Blog

  • কুমিল্লায় ঘরে ঢুকে নারীকে নৃশংসভাবে হত্যা, মাথায় গুরুতর আঘাত

    কুমিল্লায় ঘরে ঢুকে নারীকে নৃশংসভাবে হত্যা, মাথায় গুরুতর আঘাত

    কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামের এক গৃহকর্ত্রীকে কপাল ও মাথায় হাতুড়িপেটা করে হত্যা করা হয়েছে।
    নিহত বীনা বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীলবাড়ির দিলীপ কুমার রায়ের স্ত্রী।
    সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দিলীপ কুমার রায় স্থানীয় একটি দোকানে ছিলেন।
    সন্ধ্যা পূজা শেষে বীনা রানী ঘরে একা বসে টেলিভিশন দেখছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে কপাল ও মাথায় এলোপাতাড়ি আঘাত করে।
    পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
    ইউপি চেয়ারম্যান নূরে আলম জানান, জমি নিয়ে বিরোধের জেরে পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
    চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান জানান, নিহতের মাথায় ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
    ধারণা করা হচ্ছে, হাতুড়ি দিয়ে অথবা দেয়ালে মাথা ঠুকে তাঁকে আঘাত করা হয়েছে।
    লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের সনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
  • চিলমারীতে ১০ মাস ধরে শহীদ মিনারে কোমলমতি শিশুদের ক্লাস

    চিলমারীতে ১০ মাস ধরে শহীদ মিনারে কোমলমতি শিশুদের ক্লাস

    কুড়িগ্রামের চিলমারীতে পরিত্যক্ত ঘোষণা করে পুরাতন ভবন ভেঙে ফেলার পর দীর্ঘ ১০ মাস পার হলেও নতুন ভবন নির্মাণ হয়নি। ফলে বিকল্প শ্রেণীকক্ষের অভাবে তীব্র রোদে শহীদ মিনারের বেদি, টিনের ছাপড়া ও খোলা আকাশের নিচে ক্লাস করতে বাধ্য হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।

    ঘটনাটি উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ এলাকায় অবস্থিত খরখরিয়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ১৯৯০ ও ২০০৫-০৬ অর্থবছরে নির্মিত দুটি ভবনের মধ্যে জরাজীর্ণ ভবনটিকে ২০২৫ সালে পরিত্যক্ত ঘোষণা ও নিলামের মাধ্যমে ভেঙে ফেলা হয়। এরপর থেকেই ১৮১ জন শিক্ষার্থীর পাঠদান চরম ব্যাহত হচ্ছে।

    বর্তমানে ২০০৫ সালে নির্মিত ভবনের একটি কক্ষে অফিস কক্ষ এবং অন্যটিতে ৫ম শ্রেণীর ক্লাস চলছে। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় বাকি শ্রেণীর শিশুদের গাদাগাদি করে অস্থায়ী টিনের ছাপড়ায় বসে ক্লাস করতে হচ্ছে।

    গরমের তীব্রতার পাশাপাশি কিছুদিন আগে বাতাসে টিন খুলে পেড়ায় শিক্ষার্থীরা দুর্ঘটনার মুখোমুখিও হয়েছিল। অন্যদিকে শিশু শ্রেণীর পাঠদান চালাতে হচ্ছে সরাসরি শহীদ মিনারের বেদিতে।

    নতুন ভবনের অর্থায়ন বা অনুমোদন নিশ্চিত না করেই কেন ভবন ভেঙে ফেলা হলো—এ নিয়ে চরম ক্ষোভ ও প্রশ্ন প্রকাশ করেছেন অভিভাবকরা।

    সহকারী শিক্ষক আয়েশা আক্তার ও প্রধান শিক্ষক মো. নুর মোস্তফা জানান, বিকল্প কক্ষ না থাকায় প্রতিকূল আবহাওয়ায় শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা ও স্বাভাবিক পাঠদান পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।

    এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান জানান, নতুন ভবনের প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং সাময়িকভাবে ঘর নির্মাণের জন্য তিন লাখ টাকা বরাদ্দের প্রক্রিয়া চলছে।

    অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী বলেন, পিইডিপি-৪ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বরাদ্দ পেতে দেরি হয়েছে। পরবর্তী পিইডিপি-৫ প্রকল্প চালু হলে অগ্রাধিকার ভিত্তিতে নতুন ভবনের বরাদ্দ পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

