Blog

  • উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৫০ শিক্ষার্থীর কৃতিত্ব

    উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৫০ শিক্ষার্থীর কৃতিত্ব

    মোঃসুজন আহমেদ
    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে মোট ৫০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
    প্রকাশিত ফলাফল অনুযায়ী, ট্যালেন্টপুলে ৩৬ জন এবং সাধারণ গ্রেডে ১৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করেছে। শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করছে।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন রায় বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “এই অর্জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।
    তিনি বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
    উল্লেখ্য, উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে লেখাপড়ার মান, শৃঙ্খলা এবং সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে।

  • কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

    কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

    কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ ইব্রাহিম নামে এক পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের অবস্থা ও ঘটনাস্থলের প্রাথমিক আলামত দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগম পলাতক রয়েছেন।
    রোববার (১২ জুলাই) বিকেলে নিমসার এলাকার সাবেক চেয়ারম্যান আবু তাহেরের বাড়ির ভাড়াটিয়া লুৎফুর রহমানের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
    নিহত ইব্রাহিম (৩৫) একই এলাকার সরু হাজির বাড়ির ফরিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একটি মিনি পিকআপের চালক ছিলেন।
    নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও প্রায় ছয় থেকে সাত মাস আগে ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেন। এরপর দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে নিমসারের ওই ভাড়াবাসায় বসবাস শুরু করেন। প্রথম স্ত্রী ও সন্তানের ভরণ-পোষণ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো।
    স্থানীয়দের ভাষ্য, রোববার দুপুরে পাশের কক্ষের ভাড়াটিয়ারা তীব্র দুর্গন্ধ টের পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে তিনি দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে ফাঁড়ির ইনচার্জ সরজিৎ বড়ুয়া ও উপপরিদর্শক (এসআই) মঞ্জুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
    উপপরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে ইব্রাহিমের মৃত্যু হয়েছে। মরদেহের বিভিন্ন অংশে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
    বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। মরদেহের অবস্থা ও ঘটনাস্থলের প্রাথমিক আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের দ্বিতীয় স্ত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।”
    তিনি আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
    এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

  • মাদক ব্যবসার কৌশল পাল্টেছে কারবারিরা,আছে হোম ডেলিভারির ব্যবস্থা।

    মাদক ব্যবসার কৌশল পাল্টেছে কারবারিরা,আছে হোম ডেলিভারির ব্যবস্থা।

    নিজস্ব প্রতিবেদক।

    ভয়ানক মাদক ইয়াবার ভ্রাম্যমাণ ব্যবসা কেন্দ্র হয়ে উঠেছে বুড়িচং পৌরসভার অন্তর্গত ৪নং ওয়ার্ড পূর্ণমতি এলাকা।ফেরি ওয়ালার মতো এখানে প্রকাশ্যে ফেরি করে বেচাকেনা হচ্ছে ইয়াবা ও গাঁজা সহ অন্যান্য মাদক। এ ছাড়াও রয়েছে হোম ডেলিভারি সিস্টেম। মাদক ব্যবসা প্রতিরোধে প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ নেই।অনুসন্ধানে জানা গেছে, রাস্তার মোড়ে, টং দোকানে, হাটবাজারে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ইয়াবা। তার ওপর যোগ হয়েছে নতুন ফর্মুলা অর্থাৎ হোম ডেলিভারি সার্ভিস। চাইলে ঘরেই সরবরাহ করা হয় ইয়াবা। শুধু মোবাইলে অর্ডার দিলেই কয়েক মিনিটের মধ্যে সহযোগীরা হাজির হয়ে যাবে অর্ডার সাপ্লাই দিতে। এ ছাড়াও ইজিবাইকে রয়েছে ভ্রাম্যমাণ বিক্রেতার দল। তারা ঘুরে ঘুরে ইয়াবা বিক্রি করে।সবচেয়ে উদ্বেগের বিষয় এখানে প্রায় প্রতিটি ঘরেই ইয়াবাসেবী রয়েছে। শুধু উঠতি বয়সী তরুণরা নয়, গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার যুবক, বয়স্ক পুরুষরাও যারা আগে বিড়ি, সিগারেট, তামাক বা হুঁকায় অভ্যস্ত ছিলেন এখন তারাও ইয়াবায় আসক্ত হয়ে পড়েছেন।

