গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন
গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা (ডিসি)
(০৭/০৭/২০২৬)তারিখে তিনি উক্ত ইউনিয়ন পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় ইউনিয়ন পরিষদের সার্বিক প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমের খোঁজখবর নেন।
এছাড়া ইউনিয়ন ভূমি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র দাখিলা, খতিয়ান এবং নামজারি (মিউটেশন) সংক্রান্ত নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন জনগণকে দ্রুত ও ভোগান্তিহীনভাবে সরকারি সেবা প্রদান করতে হবে।
বিশেষ করে ভূমি সংক্রান্ত সেবার ক্ষেত্রে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয় রানির শিকার না হন
সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।
এ সময় তিনি ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এই আকস্মিক পরিদর্শনে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেছেন।
Blog
-

গাইবান্ধার ৫ নং বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করলেন গাইবান্ধার জেলা প্রশাসক
-

বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে কুমিল্লায় যুবক নিহত
বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় মো. শরিফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা শরিফুল ইসলামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হবে বলে তিনি জানান। -

ডিমলায় শিক্ষার্থীদের দিয়ে শরীর ম্যাসাজের ঘটনায় ভিডিও ভাইরাল
নীলফামারীর ডিমলায় শিক্ষকদের বিরুদ্ধে শ্রেণিকক্ষে পাঠদান উপেক্ষা করে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত কাজ, এমনকি শরীর ও মাথায় ম্যাসাজ করিয়ে নেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি পৃথক দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের নজরদারির অভাব ও দায়িত্বে গাফিলতির কারণে উপজেলার শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও জবাবদিহি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত ৫ জুলাই উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘুরি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা কাজলী আক্তার শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মিশকাত মৌকে দিয়ে শরীরে ম্যাসাজ করান। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিয়ার রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি অসুস্থতার কথা বলে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
এদিকে, গত ২৫ জুন উপজেলার খগা বড়বাড়ী বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়েও একই ধরনের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, সনাতন ধর্মীয় শিক্ষিকা তিলোত্তমা রানী রায় (কাব্যতীর্থ) নিয়মিত পাঠদান না করে শিক্ষার্থীদের দিয়ে শরীর ও মাথায় ম্যাসাজ করিয়ে নেন। তিনি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কি নাম মল্লিকাকে দিয়ে শরীর মেসেজ করিয়ে নিচ্ছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মারুফা বেগম লিজা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, প্রধান শিক্ষিকার বিরুদ্ধেও প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ থাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিদ্যালয়গুলোতে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে স্থানীয় সচেতন অভিভাবকদের অভিযোগ, উপজেলার অনেক সরকারি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাই নিজেদের সন্তানদের বেসরকারি কিন্ডারগার্টেনে পড়াচ্ছেন। অথচ সরকারি বিদ্যালয়ে দায়িত্ব পালনে আন্তরিকতার ঘাটতি দেখা যাচ্ছে। তাদের মতে, এ প্রবণতা সরকারি শিক্ষাব্যবস্থার প্রতি আস্থাহীনতারও প্রতিফলন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান বলেন, চারঘুরি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষিকাকে শোকজ করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে পত্র প্রেরণ করা হয়েছে।
এছাড়া খগা বড়বাড়ী বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষিকাকে গত ৬ জুলাই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং একই দিনে ঘটনার তদন্তে সহকারী কমিশনার (ভূমি) রওশন কবিরকে আহ্বায়ক এবং একাডেমিক সুপারভাইজার আমির হামজা বোরহান উদ্দিন ও ব্যানবেইস কর্মকর্তা শাহানুর আলমকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবিদদের মতে, শিক্ষার্থীদের দিয়ে শিক্ষকের ব্যক্তিগত সেবা করানো শুধু নৈতিকতা ও পেশাগত আচরণবিধির পরিপন্থী নয়, এটি শিশুর মর্যাদা ও নিরাপদ শিক্ষার পরিবেশেরও পরিপন্থী। তাই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা। -

