Blog

  • “চুয়াডাঙ্গায় প্রশাসনের অভিযান: টের পেয়েই তালা দিয়ে পালিয়ে গেলেন ‘ভুয়া সনোলজিস্ট’ আক্তারুজ্জামান।”

    “চুয়াডাঙ্গায় প্রশাসনের অভিযান: টের পেয়েই তালা দিয়ে পালিয়ে গেলেন ‘ভুয়া সনোলজিস্ট’ আক্তারুজ্জামান।”

    চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত বিতর্কিত ‘নিউ অ্যাপেলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তবে অভিযানের খবর আগেভাগে পেয়েই ক্লিনিক মালিক ও ভুয়া সনোলজিস্ট আক্তারুজ্জামান প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দ্রুত সটকে পড়েন।

    ​সোমবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে এই যৌথ অভিযান পরিচালিত হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিএমডিসি (BMDC) নিবন্ধিত চিকিৎসক বা সনোলজিস্ট না হওয়া সত্ত্বেও ক্লিনিক মালিক আক্তারুজ্জামান নিজেই রোগীদের আল্ট্রাসনোগ্রাফি করছেন এবং ব্যবস্থাপত্র প্রদান করছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

    এর আগেও গত ৫ জুন এই একই ক্লিনিকে অপারেশন টেবিলে রোগীকে ফেলে রেখে চিকিৎসকের পালিয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে গত ১১ জুন ক্লিনিকটিকে জরিমানা ও সিলগালা করা হয়েছিল। সরকারি নির্দেশ অমান্য করে এবং অসাধু উপায়ে চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে আজ এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম। তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাঃ মশিউর রহমান। অভিযানের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা বেলা ১২টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে নিউ অ্যাপেলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পৌঁছালে ক্লিনিকটি তালাবদ্ধ দেখতে পান। স্থানীয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের টিম আসার খবর আগেভাগেই টের পেয়ে যান মালিক আক্তারুজ্জামান। ধরা পড়ার ভয়ে তিনি প্রতিষ্ঠানের মূল ফটকে তালা লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

    সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম জানান, লাইসেন্সবিহীন এবং ভুয়া সনদধারী ব্যক্তিদের দ্বারা চিকিৎসা কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আজ ক্লিনিকটি বন্ধ পাওয়ায় মালিকের সাথে কথা বলা সম্ভব হয়নি, তবে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

    বারবার সিলগালা ও জরিমানার পরেও ক্লিনিক মালিকের এমন বেপরোয়া আচরণে স্থানীয় সচেতন মহল বিস্ময় প্রকাশ করেছেন। তারা অবিলম্বে আক্তারুজ্জামানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে করে সাধারণ মানুষ আর কোনো প্রতারণার শিকার না হয়।

  • ধনবাড়ীতে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে  বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    ধনবাড়ীতে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    রাকিব হাসান, টাংগাইল

    “কৃষি বাঁচলে বাঁচবে দেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে টাংগাইলের ধনবাড়ীতে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিফ-২/২০২৬-২৭ মৌসুমে মরিচ,গ্রীষ্মকালীন সবজি ও রোপা আমন (উফসী) ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে ৬ জুলাই সকাল ১১ টা ধনবাড়ী উপজেলা মডেল মসজিদ হলরুমে ।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এম আজিজুর রহমান সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি । জনাব এস এম এ ছোবহান জিএস সভাপতি ধনবাড়ী পৌর বিএনপি । মোঃ এনামুল হক ভিপি সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি । মোঃ রফিকুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক ধনবাড়ী পৌর বিএনপি । ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের কার্যকরি সদস্য রাকিব হাসান, সাংবাদিক দেলোয়ার হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধনবাড়ী, টাংগাইল । উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরিয়া আক্তার, কৃষি সম্প্রসারন অফিসার । মোট ১৬ শত কৃষকের মাঝে ৫ কেজি আমন ধান বীজ ও ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে এবং ৫০ জন কৃষককে ১০ গ্রাম করে মরিচ বীজ এবং ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে ।

  • কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

    কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

    কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় দুই হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল| এছাড়াও অসদুপায় অবলম্বনের দায়ে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
    সোমবার (৬ জুলাই) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন|
    তিনি জানান, বোর্ডের অধীন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ৭৯৫ জন পরীক্ষায় অংশ নেয়| অবশিষ্ট ২ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল| অনুপস্থিতির হার ২ দশমিক ৭৪ শতাংশ|
    এদের মধ্যে কুমিল্লায় ৭৪৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ জন, চাঁদপুরে ২১৪ জন, ফেনীতে ১৮০ জন, নোয়াখালীতে ৫৮২ জন এবং লক্ষ্মীপুর জেলায় ২৬৪ জন|
    উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন আরও বলেন, অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা জেলায় ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৩ জন, নোয়াখালী জেলায় এক জন এবং ফেনী জেলায় এক জনসহ মোট ৮ জন পরীক্ষার্থীকে বিভিন্ন কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে|

  • বিপাশা-রোনালদো ভাইরাল

    বিপাশা-রোনালদো ভাইরাল

    বলিউড আর ফুটবল জগতের যোগসূত্র মাঝে মাঝেই খবরের শিরোনামে আসে। কিন্তু ২০০৭ সালে যখন বিপাশা বসুর সঙ্গে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল, তখন তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। সেই সময় বিপাশা জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে ছিলেন, তাই এ ভাইরাল ছবিটি ঘিরে নানা জল্পনাকল্পনা তৈরি হয়। মূলত ২০০৭ সালে পর্তুগালের লিসবনে একটি অনুষ্ঠানে বিপাশা বলিউডের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন। সেখানেই রোনালদোর সঙ্গে তার আলাপ হয়। অনুষ্ঠানের পরে আয়োজিত একটি পার্টিতে রোনালদোর সঙ্গে তাকে বেশ খোশমেজাজে দেখা গিয়েছিল। সেই পার্টির একটি ছবিতেই রোনালদোকে বিপাশাকে চুমু খেতে দেখা যায়, যা মুহূর্তের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। জন আব্রাহামের সঙ্গে বিপাশার সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও তখন বিস্তর আলোচনা শুরু হয়। বিপাশা জানান, তিনি রোনালদোর অনুরাগী ছিলেন এবং এখনো আছেন। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কই তৈরি হয়েছিল।

  • অবৈধ ব্যাটারিচালিত রিকশা আটক

    অবৈধ ব্যাটারিচালিত রিকশা আটক

    রাজধানীর গুলিস্তান থেকে গতকাল অবৈধ ব্যাটারিচালিত রিকশা আটক করে ডিএমপি। পরে সেগুলো ট্রাকে করে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়

  • টাঙ্গাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষ্যে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান

    টাঙ্গাইলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষ্যে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান

    -বিশ্বজিৎ চক্রবর্তী
    টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

    বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইল-এর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষ্যে স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৪জুলাই)অপরাহ্ন ৪:৩০ টায় টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও প্রাবন্ধিক খান মাহবুব। তিনি বলেন, “রবীন্দ্র ও নজরুলের চেতনা সবার কাছে পৌঁছে দিতে হবে। এটি করতে পারলে সুন্দর বাংলাদেশ গঠন সহজতর হবে।”
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজরুল পরিষদের সভাপতি কবি অনীক রহমান বুলবুল, কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক কুশল ভৌমিক, নজরুল গবেষক ও প্রাবন্ধিক আব্দুল গণি আল রুহী, ছড়াকার ও কলেজ শিক্ষক কাশীনাথ মজুমদার পিংকু, প্রাবন্ধিক ড. আলী রেজা ও সময়ের সাহিত্যকণ্ঠ-পত্রিকার সম্পাদক কবি আযাদ কামাল। বক্তারা রবীন্দ্র-নজরুলের আদর্শ সমাজে প্রতিষ্ঠা করতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করেন এবং তরুণ প্রজন্মকে বেশি করে সম্পৃক্ত করার কথা ব্যক্ত বলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি-অধ্যাপক তরুণ ইউসুফ।

    আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার প্রায় দু’শতাধিক সুহৃদ উপস্থিত ছিলেন।

