Blog

  • বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ খান

    বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ খান

    বিএনপির উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া এক হুঁশিয়ারির জবাব দিয়েছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তাঁর মতে, বিএনপি পাহারা না দিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত।

    আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রাশেদ খান এ কথা লিখেছেন। এরআগে গতকাল নওগাঁয়ে এক অনুষ্ঠানে বিএনপির উদ্দেশে হুঁশিয়ারি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন—বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না।

    ওই প্রসঙ্গ তুলে রাশেদ খান লিখেছেন, ‘এনসিপির এক নেতা ইরান থেকে ফিরে বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠানোর হুমকি দিয়েছে! অথচ বিএনপি যদি আওয়ামীলীগকে একটু রিলাক্স দেয়, আওয়ামীলীগের নেতারাই তাগো বঙ্গোপসাগরে পাঠিয়ে দিবে। বরং বিএনপি বিরোধীদলের এসব নেতাদের পাহারা দিয়ে রেখেছে, নতুবা বহু আগে আওয়ামীলীগ নামের হাঙ্গর এসব নেতাদের গিলে খেয়ে ফেলতো। তারপরও এরা বাস্তবতা বোঝে না কেন? ’

    তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগকে যে এখনো মাঠের বাইরে, এটা বিএনপির প্রতিরোধের কারণেই। পতিত আওয়ামী লীগের মোকাবিলা করার সক্ষমতা বিএনপি ছাড়া আর কারও আছে? ভোটের জন্য তো তাদের জোট প্রধান আওয়ামীলীগ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। তাদের এমপিরা তো এখন আত্মস্বীকৃতি দিচ্ছে যে, আওয়ামী লীগ ভোট না দিলে কি আমরা এমপি হতে পারতাম?’

    রাশেদ খান লিখেছেন, ‘মূলত ৫ আগস্টের পরে সরকারি টাকাপয়সা কামিয়ে এসব নেতাদের শরীরে তেলচবর জমেছে। সেজন্য তারা বৃষ্টির দিনে জোস নিয়ে একটু গরম বক্তব্য দিয়ে শরীরটা ফিট করতে চাচ্ছে। সরকারি প্রটোকল নিয়ে সরকারের বিরুদ্ধে গরম বক্তব্য দিয়ে ২৪ এর গণঅভ্যুত্থান হয়নি। বর্তমানেও সরকারি পাহারায় থেকে সরকারের কানাকড়িও ছেঁড়া যাবে না।’

    তিনি আরও লিখেছেন, ‘মাত্র ১ বছরের ব্যবধানে জুলাই পদযাত্রায় কেন ধস নামলো, সেই চিন্তা করা উচিত। গণঅভ্যুত্থানের পরে জামায়াতের চৌদ্দগুষ্টি উদ্ধার করে, ভোটের আগে ও পরে জিকির করা যে, আমি তো শিবিরের সাথী ছিলাম! মানুষ এই নয়া ভণ্ডবস্ত বুঝতে পেরেই মুখ ফিরিয়ে নিয়েছে। মোদ্দা কথা, জামায়াত নামের হাঙ্গর ইতোমধ্যে এনসিপিকে গিলে ফেলেছে! আগে নিজেরা বাঁচবেন, না কি বিএনপিকে বঙ্গোপসাগরে ফেলবেন?’

  • টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে

    টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে

    টেলিভিশনের টকশোতে আর অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

    আজ সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ ঘোষণা দেন।

    ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আল বিদা টকশো। অনিবার্য কারণবশত আজ থেকে কোনো টিভি টকশোতে যাবো না। শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো ইনশা আল্লাহ।’

    তবে কী কারণে তিনি টেলিভিশনের টকশো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। গোলাম মাওলা রনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ভিত্তিক টকশোতে নিয়মিত অংশ নিয়ে আসছিলেন।

    তার হঠাৎ এ ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।

  • টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

    টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

    টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

    কয়েক শত গ্রাহক ও সাব-এজেন্টের কাছ থেকে বিমান টিকিটের অগ্রিম অর্থ গ্রহণ করে টিকিট সরবরাহ না করার অভিযোগে অনলাইনভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান ফ্ল্যাইট এক্সপার্ট (FEBD)-এর বিরুদ্ধে প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৯০ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর মতিঝিল থানায় মামলা নং- ১৩, তারিখ: ১১/০৭/২০২৬ খ্রি., মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫)-এর ৪(২)/৪(৪) ধারায় ৭ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার আসামিরা হলেন- (১) সালমান বিন রশিদ শাহ সায়েম (ব্যবস্থাপনা পরিচালক, FEBD ও সিইও, ফ্ল্যাইট এক্সপার্ট), (২) এম এ রশিদ শাহ সম্রাট (প্রেসিডেন্ট), (৩) আমির হামজা রশিদ শাহ নায়েম (পরিচালক), (৪) এ কে এম শাহদাত হোসেন (পরিচালক), (৫) আব্দুল গণি মেহেদী (পরিচালক), (৬) মো. সাকীব হোসেন (হেড অব ফাইন্যান্স) এবং (৭) মোতাহের হোসেন (স্বত্বাধিকারী, সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস)।

