Blog

  • নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি     হামলায় ৩ জন আহত

    নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত

    নরসিংদীতে শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের পদ্মারকান্দা দীঘির পাড় এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। একই সময়ে ওই এলাকার অন্তত ৩টি বাড়িতে একযোগে ডাকাত দল হানা দেয় বলে জানা গেছে। ডাকাতরা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং ৩ জনকে কুপিয়ে জখম করে।

    ভুক্তভোগী কাঁঠালিয়া এলাকার বাসিন্দা মিনহাজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তাঁর বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির ঘটনার বিবরণ দিয়েছেন।
    মিনহাজুল ইসলাম জানান, রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে ৫-৭ জনের একটি ডাকাত দল প্রথমে তাঁর বাড়ির গেইট টপকে ভেতরে প্রবেশ করে। এরপর
    ভেতরের গেইটের তালা ভেঙে বাকি সহযোগীদের ভেতরে ঢোকায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দুটি দরজা ভেঙে ডাকাতরা সরাসরি তাঁর বেডরুমে ঢুকে পড়ে।
    ঘটনার সময় মিনহাজুল ইসলামের স্ত্রী ও সন্তান বাড়িতে না থাকায় তিনি ঘরে একাই ছিলেন। আকস্মিক এই হামলায় ভয় পেয়ে তিনি চিৎকার দিলে ডাকাতরা তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
    এলাকা ছাড়ার সময় ডাকাত দলকে বাধা দিতে গেলে ৩ জনকে কুপিয়ে জখম করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে পালিয়ে যায়।
    এই ঘটনার পর থেকে পুরো কাঁঠালিয়া ও পদ্মারকান্দা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। রাতে নিরাপত্তা জোরদার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ।
    এ ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান, ভুক্তভোগী।

  • ক্রোক হচ্ছে অবৈধ মাদক ব্যবসায়ীদের সম্পদ

    ক্রোক হচ্ছে অবৈধ মাদক ব্যবসায়ীদের সম্পদ

    রাজশাহী জেলার, অবৈধ সম্পদ নিয়ে আতঙ্কে গোদাগাড়ীর মাদক কারবারিরা ,
    মাদক ব্যবসা করে অবৈধভাবে অর্জিত সম্পদ নিয়ে এখন আতঙ্কে পড়েছেন রাজশাহীর গোদাগাড়ীর শীর্ষ হেরোইন কারবারিরা। সম্প্রতি আদালতের নির্দেশে গোদাগাড়ীর শীর্ষ দুই মাদক কারবারির সম্পদ ক্রোক করা হয়েছে। আরও ২০ জনের ব্যাপারে তদন্ত চলছে। পর্যায়ক্রমে গোদাগাড়ীর ১৮৪ জন হেরোইন মাফিয়ার ব্যাপারে তদন্ত হবে বলে জানা গেছে।

    এ অবস্থায় গোদাগাড়ীর শীর্ষ মাদক কারবারিরা তাদের অবৈধ সম্পদ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। কারাগারে থাকা গোদাগাড়ীর সবচেয়ে বড় মাদক কারবারি তারেক হোসেনের সম্পদ ক্রোক করার বিষয়টি মঙ্গলবার জানাজানি হয়েছে। এরপর থেকে হেরোইন সিন্ডিকেটগুলোতে এই নিয়েই আলোচনা চলছে। তারা এখন নিজেদের সম্পদ লুকানোর পরিকল্পনা করছেন। তবে সম্পদ ক্রোক করার বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছেন বিশিষ্টজনেরা।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের শেষের দিক থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের অবৈধ সম্পদ খুঁজে দেখার কাজ শুরু হয়েছে। যাদের বৈধ আয়ের উৎস না থাকলেও সম্পদ রয়েছে তাদের বিরুদ্ধে আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মিস পিটিশন মামলা দায়ের করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আদালত তাদের সম্পদ ক্রোক করার আদেশ দিচ্ছেন। সম্পদ ক্রোক করা বলতে আদালতের আদেশে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ জব্দ বা আইনি নিয়ন্ত্রণে নেওয়া বোঝায়, যাতে সেই সম্পদ বিক্রি-হস্তান্তর বা গোপন করা না যায়।