  • কাজ শুরু হলেও দুঃখ ঘুচছে না সড়কটির

    কাজ শুরু হলেও দুঃখ ঘুচছে না সড়কটির

    কয়েক বছর ধরেই গর্ত আর খানাখন্দে বেহাল দশা ছিল রাজশাহী-তানোর সড়কের। চলাচলের অনুপযোগী এই পথে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে সড়কটির সংস্কার ও সম্প্রসারণের কাজ। কিন্তু কাজ শুরু হলেও তার গতি খুবই ধীর।

    সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে চলমান দুটি প্রকল্পের মধ্যে তানোর অংশের কাজ গত এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি।

    অন্যদিকে পবার বায়া থেকে বাগধানী পর্যন্ত ১১ কিলোমিটার অংশে কাজ শুরু হয় এ বছরের এপ্রিলে। সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে এ অংশে আরসিসি ঢালাইয়ের পাশাপাশি সড়কটি দুই পাশে ৩ ফুট করে চওড়া করা হচ্ছে। কাজ শেষ হয়েছে ১০ শতাংশ। এ অবস্থায় কাজ চলতে থাকলে নির্ধারিত সময়ে শেষ হবে না বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

    অন্যদিকে ১১ কোটি টাকা ব্যয়ে একই সড়কের বাগধানী থেকে কাশিম বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার অংশের কাজ এ বছরের এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। নতুন করে সময়সীমা বাড়ানো হয়েছে ডিসেম্বর পর্যন্ত।

    চান্দুড়িয়া এলাকার বাসিন্দা খুরশিদ আলম বলেন, ‘সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে খুবই খারাপ। আশার কথা সংস্কার কাজ হচ্ছে। কাজ শেষ হলে সাধারণ মানুষের যাতায়াতে বড় ধরনের সুবিধা হবে।’ আমশো এলাকার স্কুলশিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘আমরা চাই কাজটি দ্রুত শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক।’

    জ্বালানিসংকট এবং নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধিতেই এই বিপত্তি জানিয়ে সৌকত এন্টারপ্রাইজের ব্যবস্থাপক টিজার বলেন, এলজিইডির নির্ধারিত প্রাক্কলন অনুযায়ী সঠিকভাবে কাজ হচ্ছে। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাবে বিশ্বব্যাপী যে জ্বালানিসংকট তৈরি হয়েছিল, তার সরাসরি প্রভাব পড়ে বিটুমিনের বাজারে। তিনি আরও বলেন, ‘প্রতি টন বিটুমিনের দাম ৭০ হাজার টাকা থেকে লাফিয়ে ১ লাখ ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে; যা সরকারি দরের চেয়ে অনেক বেশি। এ কারণেই কাজ কিছুটা ধীরগতিতে হচ্ছে। দাম সহনীয় পর্যায়ে এলে আমরা দ্রুত কাজ শেষ করব।’ কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা হচ্ছে না জানিয়ে তানোর উপজেলা এলজিইডির প্রকৌশলী নুরুন্নাহার বলেন, ‘সড়কটি এ অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্পটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদারকি করছি। এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।’ রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ‘সড়কটির সংস্কার কাজে নির্মাণসামগ্রী কম ব্যবহার বা মানের সঙ্গে আপস করার কোনো সুযোগই নেই।

  • জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’

    জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’

    দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামে একটি হাতি দিয়ে সার্কাস পরিচালনার অভিযোগের পর প্রাণীটির কল্যাণ নিশ্চিত করতে সেটিকে জাতীয় চিড়িয়াখানায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় হাতিটি প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের নির্দেশ দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশনা দেওয়া হয়।

  • সন্ধ্যা নামলেই গ্যাংয়ের মহড়া

    সন্ধ্যা নামলেই গ্যাংয়ের মহড়া

    রাজধানীর মোহাম্মদপুরে দিনের বেলায়ও চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আর সন্ধ্যা নামলেই অলিগলিতে নেমে আসে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। তাদের হাতে হাতে দেখা যায় চাপাতি, যেন চলছে মহড়া। ভয়ে সন্ধ্যার পরই বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট। কেউ প্রতিবাদ করতে গেলে নেমে আসে আরও ভয়ংকর পরিণতি। এতে ভয়ে বাসিন্দারা ঘরের বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। ওদের উৎপাতে রাতে চলাচলও প্রায় বন্ধ। এ অবস্থায় পরিবারের নিরাপত্তার কথা ভেবে অনেক ভাড়াটিয়া ও বাসিন্দা মোহাম্মদপুর এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। সরেজমিন দেখা যায়, প্রায় প্রতি বাড়িতেই ঝুলছে টু-লেট সাইনবোর্ড। এতে বিপাকে পড়েছেন বাড়ির মালিকরা। মাসের পর মাস ফাঁকা থাকছে ফ্ল্যাট। শুধু বাড়ির মালিকই নন, মোহাম্মদপুরে ফ্ল্যাট বিক্রিতেও ভাটা পড়েছে বলে জানা যায়।

