Blog

  • প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

    প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

    প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

    আজ সোমবার রাজধানীর সিদ্ধেশরী গার্লস কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

    তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপপ্রচারে কেউ যেন কান না দেন এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করেন।

    ফরিদা খানম আরও বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করা হয়েছে। অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

    পরিদর্শনকালে তিনি পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।

  • Untitled post 2865

    কুড়িগ্রামের
    ভূরুঙ্গামারী উপজেলার জামতলা মোড়ে একটি অটোভ্যানে অভিযান চালিয়ে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার এবং দুইজনকে আটক করেছে পুলিশ।

    সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে সাদা পোশাকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকা থেকে আসা একটি অটোভ্যানের সিটের নিচে তল্লাশি চালিয়ে তিনটি লাল প্যাকেটে মোড়ানো মোট ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

    এ সময় মাদক বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. গোলাপ হোসেন (৩২), পিতা: মো. মজিবর হোসেন, মাতা: মোছা. গোলাপি বেগম এবং মো. সিরাজুল ইসলাম (২৩), পিতা: মো. আব্দুর রহিম, মাতা: ইছাতন বেগম। উভয়ের বাড়ি পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।

    ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, পাথরডুবি ইউনিয়ন গাঁজা চোরাচালানের অন্যতম একটি রুট। এ রুটে পুলিশের নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

    তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি 8বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। মাদক ও চোরাচালানমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তুলতে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার

    নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার

    নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ ছয়জন গ্রেফতার লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
    নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্য এবং লুণ্ঠিত স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণকারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (৫ জুলাই) নড়াইল জেলা পুলিশের তথ্য জানানো হয়।
    গ্রেফতার ব্যক্তিরা হলেন, খুলনার তেরোখাদা উপজেলার নদীয়ার চর মধ্যপাড়া গ্রামের জাকির মোল্যা ওরফে জেকের আলী (৪৮), নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪), কালিয়া উপজেলার জোকারচর গ্রামের পারভেজ মৃধা ওরফে দারোগা (৩৬), একই উপজেলার শুক্তগ্রামের মফিজ খাঁ (৩৮), খুলনার তেরোখাদা উপজেলার নালিয়াচর গ্রামের দীন ইসলাম মোল্যা (৪২) এবং খুলনার রূপসা উপজেলার আইচগাতী কামারপাড়া গ্রামের স্বর্ণকার সরজিৎ কর (৪৫)। গত ৮ জুন দিবাগত রাতে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা সালাহ উদ্দীন খাঁনের বাড়িতে অস্ত্রধারী ডাকাত দল হানা দেয়। তারা সালাহ উদ্দীন খাঁন ও তার ছেলে আশিকুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
    এ ঘটনায় নড়াগাতী থানায় দায়ের করা মামলার তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিসিআইসি ও নড়াগাতী থানা-পুলিশ। পরে গত ২ থেকে ৪ জুলাই নড়াইল, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির পাঁচ সদস্য এবং লুণ্ঠিত স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণকারকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
    পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ওই ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে নড়াইল, খুলনা, গোপালগঞ্জসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিলেন বলেও জানিয়েছেন।
    পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়া চারজনের বিরুদ্ধে আগেও ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। জাকির মোল্যা ওরফে জেকের আলীর বিরুদ্ধে দুটি ডাকাতি ও তিনটি চুরির, পারভেজ মৃধা ওরফে দারোগার বিরুদ্ধে তিনটি ডাকাতি ও একটি চুরির, জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পার বিরুদ্ধে তিনটি ডাকাতি ও একটি চুরির এবং মফিজ খাঁর বিরুদ্ধে দুটি ডাকাতি ও একটি চুরির মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন।
    জেলা পুলিশ জানিয়েছে, অভিযানের মাধ্যমে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত চক্রের গুরুত্বপূর্ণ সদস্যদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামালের অবশিষ্ট অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সাভারে ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সাভারে ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকা হইতে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

    সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

    এর আগে রবিবার রাতে সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত সে, ঢাকা জেলার সাভার মডেল থানার হেমায়েতপুর নতুনপাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মোঃ মোস্তফা (৫০)।

    ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন খবরে অভিযান পরিচালনা করেন। এই সময় মোস্তফাকে ৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করেন। তিনি সাভারের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করছেন। আসামীর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে।

    এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ফতুল্লায় স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার; হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও গ্রেফতারের দাবি পরিবারের

    ফতুল্লায় স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার; হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও গ্রেফতারের দাবি পরিবারের

    নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামী জাহাঙ্গীর আলমকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ফারজানা আক্তার মুন্নির বিরুদ্ধে। পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
    গত মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ফারজানা আক্তার মুন্নির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। স্বামীর পরকীয়ার অভিযোগ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে স্থানীয়রা জানিয়েছেন।
    অভিযোগ রয়েছে, ঘটনার আগের রাতে কৌশলে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি অচেতন হয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
    পরিবারের অভিযোগ

    নিহতের বোনের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি অভিযোগ করেন, ঘটনার প্রকৃত চিত্র আড়াল করতে অভিযুক্ত পক্ষ বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে, তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান।
    নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে এই নারী আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বিয়ের পর থেকেই সে আমার ছেলেকে মানসিকভাবে নির্যাতন করত এবং প্রায়ই হত্যার হুমকি দিত। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেও বাধা দিত। আমার ছেলে একটি স্বনামধন্য হোটেলে চাকরি করত। যে বাড়িতে তাকে হত্যা করা হয়েছে, সেটিও মূলত আমার ছেলের উপার্জনের টাকায় নির্মিত। আমার নিরীহ ছেলেটাকে শেষ পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে।”
    পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে যাদের সন্দেহ করা হচ্ছে, তাদের সবাইকে এখনো গ্রেফতার করা হয়নি। এতে তারা হতাশা প্রকাশ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
    হাসপাতাল সূত্র

    হাসপাতাল সূত্র জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং হত্যাকাণ্ডের প্রকৃতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
    পুলিশের বক্তব্য

    ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর আলম জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
    তিনি আরও জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়ে মৌখিক স্বীকারোক্তি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ওসি বলেন, “তদন্তের অগ্রগতি এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।”
    পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানানো হয়েছে। পুলিশ বলছে, তদন্তে নতুন কোনো তথ্য বা অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • লংগদুতে মাহিন্দ্র-অটোরিকশা সংঘর্ষ: শিশুসহ নিহত ১, আহত ৫

    লংগদুতে মাহিন্দ্র-অটোরিকশা সংঘর্ষ: শিশুসহ নিহত ১, আহত ৫

    রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    সোমবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্র এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার মধ্যে ইসলামবাদ এলাকার নাজিম টিলা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ছয়জন গুরুতর আহত হন।

    স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাবেতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত দুই বছরের শিশু রিফাত মারা যায়। আহত বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোনাই পাঁচ নম্বর থেকে আসা অটোরিকশাটি দ্রুতগতিতে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর সব যাত্রী আহত হন। তবে মাহিন্দ্রে থাকা যাত্রীরা নিরাপদ ছিলেন।

    অটোমালিক সমিতির সভাপতি দুলাল বলেন, চালক বরকত তাদের সমিতির সদস্য নন। তিনি সম্প্রতি অটোরিকশাটি কিনেছেন এবং রাস্তায় চালানোর বিষয়ে সমিতিকে অবহিত করেছিলেন। তিনি আরও জানান, গাড়ি কেনার দিনই সেটি একবার পাহাড়ের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছিল। এরপরও সমিতির পক্ষ থেকে ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে।

    মাহিন্দ্র মালিক সমিতির প্রতিনিধি জামাল হোসেন বলেন, তাদের মাহিন্দ্রটি সকাল ৬টায় যাত্রী নিয়ে দীঘিনালার উদ্দেশ্যে রওনা দেয়। নাজিম টিলায় দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ঘটনাস্থলের চিত্র এবং যাত্রীদের বক্তব্যে অটোরিকশাটি বিপরীত লেনে চলে এসেছিল বলে জানা গেছে।

    অপরদিকে, অটোরিকশার সব যাত্রী আহত অবস্থায় রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিছানায় মিলল হাত-পা ও মুখ বাঁধা মরদেহ, বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট

    বিছানায় মিলল হাত-পা ও মুখ বাঁধা মরদেহ, বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট

    বগুড়ার শিবগঞ্জে মোহাম্মদ আলী (৭০) নামে এক রাইস মিল মালিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে, হত্যার পর দুর্বৃত্তরা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করে নিয়ে যায়।

