Blog

  • তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত

    তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত

    সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ, আত্মহত্যা রোধ, মাদকাসক্তি প্রতিরোধ ও লিগ্যাল এইড প্রাপ্তি” বিষয়ক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৭ জুলাই) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

    তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন এবং তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

    বক্তারা বলেন, সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিবারে নারীরা শুধু পুরুষের নয়, অনেক ক্ষেত্রে নারীদের দ্বারাও নির্যাতনের শিকার হন। তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নারী-পুরুষ উভয়কেই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    তারা আরও বলেন, পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে। ছেলে ও মেয়ে উভয়কেই সুশাসন ও পারিবারিক মূল্যবোধের মধ্যে বড় করে তুলতে হবে, যাতে তারা কোনো ধরনের অপরাধ, হয়রানি বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।

    বক্তারা বলেন, বর্তমানে অনেক অভিভাবক অল্প বয়সী ছেলে-মেয়েদের মোবাইল ফোন ও মোটরসাইকেল কিনে দিলেও তাদের যথাযথ তদারকি করেন না। এর ফলে সড়ক দুর্ঘটনা, কিশোর অপরাধ এবং বাল্যবিবাহসহ নানা সামাজিক সমস্যা বাড়ছে। এসব প্রবণতা রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

    সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

  • ভূরুঙ্গামারীতে জাল টাকা দিয়ে মাদক কিনতে গিয়ে পুলিশের হাতে আটক

    ভূরুঙ্গামারীতে জাল টাকা দিয়ে মাদক কিনতে গিয়ে পুলিশের হাতে আটক

    ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে বাংলাদেশি জাল টাকা দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোট জব্দ করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে দেশে এনে বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল ছায়া তদন্ত শুরু করে।

    তদন্তের ধারাবাহিকতায় সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার সংলগ্ন ভারতীয় সীমান্তগামী কাঁচা রাস্তা থেকে মো. আনোয়ার মিয়া (পিতা: কুদ্দুস মিয়া), গ্রাম: কানিবাড়ি, মইদাম, ৬ নম্বর ওয়ার্ড, পাথরডুবি ইউনিয়নের বাসিন্দাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়।

    পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তের কাঁটাতার সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে বাংলাদেশে এনে বিক্রি করতেন। আটক হওয়ার সময় তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও পুলিশ জানায়।

    পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশি জাল নোট নিজের হেফাজতে রাখার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

    এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাকারবারিরা অধিক মুনাফার আশায় বাংলাদেশি জাল নোট ব্যবহার করে থাকে। তাই সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষকে মুদ্রা লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।

  • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন।

    মঙ্গলবার সকাল ৯টা ২০মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ (Raid) মহড়া প্রত্যক্ষ করেন।

    এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।
    একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। মাঠপর্যায়ে সেনাসদস্যদের সঙ্গে সরকারপ্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনাসদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

    পরে সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।
    এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • রাজাপুরে ছাত্রদল সভাপতির ওপর হামলার অভিযোগ, আহত ৩

    রাজাপুরে ছাত্রদল সভাপতির ওপর হামলার অভিযোগ, আহত ৩

    ঝালকাঠির রাজাপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সজিবসহ তিনজন আহত হয়েছেন।

    সোমবার রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজিব। এছাড়াও আহত হয়েছেন তার বড় ভাই বাবুল ও কাইফ নামে আরও একজন।

    আহত ও স্থানীয়দের অভিযোগ, লেবুবুনিয়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ বিষয়ে প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে সজিব ও স্থানীয়দের বাকবিতণ্ডা হয়। পরে এক পর্যায়ে মাদকসেবিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রায় ২০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।হামলায় গুরুতর আহত সজিবকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য দুই আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আফজাল। তিনি দাবি করেন, মাদক ব্যবসার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং মূলত ডাবের ব্যবসা নিয়ে সোহেল আকনের সঙ্গে সজিবের বড় ভাইয়ের বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। তার অভিযোগ, সজিবের পক্ষের লোকজন আগে হামলা চালিয়ে একজনের পা ভেঙে দিয়েছে।

    এ বিষয়ে রাজাপুর থানার তদন্ত ওসি ফিরোজ কামাল জানান, ঘটনাটি তারা মৌখিকভাবে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ!

    কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ!