    প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই ইয়াবার খুচরা চালান
    বিভিন্ন সহযোগীর মাধ্যমে পৌঁছে যাচ্ছে মাদকসেবিদের হাতে। কাজেই উঠতি বয়সের সন্তানদের মাদকের হাত থেকে বাঁচাতে বেশির ভাগ অভিভাবক এখন অল্প বয়সেই লেখাপড়া বাদ দিয়ে সন্তানকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন।কোনো মতে এসএসসি পাস করলেই ছেলেকে বিদেশ পাঠাতে মরিয়া অভিভাবকেরা। ফলে এ অঞ্চলে দিন দিন শিক্ষার হার কমে যাচ্ছে।জানা গেছে, বুড়িচং পৌরসভার অন্যতম ধনাঢ্য অঞ্চল পূর্ণমতি।এলাকার ৪০শতাংশ পুরুষ বিদেশে থাকেন। শুধু উঠতি তরুণ ও বৃদ্ধরাই এলাকায় থাকেন। প্রবাসীরা যে টাকা পাঠান তার একটি বড় অংশই চলে যায় এসব বেকার তরুণ ও বৃদ্ধের আরাম আয়েশ ও মাদক সেবনে। পকেটে টাকা থাকায় সহজেই এদের হাতে চলে যাচ্ছে মাদক।

    অনুসন্ধানে জানা গেছে, পূর্ণমতি গ্রামে মাদকের বেচাকেনা হয় বিভিন্ন কৌশলে।এর মধ্যে মসজিদ গেট, নোয়াপাড়া, মধ্যপাড়া,
    এলাকা মাদকের স্পট হট।এই জায়গার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে মাদক সম্রাট নাঈম, মাদক সম্রাট হারেজ।তাদের প্রত্যেকের নামেই রয়েছে একাধিক মামলা। প্রশাসনের হাতে ইয়াবা সহ কয়েকবার গ্রেপ্তার হলেও জেলে খেটে বের হয়ে আবার ও শুরু করেন ব্যবসা। তাদের প্রত্যেকের রয়েছে সহযোগী। এই সহযোগীর মাধ্যমে তারা তাদের মাদক কারবার
    নিয়ন্ত্রণ করে থাকেন এবং সহযোগীর মাধ্যমে মাদকের হোম ডেলিভারি পৌঁছে দেন মাদকসেবিদের হাতে। মাদক সম্রাট নাঈমের রয়েছে একাধিক সহযোগী। তাদের মধ্যে হাবিব, রাসু,বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ইয়াবা পৌঁছে দেয়৷ অন্যদিকে মাদক কারবারি হারেজের সহযোগী গাড় বাকা মাইনুদ্দিন চায়ের দোকানের আড়ালে মাদকের খুচরা বিক্রেতা।আরেক সহযোগী পিচ্চি দেলোয়ার নির্মান শ্রমিক। আরেক ব্যবসায়ী মধ্যপাড়ার জালাল এবং তার সহযোগী বাপ্পি, সালাম।
    অভিযোগ রয়েছে গত কয়েকদিন আগে জালাল ও তার সহযোগীরা মধ্যবাজারে নির্মাণাধীন মসজিদের উপরে ইয়াবা সেবনরত অবস্থায় এলাকাবাসী হাতেনাতে ধরে উত্তম মধ্যম দেয়।পরবর্তী তে পুলিশ এসে সতর্ক করে পরিবারের হাতে হস্তান্তর করে।

    পূর্ণমতি বাজারের এক ব্যবসায়ী অভিযোগের সুরে জানান, মাদকের ভয়াবহতায় ছেলেমেয়ে নিয়ে দুশ্চিন্তায় আছি।আরেক
    ব্যবসায়ী জানান, এই ওয়ার্ডে মাদকে ছড়াছড়ি হলেও প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন এত হিমশিম খাচ্ছে বুঝে উঠতে পারছি না। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, মাদকের সাথে কোনো আপস নয়, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। যেহতু অভিযোগ এসেছে প্রয়োজনে অভিযান আরো জোরদার করা হবে।

  • ধনবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্ক ঘিরে পরিবারের অভিযোগ

    ধনবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমের সম্পর্ক ঘিরে পরিবারের অভিযোগ

    ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল গ্রাম থেকে লিমা আক্তার (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

    নিহত লিমা আক্তার উপজেলার ধোকেরকুল গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলীর মেয়ে। তিনি ধনবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। চার বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

    পরিবারের অভিযোগ, ধনবাড়ী পৌর এলাকার বন্দ-টাকুরিয়া গ্রামের দুবাইপ্রবাসী মঞ্জু মিয়ার ছেলে মো. মারুফ হোসেন শান্তর সঙ্গে লিমার প্রেমের সম্পর্ক ছিল। তাদের দাবি, গত ১১ জুলাই সকাল ১০টার দিকে শান্ত মোবাইল ফোনে লিমাকে ডেকে নিয়ে যান। এরপর সারাদিন তিনি বাড়ির বাইরে ছিলেন।

    নিহতের স্বজনদের ভাষ্য, বিষয়টি জানাজানি হওয়ার পর রাতের দিকে ছেলেপক্ষ স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে অর্থের বিনিময়ে মীমাংসার চেষ্টা করে। পরে রাত আনুমানিক ১১টার দিকে লিমাকে তার বড় বোনের জামাই কাবেলের বাড়ির সামনের সড়কে জোরপূর্বক সেখানে ফেলে রেখে যাওয়া হয়।

    পরিবারের সদস্যরা জানান, পরদিন রোববার বেলা ১১টার দিকে বড় বোনের জামাইয়ের বাড়ির একটি কক্ষে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লিমাকে ঝুলতে দেখতে পান তারা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
    নিহতের মা মোছা. শাহিদা বেগম বলেন, “১১ জুলাই সকাল ১০টার দিকে মারুফ হোসেন শান্ত আমার মেয়েকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আমার মেয়ের সঙ্গে কী ঘটেছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

    এ ঘটনায় নিহতের পরিবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

    এ ব্যাপারে দুবাইপ্রবাসী মঞ্জু মিয়ার ছেলে মো. মারুফ হোসেন শান্তর পরিবারের সাথে কথা বলতে গেলে তাদের বাড়ীতে পাওয়া যায়নি।

    ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
    পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

  • বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

    বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

    সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চাষিদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শনিবার সকালে কুমিল্লায় এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

    তিনি বলেন, দেশের যেসব এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষক ও চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশে সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকার তাদের প্রয়োজনীয় সকল সহায়তা করবে।
    কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি মেলার উদ্বোধনী উপলক্ষে একটি র‌্যালিতে অংশ নেন। মেলায় ফলজ ও বনজ স্টল পরিদর্শন করেন তিনি।
    বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের এখনও যায়নি। তবে সবাইকে মনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।
    কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেছেন, কুমিল্লার পরিবেশ সংরক্ষণ রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার এ কর্মসূচিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। আমরা আশা করব, মেলায় সর্বস্তরের মানুষ আসবেন। তাদের পছন্দের বৃক্ষ কিনবেন।
    উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন

    ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন

    ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

    আজ শনিবার ১১ই জুলাই শনিবার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খামারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

    এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘কুমিরের যথাযথ সংরক্ষণ ও বৈজ্ঞানিক প্রজনন ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ খাতে উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি হবে। পাশাপাশি দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।’

    তিনি আরও বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই খামার ব্যবস্থাপনার ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণীসম্পদের সুরক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

    এ সময় খামার কর্তৃপক্ষ প্রতিমন্ত্রীকে কুমিরের প্রজনন, লালন-পালন এবং সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

  • ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

    ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

    ঝিনাইদহ জেলার মহেশপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। ১১ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা ১৮:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানাধীন সামান্তা চারাতলা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানকালে ৩৭২ বোতল স্কাফ এবং ২৯২ বোতল ফেন্সিডিলসহ মোঃ মুজাহিদ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুজাহিদ মহেশপুর থানার চারাতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। মাদক উদ্ধারের পর উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তা জব্দ করা হয়েছে।

    পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই সাথে উদ্ধারকৃত আলামত ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র‍্যাব ফোর্সেস নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে। অপরাধমুক্ত সমাজ গঠনে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের এই চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • চৌদ্দগ্রাম ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    চৌদ্দগ্রাম ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    কুমিল্লার চৌদ্দগ্রামে ২৩০ পিছ ইয়াবা ও ২৩ বোতল বিদেশী মদসহ কামাল হোসেন ভুঁইয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। কামাল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মোহাম্মদ আলী ভুঁইয়ার ছেলে। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক তারেক আকাশ।
    জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আমানগন্ডা গ্রামে কামাল হোসেন ভুঁইয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানকালে পুলিশ ২৩০ পিছ ইয়াবা ও ২৩ বোতল বিদেশী মদসহ কামাল ভুঁইয়াকে আটক করে।
    সচেতন মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে কামাল ভুঁইয়া মাদক ব্যবসা করে আসছিল। এছাড়া মহাসড়কের পাশে নোয়াপাড়া এলাকায় নতুন বাড়িতে নারীদের দিয়ে অনৈতিক কাজ এবং অনলাইন জুয়া পরিচালনা করতো। ফলে উঠতি বয়সের ছেলে-মেয়েদের চরিত্র ধ্বংসের পথে। এলাকায় কথিত আছে, তাকে আটক করার পর ১০ মিনিটও রাখতে পারবে না। তাঁর সাথে কতিপয় প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকায় সাধারণ মানুষ ভয়ে কথা বলার সাহস পেতো না। এদিকে মাদকসহ কামাল ভুঁইয়াকে আটক করায় পুলিশকে অভিনন্দন জানায় নোয়াপাড়া ও আমানগন্ডা গ্রামের সচেতন মহল।
    চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক তারেক আকাশ বলেন, মাদকসহ কামাল ভুঁইয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • লংগদুতে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ

    লংগদুতে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ

    রাঙ্গামাটির লংগদু উপজেলার উলুছড়ি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে শনিবার এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

    জানা যায়, টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে লংগদু জোনের সেনাসদস্যরা উলুছড়ি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সেখানে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিরাপদ বিশুদ্ধ পানি বিতরণ করেন।

    ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাসদস্যরা দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি, প্রয়োজন ও দুর্ভোগ সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

    লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও সমান গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করছে এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

    ত্রাণ ও বিশুদ্ধ পানি পেয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারগুলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, দুর্যোগের এই কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত মানবিক সহায়তা তাদের জন্য অনেক স্বস্তি বয়ে এনেছে।

  • গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কঞ্চিপাড়া ইউনিয়নে শাহজালাল (৫৫) নামে এক কৃষককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কঞ্চিপাড়া ইউনিয়নে শাহজালাল (৫৫) নামে এক কৃষককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার।

    রবিবার (১২ জুলাই) গভীর রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কঞ্চিপাড়া (মাঝিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

    ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শাহজালাল ওই গ্রামের মৃত নিয়ামত উল্লার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি বাঁশের কাজ করতেন।

    পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে শাহজালাল ঘুমিয়ে পড়েন। তার স্ত্রী গোলেদা বেগম মূল ঘরে এবং শাহজালাল বারান্দার টিনশেড কক্ষে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে গোঙানির শব্দ শুনে গোলেদা বেগম বারান্দার কক্ষে গিয়ে স্বামীকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও মরদেহের পাশে পড়ে ছিল। পরে স্থানীয়দের খবরে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

    নিহতের ছেলে অটোচালক পাঞ্জু মিয়া অভিযোগ করে বলেন, আমার জ্যাঠাতো ভাই গোলাম হোসেন আমার বাবাকে হত্যা করে পালিয়ে গেছে। পালানোর সময় আমার মা তাকে দেখেছেন। গোলাম হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। এসব ঘটনায় আমার বাবা চাচা হিসেবে প্রতিবাদ করতেন। প্রায় পাঁচ মাস আগে কোদাল দিয়ে স্ত্রীকে মারধরের পর স্থানীয়দের সহযোগিতায় তাকে বাবার বাড়িতে পাঠানো হয়। এরপর তিনি আর ফিরে আসেননি, বর্তমানে ঢাকায় আছেন। সেই ক্ষোভ থেকেই গোলাম হোসেন আমার বাবাকে হত্যা করেছে।