দিনাজপুরের বিরলে বাদরুনিয়া রেললাইনের ধার থেকে বাহিরু (৫৫) নামের এক দিন মজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার ৩ নং ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত বাহিরু ওই গ্রামেরই মৃত ধরণীর পুত্র বলে জানা গেছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাহিরু পেশায় একজন দিন মজুরের কাজ করতো। গত বুধবার (৮ জুলাই) কাজ শেষে সন্ধ্যায় বাড়িতে আসেন। এরপর রাতের খাওয়া-দাওয়া শেষ করে তিনি পুনরায় বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করতে থাকেন। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোক জন বাদরুনিয়া গ্রামের রেল লাইনের ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মৃত ব্যক্তির ছেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। পরে বিরল থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি সহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। রেললাইনের পাশে এভাবে দিন মজুরের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Blog
-

বিরলে বাদরুনিয়া রেললাইনের পাশে দিন মজুরের মরদেহ উদ্ধার।
-

বাজিতপুরে ৪ কিলোমিটার সড়কে বৃষ্টির মধ্যেই পিচ ঢালাই
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজার ছাগল মহল এলাকা থেকে আগরপুর বাজার সংলগ্ন স্টিল ব্রিজ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক সংস্কারকাজের অংশ হিসেবে সরারচর-আগরপুর সড়কের বাজারে প্রবেশমুখে বৃষ্টির মধ্যেই পিচ ঢালাইয়ের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে চলমান এ কাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার (৭ জুলাই) বৃষ্টি চলাকালেই সড়কের ওই অংশে পিচ ঢালাই করা হয়। তাদের দাবি, বৃষ্টির মধ্যে এভাবে কার্পেটিং করায় নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এতে সড়কটির স্থায়িত্ব নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা।
বাজিতপুর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. সৌরভ হাসান জানান দাবি করেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্মরত শ্রমিকদের বৃষ্টি ও পানির মধ্যে কার্পেটিংয়ের বিষয়ে প্রশ্ন করলে তারা বলেন, এই বৃষ্টি বা পানি কোনো সমস্যা নয়। এর চেয়েও বেশি বৃষ্টি ও পানির মধ্যেও কাজ করা যায়। এতে কোনো সমস্যা হবে না।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভেজা সড়কের ওপর পিচ ঢালাইয়ের কাজ করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই বৃষ্টির মধ্যে এ ধরনের কাজের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং সংশ্লিষ্টদের জবাবদিহি দাবি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির নিচে অনেকেই নির্মাণকাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ সড়ক সংস্কারকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আবার অনেকেই মন্তব্য করেছেন, দীর্ঘদিনের অপেক্ষার পর সংস্কারকাজ শুরু হলেও বর্তমান কাজের মান দেখে সড়কটির স্থায়িত্ব নিয়ে তাদের সন্দেহ রয়েছে। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ের দাবিও জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় সংস্কারকাজ শুরু হওয়ায় তারা স্বস্তি পেয়েছিলেন। কিন্তু বৃষ্টির মধ্যে পিচ ঢালাইয়ের অভিযোগ ওঠার পর সেই স্বস্তি উদ্বেগে পরিণত হয়েছে। তারা সড়কটির নির্মাণকাজের গুণগত মান পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বনি আমিনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সমাধান হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য না করে ব্যস্ততার কথা জানিয়ে অফিসে এসে বক্তব্য নেওয়ার পরামর্শ দেন।
এদিকে সচেতন মহলের দাবি, সরকারি অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে সড়কটির নির্মাণমান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
-

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ১০০ মিটার বাঁধ ভেঙেছে, হাজারেও মানুষ পানিবন্দি
অব্যাহত ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার মানুষ। বন্যায় তলিয়ে গেছে বিস্তীর্ণ আউশ ফসলের মাঠ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) রাত ১১ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় ধলাই নদীর বাঁধের প্রায় ১০ মিটার অংশ ভেঙে যায়। এরপর হু হু করে পানি ঢুকে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়।
প্লাবিত গ্রামগুলো হলো- মোকাবিল, গোলের হাওর, ভান্ডারিগাও, গংগানগর, কোনাগাও, বেরিগাও, শ্রীপুর, পাতারিগাও, কালারায়বিল, আধকানী, ছনগাও, বন্দেরগাও, তেইতইগাও, ভানুবিল ও ঘোরামারা। এসব গ্রামের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে বিভিন্ন গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান।
স্থানীয় বাসিন্দারা বলেন, ধলাই নদীর মখাবিলের এ অংশটি অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। পানি উন্নয়ন বোর্ড যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এত বড় ক্ষতি হতো না। বন্যায় মানুষের ঘরবাড়িতে পানি উঠেছে। আউশ ধানসহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা সাকিব মিয়া ও জাকির হোসেন বলেন, রাতের বেলায় হঠাৎ বাঁধ ভেঙে পানি ঢুকে যায়। কয়েকটি ইউনিয়নের অনেক গ্রাম এক রাতেই প্লাবিত হয়েছে। আমাদের এখন থাকা-খাওয়ার খুব কষ্ট হচ্ছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ধলাই নদীতে ভাঙন দেখা দিয়েছে। বিএসএফ এর বাধার কারণে মখাবিলের এ অংশটুকুর কাজ করানো সম্ভব হয়নি। বাঁধার মুখে অল্প কাজ করা হয়েছে।
কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া যতটুকু সম্ভব উপজেলা প্রশাসন থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানো হবে।
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
রাজন হোসেন তৌফিক, মৌলভীবাজার
৯ জুলাই ২৬
-

