কর্তৃপক্ষের বক্তব্যও পাওয়া যায়নি। মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ প্রকল্পসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসানের বক্তব্য জানতে তার দাপ্তরিক মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
    সংশ্লিষ্টদের দাবি, মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ প্রকল্পের পুরো নথিপত্র যাচাই, প্রকল্পের বিল ও পরিমাপ বই পরীক্ষা, মাঠপর্যায়ে বাস্তব কাজ পরিদর্শন এবং বিদেশ ভ্রমণ ও বদলি-পদায়নসংক্রান্ত নথি পর্যালোচনা করে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। অভিযোগের কোনোটি সত্য প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

  • ইসলামী দৃষ্টিকোণ থেকে পুণ্য কীভাবে পরিমাপ করা হয়

    ইসলামী দৃষ্টিকোণ থেকে পুণ্য কীভাবে পরিমাপ করা হয়

    পাপ ও পুণ্য মানুষের প্রতিটি কাজের দুটি দিক; এ দুটির মধ্যে কোনো মধ্যবর্তী অবস্থা নেই। প্রতিটি কাজই হয় ইতিবাচক, নয়তো নেতিবাচক ফলাফল সৃষ্টি করে, যা যথাক্রমে পুণ্য অথবা পাপ হিসেবে গণ্য হয়।কোনো কাজ ইতিবাচক না নেতিবাচক ফল বয়ে আনবে, তা নির্ভর করে সেই কাজটি সম্পাদনের পূর্বে মানুষের ঈমান, নিয়ত ও উদ্দেশ্যের ওপর। ধরা যাক, একজন ব্যক্তি অন্য কাউকে একশত টাকা দান করতে চাইলেন। সেই দান থেকে অর্জিত পুণ্য নির্ভর করবে দাতার ঈমান এবং তার অন্তরের নিয়তের ওপর। যদি সে অন্যের কল্যাণের জন্য এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দান করে, তবে সেই কাজটি একটি পুণ্যময় আমল হিসেবে গণ্য হবে এবং তার আমলনামায় সওয়াব হিসেবে লিপিবদ্ধ হবে।পক্ষান্তরে, যদি কেউ নিজের সুখ, সম্মান, খ্যাতি বা মানুষের প্রশংসা অর্জনের উদ্দেশ্যে দান করে, তবে তা পুণ্যময় কাজ হিসেবে গণ্য হবে না এবং এর জন্য সে কোনো সওয়াবও লাভ করবে না। মানুষ যা-ই দান করুক না কেন, তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হওয়া উচিত। তবেই তা পুণ্যময় কাজ হিসেবে বিবেচিত হবে। কারণ সম্মান ও মর্যাদার প্রকৃত অধিকারী একমাত্র সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহ। এটিই ইসলামের মূল শিক্ষা ও সারমর্ম। অতএব, মানুষের প্রতিটি কাজ আল্লাহকেন্দ্রিক হওয়া উচিত, অন্য কারও জন্য নয়।এখন আমরা আলোচনা করব ইসলামী দৃষ্টিকোণ থেকে পুণ্য কীভাবে গণনা ও পরিমাপ করা হয়। ধরুন, একজনের কাছে এক লক্ষ টাকা রয়েছে এবং অন্য একজনের কাছে তার অর্ধেক অর্থ রয়েছে, কিন্তু উভয়েরই পারিবারিক ও আর্থিক দায়িত্ব সমান। যদি তারা উভয়েই একই পরিমাণ অর্থ দান করেন, তবে যার সম্পদ কম, তিনি অধিক সওয়াবের অধিকারী হবেন।

  • গোপালগঞ্জের দুই শিক্ষক  প্রাইভেট এবং গাইডবই অবৈধ হলেও পড়াবেন বলে সাংবাদিকদের চ্যালেঞ্জ করলেন

    গোপালগঞ্জের দুই শিক্ষক প্রাইভেট এবং গাইডবই অবৈধ হলেও পড়াবেন বলে সাংবাদিকদের চ্যালেঞ্জ করলেন

