Blog

  • দেশজুড়ে পল্লী বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি

    দেশজুড়ে পল্লী বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি

    লোডশেডিং বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে হামলার আশঙ্কায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দেয়া হয়েছে।জ্বালানি সংকটে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে হামলার আশঙ্কায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দেয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক বরাবর এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।এতে বলা হয়, দেশে বর্তমানে জ্বালানি সংকট ও তীব্র তাপদাহর কারণে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন ব্যহত হওয়ায় সরবরাহ কম হচ্ছে। ফলে সারা দেশে বিশেষ করে, গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অত্যধিক লোডশেডিংয়ের কারণে জনরোষ বৃদ্ধি পাচ্ছে এবং কিছু কিছু জায়গায় বিদ্যুৎ উপকেন্দ্র অফিসগুলো হামলা শিকার হচ্ছে।

    চিঠিতে আরও বলা হয়, দেশে ৫ কোটি ২০ হাজার গ্রাহকের মধ্যে প্রায় ৪ কোটি গ্রাহককে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সেবা দিয়ে থাকে, যা মোট গ্রাহকের ৮০ ভাগ এবং উৎপাদিত বিদ্যুতের প্রায় ৬০ ভাগ বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন। পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ উৎপাদন করে না। চাহিদার প্রেক্ষিতে উৎপাদিত বিদ্যুতের বরাদ্দ অনুযায়ী সরবরাহ করে।
    বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন জানায়, গত কয়েকদিনে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর গড় চাহিদা প্রায় ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট হলেও বরাদ্দ পাওয়া যাচ্ছে গড়ে ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট। এর ফলে দৈনিক গড়ে কোথাও কোথাও ৮ বা ১০ কিংবা ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। যার কারণে দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। এতে উপকেন্দ্রসহ দায়িত্বরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কে আছে।
    এই অবস্থায় চিঠিতে বাংলাদেশ পুলিশের দৃষ্টি আকষণ করে দেশের প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড উপকেন্দ্র ও অফিসগুলোর নিরাপত্তা জোরদারে আওতাধীন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

  • গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

    গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

    গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত*আজ বুধবার (১২ আগস্ট-২০২৬) গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়। পরিদর্শনকালে তিনি প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস, টার্নআউট ও শৃঙ্খলার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে আরও অধিক মনোযোগী হওয়ার নির্দেশনা প্রদান করেন।পরবর্তীতে তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা রক্ষা, জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। একইসাথে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) জনাব মোহাম্মদ সাইফুর রহমান।এছাড়া কল্যাণসভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার মাধ্যমে নিম্নলিখিত ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মাদকদ্রব্য উদ্ধার ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও প্রসিকিউশন দাখিল মামলা নিষ্পত্তি,ওয়ারেন্ট তামিল ও দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের জন্য পুরস্কৃত করা হয়।কল্যাণ সভার শেষ পর্যায়ে বদলিজনিত বিদায়ী অতিথি সহকারী পুলিশ সুপার , (শিক্ষানবিশ প্রবেশনার) জনাব মোহাম্মদ সাইফুর রহমান মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় বেলায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ গোপালগঞ্জ এর পক্ষ থেকে বিদায়ী অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং উত্তরোত্তর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), জনাব মোঃ হাসানুর রহমান,সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ।

  • গোপালগঞ্জে কাশিয়ানী ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

    গোপালগঞ্জে কাশিয়ানী ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

    গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে*।গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মহেশপুর রেল স্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে!নিহতরা হলেন’ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো: মেহেদী শেখ (২৫) ও একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ্ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০), তারা দু’জন মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছিছে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মঙ্গলবার রাত ১০ টার পরে ঢাকা থেকে খুলনাগামী *রূপসী বাংলা* ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে। বুধবার ভোরে স্থানীয় লোকজন হাটার সময় রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখেন পরে পুলিশকে খবর দেন। দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করবেন।

  • জাতীয় পার্টির বিশেষ সভা অনুষ্ঠিত

    জাতীয় পার্টির বিশেষ সভা অনুষ্ঠিত

    জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে আজ এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    সভায় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মো. সাহিদুর রহমান টেপা, মো. শফিকুল ইসলাম সেন্টু, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের বিশেষ সহকারী ও প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রত্না, চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য মো. জসিম উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সরদার মো. শাহজাহান, মোবারক হোসেন আজাদ, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান সেকান্দার আলী সেরনিয়াবাত, এম. এ. সালাম, মাহমুদা রহমান মুন্নি এবং ডা. সেলিমা খান।

    সভায় নেতৃবৃন্দ জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি ও সিআইডি প্রধানের মহাখালী কেমিক্যাল ল্যাবরেটরি পরিদর্শন

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি ও সিআইডি প্রধানের মহাখালী কেমিক্যাল ল্যাবরেটরি পরিদর্শন