    রাজশাহীর সিনিয়র স্পেশাল জজ আদালত গত ৬ এপ্রিল মো. আব্দুল্লাহ নামের এক মাদক ব্যবসায়ী ও তার স্ত্রী সায়েরা বেগমের অবৈধ সম্পদ ক্রোক করার আদেশ দেন। আদেশে ছয়টি দলিলে থাকা আব্দুল্লাহর ১৯৯ দশমিক ২১ শতাংশ এবং সায়েরার পাঁচটি দলিলে থাকা ১৭৪ দশমিক ৫ শতাংশ জমি ক্রোক করা হয়। এছাড়া ২৩ মে একই আদালত শীর্ষ মাদক কারবারি তারেক হোসেনের চারটি দলিলে থাকা ১৯৯ দশমিক ১১৭৫ সহস্রাংশ জমি ক্রোক করার আদেশ দেন।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক কারবারি আব্দুল্লাহ ও সায়েরা দম্পতির বাড়ি গোদাগাড়ীর সহড়াগাছি গ্রামে। মাদক ব্যবসা করে তারা অবৈধ সম্পদ অর্জন করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেন। আদালত তাদের অবৈধ সম্পদ ক্রোক করার আদেশ দিলে সেখানে এ সংক্রান্ত ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে ।

    এদিকে শীর্ষ মাদক কারবারি তারেক হোসেনের বাড়ি গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায়। স্থানীয় লোকজন জানান, গোদাগাড়ীর সবচেয়ে বড় এই মাদক কারবারি ভারত থেকে প্রতিমাসে মণ খানেক হেরোইন এনে দেশের বিভিন্ন স্থানে পাঠাতেন। গত বছরের ২২ এপ্রিল সেনাবাহিনীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তারেকের বাড়িতে অভিযান চালিয়ে হেরোইন বিক্রির ১৩ লাখ টাকাসহ তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়েই উপজেলার তিরিন্দা ভাজনপুর এলাকায় তারেকের গরুর খামারে অভিযান চালানো হয়।

    সেখানে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের সাড়ে ৬ কেজি হেরোইন উদ্ধার করা হয়। সেই থেকে তারেক হোসেন রাজশাহী কারাগারে আছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান। এ মামলায় আদালত তার ২৭ লাখ ৬১ হাজার টাকা মূল্যের জমি ক্রোক করার আদেশ দেন।

    গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, ‘ক্রোকাদেশ থাকা অবস্থায় এই সম্পত্তি কোনোভাবেই বিক্রি বা হস্তান্তর করা যাবে না। আমরা দুজনের ব্যাপারে আদালতের এই আদেশ পেয়েছি। আদালতের আদেশ যথাযথভাবে প্রতিপালন করা হবে।

    গোদাগাড়ী নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটির সভাপতি আইনজীবী সালাহউদ্দিন বিশ্বাস বলেন, ‘মাদক ব্যবসায়ীদের অবৈধ সম্পদ ক্রোক করা শুরু হয়েছে এটি ভাল খবর। আরও আগেই এই প্রক্রিয়া শুরু করা দরকার ছিল। দেরিতে হলেও শুরু হয়েছে। এখন ক্রোক করার খবরে মাদক ব্যবসায়ীরা আতঙ্কিত। তারা চেষ্টা করবে দ্রুত নিজেদের সম্পত্ত অন্য নামে সরিয়ে ফেলার। অথবা বেনামে সম্পদ করবে। এটিও যাতে করতে না পারে তা দেখতে হবে।’

