Blog

  • এআই অ্যান্ড ডেটা সায়েন্স বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

    এআই অ্যান্ড ডেটা সায়েন্স বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

    প্রযুক্তিনির্ভর বিশ্বের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ব্যাচেলর অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স (এআই অ্যান্ড ডেটা সায়েন্স) প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ২৪ জুন আনুষ্ঠানিক অনুমোদন দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সাশ্রয়ী ব্যয়ে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) প্রতিষ্ঠালগ্ন থেকেই যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে দক্ষ প্রকৌশলী তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাদের দেশের প্রযুক্তি খাতের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারের চাহিদা পূরণে সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

    ১৫২ ক্রেডিটের এ প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস ও সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে। পাশাপাশি থাকবে গবেষণা, ল্যাবভিত্তিক শিক্ষা ও শিল্প-সংশ্লিষ্ট প্রকল্পে অংশগ্রহণের সুযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ওয়েভারের ব্যবস্থাও রাখা হয়েছে।

    উল্লেখ্য, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫ টি অনুষদের অধীনে ৮টি বিভাগ চালু রয়েছে।
    এরমধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম)। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেসের অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ লিটেরেচার এন্ড কালচারাল স্টাডিজ ও ব্যাচেলর অব ল’ (এলএলবি অনার্স)। রয়েছে মাস্টার অব পাবলিক হেলথ। এছাড়া বিস্তাররিত তথ্য আইএসইউ এর ওয়েবসাইটে (www.isu.ac.bd) পাওয়া যাবে।

  • সিলেটের গোয়াইনঘাট থানার চুরা কারবারি ও   শীর্ষ সন্ত্রাসী ৩ আতঙ্কের নাম আমির হোসেন আব্দুস সালাম ও পাগলা মন্নান

    সিলেটের গোয়াইনঘাট থানার চুরা কারবারি ও শীর্ষ সন্ত্রাসী ৩ আতঙ্কের নাম আমির হোসেন আব্দুস সালাম ও পাগলা মন্নান

    সিলেটের গোয়ানঘাট থানার ৩নং জাফলং ইউনিয়নের হাজিপুর এলাকার চোরাকারবারি ও আতঙ্কবাদ নামে পরিচিত মুখ হিসেবে রয়েছে যে ব্যক্তি সে বর্তমানে মেম্বার নামে পরিচিত তার নাম আমির হোসেন।
    এই আমির হোসেন ভারত থেকে বাংলাদেশ পণ্য দ্রব্য পাচারের লাইনম্যান নামে পরিচিত রয়েছে এই লাইনে সে বহুদিন ধরে আছে। এই লাইনে তার সাথে আরো দুজন মানুষ যুক্ত আছে। তাদের ছবি এবং নাম নিম্নে প্রকাশ করা হলো।
    প্রথমজনের নাম আব্দুস সামাদ দ্বিতীয় জনের নাম মন্নান ওরফে পাগলা মন্নান নামে পরিচিত সে রাধানগর বাজারের বিখ্যাত কসাই হাশেমের ছোট ভাই।
    এরা তিনজনই গোয়াইনঘাট থানার লাইনম্যান নামে পরিচিত।প্রতিদিন রাতে তারা লাইন পরিচালনা করে
    আর দিনে আমির হোসেন মোটরবাইক দিয়ে ইয়াবা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে।গুপ্ত তথ্য থেকে জানা গেছে যে তারা জুবায়েরের টিমের লোক এবং তাদের লিডার বা যিনি টিম পরিচালনা করেন তিনি হলেন জুবের তাদের সবার নামে কয়েকদিন পরপরই বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ায় নিউজ প্রচার করা হয়।আবার কিছুদিন পরে সেই নিউজের আর দেখা পাওয়া যায় না, যা তারা বড় অংকের টাকা দিয়ে সরিয়ে নেন।আমরা গোপন সূত্রে জানতে পারি যে আমির হোসেন আব্দুস সামাদ পাগলা মন্নান ও টেরা সুহেল একই সাথে সিলেটের বিভিন্ন স্থানে মাদক দ্রব্যও চুরা চালান নিয়ে পৌঁছে দেয়।তথ্য পাওয়া গিয়েছে যে কয়েকদিন আগে তামাবিল রোডে সবজির গাড়ির সাথে ইয়াবা চালানে ধরা পড়ে।যার মধ্যে এই চারজনের নাম ই মূলত প্রকাশ পায়। পরিবর্তিতে বিভিন্ন নিউজে প্রকাশ পেলে তারা বড় অঙ্কের টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং তারা এ ধরনের কাজে বারবার সফল ও হয়। তাদেরকে দেখার কেউ নেই। আর তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে আইনের আওতায় আনার জন্য।