হানিট্র্যাপ মামলায় ত্রিশাল মহিলাদলের নেত্রী গ্রেপ্তার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা মহিলাদলের প্রচার সম্পাদক শিরিনা আক্তারকে হানিট্র্যাপ মামলায় গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) দুপুরে নগরীর আলমগীর মুনসুর মেমোরিয়াল (মিন্টু) কলেজ এলাকা থেকে তাকে অপর এক ব্যক্তিসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি ত্রিশালের ইসলামী ব্যাংকের কর্মকর্তা শামীমকে হানিট্র্যাপের মাধ্যমে ফাঁদে ফেলার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা (নং-৮২, তারিখ: ২৯ জুন ২০২৬) দায়ের করা হয়। ওই মামলায় এর আগে তিনজনকে গ্রেপ্তার করা হলেও শিরিনা আক্তার পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাফায়েত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র নারীদের ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত। তাদের দাবি, শিরিনা আক্তার ওই চক্রের অন্যতম মূল পরিকল্পনাকারী।
এছাড়া স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, এর আগে ত্রিশালের বালিপাড়া এলাকা থেকে শফিকুল ইসলামের পাঁচ বছর বয়সী ছেলে অন্তরকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনাতেও শিরিনা ও তার সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বালিপাড়া ইউনিয়নের সামাল মেম্বারের ছেলে শামীম অভিযোগ করেন, শিরিনা ও ঝর্ণা তাকে ধর্ষণচেষ্টার মতো স্পর্শকাতর একটি মিথ্যা মামলায় জড়িয়েছিলেন।
ত্রিশালের সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন কর্মী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক ব্যানার-ফেস্টুন প্রদর্শিত হওয়ায় স্থানীয়দের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানান।
এ বিষয়ে ত্রিশাল বিএনপির কয়েকজন নেতা বলেন, ত্রিশালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দল বদ্ধপরিকর। কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, বাঘমারা এলাকার একটি বাসায় সংঘটিত হানিট্র্যাপের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি শিরিনা আক্তারসহ দুইজনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে এটি একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্র বলে ধারণা করা হচ্ছে। চক্রটির সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যা তদন্ত করে দেখা হচ্ছে।
-

গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
গাইবান্ধা পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ গ্রাম শুকনা গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানা মোড় ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকার মৃত চয়েন উদ্দিনের ছেলে মো. নুরু মিয়া (৫৫)-কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, ঘটনাস্থলেই সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা নং-১৭, তারিখ ০৭ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
-

সরিষাবাড়ীতে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়নের গেন্দার পাড়া গ্রামে–মা-ছেলের পারিবারিক একটি ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় এর তীব্র প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাসেদুল ইসলাম জাকির।
গত (৫ জুলাই) রবিবার সকালে সম্প্রতি- মা-ছেলের পারিবারিক একটি ঘটনাকে কেন্দ্র করে “মাকে বাড়ি থেকে বের করে দেওয়া” শিরোনামে কিছু গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন তার একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার মো:রাশদুল ইসলাম জাকির। লিখিত বক্তব্য তিনি দাবি করেন, প্রকাশিত অসত্য সংবাদটি শুধু আমাদের পরিবারের সম্মানহানি করেনি, বরং আমাদের সামাজিক অবস্থান এবং মানসিক শান্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। একজন মায়ের সাথে সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধনগুলোর মধ্যে একটি। সেই সম্পর্ককে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়িয়ে দেওয়া নিঃসন্দেহে অমানবিক এবং নিন্দনীয়।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমাদের পরিবারের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি, যেখানে আমাদের মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বরং আমরা সবসময়ই আমাদের মায়ের প্রতি যথাযথ সম্মান, ভালোবাসা এবং দায়িত্বশীল আচরণ প্রদর্শন করে আসছি। এই ধরনের সংবাদ প্রকাশের পেছনে একটি সুস্পষ্ট ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি, যার উদ্দেশ্য আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
আমরা সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনুরোধ করছি, তারা যেন এই মিথ্যা সংবাদটি দ্রুত প্রত্যাহার করে এবং প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরে। একইসাথে, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করার জন্যও আমরা জোর দাবি জানাচ্ছি।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিবারের ২ মেয়ে ও ২ ছেলে। প্রচারিত সংবাদ মিথ্যা ভিত্তিহীন দাবি করে এলাকা বাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফরিদুর রহমান ফরিদ মেলেটারী, শাহিন মিয়া, স্বপন মিয়া, জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মেম্বার মো: মোস্তফা মিয়া সহ একাধিক পুরুষ মহিলা একবাক্যে বলেন, মাকে বেরকরে দেওয়ার মতো কোন ঘটনা এখানে ঘটেনী। রাশেদুল ইসলাম জাকির বলেন, এই ঘটনায় আমরা পরিবার ও এলাকাবাসী গভীরভাবে ব্যথিত এবং হতাশ। তবে আমরা বিশ্বাস করি, সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছি, যাতে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ আর কেউ প্রচার করার সাহস না পায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযুক্ত রাশেদুল ইসলাম এর আপন খালা হাসনা বেগম, মামাতো ভাই শাকিল আহাম্মেদ, মামাতো বোন শিখা আক্তার, সীমা আক্রার, মামাতো বোন জামাই সিদ্দিকুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে-সকলের কাছে অনুরোধ জানিয়ে রাশেদুল ইসলাম জাকির বলেন —যে কোনো সংবাদ প্রচারের আগে তা যাচাই করুন। একটি মিথ্যা সংবাদ শুধু একটি পরিবারকেই নয়, বরং পুরো সমাজকে বিভ্রান্ত করে।
-