    সিআইডির অনুসন্ধানে জানা যায়, ফ্ল্যাইট এক্সপার্ট ২০১৬ সালে অনলাইনভিত্তিক বিমান টিকিট বিক্রির কার্যক্রম শুরু করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি হোটেল বুকিং, হজ ও ওমরাহ প্যাকেজসহ বিভিন্ন ট্রাভেল সেবা প্রদান করতে থাকে। ২০১৯ সালে FEBD নামে যৌথমূলধনী কোম্পানি হিসেবে নিবন্ধন গ্রহণ করলেও প্রতিষ্ঠানটি ফ্ল্যাইট এক্সপার্ট ও FEBD উভয় নামেই ব্যবসায়িক কার্যক্রম এবং ব্যাংকিং লেনদেন পরিচালনা করত।

    অনুসন্ধানে আরও জানা যায়, প্রতিষ্ঠানটি বি-টু-বি (Business to Business) এবং বি-টু-সি (Business to Consumer) উভয় পদ্ধতিতে বিমান টিকিট বিক্রি করত। বিভিন্ন সময়ে অস্বাভাবিক মূল্যছাড়ের ঘোষণা দিয়ে দেশের বিভিন্ন সাব-এজেন্ট ও সাধারণ গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অগ্রিম অর্থ সংগ্রহ করা হয়। কিন্তু নির্ধারিত টিকিট সরবরাহ না করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সায়েম ১ আগস্ট ২০২৫ তারিখে দেশ ত্যাগ করেন।

    সিআইডির অনুসন্ধানে দেখা যায়, FEBD-এর নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ পরবর্তীতে ফ্ল্যাইট এক্সপার্টের বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর, উত্তোলন ও রূপান্তরের মাধ্যমে অপরাধলব্ধ সম্পদের উৎস, মালিকানা ও প্রকৃতি গোপনের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।

    অনুসন্ধানে আরও জানা যায়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেশত্যাগের পরও কোম্পানির কয়েকজন পরিচালক ও হেড অব ফাইন্যান্স বিভিন্ন ব্যাংক হিসাব থেকে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ উত্তোলন ও স্থানান্তর করেন। এসব লেনদেনের মাধ্যমে প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।

    এছাড়া অনুসন্ধানে উঠে এসেছে, ফ্ল্যাইট এক্সপার্ট বিভিন্ন আইএটিএ (IATA) অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট সংগ্রহ করলেও বহু ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে টিকিটের সম্পূর্ণ মূল্য গ্রহণের পরও টিকিট সরবরাহ করা হয়নি। কোনো কোনো ক্ষেত্রে একই টিকিটের বিপরীতে একাধিক উৎস থেকে অর্থ গ্রহণের ঘটনাও শনাক্ত হয়েছে।

    সিআইডির অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রতারণার মাধ্যমে ৩৪,৬৯,৩১,০৯০ টাকা আত্মসাৎ ও পরবর্তীতে তা বিভিন্ন ব্যাংকিং লেনদেনের মাধ্যমে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং সংঘটিত হয়েছে বলে প্রতীয়মান হয়েছে।

    মামলাটির তদন্ত সিআইডি কর্তৃক পরিচালিত হবে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে আরও ০২ সদস্য গ্রেফতার

    অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে আরও ০২ সদস্য গ্রেফতার

    অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে নিজেদের কমিশন কর্তনের পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারকারী চক্রের আরও ০২ সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। সাইবার পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার একটি চৌকস আভিযানিক দল গত ১২/০৭/২০২৬ খ্রি. নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতরা হলেন— ০১। মো. জসিম উদ্দীন (৩৩) (USO, নগদ), পিতা: মো. ওলিয়ার মোল্যা, মাতা: আবেরন বেগম, ঠিকানা: সাং- তুলারামপুর, পোস্ট- তুলারামপুর-৭৫০০, থানা- নড়াইল সদর, জেলা- নড়াইল; এবং ০২। সুমন রায় (২৮), পিতা: সমীর রায়, মাতা: সবিতা রায়, ঠিকানা: সাং- মালিয়াট, ইউনিয়ন- শেখহাটী, পোস্ট- এগারখান-৭৪০৬, থানা- নড়াইল সদর, জেলা- নড়াইল।

