Blog

  • শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

    শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

    বাংলাদেশ ও মিশরের মধ্যে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে শিল্প ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব।

    আজ সোমবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

    সাক্ষাতে শিল্প খাতে বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

    শিল্পমন্ত্রী বলেন,‘বাংলাদেশ ও মিশরের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে শিল্প ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।’ তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে। মিশরের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করলে উভয় দেশই লাভবান হবে।

    শিল্পমন্ত্রী আরও বলেন,‘চামড়া, হালকা প্রকৌশল, ওষুধ, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন শিল্প খাতে বাংলাদেশ ও মিশরের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। পারস্পরিক অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে এসব খাতে আরও উন্নয়ন সম্ভব।’

    তিনি মিশরের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, সরকার শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে মিশরের উদ্যোক্তারা যেমন নতুন বাজারের সুযোগ পাবেন, তেমনি বাংলাদেশের শিল্প ও কর্মসংস্থানও সম্প্রসারিত হবে।

    মিশরের রাষ্ট্রদূত দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, মিশর বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। তিনি শিল্প ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

    রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের যোগাযোগ বাড়ানোর মাধ্যমে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণ করা সম্ভব। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

    সাক্ষাতে উভয় পক্ষই বাংলাদেশ ও মিশরের মধ্যে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

  • কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেল ৯৮১৪ জন

    কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেল ৯৮১৪ জন

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে।

    সোমবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

    ফলাফল বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

    এবার ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৭ হাজার ১০ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮ হাজার ১৯৬ জন। ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ।

    অন্যদিকে, ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৮২৫ জন। এর মধ্যে পাস করেছে ৩৭ হাজার ২০৩ জন। ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ।

    এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।

  • পাসের হার ও জিপিএ-৫ এ এবারও এগিয়ে মেয়েরা

    পাসের হার ও জিপিএ-৫ এ এবারও এগিয়ে মেয়েরা

    এসএসসি ও সমমান পরীক্ষায় এবারও পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছাত্রীরা। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৬.৬৮ শতাংশ। আর ছাত্রদের পাসের পার ৫৭.৮৬ শতাংশ।

    জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে ছাত্রীরা। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। তাদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।

    এবার পরীক্ষায় পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। তাদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন ছাত্রী এবং ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন ছাত্র।

    সোমবার সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।

  • স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট!

    স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট!

    ‎জনগণের ট্যাক্সের টাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট এবার দ্বিগুণ করা হয়েছে, আর এই বিপুল অর্থ ছাড় হতেই সেখানে ভর করেছে এক পুরোনো অভিশাপ। সরকার যখন স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, ঠিক তখনই মন্ত্রণালয়ের আড়ালে শুরু হয়েছে শত শত কোটি টাকার লুটেরাদের নতুন চক্রান্ত। রোগ প্রতিরোধ বা মানুষের স্বাস্থ্য সেবা নয়, স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াৎ হোসেন বকুলের নজর এখন শুধু নতুন ভবন নির্মাণ আর ভারী যন্ত্রপাতি কেনাকাটার দিকে। কারণ এখানেই লুকিয়ে আছে কমিশন বাণিজ্য আর হাজার কোটি টাকা লোপাটের সুযোগ!

    অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গত সরকারের আমলে স্বাস্থ্য খাতের আলোচিত দুর্নীতিবাজ মিঠু জামিনে জেল থেকে বের হয়েই ফের সক্রিয় হয়ে উঠেছে। আর এই সিন্ডিকেটের সঙ্গে সরাসরি হাত মিলিয়েছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী বকুল! জাতীয় কিডনী হাসপাতালের জন্য ডায়ালাইসিস মেশিন কেনার জন্য নির্দিষ্ট একটি বিতর্কিত কোম্পানির সঙ্গে চুক্তি করতে পরিচালক ডা. রাশেদ আনোয়ারের ওপর প্রয়োগ করা হচ্ছে প্রচণ্ড চাপ। সৎ ও নীতিবান এই পরিচালক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্যারিয়ারের শেষ সময়ে এসে তিনি এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত হবেন না। কিন্তু থেমে নেই অপরাধীরা। গত বৃহস্পতিবার রাতে ইডিসিএলের এমডি আশরাফুজ্জামানকে নিজের বাসায় ডেকে নিয়ে যান মন্ত্রী বকুল, সেখানে তাকে মিঠুচক্রের হাতে ক্ষমতা সঁপে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জিম্মি হয়ে পড়া সেই কর্মকর্তা ভয়ে আজ কথা বলতেও আতঙ্কবোধ করছেন।
    ‎
    ‎এই নির্লজ্জ দুর্নীতির পরিণতি ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। জুনের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যকার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কোনো পাত্তা নেই। নতুন হাসপাতাল আর আইসিইউ-এর চমকপ্রদ নাম দিয়ে কেনা হচ্ছে নিকৃষ্টমানের সব চিকিৎসা সরঞ্জাম, যা কিছুদিন পরেই নষ্ট হয়ে পড়ে থাকে ধুলোবালিতে। হাসপাতালে গিয়ে গরিব রোগীরা পায় না ওষুধ, পায় না সেবা, কিন্তু সিন্ডিকেটের পকেটে ঠিকই চলে যায় দেশের সাধারণ মানুষের হাড়ভাঙা উপার্জনের হাজার হাজার কোটি টাকা। একের পর এক দুর্নীতি করে স্বাস্থ্য খাতকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
    ‎
    ‎ভুক্তভোগীরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বেপরোয়া সিন্ডিকেট আর রাজনৈতিক আশ্রয়দাতা বকুল-মিঠু গংদের বিরুদ্ধে এখন চারদিকে ফুসে উঠছে তীব্র ক্ষোভ ও চরম ঘৃণা। ‎সাধারণ মানুষ জানতে চায়, স্বাস্থ্য খাতের এই রাঘববোয়ালদের বিচার কবে হবে? জনগণের পকেটের টাকা মেরে এই চোরের দল আর কতদিন পার পাবে?

  • সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

    সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

    সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

    সোমবার এক শোকবার্তায় তাঁরা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানান। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে সরকারের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন।

    দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে দূতাবাস।

    এদিকে উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে।

  • জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

    জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

    জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।

    সোমবার ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর কোর্টের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন।

    নিহত একেএম ছামিউল হক(২৭) নেত্রকোনা জেলার সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে। তিনি প্রাইভেটকারে করে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুর ফিরছিলেন।

    পুলিশ জানায়, ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে গেলে চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে প্রাইভেটকারটি ট্রাকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হক নিহত হন। গুরুতর আহত হন চালক ইদ্রিস আলী।

    জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসে। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল

    মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল

    ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদ আপিল করেছেন। আপিলটি সোমবার আপিল বিভাগের কার্যতালিকাভূক্ত রয়েছে।

    পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন। বাংলাদেশের স্বাধীনতার ৪১ বছর পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি প্রথম রায় ছিল।

    মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। দীর্ঘ দিন পর চলতি বছরের ২১ জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।

    তখন জানা যায়, আত্মসমর্পণ করে আপিলের শর্তে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের সাজা স্থগিত করেছিলেন রাষ্ট্রপতি। এর ধারাবাহিকতায় তিনি ২১ জানুয়ারি আত্মসমর্পণ করেছেন। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আপিলের জন্য নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।

  • এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

    সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।

    গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ।

  • হত্যাকাণ্ড গোপনের হটস্পট রেলপথ

    হত্যাকাণ্ড গোপনের হটস্পট রেলপথ

    দিনাজপুরের বিরলে রেললাইনে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে ছিল ময়না বেগম (৩৫) নামে এক নারীর লাশ। দেহ থেকে হাত বিচ্ছিন্ন। কাঁধ থেঁতলে গেছে। মুখমণ্ডল ট্রেনের চাকায় নিচে পড়ে বিকৃত হয়ে গেছে। লাশ চেনার উপায় নেই। সেই সঙ্গে খণ্ডবিখণ্ড লাশ দেখে আঁতকে উঠবেন যে কেউ। প্রথম দেখায় মনে হবে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন ওই নারী। গত বছরের ২২ সেপ্টেম্বর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ছিন্নবিচ্ছিন্ন লাশে সবই যেন ট্রেনের চাকার আঘাত। প্রথমে পুলিশের ধারণা এটি আত্মহত্যা। কিন্তু লাশের গলায় রশির দাগ দেখে সন্দেহের আবির্ভাব হয় পুলিশের। পরিচয় শনাক্তের পর বেরিয়ে আসে এটি সাধারণ কোনো আত্মহত্যা নয়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে ওই নারীকে অন্যত্র নৃশংসভাবে হত্যার পর তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যার নাটক সাজাতে ফেলে রেখেছিল রেললাইনে।

    গত ৩১ মার্চ রাতে ময়মনসিংহের কেওয়াটখালী রেল ব্রিজসংলগ্ন রেললাইন থেকে মাসুদুল হক (৪৫) নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়। কারও বিরুদ্ধে পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়। কিন্তু তিন সপ্তাহ পরই পরিবার জানতে পারে মাসুদুল হকের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল তাঁর ভাইদের। ঘটনা নতুন মোড় নেয়। দুইজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করে মৃতের ছেলে তৌফিক। লাশের আবার ময়নাতদন্ত করা হয়। যার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। পুলিশের ধারণা, এ ঘটনার পেছনেও লুকিয়ে থাকতে পারে লোমহর্ষক কোনো হত্যারহস্য। শুধু এই দুই ঘটনাই নয় গত সাড়ে পাঁচ বছরে এমন বেশ কয়েকটি ঘটনা রয়েছে, যা প্রথমে আত্মহত্যা মনে হলেও পরবর্তী তদন্তে হত্যা মামলায় রূপান্তর হয়েছে।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, হত্যাকাণ্ড গোপনের হটস্পট হয়ে উঠেছে রেলপথ। অন্যত্র হত্যার পর রাতের আঁধারে লাশ ফেলে যাওয়া হচ্ছে রেললাইনে। ট্রেন গেলে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে লাশ। এতে করে সাক্ষীপ্রমাণের অভাবে অনেক হত্যার ঘটনাই ধামাচাপা পড়ে যাচ্ছে। রেলওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, গত সাড়ে পাঁচ বছরে রেলপথ ৫ হাজার ৬২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৬টি ঘটনা হত্যায় রূপান্তর হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, রেললাইন থেকে উদ্ধার হওয়া লাশের ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া খুবই কঠিন। কারণ লাশের অবস্থা এমন হয়ে যায়, সেখান থেকে খুনের আলামতসংক্রান্ত কোনো কিছু উদ্ধার করা যায় না। এজন্য দুর্বৃত্তরা কাউকে অচেতন করে রেললাইনে ফেলে রেখে হত্যা করতে পারে। আর পুলিশ ভিসেরা পরীক্ষার আবেদন না করায় নিহত ব্যক্তিদের ভিসেরা সংরক্ষণ করে অচেতনের বিষয়টিও পরীক্ষা করা হয় না। মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হলে অনেক চিকিৎসক হত্যা, আত্মহত্যা কিংবা দুর্ঘটনাজনিত-এসব কিছুই উল্লেখ করেন না। রেলওয়ে পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, রেললাইনে পাওয়া লাশের মধ্যে প্রায় ৫০ শতাংশই আত্মহত্যা। ১০ শতাংশ অসুস্থতাজনিত কারণে মৃত্যু। আর ৩০ শতাংশ মৃত্যু ঘটছে কানে মোবাইল ফোন বা হেডফোন লাগিয়ে অসচেতনভাবে চলাচলের কারণে। বাকি ১০ শতাংশ হত্যা ও অন্যান্য মৃত্যু। প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার রেলপথের ৯৮ শতাংশ এলাকাই রাতে অন্ধকারে ঢাকা থাকে। অনেক এলাকা থাকে নির্জন। আর এই সুযোগটাই নিচ্ছে অপরাধীরা।

    অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এমন অপরাধ কমাতে হলে লাইন ঘেঁষে সিসি ক্যামেরা ও বাতি স্থাপন এবং সচেতনতা জরুরি। রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. জিল্লুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে রেললাইনে লাশ ফেলে দেওয়া হয়। আমরা তদন্ত করছি, খুনের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করছি। ট্রেন এবং রেলপথের অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা তৎপর রয়েছি।’