    ঢাকা, ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার

    অদ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক জনাব মো. আলী হোসেন ফকির এবং সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মহোদয়গণ মহাখালীস্থ সিআইডি কেমিক্যাল ল্যাবরেটরি সরেজমিনে পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে তাঁরা ল্যাবরেটরির বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং আধুনিক যন্ত্রপাতি ও ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় তাঁরা ল্যাবরেটরির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

    মতবিনিময়কালে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অপরাধ তদন্তে আধুনিক ফরেনসিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ, পরীক্ষার মান ও সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা ল্যাবরেটরির চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ফরেনসিক সেবার বিশেষ গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।

    পরিদর্শনকালে সিআইডি কেমিক্যাল ল্যাবরেটরির পক্ষ থেকে বিশেষ পুলিশ সুপার জনাব শম্পা ইয়াসমীন, বিপিএম, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং ভারপ্রাপ্ত চিফ কেমিক্যাল এক্সামিনার জনাব নজরুল ইসলামসহ ল্যাবরেটরির অন্যান্য কর্মকর্তাগণ ল্যাবের সার্বিক কার্যক্রম, ফরেনসিক রাসায়নিক পরীক্ষার বিভিন্ন পদ্ধতি এবং সাম্প্রতিক অর্জন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

  • গোপালগঞ্জে হামলার আশঙ্কায় পুলিশ সুপার কাছে  নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস

    গোপালগঞ্জে হামলার আশঙ্কায় পুলিশ সুপার কাছে নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস

    লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

    গোপালগঞ্জ শহরে রাতে অথবা দিনে চলছে সমানতালে তীব্র লোডশেডিং। জেলা শহরের অবস্থা একদমই খারাপ। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭/১৮ ঘণ্টাই থাকছে না বিদ্যুৎ। প্রচণ্ড গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সম্মানিত গ্রাহকেরা। এই পরিস্থিতিতে ওজোপাডিকো কার্যালয়ে ও উপকেন্দ্রে সাধারণ গ্রাহকদের হামলার আশঙ্কা করছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।

    এমন পরিস্থিতিতে ওজোপাডিকো দপ্তরে যেকোনো প্রকার হামলা, নাশকতা ও অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।

    আজ মঙ্গলবার (১১ আগস্ট) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

    গোপালগঞ্জ ওজোপাডিকো, পাওয়ার হাউজ, গোপালগঞ্জ দপ্তর ক্যাম্পাস ও চরপাথালিয়ায় অবস্থিত ওজোপাডিকো’র ২টি ৩৩/১১কেভি উপকেন্দ্রের মাধ্যমে গোপালগঞ্জ পৌরসভার আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় লোডশেডিং অব্যাহত আছে। বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় ও জাতীয় গ্রীড উপকেন্দ্র হতে বরাদ্দ ও নির্দেশনা অনুযায়ী বিতরণ করে থাকে, চাহিদার তুলনায় বরাদ্ধ কম থাকায় গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, গোপালগঞ্জের আওতায় ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে। ফলে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সম্মানিত গ্রাহকগণের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থার পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো অসন্তুষ্ট ব্যক্তি বা জনসাধারণ কর্তৃক অত্র দপ্তর, বৈদ্যুতিক স্থাপনার সাধন, কর্মকর্তা-কর্মচারীগণের সহিত অনাকাঙ্ক্ষিত আচরণ বা অন্য যে কোনো অনভিপ্রেত ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

    বিদ্যুৎ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি বিবেচনায় যে কোনো প্রকার নাশকতা এড়ানোর লক্ষ্যে ওজোপাডিকো, গোপালগঞ্জ দপ্তরের সকল স্থাপনা ও ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধির জন্য স্থাপনাটি নিয়মিত পুলিশ টহল রুটে অন্তর্ভুক্তিকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি বিশেষ নজরদারি রাখার মাধ্যমে নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

    এ বিষয়টি ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, আমরা আমাদের দপ্তরসহ সকল কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি চিঠি পাঠিয়েছে। আপনারা জানেন বেশ কিছু ধরে চাহিদার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন হওয়ায় শহরে লোডশেডিং হচ্ছে। যেখানে চাহিদা ১৮ মেগাওয়াট সেখানে বরাদ্দ পাচ্ছি ৯ থেকে ১০ মেগাওয়াট। যার ফলে আমাদের ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। এ কারণে গ্রাহকদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। গ্রাহকেরা ক্ষুব্দ হয়ে আমাদের অফিস ও উপকেন্দ্রে হামলা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি । তাই দপ্তর ও উপকেন্দ্রসহ নিজেদের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছি ।

  • অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    বরিশালের গৌরনদীতে আড়াই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, মোমেনা বেগমকে (২৪) হত্যা করে মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

    সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গৌরনদী পৌরসভার টরকী বন্দর এলাকার ছাগলহাটা থেকে মোমেনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

    মোমেনা ময়মনসিংহের নান্দাইল পৌরসভার কানারামপুর গ্রামের মো. আব্দুল্লাহ মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন দুবাইয়ে বসবাস করতেন। সেখানে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের সোহাগ রাঢ়ীর সঙ্গে তার পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় তিন বছর আগে দুবাইয়ে তাদের বিয়ে হয়।