    ০১ নং আসামি মো. জসিম উদ্দীনকে গত ১২/০৭/২০২৬ খ্রি. রাত ২০:৩০ ঘটিকায় নড়াইল সদর থানাধীন রূপগঞ্জ বাজার সংলগ্ন মুচিপোল, সোনাপট্টি রোডে অবস্থিত মো. ওয়াহিদুজ্জামানের বাসার তৃতীয় তলায় অবস্থিত নগদ ডিস্ট্রিবিউশন হাউজ থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ২১:০০ ঘটিকায় নড়াইল সদর থানাধীন তুলারামপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ০২ নং আসামি সুমন রায়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি একটি বিদেশি অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, সিপিসি নিয়মিত সাইবার মনিটরিং চলাকালে দেখতে পায় যে, দেশের অভ্যন্তর এবং বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং (জুয়া) ওয়েবসাইট সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এবং আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে এবং অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্থের বিনিময়ে বেটিং পরিচালিত হচ্ছে। বেটিং সাইটে ব্যবহৃত বিভিন্ন এজেন্টের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে সিআইডি বাদী হয়ে পল্টন (ডিএমপি) থানায় মামলা নং-২০, তারিখ: ১৭/০৫/২০২৬ খ্রি., সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)/২৯(২) ধারায় মামলা রুজু করে।

    মামলা রুজুর পর সিআইডির সাইবার পুলিশ সেন্টারের তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তরা দেশের বিভিন্ন অঞ্চলে অনলাইন বেটিংয়ের এজেন্ট নিয়োগ করে তাদের এমএফএস ও ব্যাংক হিসাব সংগ্রহ করত এবং সেগুলো বেটিং সাইটে ব্যবহার করত। জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে নিয়োগপ্রাপ্ত এজেন্টরা কমিশন কেটে রাখার পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচার করত বলে তথ্য পাওয়া যায়। মামলার তদন্তে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে ব্যবহৃত বিভিন্ন এজেন্ট নম্বরের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মো. জসিম উদ্দীন ও সুমন রায় নিজেদের নামে নিবন্ধিত এজেন্ট সিম ব্যবহার করে অনলাইন জুয়ার সাইটে সক্রিয় ছিলেন। এছাড়া তারা বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত এজেন্ট সিম সংগ্রহ করে চক্রের সদস্যদের কাছে সরবরাহ করতেন। এসব এজেন্ট সিম অনলাইন বেটিং সাইটে অর্থ জমা ও উত্তোলনের কাজে ব্যবহৃত হতো। তদন্তে তাদের জুয়ার ওয়েবসাইট পরিচালনার সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

    বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-ট্রানজেকশন, অর্থপাচার কার্যক্রম এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

    উল্লেখ্য, এ মামলায় পূর্বে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় সিআইডির একটি চৌকস আভিযানিক দল গত ০৭/০৬/২০২৬ খ্রি. টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের মো. সোলায়মান (৪৭), মো. সাগর মিয়া (২৮) এবং মো. জুয়েল রানা (৩২)-কে গ্রেফতার করে। পরবর্তীতে গত ১৬/০৬/২০২৬ খ্রি. নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চক্রের আরও মো. রায়হান খান (২১), মো. পাভেল রহমান ভূঁইয়া (২৩) এবং আবু জোবায়ের সানি (৩৬)-কে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

  • অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির  সভা

    অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সভা

    রাকিব হাসান, টাংগাইল

    বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
    ১১ জুলাই, শনিবার রাত ৮টায় টাঙ্গাইল প্রেসক্লাব মার্কেটের নিচতলায় ‘সময়তরঙ্গ নিউজ’ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
    সংগঠনের সভাপতি কবি হেমায়েত হোসেন হিমুর সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন বিষয়ে মতামত পেশ করেন সংগঠনের উপদেষ্টা মীর নাসিমুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক ড. আলী রেজা, কোষাধ্যক্ষ দীপক পাল, সহ-সাধারণ সম্পাদক রহমান শিপলু, সাহিত্যসভা ও অনুষ্ঠানবিষয়ক সম্পাদক সৈয়দ সাইফুল্লাহ, প্রকাশনা ও গবেষণা সম্পাদক রেখা আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক রাশেদ রহমান, স. ম. আজাদ, আরিফ আহমেদ, ইমাম হাসান সোহান প্রমুখ।
    সভায় সাংগঠনিক আলোচনা শেষে আগামী ১৮ জুলাই শনিবার দীপক পালের একক সংগীতানুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয় এবং সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়।