    এলাকাবাসীর অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়ে উল্টো বিপদে পড়ছেন বাসিন্দারা। যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে- পুলিশ তাদের গ্রেপ্তার করলেও কিছুদিন পর জামিনে বেরিয়ে এসে তারা অভিযোগকারীর ওপর হামলা চালাচ্ছে। এলাকাবাসী বলছেন, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ভয়ের সাম্রাজ্য প্রতিষ্ঠা ও বিনা বাধায় মাদকের কারবার করতেই কিশোর গ্যাং সদস্যদের দিয়ে নিয়মিত মহড়া দেওয়াচ্ছে। আর এই গ্যাং সদস্যরাই সুযোগ পেলে সামুরাই অথবা চাপাতি ঠেকিয়ে ছিনতাই করছে। স্থানীয় কোনো রাজনৈতিক নেতা পথের কাঁটা হয়ে দাঁড়ালে তাকেও হামলা করতে দ্বিধা করে না গ্যাং সদস্যরা। গতকাল মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, মোহাম্মদিয়া হাউজিং, সাত মসজিদ হাউজিং, ভাঙা মসজিদ উদ্যান এলাকা ঘুরে এসব অভিযোগ পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে মোহাম্মদপুর এলাকা ঘিরে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ সূত্র জানিয়েছে, মোহাম্মদপুর থানা এলাকা আয়তনে অনেক বড় হওয়ায় পুলিশের পক্ষে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না। এর ওপর মোহাম্মদপুরে লাখ লাখ উদ্বাস্তু লোক বসবাস করে। বিশেষ করে ভোলা ও বরিশালের নদীভাঙন এলাকার মানুষ অপরাধে জড়াচ্ছে বেশি। এই উদ্বাস্তু লোকদের কারণেই দিন দিন কিশোর গ্যাংগুলোর দল ভারী হচ্ছে। সরেজমিন চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান ও সাত মসজিদ হাউজিং এলাকায় দেখা যায়, বেশির ভাগ বাড়িতেই ঝুলছে টু-লেট সাইনবোর্ড। অনেক দোকানেও ভাড়া হওয়ার পোস্টার লাগানো হয়েছে। এর মধ্যে চাঁদ উদ্যান মোহাম্মদপুর তিন রাস্তা মোড়সংলগ্ন এলাকা হলেও নিরাপত্তা সংকটে এখানেও দেখা গেছে টু-লেটের ছড়াছড়ি। ৪ নম্বর রোডের একটি বাসায় তিনটি টু-লেটের সাইনবোর্ড দেখে বাড়ির মালিকের কাছে কারণ জানতে চাওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই বাড়ির মালিক বলেন, ছয় মাস ধরে দুটি ফ্ল্যাট খালি। আরেকটা দুই মাস ধরে খালি। আমরা ভাড়া দিয়েই চলি। অথচ তিনটি ফ্ল্যাট খালি পড়ে আছে। কোনো ভাড়াটিয়া পাচ্ছি না। এর ওপর কিশোর গ্যাং সদস্যদের দৌরাত্ম্য থামছেই না। দুই দিন আগেও ৩ নম্বর রোডে বিকাল সাড়ে ৫টার দিকে চাপাতি হাতে এক ভাড়াটিয়ার স্কুটি আগলে দাঁড়ায় এক সন্ত্রাসী। তার পকেট থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ওই ঘটনার ভিডিও দেখিয়ে তিনি আরও বলেন, এখন এই ছিনতাইকারীরা শুধু নগদ টাকা ছিনিয়ে নিচ্ছে। মোবাইল ও অন্য কিছু নেয় না। মোবাইল নিলে সবাই থানায় অভিযোগ করে- এজন্য এটি নতুন কৌশল হতে পারে।

