Blog

  • গাইবান্ধায় গভীর রাতে নারীকে ঘিরে উত্তেজনা: ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ।

    গাইবান্ধায় গভীর রাতে নারীকে ঘিরে উত্তেজনা: ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ।

    গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে গভীর রাতে এক নারীর ঘরে পরপুরুষ প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এই গুরুতর ঘটনাটি আইনি প্রক্রিয়ায় না নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও একটি প্রভাবশালী মহল ইউনিয়ন পরিষদে শালিসের নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার আনুমানিক রাত ১২টার দিকে বল্লমঝাড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকার হারুন মিয়ার স্ত্রী ও তিন সন্তানের জননী মোছা. লাকি বেগমের বাড়িতে নহিম উদ্দিন নামে এক ব্যক্তি প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসীর একাংশ ওই বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তাৎক্ষণিকভাবে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    ধামাচাপা দেওয়ার চেষ্টা ও স্থানীয়দের ক্ষোভ:
    এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় ইউপি সদস্য (মেম্বার)এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি আইনি প্রক্রিয়ায় যেতে বাধা দিচ্ছেন। নিয়মতান্ত্রিকভাবে পুলিশকে খবর না দিয়ে, স্থানীয় মেম্বার উল্টো ভুক্তভোগী ও অভিযুক্তদের জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) জমা নিয়েছেন এবং ইউনিয়ন পরিষদে শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার

    চেষ্টা চালাচ্ছেন।
    প্রভাবশালীদের এমন ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক বাসিন্দা বলেন:

    ধর্ষণ বা নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধের বিচার কি ইউপি সদস্য করতে পারেন? স্থানীয়ভাবে আইডি কার্ড নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। দেশে কি আইন-কানুন নাই

    এলাকাবাসী দাবি জেলা প্রশাসক এর কাছে সঠিক তদন্ত মাধ্যমে বিচার চাই

  • মাকক ব্যবসায়ী  জাহাঙ্গীরের  অঢেল সম্পদ

    মাকক ব্যবসায়ী জাহাঙ্গীরের অঢেল সম্পদ

    মো:গোলাম কিবরিয়া
    রাজশাহীর জেলা প্রতিনিধি

    রাজশাহী জেলার,গোদাগাড়ী উপজেলার শীর্ষ মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারে তৎপর হয়েছে পুলিশ। তাকে ধরতে ইতোমধ্যে তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে পুলিশের অভিযানের আগেই তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। তাকে যেকোনো মূল্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।

    ‘মাদকমুক্ত থানা গড়ার লক্ষ্যে’ গত ৩০ জুন ২০২৬ মঙ্গলবার গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় হেরোইন ও ইয়াবা মাফিয়া হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম মাদক সিন্ডিকেটের সদস্যদের নিয়ে হাজির হন। এ ঘটনায় অনেকেই অস্বস্তিতে পড়েন। সভায় একজন বক্তা মাদক কারবারিদের উপস্থিতির বিষয়টি তুলে ধরেন।

    এ নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় ব্যাপক প্রতিবেদন প্রকাশিত হলে এলাকায় তোলপাড় শুরু হয়। ‘মাদক নির্মূল সভায় কারবারি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। ডিআইজি মোহাম্মদ শাহজাহান জাহাঙ্গীরকে গ্রেপ্তারের নির্দেশ দেন। শুক্রবার রাতে গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা মো. আব্দুস ছালাম নিজে অভিযানে নেতৃত্ব দেন।

    পুলিশ সূত্র জানায়, অভিযানের আগেই জাহাঙ্গীর বাড়ি ছেড়ে পালিয়ে যান। বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয়, কিন্তু কোনো অবৈধ মাদকদ্রব্য বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। এ ঘটনার পর তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগও খতিয়ে দেখা শুরু হয়েছে। তার বক্তব্য জানতে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “জাহাঙ্গীর আলম থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ডিআইজি স্যারের নির্দেশে সার্কেল এএসপির নেতৃত্বে তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। তাকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।”

    জাহাঙ্গীর আলম দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকাশ্যে আসেন। এলাকায় প্রচার রয়েছে, তিনি অথবা তার বাবা নওশাদ আলী গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে আসার পর তিনি মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নিয়েছেন। মাদক ব্যবসায়ীরা এখন তাকেই টাকা দিয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের তুষ্ট রাখেন বলে অভিযোগ উঠেছে।

    জাহাঙ্গীরের বাবা নওশাদ আলী ওরফে নওশাদ জামাতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বর্তমানে ওয়ার্ড বিএনপির সভাপতি। জাহাঙ্গীরের ভাই আলমগীর হোসেনের বিরুদ্ধেও মাদকের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। ভাইয়ের অনুপস্থিতিতে তিনি সরাসরি মাদক ব্যবসা পরিচালনা করছেন বলে স্থানীয়রা জানান। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনজনে মিলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ।

    পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ২০০৮, ২০১০ ও ২০১৪ সালে তিনটি মাদক মামলা এবং একটি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৫ সালে এবং যশোরের কোতোয়ালী থানায় ২০২০ সালে একটি করে মাদক মামলা রয়েছে। এসব মামলায় হেরোইন, ইয়াবা ও অস্ত্র উদ্ধারের ঘটনা উল্লেখ রয়েছে।
    বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ছত্রছায়ায় থেকে হেরোইন ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন জাহাঙ্গীর। বারবার গ্রেপ্তার হলেও অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে আসতেন তিনি। স্থানীয়দের অভিযোগ, ওমর ফারুক চৌধুরী তার বাড়িতে দলবল নিয়ে দাওয়াত খেয়েছেন।
    জাহাঙ্গীরের সম্পদের তালিকা বিস্ময়কর। মাদারপুরে প্রায় দুই বিঘা জমির ওপর প্রায় তিন কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। মাদক ব্যবসা আড়াল করতে চার কোটি টাকায় গরু-মহিষের খামার গড়েছেন। তার ছয়টি ট্রাক রয়েছে, যার আনুমানিক মূল্য চার কোটি টাকা। রাজশাহী শহরে ফ্ল্যাট, শিরোইল কলোনিতে সাড়ে সাত কাঠা জমিসহ টিনশেড বাড়ি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রান্তিক আবাসিক এলাকায় ছয় কাঠা প্লট এবং তিনটি গাড়ি রয়েছে তার। এছাড়াও বিভিন্ন এলাকায় তার অঢেল সম্পদ রয়েছে বলে জানা গেছে।

    বিএনপির এক নেতা ও গোদাগাড়ী পৌরসভার মেয়র প্রার্থী বলেন, “জাহাঙ্গীর ও তার বাবা মাদক সম্রাট। মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। পুলিশ অভিযানের আগাম খবর পেয়ে প্রাইভেট কারে ঢাকায় আত্মগোপন করেছেন।”

    মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তবে জাহাঙ্গীরের মতো প্রভাবশালী মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার ও তার সম্পদের উৎস অনুসন্ধান করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

  • কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড়ধস: নিহত ৯, নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান

    কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড়ধস: নিহত ৯, নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান

    কক্সবাজারে টানা ভারী বর্ষণের ফলে পৃথক পাহাড়ধসের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৮ জন এবং কক্সবাজার শহরে ১ জন রয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
    সোমবার (৬ জুলাই) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। প্রবল বর্ষণে পাহাড়ের মাটি ধসে বসতঘরের ওপর পড়লে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান পরিচালনা করে।
    প্রশাসন জানিয়েছে, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ধসের ঝুঁকি এখনো রয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে মাইকিংসহ বিভিন্নভাবে সতর্ক করা হচ্ছে।
    আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে পাহাড়ঘেঁষা এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর সমাবেশস্থলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়লেও নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে হামলার প্রতিবাদে দলটির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা বাসস্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন- মো. শাহীন খন্দকার (৩০), মো. জসিম (২৬), মো. শাহাদাত হোসেন (৪০) এবং নাম-পরিচয় জানা যায়নি এমন আরও একজন। তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

    প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় হঠাৎ মঞ্চের অদূরে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

    বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে তারা কেউ আহত হননি।

    এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

    বিস্ফোরণের পরপরই নাহিদ ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা সাভার থানা এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা হামলার নিন্দা জানিয়ে দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান বলেন, চারজন আহতকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের পায়ে গুরুতর আঘাত রয়েছে। তিনজনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

    ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। তবে এ ঘটনায় রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি সারা দেশে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে সোমবার সাভারে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়েছিল।

  • গোপালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন।র‍্যালি, আলোচনা সভা ও ঋণ-চারা বিতরণ

    গোপালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন।র‍্যালি, আলোচনা সভা ও ঋণ-চারা বিতরণ

    -বিশ্বজিৎ চক্রবর্তী
    টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

    “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (৬ জুলাই ) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সাংসদ এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা কর্মকর্তা মো: রুহুল আমিন।
    এসময় বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সহ-সভাপতি আবু ঈশা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার (লেলিন) প্রমুখ।
    অনুষ্ঠান শেষে ১৬০ জন সমবায়ী সদস্যের মধ্যে আম ও লিচু গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া আলমনগর চাঁপা বিত্তহীন মহিলা দলের ১৮ জন নারী সদস্যের মাঝে গাভী পালন কর্মসূচির আওতায় মোট ১০ লাখ ৬ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, উচ্চ সুদে এনজিও থেকে ঋণ না নিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ঋণ গ্রহণ করে গবাদিপশুর খামার গড়ে তুলতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও উৎপাদনশীল কর্মকাণ্ডের মাধ্যমে সমৃদ্ধি অর্জন করে দারিদ্র্যমুক্ত সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

  • বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

    বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

    ভারী বর্ষণের কারণে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

    সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

    এতে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের আশঙ্কা বিবেচনায় জনসাধারণ ও পর্যটকদের জানমালের নিরাপত্তার স্বার্থে জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং আকস্মিক ঝুঁকির সম্ভাবনা বেড়েছে। এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের বান্দরবানে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
    পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

  • ধনবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে  রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত…

    ধনবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত…

    ধনবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত…

    সৈয়দ সাজন আহমেদ রাজু:

    “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    আজ সোমবার (৬ জুলাই)সকালে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা মো: বদিউজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন সেল (ইউআরডিসি) আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভুমি দিল আফরোজ।
    আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সালাম জাকারিয়া ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যনিবাহী কমিটির সদস্য মোঃ জাহিদ সরকার সহ আরো অনেকে।
    এসময় সহকারী কমিশনার ভুমি দিল আফরোজ বক্তব্যে বলেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।
    তিনি সরকারের বিভিন্ন পল্লী উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
    বক্তারা পল্লী উন্নয়নে সরকারের চলমান উদ্যোগ, স্মার্ট গ্রাম গঠন এবং টেকসই উন্নয়নে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভাটি অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি ও মতবিনিময়ের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

  • চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল

    চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দারোগা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    নিহত জুয়েল রানা বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যা পাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একজন ব্যবসায়ী।
    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চাম্বলের সিকদার দোকান এলাকা থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন জুয়েল রানা। দারোগা বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় দুর্ঘটনাকবলিত অটোরিকশার একটি লোহার রড তার বুকে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
    স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
    এদিকে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া জুয়েল রানার একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার দিবাগত রাতে ব্রাজিলের ম্যাচে পরাজয়ের পর তিনি লিখেছিলেন, “দল হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।” তার আকস্মিক মৃত্যুর পর সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়ে পড়েছে।

  • চোরাচালান ও মানবপাচার রোধে ডিমলায় বিজিবির নতুন বিওপি

    চোরাচালান ও মানবপাচার রোধে ডিমলায় বিজিবির নতুন বিওপি

    সীমান্তে নজরদারি জোরদার, চোরাচালান, মানবপাচার ও মাদক পাচার প্রতিরোধে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নতুন এ বিওপি চালুর ফলে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে বিজিবি।

    সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার তিস্তা নদীর তীরে ৫১ বিজিবির অধীনে নির্মিত ঝাড়সিংহেশ্বর বিওপির উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন।

    এ সময় ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, কালিগঞ্জ ও থানাহাট বিওপির মধ্যবর্তী সীমান্ত এলাকার দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। দীর্ঘ এ সীমান্ত এলাকায় কার্যকর নজরদারি নিশ্চিত করা, আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মানবপাচার ও মাদকের বিস্তার প্রতিরোধ এবং বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই নতুন এ বিওপি স্থাপন করা হয়েছে।

    তিনি আরও বলেন, নতুন বিওপি চালুর ফলে সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার হবে। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবির কার্যক্রম আরও গতিশীল হবে।

    উদ্বোধন অনুষ্ঠানে বিজিবি রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং

    টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং

    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় নগর ও জেলার ঝুঁকিপূর্ণ পাহাড় এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। পাশাপাশি সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে টানা বৃষ্টির মধ্যেও নগরীর কয়েকটি অলি-গলি ছাড়া আপাতত উল্লেখযোগ্য তেমন জলাবদ্ধতার সৃষ্টি হয়নি।
    সোমবার (৬ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৭৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। সহকারী আবহাওয়াবিদ মো. বসির আহমেদ জানান, নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
    চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আবহাওয়া অধিদপ্তরের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পরিপ্রেক্ষিতে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। তাই সোমবার সকাল থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যেতে অনুরোধ করা হচ্ছে। মানুষের জানমাল রক্ষায় ছয়জন সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে একাধিক টিম মাঠে কাজ করছে।
    তিনি জানান, নগরের আকবরশাহ ঝিল ১, ২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড় ও বেলতলীঘোনা পাহাড় থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। পাহাড়সংলগ্ন স্কুল, কলেজ, মসজিদ ও মাদরাসাগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
    চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস বলেন, টাংকির পাহাড়, আমিন জুট মিল এলাকা, পাহাড়িকা, সমবায় আবাসিক, মিয়ার পাহাড় এবং মুরাদপুর রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের পাহাড় এলাকায় মাইকিং করা হচ্ছে। এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
    বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিফাত বিনতে আরা বলেন, মতিঝর্ণা সংলগ্ন ঝুঁকিপূর্ণ পাহাড় এলাকায় এবং নদীতীরবর্তী বসতিগুলোতে মাইকিং করে সতর্ক করা হয়েছে।
    আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান তুরান জানান, লালখান বাজার পোড়া কলোনি, ঢেবারপাড়, আমবাগান সংলগ্ন পাহাড় এবং উত্তর হালিশহর সমুদ্রপাড় এলাকার বাসিন্দাদেরও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।