  • এশিয়া ইংলিশ অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশের ছোট্ট মেয়ে মেধাবী সামিনা নূর তাজ

    এশিয়া ইংলিশ অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশের ছোট্ট মেয়ে মেধাবী সামিনা নূর তাজ

    বাংলাদেশের গর্বিত ছোট্ট মেয়ে এবং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ২য় শ্রেণির মেধাবী শিক্ষার্থী সামিনা নূর তাজ আন্তর্জাতিক এশিয়া ইংলিশ অলিম্পিয়াডে ১ম স্থান অর্জন করে একটি গৌরবময় আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছেন।

    এর আগে গত ৩ জুলাই ২০২৬ থাইল্যান্ডে অনুষ্ঠিত HIPPO – International English Language Olympiad 2026-এ অংশগ্রহণ করে তাজ এশিয়া মহাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন। ইংরেজি ভাষায় তার অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসী উপস্থাপনার মাধ্যমে সে বাংলাদেশের হয়ে অনন্য অর্জন বয়ে এনেছেন। সামিনা নীর তাজ শুধু বাবা-মায়ের গর্ব নয়। সে গাজীপুর ও বাংলাদেশের গর্ব। ভবিষ্যতের কর্ণধার।

    এই সাফল্যের ধারাবাহিকতায় কিছু দিনের মধ্যে ইতালিতে অনুষ্ঠিতব্য বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে তাজও অংশগ্রহণ করবে। তার বাবা-মা ও শিক্ষক এবং এলাকার মানুষ বিশ্বাস করেন সেখানেও তাজ তার মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে দেশ ও প্রতিষ্ঠানের জন্য আরও গৌরব বয়ে আনবেন ইনশাআল্লাহ্।

    শিক্ষকগণ ও এলাকাবাসী সামিনা নূর তাজের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

  • জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে : যুবদল

    জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে : যুবদল

    জাতীয়তাবাদী যুবদলকে আরো শক্তিশালী ও গতিশীল করতে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

    তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয়ে সাংগঠনিক টিম গঠন করে তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠনের কার্যক্রম পরিচালনা করা হবে।বুধবার রাজধানীর নয়া পল্টনের একটি হোটেলে সমসাময়িক রাজনীতি ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি এসব কথা বলেন।

    মোনায়েম মুন্না বলেন, যুবসমাজকে সংগঠনের রাজনীতিতে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তদান, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং দুর্যোগকবলিত মানুষের সহায়তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে আরো কার্যকর করার পরিকল্পনা রয়েছে। শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে যুবদল-সংশ্লিষ্ট সংবাদ প্রকাশে তথ্য যাচাইয়ের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।
    এক প্রশ্নের উত্তরে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, অতীতের মতো অস্বীকার করার রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসছি। কারা অপরাধে জড়িত তাদের খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না জানান, যুবদলের নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ এবং শত শত নেতাকর্মী আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন।
    যার ক্ষত অনেকেই এখনো বয়ে বেড়াচ্ছেন।
    তিনি জানান, সংগঠনটি সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। বেআইনি, অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এরই মধ্যে সারাদেশে প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয়েছে।

    যুবদল সভাপতি জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালাতে পারবে না।

