Blog

  • গোড়াই ইউনিয়ন অটো গ্যারেজ মালিক সমিতির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    গোড়াই ইউনিয়ন অটো গ্যারেজ মালিক সমিতির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    মো. মোয়াজ্জেম হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

    টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নম্বর গোড়াই ইউনিয়ন অটো গ্যারেজ মালিক সমিতির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (৭ জুলাই) গোড়াই হাইওয়ে রোডস্থ টেক-ইট রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
    সভায় সভাপতিত্ব করেন ১০ নম্বর গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোড়াই আঞ্চলিক অফিসের ডিভিশনাল ক্যাশিয়ার খালিদ মো. সালাউদ্দিন জোয়ার্দার, মির্জাপুর ফায়ার সার্ভিসের ডব্লিউএইচ মো. মেহেদী হাসান, গোড়াই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জুলহাস শেখ, গোড়াই ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. ইসমাইল হোসেন (চঞ্চল), উপদেষ্টা হাসমত হোসেন (হাসু), ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা এবং জনতার সদস্য মো. চঞ্চল মাহমুদ।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. ইমরুল ইসলাম (সোহেল)।
    সভায় নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। সংগঠনের দুই বছর মেয়াদি কমিটিতে সভাপতি হিসেবে মো. রাজ্জাক এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. ইমরুল ইসলাম (সোহেল) নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে ১৬ জন কার্যকরী সদস্য এবং ১৫ জন সম্মানিত সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
    বক্তারা অটো গ্যারেজ মালিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

  • কাশিয়ানীতে অপরাধ দমনে সক্রিয় পুলিশ, আলোচনায় ওসি মাহফুজুর রহমান

    কাশিয়ানীতে অপরাধ দমনে সক্রিয় পুলিশ, আলোচনায় ওসি মাহফুজুর রহমান

    গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাম্প্রতিক সময়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বেড়েছে। হত্যা, মাদক, চুরি ও অন্যান্য আলোচিত মামলার তদন্তে অগ্রগতি এবং বিভিন্ন অভিযানে আসামি গ্রেপ্তারের ঘটনায় কাশিয়ানী থানার কার্যক্রম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
    পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ২০২৬ সালের এপ্রিল মাসে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন। পরে পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি আইজিপি ব্যাজ লাভ করেন। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পান।
    স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সাম্প্রতিক সময়ে থানা পুলিশের টহল ও অপরাধবিরোধী তৎপরতা বেড়েছে। বিভিন্ন ঘটনায় দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তারের কারণে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ছে বলে তাঁদের ধারণা। তবে এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
    ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। অপরাধ নিয়ন্ত্রণে কাশিয়ানী থানা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
    সংশ্লিষ্টদের মতে, অপরাধ দমনে ধারাবাহিক অভিযান, দ্রুত তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকার কারণে কাশিয়ানী থানার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে।

  • ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

    ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

    টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

    মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে এ রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।

    এদিকে রেললাইন ডুবে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে পর্যটক এক্সপ্রেসসহ এই রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেনের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন।

    রেলওয়ে সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে চট্টগ্রামের জান আলীহাট স্টেশন এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। ফলে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস (৮১৬) ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করার পর জান আলীহাট স্টেশনের আগে রেললাইনে পানি থাকায় দীর্ঘ সময় ধরে মাঝপথে আটকে আছে।

    রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন থেকে পানি নেমে গেলে এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে।

  • যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী

    যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী

    আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যেসব মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো আইনানুগ প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট-৪ আসনের বিরোধী দলের সদস্য (জামায়াতে ইসলামী) মো. আব্দুল আলীমের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

    আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনমন্ত্রীর নেতৃত্বাধীন আরেকটি কমিটির কাছে আসে। সেখানে প্রতিটি মামলা আইনগত দৃষ্টিকোণ থেকে যাচাই-বাছাই করে প্রত্যাহারের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

    তিনি বলেন, সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর বিষয়ে আইনসম্মত ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করছে, যাতে প্রকৃত রাজনৈতিক মামলাগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

    আইনমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে সরকার মামলা প্রত্যাহার করতে পারে না। কোনো মামলায় আপিল বিচারাধীন থাকলে প্রথমে সেই আপিলের নিষ্পত্তি হতে হবে।

    আপিল নিষ্পত্তির পর ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হবে এবং রাষ্ট্রপতি আইন অনুযায়ী সাজার মওকুফ বা ক্ষমার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।

    মন্ত্রী আরো বলেন, সংবিধানের ৪৯ অনুচ্ছেদেও রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রেও আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাবে এবং আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় মতামত প্রদান করবে। ফলে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মামলা প্রত্যাহারের কোনো সুযোগ নেই; তবে আইনে নির্ধারিত প্রক্রিয়ায় সাজার মওকুফ বা রাষ্ট্রপতির ক্ষমা লাভের সুযোগ রয়েছে।

  • কাশিয়ানীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার, ১২ ঘণ্টার মধ্যে পুলিশের অভিযান

    কাশিয়ানীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার, ১২ ঘণ্টার মধ্যে পুলিশের অভিযান

    গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে আল আমিন ব্যাপারী (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে পাঠানো হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    গ্রেপ্তার আল আমিন ব্যাপারীর বাড়ি ফরিদপুরের কোতয়ালী উপজেলার রঘুনন্দপুর গ্রামে। নিহত বর্না খানমের (২৮) বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধানকোড়া দক্ষিণপাড়া গ্রামে। তাঁদের ১৪ বছরের দাম্পত্য জীবনে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বিরোধ হতো এবং আল আমিন স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।

    পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান আল আমিন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি বর্না খানমকে বাড়ির পেছনে ডেকে নিয়ে যান। এরপর বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে কোনো একসময় তাঁকে হত্যা করে মরদেহ পুকুরপাড়ে ফেলে রেখে পালিয়ে যান বলে অভিযোগ।

    পালিয়ে যাওয়ার সময় ভেজা লুঙ্গি, গামছা ও গেঞ্জি হাতে আল আমিনকে দৌড়ে যেতে দেখে তাঁদের ছেলে চিৎকার করে। পরে পরিবারের সদস্যরা বাড়ির পেছনের পুকুরপাড়ে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বর্না খানমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

    এ ঘটনায় নিহতের বাবা মিজানুর রহমান মুন্সী বাদী হয়ে কাশিয়ানী থানায় পেনাল কোডের ৩০২/২০১ ধারায় হত্যা মামলা করেন। মামলার পর কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান–এর তত্ত্বাবধানে এসআই মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করে।

    পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) আসামিকে আদালতে পাঠানো হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

  • পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে ৩ লক্ষ ২০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

    পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে ৩ লক্ষ ২০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের বাউড়া বাজারে পাটগ্রাম উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ১৫০০ টি কারেন্ট জাল ও ৭০০মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তাৎক্ষনিক ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার (০৬জুলাই) বিকাল সাড়ে ৩ টা নাগাদ পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১৫০০ টি কারেন্ট জাল ও ৭০০মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৩ লাখ ২০হাজার টাকা বলে জানা যায় । অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা মংস্য অফিসার সেলিনা পারভীন। এ সময় আরো উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার সাব ইন্সপেক্টর রওশানুল খবির এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী। বাউড়া ইউনিয়নের স্থানীয় সানিয়াজান নদীতে অভিযান পরিচালনা করে এই সমস্ত নিষিদ্ধ জাল জব্দ করা হয়। মৎস্য ও জলজ প্রাণী সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অভিযানে নেতৃত্বদানকারী পাটগ্রাম উপজেলা মৎস্য অফিসার সেলিনা পারভীন জানান।

  • কুমিল্লায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-১, আহত-১০

    কুমিল্লায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-১, আহত-১০

    কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

    মঙ্গলবার (৭ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে মনোহরগঞ্জ উপজেলার বিপুলেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    নিহত মোস্তফা কামাল (৬০) নোয়াখালী জেলার কাচিহাটা গ্রামের বাসিন্দা।

    লালমাই হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহণের একটি যাত্রীবাহী বাস নাথেরপেটুয়া সংলগ্ন বিপুলেশ্বর এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

    দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা হতাহতদের উদ্ধার করে এবং আহত ১০ যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠান।

  • পঞ্চগড়ে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

    পঞ্চগড়ে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

    পঞ্চগড়ের দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজী মদ্দীন ওরফে খাজা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

    নিহত কাজী মদ্দীন ওরফে খাজা টেপ্রীগঞ্জ ইউনিয়নের বাবুরহাট এলাকার মৃত নদেশ তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গবাদিপশুর জন্য কাঁঠাল গাছের পাতা পাড়তে কাজী মদ্দীন খাজা দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে একটি আমগাছে ওঠেন। পরে আমগাছের ওপর থেকে বাঁশের লাঠি দিয়ে পাশের কাঁঠাল গাছের পাতা পাড়ার চেষ্টা করেন। এ সময় বাঁশের লাঠিটি গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাঁশের লাঠিটি ভেজা থাকায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    পরে স্থানীয়রা তার মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ধনবাড়ীতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

    ধনবাড়ীতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

    ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কদমতলী গ্রামে পুকুরে ডুবে আব্দুল্লাহ আল হাসান লাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

    নিহত লাম কদমতলী গ্রামের শিবলু মিয়া ও কল্পনা বেগমের ছেলে।

    পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় শিশুটির বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। লাম তার দাদির সঙ্গে বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে তাকে আশপাশে খুঁজেও না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজ শুরু করেন।

    সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নয়, বরং পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার বিষয়ে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল হাসান বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।”

    ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

    এ মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

  • চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ৭ জনসহ গ্রেপ্তার ২২

    চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ৭ জনসহ গ্রেপ্তার ২২

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক মামলায় ৭ জনসহ মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ৭ জনের বিরুদ্ধে ৪টি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে সদর থানা এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইন, শিবগঞ্জ থানা এলাকা থেকে ৭০ বোতল স্কাফ সিরাপ, ভোলাহাট থানা এলাকা থেকে ১৫ লিটার চোলাই মদ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ২ কেজি গাঁজা উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এ বিষয়ে পুলিশ সুপার বলেন, জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে কোনো ধরনের কিশোর গ্যাং বা সন্ত্রাসী কার্যক্রম গড়ে উঠতে দেওয়া হবে না বলেও তিনি জানান। তিনি আরও বলেন, জেলার মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবে।