Blog

  • রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ

    রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ

    দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। সময়সীমা অতিক্রমের পর নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।

    প্রার্থী পদ প্রত্যাহার না হলে আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্ধারিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা গোপনীয় ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণ শেষে বিকেল ৫টা থেকে গণনা শুরু হবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে প্রাপ্ত বৈধ ভোট ও বিজয়ী প্রার্থীর নাম সিইসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এবং পরবর্তীতে সচিবালয় থেকে চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

    এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ মাঠে রয়েছেন। গত ১৬ আগস্ট ইসি তাঁদের দুজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

    উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় শূন্য পদাভিষিক্ত করতে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের এ প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।

  • বিশ্ব বাজারে  আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

    বিশ্ব বাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট)

    আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’-এর ফিউচারস মূল্য প্রতি ব্যারেলে ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯১.১৪ ডলারে পৌঁছায়, যা গত জুলাইয়ের পর সর্বোচ্চ স্তরে পৌঁছাল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪২ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৮৫.০৪ ডলারে বিক্রি হয়। দিনের শুরুতেই এর দাম ১ শতাংশের বেশি বেড়ে সর্বোচ্চ ৮৫.৩৭ ডলার পর্যন্ত উঠেছিল।

    বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধ বা শান্তি চুক্তি সংক্রান্ত আলোচনা সফল না হওয়াতেই বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। তেহরানের পক্ষ থেকে কঠোর ও আক্রমণাত্মক নীতি অনুসরণের ঘোষণা এবং ওয়াশিংটনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে অস্বীকৃতির ফলে দু’দেশের বৈরী অবস্থান চরম আকার ধারণ করেছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি বাজারে।

  • লালমনিরহাটে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

    লালমনিরহাটে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

    লালমনিরহাটে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক*
    লালমনিরহাট,প্রতিনিধি

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৫ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আফরোজা বেগম (১৮)।

     

    সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে স্বামীর বাড়ির উঠান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ঢাকার গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় আফরোজার মৃত্যু হয়। এরপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লাশ বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায়।

     

    নিহত আফরোজা বেগম নিথক গ্রামের দীন ইসলামের (২৪) স্ত্রী। তার বাবার বাড়ি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামে। তার বাবার নাম আলফেস আলী।

    পুলিশ জানায়, প্রায় এক বছর আগে আফরোজার সঙ্গে দীন ইসলামের বিয়ে হয়। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ

    চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ

    _বালু উত্তোলন, ঘাট ইজারা ও কুলিদের কাছ থেকে মাসিক চাঁদা আদায়, প্রতিবাদ করায় দোকান উচ্ছেদ_

    *চিলমারী [কুড়িগ্রাম]:* ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চিলমারী নৌ-বন্দর এখন পরিণত হয়েছে চাঁদাবাজি ও দুর্নীতির অভয়ারণ্যে। বিআইডব্লিউটিএ চিলমারী শাখার *সহকারী পোর্ট অফিসার পুতুল চন্দ্র রায়/বর্মন* এর বিরুদ্ধে নদী থেকে বালু উত্তোলন, ঘাট ইজারা, বালগেট ও দিনমজুর কুলিদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।পাশাপাশি তিনি হাসিনার আস্থাভাজন ও ঢাকা ছাত্রলীগের সাবেক নেতা।

    স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অর্ডার দিয়ে থাকেন এবং এর বিনিময়ে মোটা অংকের টাকা ঘুষ গ্রহণ করেন। চিলমারী থেকে জোরগাছ পর্যন্ত সকল ঘাট পয়েন্টের মাঝি, নৌ-শ্রমিক ও বালগেট থেকে প্রতিদিন চাঁদা আদায় করা হচ্ছে। ঘাট ইজারার নামেও লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

    সবচেয়ে বেশি ভুক্তভোগী চিলমারী রমনা ঘাটের নিম্ন আয়ের মানুষ। অভিযোগ রয়েছে, কুলি, পান-চায়ের দোকানদারসহ ছোট ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে মোটা অংকের চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তাদের দোকান উচ্ছেদ করে দেওয়া হয়। ফলে অনেক গরিব পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বলেন, “পুতুল চন্দ্র রায় নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখান। তার ভয়ে কেউ মুখ খুলতে পারে না।”

    এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়রা বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং অভিযুক্ত কর্মকর্তাকে দ্রুত চিলমারী থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