    সংগঠনের সুনাম ও শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও কঠোর নীতি ব্যবস্থা অব্যাহত থাকবে।
    বিগত সময়ে যুবদলের সামাজিক কর্মকাণ্ড
    বিগত সময়ে যুবদল বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন যুবদল সভাপতি। তিনি জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ৭৮ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান, আন্দোলনে নিহত নেতাকর্মীদের পরিবারের জন্য এফডিআর ও নগদ সহায়তা, নদী-খাল পরিচ্ছন্নতা অভিযান, সেতু ও ব্রিজ নির্মাণ, কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়া, অসহায় ও রোগাক্রান্ত নেতাকর্মীদের চিকিৎসা ও আর্থিক সহায়তা এবং গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

    তিনি আরো জানান, এসব কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তায়ও ভূমিকা রেখে আসছে।

    পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সাংগঠনিক কার্যক্রম জোরদার
    গত ৪ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর যুবদল দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে বলে জানিয়েছে আব্দুল মোনায়েম মুন্না।

    তিনি বলেন, এ সময়ে কেন্দ্রীয় কমিটির একাধিক জরুরি সভা, ঢাকা বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করা হয়।
    যুবদল সভাপতি বলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অপপ্রচার ও পেশিশক্তিনির্ভর রাজনীতির বিরুদ্ধে ‘সাংগঠনিক সপ্তাহ’ ঘোষণা করে। এর অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিগুলোতে কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি অংশ নেন। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে দেশব্যাপী ১০ বিভাগে ৩১টি টিম গঠন করা হয়। পরে বিভাগীয় টিমগুলোর প্রতিবেদন পর্যালোচনায় ৫ ও ৬ জুলাই কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল প্রমুখ।

  • ফুটওভার ব্রিজ পথচারীহীন, রাত নামলেই মাদকসেবীদের দখলে

    ফুটওভার ব্রিজ পথচারীহীন, রাত নামলেই মাদকসেবীদের দখলে

    শিক্ষার্থীদের চলাচলের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)-এর প্রধান ফটকের সামনের জিরো পয়েন্ট ও গল্লামারী সড়কে নির্মাণ করা হয় খুলনার প্রথম ফুটওভার ব্রিজ। তবে নির্মাণের পর থেকেই তাতে পথচারীদের চলাচল নেই।
    রাতে চলে যায় মাদকসেবীদের দখলে।
    সড়ক ও জনপদ বিভাগ (সওজ)-এর দেওয়া তথ্যমতে, ব্রিজটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় শিক্ষার্থী ও জনসাধারণের জন্য। ২০২৪ সালের জুন মাসে এর নির্মাণ কাজ শেষ হয়। দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজটি স্টিল প্লেট ও ১১টি পিলারের ওপর নির্মিত।
    খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১০ সাল থেকে প্রধান ফটকের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়। সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ও স্থানীয় সংসদ সদস্য পৃথকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দেন। এর পরিপ্রেক্ষিতে খুলনা সড়ক ও জনপদ বিভাগ ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়।

    সোমবার (৬ জুলাই) সরেজমিনে ফুটওভার ব্রিজটিতে গিয়ে দেখা যায়, সেটি খুব কম মানুষই ব্যবহার করছে।
    স্থানীয়দের মতে, ভর্তি পরীক্ষার মতো বিশেষ সময় ব্রিজটির প্রয়োজনীয়তা বেশি অনুভূত হলেও বছরের অধিকাংশ সময় ব্রিজটি প্রায় অব্যবহৃত থাকে। এছাড়া ব্রিজের আশপাশের এলাকার কিছু বাসিন্দা ও বহিরাগতরা মাদক সেবনসহ রাতে বিভিন্ন অনাকাঙ্খিত কর্মকাণ্ডে জড়িত থাকে বলেও অভিযোগ রয়েছে।

    ফুট ওভার ব্রিজ থাকার পরও কেন ব্যবহার করা হয় না- এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্র বলেন, ‘রাস্তায় স্পিড ব্রেকার থাকায় যানবাহন নিয়ন্ত্রণে থাকে। তাই আমার কাছে ব্রিজ ব্যবহারের প্রয়োজন হয় না।’

    বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে থাকা চায়ের দোকানি বলেন, ‘ব্রিজটি সারাবছর ধরেই অব্যবহৃত থাকে।

    রাত হলেই মাদকসেবীরা ব্রিজের ওপর মাদক সেবন করে। এছাড়া অশালীন কার্যক্রমও দেখা যায়।’
    বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ড. কাজী সাইফুল ইসলাম বলেন, ‘সড়কের দুই পাশে ব্যারিয়ার স্থাপন করলে পথচারীরা বাধ্য হয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার করবে, ফলে নিরাপদ পারাপার নিশ্চিত হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে। তাছাড়া ভবিষ্যতে প্রধান ফটকের বিপরীতে আরো দোকানপাট গড়ে উঠলে এর ব্যবহার আরো বাড়বে।

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন, ‘যেহেতু পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে ব্রিজটি নির্মাণ করা হয়েছে, সবার উচিত এটি ব্যবহার করা।’ তিনি বলেন, ‘সেখানে কোনো অনৈতিক কর্মকাণ্ড হলে তা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারের মধ্যে পড়ে না। এগুলোর বিরুদ্ধে থানা, পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে পারে।

  • বিরলে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন।

    বিরলে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন।

    বিরলে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে।
    উক্ত আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ যুব উন্নয়ন অধিদপ্তরের সংগঠনগুলোর মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তের আয়োজনে স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটি এর সহযোগিতায় কর্মসুচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর পক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী। স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটি এর সভাপতি মাহবুবা আক্তার বিথি এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিয়ুর রহমান, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিসুজ্জামান মিলন, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৩৬৮৫

    ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৩৬৮৫

    ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৮৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং এখনো হাজারো মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

    স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক হালনাগাদ তথ্যে জানান, দুর্যোগের পর এ পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।

    তিনি জানান, ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

    সরকারি হিসাবে, দুর্গত এলাকায় ৯ হাজার ৬০৩ টন খাদ্য ও ৮৩ লাখ ২০ হাজার লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৫ হাজার ৯৭০ রোগী চিকিৎসাসেবা পেয়েছেন।

    ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ২৯ হাজার ৫৬৭ সরকারি কর্মী, ২৮ হাজার ৩৬২ স্বেচ্ছাসেবক এবং ৪ হাজার ৩৮৮ আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। বাস্তুচ্যুতদের জন্য ৮৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

    এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, মূল ভূমিকম্পের পর এ পর্যন্ত ১ হাজার ৭৬টি আফটারশক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায় আঘাত হানে। এতে দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। পরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বড় পরিসরের মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়। কিন্তু ভারী উদ্ধারযান না থাকায় চাপা পড়াদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে।

  • আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

    আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

    কুমিল্লায় আর্জেন্টিনা-মিশরের ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে মারধরে মো. শরিফুল ইসলাম নামের এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন।

    মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা মো. মতিউর রহমানের ছেলে। ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) সংকর কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-মিশরের ফুটবল ম্যাচ চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল হজম করলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন এবং আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্যে কটাক্ষ ও ট্রল করতে থাকেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

  • কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা; পরিচালনার দায়িত্ব নিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

    কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা; পরিচালনার দায়িত্ব নিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আদালতে মিথ্যা ও ভিত্তিহীনভাবে মামলা করেছেন এক ঠিকাদার। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

    এদিকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে এর প্রত্যাহারের দাবি জানিয়েছেন, একই সাথে তাদের আইনজীবী দ্বারা মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছেন।

    মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোপালগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ডামি ঠিকাদার মো. ইয়াসিন হোসেন মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক রাইফা সরকার মামলাটি আমলে নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে সমন জারি করেন।

    মামলার অভিযোগে বলা হয় সড়কে পিচ ঢালাইয়ের সময় সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলসহ অজ্ঞাত ৪-৫ জন ঠিকাদার ইয়াসিন হোসেনের কাছে দেড় লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে সড়কের কার্পেটিং উঠিয়ে ফেলা হয়।