    পরিবার সূত্রে জানা গেছে, মোমেনা আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রায় ১৫ দিন আগে স্বামী সোহাগ তাকে বাংলাদেশে পাঠিয়ে দেন। এরপর থেকে তিনি টরকী বন্দরের ছাগলহাটা এলাকায় মন্টু সরদারের ভাড়া বাসায় শাশুড়ি, দেবর ও জায়ের সঙ্গে বসবাস করছিলেন। নিহতের জা দিনা বেগম তার আপন ছোট বোন।

    মোমেনার ছোট বোন দিনা বেগম অভিযোগ করেন, দেশে ফেরার পর থেকেই স্বামী সোহাগ মোবাইল ফোনে মোমেনাকে তালাক দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন বিকেলে জরুরি প্রয়োজনে তিনি বাসার বাইরে যান। রাতে ফিরে এসে মোমেনার কক্ষের দরজা বন্ধ দেখতে পান।

    স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান জানান, রাত ১২টার দিকে বিদেশ থেকে সোহাগ তাকে ফোন করে মোমেনার কক্ষের দরজা বন্ধ থাকার কথা জানান। পরে তিনি আরেকজনকে সঙ্গে নিয়ে ওই বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। এরপর মোমেনার দেবর রাহাত রাঢ়ী (১৭) ও তার মায়ের সহযোগিতায় দরজা ভাঙা হয়।

    দরজা ভেঙে ভেতরে ঢুকে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোমেনাকে দেখতে পান তারা। তবে তার দুই পা হাঁটু পর্যন্ত মেঝেতে ছিল বলে জানান জিয়াউর রহমান। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    নিহতের বাবা মো. আব্দুল্লাহ মিয়া অভিযোগ করেন, তার মেয়ে আত্মহত্যা করেননি। বরং তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

    গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে পুলিশ। ইতোমধ্যে নিহতের শাশুড়ি ও দেবরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে সেটিও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ভুয়া পিএইচডি সনদে উচ্চশিক্ষা ছুটি, গণপূর্তের প্রধান প্রকৌশলীর বিভাগীয় মামলায়  লঘুদন্ড

    ভুয়া পিএইচডি সনদে উচ্চশিক্ষা ছুটি, গণপূর্তের প্রধান প্রকৌশলীর বিভাগীয় মামলায় লঘুদন্ড