    চাঁদ উদ্যানে বসবাসকারী একাধিক বাসিন্দা বলেন, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যানসহ ৩৩ নম্বর ওয়ার্ডের পুরো এলাকাই কিলার বাদল ও কাইল্লা সুমনের গ্যাং নিয়ন্ত্রণ করে। ২০২৪ সালের ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা ভেঙে পড়লে এই এলাকায় যত লুটপাট হয়েছে সবই করে বাদল ও সুমনের গ্যাং। তখন এলাকাবাসী রাত জেগে পাহারা দেওয়া শুরু করে। ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহিনকে চাঁদ উদ্যান বাসাবাড়ি মালিক সমিতির সভাপতি করা হয়। তখন বিএনপি নেতা মান্নানকেও টার্গেট করে সন্ত্রাসীরা। হত্যার উদ্দেশ্যে তাকে ৪২টি কোপ দেওয়া হয়। কেটে ফেলা হয় পায়ের রগ। ভাগ্যক্রমে তিনি বেঁচে ফিরলেও এরপর থেকে আর কেউই বাদল-সুমন গ্রুপের বিপক্ষে কথা বলে না। নতুন করে যাতে আর কেউ সাহস না পায়-সেজন্যই চলে মহড়া। ঢাকা উদ্যানের বাসিন্দারা জানান, এ এলাকাটিতে লম্বু মোশারফ ও কবজি কাটা গ্রুপের আনোয়ারের অনুসারীরাই ত্রাসের রাজত্ব কায়েম করছে। আইনশৃঙ্খলা বাহিনী মোশারফ ও আনোয়ারকে বারবার গ্রেপ্তার করলেও তাদের গ্যাংয়ের কার্যক্রম থেমে থাকে না।

    স্থানীয়রা জানান, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ছাড়াও তিন রাস্তার মোড় থেকে রায়েরবাজার, বসিলা ৪০ ফিট, পুলপাড় বটতলা, বসিলা গার্ডেন সিটি, একতা হাউজিং, নবোদয় হাউজিং, বোটঘাট, সাদেক খান রোড, স্লুুইস গেট এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বেশি। বিশেষ করে পাটালি গ্রুপ, ডাইল্লা গ্রুপ, লারা দে গ্রুপ, লেভেল হাই গ্রুপ, আর্মি আলমগীর গ্রুপ, গাংচিল গ্রুপ, নবী গ্রুপ, ডায়মন্ড ও দে ধাক্কা গ্রুপগুলো দীর্ঘদিন ধরেই আতঙ্কের নাম হয়ে আছে। বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, পুলিশের দুর্বলতাই মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা ভরাডুবির কারণ। অনেক অপরাধী সকালে গ্রেপ্তার হয়ে বিকালেই আবার এলাকায় ঘুরতে থাকে। ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি মো. জুয়েল রানা বলেন, মোহাম্মদপুর থানায় গড়ে ৪০ শতাংশ মামলা কমেছে। আগে প্রতি মাসে গড়ে দেড় শতাধিক মামলা হলেও এখন হচ্ছে ৯০টি। অর্থাৎ মামলার সংখ্যাই বলছে অপরাধ অনেকটা কমেছে। তবে এই এলাকাটিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের বসবাস হওয়ায় প্রতিনিয়তই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং বেশ আলোচিত হয়। তবে পুলিশের চেষ্টার কোনো ত্রুটি নেই।

  • বুড়িচংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও   সম্মাননা ক্রেস্ট বিতরণ।

    বুড়িচংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ।

    গাজী কুদ্দুছুর রহমান সোহাগ
    কুমিল্লা প্রতিনিধি।

    ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সমবায়ীদের মাঝে ঋণের চেক, গাছের চারা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

    সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বুড়িচংয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদের প্রশিক্ষণ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া।

    সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, পয়াত কৃষক সমবায় সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, গোপীনাথপুর কৃষক সমবায় সমিতির প্রতিনিধি মো. নজরুল ইসলাম এবং বুড়িচং পূর্ব মধ্যপাড়া কৃষক সমবায় সমিতির প্রতিনিধি ডা. গোলাম রাব্বাবী।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মীর হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, সহকারী সমবায় কর্মকর্তা মোসা. মাহমুদা আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, বিআরডিবির হিসাব রক্ষক সুজিত কুমার মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে ঋণের চেক, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।