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোদাগাড়ী পৌরসভার সাগরপাড়া মহল্লার শীর্ষ মাদক কারবারি আবুল কালাম আজাদের অবৈধ সম্পদের ব্যাপারেও তদন্ত চলছে। এই মাদক কারবারিও প্রতিমাসে প্রায় এক মণ হেরোইন দেশের নানা প্রান্তে পাঠান বলে স্থানীয় লোকজন জানেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে সাতটি মাদকের মামলা হলেও তার ব্যবসা থামেনি। মাদক ব্যবসা করেই প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। সম্প্রতি পুলিশ এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এরপর থেকে পরিবারসহ কালাম লাপাত্তা।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান বলেন, ‘মাদক ব্যবসায়ীদের মাদকের প্রতি নিরুৎসাহিত করতেই আমরা তাদের সম্পদ ক্রোক করার ব্যবস্থা করছি। ইতোমধ্যে দুজনের সম্পদ ক্রোক হয়েছে। আমরা এখন আরও ২০ জনের ব্যাপারে তদন্ত করছি। তাদের সম্পদ খুঁজে দেখতে আমাদের ২০-২২টি দপ্তরের সঙ্গে কাজ করতে হচ্ছে। যারা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, আয়ের বৈধ উৎস নেই; কিন্তু সম্পদ আছে- এমন ব্যক্তিদের বিরুদ্ধেই মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হবে।’

    তিনি জানান, তাদের কার্যালয়ে গোদাগাড়ীর শীর্ষ ১৮৪ জন মাদক কারবারির তালিকা আছে। এরা বড় হেরোইন কারবারি হিসেবেই পরিচিত। তারাই হেরোইন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। বাকিরা তাদের হয়ে কাজ করে। একে একে এদের সবাইকেই তদন্তের আওতায় আনা হবে।

  • ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

    ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

    ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন তিনি। এ সময় ক্যাম্পাসে দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ স্বাস্থ্যখাতের আধুনিকায়ন নিয়ে আয়োজিত বিশেষ আলোচনায় অংশ নেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও অনুষ্ঠানে অংশ নেন।

    উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রীকে সেলফি তুলতেও দেখা যায়।

    শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

    উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর অধীনে ঢামেক ক্যাম্পাসে নির্মাণ হতে যাওয়া দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

    ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন ঢাকা মেডিকেল কলেজে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আলোচনা সভায় অংশ নেন।

  • ‎খুলনা জেলা কারাগার থেকে দেওয়াল টপকে হাজতি পলাতক

    ‎খুলনা জেলা কারাগার থেকে দেওয়াল টপকে হাজতি পলাতক

    খুলনা জেলা কারাগার-২ থেকে দেওয়াল টপকে ইমন মাঝি (২৫) নামে এক হাজতি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
    বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে পালিয়ে যাওয়ার এ ঘটনায় কারা কর্তৃপক্ষের মধ্যে তৎপরতা শুরু হয়েছে।
    ‎
    কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার বাসিন্দা আবদুল মাঝির ছেলে। তিনি জিয়া মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
    ‎প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ইমন প্রথমে কারাগারের মহিলা ওয়ার্ডের পাশের একটি বাথরুমের ছাদে ওঠেন। এরপর কৌশলে কারাগারের পূর্ব পাশের উঁচু নিরাপত্তা দেওয়াল টপকে বাইরে পালিয়ে যান। কিছুক্ষণ পর বিষয়টি কারারক্ষীদের নজরে এলে কারাগারে সতর্ক সংকেত হিসেবে ‘পাগলা ঘণ্টা’ বাজানো হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে ধরতে অভিযান শুরু করা হয়।
    ‎
    কারাগারের নথি অনুযায়ী, সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি চুরি মামলায় (মামলা নম্বর: ০৯(০১)২৫, ধারা: ৩৮১/৩৪) গত ১৩ জুন ২০২৬ থেকে ইমন মাঝি খুলনা জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন।
    ‎পলাতক হাজতিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে।
    এ ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

  • রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার গাছ উধাও

    রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার গাছ উধাও

    দেড় বছরের কম সময়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) ক্যাম্পাসে ভূমি উন্নয়ন করতে গিয়ে উধাও হয়ে গেছে ২২ হাজারের বেশি গাছ। অভিযোগ উঠেছে, উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের নেতৃত্বাধীন শক্তিশালী সিন্ডিকেট প্রায় ২ কোটি টাকা মূল্যের ফলদ ও বনজ গাছ কেটে বিক্রি করে দিয়েছে। ক্যাম্পাসের ভূমি উন্নয়নকাজ চলমান অবস্থায় দুর্নীতির এ ঘটনা ঘটে। রামেবি, জেলা প্রশাসন ও বন বিভাগের নথিপত্র বিশ্লেষণে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এ তথ্য। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালের জুনে রামেবি ক্যাম্পাসের জন্য ২০৫ বিঘা জমি অধিগ্রহণ করা হয়। এ সময় জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ জরিপ করে ওই জমিতে থাকা ২৫ হাজার ৮৪২টি ফলদ ও বনজ গাছ তালিকাভুক্ত করে। অধিগ্রহণ করা জমি ভবন নির্মাণের উপযোগী করতে গত বছরের ফেব্রুয়ারিতে মাটি ও বালু ভরাটের কাজ শুরু হয়। এরপর বন বিভাগের অনুমতি ও নিলাম ছাড়াই গোপনে আম, জাম, কাঁঠাল, মেহগনি, নিম, অর্জুন, কড়ই, তেঁতুল, সেগুনসহ মূল্যবান গাছ গোপনে বিক্রি করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি সবার নজরে এলে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। বিষয়টি ধামাচাপা দিতে গত বছরের সেপ্টেম্বরে প্রথম দফায় ১ হাজার ৮৫৩টি গাছ নিলামে বিক্রি করা হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় বিক্রি হয় ৭১৩টি গাছ। সর্বশেষ মে মাসে তৃতীয় দফায় ৭৬টি গাছের নিলাম হয়। তিন দফায় ২ হাজার ৬৪২টি গাছ বিক্রি করে সরকারি কোষাগারে জমা হয় ২৮ লাখ ১৫ হাজার টাকা।

    সরেজমিন রামেবি গিয়ে দেখা যায়, আম ও মেহগনি মিলে ক্যাম্পাসের কয়েকটি স্থানে এখন সর্বোচ্চ ৫০০ গাছ আছে। নিলাম করা ২ হাজার ৬৪২টির সঙ্গে বিদ্যমান ৫০০ গাছ যোগ করলে ৩ হাজার ১৪২টি গাছের হিসাব পাওয়া যায়। বাকি ২২ হাজার ৭০০ গাছের হদিস মেলেনি। এ গাছ কোথায় গেল, এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এদিকে অধিগ্রহণ করা জমির মালিকদের গাছের মূল্য বাবদ জেলা প্রশাসন ২ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা দিয়েছে। যদিও নিলাম করা গাছের ২৮ লাখ ১৫ হাজার টাকা জমা হয়েছে সরকারি কোষাগারে। নিলামের মূল্য অনুযায়ী বিদ্যমান ৫০০ গাছের আনুমানিক দাম ৫ লাখ টাকা। ফলে নিলামসহ বিদ্যমান গাছের সর্বমোট মূল্য দাঁড়ায় ৩৩ লাখ ১৫ হাজার টাকা। জেলা প্রশাসন এবং বন বিভাগের নির্ধারিত মূল্য থেকে নিলাম ও বিদ্যমান গাছের মূল্য বাদ দিলে লোপাট করা হয়েছে ২ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা। জানা যায়, ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর ১০ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে যোগ দেন অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক। এরপর তাঁকে প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব নেওয়ার পরই বিশ্ববিদ্যালয়ের ভূমি উন্নয়নকাজ শুরু হয়। তবে উপাচার্য বলেন, ‘ক্যাম্পাসে ৫১ শতাংশ অবকাঠামো ও ৪৯ শতাংশ গ্রিন থাকবে। সেভাবেই গাছ কাটা হয়েছে। বাস্তবে ক্যাম্পাসে এখনো অনেক গাছ আছে। তবে বিষয়টি নিয়ে ভালো বলতে পারবে প্রকৌশল দপ্তর।’ প্রকৌশল দপ্তরে যোগাযোগ করা হলে তারা উপাচার্যের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

  • উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

    উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

    নিম্নচাপ ও মৌসুমিবায়ুর প্রভাবে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে শুরু করেছে। এ অবস্থায় হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির পর এবার সিলেট ও সুনামগঞ্জে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানায়, উত্তর-পূর্বাঞ্চলের খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। সুনামগঞ্জের মারকুলি পয়েন্ট ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি আরও বাড়তে পারে।

    পূর্বাভাসে আরও বলা হয়েছে, কুশিয়ারা ও সুরমা নদী-সংলগ্ন সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। পাশাপাশি সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই-কংস নদীর পানিও কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

    সংস্থাটির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সাতটি জেলা বন্যাকবলিত। আগামী ২৪ ঘণ্টায় আরও আটটি জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার ইতোমধ্যে বন্যার কবলে পড়লেও সিলেট ও সুনামগঞ্জকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় রাখা হয়েছে।

  • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহারের বৃত্তি দ্বিগুণ, দূতাবাসের কূটনৈতিক উদ্যোগে নতুন দিগন্ত

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহারের বৃত্তি দ্বিগুণ, দূতাবাসের কূটনৈতিক উদ্যোগে নতুন দিগন্ত

    মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ অগ্রগতির খবর এসেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত মিস সামিনা নাজ-এর আন্তরিক কূটনৈতিক উদ্যোগ, ধারাবাহিক যোগাযোগ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে নিরলস প্রচেষ্টার ইতিবাচক ফলস্বরূপ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইসলামী বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বৃদ্ধি করে ২৪-এ উন্নীত করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রতি বছর দ্বিগুণ সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ লাভের পথ উন্মুক্ত হলো, যা বাংলাদেশ ও আল-আজহারের দীর্ঘদিনের শিক্ষা-সম্পর্কে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

    সম্প্রতি বাংলাদেশ দূতাবাস, কায়রোর হেড অব চ্যান্সারি জনাব আতাউল হক আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থী-বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাইদি-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার শিক্ষা, গবেষণা, বৃত্তি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিয়ে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়।

    বৈঠকের শুরুতেই ড. নাহলা সাইদি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করেন যে, মান্যবর রাষ্ট্রদূত মিস সামিনা নাজ-এর বিশেষ অনুরোধ ও ইতিবাচক কূটনৈতিক উদ্যোগের প্রেক্ষিতে আল-আজহার কর্তৃপক্ষ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাঁর এই ঘোষণায় বৈঠকের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা এবং বাংলাদেশের প্রতি আল-আজহারের আস্থার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

    বৈঠকে হেড অব চ্যান্সারি জনাব আতাউল হক আল-আজহারের বিভিন্ন অনুষদে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, গবেষণামূলক অর্জন, শৃঙ্খলা ও ইতিবাচক ভূমিকার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি আল-আজহারের অব্যাহত সহযোগিতা, আন্তরিকতা এবং পৃষ্ঠপোষকতার জন্য মান্যবর রাষ্ট্রদূত মিস সামিনা নাজ-এর পক্ষ থেকে মাননীয় গ্র্যান্ড ইমাম, শাইখুল আজহার অধ্যাপক ড. আহমাদ আত-তাইয়্যেব এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ড. নাহলা সাইদির মাধ্যমে সেই শুভেচ্ছা ও কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