    জেলা শহরে অবস্থিত গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান এবং মো: শুকুর আহমেদের বিরুদ্ধে বিদ্যালয় কক্ষে প্রাইভেট পড়ানোসহ গাইড বই ক্রয়ে নির্দেশ দেয়া ও পড়ানোর অভিযোগ উঠেছে। ওই দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সাংবাদিকরা গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে অভিযোগ সম্পর্কে সরেজমিন তদন্ত করতে গেলে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। তদন্তকালে সাংবাদিকরা শিক্ষক হাফিজুর রহমান শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন এমন ছবি তুলতে সক্ষম হন। এসময় অপর শিক্ষক মো: শুকুর আহমেদ অন্য কক্ষে প্রাইভেট পড়াচ্ছিলেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে যান। তখন ঘড়ির কাটায় ৯ টা ৪৯ মিনিট। শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ ওই দুই শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে এবং কথামতো গাইড বই না কিনলে শ্রেণিকক্ষে বৈষম্যমুলক আচরন করেন এবং পরীক্ষার উত্তর পত্রে নম্বর কমিয়ে দেন।এসব ব্যাপার নিয়ে ওই দুই শিক্ষক সম্পর্কে বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি বালার সাথে আলাপ করা হলে তিনি বলেন, বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো এবং গাইড বই আনা এবং পড়ানো নিষিদ্ধ। ওই দুই শিক্ষককে বারবার বলা হলেও তারা আমার বা প্রধান শিক্ষকের কথা শোনেননা। সাংবাদিকরা যখন সহকারী প্রধান শিক্ষকের সাথে আলাপ করছিলেন তখন অভিযুক্ত সহকারি শিক্ষক হাফিজুর রহমান এবং মো: শুকুর আহমেদ একযোগে সহকারী প্রধান শিক্ষককে উপেক্ষা করে চিৎকার দিয়ে বলতে থাকেন, আপনারা বিদ্যালয়ে কি করা হয় তা দেখার কে। আমরা প্রাইভেট পড়াই, না গাইড পড়াই, তা দেখার লোক আছে। তারা মানা করেনা,আপনারা মানা করেন কেন? আমরা প্রাইভেট পড়াবো,গাইড পড়াবো, পারলে আপনারা ঠেকান। এখনই লেখেন, দেখি কে বন্ধ করতে আসে। যদি কিছু পারেন আমাদের বিরুদ্ধে করে দেখিয়েন।এসময় সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি উত্তেজিত দুই সহকারী শিক্ষককে নিবৃত্ত করার চেষ্টা করলেও ওই দুই শিক্ষক চিৎকার চেচামেচি অব্যাহত রাখেন। পরে বিষয়টি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সেলিম তালুকদারকে অবহিত করলে এবং অভিযোগের সত্যতা সম্পর্কে প্রমানাদি হস্তান্তর করলে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সাংবাদিকদের।

  • জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা  ইউনিটের  বর্ধিত সভা অনুষ্ঠিত

    জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত

    জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিট এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ১৩ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিট এর কার্যালয়ে ।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    জাতীয় সাংবাদিক সংস্থা, টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি এম. মাছুদুর রহমান মিলন ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    জাতীয় সাংবাদিক সংস্থা, টাঙ্গাইল জেলা ইউনিটের
    সহ-সভাপতি আল আমিন শোভন , যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ ইউসুফ আলী । সভায় সভাপতিত্ব জাতীয় সাংবাদিক সংস্থা, ধনবাড়ী উপজেলা ইউনিট এর সভাপতি কবি ইমাম হাসান সোহান । মোঃ সোলায়মান এর সঞ্চালনায় জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিট এর আয়োজনে সভায় ইউনিট এর সকল সদস্য উপস্থিত ছিলেন । সভা পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কবি ইমাম হাসান সোহান কে সভাপতি এবং রাকিব হাসান কে সাধারণ সম্পাদক মনোনীত করে প্রাথমিক ভাবে সাত সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়েছে ।
    সাত সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক হ্যাপি আক্তার।