চার ভারতীয় নাগরিক হস্তান্তর
বাংলাদেশে জোরপূবক পুশইনের শিকার চার ভারতীয় নাগরিককে প্রায় এক বছর পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদের ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার বিকেল ৩টা ২০ মিনিটে জিরো পয়েন্টে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় ভারতের হাইকমিশনের প্রতিনিধি সুব্রত কুমার, বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
হস্তান্তর হওয়া চারজনের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। তারা গত ২৬ জুন ২০২৫ বাংলাদেশে পুশইনের শিকার হয়েছিলেন। পরে নানা আইনি জটিলতা শেষে প্রায় এক বছর পর নিজ দেশে ফেরার সুযোগ পেলেন এ চার ভারতীয় নাগরিক।
-

কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম সদর উপজেলা যাত্রাপুর ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বুধবার (৮ জুলাই) বিকেলে যাত্রাপুর বাজার সংলগ্ন এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন, সদস্য সচিব মালেক সরকার। সঞ্চালনা করেন এনসিপি সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা সাংগাঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব, সদর উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, সদর উপজেলা সদস্য রুস্তম, যাত্রাপুর ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শেখ রাজু আহমেদ সহ আরো অনেকে।
সভায় এনসিপি জেলা আহ্বায়ক মুকুল মিয়া বলেন, একটি সুসংগঠিত ও সক্রিয় কমিটি গঠনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। দলীয় আদর্শ, ঐক্য, শৃঙ্খলা এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এ নেতা। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নতুন সদস্য সংগ্রহের আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন।
-

নড়াইলের কালিয়ায় র্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার
নড়াইলের কালিয়ায় র্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার।
নড়াইলে ওয়ান শ্যুটার গান, গুলিসহ একজন আটক নড়াইলের কালিয়া উপজেলায় একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
বুধবার (৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে র্যাব-৬ হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম থেকে তাকে আটক করে।
র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত খবির মোল্যা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্যার ছেলে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদ পেয়ে র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম নেতৃত্বে র্যাবের একটি দল উপজেলার সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে খবির মোল্যাকে আটক করা করব। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় আটক খবির মোল্যার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, র্যাবের অভিযানে অস্ত্রসহ একজনকে আটকের ঘটনা শুনেছি। তবে এখনো থানায় আসামি হস্তান্তর করা হয়নি। আসামিকে থানায় হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে। -

ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা
বৃহস্পতিবার ৯জুলাই ২০২৬
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ জংশন ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট ও গোলচত্বর এলাকায় পুরোদমে সংস্কার এবং আরসিসি কংক্রিট ঢালাইয়ের নির্মাণ কাজ শুরু করেছে খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। দীর্ঘদিন ধরে এই ব্যস্ততম মহাসড়কটির বেহাল দশা ও বড় বড় খানাখন্দের কারণে সৃষ্ট চরম ভোগান্তি লাঘবে সওজ এই উদ্যোগ গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে এই কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির আশায় স্বস্তি প্রকাশ করেছেন এ রুটে চলাচলকারী চালক, যাত্রী ও স্থানীয় ব্যবসায়ী মহলে।
খুলনা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা জিরো পয়েন্ট থেকে চুকনগর-আঠারোমাইল পর্যন্ত মহাসড়কটি বাণিজ্যিক ও যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোমরা স্থলবন্দর ও মোংলা বন্দরের ভারী পণ্যবাহী যানবাহনসহ প্রতিদিন হাজার হাজার গাড়ি এই সংযোগ সড়কটি দিয়ে যাতায়াত করে। অতিরিক্ত পণ্যবাহী ট্রাক ও যানবাহনের চাপের কারণে মহাসড়কটির বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্ত ও মরণফাঁদের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে চুকনগর জিরো পয়েন্ট ও গোলচত্বর এলাকায় পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে যেত এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত।
এই জনদুর্ভোগ স্থায়ীভাবে দূর করতে সড়ক বিভাগ বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। প্রথম পর্যায়ে মহাসড়কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চুকনগরে ১ দশমিক ২ কিলোমিটার এবং খুলনার জিরো পয়েন্টে ১ দশমিক ১ কিলোমিটার অংশ জুড়ে টেকসই আরসিসি (RCC) কংক্রিট ঢালাইয়ের কাজ করা হচ্ছে। এই আরসিসি ঢালাইয়ের ফলে অতিরিক্ত লোড বা ভারি যানবাহন চলাচলেও সড়কটি দীর্ঘদিন টেকসই থাকবে বলে আশা করা হচ্ছে।
সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করে স্থানীয় বাস চালক ও মোটরসাইকেল আরোহীরা জানান, চুকনগর জিরো পয়েন্টে খানাখন্দের কারণে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময় অপচয়ের পাশাপাশি গাড়ির পার্টস নষ্ট হতো। এখন কাজ শুরু হওয়ায় তারা খুশি, তবে জনস্বার্থে কাজটির মান বজায় রেখে দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক জানান, “খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর ও জিরো পয়েন্ট এলাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে আমরা ধাপে ধাপে টেকসই সংস্কার ও পুনর্নির্মাণ কাজ হাতে নিয়েছি। প্রথম পর্যায়ে চুকনগর গোলচত্বর ও জিরো পয়েন্টের নির্দিষ্ট অংশে কংক্রিট সড়ক নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ অংশেরও উন্নয়ন করা হবে। কাজগুলো সম্পন্ন হলে এ সড়কে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং যাত্রী ও চালকরা নিরাপদে ও স্বস্তিতে যাতায়াত করতে পারবেন। -

নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক সেমিনারে ১০টি করে বৃক্ষরোপণের শপথ নিল শিক্ষার্থীরা-
পরিবেশ সুরক্ষা, প্রাণ প্রকৃতি রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিশন গ্রিন বাংলাদেশ এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর যৌথ উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘
প্রকৃতির জন্য শিশুরা’ শিরোনামের এই সেমিনারটি স্থানীয় নারিকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়।পরিবেশ রক্ষায় শিশুদের ভূমিকা ও শপথ
সেমিনারে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং তা মোকাবিলায় বৃক্ষরোপণের অপরিহার্য গুরুত্ব সম্পর্কে সম্মুখ ধারণা প্রদান করা হয়।অনুষ্ঠান শেষে প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে উপস্থিত প্রতিটি শিশু নিজে অন্তত ১০টি করে বৃক্ষরোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার দৃঢ় শপথ গ্রহণ করে।
অতিথিবৃন্দের বক্তব্য ও সভার বিবরণ উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন নারিকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক রেহানা পারভীন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন:”আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে একদম প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হবে।প্রতিটি শিশুর এই ১০টি করে গাছ লাগানোর শপথ আগামী দিনে আমাদের সবুজ বাংলাদেশ গঠনে বিশাল ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিশন গ্রিন বাংলাদেশ এবং এসপিকে-কে এই চমৎকার ও সময়োপযোগী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।তিনি বলেন, এ ধরনের বাস্তবমুখী শিক্ষা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।
সমাপনী
সেমিনারে মিশন গ্রিন বাংলাদেশ ও এসপিকে-এর অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন বার্তা ও গাছের চারা বিতরণ করা হয়। -

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চলন্ত ইঞ্জিলচালিত নৌকায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নৌকার মাঝি কান্দিগাঁও গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার বিকেলে ঐ ছাত্রী ঢাকা থেকে এসে ইজ্ঞিন চালিত নৌকায় করে শাল্লা উপজেলার ঘুঙিয়ারগাঁও তাঁর ভগ্নিপতির বাসায় বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি কান্দিগাঁও যাওয়ার সময় কান্দখলা হাওরে পৌঁছালে নৌকার মাঝি হেলিম মিয়া (১৯) ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন শুরু করে। তরুণীটির চিৎকার শুনে নৌকায় থাকা অপরযাত্রী পিন্টু চন্দ্র দাস এগিয়ে আসেন এবং এই মাঝির কবল থেকে ছাত্রীটি রক্ষা করেন। ভুক্তভোগী এই শিক্ষার্থী ঢাকার নর্দান বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্রী।
এই ঘটনায় রাতেই ছাত্রীটি বাদি হয়ে নৌকার মাঝি হেলিম মিয়া(১৯)কে আসামী করে শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬ । এই ঘটনায় পুলিশ আজ বুধবার দুপুরে শাল্লা থানা পুলিশ শহরের নৌকাঘাটে অভিযান চালিয়ে আসামী হেলিম মিয়াকে গ্রেফতার করে এবং বিকেলে তাকে সুনামগঞ্জ বিঞ্জ আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন না মঞবজুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপরে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-

গাইবান্ধা সদর থানায় বার্ষিক পরিদর্শনে জেলা পুলিশ সুপার
গাইবান্ধা জেলার সদর থানা বার্ষিক পরিদর্শন করেছেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থা, দাপ্তরিক রেজিস্টার, মামলা সংক্রান্ত নথি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে জনগণের সাথে সদাচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব শেখ মুত্তাজুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) অন্যান্য অফিসার ও ফোর্সগণ