    তবে স্থানীয় সূত্র জানায়, উপজেলার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজে শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও বিভিন্ন কারিগরি অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। একই সাথে এলাকার লোকজন রাস্তার কার্পেটিং হাত দিয়ে টেনে তুলে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে মুহেুর্তেই তা ভাইরাল হয়।

    স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা অনুযায়ী রাস্তার দুই পাশে প্রায় তিন ফুট করে মাটির শোল্ডার নির্মাণের কথা থাকলেও অধিকাংশ স্থানে তা করা হয়নি। এছাড়া এজিংয়ের কাজে পুরোনো ও নিম্মমানের ইট ব্যবহার করা হয়েছে। কার্পেটিংয়ের আগে প্রয়োজনীয় প্রাইমকোট ও ট্যাক কোট যথাযথভাবে প্রয়োগ না করায় এবং বিটুমিনাস কার্পেটিংয়ে মান বজায় না রাখায় কাজ শেষ হওয়ার দুই-তিন দিনের মধ্যেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করে। এমনকি হাতের স্পর্শেও পিচ উঠে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন। পরে গত ৬ জুলাই আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণে “কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

    সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সড়ক নির্মানে অনিয়মের খবর পত্রিকায় প্রকাশের পর ডামি ঠিকাদার কর্তৃক দৈনিক আমার দেশ পত্রিকার কোটালিপাড়া প্রতিনিধি মনিরুজ্জামান শেখের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়েরের ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে। একই সাথে সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আইনী সহায়তা করবে বলে জানানো হয়েছে। বুধবার ৮ জুলাই এক বিবৃতিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আবু জাফর এ তথ্য নিশ্চিত করেন।

    সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের দাবি, সংবাদ প্রকাশের আগেই ঠিকাদার ইয়াসিন হোসেন মোবাইল ফোনে তাকে সংবাদ প্রকাশ না করার জন্য চাপ দেন এবং প্রকাশ করলে চাঁদাবাজির মামলায় জড়ানোর হুমকি দেন। পরবর্তীতে সংবাদ প্রকাশের পরই তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সড়ক নির্মাণে অনিয়মের বিষয় থেকে জনমত ভিন্নদিকে নেওয়ার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে।

    গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কালবেলার জেলা প্রতিনিধি জুবায়ের হোসেন বলেন, দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের কারণে যদি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে।আমরা প্রতিটি সাংবাদিকের বিরুদ্ধে হওয়ার মামলার ন্যায় বিচার আশা করি। এছাড়াও কোন সাংবাদিক যেন প্রতিপক্ষের করা মামলায় হয়রানী ও ক্ষতিগ্রস্থ না হয় আদালতের কাছে সেই দাবি জানাই।

    গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের প্রতিনিধি জয়ন্ত শিরালী জয় বলেন, আমি নিজেও ওই সড়কের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করেছি এবং সংবাদ প্রকাশ করেছি। সাংবাদিকরা সেখানে পেশাগত দায়িত্ব পালন করেছেন। পিচ ঢালাইয়ের সময় মনিরুজ্জামান শেখ জুয়েল ঘটনাস্থলেই ছিলেন না। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে মামলা করা অত্যন্ত দুঃখজনক। আমরা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাই।

    কোটালীপাড়া থানা প্রেসক্লাবের সভাপতি সুধান্য ঘরামী বলেন, ঠিকাদার ইয়াসিন হোসেনের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ নতুন নয়। তার কাজে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও একাধিকবার কাজের স্থান পরিদর্শন করে অনিয়মের বিষয়টি দেখেছেন।

    সড়কটির পার্শ্ববর্তী বাসিন্দা ওয়ার্ড বিএনপির সিনিয়ন সহ-সভাপতি গিয়াস উদ্দিন বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা জানাই। শুরু থেকেই ঠিকাদার এই সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম করে আসছে। এলাকাবাসী অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে চাদাঁবাজী মামলা দেওয়ার ভয়ভীতি দেখান। আমরা এলাকাবাসী এই সড়ক নির্মাণে অনিয়ম দেখে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। যেখানে এই কাজের ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা হওয়ার কথা সেখানে ঠিকাদার ঘটনার মোড় ঘোরাতে একজন নিষ্ঠাবান সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়েছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানাই।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, সড়ক নির্মাণে অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি দেখেছি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।