    ভুয়া পিএইচডি সনদ দেখিয়ে উচ্চতর শিক্ষা ছুটিতে প্রেষণ ভোগের ঘটনায় বিভাগীয় মামলা হয় গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে। বিভাগীয় তদন্তে জালিয়াতি ও অসদাচরণের বিষয়টি প্রমাণিত হলে তিনি দোষ স্বীকার করেন। তবে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সঙ্গে ‘ফুপু-ভাতিজা’ সম্পর্কের সুবাদে তাকে দেওয়া হয় লঘুদণ্ড। মাত্র এক বছরের জন্য বন্ধ রাখা হয় বেতন বৃদ্ধি।
    এই শাস্তির তিন বছরের মধ্যেই ফুপুর প্রভাবে তিনি হন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। মাত্র পাঁচ মাসের মধ্যে পদোন্নতি পান অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে। এরপর দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে।
    জুলাই অভ্যুত্থানের পর তিনি খোঁজেন নতুন রাজনৈতিক পরিচয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী ডা. হাবিবা আক্তার চৌধুরীকে (সুইটি) ‘ফুপু’ হিসেবে পরিচয় দেন। জামায়াতপন্থি তৎকালীন গণপূর্ত সচিব নজরুল ইসলামের তদবিরে তখন পাঁচজন জ্যেষ্ঠ প্রকৌশলীকে ডিঙিয়ে বসেন প্রধান প্রকৌশলীর (রুটিন দায়িত্ব) চেয়ারে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে টেন্ডার ও বদলি বাণিজ্যের অভিযোগ ওঠে।
    বর্তমানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে) হিসেবে আছেন মো. খালেকুজ্জামান চৌধুরী। এই পদ স্থায়ী বা নিয়মিত করতে ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই জ্যেষ্ঠ প্রকৌশলীদের ডিঙিয়ে পদোন্নতির সংক্ষিপ্ত তালিকার শীর্ষে নিজের নাম বসাতে সমর্থ হয়েছেন। বাকি জ্যেষ্ঠ প্রকৌশলীদের বাদ দিতে তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যার সাজানো মামলার তথ্য জমা দেওয়া হয়েছে সুপিরিয়র সিলেকশন বোর্ডে (এসএসবি)। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অধিদপ্তরের দালিলিক নথিপত্র পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে। রাজনৈতিক আত্মীয়তায় জ্যেষ্ঠতা ডিঙিয়ে পদোন্নতি ঃ গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা তালিকা ও পার্সোনাল ডাটা শিট (পিডিএস) পর্যালোচনায় দেখা যায়, খালেকুজ্জামান চৌধুরী ক্ষমতার পালাবদলের সুযোগ বারবার কাজে লাগিয়েছেন। ১৯৮৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত চাকরিজীবনে সরকারি প্রেষণ ও ছুটির সুযোগে তিনি প্রায় ১১ বছর অস্ট্রেলিয়ায় ছিলেন। পদোন্নতির সুযোগ তৈরি হলেই দেশে ফিরে এসেছেন।
    পোস্টের হাতে আসা নথি অনুযায়ী, প্রেষণে যেতে তিনি ভুয়া অফার লেটার ও জাল কাগজপত্র তৈরি করেছিলেন। এতে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ ঘটনায় ২০১৬ সালের ২৩ আগস্ট তৎকালীন গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার তার এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত করেন। আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর সুপারিশে গুরুদণ্ড এড়িয়ে সে যাত্রায় এই লঘুদণ্ড পান তিনি।
    বিভাগীয় মামলার তিন বছরের মধ্যেই এই আওয়ামী লীগ নেত্রীর লিখিত সুপারিশে খালেকুজ্জামান একই বছরে দুই দফা পদোন্নতি পান। তখন সাজেদা চৌধুরীকে ‘ফুপু’ ডাকতেন তিনি।
    সরকারি চাকরির সার্ভিস রেকর্ড বলছে, ২০১৯ সালের ২২ জুলাই খালেকুজ্জামান চৌধুরী নিয়মিত পদোন্নতি পান তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে। এর কয়েক মাসের মাথায় ১৫ ডিসেম্বর পদোন্নতি পান অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে। রীতি ভেঙে তখন এই পদোন্নতি দেওয়া হয় তাকে।
    জুলাই অভ্যুত্থানের পর বদলে যায় খালেকুজ্জামান চৌধুরীর দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান। আওয়ামী লীগের বদলে এবার জামায়াত ঘনিষ্ঠ বনে যান তিনি।
    জামায়াতপন্থি সাবেক সচিব নজরুল ইসলাম এবং জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের তদবিরে ২০২৫ সালের ২৭ অক্টোবর পাঁচজন জ্যেষ্ঠ প্রকৌশলীকে ডিঙিয়ে বসেন প্রধান প্রকৌশলীর (চলতি) চেয়ারে। এর আগে তাকে গোপালগঞ্জ থেকে দেওয়া হয়েছিল ঢাকা মেট্রো জোনের দায়িত্ব।
    খালেকুজ্জামানের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামে। একই উপজেলার ফুলসুতি গ্রামে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের শ্বশুরবাড়ি।
    ডা. তাহেরের শ্বশুর আহম্মদ উল্লাহ চৌধুরী এবং খালেকুজ্জামানের বাবা বদিউজ্জামান চৌধুরী সম্পর্কে চাচা-ভাতিজা। এই সূত্রে জামায়াত নেতার স্ত্রী ডা. হাবিবা আক্তার চৌধুরীকে (সুইটি) তিনি ডাকেন ‘ফুপু’। এই আত্মীয়তার সুবাদে গত অন্তর্বর্তী সরকারের সময় ডা. তাহেরের প্রভাবে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি পান।
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে আবারও নিজের রাজনৈতিক রূপ বদলে ফেলেন এই কর্মকর্তা। বর্তমানে নিজেকে পরিচয় দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের ঘনিষ্ঠ ও আত্মীয় হিসেবে।
    জ্যেষ্ঠদের বাদ দিতে সাজানো মামলার তালিকা ঃ প্রধান প্রকৌশলী পদ স্থায়ী করতে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠকের জন্য গত ৬ জুলাই গণপূর্ত মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয় পাঁচজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর তালিকা। এই তালিকায় প্রশাসনিক জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
