Blog

  • গোবিন্দগঞ্জ উপজেলায় চাঁপড়ীগঞ্জ এসএম ফাজিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন

    গোবিন্দগঞ্জ উপজেলায় চাঁপড়ীগঞ্জ এসএম ফাজিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কামারদহ ইউনিয়নের ঐতিহ্যবাহী চাঁপড়ীগঞ্জ এসএম ফাজিল মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
    শুক্রবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম জিন্নাতুল ইসলাম কানু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন পাতা, মাদ্রাসার অধ্যক্ষ খালেকুর রহমান, পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুল কবির রিপন,কামারদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবু, উপজেলা সেচ্ছাসেক দলের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ হাসানুল কবির রিপন,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক গোবিন্দ কুমার,যুগ্ম আহ্বায়ক আনারুল মিয়া,রশিদুল ইসলাম এরোম, আসাদুজ্জামান রানা, এ কে এম আবু নাসের জুয়েল, নির্মল কুমার ভুট্টু,কামারদহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হক,সাধারণ সম্পাদক আবু সিয়াম,ছাত্রদল নেতা তানজিমুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
    ভবনটি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
    পরে মাদ্রাসার উত্তরোত্তর উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের সফলতা এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ২০২৬: ধনবাড়ী উপজেলা দলের জার্সি উন্মোচন, মাঠে নামছে শনিবার

    টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ২০২৬: ধনবাড়ী উপজেলা দলের জার্সি উন্মোচন, মাঠে নামছে শনিবার

    মো: পলাশ ইসলাম
    ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

    টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে ধনবাড়ী উপজেলা দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধনবাড়ী উপজেলা দলের জার্সি উন্মোচন করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সকলের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

    আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ের খেলায় গোপালপুর ও ধনবাড়ীতে মোট দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই ম্যাচে যে দল বেশি গোল করবে, তারা পরবর্তী সুপার সিক্স পর্বে খেলার সুযোগ পাবে।

    টুর্নামেন্টের প্রথম ম্যাচ আগামী ১১ জুলাই ২০২৬ (শনিবার) বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হবে। এ ম্যাচে মুখোমুখি হবে ধনবাড়ী উপজেলা দল ও গোপালপুর উপজেলা দল। খেলা অনুষ্ঠিত হবে সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, গোপালপুরে।

    আয়োজকরা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ এবং নিজ নিজ দলকে উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

  • ধনবাড়ীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত স্বামী-ছেলে

    ধনবাড়ীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত স্বামী-ছেলে

    ধনবাড়ীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত স্বামী-ছেলে

    মো: পলাশ ইসলাম
    ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্বামী ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রিতা আক্তার (৫০) টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা এবং সাখাওয়াত হোসেনের স্ত্রী। পারিবারিক কাজে স্বামী ও ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে জামালপুরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই রিতা আক্তারের মৃত্যু হয়।

    দুর্ঘটনায় আহত সাখাওয়াত হোসেন (৬০) ও তার ছেলে আরিফ (২৫)-কে স্থানীয়রা উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের দাবি, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

  • শোরের শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় ইদ্রিস আলী কারাগারে

    শোরের শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় ইদ্রিস আলী কারাগারে

    যশোরের শার্শা উপজেলায় জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণকারী সহকারী শিক্ষক ইদ্রিস আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলার অপর তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার১০জুলাই অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

    আসামি ইদ্রিস আলী ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের শুকুর আলীর ছেলে এবং শার্শা উপজেলার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(বিপিএড)।

    মামলার অভিযোগে জানা গেছে, সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর সহযোগিতায় তারা সহকারী শিক্ষক পদে চাকরিতে যোগদান করেন। কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বিষয়টি জানতে পারেন এবং ২০১৫ সালে মামলা দায়ের করেন।

    অভিযোগে বলা হয়, আসামি টিংকু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন মামলার কার্যক্রমে বাধা দেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বাদী পুনরায় মামলাটি সচল করেন। তদন্ত শেষে সিআইডি পুলিশের যশোরের এসআই বখতিয়ার রহমান তিন শিক্ষকের সনদপত্র জাল এবং সাবেক চেয়ারম্যানের সহযোগিতার প্রমাণ পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের ওপর শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।রাজনৈতিক সংবাদ

    তারা হলেন, চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষিকা (কৃষি) সালেহা খাতুন, সহকারী শিক্ষক ইদ্রিস আলী এবং কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু।

    বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে ইদ্রিস আলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মামলার অপর তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন

  • চাঁদাবাজির অভিযোগে সাইনবোর্ডে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

    চাঁদাবাজির অভিযোগে সাইনবোর্ডে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

    ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ‎‎বৃহস্পতিবার(৯ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।

    এতে নেতৃত্ব দেন সাইনবোর্ড পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. খোকন সানি। ‎বিক্ষোভে অংশ নেওয়া মালিক ও শ্রমিকরা অবৈধ চাঁদাবাজি বন্ধ, পরিবহন খাতে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    ‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর একটি চক্র সাইনবোর্ড এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছে। তাদের দাবি, সিএনজি অটোরিকশা, লেগুনাসহ বিভিন্ন যানবাহন থেকে জোরপূর্বক ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায়ের চেষ্টা করা হয়। মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে ওই চক্রকে প্রতিহত করলেও তারা এখনও বিভিন্নভাবে চাঁদা আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মালিক-শ্রমিকদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

    ‎‎বক্তারা আরও বলেন, চাঁদাবাজির কারণে পরিবহন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ যাত্রীদেরও অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।

  • ঠাকূরগাঁও বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও পূরস্কার বিতরণ।

    ঠাকূরগাঁও বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও পূরস্কার বিতরণ।

    আজকের পদক্ষেপ ,আগামীর নিরাপত্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ঠাকূরগাঁওয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

    জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান এবং জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইন্সপেক্টর মোজাম্মেল হক। এছাড়াও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে জেলার পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

    দিবসটি উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পূরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

  • চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড

    চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড

    চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী শিশু জান্নাতুল নেসা ইরা মনি হত্যা মামলায় আসামি বাবু শেখের (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
    ৯ জুলাই(বৃহস্পতিবার) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
    মামলার বিবরণে জানা যায়, গত ১ মার্চ চকলেট কিনে দেওয়ার ও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ইরা মনিকে বাড়ি থেকে বের করে নিয়ে যান বাবু শেখ। পরে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে পালিয়ে যান তিনি।
    পরে সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ তার মৃত্যু হয়।
    নিহত ইরা মনি সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা মাস্টারপাড়ার বাসিন্দা মনিরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। শিশু ইরামনিকে পাহাড়ী পথ থেকে উদ্ধারের পর সারাদেশে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়লে ঘটনার দিনই কুমিরা এলাকা থেকে বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যম পুলুপাড়া এলাকায়। তিনি ইরাদের পাশের বাসায় ভাড়া থাকতেন।
    তদন্তে পুলিশ জানায়, ইরার বাবা মনিরুল ইসলামের সঙ্গে পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশুটিকে ধর্ষন চেষ্টার পর হত্যা করা হয়। তদন্ত শেষে ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৮ জুন অভিযোগ গঠন এবং ২১ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ছয় কার্যদিবসে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ২ জুলাই যুক্তিতর্ক শেষ হলে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। বৃহস্পতিবার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়।

  • দিনাজপুরের বিরলে সাদিক রিয়াজ চৌধুরী এমপির সার্বিক তত্ত্বাবধানে-নির্মিত হতে যাচ্ছে আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)

    দিনাজপুরের বিরলে সাদিক রিয়াজ চৌধুরী এমপির সার্বিক তত্ত্বাবধানে-নির্মিত হতে যাচ্ছে আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)

    দিনাজপুরের বিরল উপজেলায় দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমকে তৃণমূল বা উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করার অংশ হিসেবে এই মেগা প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর অধীনে চলমান ‘৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায়, বিরল উপজেলায় এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ করা হবে। এ বিষয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, দিনাজপুর জেলার বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় বর্তমানে কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নেই। এই অঞ্চলের তরুণ ও যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক শ্রম বাজারের উপযোগী করে তুলতে বিরলে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেগা এই প্রকল্পটির শুরু থেকে সার্বিক তত্ত্বাবধান ও বিশেষ নির্দেশনা দিয়ে যাচ্ছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তাঁর আন্তরিক প্রচেষ্টায় বিরল ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং কারিগরি শিক্ষার প্রসারে এই কেন্দ্রটি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল। প্রকল্পটি চালু হলে কম্পিউটার, অটোমোটিভ, গার্মেন্টস, ড্রাইভিং ও ইলেকট্রনিক্সসহ বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি বিষয়ে স্থানীয় তরুণ-তরুণীরা সম্পূর্ণ সরকারি খরচে আধুনিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে একদিকে যেমন দেশের অভ্যন্তরে দক্ষ জনবলের চাহিদা পূরণ হবে, অন্যদিকে বিদেশেও উচ্চ বেতনে সম্মান জনক কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে।

  • টেকনাফ কক্সবাজার সড়কে চলন্ত মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

    টেকনাফ কক্সবাজার সড়কে চলন্ত মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

    কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় চলন্ত একটি মাইক্রোবাসের ওপর হঠাৎ একটি বিশাল গাছ ভেঙে পড়ে। বৃহস্পতিবার বিকেলে টানা ভারী বর্ষণ ও দমকা হাওয়ার মধ্যে এ ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা যাত্রীরা।
    স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে গাছটির গোড়া দুর্বল হয়ে পড়েছিল। বিকেলে প্রবল বাতাসের একপর্যায়ে গাছটি উপড়ে গিয়ে চলন্ত মাইক্রোবাসের ওপর আছড়ে পড়ে। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
    খবর পেয়ে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সড়কের ওপর পড়ে থাকা গাছ অপসারণ করেন। এ সময় কিছুক্ষণ টেকনাফ–কক্সবাজার সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
    স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে টেকনাফে টানা ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকায় বড় গাছ উপড়ে পড়া এবং পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। তাই বৈরী আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

  • চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    কুমিল্লার চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল আলম ও রোকসানা আক্তারকে আটক করা হয়েছে। র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে পৌর এলাকার গোমারবাড়ি পূর্বপাড়ায় মাদক ব্যবসায়ী রিপন হোসেনের ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের এর সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন।
    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে চৌদ্দগ্রাম পৌর এলাকার গোমারবাড়ী পূর্বপাড়া জনৈক রিপন হোসেনের বসতবাড়িতে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ শেষে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। বুধবার বিকেলে র‌্যাব ও বিজিবি’র যৌথ আভিযানিক দল সেখানে উপস্থিত হলে টের পেয়ে বসতঘর থেকে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে রিপনের স্ত্রী রোকসানা আক্তার ও জসিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী রবিউল আলমকে আটক করে। পরে তাদের তথ্য মতে রিপন হোসেনের ঘর থেকে সাত লক্ষ টাকা মূল্যের ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পলাতক রয়েছে রোকসানা আক্তারের স্বামী মাদক ব্যবসায়ী রিপন হোসেন।
    র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুইজনই সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে রিপন-রোকসানা দম্পত্তির ঘরে মজুদের পর রবিউল আলমের সহায়তায় বিভিন্ন মাদকসেবী ও ব্যবসায়ীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
    র‌্যাব-৭ চট্টগ্রামের এর সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, ৭০ কেজি গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।