    *বিআইডব্লিউটিএর বক্তব্য:* এ বিষয়ে বিআইডব্লিউটিএ চিলমারী শাখার সহকারী পোর্ট অফিসার পুতুল চন্দ্র রায়/বর্মন এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।প্রতিবেদকের সঙ্গে উচ্চ বাক্য ব্যবহার করেন।

    *প্রশাসনের বক্তব্য:* কুড়িগ্রাম জেলা প্রশাসক বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • বিআইডব্লিউটিএ চিলমারী শাখায় পাইলটের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও দাপ্তরিক অনিয়মের অভিযোগ

    বিআইডব্লিউটিএ চিলমারী শাখায় পাইলটের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও দাপ্তরিক অনিয়মের অভিযোগ

    অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চিলমারী শাখার নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের কর্মরত পাইলট মোঃ ওহিদুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, আর্থিক অনিয়ম, সরকারি সম্পদের অপব্যবহার এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    অভিযোগকারীদের দাবি, মোঃ ওহিদুল ইসলাম ০৫-০৬-২০০৬ ইং তারিখে বিআইডব্লিউটিএতে মার্কম্যান পদে (কোড নং- ও/৯৬) যোগদান করেন। পরবর্তীতে তিনি নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পাইলট পদে দায়িত্বপ্রাপ্ত হলেও দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে নিম্নমান সহকারীর দায়িত্ব পালন করে আসছেন। তাদের দাবি, তিনি প্রশাসনিক বিধি উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এ দায়িত্ব ধরে রেখেছেন।

    সিবিএ পদ ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ

    অভিযোগ অনুযায়ী, ২০১৬ সাল থেকে তিনি বিআইডব্লিউটিএ কেন্দ্রীয় আওয়ামী লীগ-সমর্থিত সিবিএ সংগঠন (রেজিঃ নং-২১৭৬) এর সিরাজগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই পদ ব্যবহার করে তিনি কর্মকর্তা-কর্মচারীদের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগকারীদের বক্তব্য।

    বদলি বাণিজ্য ও ডিউটি পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়

    ভুক্তভোগীদের অভিযোগ, তিনি কর্মচারীদের বদলি করিয়ে দেওয়া, নৌপথে মার্কিং কাজের নৌকার এক বছরের ডিউটি পাইয়ে দেওয়ার আশ্বাস এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা প্রদানের কথা বলে হাজার হাজার টাকা আদায় করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে হয়রানি ও দাপ্তরিক জটিলতা সৃষ্টি করা হতো।

  • দেশে বিভ্রান্ত রুখতে জনগণকে ঐক্যবদ্ধ রাখার ডাক; প্রধানমন্ত্রীর।

    দেশে বিভ্রান্ত রুখতে জনগণকে ঐক্যবদ্ধ রাখার ডাক; প্রধানমন্ত্রীর।

    ১৭ আগস্ট ২০২৬ সোমবার — যারা দেশে বিভ্রান্তি ও গুজব ছড়াচ্ছে তাদের ব্যাপারে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীত বিবেচনায় নিয়ে এদের নজরদারিতে রাখতে হবে।

    রবিবার বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “দেশে অনেক বিভ্রান্তকারী ও রটনাকারী রয়েছে। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এরা অতীতে কী করেছে সেটা দেখে ভবিষ্যতে কী করছে সেদিকেও নজর রাখতে হবে। দেশকে স্থিতিশীল রাখতে হলে কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেওয়া যাবে না।”

    তিনি আরও বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ, ৮৬, ৯৬ এবং বিগত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে যাদের কোনো ভূমিকা ছিল না, তারাই আজ সংস্কারের নামে বড় বড় কথা বলছে। বিএনপিই ২০২২ সালে প্রথম রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছে। এর আগে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সংস্কারের প্রস্তাব এসেছে।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জেলার নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান করেন। অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদানের চেক এবং একজন প্রতিবন্ধীকে চাকরির নিয়োগপত্রও তুলে দেন।

    তিনি বলেন, “নারীদের পেছনে ফেলে কোনো দেশ এগোতে পারে না। নারীদের আত্মনির্ভরশীল করতে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। নারীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে।”

    কৃষকের কল্যাণে কৃষক কার্ড প্রবর্তন ও ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেচ সংকট দূর করতে দেশব্যাপী ২৫০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে

    শিক্ষার্থীদের শুধু সার্টিফিকেট নয়, খেলাধুলা, সংস্কৃতি ও ভাষায় দক্ষ করে গড়ে তোলার কথা বলেন তিনি। শহীদ জিয়ার ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা পুনরায় চালুর ঘোষণা দেন।