  • ১৬ ডিসেম্বরেই থার্ড টার্মিনাল চালুর বিষয়ে আশাবাদী বিমানমন্ত্রী

    ১৬ ডিসেম্বরেই থার্ড টার্মিনাল চালুর বিষয়ে আশাবাদী বিমানমন্ত্রী

    আগামী ১৬ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

    মঙ্গলবার (১৮ আগস্ট) প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)’ আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

    কর্মশালায় বিমানমন্ত্রী বলেন, “বিগত সরকার থার্ড টার্মিনালটিকে অত্যন্ত বাজে অবস্থায় রেখে গিয়েছিল এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারও এতে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি।

    তবে আমরা চলতি বছরের মধ্যেই এটি চালুর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

    বর্তমানে আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের।”

    এ ছাড়া মন্ত্রী আরও জানান, সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাইলট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশে একটি নতুন ফ্লাইং একাডেমি চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার।

  • পশ্চিমবঙ্গে জোড়া নেতা খুনে চড়ছে রাজনীতির পারদ, অধরা মাস্টারমাইন্ড

    পশ্চিমবঙ্গে জোড়া নেতা খুনে চড়ছে রাজনীতির পারদ, অধরা মাস্টারমাইন্ড

    পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় এক প্রভাবশালী কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য পুলিশকে সতর্ক বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। একই সঙ্গে নিহতের পরিবারকে নিরাপত্তা ও পুরো ঘটনার সিবিআই (CBI) কিংবা আদালতের নজরদারিতে তদন্তের দাবি জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো।

    শনিবার রাতের এই রক্তক্ষয়ী ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক ক্ষোভ তৈরি হয়।

    হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ভূমিকা থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে স্থানীয় রাজনৈতিক শাসকদলের কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

    স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও পুরনো শত্রুতার জেরেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে।

    এদিকে, একই সময়ে রাজ্যের অন্য প্রান্তে বিরোধী দলের কর্মী-সমর্থকদের ওপর একের পর এক হামলা ও মৃত্যুর ঘটনা প্রশাসনিক ব্যর্থতাকে কাঠগড়ায় তুলেছে।

    বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্ত তাণ্ডব ও সংঘাতের খবরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।

    সামাজিক যোগাযোগমাধ্যমেও সরকারের আইনশৃঙ্খলা রক্ষা ক্ষমতা নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা।

    যদিও শাসক শিবিরের দাবি, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

    তবে বিরোধী শিবির একে পরিকল্পিত ‘রাজনৈতিক সহিংসতা’ আখ্যা দিয়ে অবিলম্বে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের জোর দাবি তুলেছে।

  • দলের দুঃসময়ে নিবেদিতপ্রাণ নেতা মাসুদ সরকার

    দলের দুঃসময়ে নিবেদিতপ্রাণ নেতা মাসুদ সরকার

    ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানাধীন ৭ নং ওয়ার্ড, মানিকনগরের স্থায়ী বাসিন্দা মাসুদ সরকার ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়। তৃণমূলকে সুসংগঠিত করতে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামে তিনি ছিলেন প্রথম সারির কাতারে।

     

    তার দীর্ঘ রাজনৈতিক পথচলায় রয়েছে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব: রাজীব-আকরাম কমিটির সাবেক সহকারী সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য (মজনু-হাবিব কমিটি)
    ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল থানার সাবেক সহ-সভাপতি ও সাবেক সহ-সাধারণ সম্পাদক
    মুগদা ও মতিঝিল থানার ৭ নং ওয়ার্ড (সাবেক ৩০ নং) ছাত্রদলের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি ও সাংগঠনিক সম্পাদক। পূর্ব মানিকনগর ইউনিট ছাত্রদলের সাবেক সভাপতি
    বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য (৩০ নং ওয়ার্ড) এবং ৭ নং ওয়ার্ড বিএনপির একজন সক্রিয় নেতা

     

     

    কারাবাস ও ত্যাগের ইতিহাস
    মাসুদ সরকারের রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের দীর্ঘ অধ্যায়। ১৯৯৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দলের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তাকে লড়তে হয়েছে অন্তত ৩০টি রাজনৈতিক মামলার বিরুদ্ধে।

    প্রথম গ্রেপ্তার, ৩ মাস কারাবাস পুনরায় গ্রেপ্তার, ৩ মাস কারাদণ্ড
    মানিকনগর বিশ্বরোড থেকে গ্রেপ্তার, ৪ মাস কারাগারে
    লা মেরিডিয়ান হোটেলের সামনে থেকে গ্রেপ্তার, সাড়ে ৩ মাস কারাবাস
    ২০১৯ সালের ১২ অক্টোবর*: জনসভা থেকে গ্রেপ্তার
    ২০২৪ সালের ২৮ অক্টোবর*: বায়তুল মোকাররম এলাকা থেকে সর্বশেষ গ্রেপ্তার