খানসামায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিদ্যালয় ত্যাগের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
দিনাজপুরের খানসামা উপজেলার ১০৭ নম্বর উত্তর সুর্বনখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম খলিল (লাবু)-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নিয়মিত সকাল ৯টার আগে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এরপর সংশ্লিষ্ট সাব-ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তার হোয়াটসঅ্যাপে উপস্থিতির তথ্য পাঠিয়ে বিদ্যালয় ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।
সহকারী শিক্ষকরা জানান, গত ১৫ জুন ২০২৬ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষককে সকাল ৯টার পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা ৪০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট সহকারী শিক্ষা কর্মকর্তার কাছে উপস্থিতির তথ্য পাঠাতে হয়। প্রধান শিক্ষক ওই নির্দেশনা অনুসরণ করে উপস্থিতি নিশ্চিত করলেও নিয়মিত বিদ্যালয়ে অবস্থান করেন না বলে তারা দাবি করেন।
তাদের অভিযোগ, বিদ্যালয়ের পাঠদান, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি কিংবা প্রশাসনিক তদারকিতে প্রধান শিক্ষকের কার্যকর ভূমিকা দেখা যায় না। সরেজমিনে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল— প্রাক-প্রাথমিক ৩২ জন, প্রথম শ্রেণি ১৪ জন, দ্বিতীয় শ্রেণি ১২ জন, তৃতীয় শ্রেণি ৫ জন, চতুর্থ শ্রেণি ৩ জন এবং পঞ্চম শ্রেণি ৩ জন।
সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা আরও জানান, প্রধান শিক্ষক শারীরিকভাবে অসুস্থ থাকায় প্রায়ই ছেলের মোটরসাইকেলে বিদ্যালয়ে এসে শুধু স্বাক্ষর করে চলে যান। তারা বলেন, অসুস্থ হলে নিয়ম অনুযায়ী মেডিকেল ছুটি নেওয়ার সুযোগ থাকলেও তিনি কেন তা গ্রহণ করছেন না, সেটি তাদের বোধগম্য নয়।
এ বিষয়ে পাকেরহাট সাব-ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুসনে মোবারক বলেন, “মঙ্গলবার প্রধান শিক্ষক ছুটিতে ছিলেন। তিনি নিয়মিত স্বাক্ষর করে চলে যান—এমন অভিযোগের বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। সব বিদ্যালয় সবসময় তদারকি করা সম্ভব হয় না।”
তিনি আরও জানান, গত ১ জুলাই ২০২৬ দুপুর প্রায় ১টা ৩০ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করেও প্রধান শিক্ষককে না পেয়ে হাজিরা খাতায় বিষয়টি উল্লেখ করে স্বাক্ষর করেন।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক মো. ইব্রাহীম খলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
খানসামা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির তালুকদার বলেন, “তিনি কিছুদিন মেডিকেল ছুটিতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হয়ে নিয়মিত ক্লাস নিচ্ছেন বলেই আমি জানি। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ কিনা, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।”
এ বিষয়ে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ. এম. শাহাজাহান সিদ্দিক বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, স্থানীয় অভিভাবকদের অভিযোগ, দায়িত্বে অবহেলা ও নিয়মিত তদারকির অভাবে খানসামা উপজেলার প্রাথমিক শিক্ষার মান দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
-

গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম
স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূল স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। পরিষদের গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়। ছোট ছোট সমস্যা সমাধানে গ্রাম আদালত একটা ব্যবস্থা। এখানে আবেদনকারী ও প্রতিবাদী পক্ষ থেকে দুজন করে চারজন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মোট পাঁচজন নিয়ে গ্রাম আদালত প্যানেল গঠিত হয়। নারীর স্বার্থসংশ্লিষ্ট বিষয় হলে গ্রাম আদালত গঠনের ক্ষেত্রে নারী সদস্য মনোনয়ন বাধ্যতামূলক। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ। মাদকাসক্ত ব্যক্তি, পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্থ করে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে সবাইকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এবং বাল্যবিবাহের কুফল ও সুফল বিষয়ে আলোচনায় বলেন ২০-তে বুড়ি নয় ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে নয়। আগামীতে যাতে বাল্যবিবাহ না হয়, সে বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন থাকতে হবে। গাজীপুরের কালীগঞ্জে পরিবার পরিকল্পনা, বাল্য বিবাহ নিরোধ, মাদক ও গ্রাম আদালত বিষয়ে সচেতনতা মুলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এসব বলেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বেরুয়া ঈদগাহ্ মাঠে স্থাণীয় চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি পরিবার পরিকল্পনা গাজীপুরের উপপরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নূরী, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন (আকাশ), উপজেলার তথ্য সেবা কর্মকর্তা সোহা তামান্না, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন প্রমূখ।
উপজেলা মহিলা সংস্থার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় মো. জাকির হোসেন বলেন, মাদক মুক্ত কালীগঞ্জ গড়ি, সুস্থ সবল জীবন গড়ি। মাদক শুধু একজনকে ধ্বংস করে না, একটা পরিবার, একটা সমাজকে ধ্বংস করে দেয়। একটা ছেলে মাদকে জড়ালে শুধু সে নষ্ট হয় না, তার বাবা-মায়ের স্বপ্ন, তার ভবিষ্যৎ সব শেষ হয়ে যায়। তাই মাদকের বিরুদ্ধে লড়াই মানে নিজের ভবিষ্যৎ বাঁচানোর লড়াই।
মো. আতিকুর রহমান আকন্দ ফারুক বলেন, গ্রাম আদালতে দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার বিরোধের নিষ্পত্তি হতে পারে। এখানে নিজের কথা নিজে বলা যায়, আইনজীবী লাগে না। গ্রাম আদালতে দেওয়ানি মামলার জন্য ফি ২০ টাকা আর ফৌজদারি মামলার জন্য ফি ১০ টাকা।
সভায় অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা মো. হুমায়ুন শিকদার, জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক মো. গোলজার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সদস্য কাজী মাহাবুর রহমান সবুজ, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাঈম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈম শাহরিয়ার মাসুম, জেলা ছাত্রদলের সদস্য নাদিম হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থাণীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -

কুমিল্লার গ্রামে-গঞ্জে,পাড়া-মহল্লায় নির্বাচনি হাওয়া।
মুখোমুখি হচ্ছে আবার বিএনপি ও জামায়াত। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে দল কে আরো সুসংগঠিত করা হচ্ছে – ভিপি ওয়াসিম। স্থানীয় সরকার নির্বাচনে কোন অনিয়ম মেনে নেওয়া হবে না –
এডভোকেট মো.শাহজাহান।গাজী কুদ্দুছুর রহমান সোহাগ
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার মাঠপর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জেলার প্রতিটি উপজেলা,পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ এলাকায় সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ ও ঘরোয়া বৈঠক শুরু করেছেন।জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে মুখোমুখি হচ্ছেন বিএনপি ও জামায়াত প্রার্থীরা। তবে কোন ক্রাইটেরিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনো সংশয় রয়েছে।
জানা যায়, সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরুর ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার বিভাগ। এতে করে কুমিল্লার ১৯৩টি ইউনিয়ন, ৯টি পৌরসভা এবং ১৮টি উপজেলায় সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেছেন। এসব নির্বাচনি এলাকায় প্রতিটি ইউনিটে বিএনপির পাশাপাশি জামায়াত প্রার্থীরা শক্তিশালী অবস্থানে রয়েছেন। ইতোমধ্যে বিএনপি প্রার্থিতা ঘোষণা না করলেও বিরোধী দল জামায়াত শতাধিক ইউনিয়ন এবং ৯টি পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে। কোনো কোনো ইউনিয়ন এবং পৌরসভায় এনসিপির প্রার্থীরাও গণসংযোগ করছেন।
জেলার বিভিন্ন ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভায় গিয়ে দেখা যায়, সম্ভাব্য মেয়র, চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগ, সামাজিক অনুষ্ঠান ও জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন। প্রার্থীরা ডিজিটাল ব্যানার-ফেস্টুন টানাচ্ছেন। তবে স্থানীয়দের ধারণা, নির্বাচনের তফসিল ঘোষণা এবং প্রচার-প্রচারণা শুরু হলে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠতে পারে। সরকার এবং বিরোধী দল সমর্থিত প্রার্থীদের মধ্যে টানটান উত্তেজনা দেখা দিতে পারে।
জেলা বিএনপির একাধিক সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হলে ভোট বিভক্ত হয়ে পরাজয়ের আশঙ্কা রয়েছে। এতে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।এদিকে বিএনপির প্রতিটি নির্বাচনি এলাকায় বেশ কয়েকজন করে প্রার্থী থাকলেও জামায়াত একক প্রার্থী নিয়ে মাঠে কাজ করছে। এতে বিএনপির গ্রুপিং-দ্বন্দ্বের সুযোগ নিতে পারে জামায়াত। তাছাড়া বিভিন্ন নির্বাচনি এলাকায় বিএনপি ও জামায়াত মুখোমুখি হতে পারে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দিয়ে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। এবার পরিচ্ছন্ন জনপ্রিয় প্রার্থীদের দল বেছে নেবে। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলের সিনিয়র নেতারা সিদ্ধান্ত নেবেন। দলের শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আমরা সাংগঠনিক ভাবে কাজ করছি।কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মো. শাহজাহান আমরা সবকটি ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলায় দলীয় প্রার্থী দেব। ইতঃপূর্বে বেশকিছু ইউনিয়ন পৌরসভায় প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের অনিয়ম ও প্রভাব বিস্তার মেনে নেওয়া হবে না। এই নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের বেশির ভাগ প্রার্থীই ইনশাআল্লাহ জয় লাভ করবেন।রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বিএনপি প্রতিটি ইউনিয়ন পৌরসভায় একক প্রার্থী দিতে না পারলে দলীয় প্রার্থীর ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এদিকে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের আধিপত্য এবং দলীয় প্রতীকের কারণে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। এবার উৎসবমুখর পরিবেশে সব শ্রেণির প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
-

তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ।
তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরের প্রবল ঢেউয়ের কবলে পড়ে মো. আসাদুল (১৭) নামে এক দাখিল পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আসাদুল আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের সৌদি প্রবাসী মুছা হাওলাদারের ছেলে। তিনি মানিকঝুড়ি মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষা দিয়েছেন। বাবা-মায়ের একমাত্র সন্তান আসাদুল তার নববিবাহিতা মামাতো বোনের শ্বশুরবাড়িতে কনের পক্ষের স্বজন হিসেবে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রামে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আসাদুল তার বন্ধু জাকারিয়া, আতাউল্লাহ, সাগর এবং দুলাভাই শাওন তালুকদারকে নিয়ে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে যান। একপর্যায়ে পাঁচজন একসঙ্গে সাগরে গোসল ও সাঁতার কাটতে নামলে হঠাৎ প্রবল ঢেউয়ের কবলে পড়ে সবাই পানিতে তলিয়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে চারজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আসাদুল নিখোঁজ হন।
খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়েও এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া চারজনকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সুস্থ রয়েছেন।
উদ্ধার হওয়া সাগর বলেন, আমরা পাঁচজন একসঙ্গে সাগরে গোসল করতে নেমেছিলাম। হঠাৎ একটি বড় ঢেউ এসে আমাদের ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আমরা চারজন উদ্ধার হলেও আসাদুলকে আর খুঁজে পাওয়া যায়নি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “নিখোঁজ আসাদুলকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।”
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, “স্থানীয়দের সহযোগিতায় চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজ আসাদুলকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন।”
এ ঘটনায় নিখোঁজ আসাদুলের পরিবার ও স্বজনদের মধ্যে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত তাকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।