    স্বৈরাচারের সময় বঞ্চিত ১ লাখ ২৩ হাজার শিক্ষকের অবসর ভাতার জটিলতা নিরসনের কথাও জানান প্রধানমন্ত্রী।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং সংসদ সদস্য ফজলুর রহমান, মাজহারুল ইসলাম ও জালাল উদ্দীন।

  • ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ইসি সচিব

    ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ইসি সচিব

    আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি দেখতে জাতীয় সংসদ ভবনের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

    সোমবার ইসি কর্মকর্তারা জানান, সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্থাপিত ভোটকেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। এসময় তার নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

    ইসি জানায়, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোটাররা ব্যালটে স্বাক্ষর করে তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে।

    মোট ৩৪৯টি ভোটের মধ্যে বৈধ ভোট এবং প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর সচিবালয়ে গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

    তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সেদিনের পর একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট ভোট হবে।

    এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ, প্রধানমন্ত্রীকে রিয়াদ সফরের আমন্ত্রণ

    সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ, প্রধানমন্ত্রীকে রিয়াদ সফরের আমন্ত্রণ

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

    ১৭ আগস্ট সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ। এসময় তিনি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন।

  • ভঙ্গুর রাষ্ট্র টিকিয়ে ১৮০ দিন পার করাই সরকারের সবচেয়ে বড় সাফল্য

    ভঙ্গুর রাষ্ট্র টিকিয়ে ১৮০ দিন পার করাই সরকারের সবচেয়ে বড় সাফল্য

     

     

    বিগত সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েও রাষ্ট্রকে স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারাই বর্তমান সরকারের সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

    সোমবার সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

    অতিরিক্ত প্রেস সচিব বলেন, “আজ বর্তমান সরকারের ১৮০ দিন পূর্ণ হলো। বিগত স্বৈরাচারী সরকার দেশকে যে ভঙ্গুর ও জঞ্জালপূর্ণ অবস্থায় রেখে গিয়েছিল, সেই প্রতিকূলতার মধ্যেও সরকার স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনা করছে। এটিই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

    সভা শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী ও উপদেষ্টারা।

  • গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি

    গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি

    গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে গোপালগঞ্জ টু ঢাকা রুটের ট্রেন সার্ভিসের সময়সূচি পরিবর্তনের দাবি উঠেছে । বর্তমানে প্রচলিত সময়সূচি অনেক যাত্রী, বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের জন্য পুরোপুরি সুবিধাজনক নয়।
    গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি যদি সকাল ৬টা/৭টার দিকে ছেড়ে যায় এবং ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রাত ৮টা/৯টার দিকে ফিরতি ট্রেন চালু করা হয়, তাহলে সাধারণ যাত্রীদের জন্য এটি অনেক বেশি সুবিধাজনক হবে। এতে যাত্রীরা সকালে ঢাকায় পৌঁছে দিনের গুরুত্বপূর্ণ কাজ শেষ করে একই দিনে গোপালগঞ্জে ফিরে আসার সুযোগ পাবেন।
    বর্তমান সময়ে অনেক মানুষকে ঢাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, আদালত, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য জরুরি কাজে যেতে হয়। উপযুক্ত সময়সূচি না থাকায় অনেককেই অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়। সময় পরিবর্তন করা হলে একদিকে যেমন যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে গোপালগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে।
    বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গোপালগঞ্জ টু ঢাকা রুটের ট্রেনের সময়সূচি পুনর্বিবেচনার জোর দাবি জানানো হচ্ছে।
    গোপালগঞ্জবাসীর প্রত্যাশা-সময়োপযোগী ট্রেন, সহজ যাতায়াত এবং মানুষের ভোগান্তির অবসান। গোপালগঞ্জে ব্যবসায়ীরা বলেন, গোপালগঞ্জে সাপ্তাহিক বন্ধ শনিবার তাই ট্রেনের সাপ্তাহিক বন্ধটা শুক্রবার না দিয়ে শনিবার দিলে ব্যবসায়ীদের ঢাকা গিয়ে মার্কেট করে আসা অনেক সুবিধা হবে।
    দাবি একটাই…
    গোপালগঞ্জ টু ঢাকা ট্রেনের সময়সূচি ও সাপ্তাহিক বন্ধ শনিবার পরিবর্তন করা হোক।