     

     

    বারবার গ্রেপ্তার, নির্যাতন আর জেল-জুলুমও তার আদর্শিক দৃঢ়তাকে টলাতে পারেনি।

    রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে তার পরিবারও। বড় দুই ভাইয়ের নামে ৬টি মামলা দেওয়া হয়। দুইবার সশস্ত্র হামলার শিকার হয় পরিবার। এর মধ্যে এক হামলায় তার বড় ভাই আনোয়ারুল ইসলাম সরকার ফারুক গুরুতর আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন।
    ত্যাগী এই নেতা বিশ্বাস করেন, দুঃসময়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন, তাদের মূল্যায়নের মাধ্যমেই দল আরও শক্তিশালী হবে। দলের সংকটে, মিছিলে কিংবা কর্মীদের পাশে—সবখানেই তিনি রেখেছেন নিজের উপস্থিতি।

    মো: শহিদুল ইসলাম সরকার (মাসুদ সরকার) আজ ত্যাগ, আত্মোৎসর্গ ও নিঃস্বার্থ ভালোবাসার এক উদাহরণ। রাজপথের এই নিবেদিতপ্রাণ কর্মী ভবিষ্যতেও তৃণমূলের শক্তি হয়ে বিএনপির আন্দোলনকে এগিয়ে নিতে বদ্ধপরিকর।

     

  • জেলা প্রশাসকের কাছে পড়ে জিপিএ-৫ পেয়ে চমক দেখাল সাদিয়া

    জেলা প্রশাসকের কাছে পড়ে জিপিএ-৫ পেয়ে চমক দেখাল সাদিয়া

    পড়ার কোনো নির্দিষ্ট টেবিল ছিল না। কখনো বিছানায়, আবার কখনো মায়ের সেলাই মেশিনের ওপর বই রেখে চালাতে হতো পড়ালেখা। বাড়িতে যাতায়াতের জন্য ছিল না কোনো পাকা রাস্তা—প্রতিবেশীর লিচুবাগানের সরু পথ পেরিয়ে পৌঁছাতে হতো টিনের ছাপড়া ঘরে।

    তবে চরম আর্থিক অনটন ও নানা সীমাবদ্ধতা দমিয়ে রাখতে পারেনি দিনমজুরের মেয়ে সাদিয়া আফরিনকে। সব বাধা পেরিয়ে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে সে।

    দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর সরকারপাড়ার চালকল শ্রমিক মো. সেলিম ও গৃহিণী আরফা বেগম দম্পতির তিন মেয়ের মধ্যে সাদিয়া সবার বড়।

    কাদের বকস মেমোরিয়াল হাই স্কুল থেকে একমাত্র সাদিয়া-ই এবার জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।

    সাদিয়ার এই বিরল সাফল্যে পরিবারসহ পুরো গ্রামজুড়ে আনন্দের বন্যা বইছে।

    তবে এই অর্জনের পেছনে রয়েছে এক অভাবনীয় গল্প।

    গত বছরের জুলাইয়ে সাদিয়ার পড়াশোনার খরচের জন্য জেলা প্রশাসকের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছিলেন তার মা।

    সেখান থেকেই শুরু হয় সাদিয়ার জীবন পরিবর্তনের নতুন অধ্যায়।

    দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম শুধু আর্থিক সহায়তাই দেননি, বরং নিজ দায়িত্বে নেন সাদিয়ার পড়াশোনার তদারকির ভার।

    প্রতি বুধবার গণশুনানির দিন জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে সপ্তাহের পড়া দেওয়া এবং নতুন পড়া নেওয়া সাদিয়ার নিয়মে পরিণত হয়।

    দীর্ঘ এক বছর ধরে জেলা প্রশাসক অত্যন্ত নিবিড়ভাবে তার পড়াশোনার তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। নিয়মিত এই হোমওয়ার্ক ও তদারকির ফল মিলল এসএসসি পরীক্ষার ফলাফলে।

    মেয়ের এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত সাদিয়ার বাবা-মা। সাদিয়ার মা আরফা বেগম বলেন, “ডিসি স্যার শুধু টাকা দিয়ে সাহায্য করেননি, নিজের মেয়ের মতো পড়া নিয়েছেন ও খোঁজখবর রেখেছেন।”

    ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে সরকারি চাকরি করার স্বপ্ন সাদিয়ার।

    দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম সাদিয়ার এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়ে বলেন, “মেয়েটিকে একটি চ্যালেঞ্জ দিয়েছিলাম, সে নিষ্ঠার সাথে রুটিন মেনে হোমওয়ার্ক সম্পন্ন করেছে। সাদিয়ার মতো হাজারো মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।”

  • কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে আনল দমকল

    কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে আনল দমকল

    ভারতের কলকাতার ঐতিহ্যবাহী নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক (দমদম) বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    মঙ্গলবার (১৮ আগস্ট) বিমান বন্দরটির এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

    ঘটনাসূত্রে জানা যায়, এটিসি ভবনের তিনতলা থেকে হঠাৎ আগুনের ফুলকি বের হতে দেখেন বিমানবন্দরে কর্মরত কর্মীরা।

    কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকলে চারপাশের কর্মীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    অবস্থা বেগতিক দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

    সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, খবর পাওয়ার পরপরই বিমানবন্দরে নিয়োজিত দমকলের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

    তবে আগুনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

    ফায়ার সার্ভিসের কর্মীদের তিন ইঞ্জিনের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

    তবে বিমানবন্দরের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগায় সাময়িকভাবে চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

    বিমানবন্দর সূত্রে জানা গেছে, সদ্য পার হওয়া স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এটিসি ভবনটিতে তেরঙ্গা রঙের টুনি লাইট দিয়ে আলোকসজ্জা করা হয়েছিল, সেখান থেকেই হয়তো কোনো ত্রুটি ঘটে থাকতে পারে।

  • যেকোনো সংস্করণেই বাংলাদেশের হয়ে বিশ্বকাপ ছুতে চান হাসান

    যেকোনো সংস্করণেই বাংলাদেশের হয়ে বিশ্বকাপ ছুতে চান হাসান

    অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ঐতিহাসিক জয়ে দারুণ আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ ক্রিকেট দল।

    দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের হারিয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা

    স্মরণীয় এই জয়ে বল হাতে দুর্দান্ত ভূমিকা রেখেছেন তারকা পেসার হাসান মাহমুদ; ম্যাচে দুই ইনিংস মিলিয়ে প্রতিপক্ষের ৯টি উইকেট শিকার করেন তিনি।

    সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই জয়কে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য হিসেবে উল্লেখ করেছেন হাসান মাহমুদ।

    তিনি বলেন, “অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠে জয় পাওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই স্বপ্নপূরণের মতো অনুভূতি।

    সফরে পৌঁছানোর পর থেকেই পুরো দল কঠোর পরিশ্রম করেছে এবং প্রতিটি সেশনে নিজেদের শতভাগ দেওয়ার চেষ্টা করেছে।”

    হাসানের মতে, কৌশলগত সঠিক প্রস্তুতি ও নিবিড় অনুশীলনই টাইগারদের এই ঐতিহাসিক সাফল্যের মূল চাবিকাঠি।

  • নির্বাচনী বিলবোর্ডে এরদোয়ান-মামদানির ছবি: কী বার্তা দিচ্ছেন নেতানিয়াহু?

    নির্বাচনী বিলবোর্ডে এরদোয়ান-মামদানির ছবি: কী বার্তা দিচ্ছেন নেতানিয়াহু?

     ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির এক নির্বাচনী প্রচারের বিলবোর্ড ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

    তেল আবিবের কেন্দ্রস্থলে স্থাপিত ওই বিলবোর্ডে ইরান ও হিজবুল্লাহ নেতাদের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানির ছবি ব্যবহার করা হয়েছে।

    বিলবোর্ডে মামদানি ও এরদোয়ানের পাশে রাখা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহপ্রধান নাইম কাসেমের ছবি।

    লিকুদ পার্টির প্রতীকসংবলিত এই বিলবোর্ডে লেখা রয়েছে—‘তারা চান নেতানিয়াহু হেরে যান… তাদের জিততে দেবেন না।’

    গত রোববার নেতানিয়াহু নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বিলবোর্ডের ছবি ও একটি ভিডিও পোস্ট করেন।

    সেখানে তিনি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে উল্টো ‘যুদ্ধাপরাধী’ বলে আখ্যা দেন এবং তার বিরুদ্ধে সমাজে বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ তোলেন।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে কট্টরপন্থীদের ভোট টানতেই এমন কৌশল নিয়েছেন নেতানিয়াহু।

    ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এটিই ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন।

    সাম্প্রতিক জনমত জরিপগুলোয় নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের পিছিয়ে থাকার আভাস মেলায় তিনি এ ধরনের আক্রমণাত্মক প্রচার চালাচ্ছেন।