    এ বিষয়ে ঠিকাদার ইয়াসিন হোসেনের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

    উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় প্রায় ৭৪ লাখ ৬৭ হাজার ৩০১ টাকা ব্যয়ে ১ হাজার ২৬৫ মিটার দীর্ঘ শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজের কার্যাদেশ পায় চুয়াডাঙ্গার জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদার ইয়াসিন হোসেন।

    সড়কটির বিষয়ে এলজিইডির গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর আমাদের কারিগরি টিম ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তদন্তে কোনো ত্রুটি বা অনিয়ম পাওয়া গেলে চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদারকে প্রয়োজনীয় সংশোধনী কাজ করতে হবে।

  • রেললাইনে দেড় কিলোমিটারজুড়ে ছড়িয়ে ছিল ব্যবসায়ীর দেহাংশ

    রেললাইনে দেড় কিলোমিটারজুড়ে ছড়িয়ে ছিল ব্যবসায়ীর দেহাংশ

    ফেনীতে ট্রেনে কাটা পড়ে মো. হোসেন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের দেওয়ানগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত মো. হোসেন (৩৫) পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ চন্দনা গ্রামের মো. ইসহাকের ছেলে। ফেনী শহরের সালাউদ্দিন মোড়ে মেসার্স ফিরোজা অটো পার্টস, পরশুরামে ফিরোজা ডেইরি ফার্ম নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

    রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি ট্রেনটি দেওয়ানগঞ্জ ঝাউবাগান সংলগ্ন মটবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় মো. হোসেন ট্রেনে কাটা পড়েন। তার দেহাংশ খণ্ডবিখণ্ড হয়ে রেললাইনের অন্তত দেড় কিলোমিটারজুড়ে পড়ে ছিল। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

    নিহতের স্ত্রী রিনা আক্তার বলেন, মঙ্গলবার সকালে বাসা থেকে বের হয়ে যান। কয়েক দিন ধরে তাকে দুশ্চিন্তা করতে দেখা গেছে। কয়েকজন ব্যবসায়ীর কাছে গরু বিক্রির ৩০ লাখ টাকা পাওনা ছিল। কিন্তু তারা হঠাৎ ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। টাকা উদ্ধার করতে না পেরে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

    ছালাহ উদ্দিন মোড়ে অবস্থিত ফিরোজা অটো পার্টসের কর্মচারী বলেন, সকালে দোকানে আসার পর থেকে হোসেন ভাইয়ের মন খারাপ অবস্থায় দেখেছি। কয়েকবার জিজ্ঞেস করলেও তিনি কোনো উত্তর দেননি। তবে কয়েক দিন ধরে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে পাওনা টাকা নিয়ে ফোনে তর্ক-বিতর্ক করতে দেখেছি।

    তিনি আরও বলেন, বিকেলে কিছু না বলে দোকান থেকে বেরিয়ে যান। তার বেশ কয়েকটি সিএনজি অটোরিকশাসহ বেশ কিছু ব্যবসা-বাণিজ্য ছিল। হঠাৎ কেন তিনি ওই এলাকায় গেছেন সেটিও বুঝতে পারছি না।

    ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল বলেন, নিহত ব্যবসায়ী আমাদের ট্রাংক রোড শাখার সদস্য ছিলেন। তার শরীরের ছিন্ন-বিচ্ছিন্ন অংশ রেললাইনের দেড় কিলোমিটারজুড়ে পড়ে ছিল। নিহতের কিছু দেনা-পাওনা ছিল বলে জানতে পেরেছি। কিন্তু কী কারণে এমন মৃত্যু বা তিনি কেন সেখানে গেলেন বিষয়গুলো এখনো অস্পষ্ট।

    ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারে কিছুটা সমস্যা হয়েছে। তবে কেন তিনি সেখানে গেছেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।