    ​কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ জালালপুর-লোহাজুরী সড়কটি এখন যেন এই অঞ্চলের মানুষের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন পড়ে থাকা এই সড়কটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত দুই লাখ মানুষ। সামান্য বৃষ্টি হলেই সড়কের পিচ-খোয়া উঠে গিয়ে তৈরি হচ্ছে বড় বড় খানাখন্দ, যা জমে থাকা কাদা-পানিতে একাকার হয়ে যায়। পানির নিচে লুকিয়ে থাকা এসব অদৃশ্য গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। উল্টে যাচ্ছে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল।

    ​​স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর ও লোহাজুরী ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী বিন্নাবাইদ, চরমান্দালিয়া, গোহালবাড়িয়া ও পাইকান এলাকার মানুষের উপজেলা সদরে যোগাযোগের একমাত্র প্রধান মাধ্যম এই সড়ক। কিন্তু বছরের পর বছর সড়কটির কোনো স্থায়ী সংস্কার করা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিছু ভাঙা ইট ফেলে জোড়াতালির ‘দায়সারা’ মেরামত করা হলেও তা কোনো কাজেই আসেনি। বরং ইটগুলো ঠিকমতো রোলিং না করায় এবং অল্প দিনেই সেগুলো সরে যাওয়ায় রাস্তাটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

    ​কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শত শত রোগী প্রতিদিন এই সড়কটি ব্যবহার করেন। স্থানীয়দের মতে, সড়কটি এখন বিশেষ করে বয়স্ক, গুরুতর অসুস্থ এবং গর্ভবতী নারীদের জন্য এক আতঙ্কের নাম। ভাঙাচোরা এবং ঝাঁকুনির এই রাস্তায় যাতায়াত করতে গিয়ে অনেক সময় প্রসূতি মায়েরা মাঝপথেই মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েন।

    ​সড়কের এই কঙ্কালসার অবস্থার কারণে এই রুটে গণপরিবহন চলাচল অর্ধেকের চেয়েও কমে গেছে। লোহাজুরী রুটের অটোরিকশা চালক জামাল মিয়া আক্ষেপ করে বলেন,
    ​”রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সপ্তাহে অন্তত দুইবার গাড়ি গ্যারেজে নিয়ে মেরামত করতে হয়। চাকা নষ্ট হয়, বডি ভেঙে যায়। বাধ্য হয়ে একটু বাড়তি ভাড়া চাইলে যাত্রীরা রাগ করেন। সব মিলিয়ে আমরা চালকেরা চরম আর্থিক লোকসানের মুখে পড়েছি।”

    ​পরিবহন সংকটের এই সুযোগে সাধারণ যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায়েরও অভিযোগ উঠেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী বাড়তি ভাড়া দিতে না পেরে কাদা-পানি মাড়িয়ে পায়ে হেঁটেই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে।
    ​
    ​কটিয়াদী উপজেলার অন্যতম বৃহৎ পাইকারি সবজি বাজারটি এই সড়কের পাশেই অবস্থিত। এই অঞ্চলের কৃষিপণ্য পরিবহনের মূল ধমনীও এটি। অথচ রাস্তার বেহাল দশার কারণে বাজারে সময়মতো সবজি আনা যাচ্ছে না। কাদা আর জমে থাকা পানির কারণে ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা বড় বড় পাইকাররা এখন আর এই সড়ক দিয়ে আসতে চাচ্ছেন না। ফলে একদিকে যেমন সবজি নষ্ট হচ্ছে, অন্যদিকে পাইকার না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। অর্থনৈতিকভাবে ধস নামছে গ্রামীণ অর্থনীতিতে।
    ​
    ​উপজেলা সদরের বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক, চিকিৎসাসেবা এবং প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাতায়াতের জন্য এই সড়কটির কোনো বিকল্প নেই। স্থানীয় সচেতন মহলের মতে, একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের এমন অবহেলা মেনে নেওয়া যায় না। দ্রুত এই সড়কটি টেকসইভাবে সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।

    ​এলাকাবাসী ও ভুক্তভোগী পথচারীরা আর কোনো ‘জোড়াতালির সংস্কার’ চান না। তারা অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সড়কটির স্থায়ী ও দ্রুত কার্পেটিংয়ের জোর দাবি জানিয়েছেন।

  • মোহনগঞ্জে ডিএসকে’র উদ্যোগে ৫০ জন সদস্যের মাঝে  ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে

    মোহনগঞ্জে ডিএসকে’র উদ্যোগে ৫০ জন সদস্যের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে

    ‎পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার মোহনগঞ্জে ২৫০ টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
    ‎
    ‎“পরিচ্ছন্নতা ও সবুজে সাজাই পরিবেশ”—এই স্লোগানকে সামনে রেখে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) মোহনগঞ্জ শাখার উদ্যোগে ২০২৬ সালের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
    ‎
    ‎মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) মোহনগঞ্জে আয়োজিত কর্মসূচিতে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকে’র আঞ্চলিক ব্যবস্থাপক, নেত্রকোনা-৪ অঞ্চল মিলন চন্দ্র সরকার। শাখা ব্যবস্থাপক, আলমগীর আজাদ সহ অফিসের অনান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
    ‎
    ‎মোহনগঞ্জ ডিএসকে অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এসব চারা বিতরণ ও রোপণ করা হয়। কর্মসূচির আওতায় আম, পেয়ারা, আমড়া, নিম, কাঠবাদাম ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। গাছ প্রতি রাসায়নিক সারের পরিমাণ :ইউরিয়া (৩০০ গ্রাম), ডিএপি(৩০০ গ্রাম) , এমওপি(পটাশ) (২০০ গ্রাম) । বিতরণ করা হয়।
    ‎
    ‎ডিএসকে’র নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত সদস্যদের মধ্যে বিনামূল্যে ৫ টি করে চারা ও সার
    ‎প্রদান করা হয়। প্রতিটি শাখার নিয়মিত সদস্যদের মাঝে বিতরণ কৃত চারা সদস্যের নিজ নিজ জমিতে রোপণের ব্যবস্থা করা হয়।
    ‎
    ‎সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষরোপণের মাধ্যমে বায়ু দূষণ কমানো, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
    ‎
    ‎নির্দেশনায় আরও বলা হয়েছে, বর্ষা মৌসুম গাছ লাগানোর উপযুক্ত সময় হওয়ায় আষাঢ়-শ্রাবণ মাসের মধ্যেই চারা রোপণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। পাশাপাশি সুস্থ, সবল ও রোগমুক্ত চারা নির্বাচন, সঠিকভাবে গর্ত তৈরি, প্রয়োজনীয় সার প্রয়োগ এবং নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

    প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ও তার টিমকে সম্প্রতি সাক্ষাতের জন্য ডেকেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাতে প্রধানমন্ত্রী তাদের বেশ কিছু পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন।

    এ বিষয়ে জব্বার মণ্ডল কালবেলাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন। আমাদের কার্যক্রম সম্পর্কে জেনেছেন। কিছু বিষয়ে পরামর্শ এবং নির্দেশনা দিয়েছেন।’

    প্রধানমন্ত্রী তাকে বিশেষ কোনো বার্তা দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে জব্বার মণ্ডল বলেন, ‘বলেছেন, তবে এখন এ বিষয়ে কিছু বলতে চাই না। উনি (প্রধানমন্ত্রী) আমাদের টিমের সবারই প্রশংসা করেছেন।’

    এদিকে, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি করপোরেশনসহ মাঠপর্যায়ে ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় এ নির্দেশনা দেন তিনি।

    একই সঙ্গে কমিটিকে এক মাসের মধ্যে প্রয়োজন অনুযায়ী দ্রুত সমাধানযোগ্য ও দীর্ঘমেয়াদি সমস্যা চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে সদস্য করে তিন সদস্যের এ কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

    সভায় প্রধানমন্ত্রীর কাছে ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। বিশেষ করে জেলা পর্যায়ে জনবল বৃদ্ধি, উন্নতমানের পরীক্ষাগার স্থাপন, মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং বিভিন্ন সিন্ডিকেট ও প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় নিরাপত্তাঝুঁকির বিষয় উল্লেখ করে তারা ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বৃদ্ধিরও দাবি জানান।

    প্রধানমন্ত্রী বলেন, সমস্যা থাকবেই। তার পরও সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বসে থাকলে চলবে না। পৃথিবীর অনেক দেশ একসময় আমাদের চেয়েও অনুন্নত ছিল, অথচ আজ তারা অনেক দূর এগিয়ে গেছে। আমাদেরও এগিয়ে যেতে হবে।