    পাল্লা দিয়ে বাড়ছে অন্য অপরাধ : হত্যা গোপনই নয়-রেললাইনে পাল্লা দিয়ে বাড়ছে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ। তৎপর রয়েছে পকেটমার ও অজ্ঞান পার্টির সদস্যরাও। রেলওয়ে পুলিশের পরিসংখ্যানও বলছে অপরাধের অভয়রণ্য হয়ে উঠেছে রেলপথ। পরিসংখ্যান বলছে, গত সাড়ে পাঁচ বছরে রেলের বিভিন্ন অপরাধের মামলা হয়েছে ৩ হাজার ৭৭১টি। এর মধ্যে ২০২১ সালে ৪৫৯টি, ২০২২ সালে ৭৮৬টি, ২০২৩ সালে ৬৪৭টি, ২০২৪ সালে ৬৪৫টি, ২০২৫ সালে ৮৫১টি এবং চলতি বছরের জুন মাস পর্যন্ত ৩৮৩টি মামলা হয়েছে। উদ্বেগজনক হারে বেড়েছে ডাকাতি ও চুরির ঘটনা। ২০২১ সালে মাত্র সাতটি ডাকাতির ঘটনা ঘটলেও শুধু ২০২৫ সালেই (গত বছর) ৫৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। আর চলতি বছরের ছয় মাসেই ১৭টি ডাকাতি হয়েছে। গত বছর চুরির ঘটনা ঘটেছে ১৫২টি। চলতি বছরে এখন পর্যন্ত ৫৮টি চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়াও গত সাড়ে পাঁচ বছরে ১ হাজার ৬৭৩টি মাদক মামলা, ৯৯টি চোরাচালান মামলা, ৭৯টি হত্যাকাণ্ড, অস্ত্র আইনে ৩৮টি, নারী নির্যাতন ৮২টি, শিশু নির্যাতন ১৬টি ও অন্যান্য ৮৫৭টি মামলা দায়ের হয়েছে।

  • এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

    এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশ স্বাধীন হওয়ার ৫০ বছরের অধিক সময় পেরিয়ে গেছে। আমাদের পরে স্বাধীন হয়েও অনেক দেশ তাদের জনগণের জীবনমান উন্নত করতে পেরেছে, অর্থনীতি স্বাবলম্বী করতে পেরেছে। এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার। আপনাদের ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে।’

    রবিবার প্রধানমন্ত্রী চট্টগ্রামের বাঁশখালী বাহারছড়া সমুদ্রসৈকতে এক সমাবেশে এসব কথা বলেন।

    এর আগে তিনি কক্সবাজার মাতারবাড়ী থেকে এসে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকার প্রদত্ত ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। সমাবেশস্থলে এসে পৌঁছান দুপুর ২টায়।

    প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবারের নারীদের স্বাবলম্বী করতে আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি, কৃষকদের জন্য করেছি কৃষক কার্ড। বাঁশখালী লবণ চাষিরা শিগগিরই এই প্রক্রিয়ার আওতায় আসবেন।’

    চীন সরকার এখানে বিনিয়োগ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মাতারবাড়ী যাওয়ার সময় মিরসরাই থেকে পুরো সমুদ্র উপকূল হেলিকপ্টার থেকে পরিদর্শন করেছি। এই সমুদ্র আমাদের সম্পদ। এখানে শত শত শিল্প-কারখানা স্থাপন করা হবে, এসব কারখানায় চট্টগ্রামের বেকার যুবকদের কর্মসংস্থান করা হবে।’

    সমাবেশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পু বক্তব্য দেন।

    বিকাল ৩টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বাঁশখালী শেয়ার করে ফটিকছড়ির উদ্দেশে। ফটিকছড়িতে তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিব্বুলাহ বাবুনগরীর সঙ্গে মতবিনিময় করবেন।

    এরপর হাটহাজারী ও নগরের রেডিসন ব্লু হোটেলে দলের কর্মসূচিতে অংশ নেবেন।