    বর্তমানে অধিদপ্তরের দাপ্তরিক জ্যেষ্ঠতার তালিকায় শীর্ষে আছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের (ঢাকা জোন) ও উৎফল কুমার দে (রিজার্ভ)। জ্যেষ্ঠতার হিসেবে তিন নম্বরে থাকা খালেকুজ্জামান চৌধুরী নিজেকে তালিকার এক নম্বরে বসাতে সমর্থ হয়েছেন।
    তালিকায় আরও আছেন মো. শহিদুল আলম (স্বাস্থ্য উইং) এবং ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার (প্রেষণে মহাপরিচালক, এইচআরআই)।
    নথিপত্র বলছে, তালিকা থেকে সিনিয়রদের স্থায়ীভাবে বাদ দিতে জুলাই অভ্যুত্থানের পর রামপুরা থানার একটি মামলার আসামির তালিকায় কৌশলে এসব জ্যেষ্ঠ কর্মকর্তাসহ মোট ৪৭ জন প্রকৌশলীর নাম ঢোকানো হয়। এই মামলার নথি এসএসবি কমিটিতে জমা দিয়ে তাদের অবস্থান দুর্বল করার চেষ্টা করা হয়, যাতে জ্যেষ্ঠতার তালিকায় তিন নম্বরে থাকা খালেকুজ্জামান চৌধুরীর শীর্ষ পদ পাওয়ার পথে কোনো বাধা না থাকে।
    বদলি বাণিজ্য
    ২০২৫ সালের ২৭ অক্টোবর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে খালেকুজ্জামান চৌধুরীকে দেওয়া হয় প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব। পরে দেওয়া হয় চলতি দায়িত্ব। দায়িত্ব নেওয়ার পরপরই অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
    খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন পর্যায়ের ৬৫ জন প্রকৌশলী ও কর্মকর্তাকে পছন্দের কর্মস্থলে পদায়নের জন্য ১০ লাখ থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এসব লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে পুনর্বাসনের অভিযোগ রয়েছে।
    চলতি বছরের ৩ মার্চ পৃথক প্রজ্ঞাপনে একদিনে অর্ধশতাধিক নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীকে গণবদলির নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়কে না জানিয়ে এত বড় রদবদল করায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী প্রধান প্রকৌশলীকে তলব করে ব্যাখ্যা চান।
    সন্তোষজনক জবাব দিতে না পারায় ৫ ও ৮ মার্চ পৃথক আদেশে বাতিল করা হয় অধিকাংশ বদলি। এরপরও পর্দার আড়ালে ছোট পরিসরে আর্থিক লেনদেনের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর খবর পাওয়া গেছে।
    এক ঘটনায় দেখা যায়, দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে পুনর্বাসনের সুযোগ দিতে পুরোনো তারিখে জারি করা হয় বদলির আদেশ। সাইফুজ্জামান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গণপূর্তমন্ত্রী শরিফ আহমেদের ঘনিষ্ঠ ছিলেন।
    গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গত ৩ ফেব্রুয়ারি এক আদেশে দুর্নীতির দায়ে সাইফুজ্জামানকে বরখাস্ত করে। ওই আদেশে তাকে উল্লেখ করা হয় লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী হিসেবে। কিন্তু গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত আরেক আদেশে দেখা যায়, বরখাস্তের এক দিন আগে অর্থাৎ ২ ফেব্রুয়ারি তাকে ঢাকায় রিজার্ভে বদলি করা হয়েছে। ৩ তারিখে বরখাস্ত হওয়া একজন কর্মকর্তা কীভাবে ২ তারিখে ঢাকায় বদলি হন, আর তা প্রকাশিত হয় ১৫ তারিখে। এমন অসামঞ্জস্যপূর্ণ নথিকে জালিয়াতির ইঙ্গিত হিসেবে দেখছেন দপ্তরসংশ্লিষ্টরা।
    কমিশন না পাওয়ায় টেন্ডার বাতিল
    বদলি বাণিজ্যের পাশাপাশি বড় প্রকল্পের টেন্ডার পুনর্মূল্যায়নের নামে কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে। ঢাকা গণপূর্ত বিভাগ-১, বিভাগ-৩ এবং শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-২-এর অধীনে বড় অঙ্কের পাঁচটি দরপত্র কমিশনসংক্রান্ত অসন্তোষের কারণে পুনর্মূল্যায়নের জন্য ফেরত পাঠানো হয়।
    পিপিআর ২০২৫ (পাবলিক প্রকিউরমেন্ট রুলস)-এর ত্রুটির অজুহাত দেখানো হলেও সূত্র বলছে, নতুন পিপিআর চালুর পর সব প্রকৌশলীকে যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়। প্রকৃতপক্ষে নির্ধারিত কমিশন না পাওয়ায় পুনর্মূল্যায়নের অজুহাতে এসব টেন্ডার আটকে রাখা হয়েছিল।
    নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের একাধিক প্রকৌশলী ও ঠিকাদার জানান, সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতারকে সরানোর পরও দুর্নীতি থামেনি। বরং খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে গড়ে উঠেছে নতুন একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে আর্থিক সুবিধা দিতে পারা কর্মকর্তারাই সুবিধাজনক পদে বহাল রয়েছেন।
    খালেকুজ্জামান চৌধুরীর দুর্নীতি, নথি জালিয়াতি, জ্যেষ্ঠতা লঙ্ঘন এবং দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনসংক্রান্ত তথ্যপ্রমাণসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়েছে লিখিত অভিযোগ। একাধিক ভুক্তভোগী কর্মকর্তা ও ঠিকাদার দুদকে সরাসরি হাজির হয়ে জমা দিয়েছেন দালিলিক প্রমাণ।
    ‘ক্ষমতা বদলালেই তৈরি হয় নতুন আত্মীয়তা’
    সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে সাজেদ আকবর বলেন, ‘একই নির্বাচনি আসনে বাড়ি হওয়ায় তখন আম্মার কাছে অনেকে আসতেন। তারা নিজেকে ক্ষমতার কাছাকাছি রাখতে কোনো না কোনো আত্মীয়তার সম্পর্ক তৈরি করতেন। ক্ষমতা চলে যাওয়ার পরে তাদের ফের নতুন ক্ষমতাসীনদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। তবে আমি তাকে (খালেকুজ্জামান চৌধুরী) চিনি না, আম্মার সঙ্গে পরিচয় ছিল না কি না জানা নেই।’

    বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, ‘জালিয়াতি ও দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত কোনো কর্মকর্তাকে কোনো প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বসানো দেশ ও সংস্থার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশে একশ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তা প্রতিটি আমলে নতুন নতুন পরিচয় তৈরি করে সুবিধা বাগিয়ে নেয়। এর ফলে প্রকৃত সৎ, যোগ্য ও নিষ্ঠাবান কর্মকর্তারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়ে উপেক্ষিত থেকে যান।’
    তিনি বলেন, ‘রাজনৈতিক ছত্রছায়া ও অনৈতিক উপায়ে পদপদবি বাগানোর এই সংস্কৃতি গ্রহণযোগ্য নয়। দুর্নীতি দমনে সরকারের যে রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে, তার প্রতিফলন ঘটাতে প্রতিটি পদায়নের আগে ব্যাকগ্রাউন্ড গভীরভাবে তদন্ত করা উচিত। পাশাপাশি, দুদকের মতো সংস্থাগুলোর মাধ্যমে জালিয়াতির অভিযোগ আমলে নিয়ে যোগ্যদের মূল দায়িত্বে আনা জরুরি।’
    এসব বিষয়ে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীর বক্তব্য জানতে সোমবার (১০ আগস্ট) তার দপ্তরে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে কল করে ও খুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।

  • চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

    চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

    চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, নিয়োগ ও পদায়নে বিধি লঙ্ঘন, দলিল রেজিস্ট্রেশনে যোগসাজশ এবং বিভিন্ন কাজে আর্থিক সুবিধা গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মহাপরিদর্শক, নিবন্ধন বরাবর লিখিত অভিযোগ করেছেন সালাহউদ্দিন আহমেদ নামের এক ব্যক্তি। অভিযোগে আলমগীরের সঙ্গে মতলব (দক্ষিণ) সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোঃ মহসিন প্রধানের যোগসাজশেরও অভিযোগ করা হয়েছে।
    ৫ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া অভিযোগপত্রে সালাহউদ্দিন আহমেদ দাবি করেন, মোঃ আলমগীর ২০০৪ সালে মাস্টার রোলের মাধ্যমে টিসি সহকারী হিসেবে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি উচ্চমান সহকারী এবং পরে প্রধান সহকারী হিসেবে পদোন্নতি পান। অভিযোগকারীর দাবি, তার নিয়োগ, পদোন্নতি ও চাকরির ধারাবাহিকতা সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী হয়েছিল কি না, তা তদন্ত করা প্রয়োজন।
    অভিযোগে আরও বলা হয়েছে, ২০০৮ সালের ২৯ মে স্মারক নম্বর ৬৩৫৬ (২০)-এর মাধ্যমে আলমগীরকে নোয়াখালী জেলা রেজিস্ট্রার কার্যালয়ে বদলি করা হয়েছিল। কিন্তু তিনি ওই বদলির পর যথাযথভাবে রিলিজ নেননি বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, পরবর্তীতে সাবেক জেলা রেজিস্ট্রারের সঙ্গে যোগসাজশ করে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে টিসি শাখা থেকে রাজস্ব খাতে প্রধান সহকারী হিসেবে রেজিস্ট্রেশন শাখায় আসেন তিনি। এ বিষয়ে বদলি আদেশ, রিলিজ আদেশ, যোগদানপত্র এবং সংশ্লিষ্ট অফিস নথি যাচাইয়ের দাবি জানানো হয়েছে।
    অভিযোগপত্রে আলমগীরের বিরুদ্ধে মতলব (দক্ষিণ) সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোঃ মহসিন প্রধানের সঙ্গে যোগসাজশের অভিযোগও আনা হয়েছে। মহসিন প্রধানের পিতা মৃত হাবিবুল্লাহ প্রধান এবং দলিল লেখার সনদ নম্বর ৬৯ বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, আলমগীরের সহযোগিতায় ওই দলিল লেখক বিভিন্ন সময়ে প্রতারণামূলকভাবে দলিল প্রস্তুত ও রেজিস্ট্রি করিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন।
    এ অভিযোগের অন্যতম প্রধান ঘটনা ২০২৩ সালের ২৮ মার্চ নিবন্ধিত ১৫০৫ নম্বর হেবা দলিলকে ঘিরে। অভিযোগকারী সালাহউদ্দিন আহমেদ দাবি করেন, তার মা লতিফা খাতুন ছিলেন বয়োবৃদ্ধ ও সরল-সাদাসিধে। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে দলিল লেখক মহসিন প্রধান তাকে ভুল বুঝিয়ে একটি হেবা দলিল তৈরি করেন। পরে উম্মে মারজানকে গ্রহীতা দেখিয়ে এবং তার স্বামী সাব্বির আহমেদ রিজভী ও মাতা নিগার সুলতানার সঙ্গে যোগসাজশ করে দলিলটি রেজিস্ট্রি করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। এ কাজে মোঃ আলমগীরও অনৈতিকভাবে আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগকারীর দাবি।
    অভিযোগপত্রে হেবা দলিলটির দুই সাক্ষী হিসেবে রবিউল ইসলাম, পিতা আব্দুর রব খান এবং শাহ আলম, পিতা সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। তাদের উভয়ের ঠিকানা চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি এলাকায় বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। অভিযোগকারীর ভাষ্য, তারা ওই দলিলের সঙ্গে কীভাবে সম্পৃক্ত হয়েছেন, সেটিও তদন্তের আওতায় আনা প্রয়োজন।
    অভিযোগে বলা হয়, লতিফা খাতুন পরবর্তীতে জানতে পারেন যে তাকে ভুল বুঝিয়ে জমি রেজিস্ট্রি করা হয়েছে। এরপর তিনি নিজে বাদী হয়ে দলিল বাতিলের জন্য আদালতে ৩৪/২০২৪ নম্বর মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি পরিচালনার জন্য তিনি তার ছেলে সালাহউদ্দিন আহমেদের কাছে পাওয়ার অব অ্যাটর্নি দেন। অভিযোগপত্র অনুযায়ী, মামলাটি বর্তমানে চলমান। পরে লতিফা খাতুন দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান।
    সালাহউদ্দিন আহমেদ অভিযোগে আরও জানান, ২০২৩ সালের ২৩ মে তিনি সংশ্লিষ্ট দলিল লেখক মহসিন প্রধানের বিরুদ্ধে মহাপরিদর্শক, নিবন্ধন, বাংলাদেশ, ঢাকা বরাবর লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পর জেলা রেজিস্ট্রার, চাঁদপুর বিষয়টি তদন্ত করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে তদন্তের প্রতিবেদন বা সিদ্ধান্ত তিনি পাননি বলে দাবি করেছেন অভিযোগকারী।
    অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তিনি জানতে পারেন যে জেলা রেজিস্ট্রার কার্যালয় থেকে সংশ্লিষ্ট দলিল লেখকের অপরাধের বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য বা সিদ্ধান্ত দেওয়া হয়নি। তার দাবি, জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী মোঃ আলমগীরের সহযোগিতায় দলিল লেখকের বিরুদ্ধে সনদ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি দীর্ঘায়িত করা হয়েছে। অভিযোগে আরও দাবি করা হয়, হেবা গ্রহীতার মাতা নিগার সুলতানার কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন দাখিল ও ব্যবস্থা গ্রহণে গড়িমসি করা হয়েছে।
    অভিযোগপত্রে আলমগীর ও দলিল লেখক মহসিন প্রধানের বিরুদ্ধে উমরাহ হজ পালনের জন্য অর্থ গ্রহণের অভিযোগও করা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, হেবা গ্রহীতার পরিবারের কাছ থেকে এ উদ্দেশ্যে আর্থিক সুবিধা নেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে নিবন্ধন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মাহফুজ আলমের কাছেও অভিযোগ করা হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর ভাষ্য, মাহফুজ আলম তাকে জেলা রেজিস্ট্রারের কাছে আবেদন করার পরামর্শ দেন এবং পরবর্তীতে তিনি চাঁদপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে সরেজমিনে তদন্তেও যান। তবে অভিযোগকারীর দাবি, এরপরও কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।
    অভিযোগে মোঃ আলমগীরের বিরুদ্ধে আরও গুরুতর একটি অভিযোগ হলো, সাব-রেজিস্ট্রার পদায়নের জন্য মন্ত্রণালয়ে উৎকোচ দেওয়ার কথা বলে হেবা গ্রহীতার মাতা নিগার সুলতানার কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করা। অভিযোগকারীর দাবি, বিভিন্ন সময়ে নিগার সুলতানাকে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে ডেকে নিয়ে টাকা নেওয়া হয়েছে এবং সাব-রেজিস্ট্রার পদায়নের বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
    অভিযোগকারী সালাহউদ্দিন আহমেদ নিজেকে সাংবাদিক ও মানবাধিকারকর্মী হিসেবে পরিচয় দিয়ে বলেছেন, তার পৈতৃক ভিটায় তিনি নিয়মিত বসবাস না করার সুযোগ নিয়ে সংশ্লিষ্ট দলিল লেখক ও অন্যান্য ব্যক্তিরা তার পরিবারের সম্পত্তি নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন। তার দাবি, এ ঘটনায় শুধু দলিল লেখক নয়, জেলা রেজিস্ট্রার কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকাও তদন্ত করা প্রয়োজন।
    অভিযোগপত্রে আরও বলা হয়েছে, আলমগীর জেলার বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল রেজিস্ট্রেশন কার্যক্রমে প্রভাব বিস্তার করেন। অভিযোগকারীর দাবি, তিনি বিভিন্ন দলিলে স্বাক্ষর না করে বা দলিলের কাজে বাধা সৃষ্টি করে দলিলপ্রতি ১ হাজার ৫০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করেন। তবে এই অভিযোগের সুনির্দিষ্ট দলিল, তারিখ, সংশ্লিষ্ট কার্যালয় এবং অর্থ লেনদেনের প্রমাণ অভিযোগপত্রে বিস্তারিতভাবে দেওয়া হয়নি। ফলে বিষয়টি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট অফিসের রেজিস্টার, নথি, সিসিটিভি ফুটেজ, লেনদেনের তথ্য এবং সেবাগ্রহীতাদের বক্তব্য পরীক্ষা করা প্রয়োজন।
    অভিযোগকারীর দাবি, মোঃ আলমগীরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে এবং তার প্রভাবের কারণে সংশ্লিষ্ট অভিযোগগুলোর কার্যকর তদন্ত ও নিষ্পত্তি হচ্ছে না। এ কারণে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। একই সঙ্গে মহাপরিদর্শক, নিবন্ধন অধিদপ্তর, ঢাকাকেও অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে।
    অভিযোগের সঙ্গে ২৮ মার্চ ২০২৩ তারিখের ১৫০৫ নম্বর হেবা দলিলের ফটোকপি সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। অভিযোগকারী সংশ্লিষ্ট দলিল লেখক মোঃ মহসিন প্রধান এবং জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী মোঃ আলমগীরের বিরুদ্ধে তদন্তের পাশাপাশি তাদের সম্পদ, ব্যাংক লেনদেন, পদায়ন ও বদলি সংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।
    এদিকে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর মধ্যে কয়েকটি সরাসরি আদালতে বিচারাধীন। বিশেষ করে ১৫০৫ নম্বর হেবা দলিল বাতিলের জন্য দায়ের করা ৩৪/২০২৪ নম্বর মামলার বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। ফলে আদালতের রায় বা তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে অভিযোগ হিসেবেই বিবেচনা করতে হবে।
    সালাহউদ্দিন আহমেদ ৫ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া আবেদনে অভিযোগগুলোর সরেজমিন তদন্ত, সংশ্লিষ্ট নথি যাচাই এবং অভিযোগ সত্য হলে মোঃ আলমগীর ও দলিল লেখক মোঃ মহসিন প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নিবন্ধন অধিদপ্তর ও জেলা রেজিস্ট্রার কার্যালয় এসব অভিযোগের বিষয়ে কী ধরনের তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করে, সেটিই দেখার বিষয়।

  • যাদুকাটা নদীর ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, জমা থাকবে আদায়ের টাকা

    যাদুকাটা নদীর ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, জমা থাকবে আদায়ের টাকা

    আমির হোসাইন
    সুনামগঞ্জ প্রতিনিধি:

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাঠানপাড়া-মিয়ারচর খেয়াঘাটে মালামাল পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় ও সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার বণিক সমিতি, ভুক্তভোগী জনগণ ও শ্রমিকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

    মানববন্ধনে বক্তব্য দেন বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ মাওলানা মোখলেসুর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আমির শাহ, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সহসভাপতি হেলু মিয়া, ব্যবসায়ী জুবায়ের আহমদ, সাজ্জাদ হোসেন ও শ্রমিক রহম আলীসহ অনেকে।

    বক্তারা অভিযোগ করেন, যাদুকাটা নদীর পাঠানপাড়া-মিয়ারচর খেয়াঘাটে মালামাল পারাপারের ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। একই ঘাটে জেলা পরিষদের নামে এবং দেবোত্তর স্টেটের নামে পৃথকভাবে টোল আদায় করায় ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষকে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। এতে বাদাঘাট বাজারের ব্যবসায়ীদের মালামাল পরিবহনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।

    বক্তারা আরও বলেন, প্রায় এক মাস ধরে এ সমস্যা চললেও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুত এ সমস্যার সমাধান এবং ঘাটে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের দাবি জানান তারা। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

    মানববন্ধন শেষে ব্যবসায়ী ও শ্রমিকদের একটি দল মিয়ারচর খেয়াঘাটে গিয়ে ঘাট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট দুই পক্ষের সঙ্গে কথা বলেন। এ সময় সাবেক চেয়ারম্যান তারা মিয়া সেখানে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন এবং বিষয়টি সমাধানের উদ্যোগ নেন।

    আলোচনার পর সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষ সম্মত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ঘাটে টাকা আদায়ের দায়িত্ব তৃতীয় একটি পক্ষের কাছে থাকবে। আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে প্রশাসনের মাধ্যমে ঘাটের বৈধতা ও টোল আদায়ের বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ সময় পর্যন্ত আদায় করা অর্থ জমা থাকবে এবং প্রশাসনের পক্ষ থেকে যাকে বৈধভাবে দায়িত্ব দেওয়া হবে, তার কাছেই ওই অর্থ হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

    আলোচনায় উপস্থিত উভয় পক্ষ এ সিদ্ধান্তে সম্মতি জানালে সাময়িকভাবে বিরোধের সমাধান হয়। তবে ঘাটের টোল আদায়ের বৈধতা ও স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীরা।