Blog

  • উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধস: নিহত বেড়ে ৮, সবাই কন্যাশিশু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধস: নিহত বেড়ে ৮, সবাই কন্যাশিশু

    টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই কন্যাশিশু। বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে ক্যাম্পের এ-৩ ব্লকে অবস্থিত মসজিদুল কুবা মহিলা মাদরাসা ও হেফজখানায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
    ঘটনার পর ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত উদ্ধার অভিযানে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। আহতদের মধ্যে ৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিকেল ৫টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
    নিহতদের মধ্যে এখন পর্যন্ত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) ও উমাইসা বিবি (১৩)। এর মধ্যে উম্মে নেজাতুল ও উম্মে সালমা আপন দুই বোন এবং তারা রোহিঙ্গা ক্যাম্প-৩-এর বাসিন্দা। অপর দুইজন ক্যাম্প-৫-এর বাসিন্দা। বাকি চারজনের পরিচয় শনাক্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
    শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসন এবং সিসিসিএম স্বেচ্ছাসেবকদের যৌথ প্রচেষ্টায় উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং দুর্ঘটনা-পরবর্তী সব কার্যক্রম তদারকি করছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।
    স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার সময় মাদরাসায় অন্তত ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। অধিকাংশ শিক্ষার্থী বেরিয়ে যেতে সক্ষম হলেও পাহাড়সংলগ্ন একটি কক্ষে হঠাৎ মাটি ধসে পড়লে সেখানে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
    ক্যাম্প-৫-এর বাসিন্দা মৌলভি ইউনুস জানান, মাদরাসার ছুটি হওয়ার মাত্র কয়েক মিনিট আগে এ দুর্ঘটনা ঘটে। তার দাবি, মাটি ভরাট করে নির্মিত স্থাপনাটির পাশের পাহাড় ধসে পড়ায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
    উল্লেখ্য, গত সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে ভারী বর্ষণের কারণে উখিয়ার তিনটি পৃথক রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারী ও শিশুসহ ৮ জন নিহত হন। সব মিলিয়ে গত তিন দিনে কক্সবাজার জেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে।

  • এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

    এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালীর দুমকীতে এইচএসসি পরীক্ষায় অভিনব উপায়ে অসদুপায় অবলম্বনের দায়ে বিজ্ঞান বিভাগের দুই পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

    বুধবার (৮ জুলাই) উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন এই জালিয়াতির ঘটনা ঘটে।

    বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো- দুমকী সরকারি জনতা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নোমান ও অমি আক্তার।

    কেন্দ্র সূত্র জানায়, আগের দিন ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কক্ষ পরিদর্শকের স্বাক্ষরযুক্ত একটি অতিরিক্ত সাদা উত্তরপত্র বাইরে নিয়ে যায় ওই দুই পরীক্ষার্থী। পরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় সেটি মূল উত্তরপত্রের সঙ্গে যুক্ত করার চেষ্টা করলে দায়িত্বরত কক্ষ পরিদর্শক তাদের হাতেনাতে আটক করেন।

    পরে বিষয়টি কেন্দ্র সচিবের দপ্তরে যাচাই-বাছাই শেষে পাবলিক পরীক্ষার বিধি অনুযায়ী অসদুপায় অবলম্বনের দায়ে উভয় পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

    মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • ঝালকাঠী বিএনপি পরিবারের নিবেদিত প্রাণ অ্যাড. মিজানুর রহমান মুবিন

    ঝালকাঠী বিএনপি পরিবারের নিবেদিত প্রাণ অ্যাড. মিজানুর রহমান মুবিন

    ঝালকাঠিতে ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ত্যাগী নেতাদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে দাবী ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের । জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মীরা মনে করেন এসব কর্মকাণ্ডের লক্ষ্য হলো দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং রাজনৈতিকভাবে সুবিধা অর্জন করা।

    ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) অ্যাড. মিজানুর রহমান মুবিন দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি অতীতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঝালকাঠি সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবেও সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রেখেছেন বলে নেতাকর্মীরা দাবি করেন।

    তাদের বক্তব্য অনুযায়ী, অ্যাড. মুবিন ১৯৯৫ সালে ওয়ার্ড পর্যায়ে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক এবং কাউন্সিলরদের ভোটে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন।

    নেতাকর্মীদের দাবি, বিভিন্ন সময়ে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি একাধিকবার হামলা, নির্যাতন ও মামলার মুখোমুখি হন। তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে তার বিরুদ্ধে তুলনামূলক বেশি মামলা হয় এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি পেশাগতভাবেও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন।

    অভিযোগকারীদের মতে, ২০২৪ সালের জুলাই আন্দোলনেও অ্যাড. মুবিন ঝালকাঠিতে সংগঠকের ভূমিকা পালন করেন। এছাড়া ৫ আগস্ট-পরবর্তী সময়ে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলীয় নির্দেশনা অনুযায়ী তিনি সক্রিয় ভূমিকা পালন করেন বলেও তারা দাবি করেন।

    বিএনপির ত্যাগী নেতাদের দাবী ৫ আগস্টের পর কিছু ব্যক্তি নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করার উদ্দেশ্যে দীর্ঘদিনের ত্যাগী নির্যাতিত নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছেন। তাদের দাবি, অ্যাড. মিজানুর রহমান মুবিন এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে লক্ষ্য করে অপপ্রচার শুরু হয়েছে। তবে তার আপোষহীন নেতৃত্ব এবং দলের পিছনে দেয়া মেধা শ্রম তাকে দলের গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছাতে সহয়ক হবে।

  • গোপালপুরে ডগাবিলে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, ১০০০ মিটার জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

    গোপালপুরে ডগাবিলে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, ১০০০ মিটার জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

    গোপালপুর (টাংগাইল) সংবাদদাতাঃ

    টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের ডগাবিলে অবৈধভাবে চায়না জাল (চায়না দুয়ারী জাল) ব্যবহার করে মাছ ধরার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
    বুধবার (৮ জুলাই) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে এবং পুলিশের সদস্যরা।

    অভিযানকালে ডগাবিলে তল্লাশি চালিয়ে প্রায় ১০০০ (একহাজার) মিটার অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

    উপজেলা প্রশাসন জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নদীতে মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে অবৈধ চায়না জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • শিবগঞ্জে র‍্যাবের অভিযানে এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার

    শিবগঞ্জে র‍্যাবের অভিযানে এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আব্দুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১। র‍্যাব জানায়, মঙ্গলবার (৭ জুলাই) নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুলপাড়া (সোনামসজিদ স্থলবন্দর) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কবির এন্টারপ্রাইজ অফিসের পূর্ব পাশে ফাঁকা জায়গা থেকে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত মো. আল আমিন ইসলাম ওরফে আলামিন (১৯)-কে আটক করা হয়। তিনি শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যপাড়া গ্রামের ফজলু মমিনের ছেলে। পরে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতসহ তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
    র‍্যাব-৫ জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত

    “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার ০৮ জুলাই সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ (BRTA) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ-এর পরিচালক (অডিট ও আইন) (যুগ্মসচিব) জনাব রুবাইয়াৎ-ই-আশিক।

    প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

    আরো উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনিসুর রহমান চাঁপাইনবাগঞ্জ,
    সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ শাহজামান হক, চাঁপাইনবাবগঞ্জ,
    মেডিকেল অফিসার ডা: রাকিবুল ইসলাম,
    টি আই ২ আজিজ ফেরদৌস,মোটরযান পরিদর্শক বি আরটি এর রাসন চাকমা, সাজেদুল ইসলাম মেকানিক্যাল এসিস্ট্যান্ট বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ,

    সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ,এর শাহজামান হক, কর্মশালায় বক্তব্য বলেন সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চালকদের গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন ও সংকেত যথাযথভাবে অনুসরণ করা এবং পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি যত্নবান ও সচেতন হওয়ার আহ্বান জানান। উক্ত রিফ্রেসার প্রশিক্ষণে জেলার উল্লেখযোগ্য সংখ্যক পেশাজীবী গাড়ি চালক অংশ নেন ৬১ জন।

  • গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

    গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

    গণপূর্ত অধিদপ্তরের নবসৃষ্ট পদগুলোতে সবার আগে পোস্টিং হয়েছিল ঢাকা ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. সানাউল্লাহর। তাকে বদলি করা হয় শেরেবাংলানগর গণপূর্ত বিভাগ-৪-এ। গত বছরের আগস্টে বদলি করা হলেও এখন পর্যন্ত তিনি অফিস খুঁজে পাননি। শেরেবাংলানগর-৪-এর আওতাধীন এলাকাও বুঝে পাননি। উপ-বিভাগীয় প্রকৌশলী, স্টাফ অফিসারসহ সাপোর্টিং স্টাফও নেই তার। ১০ মাস ধরে পাচ্ছেন না বেতন-ভাতাও। অফিস কোড না হওয়ায় তার আওতাধীন এলাকার টেন্ডারসহ সকল উন্নয়ন ও সংস্কার কাজ বাস্তবায়িত হচ্ছে শেরেবাংলানগর-১ বিভাগ থেকে।জাতীয় সংসদ ভবনসহ শেরেবাংলানগর এলাকার বড় অংশের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ছিলেন মো. আনোয়ার হোসেন। সংসদের সাউন্ড সিস্টেম বিপর্যয়ের সময়ে ব্যাপক আলোচিত হয় তার নাম। তাকে ইএম ডিভিশন-১২ তে বদলি করা হয়েছে গত মার্চ মাসে। কিন্তু সেই ডিভিশন-১২-এর অফিস কিংবা এর আওতাধীন এলাকার কোনোটিই তিনি এখনও খুঁজে পাননি। এমন অস্তিত্বহীন পোস্টিংয়ের কারণে মাঝেমধ্যে পূর্ত ভবনের সংস্থাপন বিভাগে হাজিরা দেওয়া ছাড়া আর কোনো কাজও নেই তার। তিনিও কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। নেই কোনো স্টাফ এবং গাড়ি সুবিধা।নবসৃষ্ট সার্কেল-৫-এর অধীনে রয়েছে মহাখালী গণপূর্ত বিভাগ, নতুন ঢাকা ডিভিশন-৫ ও জরিপ বিভাগ। এই বিভাগগুলোর মধ্যে ঢাকা ডিভিশন-৫-এর কোনো অস্তিত্বই নেই। গণপূর্ত অধিদপ্তরে এমন ঘটনা একটি-দুটি নয়, বরং অনেক। কর্মকর্তা-কর্মচারীদের পোস্টিং আছে, কিন্তু অফিস নেই। নেই বেতন-ভাতাও। একইভাবে নেই পরিদর্শক গাড়ি। এমন পরিস্থিতি দেখা দেওয়ার কারণ সেখানে নতুন এক সেটআপ তৈরির সিদ্ধান্ত।রাজধানী ঢাকাসহ সারা দেশে অনেক স্থাপনা নির্মিত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের বিদ্যমান জনবলে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাচ্ছিল না। এর প্রেক্ষিতে ২০২৫ সালে নতুন সেটআপ তৈরির উদ্যোগ নেওয়া হয়। নানা কাটাছেঁড়ার পর গত বছরের ৭ আগস্ট ৩১১টি পদ সৃজনে জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সম্মতি জ্ঞাপন করে। কাজ বৃদ্ধি পাওয়ায় কয়েকটি জেলা সদরে ইলেকট্রো মেকানিক্যালের ডিভিশনও অনুমোদন পায়। কিন্তু জনবল অনুমোদন দিয়েই যেন দায়িত্ব শেষ করেছে জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ।ফলে অনুমোদিত পদগুলোতে পদোন্নতি ও পোস্টিং দেওয়া হলেও এখন পর্যন্ত নবসৃষ্ট পদে যোগদানকারী কর্মকর্তারা বেতন-ভাতা পাচ্ছেন না। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা। ওয়ার্কিং ডিভিশনগুলোর জন্য অর্থ মন্ত্রণালয় থেকে অফিস কোড অনুমোদন করা হয়নি। পাশাপাশি আইবাস কোড তৈরি না হওয়ায় টেন্ডার প্রক্রিয়াসহ নির্মাণ-রক্ষণাবেক্ষণের কোনো কাজ করা যাচ্ছে না।এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে ব্যাপক চেষ্টা-তদ্বির করা হলেও এখনও কোনো ফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) খালেকুজ্জামান চৌধুরী। তবে তিনি বলেন, ‘শিগগিরই অফিস কোড ও আইবাস কোড সৃজন সম্পর্কিত সমস্যার সমাধান হয়ে যাবে।’