    ড. নাহলা সাইদি বৈঠকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নবপ্রণীত নীতিমালা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চলমান কার্যক্রম এবং শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক বিষয় সম্পর্কে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেন। একই সঙ্গে তিনি মান্যবর রাষ্ট্রদূত মিস সামিনা নাজ এর প্রতি আন্তরিক শুভেচ্ছা, সালাম ও শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও আল-আজহারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    কূটনৈতিক মহলের মতে, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অধিকার, সুযোগ-সুবিধা ও উচ্চশিক্ষার পরিসর বৃদ্ধিতে রাষ্ট্রদূত মিস সামিনা নাজ এর সক্রিয় ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। বিশেষ করে আল-আজহারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা, বাংলাদেশি শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনাকে যথাযথভাবে তুলে ধরা এবং নতুন বৃত্তি বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সাফল্য তাঁর দূরদর্শী কূটনৈতিক তৎপরতারই প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    বৈঠকের শেষ পর্যায়ে উভয় পক্ষ বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার ঐতিহাসিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষা, গবেষণা, বৃত্তি, একাডেমিক বিনিময় এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার বিষয়ে একমত হন।

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা দ্বিগুণ হওয়ার এই সিদ্ধান্তকে সংশ্লিষ্টরা শুধু একটি প্রশাসনিক সাফল্য হিসেবে নয়, বরং দুই দেশের শিক্ষা-সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন।

    লেখক কলামিস্ট ও শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়,কায়রো,মিশর

  • ২০ টাকার মুড়ি দিয়ে ২ মিনিটের ভাষণ, বিএনপি নেতা ভাইরাল

    ২০ টাকার মুড়ি দিয়ে ২ মিনিটের ভাষণ, বিএনপি নেতা ভাইরাল

    টানা ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় যখন ১০ হাজার মানুষ পানিবন্দী, ঠিক তখন ত্রাণ বিতরণের নামে এক বিএনপি নেতার ২০ টাকার মুড়ি ও ১০০ টাকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

    গতকাল বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়া ২ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন ওয়ার্ড
    বিএনপির সভাপতি বন্যার্তদের মাঝে ২০ টাকার মুড়ি ও নগদ আনুমানিক ১০০ টাকা বিতরণ করছেন এবং নিজেই বক্তব্য ধারণ করছেন।

    ভিডিওতে তাকে বলতে শোনা যায়, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ ৪ আসনের এমপির পক্ষ থেকে আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। উনি আমাদেরকে বলে দিয়েছেন, আমরা আগে ও ছিলাম এখনও আছি আপনাদের পাশে।

    এই ভিডিও প্রকাশের পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করছেন – একেই বলে ২ টাকার মুড়ি দিয়ে ৩ টাকার ভাষণ। অনেকে লিখেছেন, ২ থেকে ৩ টাকার মুড়ি দিয়ে ২ মিনিটের বক্তব্য, এখনও আমরা মানুষ হতে পারলাম না।

    এদিকে বুধবার (৮ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় ধলাই নদীর প্রায় ১০ মিটার অংশ ভেঙে যায়। এরপর হু হু করে পানি ঢুকে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

    প্লাবিত গ্রামগুলো হলো- মোকাবিল, গোলের হাওর, ভান্ডারিগাঁও, গংগানগর, কোনাগাঁও, বেরিগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালারায়বিল, আধকানী, ছনগাঁও, বন্দেরগাঁও, তেতইগাঁও, ভানুবিল ও ঘোরামারা। এসব গ্রামের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে বিভিন্ন গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। বন্যায় বিস্তীর্ণ আউশ ফসলের মাঠও পানির নিচে।

    স্থানীয় বাসিন্দা সাকিব মিয়া ও জাকির হোসেন বলেন, রাতের বেলায় হঠাৎ বাঁধ ভেঙে পানি ঢুকে যায়। কয়েকটি ইউনিয়নের অনেক গ্রাম এক রাতেই প্লাবিত হয়েছে। আমাদের এখন থাকা-খাওয়ার খুব কষ্ট হচ্ছে।

    স্থানীয়রা জানান, ধলাই নদীর মখাবিলের এ অংশটি অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। পানি উন্নয়ন বোর্ড যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এত বড় ক্ষতি হতো না। বন্যায় মানুষের ঘরবাড়িতে পানি উঠেছে। আউশ ধানসহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

    ত্রাণ নিয়ে এমন ভিডিও ভাইরাল হওয়ার পর বন্যাকবলিত মানুষের মাঝে ক্ষোভ আরও বাড়ছে। অনেকেই বলছেন, দুর্যোগের সময় রাজনৈতিক ফায়দা না নিয়ে প্রকৃত সহায়তা দরকার।

  • রাজনগরে বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু

    রাজনগরে বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু

    মৌলভীবাজারের রাজনগর উপজেলার আখুয়া গ্রামে বন্যার পানিতে ডুবে আছব আলী ওরফে আছই মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    স্থানীয়দের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বন্যার পানি দ্রুত বেড়ে পুরো এলাকা প্লাবিত হয়ে যায়। এ সময় আছব আলী নিরাপদ স্থানে সরে যেতে না পারায় পানিতে তলিয়ে যান।

    পরে একই গ্রামের একটি রিং বাঁধের পাশে তাঁর ভাসমান মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বন্যার পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

    এই ঘটনায় আখুয়া গ্রামসহ আশপাশের এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

    বন্যার কারণে আখুয়া ও আশপাশের নিম্নাঞ্চলের অনেক
    ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

  • ফরিদগঞ্জে সংস্কারের এক সপ্তাহেই সড়কের ইটের সলিংয়ে ধসের আশঙ্কা, অনিয়মের অভিযোগ

    ফরিদগঞ্জে সংস্কারের এক সপ্তাহেই সড়কের ইটের সলিংয়ে ধসের আশঙ্কা, অনিয়মের অভিযোগ

    চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সরকারি অর্থায়নে সংস্কার করা একটি সড়কের ইটের সলিংয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে ইটের সলিং দেবে যেতে শুরু করেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

    সম্প্রতি সরেজমিনে সাহাপুর সেতু থেকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গাজী বাড়ি–সংলগ্ন পালের বাড়ি পর্যন্ত সড়কটি ঘুরে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ইট আলগা হয়ে গেছে। কোথাও কোথাও গর্তেরও সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে নিয়ম অনুযায়ী মাটি ভরাট বা আর্থওয়ার্ক না করায় সামান্য বৃষ্টিতেই মাটি সরে যাচ্ছে। ফলে সড়কটি যানবাহন ও পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

    স্থানীয় বাসিন্দা ইলিয়াস পাটওয়ারী, বাবুল ভূঁইয়া ও বিল্লাল ভূঁইয়া বলেন, সংসদ সদস্য এম এ হান্নান এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ দিলেও ঠিকাদারের গাফিলতি ও নিম্নমানের কাজের কারণে সেই উন্নয়ন টেকসই হয়নি। তাঁদের দাবি, সংস্কারের এক সপ্তাহের মধ্যেই সড়কের এমন বেহাল অবস্থা প্রমাণ করে কাজটি যথাযথভাবে করা হয়নি। তাঁরা দ্রুত সড়কটি পুনঃসংস্কার এবং অনিয়মের তদন্তের দাবি জানান।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার ফারুক আহমেদ মিয়াজী বলেন, সড়কটির জন্য দেড় লাখ টাকা বরাদ্দ ছিল। আগে থেকেই রাস্তার অবস্থা খারাপ ছিল। এ ছাড়া পাশের বাড়িগুলোর পানি সড়কের পাশ দিয়ে নিষ্কাশিত হওয়ায় সমস্যা তৈরি হচ্ছে। তাঁরা বালু ও মাটি ভরাট করে কাজ করেছেন। ভবিষ্যতে সড়কটি পাকা করা হলে এ সমস্যা থাকবে না বলেও তিনি দাবি করেন।

    স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি প্রয়োজন। তাঁদের মতে, অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সড়কটি দ্রুত টেকসইভাবে সংস্কার করা উচিত।

    এ বিষয়ে বক্তব্যের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি, মোবাইলে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।