    উল্লেখ্য, জোহরান মামদানি শুরু থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসনের কড়া সমালোচনা করে আসছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাভুক্ত নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের হুঁশিয়ারিও দিয়েছিলেন মামদানি।

    জবাবে নেতানিয়াহু দাবি করেন, প্রগতিশীল ডেমোক্র্যাটদের কারণে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি দ্বিদলীয় রাজনৈতিক সমর্থন হুমকির মুখে পড়েছে।

    তবে যুক্তরাষ্ট্রের জনমত জরিপ অনুযায়ী, মার্কিন ইহুদি সম্প্রদায়ের মধ্যে নেতানিয়াহুর চেয়ে মামদানির গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বেশি।

    এমন এক সময়ে নেতানিয়াহু ও মামদানির এই দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ হলো, যখন গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আলোচনা অচলাবস্থায় পড়েছে।

    নেতানিয়াহুর এই বিতর্কিত প্রচারের বিষয়ে জোহরান মামদানির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

  • রাজধানীতে ‘মহিলা বাস সার্ভিস’: রুট ও বিস্তারিত তথ্য

    রাজধানীতে ‘মহিলা বাস সার্ভিস’: রুট ও বিস্তারিত তথ্য

    সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষমতা গ্রহণের ছয় মাসের মাথায় নারীদের জন্য স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন ব্যবস্থা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন রুটে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হয়েছে।

    পর্যায়ক্রমে এ সার্ভিসের পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি)।

    মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

     

    বিআরটিসি সূত্র জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সংযুক্ত করে এসব বাসের রুট নির্ধারণ করা হয়েছে।

    বিআরটিসি সূত্র বলছে, মোট ১০টি ডিপোতে বিআরটিসির গোলাপি রঙের এই মহিলা বাস থাকবে।

    যে ১০টি ডিপো থেকে এ বাসগুলো ছেড়ে যাবে সেগুলো হচ্ছে- মতিঝিল বাস ডিপো, যাত্রাবাড়ী বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপো, মিরপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, জোয়ারসাহারা বাস ডিপো, গাজীপুর বাস ডিপো, বগুড়া বাস ডিপো এবং চট্টগ্রাম বাস ডিপো।

     

     

    যেসব স্টপেজে বাস থামবে : বাসগুলো যে স্টপেজগুলোতে যাত্রী তুলবে সেগুলো হলো- নতুন বাজার  (কোকাকোলা)-মতিঝিল রুটে কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান। তালতলা-মতিঝিল রুটে বাস থামবে- তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেল স্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয়ে।

    ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে বাস থামবে- ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারী (বলধা গার্ডেন), গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবনে।

    মিরপুর ১০-মতিঝিল রুটে বাস থামবে- মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন, মতিঝিলে। মিরপুর-মতিঝিল রুটে বাস যাত্রী তুলবে- মিরপুর ১২, মিরপুর ১০, মিরপুর ১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল থেকে। মিরপুর ১২-মতিঝিল রুটে বাস থামবে- মিরপুর ১২, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিলে।

    নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস থামবে- চাষাঢ়া, শিবুমার্কেট, স্টেডিয়াম, ঝালকুড়ি, ভূইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিলে। মোহাম্মদপুর-মতিঝিল রুটে বাস থামবে- মোহাম্মদপুর, শংকর, ঝিগাতলা, ধানমন্ডি ১৫

     

    , সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুরে। আবদুল্লাহপুর-মতিঝিল রুটে যাত্রী উঠানো হবে- আবদুল্লাহপুর, আযমপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্যভবন, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল থেকে। গাজীপুর-বিমানবন্দর রুটে বাস থামবে- গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আবদুল্লাহপুর, আযমপুর ও বিমানবন্দরে।

     

    রাজধানীর বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালী রুটে বাস থামবে- আরডিএ স্কুল-নয়মাইল মোড়-শাজাহানপুর উপজেলা গেট-বি-ব্লক-মাঝিড়া-বনানী-সাতমাথা-মহিলা কলেজ-মাটিডালীতে। আর কালুরঘাট-পতেঙ্গা রুটে যাত্রী ওঠানো হবে- কালুরঘাট-কাপ্তাই রাস্তার মাথা-বহদ্দারহাট-মুরাদপুর ২ নম্বর গেট-জিইসি মোড়-লালখানবাজার-টাইগারপাস-দেওয়ানহাট-চৌমুহনী-আগ্রাবাদ-বারেক বিল্ডিং-ফ্রিপোর্ট-কাঠগড়-পতেঙ্গায়।