জানা গেছে, নবসৃষ্ট পদগুলোর মধ্যে বিসিএস (গণপূর্ত) ক্যাডারের ১০৭টি পদ রয়েছে। এর মধ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) ১টি, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ইএম) ১টি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) ২টি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ইএম) ১টি, নির্বাহী প্রকৌশলী (সিভিল) ১৪টি, নির্বাহী প্রকৌশলী (ইএম) ১১টি, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) ১৭টি, উপ-বিভাগীয় প্রকৌশলী (ইএম) ৩টি, সহকারী প্রকৌশলী (সিভিল) ৪০টি, সহকারী প্রকৌশলী (ইএম) ১৮টি। অবশিষ্ট পদগুলো নন-ক্যাডার থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত। গত বছরের ৭ আগস্ট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর নবসৃষ্ট পদে পোস্টিং ও পদোন্নতি দেয় গণপূর্ত অধিদপ্তর। কিন্তু আইবাস কোড ও অফিস কোড সৃষ্টি না হওয়ায় পুরো প্রক্রিয়াই ভেস্তে যায়।চলতি বছরের ২২ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ নাজমুস সাকিব স্বাক্ষরিত এক পত্রে অর্থ মন্ত্রণালয়কে নবসৃষ্ট পদের বিপরীতে ১৯টি অফিসের আইবাস কোড সৃজনের অনুরোধ জানিয়ে পত্র দেওয়া হয়। কিন্তু দীর্ঘ পাঁচ মাসেও অর্থ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নতুন অফিস কোড না থাকায় এসব পদের বিপরীতে যোগদানকৃত কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না। আইবাস কোড না থাকায় টেন্ডারসহ উন্নয়ন ও সংস্কারের কাজও করা যাচ্ছে না।অভিযোগ উঠেছে, গণপূর্ত অধিদপ্তর নবসৃষ্ট পদে বদলি ও পদোন্নতি দিতে যতটা আগ্রহী ছিল ঠিক ততটাই অনাগ্রহী এসব অফিসের দায়িত্বপ্রাপ্ত এলাকা চিহ্নিত করে তা সংশ্লিষ্ট অফিসকে বুঝিয়ে দেওয়ার বিষয়ে। নবসৃষ্ট পদগুলোর কর্মকর্তারা জানেনই না, তার দায়িত্বের অধীন কোনো কোনো এলাকা। বিসিএস গণপূর্তের ১৫ ব্যাচের কর্মকর্তা মো. কায়কোবাদ ২০২৫ সালে অনুমোদিত গণপূর্ত অধিদপ্তরের নতুন সেট-আপে পদোন্নতি পেয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চট্টগ্রাম) হয়েছেন। নবসৃষ্ট এ পদে তার নেই কোনো অফিস, নেই কোনো ব্যবস্থাপনা, এমনকি নেই কোনো বেতন-ভাতাও। গত ৬ মাসেরও বেশি সময় ধরে বেতন না পাওয়ায় তিনি মানবেতর জীবন-যাপন করছেন। আগামী ডিসেম্বরে অবসরে যাবেন তিনি। কর্মজীবনের শেষ প্রান্তে এসে এমন পরিস্থিতিতে তিনি কিংকর্তব্যবিমূঢ়।ময়মনসিংহে কর্মরত গণপূর্তের ২১ ব্যাচের কর্মকর্তা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা কামালকে পোস্টিং দেওয়া হয়েছে নবসৃষ্ট সার্কেল-৫-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে। ঢাকায় পোস্টিং পেয়ে বেশ আনন্দিতই হয়েছিলেন তিনি। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো অফিস এবং সাপোর্টিং স্টাফ পাননি। অগত্যা সার্কেলের অধীনে থাকা মহাখালী ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর অফিসে বসছেন তিনি। কিন্তু অফিস কোড সৃষ্টি না হওয়ায় অধস্তন কর্মকর্তার অফিস ‘দখল করে’ বসতে পারলেও কোনো কাজ করতে পারছেন না। ওদিকে তিনি বসার কারণে অফিসে উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াতে হচ্ছে মহাখালীর নির্বাহী প্রকৌশলী রাজিবুল ইসলাম। মোস্তফা কামালও বেতন-ভাতা পান পাচ্ছেন না আট মাস ধরে।নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাহী প্রকৌশলী বলেন, এমন পোস্টিং আমাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। আমাদের অফিসের কথা বলা হলেও কার্যত কোনো অফিস নেই, চলাচলের জন্য কোনো যানবাহন নেই, কাজ নেই এমনকি জীবনধারণের জন্য বেতনটা পর্যন্ত নেই। এই পোস্টিং আমাদের পারিবারিকভাবেও ছোট করেছে। আসলেই আমাদের চাকরি আছে কি না? যে প্রশ্নের কোনো উত্তর নেই আমাদের কাছে। অপর এক প্রকৌশলী জানান, গণপূর্ত অধিদপ্তরের আগে উচিত ছিল অফিস কোড সৃজন করা এবং পরবর্তীতে পোস্টিং ও পদোন্নতি দেওয়া। নতুন অফিস সৃষ্টি, কর্মবণ্টন, লজিস্টিক সাপোর্ট, জনবল, চেয়ার-টেবিল, পরিদর্শন গাড়ি সরবরাহ করে পদায়ন করলে আজকের এই উদ্ভট সমস্যার মুখোমুখি হতে হতো না।

  • গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মোঃ মিঠু মিয়া
    গাইবান্ধা জেলা প্রতিনিধি:

    গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে গোবিন্দগঞ্জ থানাধীন নাকাইহাট থেকে বুড়ির ভিটাগামী সড়কের বাজুনিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

    এ সময় মো. হাইদুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় মো. জাহিদ (৩২), পিতা–মনতাজ, গ্রাম–পাথুরিয়া পাড়া, থানা–গোবিন্দগঞ্জ, জেলা–গাইবান্ধাকে আটক করা হয়।

    তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির ডান কচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দ করে তাকে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

    এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-১৯, তারিখ: ০৮ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

    জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

  • কাঁঠালিয়ায় সড়ক দুঘর্টনায় তিন এইচএসসির পরীক্ষার্থী আহত

    কাঁঠালিয়ায় সড়ক দুঘর্টনায় তিন এইচএসসির পরীক্ষার্থী আহত

    ঝালকাঠির কাঁঠালিয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে আসার পথে সড়ক দুঘর্টনায় তিন নারী পরীক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) সকালে পরীক্ষা কেন্দ্রে আসার সময় উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজার নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। তবে যথাসময়ে কেন্দ্রে গিয়ে আহত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করেছেন।

    আহতরা হচ্ছেন, লামিয়া আক্তার(১৭), মিমি আক্তার(১৮) ও আফসানা আক্তার(১৮)। এরা তিনজনই এবারে উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম।

    আহত লামিয়া আক্তার জানান, সকালে উপজেলার ছোনাউটা এলাকা থেকে অটোগাড়ি যোগে কাঁঠালিয়া সদরের সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিল। পথে বটতলা বাজার নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা অন্য একটি অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই তিন পরীক্ষার্থীসহ কমপক্ষে ৫জন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে পরীার্থীরা কেন্দ্রে গিয়ে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয়।

    কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম বলেন, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া ও ভান্ডারিয়া এবং বরগুনা জেলার বামনাসহ দক্ষিণাঞ্চলের অনেক উপজেলার শিক্ষার্থীরা এখানে পড়াশুনা করে। এ কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র কাঁঠালিয়া সদরের সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজে এবং কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষায় নিচ্ছে আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ কেন্দ্রে। ২০/৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমুয়ার পরীক্ষার্থীদের কাঁঠালিয়া সদরে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। বৈরী আবহাওয়া। তাছাড়া আমুয়া থেকে কাঁঠালিয়া সদর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই করুন। এ পথে প্রায়ই ঘটছে দুঘর্টনা। আমুয়া কলেজ কেন্দ্রে আমুয়ার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারলে ভোগান্তি কম হতো বলে জানান কলেজ পরীক্ষার্থীরা

  • নরসিংদীতে মরজালে অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে শিশু নিহত

    নরসিংদীতে মরজালে অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে শিশু নিহত

    নরসিংদীর রায়পুরায় টানা অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা আক্তার (৮) নামে এক শিশুরে মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রায়পুরা থানার ওসি মো: মজিবুর রহমান।
    নিহত তানঝুমা ওই এলাকার আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
    পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরে তানঝুমা। এ সময় বাড়ির পাশে থাকা চালবিহীন একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল টানা ভারী বর্ষণের কারণে হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
    মরজাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আছমা বেগম জানান, মাটির ঘরের দেয়াল ধসে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
    তিনি আরও জানান, নিহত শিশুর বাবা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি বাড়িতে ফিরলে তানঝুমার দাফন সম্পন্ন করা হবে।
    রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।