    প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম ও ভেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করে নিরলসভাবে কাজ করে আসছেন আব্দুল জব্বার মণ্ডল। তিনি বিভিন্ন অভিযানের মাধ্যমে বাজারে ন্যায্য দাম প্রতিষ্ঠার লড়াই চালিয়ে আসছেন। তিনি তার শান্তশিষ্ট স্বভাব ও ধৈর্যশক্তির মাধ্যমে বিক্রেতাদের সঠিক দামে পণ্য বিক্রি করতে বাধ্য করেন, আবার শাস্তি বা জরিমানা প্রদান করেন। এর ফলে ক্রেতারাও লাভবান হচ্ছেন।

  • প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে কৃষিবিদ ফাতেমা ইসলাম

    প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে কৃষিবিদ ফাতেমা ইসলাম

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে। গাছ দিয়ে আমরা ঘর এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরী করি। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। গাছ আমাদের পরম বন্ধু। তিনি মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের ৯৬ নম্বর উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    বসুন্ধরা শুভসংঘের সভাপতি সাংবাদিক সাকিবুজ্জামান সবুরের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক তৈমুর হোসেন অপুর সঞ্চালনায় বিতরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক মেহেদী হাসান রিপন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও সাংবাদিক ফারুক হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হাসিব ভুট্রো, উপসহকারি কৃষি অফিসার অদিতি রানী, মো.আমিরুল ইসলাম মুরাদ ও সাংবাদিক আমিনুল ইসলাম।

    বিতরণ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মো.শাহ জামাল, শিক্ষক হালিমা আক্তার, মাসুমা আক্তার, শিক্ষার্থী তাসমিয়া জাহান আদিবা ও তাসনিম আক্তার প্রমূখ।

    প্রধান অতিথি আরো বলেন, জলবায়ু পরির্বতনের ভয়াবহ প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে অধিক পরিমান গাছ লাগাতে হবে। সেই যাত্রা হিসেবে শিশুদের হাতে গাছের তুলে দেওয়া হলো। এই শিশুরাই আগামী দিনের অভিভাবক হয়ে পরিবেশ রক্ষা করবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ উদ্যোগ সফল করতে হবে।
    পরে প্রধান অতিথি স্কুল আঙিনায় কাঁঠাল ও নিমের চারা রোপন করেন।

    এরআগে কোমলমতি শিশু শিক্ষাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে ঘন্টাব্যাপি আলোচনা করেন।

  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

    সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

    সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পূর্ব ঘোষিত জুলাই পথযাত্রা সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

    গত রাতেই সাভার মডেল থানায় অজ্ঞাত নামে আসামী করে মামলা দায়ের করা হয় ।

    মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার এসআই নেয়ামত।

    মামলার বাদি হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি।

    মামলার বাদি জানান, গতকাল সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে তিনজন নেতাকর্মী আহত হয়।

    পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    এ ঘটনায় তিনি সাভার মডেল থানায় সঙ্গীয় আজাহারুল ইসলাম তামিম ও জুলাই যোদ্ধা ইউনুস আলীকে নিয়ে থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন।

    এদিকে এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘটন করেছে । অজ্ঞাত আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এস আই নেয়ামত।

  • বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত,আহত-১

    বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত,আহত-১

    দিনাজপুরের বীরগঞ্জের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাঁচপীর নামক স্থানে পিকাআপের ধাক্কায় ফাহিনা আক্তা ও শিশুপুত্র আব্দুল্লাহ নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল আরোহী নাজমুল হোসেন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
    মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টায় দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাচপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত ফাহিমা আক্তার (২৩) কাহারোল উপজেলার ৫ নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রামের নাজমুল হোসেনের স্ত্রী ও শিশুপুত্র আব্দুলাহ (৩)।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মালগ্রাম থেকে নাজমুল হোসেন তার স্ত্রী পুত্রকে নিয়ে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও সদর উত্তর গড়েয়ায় চিকিৎসকের কাছে যাওয়ার পথে পাচপরী নামকস্থানে পৌঁছলে বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী পিকাপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার স্ত্রী ফাহিমা ও শিশুপুত্র আব্দুল্লাহ নিহত হয়।

    বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান,
    প্রয়োজনীয় ব্যবস্হা নিতে লাশ হাইওয়ে থানা পুলিশরের কাছে হস্তান্তর করা হয়েছে।

    হাইওয়ে থানার ওসি নির্মূল চন্দ্র মোহন্ত সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবারে সড়ক পরিবহনে আইন মামলা দায়ের হয়েছে।