  • রামিসা হত্যাকাণ্ডের ৫৪ দিন: রায় কার্যকরের অপেক্ষায় পরিবার ও জনমনের প্রশ্ন

    রামিসা হত্যাকাণ্ডের ৫৪ দিন: রায় কার্যকরের অপেক্ষায় পরিবার ও জনমনের প্রশ্ন

    ১৯ মে ২০২৬ থেকে আজ ১২ জুলাই ২০২৬ পর্যন্ত রামিসা হত্যাকাণ্ডের ৫৪ দিন অতিবাহিত হয়েছে। আদালতের রায়ের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হলেও, এখনো শেষ হয়নি রায় কার্যকরের অপেক্ষা।

    জনমনে এখন বড় প্রশ্ন, অতীতের অনেক আলোচিত মামলার মতো এই মামলাটিও কি দীর্ঘসূত্রতার বেড়াজালে আটকে যাবে? নাকি দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন হবে?

    রামিসার পরিবার ও সাধারণ মানুষের প্রত্যাশা, আইন অনুযায়ী সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে রায় কার্যকরের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে। কারণ একটি বিচার শুধু একটি পরিবারের ন্যায়বিচারের বিষয় নয়, এটি পুরো সমাজের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থার প্রতীক।

    দেশে আদালতের রায়ে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজা ঘোষিত হয়ে যেসব মামলা এখনো আইনগত প্রক্রিয়ায় অপেক্ষমাণ রয়েছে, সেগুলোরও যথাযথ ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা জরুরি।

    ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক, অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ঊর্ধ্বে না থাকে এবং কোনো পরিবারকে যেন বছরের পর বছর বিচারের আশায় অপেক্ষা করতে না হয়, এটাই আজ মানুষের প্রত্যাশা।

  • “তারাকান্দায় ভাতিজার হাতে চাচা খুন”

    “তারাকান্দায় ভাতিজার হাতে চাচা খুন”

    ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। রোববার (১২ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার বিষকা নোগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    নিহত একরামুল (৪৫) উপজেলার বিষকা নোগুয়া গ্রামের আব্দুল গনির ছেলে। অভিযুক্ত আল আমিন নিহতের বড় ভাইয়ের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একরামুলের সঙ্গে তার বড় ভাইয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছিল।

    রোববার দুপুরে গ্রামের এক প্রতিবেশীর জানাজায় অংশ নিতে বাড়ি থেকে বের হন একরামুল। জানাজায় যাওয়ার পথে কিছা বাজার এলাকায় তার বড় ভাই ও ভাতিজা আল আমিনের সঙ্গে দেখা হয়। এ সময় পূর্বের বিরোধের জের ধরে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের একপর্যায়ে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে একরামুলকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্তরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

    ঘটনার পর বিষকা নোগুয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

    তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোবারক হোসেন জানান, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

  • বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২ অবৈধ ট্রলিং বোট, ১৪ জাল জব্দ; আটক ৩৭ জেলে

    বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২ অবৈধ ট্রলিং বোট, ১৪ জাল জব্দ; আটক ৩৭ জেলে

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ১৪টি ট্রলিং জাল জব্দ এবং ৩৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
    রোববার (১২ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
    তিনি জানান, রোববার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটি তল্লাশি করে ১৪টি ট্রলিং জাল উদ্ধার এবং ৩৭ জন জেলেকে আটক করা হয়।
    কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত ট্রলিং বোট, ট্রলিং জাল এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ আহরণ প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

    টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

    কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ ছাবেকুন নাহার (২১) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
    রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
    ডিএনসির টেকনাফ বিশেষ জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
    অভিযানকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ভাড়া বাসার শয়নকক্ষ তল্লাশি করে বালিশের নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে ১০টি পলিপ্যাকেটে সংরক্ষিত ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই ছাবেকুন নাহারকে আটক করা হয়।
    ডিএনসি জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় আটক ছাবেকুন নাহারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, টেকনাফে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

  • গাইবান্ধায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    গাইবান্ধায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কিসামত মালিবাড়ি মধ্যপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মো. উজ্জল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
    রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৭০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

    পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানটি পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে পরিচালিত হয়।