    রবিবার (৫ জুলাই) রাতে উপজেলার ফেনিগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার ফেনিগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছিরউদ্দীনের ছেলে।

    জানা যায়, রবিবার রাতে মোহাম্মদ আলী নিজের রাইস মিলে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মিলের পেছনের দিক দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তার হাত-পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করে। এ সময় মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করে নিয়ে যায় তারা। সোমবার (৬ জুলাই) সকালে মোহাম্মদ আলী বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা রাইস মিলে গিয়ে বিছানায় হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

    শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদেরকে গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

  • নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু

    নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু

    নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবা মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশাচালক ছিলেন।

    থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছেলে সুমন গত কয়েক বছর আগে মাদকের সাথে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো এবং অশান্তি লেগেই থাকতো। মাদকাসক্তের কারণে গত এক বছর আগে সুমনকে রেখে তার স্ত্রী ঢাকায় পোশাক কারখানায় চলে যায়। কয়েকদিন আগে সে বাড়িতে এলে আবারও ঝগড়া হয়। সুমন রাগ করে রবিবার রাত ১২ টার দিকে তার বাবার কাছে শুয়ে পড়ে। সুমনের ঘুম আসছিলো না দেখে বাবা মহাতাব সরকার দোয়া পড়ে তার ছেলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এ নিয়ে আরও রেগে যায় সুমন। এক পর্যায়ে তার বাবার হাত ধরে জোর করে ঘর থেকে বের করে নিয়ে এসে বাড়ির উঠানে কাঠের বাটাম দিয়ে শরীরে কয়েকটি আঘাত করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে মারা যান। পরে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে সুমন পালিয়ে যায়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

    নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

  • প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের

    প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের

    সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।

    সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া যুবরাজের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

    পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময়সূচি দুই দেশের সরকারের পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

    হুমায়ুন কবির আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। সৌদি আরবের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে চাই।

  • পীরগঞ্জে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা গড়ে তুলতে পূবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন।

    পীরগঞ্জে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা গড়ে তুলতে পূবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন।

    শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত করা এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে পূবালী ব্যাংক লিমিটেড স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনের আয়োজন করেছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত এ ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন স্টুডেন্ট অ্যাকাউন্ট, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
    ক্যাম্পেইনে ব্যাংকের কর্মকর্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যতে অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন সহজ হয়। একই সঙ্গে শিক্ষার্থীরা নিরাপদে অর্থ সংরক্ষণ, বৃত্তির টাকা গ্রহণ, অভিভাবকের অর্থ লেনদেন এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা সহজেই গ্রহণ করতে পারে।
    অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, এটিএম কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি অনলাইন প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখার বিভিন্ন কৌশলও তুলে ধরা হয়।
    ব্যাংকের এক কর্মকর্তা সাদেক বলেন, “বর্তমান সময়ে আর্থিক শিক্ষার গুরুত্ব অনেক বেড়েছে। শিক্ষার্থীরা যত দ্রুত ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত হবে, ততই তারা ভবিষ্যতে দায়িত্বশীল আর্থিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। পূবালী ব্যাংক সবসময় শিক্ষার্থীবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করছে।”
    একজন শিক্ষার্থী বলেন, “এর আগে স্টুডেন্ট ব্যাংকিং সম্পর্কে এত বিস্তারিত জানতাম না। ক্যাম্পেইনে অংশ নিয়ে বুঝতে পেরেছি, ছোট ছোট সঞ্চয়ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।”
    আরেক শিক্ষার্থী জানান, “আমাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট নেই। আজকের আয়োজনের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং ডিজিটাল সেবার ব্যবহার সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি।”
    শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, “পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক শিক্ষাও প্রয়োজন। এ ধরনের উদ্যোগ তাদের বাস্তব জীবনে অর্থ ব্যবস্থাপনায় দক্ষ করে তুলবে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।”
    অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব, তথ্যভিত্তিক উপস্থাপনা এবং শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে তথ্যপুস্তিকা বিতরণ করা হয় এবং আগ্রহীদের তাৎক্ষণিকভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগও প্রদান করা হয়।
    আয়োজকরা জানান, দেশের আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার আওতায় এনে একটি সঞ্চয়মুখী ও আর্থিকভাবে সচেতন সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।