  • অনলাইন জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে গ্রেফতার ০৫

    অনলাইন জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে গ্রেফতার ০৫

    বিপুলসংখ্যক সিম ও চেকবই জব্দদীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র দ্বারা পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়া ওয়েবসাইট পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস এর একটি বিশেষ দল নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গত ১১/০৮/২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যা হতে ১২/০৮/২০২৬ খ্রি. পর্যন্ত নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হল-০১. রফিকুল ইসলাম (৪৬), পিতা- মৃত আনোয়ার হোসেন, মাতা- মৃত ঝর্না বেগম, সাং- শ্রীরামপুর (উত্তর পাড়া), রায়পুরা পৌরসভা, থানা- রায়পুরা;০২. মো. সোহেল (৩৭), পিতা- আকতারুজ্জামান, মাতা-রোকেয়া বেগম, সাং-নোয়াদীয়া (মৌলভী বাড়ী), পোস্ট-নোয়াদীয়া, থানা- মনোহরদী;০৩. মো. শফিকুল ইসলাম (২৭), পিতা- মৃত বজলুর রহমান, মাতা- লতিফা বেগম, সাং- রসুলপুর (বজলুর রহমানের বাড়ী), পোস্ট- হাতিরদীয়া, থানা- মনোহরদী;০৪. মো. রুবেল মোল্ল্যা (৩৩), পিতা- মজিবুর রহমান, মাতা- হাসনেয়ারা বেগম, সাং- উত্তর নোয়াদীয়া (মজিবরের বাড়ী), পোস্ট-নোয়াদীয়া, থানা-মনোহরদী;০৫. আইয়ুব হোসেন রিপন (৪৮), পিং-মৃত আবুল হোসেন, ঠিকানা-৬৯/২, নয়াদরাকান্দিয়া, নরসিংদী সদর;সর্ব জেলা-নরসিংদী।নরসিংদীর রায়পুরা থানার রেলগেইট কলেজ মার্কেট এলাকা থেকে রফিকুল ইসলাম (৪৬), মনোহরদী থানার নোয়াদীয়া গ্রামের মৌলভী বাড়ী এলাকা থেকে আসামী মো. সোহেল (৩৭), মনোহরদী থানার সামনে রাজু টাওয়ার এলাকা থেকেমো: শফিকুল ইসলাম (২৭) ও মো. রুবেল মোল্ল্যা (৩৩) এবং মনোহরদী থানাধীন নয়াদরাকান্দিয়া এলাকা থেকে আইয়ুব হোসেন রিপন (৪৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত ০৯টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, সাইবার মনিটরিং করাকালীন সিপিসি জানতে পারে যে সাম্প্রতিক অনলাইন মনিটরিং ও প্রাথমিক অনুসন্ধানে দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে অবস্থানকারী একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে অনলাইন বেটিং ও জুয়া ওয়েবসাইট পরিচালনা করে আসছে।বিভিন্ন নামী-বেনামী অনলাইন বেটিং ও জুয়ার এসব ওয়েবসাইটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল ও অন্যান্য খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে অনলাইন বেটিং বা জুয়ার আয়োজন করা হচ্ছে। একইসঙ্গে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে এসব অনলাইন জুয়ার প্রচারণা ও বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।প্রাথমিক অনুসন্ধানে সংশ্লিষ্ট এসব বেটিং ওয়েবসাইটে নিবন্ধন ও লগইন করে আরও জানা যায় যে, এসব সাইটে অনলাইন জুয়ায় অংশগ্রহণের জন্য ব্যবহারকারীদের প্রথমে টপ-আপ বা ডিপোজিট করতে হয়। এ অর্থ জমা দেওয়ার জন্য বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংক হিসাব এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। অর্থ জমা হওয়ার পর সংশ্লিষ্ট ব্যবহারকারীর বেটিং অ্যাকাউন্টে সমপরিমাণ ই-মানি বা বট মানি যুক্ত হয়, যা পরবর্তীতে অনলাইন বেটিং বা জুয়ায় ব্যবহৃত হয়ে থাকে।প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায়, এসব বেটিং সাইটে অর্থ জমা ও উত্তোলনের জন্য এমএফএস এজেন্ট নম্বর ও ব্যাংক হিসাব নম্বর ব্যবহার করা হয় এবং সময়ের সঙ্গে এসব নম্বর পরিবর্তন করা হয়ে থাকে। চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগের মাধ্যমে এসব এমএফএস নম্বর ও ব্যাংক হিসাব সংগ্রহ করে। পরবর্তীতে টেলিগ্রামসহ যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংগৃহীত নম্বর ও হিসাবের তথ্য বেটিং সাইট পরিচালনাকারীদের কাছে সরবরাহ করা হয়। এসব হিসাব ও নম্বর ব্যবহার করে দেশের নানা স্থান থেকে অনলাইন জুয়ার অর্থ লেনদেন করা হয়।এছাড়াও বিভিন্ন স্থান থেকে অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে সংগৃহীত অর্থ সংশ্লিষ্ট এজেন্টরা একত্রিত করে কমিশন রেখে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর এবং ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের পর দেশের বাইরে পাচার করে থাকে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।এ ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন মডেল (ডিএমপি) থানায় মামলা নং- ২৪, তারিখ- ১৯/০৫/২০২৬ খ্রি., ধারা- সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২০(২)/২১(২)/২৪(২)/২৭(২) রুজু করে। প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে, অনলাইন বেটিং চক্রটি দেশের বিভিন্ন প্রান্তে এজেন্ট ও এমএফএস/ব্যাংক হিসাব ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে মর্মে সত্যতা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন বেটিং ও জুয়া পরিচালনাকারী চক্রের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছে বলে জানা গেছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন, সিম কার্ড, ব্যাংক হিসাব ও চেকবইসহ জব্দকৃত আলামতের ফরেনসিক ও কারিগরি বিশ্লেষণের মাধ্যমে অনলাইন বেটিং কার্যক্রমের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা, আর্থিক লেনদেনের ধরন, চক্রের অন্যান্য সদস্য এবং অর্থের সম্ভাব্য গতিপথ সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিট। এ চক্রের সঙ্গে দেশের বাইরে অবস্থানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো ধরনের যোগসূত্র রয়েছে কি না এবং অবৈধভাবে লেনদেনকৃত অর্থ দেশের বাইরে পাচার করা হচ্ছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার তদন্তে অনলাইন বেটিং সাইটগুলোর পরিচালনাকারী, এজেন্ট, অর্থ লেনদেনে ব্যবহৃত এমএফএস ও ব্যাংক হিসাবের মালিক এবং চক্রটির দেশি-বিদেশি অন্যান্য সহযোগীদের শনাক্তে কার্যক্রম অব্যাহত রয়েছে।উক্ত কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের PSD Circular No-07, তারিখ- ২৮/০৫/২০২৫ খ্রি. অনুযায়ী অনলাইন জুয়া কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হলেও সংশ্লিষ্ট চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।সিআইডি দেশের জনগণকে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে অনলাইন বেটিং বা জুয়ার নামে কোনো ব্যক্তি বা চক্রের মাধ্যমে অর্থ লেনদেন না করার এবং এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

  • রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল

    রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল

    বিদ্যুৎ সাশ্রয় এবং সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করতে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে চাপ কমাতে আলোকসজ্জা ও নির্দিষ্ট সময়ের মধ্যে বিলবোর্ড বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তার মাধ্যমে এই নতুন সিদ্ধান্ত জানানো হয়।এর আগে বিদ্যুৎ বিভাগের গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী মার্কেট খোলা রাখার সময় রাত ৯টা পর্যন্ত নির্ধারিত থাকলেও, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে চলমান বা অনুষ্ঠিতব্য সব ধরনের মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যেই আবশ্যিকভাবে শেষ করতে হবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং সব ধরনের আলোকসজ্জা বা লাইটিং সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।তবে জরুরি সেবা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো এই নতুন সময়সীমার আওতাভুক্ত হবে না। এর মধ্যে রয়েছে খাবারের হোটেল ও রেস্তোরাঁ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি এবং অন্যান্য জরুরি ওষুধ ও চিকিৎসাসংশ্লিষ্ট দোকান। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমাতে এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতেই সরকার এই সময়োপযোগী ও পদক্ষেপ গ্রহণ করেছে। বিদ্যুৎ বিভাগ থেকে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতি ও কর্তৃপক্ষকে সরকারি এই সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।